#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে:#মাশফিত্রা_মিমুই
[পর্ব:০৬]
দ্বিধাদ্বন্দ্বে ভোগে অবশেষে দরজা খুলে দিলো জ্যোতি। মহিলাটি মুচকি হেসে বলল,"ভেতরে আসতে পারি?"
মুখের উপর না করতে পারলো না জ্যোতি। আবার হ্যাঁ ও বলতে পারছে না। অপরিচিত একজন মহিলা, ভেতরে আসতে চাইছে। যদি উদ্দেশ্য খারাপ হয়? মহিলাটি উত্তরের অপেক্ষা না করে তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে এলো। হেসে বলল,"আমি আপনাদের পাশের ফ্ল্যাটেই থাকি।"
জ্যোতি প্রত্যুত্তরে বলল,"ওহ।" কিন্তু এখনো সেই দরজার সামনে ঠায় দাঁড়িয়ে মহিলাটির দিকে তাকিয়ে আছে।
"কাল জানলা দিয়ে আপনাদের আসতে দেখলাম। তাই আজই চলে এলাম পরিচিত হতে। এতদিন তো এই ফ্ল্যাট খালিই পড়েছিল, এদিকে আমার হাসবেন্ড সেই সকালে অফিসের জন্য বের হয়। ফেরে রাত করে। পুরো ফ্ল্যাটে আমায় একাই থাকতে হয়। কতক্ষণই বা একা একা টিভি দেখে কাটানো যায় বলুন তো?"
প্রত্যুত্তরে মৃদু হাসল জ্যোতি। মহিলাটি বলল,"কিছু মনে করবেন না। আসলে আমি না একটু বেশিই কথা বলি।"
"আরে না না, কী মনে করব?"
"আমার নাম মোহনা।"
"ওহ, আমার নাম জ্যোতি।"
"মাশাআল্লাহ, আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নামটাও বেশ সুন্দর।"
জ্যোতি এবারেও হাসল। হঠাৎ মনে পড়ল চুলায় মাছ ভাজতে দিয়ে এসেছে। মোহনার উদ্দেশ্যে বলল, "আপনি বসুন। আমি একটু আসছি।"
মোহনা বসলো না। জ্যোতির পিছুপিছু রান্নাঘরেই চলে এলো। মাছ উল্টে দিতে লাগল জ্যোতি। মোহনা বলল, "আমি আবার একটা দেড়টার আগে রান্না বসাই না। একা মানুষ তো। আমার উনি দুপুরের খাবার অফিসেই খেয়ে নেন। ওখানে তো আবার বড়ো ক্যান্টিন আছে।"
কিছু সময়ের মধ্যেই দুজনের মধ্যে ভাব হয়ে গেল। এখন আর একা লাগছে না জ্যোতির। এভাবেই সময় অতিবাহিত হতে লাগল।
অফিসে আসতেই বস ডেকে পাঠিয়েছে শোভনকে। যাওয়ার আগে সাজেদ বলল,"ম্যাম কোনো কারণে আজ রেগে আছেন। ভেবেচিন্তে কথা বলিস কিন্তু।"
"আচ্ছা।" শোভন বসের অফিস রুমের কাছে এসে দাঁড়িয়ে অনুমতি চাইলো,"আসব, ম্যাম?"
ভেতর থেকে ঝাঁঝাল কণ্ঠের উত্তর এলো,"হ্যাঁ, আসুন।"
শোভন ভেতরে প্রবেশ করল। চেয়ারে বসে আছে একজন প্রাপ্ত বয়স্কা মেয়ে। সাত মাস আগেই পুরাতন স্যার রিটায়ার্ড করেছেন। সেই বসের পরিবর্তেই নতুন বস হিসেবে জয়েন করেছে তনিমা নামক মেয়েটি। তনিমা তার টেবিলের সামনের চেয়ারটি শোভনকে ইশারায় দেখিয়ে বলল,"বসুন।"
শোভন বসলো। জিজ্ঞেস করল,"ডেকেছেন, ম্যাম?"
"জ্বি, কোথায় ছিলেন এতদিন?"
"ছুটিতে ছিলাম। আপনাকে তো আগেই মেইল করে দিয়েছিলাম।"
"তা তো জানি। কিন্তু গিয়েছিলেন কোথায়?"
বিরক্ত হলো শোভন।
"বাড়িতে।"
"কেন গিয়েছিলেন?"
ললাটে ভাঁজ পড়ল তার। তনিমার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকাল। ব্যক্তিগত প্রশ্ন আসছে কোথা থেকে? বুঝতে পারছে না শোভন। যথেষ্ট ভদ্রতা বজায় রেখে বলল,"এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ম্যাম।"
উত্তরটি তনিমার মোটেও পছন্দ হলো না। প্রসঙ্গ বদলে বলল,"অনেকগুলো ফাইল জমে আছে। আপনার টেবিলে পাঠিয়ে দিচ্ছি। কাজগুলো আজকের মধ্যেই করে রাখবেন।"
"ঠিক আছে, ম্যাম। আসি তাহলে?"
"হুম আসুন।"
শোভন তার ডেস্কে এসে বসলো। সাজেদ পাশের টেবিলেই বসা। তাকে আসতে দেখেই সাজেদ প্রশ্ন করল,"ডাকল কেন?"
"কয়েকটা ফাইল নাকি জমে আছে। সেগুলোর জন্যই ডেকেছে।"
কিছুক্ষণ বাদে একজন পিয়ন অনেকগুলো ফাইল এনে টেবিলে রাখলো। মুহুর্তেই চমকে উঠল শোভন। বলল,"এতগুলো ফাইল!"
পিয়ন দাঁত বের করে হেসে উত্তর দিলো,"আরও আছে, স্যার। বহেন আনতাছি।"
পিয়ন চলে গেল। কয়েক মিনিট বাদে আবারো এলো আরও ফাইল নিয়ে। ফাইলে শোভনের টেবিল প্রায় ভরে গেছে। পিয়ন বলল,"ম্যাডাম কইছে আইজকার মধ্যেই কাম শেষ করতে হইবো।"
"হুম, জানি।"
পিয়ন চলে যেতেই সাজেদ বলল,"এতগুলো ফাইল কোত্থেকে এলো? আমরা এতজন ছিলাম, কই আমাদের তো একবারও এ বিষয়ে বলল না?"
"আমি তো প্রথমে ভেবেছিলাম অল্প কিছু ফাইল হবে। কিন্তু এখন তো দেখছি পুরো গোডাউন তুলে এনেছে।"
"আমি হেল্প করব? দুজনে মিলে করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।"
"দরকার নেই, আমিই পারব।"
শোভন একটি একটি করে ফাইলের কাজগুলো শেষ করতে লাগল। ফাইলের সংখ্যা অনেক। আজ তার একটু তাড়াতাড়িই বাড়ি ফেরা দরকার। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। লাঞ্চের সময় হয়েছে। যে যার মতো লাঞ্চ করার জন্য চলে গিয়েছে ক্যান্টিনে। শোভনের সেদিকে খেয়াল নেই। সে তার কাজে ব্যস্ত। যে করেই হোক দ্রুত কাজ শেষ করতে হবে এমন এক অবস্থা।
সাজেদ কয়েক সেকেন্ড শোভনের দিকে তাকিয়ে থেকে বলল,"কী রে, লাঞ্চ করবি না? এসে না হয় বাকিটা করিস।"
ফাইলের দিকে দৃষ্টি স্থির রেখেই সে জবাব দিলো,"না তুই যা, আমি পরে করে নেব।"
"আজ এত তাড়া কেন?"
"বাড়ি ফিরতে হবে। একটু প্রয়োজন ছিল।"
"বুঝেছি, ভাবিকে মিস করছিস?"
বিরক্তিতে চোখমুখ কুঁচকে নিলো শোভন। বলল, "বাজে বকিস না তো। যা এখান থেকে।"
"সত্যি বললেই তা বাজে বকা হয়ে যায়।"
কথাটি বলেই তাকে চোখ মারলো সাজেদ। তারপর ক্যান্টিনের দিকে চলে গেল। শোভন আবারো কাজে মনোনিবেশ করল। কিছুক্ষণ বাদে তার ডেস্কের সামনে তনিমা এসে দাঁড়াল। শোভনের সেদিকে খেয়াল নেই। বিষয়টি খারাপ লাগল তনিমার। ইচ্ছাকৃত একটি কাশি দিয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। তাতে সফলও হলো। কাশির শব্দে সামনের দিকে তাকাল শোভন। তনিমাকে দেখে ভ্রু কুঁচকে নিলো। প্রশ্ন করল,"কিছু বলবেন, ম্যাম?"
"হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। এখনো এখানে বসে আছেন কেন? লাঞ্চ করবেন না?"
শোভন দৃষ্টি সরিয়ে নিলো। মনে মনে বলল,"এতগুলো ফাইল ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করতে এসেছে, লাঞ্চ করবেন না?"
উত্তর না পেয়ে তনিমা ফের জিজ্ঞেস করল,"কী ভাবছেন?"
"কিছু না। কাজটা শেষ হলে তারপর লাঞ্চ করব।"
"তা তো হচ্ছে না, চলুন আমার সঙ্গে। আজ আমরা একসঙ্গে লাঞ্চ করব।"
বিরক্তি এবার রাগে পরিণত হওয়ার উপক্রম হলো। শোভন চেয়েও মুখের উপর সরাসরি না করতে পারলো না। বলল,"আরেকদিন করব, আজ আমার অনেক কাজ আছে।"
তনিমা আর কিছু বলল না। যেতে যেতে বিড়বিড় করে বলল,"আমাকে কাজ দেখানো হচ্ছে? কত্ত বড়ো সাহস ছেলের!"
পুরো সময়টাই কাজের মধ্যে কাটালো শোভন। কখন যে বিকেল হয়ে গেল সেই খেয়ালই ছিল না তার। বিকেলের মধ্যেই সবগুলো ফাইলের কাজ শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তনিমার কেবিনের দরজার সামনে এসে আবারো ভেতরে প্রবেশের অনুমতি নিলো।
শোভন ভেতরে আসতেই তনিমা বলল,"আপনাকে কতবার বলেছি, আমার কেবিনে আসার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।"
পুরো কথাটি এড়িয়ে গিয়ে কাজের কথায় এলো শোভন,"ফাইলগুলো দেখা শেষ।"
"খুব ভালো খবর।"
"আমার আজ একটু তাড়াতাড়ি ছুটি লাগত। এখন তো আর তেমন কোনো কাজ নেই। যদি ছুটিটা দিতেন।"
"এত তাড়াতাড়ি ছুটি কেন লাগবে? কোথায় যাবেন?"
"বাড়িতে।"
"বাড়িতে! এসময় বাড়িতে কী? বউ রেখে এসেছেন নাকি?" শেষের কথাটুকু একটু মজা করেই বলল তনিমা।
শোভন ছোট্ট করে জবাব দিলো,"হ্যাঁ।"
বেশ মজা পেল তনিমা। কিন্তু প্রকাশ করল না। মুখে গম্ভীরতা বজায় রেখে বলল,"ছুটি তো দিতে পারছি না মি. শোভন। সন্ধ্যার পর মিটিং আছে একটা। সবার সঙ্গে সঙ্গে আপনাকেও সেখানে উপস্থিত থাকতে হবে।"
"কিন্তু!"
"কোনো কিন্তু নয়। এক সপ্তাহ ছুটি কাটিয়ে আজ জয়েন করলেন। এখনো যদি ছুটি চান তাহলে কী করে হয়? আপনি তো কাজের প্রতি খুবই দায়িত্ববান। গত সাত মাসে আপনার ভালোই তো এক্টিভিটি দেখলাম।"
শোভন আর কিছু বলল না। কথাটি হজম করে চলে গেল নিজের ডেস্কে। সাজেদ বলল,"দিলো ছুটি?"
"না, বলল কিসের নাকি মিটিং আছে। সবাইকে থাকতে হবে।"
সাজেদ অবাক হলো কিছুটা। বলল,"মিটিং আছে? কই আমাদের কাউকে তো জানানো হলো না।"
"জানি না, এতদিন জানতাম পুরুষ বসরা মেয়ে এমপ্লয়ীদের গায়ে পড়ে কথা বলে। এখন তো দেখছি উল্টো ঘটনা ঘটছে। নারী বস পুরুষ এমপ্লয়ীদের গায়ে পড়ে কথা বলে!"
"শুধু তোর গায়ে পড়েই কথা বলে। গিয়ে দেখ প্রেমে টেমে পড়েছে কিনা। ওয়েট, তুই যে বিবাহিত সেই কথা জানে তো?"
"মোটামুটি অফিসের সবাই তো জানে। উনি জানবেন না কেন?"
"তাও কথা।"
মাগরিবের আজান হতেই ওযু করে এলো জ্যোতি। নামাজ পড়ে সোফায় বসলো। শোভনের আসার অপেক্ষা করছে। চিন্তা হচ্ছে অনেক। নিজে নিজেই বলতে লাগল,"উনি তো বলেছিলেন সন্ধ্যার আগেই চলে আসবেন, তাহলে আসছেন না কেন? পথে কিছু হলো না তো?"
সঙ্গে সঙ্গে জ্যোতির মনে এক আশঙ্কা ঢুকে গেল। মনে মনে দোয়া দরুদ পাঠ করতে লাগল। পুরো একটি ফ্ল্যাটে একা থাকায় একটু ভয়ও করছে তার। অতীতে আর যাই হোক এভাবে একা একা সাময়িক সময়ের জন্য হলেও থাকতে হয়নি তাকে। ওদিকে শোভনের মনটাও ছটফট করছে। কী এক অদ্ভুত অনুভূতি! অদৃশ্য এক টান! সপ্তাহ খানেক আগেও যেখানে সে কাজ নিয়ে ভেবেছে, ভেবেছে নিজেকে নিয়ে। আজ সময়ের ব্যবধানে সেই ভাবনা বদলে গেছে, আজ সেই ভাবনায় ঠাঁই পেয়েছে অন্য কেউ। উহু অন্য কেউ নয়, বরং তার ভাবনার মানুষটি হচ্ছে তারই জীবনসঙ্গী, সহধর্মিণী। তাহলে কী এবার দায়িত্ব এসে ভর করল কাঁধে? নাকি ভালোবাসা? ভাবতেই চমকে গেল শোভন।
মনে প্রশ্ন এলো, একা একা ভয় পাচ্ছে না তো মেয়েটি? যদি ভয় পায়! যদি চিন্তা করে? দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো তার। ফোন করে যে একটু কথা বলবে সেই উপায়টুকুও নেই। শোভনের ইচ্ছে করল হাতের মোবাইল আছড়ে ভেঙে ফেলতে। কী হবে এই মোবাইল দিয়ে যদি তার প্রিয় মানুষের কণ্ঠস্বর শুনে অস্থিরতাই কমাতে না পারে? ছটফট আর রাগ তড়তড় করে বেড়ে যাচ্ছে শোভনের। অযথা ল্যাপটপের সামনে বসে আছে। মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ আগেই এসে বসেছে সে। অথচ এখনো মিটিং শুরু হচ্ছে না।
আরও ঘণ্টা দেড়েক অপেক্ষা করল শোভন। সাজেদ আর পাশের ডেস্কের রজত বিরক্ত হয়ে উঠে দাঁড়াল। বলল,"এবার বেশিই হয়ে যাচ্ছে। এভাবে অযথা বসিয়ে রাখার মানে কী? চল শোভন, ম্যামের সঙ্গে সরাসরি গিয়ে কথা বলি। আমরা তো আর উনার প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি না যে এভাবে যখন তখন যা খুশি আমাদের উপর চাপিয়ে দিবেন।"
"আমি তো বললাম, দেখলি না কী বলল? এখন তোরা গিয়ে বল।"
সাজেদ ও রজত আর গেল না। শেষে শোভন বাধ্য হয়েই তনিমার কেবিনে ঢুকলো। বলল,"ম্যাম, আপনি তো বলেছিলেন একটা মিটিং আছে। এদিকে দুই ঘণ্টা পার হয়ে গেল কিন্তু কোনো মিটিংই তো শুরু হচ্ছে না।"
"ওহ, বলতেই ভুলে গেছি। উনারা আজ আসবেন না। তাই মিটিং ক্যান্সেল।"
"এবার তো তাহলে ছুটি দিন। বললাম তো একটা কাজ আছে।"
তনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল শোভনের দিকে। ভেবে বলল,"আচ্ছা, যান তাহলে।"
"ধন্যবাদ।"
শোভন আর দাঁড়াল না। ডেস্ক থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। ঘড়িতে এখন আটটা বেজে বত্রিশ মিনিট। অন্য কোনো সময় হলে হয়তো নিশ্চিন্তে রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে গন্তব্যে ফিরত সে। কিন্তু আজ তার অনেক তাড়া। শোভনের একটা ইচ্ছে ছিল, যদিও সেই ইচ্ছেটাকে স্বপ্নও বলা চলে। ইচ্ছেটা ছিল নিজের একটি বাড়ি করার। সেই ইচ্ছেটা পূরণ করতে করতে হয়তো অনেক সময় লেগে যাবে। সত্যি বলতে, সৎ পথে উপার্জন করে কখনো বিলাসবহুল জীবনযাপন করা যায় না। তাই ব্যাংকে একটি হিসাব খুলে মাস শেষে কিছু টাকা সঞ্চয় করছিল সে। ভালো একটা এমাউন্টই জমা হয়েছে সেখানে। অফিস থেকে লোন তোলার জন্যও দরখাস্ত দিয়েছে প্রায় আট নয় মাস আগে। কিন্তু ঊর্ধ্বতন বদলানোর কারণে দরখাস্ত এখনো আটকে আছে।
মাসের মাঝামাঝি চলছে। নিজের কাছে যা ছিল তা দিয়ে সাজেদের টাকা পরিশোধ করেছে। এখন আবার ফ্রিজ! দীর্ঘশ্বাস ফেলল সে। এই ভেবে মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলল,"নতুন সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেললে, সংসারটা একবার সাজিয়ে ফেললে তো আর এসবের পেছনে খরচ করতে হবে না। তখন আবারো টাকা জমানো যাবে।" আপাতত ফ্রিজ কেনার জন্য জমানো টাকা থেকেই খরচ করতে হবে। তাই আর দেরি করল না সে। অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেল।
চলবে _____
(কার্টেসি ছাড়া কপি সম্পূর্ণ নিষিদ্ধ।)