#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:১৪]
আজ রাতেও মায়ের সঙ্গে শোয়ার পরিকল্পনা করল জ্যোতি। ঘরে শোভনের জন্য এক জগ পানি রেখে মায়ের ঘরে যাওয়ার জন্য উদ্যত হতেই আচমকা পেছন থেকে তার ডান হাতটা টেনে ধরলো শোভন। স্বামীর দিকে চমকায়িত দৃষ্টিতে তাকাল সে। কপালে ভাঁজ পড়ল। শোভন প্রশ্ন করল,"কোথায় যাচ্ছো এখন?"
"মায়ের কাছে।"
"সন্ধ্যে পর্যন্ত তো মায়ের কাছেই ছিলে। এখন আবার ওখানে কী?"
"কাল না আপনাকে বললাম, মায়ের কাছে ঘুমাব।"
"তো?"
"আজও ঘুমাব।"
"গতকাল মায়ের কাছে ঘুমিয়েছো বলে আজও ঘুমাতে হবে নাকি? আজ তুমি আমার কাছে ঘুমাবে।"
চোখ বড়ো বড়ো করে তাকাল জ্যোতি। তার দৃষ্টি অনুসরণ করে থতমত খেয়ে গেল শোভন। বলল,"তুমি হয়তো আমার কথাটা বুঝতে পারোনি। আমি বলতে চেয়েছি তুমি আজ এখানেই শুয়ে পড়ো। অযথা তোমার মাকে বিরক্ত করার কী দরকার? ওষুধ খাওয়ার পর তো উনি এমনিতেই ঘুমিয়ে পড়েন।"
জ্যোতি নিঃশব্দে শোভনের হাতের দিকে তাকাল। শোভন এখনো তার হাত ধরে রেখেছে। জ্যোতির চাহনি দেখেই দ্রুত হাতটি ছেড়ে দিলো শোভন। জ্যোতি গিয়ে চুপচাপ দরজা আটকে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল।
শোভন স্ত্রীর দিকে তাকিয়ে আছে। জ্যোতি বলল,
"লাইট নিভিয়ে ঘুমাতে আসুন।"
লাইট নিভিয়ে বিছানায় এলো শোভন। স্ত্রীর পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবতার পর পাশ ঘেঁষে আলতো করে জড়িয়ে ধরলো তাকে। ঘাড়ে মুখ গুঁজে বলল,"রাগ করেছো?"
কোনো উত্তর দিতে পারলো না জ্যোতি। জড় পদার্থের মতো স্থির হয়ে রইল। ইতোমধ্যেই ঘেমে গেছে সে। চোখমুখ ভিজে গেছে ঘামে। শোভন তা টের পেল। বিচলিত হয়ে বলল,"তোমার কী গরম লাগছে?"
এবার আর চুপ করে থাকতে পারলো না সে। বলল, "পানি খাব। গলা শুকিয়ে গেছে।"
শোভন এক লাফে বিছানা ছেড়ে উঠে গেল। লাইট জ্বালিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরে স্ত্রীর হাতে দিলো। এক নিঃশ্বাসে গ্লাসের সম্পূর্ণ পানিটুকু পান করল সে। জ্যোতির ওড়না দিয়ে তারই ঘাম মুছে দিতে লাগল শোভন। মুছতে মুছতে প্রশ্ন করল,"হঠাৎ করে কী হলো তোমার?"
"মনে হয় প্রেশার বেড়ে গেছে।"
"তোমার প্রেশারের প্রবলেম আছে?"
"এতদিন ছিল না, তবে আজ থেকে! না, এই মুহুর্ত থেকে শুরু হয়েছে।"
"কিছুক্ষণ আগেই তো ঠিক ছিলে। তাহলে?"
"আপনি থাকলে কী আর ঠিক থাকা যায়? আমার প্রেশার বাড়িয়েছেন আপনি। সব দোষ আপনার।"
কথাটি বলেই উল্টো ঘুরে শুয়ে পড়ল জ্যোতি। শোভন বোকা বনে গেল। বুঝতে পারলো না, সে করেছেটা কী? আলমারির উপর থেকে হাতপাখা নিয়ে এসে বাতাস করতে লাগল স্ত্রীকে। জিজ্ঞেস করল,"খুব খারাপ লাগছে?"
"না, আপনি শুয়ে পড়ুন। উপরে ফ্যান চলছে তো। হাতপাখার দরকার নেই।"
"ফ্যান চলার পরেও তো তুমি ঘেমে ভূত হয়ে গেছো। এখন বাতাস লাগবে না, বললেই হলো?"
