"তোমাদের জামাই না আমায় একটুও ভালোবাসে না, ভাবি। উনার চাহনি হাবভাব দেখলেই শুধু মনে হয় উনি আমার উপর বেজায় বিরক্ত।"
ননদের কথায় বিরক্ত হয়ে চোখমুখ কুঁচকে নিল সম্পা। ভাবির এমন মুখভঙ্গি দেখেও জ্যোতির কোনো ভাবান্তর হলো না। উদাস কণ্ঠে বলল,"আমার কেন জানি মনে হয়, আমাকে বিয়ে করতে উনি বাধ্য হয়েছেন। হয়তো কেউ জোর করে আমার সঙ্গে উনার বিয়ে দিয়েছে। আচ্ছা ভাবি, উনি কী অন্য কাউকে ভালোবাসে?"
সম্পা এবার মুখ খুলল। কর্কশ কণ্ঠে বলল,"তোর স্বামী কী বাচ্চা ছেলে নাকি? এত বড়ো ছেলেকে জোর করে বিয়ে দেওয়ার সাধ্য কার আছে শুনি?"
"তাহলে উনি কেন আমার সঙ্গে ঠিক করে কথা বলে না? কেন আমায় ভালোবাসে না?"
"বিয়ের এক বছর হয়েছে। যতবার আসিস এই এক কথাই বারবার বলতে বলতে আমার কান নষ্ট করে দিচ্ছিস। আচ্ছা এসব আমায় বলে কী লাভ? সরাসরি তোর স্বামীকে জিজ্ঞেস করলেই তো হয়।"
জ্যোতি মন খারাপ করে বলল,"অনেকবার ভেবেছিলাম প্রশ্নগুলোর উত্তর জানতে চাইব। কিন্তু উনার সামনে গেলেই যে আমার ভয় করে, সবকিছু অগোছালো হয়ে যায়।"
সম্পা আর কথা বাড়াল না। নিজের কাজে মনোযোগ দিল। তরকারি কাটা শেষে রান্না বসালো চুলায়। ভাবির নীরবতা দেখে সেখান থেকে উঠে গেল জ্যোতি। যহরের আজান দিয়েছে। তাই গোসল সেরে নামাজ পড়তে গেল। নামাজ শেষে মায়ের ঘরে এলো। জায়েদা খাতুন শুয়ে আছেন। কয়েক বছর ধরেই প্যারালাইসড হয়ে বিছানায় পড়ে আছেন তিনি। মুখ বেঁকে গেছে, একা একা চলাফেরাও করতে পারেন না। শুয়ে বসেই দিন কাটে তাঁর।
অস্পষ্ট শব্দে মেয়ের উদ্দেশে প্রশ্ন করলেন,"ওই বাড়ির কেউর লগে কী ঝামেলা হইছে? ফিরবি কবে? জামাই অহনো আইয়ে নাই?"
জ্যোতি উদাস ভঙিতে জানালার ধারে চলে গেল। গ্ৰিল ধরে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি স্থির করল। মায়ের প্রশ্নের উত্তরে বলল,"কার সঙ্গে ঝামেলা হবে? আমি নামক মানুষটির অস্তিত্ব কী কারো কাছে আদৌ আছে? আর তোমার জামাই! উনার তো অনেক কাজ, মা। অনেক ব্যস্ত মানুষ উনি। উনার ফেরার সময় কোথায়?"
