ফন্ট সাইজ:
থিম:
সাতরঙা প্রজাপতি

পর্ব 2

লেখক: মাশফিএা মিমুই

#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:০২]

"ওহ, ফিরেছো তাহলে? এদিকে আমি তো ভাবলাম একেবারে ভাইয়ের বাড়িতেই হয়তো চলে গেছো। শ্বশুরবাড়িতে আর ফিরবেই না।"

সবেমাত্র বাড়ি পৌঁছেছে জ্যোতি। ড্রয়িংরুম পার হওয়ার সময় শাশুড়ির কথায় পথিমধ্যে থেমে দাঁড়াল সে। আনোয়ারা বেগম এগিয়ে এলেন। প্রসঙ্গ বদলে আদেশের সুরে বললেন,"আধ ঘণ্টার মধ্যে বাইরের পোশাক ছেড়ে রান্নাঘরে এসো।"

জ্যোতি উপরনিচ মাথা নাড়িয়ে বলে ঘরে চলে গেল। আনোয়ারা বেগমও চলে গেলেন রান্নাঘরে। কপালে হাত রেখে চোখ জোড়া বন্ধ করে বিছানায় আধ শোয়া শোভন। ঘরের ভেতরে স্বামীকে দেখে চমকে গেল জ্যোতি। শুকনো ঢোক গিলে শব্দহীন পায়ে ভেতরে প্রবেশ করল। ব্যাগটি মেঝেতে রেখে আলমারি থেকে কাপড় বের করে তৎক্ষণাৎ বাথরুমে ঢুকলো। কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকাল শোভন। মেঝেতে কাপড়ের ব্যাগ দেখতে পেয়েও তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না। বাথরুম থেকে পানির শব্দ আসছে। পূর্বের ন্যায় আবারো সে চোখ বন্ধ করে নিল।

একেবারে গোসল সেরে বাথরুম থেকে বের হলো জ্যোতি। আড়চোখে স্বামীকে একবার দেখে ভেজা পোশাক ব্যালকনিতে মেলে দিয়ে ঘর থেকে চলে এলো।
রান্নাঘরের সামনে চেয়ারে বসে আছেন আনোয়ারা বেগম। খান বাড়ির বর্তমান কর্ত্রী তিনি। বিশাল বড়ো বাড়ি। বাড়ির সঙ্গে সঙ্গে বাড়ির সদস্য সংখ্যাও অনেক। এককথায় যৌথ পরিবার। বাড়ির তিনজন বউয়ের মধ্যে দুইজন রাতের খাবার প্রস্তুত করছে, একজন সবার জন্য চা নাস্তা তৈরি করছে। রান্নাঘরের দরজার ধারে বসে সেসব তদারকি করছেন আনোয়ারা বেগম।

জ্যোতি শাশুড়ির সামনে এসে মাথা নিচু করে দাঁড়াল। নরম কণ্ঠে শুধালো,"আমি কী করব মা?"

আনোয়ারা বেগম কাঁসার বাটিতে পানের পিক ফেলে জবাবে বললেন,"মেজো বউয়ের কাছ থেকে তোমার আর শোভনের নাস্তা নিয়ে ঘরে যাও। এখন এটাই তোমার কাজ।"

"আমি এখন নাস্তা করব না, মা। আমি বরং এলিনাকে রান্নার কাজে সাহায্য করি। রেশমী না হয় উনাকে নাস্তা দিয়ে আসবে।"

ভেতরে ভেতরে রেগে গেলেন আনোয়ারা বেগম। তবে রাগ প্রকাশ না করে দাঁতে দাঁত পিষে বললেন,"সংসারে পা দিলা এই তো ক'দিন আগে। এখনি শাশুড়ির মুখে মুখে কথা বলা শিখে গেছো?"

আনোয়ারা বেগমের শান্ত গলায় বলা কথাটি কানে যেতেই ভয় পেয়ে গেল জ্যোতি। আনোয়ারা বেগম এবার ধমক দিয়ে বললেন,"এ কয়েকদিন যে ভাইয়ের বাড়িতে ছিলে তখনও কিন্তু খান বাড়িতে রান্নাবান্না খাওয়া-দাওয়া চলেছে। তাই শাশুড়ির উপর কথা বলার দুঃসাহস আর দেখিও না। যা বলেছি তাই করো। কথার অবাধ্যতা আমার মোটেও পছন্দ নয়।"

জ্যোতি আর কিছু বলার সাহস পেল না। রান্নাঘরে ঢুকলো। মেজো বউ নিলা একটি ট্রেতে দুই কাপ চা আর চানাচুর বিস্কুট সাজিয়ে জ্যোতির হাতে দিল। জ্যোতি সেই ট্রে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরলো। আনোয়ারা বেগমের ছোটো জা আবেদা বেগমের একমাত্র পুত্রবধূ হচ্ছে নিলা। আনোয়ারা বেগমের দুই ছেলে দুই মেয়ে। এক মেয়ে সবে ক্লাস টেনে পড়ে, আরেক মেয়ের বিয়ে হয়ে গেছে। তার ঘরে একটা ছেলেও আছে। শোভন হচ্ছে তাঁর বড়ো ছেলে।

ঘরে প্রবেশ করল জ্যোতি। শোভন আগের মতোই শুয়ে আছে। জ্যোতি বিছানার একপাশে ট্রে রেখে বসলো। তাতেও শোভনের কোনো হেলদোল নেই। তার এমন আচরণে মনে এক অজানা কষ্ট হানা দিল জ্যোতির। দৃষ্টি তার স্বামীর দিকে স্থির।

খানিকক্ষণ বাদে চোখ বন্ধ করেই শোভন শুধালো, "তাকিয়ে আছো কেন? কিছু বলবে?"

ভড়কে গেল জ্যোতি‌। একটা প্রশ্ন মাথায় এলো,"উনার তো চোখ বন্ধ, তাহলে জানলেন কীভাবে আমি যে উনার দিকে তাকিয়ে আছি?"

ভাবনার মধ্যেই শোভন আবারো বলল,"কী হলো?"

"মা নাস্তা পাঠিয়েছেন।"

"রেখে চলে যাও। এভাবে তাকিয়ে থাকতে হবে কেন?"

লজ্জা পেল জ্যোতি। নিজের চায়ের কাপটা হাতে নিয়ে বসা থেকে উঠে ব্যালকনিতে চলে গেল। ঘড়িতে এখন সন্ধ্যা সাতটা বেজে ছয় মিনিট। বাইরে অন্ধকার। আজ তিনদিন হলো বসন্তের আগমন ঘটেছে। মৃদু ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। খোলা চুলগুলো উড়ে উড়ে চোখেমুখে এসে আছড়ে পড়ছে জ্যোতির। এই পরিবেশ, এই মুহূর্ত আচমকাই ভীষণ ভালো লাগছে তার। চায়ের কাপে চুমুক দিতে দিতে মুহূর্তটি অনুভব করতে ব্যস্ত সে। এই সময় হুট করেই মনের মধ্যে একটি গানের লাইন উদয় হলো। চোখ জোড়া বন্ধ করে গুনগুন করে গাইতে লাগলো,

❝সে কী দেখতে পেয়েও পায় না!
না কি দেখতে আমায় চায় না..
তবুও সুযোগরা দেয় তারই ঘরে ডুব...❞

"কে দেখতে পায় না তোমায়? তার কী চোখ নেই যে এত বড়ো একটা মেয়েকে দেখতে পায় না?"

পুরুষালি কণ্ঠের কথাটি শুনেই জ্যোতির ভীতু মন কেঁপে উঠল। শোভন হাত ভাঁজ করে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়াল। লজ্জায় চোখেমুখে রক্তিম আভা ফুটে উঠেছে জ্যোতির। মনে মনে ভাবছে,"আমি যে গান গাইছিলাম তা কী উনি শুনে ফেলেছেন?"

জ্যোতির নীরবতায় বিরক্ত হলো শোভন। বুঝতে পারলো তার স্ত্রী লজ্জা পাচ্ছে। গম্ভীর কণ্ঠে বলল,"ট্রে রান্নাঘরে রেখে এসো।"

হাফ ছেড়ে বাঁচলো জ্যোতি। কোনোদিকে না তাকিয়ে দ্রুত শোভনের পাশ কাটিয়ে বারান্দা থেকে চলে গেল। শোভন দীর্ঘশ্বাস ফেলে দরজার কাছ থেকে বারান্দায় গিয়ে দাঁড়াল। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালো।

আবারো শাশুড়ির মুখোমুখি হলো জ্যোতি। আনোয়ারা বেগম পুত্রবধূকে পর্যবেক্ষণ করে বললেন,"আবারো এখানে এসে দাঁড়িয়ে আছো কেন?"

"নাস্তা শেষ। এবার কী করব, মা?"

"ঘরে যাও।"

মুখ ভার হলো জ্যোতির। যতই শোভনের থেকে দূরে দূরে থাকতে চায় ততোই যেন তার শাশুড়ি মা তাকে পেছন থেকে ঠেলে সামনের দিকে এগিয়ে দেয়। নিজের শাশুড়ি মারা যাওয়ার পর থেকে এই বাড়ির কর্ত্রী হয়েছেন আনোয়ারা বেগম। উনার কথার বিপরীতে কথা বলার সাহস এ বাড়িতে কারোরই নেই। মলিন মুখে আবারো ঘরে চলে এলো জ্যোতি। ঘর ফাঁকা, বুঝতে পারলো শোভন এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে এক বিদঘুটে গন্ধ আসছে।

জ্যোতি বারান্দার দিকে এগিয়ে গেল। শোভনকে সিগারেট খেতে দেখে বেশ অবাক হলো। কিছুদিন আগে তাদের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। অথচ শোভনের এমন একটি বদঅভ্যাসের কথা জানা ছিল না তার। জানার অবশ্য কথাও নয়। শুধু এই কথাটি কেন, শোভন সম্পর্কে কিছুই যে জানা নেই জ্যোতির। কারণ শোভন সেই সুযোগটাই তাকে দেয়নি।

ছেলেবেলা থেকেই মা আর ভাইয়ের কষ্ট দেখে জ্যোতির ইচ্ছে করতো, একদিন লেখাপড়া শেষ করে বড়ো একটি চাকরি করবে সে। তারপর সংসারের দায়িত্ব নিয়ে মা, ভাইয়ের সব কষ্ট দূর করে দেবে। কিন্তু তার সেই ইচ্ছেটা আর পূরণ হয়নি। এইচএসসি পরীক্ষা শেষ হতে না হতেই তার জন্য বিয়ের সম্বন্ধ আসে, ছেলে এবং ছেলের পরিবার ভালো হওয়ায় জাহিদ আর দেরি করতে চায়নি। মায়ের সম্মতি নিয়ে ধুমধাম করে বোনের বিয়ে দিয়ে দেয় শোভনের সঙ্গে। শোভন চাকরি সূত্রে চট্টগ্রামে থাকে, বিয়ের সপ্তাহ খানেক পরই নববধূকে রেখে নিজের কর্মস্থলে ফিরে যায়। এই দূরত্বের কারণেই শোভন সম্পর্কে জ্যোতির জানার পরিধিটা কম। তাদের মনের দূরত্বটাও হয়তো অনেক।

জ্যোতি নরম স্বরে বলল,"ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এগুলো কেন খান? কি বিচ্ছিরি গন্ধ!"

জ্যোতির কণ্ঠস্বর শুনে হাতের অর্ধ খাওয়া সিগারেটটি দ্রুত ফেলে দিল শোভন। এমনভাবে ঘরে এলো যেন এখানে কেউ যে আছে তা সে দেখতেই পায়নি। যতবার শোভন বাড়িতে ফিরে ততবারই জ্যোতিকে সে এভাবেই উপেক্ষা করে এসেছে। মাঝে মাঝে জ্যোতির খুব ইচ্ছে করে শোভনকে প্রশ্ন করতে,"কেন আমার সঙ্গে এমন ব্যবহার করেন? কেন আমায় ভালোবাসেন না?" কিন্তু গলা পর্যন্ত এসেই আটকে যায় প্রশ্নগুলো। কেমন যেন অনুভূত হয়। হয়তো দুজনের মধ্যকার এত দূরত্বের কারণেই সাহস হয়ে ওঠে না মন খুলে কথা বলার।

খান বাড়িতে রাতের খাবারটা সবাই একসঙ্গে করলেও শোভন বাড়িতে ফিরলে কখনোই সবার সঙ্গে খাবার খায় না। আজও তার ব্যতিক্রম হলো না।
আনোয়ারা বেগম বড়ো একটি স্টিলের ট্রে তে খাবার সাজিয়ে জ্যোতির হাতে দিলেন। শোভনের সঙ্গে জ্যোতিও ঘরেই খেয়ে নেয়। এটাও আনোয়ারা বেগমেরই আদেশ। পুত্রবধূকে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন,"স্বামীকে রেখে নিচে এসে খাওয়ার দরকার নেই। যতদিন শোভন থাকবে ততদিন ওর সঙ্গে বসে ঘরেই খেয়ে নেবে।"

জ্যোতি তার বিপরীতে প্রশ্ন করেছিল,"আচ্ছা মা, উনি সবাইকে রেখে একা একা ঘরে বসে খান কেন?"

আনোয়ারা বেগম সঠিক কোনো উত্তর দেননি। বরঞ্চ প্রসঙ্গ বদলে দিয়েছিলেন। তারপর থেকে জ্যোতি আর কাউকে শোভনের ব্যাপারে কোনো প্রশ্নই করেনি। শোভন নামক পুরুষটি তার কাছে বরাবরই কেমন এক রহস্যময় মানবের মতো।

শোভন আজ বিকেলেই বাড়ি ফিরেছে। তাই আনোয়ারা বেগমের তত্ত্বাবধানে তার পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। রাতের খাবার খেয়ে বিছানায় এসে লম্বা হয়ে শুয়ে পড়ল শোভন। জ্যোতি এঁটো বাসন নিচে রাখতে গেল। তারপর ইচ্ছে করেই একটু সময় নিয়ে ঘরে এলো। ভাইয়ের বাড়ি থেকে ফিরে একটুও শুতে পারেনি সে। এখন বেশ ক্লান্ত লাগছে। মলিন মুখে আলমারির পাশ থেকে পাটি নিয়ে মেঝেতে বিছানা করার প্রস্তুতি নিল। তখনই শোভন বলল,"আলাদা বিছানা করার দরকার নেই। খাটেই শুয়ে পড়ো।"

চমকে গেল জ্যোতি। স্বামী বাড়ি ফিরলে সে নিচে বিছানা করেই ঘুমায়। তবে নিজের ইচ্ছায় নয়, বরং শোভনের ইচ্ছায়। শোভন স্পষ্ট করেই একদিন বলে দিয়েছিল তাকে,"তোমার সঙ্গে এক বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয়।"

জ্যোতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে,"ঠিক শুনেছি তো?"

শোভন ভ্রু কুঁচকে জ্যোতির দিকে তাকাল। বলল,
"আলোর মধ্যে আমি ঘুমাতে পারি না। দ্রুত লাইট অফ করে শুতে এসো।"

জ্যোতি এবার নিশ্চিন্ত হলো যে ঠিকই শুনেছে। দ্রুত লাইট নিভিয়ে স্বামীর পাশে এসে শুয়ে পড়ল। সে শুতেই শোভন বলল,"পাশে শুতে দিয়েছি বলে যেন রাতে আবার আমার শরীরে হাত-পা উঠিয়ে দিও না। সঙ্গে সঙ্গে নিচে ফেলে দেবো।"

এমন একটি কথায় প্রচন্ড রাগ হলো জ্যোতির। ইচ্ছে করল এখনি শোভনের উপর হাত‌-পা উঠিয়ে দিয়ে বলতে, উঠিয়েছি হাত-পা। এবার পারলে নিচে ফেলে দেখা। কিন্তু সে পারলো না কাজটি করতে। তাই দীর্ঘশ্বাস ফেলে চোখ জোড়া বন্ধ করে নিল। মুহুর্তেই ঘুম এসে হানা দিল। পাড়ি দিল সে ঘুমের রাজ্যে।
_________

জানালার কাঁচ ভেদ করে আলো এসে ঘরের অন্ধকার দূর করে দিয়েছে। পিটপিট করে তাকিয়ে পুরো ঘর পর্যবেক্ষণ করল জ্যোতি। শোভন ঘরে নেই। দরজার ছিটকিনিও খোলা। শোয়া থেকে উঠে দেয়াল ঘড়ির দিকে তাকাল সে। সাতটা বেজে তেরো মিনিট। জিভে কামড় দিয়ে দ্রুত বিছানা ছেড়ে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে।

মেজো বউ নিলা এবং ছোটো বউ এলিনা মিলে সকালের নাস্তা তৈরি করছে। নাস্তা তৈরি প্রায় শেষের দিকে। একটু সকাল সকালই খান বাড়িতে রান্নাবান্না শুরু হয়ে যায়। কারণ বড়দের অফিস আর ছোটদের স্কুল আছে। তারা খেয়ে বের হবে।

নিলা মুখ ভার করে এলিনার উদ্দেশে বলল,"এই বাড়িতে সারাটা দিন শুধু আমাদেরই গাধার মতো খাটতে হয়। এরপরেও কারো মন পাই না। আর ওদিকে বড়ো বউ গায়ে হাওয়া লাগিয়ে শুধু ঘুরে, বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে। অথচ কেউ কিচ্ছুটি বলে না।"

এলিনা জায়ের সঙ্গে তাল মিলিয়ে বলল,"ঠিক বলেছেন, ভাবি। তারপরেও মা উনার বড়ো বউকেই বেশি ভালোবাসেন। এখনো বড়ো বউ নিচেই নামেনি। কিন্তু কারো তাতে হেলদোল নেই। ওর জায়গায় আমরা থাকলে দেখতেন কেমন করতো।"

কথাটি বলে বামে ঘুরতেই এলিনা ভয়ে শুকনো ঢোক গিলল। জ্যোতি পেছনে দাঁড়িয়ে আছে, তাদের সবকথাই শুনেছে। এলিনা আমতা আমতা করে বলতে লাগল,"আসলে আমি ওভাবে...!"

জ্যোতি সামান্য হাসল। এলিনাকে থামিয়ে দিয়ে রান্নাঘরের ভেতরে প্রবেশ করল। বলল,"কাল ও বাড়ি থেকে ফেরার পর অনেক ক্লান্ত লাগছিল। আর রাতেও একটু দেরিতে ঘুমিয়েছিলাম। তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। আজকের সন্ধ্যার নাস্তা না হয় আমিই তৈরি করে নেব। তোমরা তখন বিশ্রাম নিও।"

এলিনা এবং নিলার মুখে কোনো কথা নেই। শোভন ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। নামাজ শেষে চা খেয়ে বাড়ি ফিরল। ছোটো বোন রেশমী এগিয়ে এসে বলল,"ভাইয়া, তোমাকে মা দেখা করতে বলেছে।"

"কোথায়?"

"মা ঘরে আছে। তোমাকে ওখানেই যেতে বলেছে।"

রেশমী কথাটি বলেই চলে যাচ্ছিল। শোভন পেছন থেকে ডেকে বলল,"রেশমী, শোন।"

"কী?"

"আসলে মানে..."

রেশমী ভ্রু কুঁচকে নিল। ভাইয়ের দ্বিধান্বিত কথায় কয়েক সেকেন্ড তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করল। হুট করেই সবটা বুঝে গেল যেন। আশ্বস্ত করে বলল,"বাবা বাড়িতে নেই। নাস্তা করেই বাজার করতে বেরিয়ে গেছে।"

"ওহ।" বলেই কোনোদিকে না তাকিয়ে আনোয়ারা বেগমের ঘরের দিকে চলে গেল শোভন। আনোয়ারা বেগম দুতলার বারান্দায় বসে পাঞ্জাবি সেলাই করছেন। শোভন দরজায় জোরে জোরে দু'বার কড়া নেড়ে বলল, "ভেতরে আসব?"

ভেতর থেকে উত্তর এলো,"হুম, এসো। আমি বারান্দায়।"

শোভন বারান্দায় চলে এলো। প্রশ্ন করল,"পরশু রাতে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললেন। অথচ বাড়িতে কিছুই হয়নি। কেন ডাকলেন?"

"তা বলার জন্যই এখন ডাকলাম। বসো এখানে।"

শোভন আনোয়ারা বেগমের পাশের চেয়ারে বসলো। দৃষ্টি তার মেঝেতে। আনোয়ারা বেগম পানের পিক ফেলে বলার জন্য প্রস্তুত হলেন।

চলবে _____

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন