#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:১৫]
খান বাড়িতে এক রাত পার করেই ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে শোভন। জ্যোতি মুখ ভার করে বলল, "ফেরার জন্য এত তাড়া কেন আপনার? চলুন না আর দুদিন থেকে যাই এখানে।"
শোভন দীর্ঘশ্বাস ফেলল,"অনেক বেড়ানো হয়েছে, আর নয়। অন্যের কোম্পানিতে চাকরি করে এত ছুটি কাটানো সম্ভব নয় বুঝলে?"
মন খারাপ হলো জ্যোতির। আপন মানুষ ছাড়া ওই দূরের একাকিত্বের শহরে তার মোটেও ফিরতে ইচ্ছে করছে না। আবার স্বামীকে ছেড়ে থাকাও তার পক্ষে সম্ভব নয়। কয়েক মাসেই যে শোভন নামক পুরুষটির প্রতি দুর্বল হয়ে পড়েছে সে। বাধ্য হয়েই যাওয়ার জন্য তৈরি হয়ে নিলো। কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে নিচে নামলো শোভন। জ্যোতি তার পেছনে।
আনোয়ারা বেগম ছেলে ও ছেলের বউকে দেখে শান্ত কণ্ঠে শুধালেন,"কী ব্যাপার? চলে যাচ্ছো নাকি? এলেই তো গতকাল সন্ধ্যায়।"
শোভন বলল,"এখানে আসার কোনো পরিকল্পনা ছিল না। সে অনুযায়ী ছুটিও নেওয়া হয়নি। তাই আজই চলে যেতে হবে।"
"ওহ, তাহলে আর কী করার? নাস্তাটা অন্তত করে যাও।"
"সময় নেই হাতে। বাইরে করে নেব।"
আনোয়ারা বেগম শোভনের কথায় পাত্তা দিলেন না। হাঁক ছেড়ে ডেকে বললেন,"মেজো বউ, ওদের খাবারটা টিফিন বক্সে ভরে ব্যাগে দিয়ে দাও। আর ছোটো বউ, তোমায় গতকাল যা বলেছিলাম তা করেছিলে?"
শাশুড়ির প্রশ্নের প্রত্যুত্তরে এলিনা হেসে জবাব দিলো, "হ্যাঁ, মা। সব ব্যাগে ভরে রেখেছি। নিয়ে আসব?"
"হ্যাঁ, আনো।"
এলিনা চলে গেল ভেতরে। নিলা দ্রুত গরম গরম রুটি তরকারি হটপটে ভরে দিলো। শোভন বিরক্তি নিয়ে বলল,"বললাম তো বাইরে নাস্তা করে নেব।"
আনোয়ারা বেগম তীক্ষ্ম কণ্ঠে বললেন,"খান বাড়ি থেকে কেউ খালি পেটে বের হয় না। বাড়ির বড়ো ছেলে হিসেবে তোমার উচিত নিয়ম-কানুনগুলো মেনে চলা।"
জ্যোতি মনে মনে হাসল। আর কেউ না পারলেও শাশুড়ি তার স্বামীকে ভালোই জব্দ করতে পারে। এলিনা বেশ বড়ো সাইজের একটি ব্যাগ এনে শাশুড়ির সম্মুখে রাখলো। আনোয়ারা বেগম জিজ্ঞেস করলেন, "গাড়ি কী চলে এসেছে?"