"ফোন দে একটা।"
জ্যোতি মুচকি হাসল। যেই হাসিতে অনেক না পাওয়া দুঃখ বেদনা ভর করেছে। চোখ দুটো হয়ে গেছে পানিতে টুইটম্বুর। কাঠের আলমারির ওপর রাখা বাটন মোবাইলটির দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ক্লাস থ্রিতে পড়া এক বাচ্চা মেয়েকে তিন মাস টিউশন করানোর টাকা দিয়ে এই মোবাইলটি সে কিনেছিল। তাও আবার বিয়ের আগে। বর্তমান যুগে মোবাইল ছাড়া কী আর চলে? এন্ড্রোয়েড মোবাইল কেনার সামর্থ্য তার ছিল না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী এই মোবাইলটিই কিনেছিল জ্যোতি। অনেকদিন হয়েছে, মোবাইলে রিচার্জ করা হয় না। রিচার্জ করার দরকারও পড়ে না অবশ্য। কার সঙ্গেই বা কথা বলবে? একটা সময় অনেক বান্ধবী ছিল তার। কিন্তু সময়ের পরিক্রমায় এখন আর তাদের সঙ্গে যোগাযোগ নেই। তারাও খোঁজ নেয় না, জ্যোতিও আগ বাড়িয়ে আর কথা বলে না তাদের সঙ্গে।
চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল জ্যোতির। তার দৃষ্টি তার মুখায়ব দেখে যে কেউই বুঝে ফেলবে তার মনে যে অনেক দুঃখ। সে দুঃখী একটি মেয়ে। কিন্তু কীসের এত দুঃখ তার? খোলা আকাশের দিকে তাকিয়ে জ্যোতি বলল,"জানো মা, মাঝে মাঝে না আমার মনে হয় আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব।।"
মেয়ের এমন কথায় আঁতকে উঠলেন জায়েদা খাতুন। মায়ের দিকে না তাকিয়েই তার মুখে ফুটে ওঠা আতংকের ছাপ স্পষ্ট বুঝতে পারলো জ্যোতি। বলল, "আমি হয়তো মন খুলে কথা বলতে না পারার জন্য মারা যাব। হয়তো মারা যাব কোনো আবদার করতে না পারার জন্য। আমি হয়তো সামান্য একটু ভালোবাসার অভাবে মারা যাব, মা।"
মেয়ের কথায় জায়েদা খাতুনের মন ছটফট করে ওঠে। কিছু বলার জন্য ঠোঁট নাড়াতেই ঘরে আগমন ঘটলো সম্পার। বিছানার একপাশে খাবারের প্লেট আর গ্লাস রেখে বলল,"মাকে খাবার আর ওষুধ খাইয়ে নিজে খেতে আয়, জ্যোতি।"
আলগোছে চোখের পানি মুছে জানালার কাছ থেকে সরে এলো জ্যোতি। হাত ধুয়ে ভাত মাখিয়ে মায়ের মুখের কাছে এক লোকমা ধরতেই তিনি ভ্রু কুঁচকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। ছোটো থেকেই মায়ের চাহনি অঙ্গভঙ্গি দেখেই মায়ের অব্যক্ত কথা বুঝতে পেরে যেত জ্যোতি। হেসে মায়ের উদ্দেশে বলল,"কিছু হয়নি, মা। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। আমি খুব সুখে আছি।"
জায়েদা খাতুন নিশ্চিন্ত হলেন। পরক্ষণেই কিছু একটা মনে পড়ে গেল তাঁর। প্রশ্ন করলেন,"তাহলে ওমন একটা কথা ক্যান বললি?"
ভেতরে হাজারো যন্ত্রনা জমিয়ে রেখে সবার সামনে কী সুন্দর হাসতে পারে জ্যোতি! সবসময় সবার সামনে ঠোঁটের কোণে নির্মল হাসি ঝুলেই থাকে তার। এই হাসির কারণেই হয়তো কেউ তার ভেতরের দহন টের পায় না। জ্যোতি উত্তরে বলল,"এমনি বলেছি, মা। এবার খেয়ে নাও তাড়াতাড়ি। আমারও তো খিদে পেয়েছে নাকি।"
মেয়ের কথায় লজ্জা পেলেন জায়েদা খাতুন। প্যারালাইসড হওয়ার পর থেকে কোনো কাজই তিনি করতে পারেন না। এমনকি খাবারটাও নিজ হাতে খেতে পারেন না। বিয়ের আগে জ্যোতিই এই দায়িত্বটা পালন করত। কিন্তু তার বিয়ে হবার পর থেকে পুত্রবধূ উনাকে নিজ হাতে খাইয়ে দেয়, আর রাতে বাড়ি ফিরে মায়ের প্রতি সেই দায়িত্বটা পালন করে একমাত্র ছেলে। প্লাস্টারহীন এই ছোট্ট একটি ইটের বাড়িতে থেকে দু বেলা ডাল ভাত খাওয়ার পরেও ভদ্রমহিলার মনে কষ্ট নেই। এই ছোট্ট কুটিরেই যেন পৃথিবীর সব সুখ এসে ঠাঁই করে নিয়েছে।
জায়েদা খাতুনকে খাইয়ে ঘর থেকে বের হলো জ্যোতি। সম্পা খাবার বেড়ে রেখেছে। সেখানে বসেই নিজের ছোটো ছেলে মাহাদকে খাইয়ে দিচ্ছে। জ্যোতিকে দেখেই মাহাদ বলে উঠল,"মা মা ফুপি আসছে।"
জ্যোতি পাটিতে বসলো। মাহাদের কথাগুলো এখনো সম্পূর্ণ স্পষ্ট আর শুদ্ধ হয়নি। সম্পা আরেক লোকমা খাবার তুলে মাহাদের মুখের দিকে ধরতেই মাহাদ মুখ সরিয়ে নিয়ে বায়না ধরে বলল,"আমি ফুপির হাতে কাবো, মা।"
ছেলের কথায় বিরক্ত হলো সম্পা। ধমক দিয়ে বলল, "কোনো বায়না নয়। আমার হাতেই চুপ করে খেয়ে নে।"
মায়ের কথা শুনলো না মাহাদ। দৌড়ে এসে জ্যোতির কোলে বসলো। জ্যোতি বলল,"থাক না, ভাবি। ও না হয় আজ আমার হাতেই খাক। তুমিও খেতে বসো।"
সম্পা আর দ্বিমত করল না। প্লেটে ভাত নিয়ে নিজে খেতে লাগল। জ্যোতি যত্ন সহকারে মাহাদকে খাওয়াতে লাগল। একপর্যায়ে মাহাদ খাওয়া ছেড়ে উঠে গেল। বলল,"আর কাবো না। মুখ ধুইয়ে দাও, ফুপি।"
পাশ থেকে একটি বাটি নিয়ে তার মধ্যে হাত ধুয়ে মাহাদের মুখ মুছিয়ে দিল জ্যোতি। মাহাদ দৌড়ে চলে গেল। জ্যোতি এবার নিজের খাওয়ায় মনোনিবেশ করল। বারবার জ্যোতির দিকে আড়চোখে তাকাচ্ছে সম্পা।
ভাবির এমন চাহনি দেখে খাওয়ার ফাঁকেই সে জিজ্ঞেস করল,"কিছু বলবে, ভাবি?"
"বলতে তো অনেক কিছুই চাই।"
"বলো তাহলে।"
খানিকটা সময় নিয়ে সম্পা বলতে লাগল,"তোর ভাইয়ের ছোট্ট একটা মুদির দোকান। ওই মুদির দোকানের থেকে যা আয় হয় তাই দিয়েই মায়ের চিকিৎসা, ছেলে-মেয়ে দুটোর লেখাপড়া আর সংসার চলে। মাহাদও বড়ো হয়ে যাচ্ছে। বছর ঘুরলে ওকেও তো স্কুলে ভর্তি করতে হবে তার উপর অনেক টাকা খরচা করে তোকে বিয়ে দিয়েছি। মানুষের কাছ থেকে ঋণ নিতে হয়েছে। সেই ঋণ এখনও পুরোপুরি শোধ করা হয়নি। বাজারে দ্রব্যমূল্য অনেক চড়া, একা হাতে তোর ভাইকে সংসার চালাতে কত হিমশিম খেতে হয় সবই তো বুঝিস তুই।"
খাওয়া বন্ধ হয়ে গেল জ্যোতির। পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সম্পার দিকে। সম্পা আবারো বলল,"দুদিন পর পর শ্বশুরবাড়ি ছেড়ে ভাইয়ের বাড়ি এসে পড়ে থাকলে হবে? সবসময় তো আর তোকে খালি হাতে পাঠাতে পারি না। এতকিছু কোত্থেকে জোগাড় করব বল তো?"