জ্যোতি আর কথা বাড়াল না। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণ বাদে শোভন জ্যোতির কপাল, গাল, গলায় হাত দিয়ে পরীক্ষা করল। ঘাম শুকিয়ে গেছে। প্রশান্তির নিঃশ্বাস ফেলে পাখাটা রেখে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। আজ আর তাকে নির্ঘুম রাত পার করতে হবে না। আজ তার শান্তিতে ঘুম আসবে।
____
জ্যোতি শোভন যে এখানে এসেছে প্রায় দুদিন হয়েছে।মাহাদকে নিয়ে বারান্দায় বসে আছে শোভন। দুজনের মধ্যে অনেক ভাব জমে গেছে এই দুদিনেই। মোবাইলটা বেজে উঠল। স্ক্রীনে চোখ বুলালো শোভন। পরিচিত নাম্বার ভাসছে, চাইলেও উপেক্ষা করতে পারলো না সে। অগত্যা কল রিসিভ করে সালাম দিলো। অপরপাশ থেকে সালামের জবাব নিয়ে কড়া কণ্ঠে আনোয়ারা বেগম বললেন,"মন দিয়ে শোনো, শ্বশুরবাড়ি বেড়ানো হলে কিন্তু বউকে সঙ্গে নিয়ে এ বাড়িতে চলে আসবে।"
চমকে গেল শোভন। আশ্চর্যান্বিত কণ্ঠে প্রশ্ন করল,
"আপনি জানলেন কীভাবে আমরা যে এখানে এসেছি?"
"তা তোমার জেনে কাজ নেই। যা বলছি তাই করো।"
"ও বাড়িতে যাওয়া সম্ভব নয়। অফিস থেকে অল্প কয়েক দিনের ছুটি নিয়েছি। কালই ফিরে যাব।"
"তুমি আজ কালের মধ্যেই এখানে আসবে। এটাই আমার শেষ কথা। আশা করি আমার কথার কোনো নড়চড় হবে না।"
সঙ্গে সঙ্গে কল কেটে দিলেন আনোয়ারা বেগম। ছেলের কোনো কথা শোনার প্রয়োজন মনে করলেন না। শোভনের মুখে মলিনতা ভর করল। মাহাদের উদ্দেশে বলল,"তোমার ফুপিকে একবার ডেকে আনবে?"
"কেন?"
"একটু দরকার আছে। গিয়ে বলো ফুফা ডাকছে।"
মাহাদ দৌড়ে সেখান থেকে চলে গেল। জ্যোতি বসে আছে জায়েদা খাতুনের ঘরে। সর্ষের তেল দিয়ে মায়ের হাত-পা মালিশ করছে। মাহাদ সেখানেই এলো। হাঁপাতে হাঁপাতে বলল,"ফুপি, ফুপি, তোমাকে ফুফা ডাকছে।"
"কেন ডাকছে?"
জায়েদা খাতুন বিরক্তির সুর তুলে বললেন,"স্বামী ডাকছে সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাবি। এত প্রশ্ন কীয়ের?"
জ্যোতি সেখান থেকে শোভনের কাছে চলে এলো। প্রশ্ন করল,"ডাকলেন কেন?"
"আমরা যে এখানে এসেছি, মা জানলেন কীভাবে?"
"মা আমায় গতকাল ফোন করেছিলেন। কথার এক ফাঁকে এখানে আসার কথা বলে দিয়েছি।"
"এত মুখ পাতলা মেয়ে কেন তুমি? বলার আগে আমার অনুমতি নেওয়া উচিত ছিল না তোমার?"
"এতটুকু বলার জন্যও অনুমতি নিতে হবে? বলাতে কোনো সমস্যা হয়েছে?"
"আমায় ফোন করে বলেছে, এখানে বেড়ানো শেষ হলে সোজা ওই বাড়িতে যেতে।"
ঠোঁটের কোণে হাসি ফোটে উঠল জ্যোতির। স্ত্রীর আনন্দ দেখে কপালে ভাঁজ পড়ল শোভনের। বলল,
"খুব খুশি লাগছে মনে হচ্ছে?"
"তা তো লাগবেই, কতদিন পর শ্বশুর বাড়িতে যাব।"
"ওখানে গিয়ে কী লাভ? স্বামী তো সঙ্গেই আছে।"
"যখন স্ত্রীর কথা স্বামীর মনে ছিল না তখন ওরাই কিন্তু পাশে ছিল। তাই সম্পর্কে কখনো লাভ-ক্ষতি খুঁজতে নেই।"
চলে গেল জ্যোতি। শোভন কোনো প্রতিক্রিয়া করল না। মাঝেমধ্যে শোভনের মুখ দেখেও তার মনে কী চলছে বুঝা বড়ো দায়। কীভাবে পারে অনুভূতিগুলো সবার থেকে আড়াল করে রাখতে?
_____
চাইলেও আনোয়ারা বেগমের কথা ফেলতে পারে না শোভন। কিন্তু কেন পারে না এই প্রশ্নের উত্তর জানা নেই তার। বাধ্য হয়েই জায়েদা খাতুন, জাহিদ, সম্পার থেকে বিদায় নিয়ে জ্যোতিকে নিয়ে খান বাড়ির উদ্দেশ্যে রওনা দিলো।
আনোয়ারা বেগম ড্রয়িংরুমের সোফায় বসে আছেন। পানের পিক ফেলে হাঁক ছেড়ে বললেন,"ছোটো বউ, ছাদ থেকে আচারের বয়ামগুলো নামিয়েছো?"
এলিনা দৌড়ে এলো। উত্তর দিলো,"হ্যাঁ মা, নামিয়েছি।"
"রান্নাবান্না কতদূর?"
"প্রায় শেষের দিকে। হঠাৎ আজ এত আয়োজন কেন, মা?"
"তোমার ভাসুর আর বড়ো জা আসছে। মনে হয় না দুয়েক দিনের বেশি থাকবে। তাই এত আয়োজন। ওহ হ্যাঁ, যাওয়ার সময় আচারের বয়ামগুলো ব্যাগে ভরে বড়ো বউয়ের সঙ্গে দিয়ে দিও কিন্তু।"
"ঠিক আছে, মা।"
আনোয়ারা বেগম মৃদু হাসলেন। কিছু একটা ভেবে বললেন,"বড়ো বউ আচার খেতে অনেক পছন্দ করে। নতুন বউ হয়ে যে বছর এ বাড়িতে পা দিলো, সে বছরই নিজ হাতে যত্ন করে আচার বানিয়ে ছাদে রোদ শুকাতে দিয়েছিলাম। মজার ছলে বলেছিলাম, বড়ো বউ একটু চেখে দেখো দেখি কেমন হয়েছে? শাশুড়ির হাতে বানানো আচার। সেই যে চাখলো তারপর থেকে এই আচারের কথা ও আর ভুলতে পারেনি। এত প্রশংসা আমি আমার ছেলে-মেয়ের থেকেও পাইনি। প্রায় প্রায় জিজ্ঞেস করতো, মা আবার আচার দিবেন কবে? তাই এ বছর একটু বেশি করেই কয়েক পদের আচার বানিয়েছি।"
কথা শেষ করে এলিনার দিকে তাকালেন আনোয়ারা বেগম। হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। মুখে আবারো গাম্ভীর্য ফোটে উঠল। এলিনা গোমড়া মুখে শুধালো,
"বড়ো ভাবিকে খুব ভালোবাসেন তাই না, মা? অথচ উনি আমাদের সবার পরে এ বাড়িতে বউ হয়ে এসেছে।"
"তোমাদের ভালোবাসি না কে বলল? শোনো বউ, আমি হচ্ছি একজন মা। মায়ের দৃষ্টিতে প্রত্যেক সন্তানই সমান। সন্তানদের প্রতি ভালোবাসাও সমান। তোমাদের কখনোই আমি ছেলের বউয়ের চোখে দেখিনি। তোমরা প্রত্যেকে আমার একেকটা সন্তান। তাই তো ভুল করলে শাসন করি। তোমরা সবসময় আমার কাছেই থাকো। তাই হয়তো ভালোবাসাটা অনুভব করতে পারো না।"
এলিনা কিছু বলল না। শাশুড়ির মুখের উপর কথা বলার দুঃসাহসিকতা কোনোকালেই তাদের ছিল না। তবে কখনো কখনো কেমন এক টান অনুভব করে, মনে লুকায়িত কথাগুলোও প্রকাশ করে ফেলে। পুত্রবধূর নীরবতা দেখে আনোয়ারা বেগম বললেন,
"তোমার তো আবার আচার পছন্দ নয়। তাই তোমার জন্যে পাকা আম রেখে দিয়েছি। আমার ঘরের খাটের তলায় বস্তার উপর রাখা আছে। রান্না শেষে নিজ দায়িত্বে যতগুলো প্রয়োজন নিয়ে যেও কিন্তু।"
এলিনা চমকে গেল। চোখের কোণে পানির অস্তিত্ব টের পেল। বর্তমান সময়ে যৌথ পরিবার টিকিয়ে রাখা খুবই শক্তপোক্ত একটি কাজ। সেখানে বলতে গেলে পুরো খান বাড়ির মানুষরা এই একজন মানুষের জন্যই এখনো এক শিকড়ে আবদ্ধ রয়েছে। বাড়ির কে কোথায় যাচ্ছে, কে কী করছে, রান্নাবান্না, সবার পছন্দ অপছন্দ সবকিছুর খবরই আনোয়ারা বেগম রাখেন।এতকিছুর মধ্যেও পুত্রবধূর এই সামান্য পছন্দ কথাটা মনে রেখেছেন তিনি? ভাবতেই কেমন এক অদ্ভুত অনুভূতি কাজ করল এলিনার মনে। অথচ সেই কিনা এই শাশুড়ির থেকে দূরে সরে যেতে চেয়েছে, হতে চেয়েছে আলাদা! শুধু কাজ আর জবাবদিহিতার ভয়ে। ভেতরে ভেতরে অনুতপ্ত হলো এলিনা। শাফিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল মনে মনে। ভাগ্যিস শাফিন সেদিন তার অন্যায় আবদার মেনে না নিয়ে প্রতিবাদ করেছিল! তাই তো এখনো এই ভালোবাসা, মমতা থেকে বঞ্চিত হয়নি সে। এলিনা আবারো রান্নাঘরে চলে গেল।
শোভন আর জ্যোতি পৌঁছে গেছে খান বাড়ি। শোভন গাড়ি ভাড়া মিটিয়ে পেছন ঘুরতেই স্ত্রীর দেখা পেল না। জ্যোতি গাড়ি থেকে নেমেই ভেতরে প্রবেশ করল। সদর দরজা পেরিয়ে হলরুমে পা রাখতেই শাশুড়ির দেখা পেল। দ্রুত সেখানে গিয়ে দাঁড়াল। লম্বা করে সালাম দিলো,"আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু, মা।"
আনোয়ারা বেগম খুব স্বাভাবিক ভাবেই উত্তর দিলেন, "ওয়া আলাইকুমুসসালাম।"
"কেমন আছেন, মা?"
"আলহামদুলিল্লাহ ভালো। তুমি?"
"আলহামদুলিল্লাহ।"
ততক্ষণে শোভনও ভেতরে প্রবেশ করল। আনোয়ারা বেগমকে সালাম দিলো। তিনি সালামের জবাব নিয়ে তাদের উদ্দেশে বললেন,"এখন ঘরে যাও। বাইরের কাপড় ছেড়ে হাতমুখ ধুয়ে নাও। বিশ্রাম করো। পরে না হয় কথা হবে।"
আর বিলম্ব না করে শোভন ঘরে যাওয়ার জন্য পা বাড়াল। জ্যোতি তার পেছন পেছন যাওয়া ধরলো। ঘরে এসে পোশাক বদলে হাতমুখ ধুয়ে আবারো ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়াল জ্যোতি। পেছন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে শোভন স্ত্রীর দিকে তাকাল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল,"এখন আবার কোথায় যাওয়া হচ্ছে?"
জ্যোতি পথেই দাঁড়িয়ে পড়ল। বলল,"নিচে।"
"সবে একটা জায়গা থেকে এলে, একটু তো জিড়িয়ে নাও।"
"আমার তো একটুও ক্লান্ত লাগছে না।"
"তোমাকে বুঝা তো দেখছি খুবই কঠিন কাজ। একেক সময় একেক কথা বলো।"
"আপনি বিশ্রাম নিন, আমি আসছি।"
আর এক মুহূর্তও দাঁড়াল না জ্যোতি। চলে গেল নিচে। শোভন বাকরুদ্ধ হয়ে গেল। ভাবতেই নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করল,"কেমন স্বামী আমি? নিজের এই একটামাত্র বউয়ের মতিগতিই ঠিকমতো বুঝতে পারি না!"
জ্যোতি সোজা রান্নাঘরে এলো। নিলা, এলিনার দেখা পেয়ে গেল সেখানেই। মৃদু হেসে তাদের উদ্দেশে জিজ্ঞেস করল,"কেমন আছো তোমরা?"
এলিনা মৃদু হেসে উত্তর দিলো,"আলহামদুলিল্লাহ ভালো, ভাবি। আপনি?"
"আলহামদুলিল্লাহ।"
নিলা শুনেও না শোনার ভান করে রইল। ছেলের বাড়ি ফেরার সংবাদ শুনে রাউফুন খান ভীষণ খুশি হয়েছেন। ছেলেকে দেখার জন্য মনটা উতলা হয়ে উঠেছে।
স্ত্রীর উদ্দেশে বললেন,"তোমার বড়ো ছেলে এখন কোথায়?"
"ঘরে আছে।"
"ওহ।"
_____
সন্ধ্যায় বাইরে বের হয়েছিল শোভন। ফিরতে ফিরতে নয়টা বেজেছে। ঘরে প্রবেশ করতেই স্ত্রীর সম্মুখীন হলো। জ্যোতি স্বামীর উদ্দেশে প্রশ্ন করল,"এত দেরি হলো কেন আসতে? কোথায় ছিলেন এতক্ষণ?"
"তোমায় বলব কেন?"
"অবশ্যই বলতে হবে। কারণ আমি আপনার ওয়াইফ।"
"বাহ! ওয়াইফগিরি দেখানো হচ্ছে?"
"ওয়াইফগিরি কোথায় দেখালাম?"
"এই যে কৈফিয়ত চাইছো।"
"আপনি কথা ঘুরাচ্ছেন কিন্তু। তাড়াতাড়ি বলুন কোথায় ছিলেন।"
"বলেছি তো বলব না।"
"আপনি তো দেখছি চরম।" এতটুকু বলেই থেমে গেল সে।
শোভন ভ্রু কুঁচকে বলল,"চরম কী? বেয়াদব?"
ভড়কে গেল জ্যোতি। ভীতু কণ্ঠে বলল,"না, না, আমি মোটেও এটা ভাবিনি আর বলিওনি।"
"আলবাদ তুমি বলেছো। ছিঃ, ছিঃ, স্বামীর প্রতি কোনো সম্মান নেই?"
মুখখানি চুপসে গেল জ্যোতির। তাকে সে জেদি বলতে চেয়েছিল, কিন্তু উল্টো পিঠে যদি শোভন রাগ করে! তাই জন্য কথার মাঝেই থেমে গেছে। কিন্তু এ তো অন্যদিকে মোড় নিলো। শোভন ভুল বুঝলো তাকে? জ্যোতি অপরাধী কণ্ঠে বলল,"বিশ্বাস করুন, আমি এই কথাটা বলা তো দূরে থাক মনে মনেও ভাবিনি।"
শোভন তার তর্জনী আঙুল জ্যোতির ঠোঁটে রাখলো। বলল,"হুস, এত সিরিয়াস নেওয়ার কী আছে? আমি তো জানি তুমি আমার সম্বন্ধে এসব ভাবতেই পারো না। এতক্ষণ তো আমি মজা করছিলাম তোমার সঙ্গে।"
শোভনের স্পর্শে বরফের মতো জমে গেছে জ্যোতি। নড়চড়বিহীন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শোভন হয়তো স্ত্রীর অবস্থা বুঝতে পারলো। আঙুল সরিয়ে নিয়ে বিছানায় গিয়ে আরাম করে বসলো। জ্যোতির তাতেও নড়চড় নেই। শোভন দম ফেলে আফসোস করে বলল, "এতটুকুতেই যদি তোমার আধমরা অবস্থা হয়ে যায় তাহলে তুমি আমার সঙ্গে সারাটা জীবন সংসার করবে কী করে, জ্যোতি?"
বেশ লজ্জা পেল জ্যোতি। দ্রুত স্থান ত্যাগ করল। স্ত্রীর এহেম কাণ্ডে মুচকি হাসল শোভন। জ্যোতির এই লাজুক মুখশ্রী কেন জানি খুব ভালো লাগে তার। এই ভালো লাগাটাই কী ভালোবাসা? হয়তো। তবে এই ভালোবাসায় নেই কোনো খাদ, নেই কোনো পাপ, আর না আছে নিষেধাজ্ঞা। এ তো হালাল সম্পর্কের হালাল ভালোবাসা। যে ভালোবাসার মানুষটি স্বয়ং মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এসেছে। তাই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো রবের নিকট ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। একমাত্র রব-ই তো আমাদের থেকেও আমাদের সম্পর্কে ভালো জানেন। একমাত্র রব-ই তো জানেন কিসে আমাদের ভালো আর কীসে আমাদের মন্দ। শোভন মনে মনে শুকরিয়া আদায় করল।
চলবে ______
(নোটস: জ্যোতি চরিত্রটি মোটেও বোকা অথবা ভিতু কোনো মেয়ের নয়। জ্যোতি হচ্ছে এমন একটি মেয়ে যে নিজের অনুভূতিগুলো সহজে প্রকাশ করতে পারে না। যে বাস্তব জীবন নিয়ে ভেবে নিজের চঞ্চলতাগুলো প্রকাশ করতে পারে না। এই চরিত্রটি এমন ভাবেই ফুটিয়ে তুলতে চেয়েছি। তবে কতটা সফল হতে পেরেছি তা পাঠকরা জানেন।)