"এতক্ষণে তো চলে আসার কথা।"
"ছোটো বউ, শাফিনকে গিয়ে বলো এই ব্যাগটা যাতে গাড়িতে গিয়ে উঠিয়ে দিয়ে আসে।"
শোভন তা নাকোচ করে দিয়ে বলল,"কী আছে ব্যাগে? এত বড়ো ব্যাগ অতদূর পর্যন্ত বয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।"
"কেন সম্ভব নয়? শরীরে কী জোর নেই? জোর থাকুক বা না থাকুক, ব্যাগ তোমাকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে।"
রাগে কপাল কুঁচকে নিলো শোভন। আর কথা বাড়াল না। চুপচাপ হেঁটে ড্রয়িংরুম পেরিয়ে সদর দরজার দিকে চলে গেল। এলিনা তখনি শাফিনকে ডাকতে গিয়েছিল। শাফিন বাইরে এলো। ব্যাগ হাতে গাড়ির কাছে গেল। শোভন নিজের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিলো। গাড়ির ডিকিতে ব্যাগ রেখে ভেতরে চলে এলো শাফিন। দুই ভাইয়ের মধ্যে কোনো কথাই হলো না। সকলের থেকে বিদায় নিয়ে জ্যোতিও গাড়িতে উঠে বসলো।
________
বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়েছে তাদের। খাওয়া শেষে মন খারাপ করে বারান্দার দোলনায় বসে আছে জ্যোতি। শোভন তার পাশে এসে বসলো। কিছুক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল,"এখনো মন খারাপ?"
জ্যোতি কোনো উত্তর দিলো না। হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে খোলা আকাশের দিকে। স্ত্রীর থেকে আশানুরূপ কোনো উত্তর না পেয়ে দমলো না শোভন। আরও পাশ ঘেঁষে বসলো। যতটুকু দূরত্ব ছিল তাও এখন আর নেই। সঙ্গে সঙ্গে ভ্রু কুটির কুঁচকে নিলো জ্যোতি। পাশ ফিরে তাকাল। শোভন বলল,"এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে?"
"আমার মন খারাপ দিয়ে আপনার কিছু আসে যায়? আপনি গিয়ে ঘুমান। কাল তো অফিসে যেতে হবে।"
"আমার বউ এদিকে মন খারাপ করে বসে থাকবে আর আমি কিনা ঘুমাব? তাও কী হয়? এতটা নিষ্ঠুর স্বামীও আমি নই।"
"আপনি নিষ্ঠুর হবেন কেন? আপনি তো পাষাণ লোক। সরুন এখান থেকে, ভালো লাগছে না।"
শোভন কিছুক্ষণ তাকিয়ে রইল স্ত্রীর দিকে। জ্যোতির তাতে কোনো হেরফের নেই। তার মুখে মলিনতা ভর করে আছে। তৎক্ষণাৎ শোভন একটি কাণ্ড ঘটিয়ে ফেলল। দোলনা ছেড়ে উঠে দাঁড়াল। তারপর একটু ঝুঁকে জ্যোতির কপালে আলতো করে চুম্বন করল। জ্যোতি অবাক হয়ে শুকনো ঢোক গিলল। চমকিত দৃষ্টিতে তাকাল স্বামীর পানে।
শোভন মুচকি হাসল। বাতাসে স্ত্রীর মুখের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে আবারো পূর্বের স্থানে এসে বসলো। বলল,"এবারও যদি মন খারাপ ভালো না হয় তাহলে আরও দেবো। স্ত্রীর রাগ ভাঙানো স্বামীর একটা দায়িত্ব। এই দায়িত্বে হেলাফেলা করার লোক আমি নই।"
লজ্জায় দৃষ্টি নত করল জ্যোতি। শোভন যে এমন একটি কাজ করবে তা ভাবতেও পারেনি সে। স্ত্রীর নিরবতায় শোভনের ঠোঁটের কোণের হাসি মিলিয়ে গেল। আবারো প্রশ্ন করল,"কী হলো? কী ভাবছো? এখনো মন খারাপ?"
আঁতকে উঠল জ্যোতি। শুকনো ঢোক গিলে দুদিকে মাথা নাড়িয়ে জোরপূর্বক হাসল। যদি আবারো শোভন একই কাজটা করে ফেলে! তখন কী হবে? কারো কিছু না হলেও জ্যোতির অনেক কিছুই হবে। অনেক চিন্তা ভাবনা করে উত্তরে বলল,"না তো। আমার মন তো ভালো হয়ে গেছে।"
"ওহ, তাহলে টেকনিক কাজে দিয়েছে!"
বসা থেকে উঠে গেল জ্যোতি। চলে এলো ঘরে। উল্টো পাশ ফিরে শুয়ে পড়ল। মিনমিনে গলায় বলল,"আমি ঘুমাব। লাইট নিভিয়ে দিন।"
শোভন সঙ্গে সঙ্গে লাইট নিভিয়ে দিয়ে বিছানায় এলো। বলল,"তুমি ঘুমালে আমি কী জেগে জেগে মশা মারব নাকি? আজব!"
জ্যোতি কোনো প্রত্যুত্তর করল না। নিশ্চিন্তে আঁখি বন্ধ করে নিদ্রায় মগ্ন হয়ে গেল।
_______
রাত পেরিয়ে আবারো নতুন একটি দিনের সূচনা হলো।অনেকক্ষণ আগেই অফিসে চলে গেছে শোভন। হাতের কাজ শেষ করে বিছানায় এসে বসলো জ্যোতি। শ্বশুরবাড়ি থেকে সঙ্গে করে আনা ব্যাগটির ভেতরে কী আছে দেখার জন্য খুলল। আচারের কয়েকটি বয়াম দেখেই অধরে হাসি ফোটে উঠল তার। সঙ্গে সঙ্গে একটি বয়াম খুলে আঙুল দিয়ে কিছুটা চালতার আচার মুখে পুরে নিলো।
আহ! কি স্বাদ। কতদিন পর এই স্বাদটি পেল জ্যোতি। আচার তার বরাবরই প্রিয় একটি খাবার। শাশুড়ি মা কী সুন্দর কথাটা মাথায় রাখলেন। ভাবতেই আনোয়ারা বেগমের প্রতি ভালোবাসা বেড়ে দ্বিগুণ হলো।
একেক করে চারটা বয়াম বের করে রাখলো। ভেতরে হাতে বানানো পিঠার থলেও দেখতে পেল। সবকিছু গোছগাছ করে রান্নাঘরে রেখে এলো জ্যোতি। আনোয়ারা বেগম বারবার বলে দিয়েছিলেন বাড়িতে ফিরে যাতে তাকে জানানো হয়, কিন্তু তার আর মনেই ছিল না। তাই তৎক্ষণাৎ ফোন করে শাশুড়ির সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিলো।
শোভন নিজের ডেস্কে বসে কাজ করছে। কাজের ফাঁকেই সাজেদের উদ্দেশে প্রশ্ন করল,"নতুন যে একজন বসকে দেখে গেলাম তিনি কোথায়?"
সাজেদ ল্যাপটপে দৃষ্টি রেখেই উত্তর দিলো,"তনিমা ম্যাম আসার পরপরই উনি চলে গেছেন।"
"ওহ।"
"কিন্তু ম্যাম এখনো পৌঁছাননি। হয়তো আসতে আরও দেরি হতে পারে।"
অতঃপর দুজনে আবারো নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলো।
_____
রাউফুন খান আফসোস করে স্ত্রীর উদ্দেশে বললেন,
"ছেলেটা হুট করে এলো আবার হুট করেই চলে গেল। দুটো দিন কী থাকা যেত না?"
"অফিস থেকে কী অতদিনের ছুটি নিয়েছে নাকি? জোর করায় বাধ্য হয়েই এসেছিল।"
দীর্ঘশ্বাস ফেললেন রাউফুন খান। বললেন,"দুটো ছেলেই যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে কত ভালোই না হতো। ছেলে, ছেলের বউ, নাতি-নাতনি ভরা সংসার থাকত আমাদের।"
"অতীতের ভুলগুলো যদি না করতে তাহলে হয়তো আজ এই স্বপ্নটাও পূরণ হতো।"
"ভুল যদি না করতাম তাহলে আজ কী তুমি আর আমার শাফিন, রেশমী থাকতে?"
"তোমার ভুল কী একটা ছিল? শাফিন রেশমীর কাছে হয়তো তুমি একজন আদর্শ বাবা, কিন্তু তোমার বাকি দুই ছেলে-মেয়ের কাছে? তাদের কাছে কী আদৌ বাবা হিসেবে তুমি যোগ্য? তোমার ভুলের পরিমাণ হয়তো গুনে শেষ করা যাবে না। একপাক্ষিক ভাবে কম চেষ্টা তো আর করিনি শোভনকে একেবারের জন্য এ বাড়িতে নিয়ে আসতে। কিন্তু শুরুতে তুমিই তো বাঁধা দিয়েছিলে। সেই যে ছেলেটা আমার রাগ করল আর তার রাগ ভাঙলো না। তবে এখনো সেই চেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। পুরোপুরি সফল না হলেও কিছুটা তো হতে পেরেছি। ছেলের জীবন সাজাতে পেরেছি, ছেলে আমার ঘর সংসারে মন দিয়েছে। যখন বলি চলেও আসে এ বাড়িতে। এর থেকে আর কী চাওয়ার আছে?"
"তোমার কপালটা সত্যিই ভালো।"
দুপুরের এমন সময়ে সচরাচর মোহনা কখনো জ্যোতির কাছে আসে না। তাহলে এই সময় কলিং বেল বাজছে কেন? এলো কে? কলিংবেল বাজার শব্দে জ্যোতি দরজা খুলে দিলো। পরিচিত মুখটি দেখে আশ্চর্য হলো। তনিমা মৃদু হেসে বলল,"ভেতরে আসতে বলবে না?"
"হুম, আসুন।" দরজার সম্মুখ থেকে সরে দাঁড়িয়ে তনিমাকে ভেতরে প্রবেশের জায়গা করে দিলো জ্যোতি। দরজা আটকে পেছনে ঘুরতেই তাকে ভেতরে যেতে দেখে অবাক হলো।
তনিমা দুটো ঘরের মাঝখানে এসে দাঁড়াল। জিজ্ঞেস করল,"তোমাদের বেডরুম কোনটা?"
"বাম পাশেরটা।"
কথাটি কর্ণগোচর হতেই তনিমা ঢুকে পড়ল ঘরটায়। জ্যোতিও পেছন পেছন গেল। শোভনের বস এখানে কেন এসেছে? বোধগম্য হচ্ছে না তার। পুরো ঘরে চোখ বুলিয়ে তনিমা প্রশংসার সুর তুলে বলল, "বাহ! বেশ সুন্দর করে ঘর সাজানো হয়েছে তো। কে সাজিয়েছে? তুমি?"
জ্যোতি উত্তর দিলো না। সোজাসুজি প্রশ্ন করল,"উনি তো সময় মতো অফিসে চলে গেছেন। তাহলে আপনি এখানে যে? উনি কী জানেন আপনি এখানে এসেছেন? আপনার কী কোনো কারণে এখানে আসার কথা ছিল?"
তনিমা পূর্ণ দৃষ্টিতে তাকাল জ্যোতির দিকে। মুচকি হেসে বিছানার এক কোণে বসলো। বলল, "হাসবেন্ডকে আপনি বলে সম্বোধন করো? হাহ্, ব্যাগডেটেড।"
তনিমার কথায় ঠাট্টার আভাস পেল জ্যোতি। খুব স্বাভাবিকভাবেই উত্তর দিলো,"সম্বোধন তো সম্বোধনই। কেউ তুমি বলে শান্তি পায়, আবার কেউ বা আপনি। আমার আপনি বলতেই ভালো লাগে। আপনি ডেকেই শান্তি পাই। এতে অবশ্য উনারও কোনো নিষেধাজ্ঞা নেই।"
"ভালো কথা বলতে পারো তো দেখছি।"
"মুখ যেহেতু আছে কথা বলতে পারাটাই স্বাভাবিক। তা বসুন, আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি।"
"দরকার নেই, আমি এখানে চা খেতে আসিনি।"
"ঠিক আছে। তাহলে ড্রয়িং রুমে চলুন। ওখানেই মেহমানদের বসার স্থান।"
অপমানিতবোধ করল তনিমা। বয়সের থেকেও ছোটো একটি মেয়ের কাছ থেকে অপমানিত হওয়া! বিবেকে বাঁধলো তার। ঘর থেকে বেরিয়ে সোফায় গিয়ে বসলো। জ্যোতিও ঠিক তার মুখোমুখি বসে প্রশ্ন করল,"তা বলুন, আপু। কী এমন বলবেন যে একেবারে উনার অগোচরে বাড়ি চলে এসেছেন আমার কাছে।"
তনিমা ভ্রু কুঁচকে নিয়ে বলল,"আপু?"
"এছাড়া আর কী সম্বোধন করব? আপনি আমার থেকে বয়সে বড়ো। সেক্ষেত্রে কিছু একটা বলে তো ডাকতেই হতো। ম্যাম বলে আমি ডাকতে পারব না। কারণ আপনি আমার স্বামীর অফিসের বস, আমার নন।"
"স্মার্ট গার্ল। তা তোমার আর শোভনের বিয়েটা কী অ্যারেঞ্জ ম্যারেজ নাকি?"
"জি।"
"বিয়ের পর থেকেই কী তুমি এখানে থাকো?"
"কেন বলুন তো?"
"বলতে আপত্তি আছে?"
"না, শ্বশুরবাড়িতে থাকতাম।"
"ওহ, এখানে এসেছো কতদিন হলো?"
"মাস তিনেক হবে।"
মুচকি হাসল তনিমা। বলল,"তার মানে তোমাদের দাম্পত্য জীবন অতটা ভালো নয়। ওই টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ টাইপ। যেখানে স্বামী তার স্ত্রীকে পছন্দ করে না। পরিবারের চাপে বিয়ে।"
জ্যোতির মুখখানা চুপসে গেল। তনিমার অধরের হাসি আরও প্রশস্ত হলো। তীরটা সঠিক নিশানায় গিয়ে লেগেছে। মুখে গাম্ভীর্য ফুটিয়ে বলল,"আমি শোভনকে ভালোবাসি।"
চমকালো না জ্যোতি। স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে আছে তনিমার দিকে। জ্যোতির নিরুৎসাহিত আচরণ পছন্দ হলো না তনিমার। বলল,"শোভনও আমায় অনেক ভালোবাসে। তুমি কী জানো তুমি আমাদের মাঝখানে চলে এসেছো?"
মুচকি হাসল জ্যোতি। জ্যোতির হাসিতে ভড়কে গেল তনিমা। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। কোমল স্বরে জ্যোতি বলল,"শোভন আমায় ভালোবাসে না বললেও আমি মেনে নেব, কিন্তু আপনি তো দেখছি উনার চরিত্র নিয়ে কথা বলছেন! এও আবার আমাকে বিশ্বাস করতে হবে?"
"এত বিশ্বাস স্বামীর প্রতি?"
"ভাগ্য করে এত ভালো একটা স্বামী পেয়েছি। বিশ্বাস তো থাকবেই। এছাড়া আমার স্বামীর রুচি অতটাও মন্দ নয় যে সে ঘরে স্ত্রী রেখে বাইরে কোনো পরনারী সঙ্গে সম্পর্কে জড়াবে।"
তনিমা তেতে উঠল। ধমকের সুরে বলল,"তোমার এত বড়ো সাহস! তুমি আমায় অপমান করছো?"
এবারো জ্যোতি কোমল স্বরেই উত্তর দিলো,"আপনি আমার বাড়িতে বসে আমার সঙ্গেই গলা উঁচু করে কথা বলছেন? বড়ো সাহস তো আপনার হয়েছে। প্রথমদিন যেদিন আপনার সঙ্গে উনি আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন তখনই আপনার হাবভাব দেখে বুঝেছিলাম, আপনার নজর ভালো না। মেয়ে মানুষের এতটা ছ্যাঁচড়া হওয়া মোটেও উচিত নয়। সেলফ রেসপেক্ট বলেও তো শব্দ আছে নাকি? শিক্ষিত মানুষের যদি এটা না থাকে তাহলে কী করে হয়?"
"এবার সত্যি সত্যি তুমি আমায় অপমান করছো। সরাসরি একটা কথা বলছি তোমায়। আমি শোভনকে অনেক ভালোবাসি। এ কদিন অনেক চেষ্টা করেছি ওকে ভুলে যেতে, কিন্তু পারিনি আর পারবও না। তাই তুমি ওকে ছেড়ে দাও। এর বিনিময়ে যা চাইবে আমি তাই দেবো তোমায়।"
"হয় আপনার মাথায়, নয় আপনার চরিত্রে সমস্যা আছে। নয়তো কেউ বিবাহিত কোনো ছেলের পেছনে জোঁকের মতো লাগে? আবার কিনা সেই ছেলের স্ত্রীর কাছে প্রকাশ করে? এই হাঁটু সমান বুদ্ধি আর খারাপ চরিত্রে এত বড়ো চাকরি আপনায় দিলো কে? যাই হোক, আপনার সঙ্গে কথা বাড়াতে চাচ্ছি না। এখন এখান থেকে বিদায় নিলে ভালো হয়।"
"বিরাট ভুল করছো তুমি।"
"তিন কবুল বলে সবাইকে স্বাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা। হালাল একটা সম্পর্কে আছি। সেখানে আপনি কে যে আমাদের মাঝখানে আসতে চাইছেন? কে আপনি যে আপনার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে দেবো? মাথামোটা মহিলা। যান এখান থেকে।"
সবকিছু যে হাতের বাইরে চলে যাবে মোটেও বুঝতে পারেনি তনিমা। জ্যোতি নামক মেয়েটিকে দেখেই তার সরল সোজা মেয়ে বলে মনে হয়েছে। অথচ আজ তার উল্টো রূপ দেখছে। মাথা ঠান্ডা করে কিছু বলার জন্য উদ্যত হলো তনিমা, কিন্তু পারলো না। জ্যোতি তার হাত শক্ত করে ধরে টানতে টানতে সদর দরজার সামনে নিয়ে এলো। বের করে দিলো ফ্ল্যাট থেকে। তনিমা জ্যোতির দিকে ফিরে বলতে লাগল,"শুনো জ্যোতি, তুমি কিন্তু..."
তনিমাকে পুরো কথাটি বলতে না দিয়েই মুখের উপর দরজা আটকে দিলো জ্যোতি। তার এমন কাজে রাগে তনিমার শরীর জ্বলে যাচ্ছে। এই জীবনে এত অপমানিত হয়তো তাকে আর কখনো হতে হয়নি।
উদাস ভঙিতে বিছানায় বসে আছে জ্যোতি। তনিমার একটা কথায়ও কিছু যায় আসে না তার। কারণ সে তার স্বামীকে চেনে, স্বামী সম্পর্কে জানে। আবার এও জানে শোভন তাকে মোটেও পছন্দ করত না। সংসারটাও হয়তো করতে চায়নি। এর পেছনে কোনো কারণ তো অবশ্যই আছে। তবে তা মেয়েঘটিত নয় বরং অন্য কোনো কারণ। কিন্তু কী সেই কারণ? জ্যোতির মনে একটা প্রশ্ন এলো, শোভন কী এখনো তাকে ভালোবাসে না।
উত্তর নেই তার কাছে। তবে এবার আর কষ্ট পাবে না সে। আজ শোভন বাড়ি ফিরলে একটা হেস্তনেস্ত হয়েই যাবে। আজ সে সরাসরি সব প্রশ্নের উত্তর চাইবে। তাতে যদি শোভন রাগ করে করুক। জ্যোতি মোটেও ভীতু মেয়ে নয়। স্ত্রী হিসেবে স্বামীর উপর পূর্ণ অধিকার রয়েছে তার।
চলবে _____
(কার্টেসি ছাড়া কপি সম্পূর্ণ নিষিদ্ধ।)