খাওয়া থেমে গেল জ্যোতির। এই মুহূর্তে এসে ভীষণ লজ্জা লাগছে তার। ভাবির থেকে দৃষ্টি সরিয়ে নিল। সম্পা বলল,"আমার শ্বশুর তার বউ আর ছোটো ছোটো ছেলে মেয়ে রেখে ঠিকই আরেক জায়গায় বিয়ে করে নিয়ে শান্তিতে সংসার করছেন। সম্পত্তি তো দূরে থাক, ছেলে-মেয়ের দায়িত্ব পর্যন্ত নিলেন না। মা কষ্ট করে তোদের বড়ো করেছে। তোর ভাই তোকে ভালো ঘরে বিয়ে দিয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়িই তো মেয়েদের আসল ঠিকানা। এভাবে এখানে পড়ে থাকলে আশেপাশের লোকজন মন্দ কথা বলবে। কাল তো পাশের বাড়ির চাচি সরাসরি জিজ্ঞেস করলেন, জ্যোতি কী শ্বশুরবাড়ি থেকে একেবারে চলে এসেছে? জামাই কী ছেড়ে দিল নাকি ওকে?"
জ্যোতি নিশ্চুপ হয়ে আছে। সম্পা আবারো বলল, "সময় থাকতে নিজের সংসার নিজে বুঝে নে। তোর স্বামীকে বল তোকেও যেন তার সঙ্গে করে নিয়ে যায়। অযথা শ্বশুর বাড়িতে পড়ে থাকবি কেন? তুই বলতে না পারলে আমি তোর ভাইকে বলে তোর শাশুড়ি কিংবা তোর স্বামীর সঙ্গে কথা বলতে বলি।"
জ্যোতি খাওয়া ছেড়ে উঠে দাঁড়াল। জড়ানো কণ্ঠে বলল,"দরকার নেই, ভাবি। আমি আজ বিকেলেই চলে যাব।"
কথাটি বলেই ঘরে চলে গেল জ্যোতি। চোখের পানি আর বাঁধ মানছে না। পৃথিবীতে সব সহ্য করা গেলেও কাছের মানুষদের জীবনে বোঝা হয়ে থাকার মতো বড়ো দুঃখ হয়তো আর দ্বিতীয়টি নেই। জ্যোতি যখন জায়েদা খাতুনের গর্ভে বেড়ে উঠছিল, তখন জ্যোতির বড়ো ভাই জাহিদের বয়স ছিল মাত্র ছয় কিংবা সাত। ওদের বাবা ছিলেন একজন প্রবাসী। একসময় তাদের বাবা মিজান উদ্দিন বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেন। জায়েদা খাতুন যেন সন্তানদের নিয়ে অথৈ সাগরে ভেসে যাচ্ছিলেন। একদিকে তাঁর নিজের অসুস্থতা, সংসার। অন্যদিকে স্বামীর চিন্তা আর অর্থ সংকট।
জায়েদা খাতুনের শ্বশুর-শাশুড়ি স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের হাতে কোনো টাকা-পয়সা নেই। তারা পুত্রবধূ এবং নাতি-নাতনিদের কোনো খরচা বহন করতে পারবেন না। তখন বাধ্য হয়েই বাপের বাড়ি গিয়ে উঠেন জায়েদা খাতুন। বাবা উনার বছর দুয়েক আগেই মারা গিয়েছিলেন। মাকে ভাইরা খাওয়া, পড়া দেয়। বোনের এমন অবস্থায় জায়েদা খাতুনের ভাইরা স্পষ্ট বলে দিলেন, তারা বোনের দায়িত্ব নিতে পারলেও বোনের সন্তানের দায়িত্ব নিতে পারবে না। তখন বাপের বাড়ি থেকে পাওয়া সামান্য ওয়ারিশটুকু বিক্রি করে দিতে চাইলেন জায়েদা খাতুন। কিন্তু ভাইরা এসে তাতেও বাঁধা দেয়। শেষে ভাইদের সঙ্গে লড়াই করে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাহায্যে ওয়ারিশ বিক্রি করে মেয়েকে দুনিয়ার আলো দেখান তিনি। ছেলে-মেয়েদের একা হাতে লালন-পালন করতে থাকেন।
বছর চারেক পর মিজান উদ্দিন দেশে ফিরেন। লোকমুখে স্বামীর ফেরার কথা শুনে ছেলে-মেয়েসহ শ্বশুর বাড়িতে ফিরে যান জায়েদা খাতুন। কিন্তু সেখানে গিয়েই যেন মাথায় বাজ পড়ে তাঁর। মিজান উদ্দিন এক বিদেশি মহিলাকে নিয়ে বাড়ি ফিরেছেন। মহিলাটি নাকি তাঁর স্ত্রী। জায়েদা খাতুন যখন প্রতিবাদ করেতে চান তখন তাঁর শ্বশুর-শাশুড়ি আর ননদরা মিলে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করেন তাকে।
ছেলে-মেয়েদেরকে তাদের বাবা ত্যাগ করতে পারলেও মা জায়েদা খাতুন ত্যাগ করতে পারেননি। তিনি ছিলেন মোটামুটি শিক্ষিত একজন নারী। সন্তানদের নিয়ে শহরে চলে এসে ছোট্ট টিনের চালা বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে গার্মেন্টসে চাকরি শুরু করেন। জাহিদ যখন এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চিন্তা করছিল তখনই জায়েদা খাতুন স্ট্রোক করে বসেন। অফিসের লোকেরা তাকে হাসপাতালে ভর্তি করে। ডান পাশ প্যারালাইসড হয়ে যায় তাঁর। তারপর মা-বোনের সব দায়িত্ব জাহিদই নিজ কাঁধে তুলে নেয়।
মায়ের জমানো টাকা দিয়ে গ্ৰামে ফিরে হাস, মুরগীর ব্যবসা শুরু করে। প্রথম প্রথম ভালোই লাভ হচ্ছিল। লাভের টাকায় তিন রুমের একটি ইটের বিল্ডিং তৈরি করে ভাড়া বাড়ি থেকে নিজেদের বাড়িতে উঠে সে। তারপর সম্পাকে বিয়ে করে। কিন্তু হঠাৎ করেই এক অসুখে আক্রান্ত হয়ে ফার্মের হাস, মুরগীগুলো মারা যেতে লাগল। একসময় ব্যবসায় লস খেলো জাহিদ। তারপর বাজারে একটি মুদি দোকান ভাড়া নিয়ে ধার দেনা করে ভালো একটি পরিবারে বোনের বিয়ে দেয়। এই মুদির দোকান চালিয়েই ধারকৃত অর্থ পরিশোধের পাশাপাশি এখন সংসার চালায় সে।
বোরকা হিজাব পরে তৈরি হয়ে নিল জ্যোতি। মায়ের ঘরে এলো বিদায় নেওয়ার জন্য। জায়েদা খাতুন ঘুমাচ্ছেন। ওষুধগুলো সেবন করার পর আর তিনি জেগে থাকতে পারেন না। মায়ের আর ঘুম ভাঙালো না জ্যোতি। দু’চোখ ভরে মাকে দেখে ব্যাগ হাতে বের হলো ঘর থেকে।
সম্পা পেছন থেকে বলল,"আমরা সবসময় তোর ভালো চাই। এটা তোর নিজের বাড়ি। যখন ইচ্ছে তখনই তুই এখানে আসতে পারিস। কিন্তু তাই বলে নিজের সংসার ফেলে যখন তখন তো আর এসে থাকা উচিত নয় বল।"
"হুম, আজ আসি।" কোনোদিকে না তাকিয়েই বিদায় নিয়ে বাড়ি থেকে বের বেরিয়ে এলো জ্যোতি। ভাইয়ের বাড়ি থেকে জ্যোতির শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় এক দেড় ঘণ্টার মতো। সে যেতেই দীর্ঘশ্বাস ফেলে ঘরে চলে গেল সম্পা।
________
সন্ধ্যার সময়েই বাড়িতে ফিরে এসেছে জাহিদ। হাত-মুখ ধুয়ে বসার ঘরে বসলো। মাহাদ দৌড়ে এসে বাবার কোলে চড়ে বসে বলল,"বাবা, আমার মজা কই?"
ছেলের কথায় মুচকি হেসে চিপসের প্যাকেট ছেলের হাতে ধরিয়ে দিল জাহিদ। চিপস পেয়ে মাহাদ দৌড়ে চলে গেল বোনেদের কাছে। সম্পা পানির গ্লাস স্বামীর হাতে দিয়ে প্রশ্ন করল,"কী ব্যাপার, আজ তাড়াতাড়ি চলে এলে যে?"
"এমনিই চলে এসেছি। জ্যোতি কই? মায়ের ঘুম ভেঙেছে?"
"না, মা শুয়ে আছেন। আর জ্যোতি ফিরে গেছে শ্বশুর বাড়ি।"
জাহিদের কপালে সুক্ষ্ম কয়েকটি ভাঁজ পড়ল।বলল, "কালও তো বলল এখানে আরও কিছুদিন থাকবে। তাহলে হুট করে চলে গেল কেন?"
"আমি যেতে বলেছি।"
কিছুটা অবাক হলো জাহিদ। প্রশ্ন করল,"তুমি চলে যেতে বলেছো! কেন বলেছো?"
সম্পা মুখ ভার করে উত্তর দিল,"মাসের অর্ধেক সময় ভাইয়ের বাড়ি পড়ে থাকলে নিজের সংসার চালাবে কে? আর তুমিই বা কী, বোনের বিয়ে দিয়েছো বলে কী বোনের প্রতি সব দায়িত্ব শেষ?"
"কেন? আমি আবার কী করলাম?"
"কী করলাম মানে? জ্যোতির বিয়ে দেওয়ার সময় ওর শ্বশুর-শাশুড়ি বলেছিল শোভন যেখানে থাকে বিয়ের পর জ্যোতিকেও নাকি তার সঙ্গে সেখানেই নিয়ে যাবে। অথচ বিয়ের বছর পার হয়ে গেল, কই জ্যোতিকে তো নিল না।"
জাহিদ চোখমুখ কুঁচকে নিল। বলল,"বাদ দাও তো ওসব। ওদের পরিবারের ব্যাপার ওরাই বুঝে নেবে।"
"ওদের পরিবারের ব্যাপার মানে? এর সঙ্গে আমাদের জ্যোতির জীবন জড়িয়ে আছে। যা করার এখনি করো। বেশি দেরি হয়ে গেলে আবার যনো তোমাদের মতো অবস্থা না হয় মেয়েটার। তোমার বাবার কালের কোনো জমিজমাও নেই যে মায়ের মতো ওয়ারিশ বেঁচে সে জীবন চালাবে।"
কথাগুলো বলে মুখ বাঁকিয়ে চলে গেল সম্পা। জাহিদ এবার সত্যিই চিন্তায় পড়ে গেল।
চলবে _____
#সূচনা_পর্ব
#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই