ফন্ট সাইজ:
থিম:
সাতরঙা প্রজাপতি

পর্ব 4

লেখক: মাশফিএা মিমুই

#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:৪]

"ছোটো দুই বউয়ের পোলাপাইন তো দেহি হাঁটা শিইখা গেছে। তা বড়ো বউয়ের খবর কী? বাচ্চা কাচ্চা হয় না ক্যান? বউয়ের কী কোনো সমস্যা টমস্যা আছে নাকি?"

বিলকিস খাতুনের এমন একটি কথায় উপস্থিত সকলে চমকে গেল। অপ্রস্তুত হলো জ্যোতি। মলিন হয়ে গেল তার মুখখানি। এমন একটি কথার কী উত্তর দিবে বুঝতে পারছে না। আনোয়ারা বেগমের মুখেও আঁধার নেমে এসেছে। দুতলার বারান্দা থেকে ড্রয়িংরুম সম্পূর্ণ দেখা যায়। ছাদ থেকে নেমে ঘরে যাওয়ার সময় নিচে দৃষ্টি গেল শোভনের। নিচে সবার ভিড় দেখে একটু দাঁড়িয়েছিল সে। পুরো কথাটাই তার শ্রবণালীতে পৌঁছেছে। সঙ্গে সঙ্গে মেজাজ বিগড়ে গেল। ইচ্ছে করল নিচে গিয়ে বিলকিস খাতুনের উদ্দেশে কড়া কিছু কথা বলে আসতে।

কারো কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বিলকিস খাতুন জ্যোতির দিকে মাথা তুলে তাকালেন। এবার সরাসরি তার উদ্দেশেই প্রশ্ন করলেন,"কী গো নাতি বউ, তোমার কী কোনো সমস্যা আছে?"

জ্যোতি আরও লজ্জায় পড়ে গেল। ইচ্ছে করছে এক দৌড়ে এখান থেকে চলে যেতে। কিন্তু পারছে না। শেষে আড়চোখে শাশুড়ির দিকে তাকাল।

আনোয়ারা বেগম নিজেকে স্বাভাবিক রেখে হেসে উত্তর দিলেন,"আমাদের দায়িত্ব ছিল ছেলেকে ভালো একটি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার। সেই দায়িত্ব সঠিকভাবেই পালন করেছি। এখন ওদের বাচ্চাকাচ্চা হবে কী হবে না, ওরা বাচ্চা কবে নেবে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলে কী আমাদের কোনো লাভ আছে মাওই?"

বিলকিস খাতুনের হাস্যজ্জ্বল মুখে আঁধার ঘনিয়ে এলো। দৃষ্টি সরিয়ে নিলেন। আনোয়ারা বেগম মুখে হাসি রেখেই পুত্রবধূর উদ্দেশে বললেন,"বড়ো বউ, রান্নাঘরে যাও। গিয়ে জায়েদের সাহায্য করো।"

জ্যোতি মাথা নাড়িয়ে শাশুড়ির আদেশ পালনের জন্য রান্নাঘরে চলে গেল। মায়ের প্রতিবাদের ধরণ পছন্দ হলো শোভনের। সেও ঘরে চলে গেল। বিলকিস খাতুন এ বাড়িতে এসেছেন মেয়ের কাছে কিছুদিন থাকার জন্য।

পেরিয়ে গেল একটি দিন। রোজকার মতো মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরল শোভন। ঘরের সামনেই জ্যোতির সঙ্গে দেখা হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল,"আমার অফিসের ছুটি শেষের দিকে। আজই ফিরে যাচ্ছি। সঙ্গে যেতে চাইলে আধ ঘণ্টার মধ্যে তৈরি হয়ে নাও।"

শোভনের কথায় অবাক হলো জ্যোতি। হুট করে এসে এমন একটি গুরুত্বপূর্ণ কথা কী কেউ এভাবে বলে?রাতে বললেও তো হতো নাকি। মনের কথা প্রকাশ করার আগেই তাকে পাশ কাটিয়ে ঘরে ঢুকলো শোভন। তোয়ালেটা গলায় ঝুলিয়ে বাথরুমে চলে গেল। কী করবে বুঝতে পারছে না জ্যোতি। শাশুড়ির নির্দেশ মতো গতকালই তো ব্যাগ গুছিয়ে নিয়েছে। কোমরে হাত দিয়ে এসব ভাবতেই ব্যস্ত সে। কিছুক্ষণ বাদে পেছন থেকে শোভন বলল,"এখনো এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাওয়ার কী ইচ্ছে নেই?"

ভড়কে গেল জ্যোতি‌। এত তাড়াতাড়ি লোকটির গোসল শেষ! কাঁধে ঝোলানো তোয়ালেটা দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়াল শোভন। বলল, "সাড়ে দশটায় ট্রেন ছাড়বে। কারো জন্য নিশ্চয়ই ট্রেন বসে থাকবে না। এখন সাড়ে সাতটা বাজে। যেতেও তো খানিকটা সময় লাগবে নাকি।"

শোভন একটু থেমে আবারো বলল,"সবার কাছ থেকে বিদায় নিতে নিতেও ঘণ্টা পার করে দেবে, তাই হা করে তাকিয়ে না থেকে তৈরি হয়ে এসো।"

জ্যোতি আর দাঁড়াল না। আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল তৈরি হতে। বৈবাহিক জীবনের এক বছরের মধ্যে এই প্রথমই শোভন এত কথা বলল তার সঙ্গে। অথচ এতদিন প্রয়োজনে বাধ্য হয়ে হ্যাঁ' না' ছাড়া কোনো কথাই হয়নি তাদের মধ্যে। জ্যোতি অনেক চেষ্টা করেছে আগ বাড়িয়ে কথা বলতে। চেষ্টা করেছে সম্পর্কটাকে অন্য সব দম্পতিদের মতো স্বাভাবিক করতে। কিন্তু শোভন সেই সুযোগটাই তাকে দেয়নি।

কিছুটা সময় নিয়ে পোশাক বদলে বের হলো জ্যোতি। ঘরে এসে আর শোভনের দেখা পেল না। আনোয়ারা বেগমের সঙ্গে দেখা করতে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছে শোভন। দৃষ্টি আকাশের দিকে। কোনো কিছু নিয়ে গভীর ভাবনায় আচ্ছন্ন সে। বাইরে থেকে দেখে যে কেউই বলে দিতে পারবে এই ঊনত্রিশ বছরের পুরুষটির ভেতরে গভীর কিছু লুকিয়ে আছে। যা সে সকলের সামনে প্রকাশ করতে অনিচ্ছুক।

অসময়ে পুত্রবধূকে নিজের ঘরে দেখে কিছুটা অবাক হলেন আনোয়ারা বেগম। শুধালেন,"কিছু বলবে?"

"হুম, মা।"

"বলো।"

"আপনার ছেলে বলছে আজই নাকি ফিরে যাবে। আমাকেও তৈরি হতে বলেছে।"

আনোয়ারা বেগম পা থেকে মাথা পর্যন্ত জ্যোতিকে পর্যবেক্ষণ করলেন। বললেন,"জানতাম ও হুট করেই এমন একটা সিদ্ধান্ত চাপিয়ে দেবে। যাই হোক ব্যাগপত্র তো সব গোছানো আছেই। এবার নিজে গিয়ে তৈরি হয়ে নাও।"

জ্যোতি ঘোমটা টেনে প্রত্যুত্তরে বলল,"আমি তৈরি, মা।"

ভ্রু যুগল কুঁচকে নিলেন আনোয়ারা বেগম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন,"এভাবে এতটা পথ যাবে নাকি? এর উপর বোরখা আর হিজাব পরে এসো।"

জ্যোতির হাস্যোজ্জ্বল মুখখানিতে মলিনতা ভর করল। আনোয়ারা বেগম বুঝতে পারলেন পুত্রবধূর মন খারাপ হয়েছে। বললেন,"পর্দা নারীদের জন্য ফরজ। শুধু নামাজ পড়লেই তো হবে না। নামাজের পাশাপাশি পর্দা করেও চলা উচিত। পর্দা হচ্ছে বদ লোকদের নজর থেকে বাঁচার প্রধান অস্ত্র। তাই বাইরে বের হওয়ার আগে বোরখা পড়লে ক্ষতি কী?"

"হুম, মা। আসছি আমি।"

ভাইয়ের বাড়িতে গেলে অথবা কোথাও গেলে বোরখা পরেই বের হয় জ্যোতি। আজ হঠাৎ করেই তার শাড়ি পরে বের হতে ইচ্ছে হলো। ভাবি যখন ভাইয়ের সঙ্গে কোথাও যেত তখন শাড়ি পরে সাজগোজ করেই বের হতো। কথাটি মনে হতেই জ্যোতিরও ইচ্ছে জেগেছিল। কিন্তু শাড়ি পরা তার কাছে বেশ বাড়াবাড়ি মনে হলো। আবারো ঘরে এলো সে। পরনের পোশাকের উপরেই বোরকা পরে হিজাব পরে নিল। শোভন তাড়া দিয়ে বলল,"তৈরি হওয়া শেষ হলে তাড়াতাড়ি চলো। গাড়ি দাঁড়িয়ে আছে নিচে।"

জ্যোতি মাথা নাড়াল। কাপড়ের ব্যাগটা নিজের হাতে নিয়ে বের হওয়ার জন্য পা বাড়াল। তৎক্ষণাৎ তার হাত থেকে ব্যাগটি নিয়ে নিল শোভন। কড়া গলায় বলল, "ব্যাগ অনেক ভারী‌। নিচ পর্যন্ত তুমি বয়ে নিয়ে যেতে পারবে না।"

জ্যোতির ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল স্বামীর এই ছোট্ট একটি যত্নে। বড়ো বড়ো কদম ফেলে শোভন নিচে নেমে গেল। কারো সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করল না। সদর দরজা পেরিয়ে এগিয়ে এলেন আনোয়ারা বেগম। ছেলের উদ্দেশে বললেন,"যদিও তোমার উপর আমার ভরসা আছে। আমি জানি তুমি দায়িত্ববান একটা ছেলে। তবুও বলছি, জ্যোতি কিন্তু এখন থেকে তোমার দায়িত্বে। স্ত্রীর খেয়াল রেখো। ও হয়তো সবকিছু মুখ ফুটে বলতে পারবে না তোমায়। তাই তোমাকেই সবকিছু বুঝে নিতে হবে। কখনো কষ্ট দিও না নিজের স্ত্রীকে।"

"চেষ্টা করব সব দায়িত্ব সঠিকভাবে পালন করার। আসি তাহলে। আসসালামু আলাইকুম।"

আনোয়ারা বেগম সন্তুষ্ট হয়ে সালামের জবাব নিলেন, "ওয়া আলাইকুমুসসালাম।"

সকলের কাছ থেকে বিদায় নিয়ে জ্যোতিও গাড়িতে উঠে বসলো। গাড়ি ছুটে চলল এক নতুন গন্তব্যের দিকে। কাঁচ নামানো জানালা দিয়ে পেছনে রেখে আসা পরিচিত মুখের দিকে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল সে। একসময় চোখের পলকে অদৃশ্য হয়ে গেল সব।

দু’তলার বারান্দা থেকে সবার আড়ালে পুত্র এবং পুত্রবধূকে মনে মনে বিদায় জানালেন রাউফুন খান। আলগোছে বাম হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর চলে গেলেন ঘরে।

স্টেশনে অনেক ভিড়। সবেমাত্র ট্রেন এসে থেমেছে। একজন আরেকজনকে ঠেলেঠুলে ধাক্কা দিয়ে ট্রেনে ওঠার প্রতিযোগিতা চলছে। গাড়ি ভাড়া মিটিয়ে জ্যোতিকে নিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করল শোভন। আগ্ৰহ ভরা দৃষ্টিতে চারপাশের সমস্ত দৃশ্য অবলোকন করছে জ্যোতি। এটাই তার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ হতে যাচ্ছে। ট্রেন দিয়ে যাতায়াত করে বেড়াতে যাওয়ার মতো কোনো আত্মীয়-স্বজন কোনো কালেই জ্যোতিদের ছিল না। ভিড়ের মধ্যেই কেউ শক্ত করে তার হাতটি ধরলো। ভেতরে এক অচেনা কম্পন অনুভব করল মেয়েটি। পাশ ফিরে তাকাতেই শোভনকে দেখতে পেল। সে-ই তার হাতটি ধরেছে।

শোভন স্ত্রীর উদ্দেশে বলল,"আমার সঙ্গে এসো। হাত যেন না ছুটে, এই ভিড়ের মধ্যে হারিয়ে গেলে খুঁজে তো পাওয়া যাবেই না এমনকি ট্রেনও মিস হবে।"

যেভাবে শক্ত করে জ্যোতির হাত ধরেছে শোভন। তাতে চাইলেও জ্যোতি ছুটতে পারবে না। কোনোমতে মানুষজন ঠেলেঠুলে ট্রেনের ভেতরে ঢুকলো তারা। টিকেট অনুযায়ী নিজেদের আসনে গিয়ে বসলো। আধ ঘণ্টা পর ট্রেন ছেড়ে দিলো। বাইরে থেকে দেখলে মনে হয় ট্রেন কি ধীর গতিতে চলে অথচ ভেতর থেকে বুঝা যায় ট্রেনের আসল গতি।

গরমকাল অথচ জানালার ধারে বসায় ঠান্ডা হাওয়া গায়ে লেগে শীত লাগছে জ্যোতির। মুগ্ধ হয়ে একবার ভেতরে তো আরেকবার বাইরে তাকাচ্ছে সে। হঠাৎ করে জানালা বন্ধ করে দিলো শোভন। করুণ দৃষ্টিতে স্বামীর পানে তাকাল জ্যোতি। শোভন গম্ভীর কণ্ঠে বলল,"এই হাওয়া গায়ে লাগলে ঠান্ডা লেগে যাবে। রাতদিন বসে বউয়ের সেবা করতে পারব না, আমার অফিস আছে।"

মুখ ভার করে ঘাড় ঘুরিয়ে নিল জ্যোতি। কোনো কিছু নিয়ে আবদার করার মতো সাহস তার এখনো হয়নি। অথবা সেই অধিকার এখনো অর্জনই করতে পারেনি। তবে এই সাময়িক কষ্টটা দূর হয়ে গেল এই ভেবে, ট্রেন ভ্রমণ তো করতে পেরেছে সে।
_____

কয়েক ঘণ্টার জার্নির পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাল তারা। একটি ছেলে দাঁড়িয়ে আছে একটি বাড়ির সামনে। শোভনকে দেখতেই হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এলো সে। বলল,"অফিস বাদ দিয়ে তোদের জন্যই এখানে অপেক্ষা করছিলাম।"

শোভন প্রশ্ন করল,"কেন?"

"কেন আবার কী? তোদের ফ্ল্যাটটা দেখিয়ে দিতে হবে না?"

চোখ বড়ো করে তাকাল শোভন। শোভনের এমন চাহনিতে বোকা বোকা হাসল ছেলেটি। জ্যোতির দিকে দৃষ্টি পড়তেই বলল,"আসসালামু আলাইকুম, ভাবি। কেমন আছেন?"

জ্যোতি উত্তরে বলল,"ওয়া আলাইকুমুসসালাম। আলহামদুলিল্লাহ ভালো।"

শোভন জ্যোতির উদ্দেশে বলল,"ও হচ্ছে সাজেদ। আমার বন্ধু প্লাস কলিগ।"

মনের ভেতরে জেগে ওঠা প্রশ্নের উত্তর পেয়ে গেল জ্যোতি। ছোট্ট করে বলল,"ওহ।"

সাজেদ ভেতরে নিয়ে গেল ওদের। দুই রুমের একটি ফ্ল্যাট। সুন্দর একটি রান্নাঘর আর মাঝারি সাইজের একটি ড্রয়িং রুম। শোভন জ্যোতির উদ্দেশে বলল,
"এতটা পথ এলে। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও।"

জ্যোতি উল্টো প্রশ্ন করল,"কোন ঘরটায় যাব?"

"তোমার ইচ্ছে।"

মৃদু হেসে সেখান থেকে প্রস্থান করল জ্যোতি। দুটো ঘরের মধ্যেই বারান্দা আছে। যা দেখে জ্যোতির ভালো লাগা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। বারান্দা তার বরাবরই প্রিয় ছিল। কলেজে যাওয়ার সময় রাস্তার পাশে বড়ো বড়ো দালানের বারান্দাগুলো দেখে স্বপ্ন দেখতো, তারও একদিন এমন একটি বারান্দা হবে। যেখানে সে বাগানবিলাস করবে। মন খারাপ হলে সেখানে বসে খোলা আকাশ দেখবে। বিয়ের পর যদিও এই স্বপ্নটা তার পূরণ হয়েছিল।

শোভন আর তার শোবার ঘরের বারান্দায় অসংখ্য গাছ লাগিয়েছিল জ্যোতি। রোজ সময় করে সেই গাছগুলোর যত্ন নিত। যখন সে মায়ের কাছে বেড়াতে যেত তখন গাছের যত্ন নেওয়ার দায়িত্ব দিত রেশমীকে। ঠোঁটের কোণের হাসি মিলিয়ে গেল। বিরক্তি নিয়ে আনমনে বলে উঠল,"এই বারান্দাটাও আবার সাজাতে হবে। কত গাছ লাগাতে হবে। উফ কত দায়িত্ব আমার উপর। কত কাজ!"

ড্রয়িং রুমের সোফায় শোভন আর সাজেদ বসে আছে। শোভন বলল,"তোকে শুধু বলেছিলাম ফ্ল্যাটটা ম্যানেজ করে দিতে। কিন্তু তুই তো দেখছি একেবারে ফার্নিচারসহ সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছিস!"

সাজেদ প্রত্যুত্তরে হাসল। বলল,"পূর্ব অভিজ্ঞতা আছে তো। আমিও তো তোর মতোই অফিসের কাছে ম্যাচে থাকতাম। যখন অন্নাকে বিয়ে করে নিয়ে এলাম তখন কি ভোগান্তিই না পোহাতে হয়েছিল। ফার্নিচার কিনে ঘর গোছাতে গোছাতেই সপ্তাহখানেক পার হয়ে গেল। তাই পরশু রাতে তুই ফোন করে বলাতেই সব বুঝে গেলাম। অন্নাকে নিয়ে নেমে পড়লাম কাজে। আজ সকালেই সব গোছগাছ করে বাড়ি ফিরেছে অন্না।"

"তোদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই না? আসলে হুট করেই মা বলে দিল জ্যোতিকে নিয়ে নাকি ফিরতে হবে। তাই এমন ঝামেলা হলো।"

"আন্টির বলতে হবে কেন? এই কাজটা তোর আগেই করা উচিত ছিল। নিজে এখানে পড়ে ছিল আর বউকে রেখে এসেছিল সেই শত মাইল দূরে।"

শোভন নীরব রইল। সাজেদ বসা থেকে উঠে দাঁড়াল। বলল,"তোরা এতদূর থেকে এলি, বিশ্রাম নে। আমি কাউকে দিয়ে খাবার পাঠিয়ে দেবো। রান্না করার দরকার নেই।"

শোভন বাঁধা দিয়ে বলল,"তার দরকার নেই। যা করেছিস তাতেই তোর প্রতি কৃতজ্ঞ আমি। খাবার অনলাইনে অর্ডার করে নেব।"

সাজেদ যাওয়ার জন্য অগ্ৰসর হতেই শোভন পিছু ডেকে বলল,"কত খরচ হয়েছে বললি না তো। টাকাটা নিয়ে যা।"

সাজেদের ভ্রু জোড়া কুঁচকে গেল। যেতে যেতে বলল, "তা নিয়ে পরে কথা বলা যাবে। আমি আসছি, দরজা লাগা।"

শোভন আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই দ্রুত পায়ে হেঁটে চলে গেল সাজেদ। দরজা আটকে ঘরে এলো শোভন।"

চলবে _____

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন