ফন্ট সাইজ:
থিম:
সাতরঙা প্রজাপতি

পর্ব 5

লেখক: মাশফিএা মিমুই

#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:০৫]

"আমাকে কয়েকটা ফুল গাছ এনে দিবেন? বারান্দায় লাগাতাম।"

মিষ্টি কণ্ঠের আবেদনময়ী একটি আবদারে কপালে কয়েকটি ভাঁজ পড়ল শোভনের। সবেমাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল সে। আয়নার ভেতর দিয়েই জ্যোতিকে স্পষ্ট দেখা যাচ্ছে। বিছানায় বসে পা দুলাচ্ছে। দৃষ্টি টাইলসযুক্ত মেঝেতে। স্বামীর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে সে আবারো বলে উঠল,"দিবেন এনে? আমার ফুল গাছ অনেক ভালো লাগে‌। ওখানে থাকতেও আমাদের ঘরের বারান্দায় অনেকগুলো গাছ লাগিয়েছিলাম। সুন্দর সুন্দর কত ফুল যে ফুটে ছিল!"

শোভন আয়নার দিক থেকে ঘুরে আড়চোখে স্ত্রীর দিকে তাকাল। বারান্দার দিকে যেতে যেতে বলল,"হুম, দেবো।"

অধরে হাসি ফুটে উঠল জ্যোতির। শুকনো ঢুক গিলল শোভন। ছোট্ট একটি কথায় এত খুশি হয়ে গেল মেয়েটি? ভাবতেই অবাক লাগছে তার। তোয়ালে মেলে দিয়ে ঘরে এসে বিছানার একপাশে বসলো সে। বলল, "দুদিন যাক তারপর না হয় এনে দেবো। টেবিলে খাবার রাখা আছে এবার খেতে যাও।"

"আপনি খাবেন না?"

"তুমি যাও আমি আসছি।"

মাথা নাড়িয়ে চলে গেল জ্যোতি। প্রথমে অনলাইনে খাবার অর্ডার দেওয়ার কথা ভাবলেও পরমুহূর্তে খাবার আসতে দেরি হবে ভেবে সিদ্ধান্ত বদলে নিজেই খাবার আনতে বেরিয়ে পড়েছিল শোভন। পাশের মোড়েই বেশ বড়ো একটি হোটেল আছে। দুটো প্লেটে খাবার বেড়ে চেয়ার টেনে বসলো জ্যোতি। শোভনও চলে এলো টেবিলে। তারপর নীরবে দুজন একসঙ্গে খেয়ে নিল।

মুখ ভার করে বিছানায় বসে আছে এলিনা। শার্টের বোতাম খুলতে খুলতে শাফিন প্রশ্ন করল,"মুখ এমন অন্ধকার করে রেখেছো কেন? কী হয়েছে? মা কী কিছু বলেছে?"

এলিনা উত্তর দিলো না। নিজের মতো করেই বসে আছে। যেন কোনো কথাই তার কান পর্যন্ত পৌঁছায়নি। পরনের শার্ট বদলে একটি টি-শার্ট পরলো শাফিন। স্ত্রীর পাশে এসে বসে পুনরায় বলল,"না বললে বুঝবো কী করে?"

এলিনা মন খারাপ করে বলল,"তোমার বড়ো ভাই আর ভাবি কি সুন্দর করে আলাদা হয়ে গেল। এখন কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না তাদের। নিজেদের ইচ্ছামতো চলতে ফিরতে পারবে। কিছু বলার মতোও আর কেউ নেই। এদিকে সব জ্বালা আমাদের।"

শাফিনের মুখ থমথমে হয়ে গেল। এলিনা তার মুখের দিকে তাকাল। আহ্লাদি স্বরে বলল,"চলো না, আমরাও আলাদা হয়ে যাই। আর কতদিন এভাবে থাকব? ইমাও তো বড়ো হচ্ছে নাকি?"

শাফিন মুহূর্তেই রেগে গেল। রূঢ় কণ্ঠে বলল,"এখন আমার পরিবারটাকে ভাঙার মতলব এঁটেছো? এসব শয়তানী বুদ্ধি কে ঢুকিয়েছে মাথায়?"

এলিনা ভড়কে গেল। শাফিন দাঁতে দাঁত পিষে বলল, "আমার মা, চাচিরা এই যৌথ পরিবারেই বউ হয়ে এসে সংসার করেছে। তাদেরও ছেলে-মেয়ে ছিল। এই যৌথ পরিবারেই আমরা সব ভাই-বোনেরা একসঙ্গে বড়ো হয়েছি। বিয়ের আগে জানতে না আমরা যৌথ পরিবারে থাকি?"

এলিনা সতর্ক কণ্ঠে বলল,"চিৎকার করছো কেন? সবাই শুনতে পাবে তো।"

"শুনুক সবাই। এসব কথা যদি আর কখনো তোমার মুখে শুনেছি তাহলে সেদিনই এই বাড়িতে তোমার শেষ দিন মনে রেখো।"

এলিনার মেজাজটাও এবার খারাপ হয়ে গেল। রাগান্বিত কণ্ঠে বলল,"তোমার ভাই-ভাবি যে চলে গেল তখন কিছু হয়নি, তাই না?"

"ভাইয়া ওখানে গিয়েছিল লেখাপড়া করতে। লেখাপড়া শেষে ওখানেই চাকরি নিয়েছে। এই কথা তো তোমার জানা। বিয়ের পরেই তো আর ভাবিকে নিয়ে যায়নি। এছাড়া স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানেই থাকবে। এটা নিয়ে ঝামেলা করার কী আছে? আমি কী এতদূরে চাকরি করি নাকি যে বউ বাচ্চা নিয়ে আমাকেও আলাদা থাকতে হবে?"

"তার মানে তুমি আলাদা হতে চাইছো না?"

"যা বলার তা তো বলেই দিয়েছি। এই নিয়ে আর কোনো কথা নয়।"

কথা শেষ করে ঘর থেকে বের হয়ে গেল শাফিন। তড়তড় করে রাগ বেড়ে যাচ্ছে এলিনার। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। শাফিনকে বের হতে দেখে নিলা ভেতরে প্রবেশ করল। জিজ্ঞেস করল,,"রাজি হয়েছে?"

"না হয়নি। উল্টো আমার সঙ্গে রাগারাগী করেছে।"

নিলা আশাহত হলো। মলিন কণ্ঠে বলল,"রাফিনও একই ব্যবহার করেছে। আসলে আমাদের কপালটাই খারাপ।"

এলিনা আর কিছু বলল না। নিশ্চুপ রইল। নিলা খানিকক্ষণ বসে থেকে চলে গেল নিজের ঘরে।
____

বিকেল হতেই বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল শোভন। সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি ফিরল। হাতে ব্যাগ ভর্তি বাজার। কলিং বেলের শব্দে দরজা খুলে দিলো জ্যোতি। ঘামে শার্ট ভিজে গিয়েছে শোভনের। কপাল থেকেও বিন্দু বিন্দু ঘাম ঝরছে। জ্যোতিকে পাশ কাটিয়ে ব্যাগ হাতে ভেতরে প্রবেশ করল সে। জ্যোতি দৌড়ে গিয়ে গ্লাসে করে পানি এনে স্বামীর হাতে দিলো। শোভন সোফায় বসলো। তারপর এক নিঃশ্বাসে গ্লাসের পানি শেষ করে শরীর এলিয়ে দিলো সোফায়।

ক্লান্ত কণ্ঠে বলল,"সংসারে যা যা লাগবে মোটামুটি সবই এনেছি। মাছ-মাংস কাল সকালে গিয়ে নিয়ে আসব।"

জ্যোতি সেসবে কান দিলো না। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো,
"আপনার কী খুব খারাপ লাগছে?"

"না একটু ক্লান্ত লাগছে, এতটা পথ এলাম তো।"

"ওহ।"

শোভন এখনো হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই বলল,
"আগে কখনো বাজার করা হয়নি, তাই এমন লাগছে। তবে এবার অভ্যাস হয়ে যাবে।"

স্বামীর জন্য জ্যোতির একটু খারাপ লাগল। মনে একটা প্রশ্ন আসতেই জিজ্ঞেস করল,"তাহলে এতদিন আপনি কোথায় খেয়েছেন?"

"অফিস থেকেই থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। ওখানে রান্না এবং বাজার করার জন্য আলাদা লোক ছিল।"

"ওহ।"

জ্যোতি উঠে রান্নাঘরে চলে গেল। ব্যাগ থেকে শাক সবজিগুলো বের করে গুছাতে লাগল। শোভন সোফা থেকে উঠে ঘরে চলে গেল।

রোজকার মতো খান বাড়ির সবাই রাতের খাবার একসঙ্গে খেয়ে উঠল। আনোয়ারা বেগম ঘরে এলেন। দরজা আটকে পানদানি নিয়ে বিছানায় বসলেন। রাউফুন খান ইতস্তত করে স্ত্রীর উদ্দেশে বললেন, "ওদের খবর নিয়েছিলে? ঠিকমতো পৌঁছেছে তো?"

আনোয়ারা বেগম পান বানাতে বানাতে উল্টো প্রশ্ন ছুঁড়ে দিলেন,"কাদের কথা বলছো?"

মনে হচ্ছে লজ্জা পেলেন রাউফুন খান। তবুও বললেন,"বড়ো ছেলে আর বউয়ের কথা বলছিলাম। পৌঁছে গেছে ওরা?"

আনোয়ারা বেগম একটি পান নিজের মুখে ভরলেন। আরেকটি স্বামীর দিকে এগিয়ে দিলেন। খাওয়ার পর একটি পান খেয়ে তৃপ্তির ঢেকুর তোলা আনোয়ারা বেগমের অভ্যাস। এই পান খাওয়ার অভ্যাস ছোটো থেকেই গড়ে উঠেছে। ছোটবেলায় দাদার দেখাদেখি দাদার কাছ থেকে পান খেতেন তিনি। সেই থেকেই অভ্যাস। চেষ্টা করেও এই অভ্যাসটি পরিত্যাগ করতে পারেননি আর।

রাউফুন খান স্ত্রীর হাত থেকে পানটি নিয়ে জবাবের আশায় বসে আছেন। আনোয়ারা বেগম বললেন, "অন্যান্য ছেলেরা কোথাও গেলে তো নিজেই খোঁজ নেও। সরাসরি কথাও বলো। তাহলে বড়ো ছেলের কথা আমায় কেন জিজ্ঞেস করছো? নিজেই তো ফোন করে জিজ্ঞেস করতে পারো।"

"ব্যঙ্গ করছো?"

"ব্যঙ্গ করব কেন? ভুল তো একটা করেই ফেলেছ। চাইলেই তো আর তা শুধরাতে পারবে না। তাই বলছি, ছেলের কাছে ক্ষমা চাও। সব ভুল বোঝাবুঝি ঠিক করে নাও।"

"কম চেষ্টা কী করেছি? ছেলে আমায় সেই সুযোগটাই তো দেয় না। একমাত্র তোমার কথা যা একটু শোনে। কথা বললেও তোমার সঙ্গেই বলে।"

আনোয়ারা বেগম মৃদু হাসলেন। বললেন,"আমার কথা শোনে? কথা শুনতে বাধ্য হয়। বাবার কোনো দায়িত্বই তো পালন করতে পারোনি। এখন দেখো শেষ বয়সটায় যদি পারো।"

রাউফুন খান প্রতিক্রিয়া করলেন না। এক ধ্যানে নীরব হয়ে বসে রইলেন। আনোয়ারা বেগমও আর ঘাঁটলেন না স্বামীকে।
_______

সকাল হতেই আবারো বাজারে চলে এসেছে শোভন। মাছের আরদে তাজা তাজা সব মাছ। চারিদিকে অনেক ভিড়। সাথে বিশ্রী গন্ধ। হাঁটার জায়গাটা পর্যন্ত নেই। নাকে রুমাল চেপে ধরলো‌ শোভন। ধীরে ধীরে পা ফেলে সামনের দিকে যেতে যেতে একটি দোকানের সামনে এসে থামল। তাকে দেখতেই দোকানি বিভিন্ন মাছের দিকে আঙুল তাক করে বলতে লাগলেন, "কোনটা নিবেন, ভাই? সব তাজা তাজা মাছ। একটু আগেই ধইরা আনা হইছে।"

ছোটো বড়ো নানা রকমের মাছ রয়েছে। কোনটা নেবে ভাবতে লাগল শোভন। আচ্ছা জ্যোতির কোন মাছটা পছন্দ? আর কোনটাই বা অপছন্দ? প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। নিজেকে ইচ্ছে করছে বেশ কয়েকটা গালি দিতে। মনে মনে আফসোস করে বলল, "আসার সময় উচিত ছিল ওর থেকে জেনে নেওয়ার। এখন কী করব? কোন মাছ নেব?"

ভাবতে ভাবতেই মাথায় একটি বুদ্ধি এলো। পকেট থেকে মোবাইল বের করল জ্যোতিকে কল দেওয়ার জন্য। তৎক্ষণাৎ আবারো মনে পড়ল, তার কাছে মেয়েটির কোনো নাম্বারই নেই।

দোকানদার ভ্রু কুঁচকে তাকিয়ে আছে শোভনের দিকে। হয়তো তার হাবভাব বোঝার চেষ্টা করছে। একসময় বললেন,"ভাই, কোন মাছ নিবেন কইলেন না তো?"

শোভন হাফ ছাড়ল। এখন আর কিছুই করার নেই। খালি হাতে তো আর বাড়ি ফেরা যাবে না। তাই নিজের পছন্দ মতো মাছ কেনার সিদ্ধান্ত নিলো। দোকানির উদ্দেশে বলল,"মাছ ভালো তো?"

"বিশ্বাস না হইলে আপনে দেইখা নেন, ভাই। আমার দোকানের মাছ এক্কেবারে তাজা।"

শোভন শুকনো ঢোক গিলল। মাছ ভালো নাকি খারাপ তা আবার দেখে কী করে? প্রশ্নটা হজম করে নিলো। যদি দোকানি শুনে হাসে! কারো ঠাট্টার পাত্র হতে চায় না সে। দোকানি আবারো জিজ্ঞেস করল,"মাছ কী কাটাইয়া নিবেন?"

"হ্যাঁ, কেটেই দিন।"

"আইচ্ছা।" বলেই একটি চৌদ্দ পনেরো বছরের ছেলের দিকে তাকিয়ে হাঁক ছেড়ে বললেন,"ছুটোন, ভাইয়ের মাছ কয়ডা কাইট্টা দে।"

ছুটোন নামের ছেলেটি মাছগুলো নিয়ে বিশাল আকারের বঁটির সামনে বসে পড়ল।

কোনোমতে মাছ কিনে মাছের আরদ থেকে বের হতে লাগল শোভন। সরু রাস্তাটায় নোংরা পানি জমে কর্দমাক্ত হয়ে হাঁটার অযোগ্য হয়ে গিয়েছে। অথচ মানুষজন কী স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করছে। ভিড়ের মধ্যেই হঠাৎ করে কেউ তার পায়ে পাড়া দিলো। ব্যথায় চোখমুখ কুঁচকে নিলো শোভন।

আফসোস করে বলল,"বাজার করা এত্ত কষ্ট কেন? শুধু বাজার না, বিয়ে করে সংসার করাটাই কষ্টকর। এই জন্যই কে যেন বলেছিল, দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়।"

এবার গোশত কিনতে এলো শোভন। কসাই গোশত কাটছে। এখানে এসেও বিপদে পড়ল সে। কত কেজি গোশত নেবে চিন্তায় পড়ে গেল। আচ্ছা, জ্যোতি কী গরুর গোশত পছন্দ করে? এবার সত্যি সত্যি নিজের গালে কয়েকটা থাপ্পড় মারতে ইচ্ছে করল। একটা ছেলে এত দায়িত্ব জ্ঞানহীন হয় কী করে? নিজেই নিজেকে ধিক্কার জানালো সে।

শেষে সিদ্ধান্ত নিলো,"আপাতত এক কেজি নিয়ে যাই। বাড়ি গিয়ে জেনে নেওয়া যাবে সবকিছু। পরে না হয় আবার এসে কিনে নেওয়া যাবে।"

যেই ভাবা সেই কাজ। বাজার শেষ করে বাড়ি ফিরল সে। সকালের নাস্তা তৈরি করে টেবিলে রেখে স্বামীর জন্য অপেক্ষা করছে জ্যোতি। স্বামী ফিরলে দুজন একসঙ্গে নাস্তা করবে। কলিংবেল বাজতেই দৌড়ে গেল দরজা খুলতে।

শোভন জ্যোতির হাতে ব্যাগ দিয়ে বলল,"মাছ, মাংস সব ব্যাগের ভেতরে আছে। মাছও কাটিয়ে এনেছি।"

জ্যোতি ব্যাগ নিয়ে রান্নাঘরে যেতে যেতে বলল,"টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিন।"

শোভন গিয়ে চেয়ার টেনে বসলো। জ্যোতিও চলে এলো। খাওয়া শেষে উঠে গেল শোভন। তারপর ঘরে গেল অফিসে যাওয়ার জন্য তৈরি হতে। ব্যাগ থেকে একে একে সব বের করে মেঝেতে রেখেছে জ্যোতি। এত সদাই দেখে নতুন এক ভাবনার উদয় হলো। এতগুলো মাছ কী করবে? কোথায় রাখবে? ভাবতে ভাবতেই বসা থেকে উঠে ঘরে চলে এলো সে।

আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে শোভন। জ্যোতি প্রশ্ন করল,"আবার কোথায় যাবেন?"

না ঘুরেই উত্তর দিলো,"অফিসে।"

"কখন ফিরবেন?"

"সঠিক বলতে পারছি না। তবে সন্ধ্যের আগেই ফিরে আসার চেষ্টা করব।"

"আচ্ছা, এতগুলো মাছ কেন আনলেন? সব কী আর একসঙ্গে রান্না করা যাবে? মানুষ তো আমরা মোটে দুজন।"

"যতটুকু করা যায় করো। অবশিষ্ট রেখে দাও।"

"কোথায় রাখব? ফ্রিজ নেই তো। বাইরে রেখে দিলে মাছ কী আর থাকবে? সব তো পঁচে যাবে।"

শার্টের বোতাম লাগিয়ে চুল ঠিক করছিল শোভন। জ্যোতির কথায় থেমে গেল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। জিজ্ঞেস করল,"ফ্রিজ লাগবে?"

"ফ্রিজ ছাড়া তো আর এত মাছ রাখা যাবে না।"

"আজকের দিনটা কোনোভাবে ম্যানেজ করে নাও। আমি দেখছি কী করা যায়।"

"ফ্রিজের দরকার নেই। অল্প অল্প করে, পরিমাণ মতো বাজার করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে।"

"রোজ রোজ আমি বাজারে যাব নাকি? আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আসছি আমি। আমি বাদে অন্য কেউ এলে কিন্তু একদম দরজা খুলবে না।"

জ্যোতি মাথা নাড়িয়ে "আচ্ছা" বলল। শোভন বিছানার উপর থেকে মোবাইল আর অফিস ব্যাগ নিয়ে বেরিয়ে গেল।
ছোটবেলায় জ্যোতিদের বাড়িতে কোনো ফ্রিজ ছিল না। কখনো মা বাজার করে আনতো আবার কখনো বা ভাই বাজার করতো। মাঝেমধ্যে যদি মাছের পরিমাণ বেশি হয়ে যেত তখন তার মা অবশিষ্ট মাছগুলো ভেঁজে রেখে দিতেন। এতে আর মাছ পঁচতো না। জ্যোতিও সেই পদ্ধতিই অবলম্বন করার সিদ্ধান্ত নিলো।

মাছগুলো পরিষ্কার করে আলাদা আলাদা পাত্রে রাখলো। কিন্তু আবার এক ঝামেলায় পড়ল। চিংড়ি মাছ আবার কীভাবে ভেজে সংরক্ষণ করে? ভাবনার মধ্যেই হুট করে কলিং বেল বেজে উঠল। ললাটে ভাঁজ পড়ল জ্যোতির। এখন আবার কে এলো? দরজার কাছে গিয়ে লুকিং গ্লাসে ডান চোখ রেখে বাইরে কে আছে দেখার চেষ্টা করল। অপরিচিত একজন মহিলা দাঁড়িয়ে আছেন। দরজা খুলবে কী খুলব না? ভাবতে লাগল। শোভন দরজা খুলতে‌ নিষেধ করে দিয়েছে। তার কথা কী অমান্য করা উচিত? ভাবনার মধ্যেই আবারো কলিংবেল বাজলো।

চলবে ______

(কার্টেসি ছাড়া কপি সম্পূর্ণ নিষিদ্ধ।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন