#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
#উপসংহার
শোভনের থেকে রেজিগনেশন লেটার পেয়ে অবাক হলো তনিমা। কেমন এক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকিয়ে রইল। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল,"এটা কী, মি.শোভন?"
শোভন নির্লিপ্ত ভঙিতে উত্তর দিলো,"রেজিগনেশন লেটার।"
গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তনিমার। ঢোক গিলতে কষ্ট হচ্ছে। টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি পান করে গলা ভিজিয়ে নিলো। থেমে থেমে প্রশ্ন করল, "হঠাৎ রেজিগনেশন লেটার? কোনো সমস্যা হয়েছে? এত ভালো চাকরি ছাড়বেন কেন?"
"কারণ তো লেটারে উল্লেখ করাই আছে।"
তনিমা ভ্রু কুঁচকে আবারো লেটারের দিকে মনোযোগ সহকারে তাকাল। বলল,"এই সামান্য একটা কারণে আপনি চাকরি ছাড়ার মানুষ তো নন, মি.শোভন। আসল সমস্যাটা জানতে চাই আমি।"
"এটা তো রুলসের মধ্যে পড়ে না, ম্যাম। আমার ব্যক্তিগত কোনো কারণ জানার অধিকার আপনার নেই। দ্রুত এখানে সাইন করে দিলে ভালো হতো।আমার তাড়া আছে।"
"এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই, শোভন। তারপরও রুলসের কথা আসছে কোথা থেকে?"
"অবশ্যই আসছে, কারণ এটা অফিস। আর এখানে আপনি আমার বস, আমি আপনার ইমপ্লয়ী। সাইনটা করলে খুশি হতাম।"
"যদি না করি?"
"তাহলে আর কী? আমাকে বাধ্য হয়ে উপর মহলে যোগাযোগ করতে হবে। সাথে আপনার নোংরামি সম্পর্কেও রিপোর্ট করতে হবে।"
বিপরীতে আর কিছুই বলতে পারলো না তনিমা। তার নিয়মের জালে হাত-পা যে এই মুহূর্তে আটকে গেছে। বাধ্য হয়েই সাইন করে দিয়ে বাদ বাকি কাজও সেরে ফেলল। আজ দুদিন পর অফিসে এসেছে শোভন। সেদিন রাতেই সে সিদ্ধান্ত নিয়েছে, জ্যোতির কথা শুনে চাকরিটা ছেড়ে দেবে। বিভিন্ন নিউজ, চাকরির সার্কুলার দেখে নতুন একটি চাকরিও খুঁজে নিয়েছে। জ্যোতিকেও সময় দিয়েছে অনেক। মিটমাট করে নিয়েছে নিজেদের সম্পর্ক।
তনিমা অনেক চেষ্টার পরেও যখন শোভনকে ভুলতে পারছিল না তখন সে তার খালাতো বোন নিতুর সঙ্গে যোগাযোগ করে সমস্ত কথা খুলে বলে তাকে। নিতুই তাকে জ্যোতির সঙ্গে দেখা করার পরামর্শ দেয়। তনিমার সন্দেহ বাড়ল এবার। মাথায় হঠাৎ প্রশ্ন এলো, জ্যোতি কিছু বলে দেয়নি তো শোভনকে? এই কারণেই কী শোভন চাকরি ছেড়ে দিচ্ছে?
ভয় পেয়ে গেল তনিমা। পরক্ষণেই মনে হলো, জ্যোতি যদি শোভনকে সব বলেই দিত তাহলে শোভন নিশ্চয়ই খারাপ আচরণ করতো তার সঙ্গে। এত স্বাভাবিকভাবে কথাও বলত না। আবারো নিশ্চিন্ত হলো তনিমা। কিন্তু কীসের নোংরামির কথা বলল? ভাবতে পারছে না সে। শোভন চলে যাবে ভেবে কষ্ট হচ্ছে।
সাজেদ অফিসের নিচে শোভনের সঙ্গে দাঁড়িয়ে আছে। গোমড়া মুখে বলল, "কোনো হেল্প লাগলে আমাকে অবশ্যই জানাবি। সবসময় যোগাযোগ রাখতে হবে। আমায় ভুলে গেলে কিন্তু চলবে না।"
শোভন মৃদু হেসে জড়িয়ে ধরলো সাজেদকে। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে বলল,"অবশ্যই, তুই তো আমার বন্ধু নোস, তুই হচ্ছিস আমার ভাই। তোর সঙ্গে কী যোগাযোগ বন্ধ করা সম্ভব?"
সাজেদও হাসল। কিছুক্ষণ কথা বলে শোভন বিদায় নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। জ্যোতি একা হাতে আলমারির সব জামা-কাপড় ব্যাগে ভরছে। কপালে কয়েকটি ভাঁজ পড়েছে। কী এক যন্ত্রনার মধ্যে পড়েছে। কয়েকদিন সময় নিয়ে কী সুন্দর করে এই ফ্ল্যাটটা মনের মতো সাজিয়েছিল। এখন কিনা এখান থেকে চলে যেতে হবে। যদিও সিদ্ধান্তটা তার নিজেরই ছিল। জ্যোতির মাঝেমধ্যে নিজের মনের উপর চরম বিরক্ত লাগে, রাগ হয়। তার মনটা এমন কেন? এক জায়গায় সহজে স্থির থাকে না কেন? যখন বাপের বাড়ি, শ্বশুরবাড়ি অনায়াসে ঘুরে বেড়াতে পারতো তখন মন শুধু স্বামীর জন্য ছটফট করত। আশেপাশের জুটি দেখলেই আফসোস হতো।
অথচ আজ জ্যোতির সেই আফসোসের পরিসমাপ্তি ঘটেছে। স্বামীর ভালোবাসার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। কিন্তু মনে আবারো এক আক্ষেপ জন্মালো। যদি সবাই একসঙ্গে থাকতে পারতো। কিন্তু এসব আর সম্ভব নয়। শোভনের অতীত জেনে এই কাজটি করার জন্য কখনোই সে শোভনকে জোর করবে না। সে সবসময় চায় শোভন খুশি থাকুক।
শোভন বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। জ্যোতির ভ্রু কুটির আরও কুঁচকালো। স্বামীর শিয়রে দাঁড়িয়ে কপালে, গলায় হাত দিয়ে চেক করল।
শোভন সঙ্গে সঙ্গে প্রশ্ন করল,"কী চেক করছো?"
"হাতমুখ না ধুয়েই হঠাৎ করে বাইরে থেকে এসে শুয়ে পড়লেন যে তাই ভাবলাম হয়তো জ্বর এসেছে।"
"জ্বর তো এসেছেই।"
"কোথায়? সব তো ঠান্ডা।"
"সব জ্বর কী আর হাত দিয়ে অনুভব করা যায়?"
"তাহলে কীভাবে অনুভব করা যায়?"
শোভন মুচকি হেসে জ্যোতিকে একটানে নিজের অতি নিকটে নিয়ে এলো। স্ত্রীর উপর কিছুটা ঝুঁকে চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিলো। চমকে গেল জ্যোতি। স্বামীর চোখের দিকে তাকাল। শোভন তার বাম হাতটি নিজের বুকের উপর রেখে বলল,"ভালোবাসা দিয়ে, অনুভূতি দিয়ে।"
"এ আবার কেমন জ্বর?"
"মনের জ্বর।"
জ্যোতির কপালে ভাঁজ পড়ল। জিজ্ঞেস করল,"মাথা কী গেছে আপনার? মনের আবার জ্বর হয় কীভাবে?"
"শরীরের যেভাবে হয় সেভাবেই।"
কিছু বলতে গিয়েও থেমে গেল জ্যোতি। শোভনের তাতে ভ্রুক্ষেপ নেই। ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। আঙুলগুলো দিয়ে জ্যোতির ঠোঁট ছুঁয়ে দিলো। গালে গাঢ় চুম্বন করল। চোখ খিচে বন্ধ করে নিলো জ্যোতি। শোভনের ঠোঁটে হাত রেখে তাকে আটকে দিলো। বলল,"কত কষ্ট করে ফ্ল্যাটটা গোছগাছ করেছিলাম! এখন আবার সব অগোছালো হয়ে যাবে। নতুন করে সব সাজাতে হবে।"
জ্যোতির হাতটি নিজের মুখের উপর থেকে সরিয়ে দিলো শোভন। বলল,"তুমিই তো চেয়েছিলে এখান থেকে চলে যেতে। এখন কী সিদ্ধান্ত বদলাতে চাচ্ছো?"
"উঁহু, মোটেও নয়।"
"তাহলে আর কী? কিছুই করার নেই। আবার না হয় দুজনে মিলে সব গুছিয়ে নেব।"
"তাহলে কবে যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি?"
"কালই ফিরে যাব চেনা শহরে।"
কিছুটা অবাক হলো জ্যোতি। প্রশ্ন করল,"আপনি কী বাড়িতে ফিরে যাবেন? সবাই একসঙ্গে থাকব?"
"না, নতুন বাড়ি দেখেছি। ভাড়া বাড়িতে উঠব। যেখানে শুধু তুমি আর আমি থাকব। আমাদের ছোট্ট একটা পরিবার হবে।"
জ্যোতির অধরে হাসি ফোটে উঠল।
________
ব্যাগপত্র সব গুছানো শেষ। শোভন লোক ডেকে সব জিনিসপত্র মিনি ট্রাক গাড়িতে উঠাল। আগেই তাদের ঠিকানা বলে দিয়েছে সে। জিনিসপত্র সব উঠানোর পরপরই গাড়ি ছেড়ে দিলো। কলিংবেলের আওয়াজে দরজা খুলে দিলো মোহনা। জ্যোতিকে দেখে অধরে হাসি ফোটে উঠল। বলল,"ভেতরে আসুন, ভাবি।"
জ্যোতি আর ভিতরে গেল না। বলল,"ভেতরে আর যাব না, ভাবি। আসলে আজ আমরা চলে যাচ্ছি এখান থেকে। তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। এখানে আমার পরিচিত বলতে তো আপনিই ছিলেন। যার সঙ্গে দিনে অন্তত দুটো কথা হলেও বলতে পারতাম। একাকিত্ব কিছুটা হলেও ঘুচতো।"
মোহনার মুখখানা মলিন হয়ে গেল। মলিন মুখে বলল, "আপনাকে খুব মিস করব, ভাবি। নাম্বারটা কী দেওয়া যাবে?"
"হ্যাঁ, যাবে।" নিজের নাম্বার মোহনাকে দিয়ে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। শোভন প্রশ্ন করল,"এত দেরি হলো কেন?"
"ওই যে পাশের ফ্ল্যাটের একজন ভাবি থাকেন না? উনার সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম। তাই একটু দেরি হলো।
"আচ্ছা, চলো তাহলে।"
"চলুন।"
সিএনজিতে উঠে বসলো দুজনে। আধ ঘণ্টার মধ্যে পৌঁছেও গেল স্টেশনে। তারপর ট্রেনে উঠে নতুন এক গন্তব্যে পাড়ি জমালো।
_______
জেলার ভেতরেই সাত তলা বিল্ডিং। চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে শোভন। এখান থেকে খান বাড়ি যেতে ঘণ্টা দুয়েক সময় লাগবে। আবার জ্যোতির ভাইয়ের বাড়িতে যেতে লাগবে দেড় ঘণ্টা। শোভনের ভাড়া করা লোকেরা ঠিকঠাক স্থানে আসবাবপত্রগুলো গুছিয়ে রেখে বিল নিয়ে চলে গেল।
এই ফ্ল্যাটটায়ও ঘর সংখ্যা দুটো। তবে আগের ফ্ল্যাটের মতো দুই ঘরে দুটো বারান্দা নেই। একটা ঘরে বিশাল বড়ো বারান্দা তো আরেক ঘরে জানালা। তবে এখন আর জ্যোতির মনে একটুও কষ্ট নেই। নেই কোনো হতাশা। যখন তখন ইচ্ছে করলেই সে মায়ের সঙ্গে দেখা করতে পারবে। ভাই-ভাবির সঙ্গে গল্প করতে পারবে। ইচ্ছে করলেই শাশুড়ির কাছে চলে যেতে পারবে।
বিকেলে গিয়ে বাজার করে এনেছে শোভন। আগের মতো করেই এই সংসারটাও নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে জ্যোতি।
রাতে খাবার টেবিলে বসে হঠাৎ মাথায় একটা প্রশ্ন এলো জ্যোতির। এবার আর নিজের মধ্যে কোনো ধোঁয়াশা রাখলো না। সরাসরি স্বামীর উদ্দেশে প্রশ্ন করল,"এই যে কাল নতুন অফিসে জয়েন করবেন, এখানকার বস কী ছেলে নাকি মেয়ে?"
খাওয়ার ফাঁকে স্ত্রীর দিকে তাকাল শোভন। মুচকি হেসে উত্তর দিলো,"চল্লিশ বছরের পুরুষ।"
মনে মনে শান্তি পেল সে। খাওয়া শেষে টেবিল থেকে উঠতে উঠতে শোভন বলল,"ছেলে নাকি মেয়ে তাতে কী আসে যায় বলো? আমি যদি ঠিক থাকি তাহলে কী আর কেউ আমাদের মাঝখানে প্রবেশ করতে পারবে? নিশ্চিন্তে থাকো। আর যাই হোক আমি আমার বাবার পথে হাঁটব না।"
"জানি আমি। আপনার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু তারপরেও স্ত্রী হিসেবে সব খবরাখবর রাখা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে।"
"এবার দ্রুত ঘরে এসো। আমার আবার কাল সকাল সকাল অফিস যেতে হবে।"
"আপনি গিয়ে ঘুমান। আমি কাজ শেষ করে আসছি।"
শোভন গেল না। জ্যোতির পেছন পেছন রান্নাঘরে প্রবেশ করল। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়াল। শান্ত কণ্ঠে বলল,"তোমায় ছাড়া ঘুমাই কী করে বলো তো? পরে আবার বলবে আমি তোমায় ভালোবাসি না।"
ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল জ্যোতি। পেছনে না ফিরেই প্রত্যুত্তরে বলল,"হ্যাঁ, সেই জন্য আপনি কথায় কথায় মুহূর্তে মুহূর্তে আমায় বুঝাচ্ছেন আপনি আমায় ভালোবাসেন।"
"যা মনে করো।"
হাতের কাজ শেষ করে শোভনের সঙ্গে ঘরে গেল জ্যোতি। রাতটা পার হলো। রোজকার মতো ফজরের নামাজ পড়ে নাস্তা তৈরি করল সে। শোভন আজ একটু তাড়াতাড়িই বাড়ি থেকে বের হয়েছে। অফিসের প্রথম দিন বলে কথা। তবে আগের তুলনায় বেতনের অংকটা একটু কম। কিন্তু চাকরিতে পুরাতন হয়ে গেলে নিজেকে প্রমাণ করতে পারলে হয়তো প্রমোশনের মাধ্যমে আরও বৃদ্ধি পাবে।
প্রথমদিন অফিসে প্রবেশ করতেই সহকর্মীরা বেশ স্বাভাবিকভাবেই তাকে গ্ৰহণ করে নিলো। ঊর্ধ্বতনের কাছ থেকে সব কাজ বুঝে নিয়ে কাজ শুরু করল শোভন। প্রথমদিন অফিস টাইম বেশ ভালোই কাটলো তার।
________
বেশ কয়েকদিন পার হলো এখানে। এবার আর শোভনের কাছে জ্যোতিকে বায়না করতে হয়নি। নিজ দায়িত্বে পুরো বারান্দা ফুল গাছে ভরিয়ে দিয়েছে সে। বিকেলে আনোয়ারা বেগমের নাম্বার থেকে কল এলো। শোভন কল রিসিভ করে সালাম দিলো। আনোয়ারা বেগম সালামের জবাব নিয়ে কিছুটা সময় নিলেন। ধীরে সুস্থে বললেন,"ওখান থেকে যেহেতু চলেই এসেছো, আবারো ভাড়া বাড়িতে কেন উঠতে হবে? এখানে তোমার একটা বাড়ি আছে। চলে এলে হয়না? সবাই আমরা একসঙ্গে থাকব।"
"সবকিছু জেনেও আপনি আমায় এ কথা বলছেন?"
"মানুষ ভুল করে, একটা সময় নিজের ভুল বুঝতে পেরে ক্ষমার দ্বারপ্রান্তে পৌঁছায়। তোমার বাবাকে কী ক্ষমা করা যায় না? উনি উনার কর্মকাণ্ডে লজ্জিত।"
"কারো প্রতি এখন আর আমার রাগ ক্ষোভ নেই। উনি আমার মন থেকে অনেক বছর আগেই উঠে গেছেন। আমি মেনে নিয়েছি আমার বাবা নেই। তাই এ বিষয়ে আর কথা বলতে চাই না।"
"আরেকবার ভাবলে হতো না?"
"আপনার ছেলের সঙ্গে এমন হলেও কী এই কথাই বলতেন?"
কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই ভেতরে সুপ্ত ব্যথা অনুভব করলেন আনোয়ারা বেগম। বললেন,"তুমি কী আমার ছেলে নও? আমি কী কখনো তোমাদের আলাদা চোখে দেখেছি? শাফিনের আগে তুমিই আমার ছেলে। আমার বড়ো ছেলে। তোমার গুরুত্বটা আমার কাছে সবচেয়ে বেশি। এখনো কী আমায় মায়ের জায়গাটা দিতে পারোনি?"
"ভুল বুঝবেন না। আমার মা হিসেবে এখন শুধু আপনাকেই আমি মানি। সে জায়গা আপনি নিজেই দখল করে নিয়েছেন। ও বাড়িতেও আপনার জন্যই আমি পা রাখি। তাই দয়া করে আপনি অন্তত পুরোনো কথা মনে করাবেন না। তবে এখন তো আমরা খুব কাছাকাছিই আছি। আপনার যখন ইচ্ছে চলে আসবেন। তবে সঙ্গে শুধু রেশমীকেই নিয়ে আসতে পারবেন।"
দীর্ঘশ্বাস ফেললেন আনোয়ারা বেগম। বিপরীতে এসব নিয়ে আর কিছু বলার সাহস পেলেন না। কথা শেষ করে কল কেটে দিলেন। শোভনের নিজের বাবা-মা যেখানে তার মধ্যে নিজেদের জন্য ভালোবাসা তৈরি করতে পারেনি, যেখানে অধিকার বিস্তার করতে পারেনি সেখানে সৎ মা হয়েও আনোয়ারা বেগম তা পেরেছেন। সফলও হয়েছেন। সৎ মা নামটি করেছেন স্বার্থক। সৎ শব্দটার অর্থই তো শুভ, ভালো। অর্থাৎ ভালো মা। তিনি পেরেছেন একজন ভালো মা হতে।
_______
দুই কাপ চা নিয়ে বারান্দায় এলো জ্যোতি। শোভন প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বারান্দায় ইট দিয়ে বাঁধাই করা মোটা রেলিংয়ে চায়ের কাপ রেখে দাঁড়াল জ্যোতি। আকাশের দিকে দৃষ্টি ফেলে বলল,"হয়তো আজ বৃষ্টি নামবে।"
শোভন সেদিক থেকে দৃষ্টি সরিয়ে তাকাল জ্যোতির দিকে। তার কথায় তাল মিলিয়ে বলল,"হুম, ভিজবে?"
"না, আপনার যদি আবারো জ্বর আসে?"
"আসলে আসুক। তুমি আছো তো আমার জন্য।"
লাজুক হাসল জ্যোতি। বলল,"দিনদিন আপনি অবুঝ হয়ে যাচ্ছেন।"
স্ত্রীর অতি নিকটে গিয়ে দাঁড়াল শোভন। চোখে চোখ রেখে হাস্যজ্জ্বল মুখে উত্তরে বলল,"যেখানে সামান্য ভালোবাসা পেলেই পুরুষ মানুষ অবুঝ হয়ে যায়, সেখানে আমি তো আমার স্ত্রীর এক সমুদ্র পরিমাণ ভালোবাসায় ডুবে গিয়েছি। সেক্ষেত্রে একটুখানি অবুঝ তো হতেই হতো।"
"আমি না হয় এক সমুদ্র পরিমাণ আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমায় কতটুকু ভালোবাসেন বললেন না তো?"
হাসনাহেনা গাছটিতে একটি প্রজাপতি এসে বসেছে। শোভনের দৃষ্টিগোচর হতেই সেদিকে তাকিয়ে মুচকি হাসল সে। আবারো স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলল, "নির্জনতায় প্রতিটি প্রজাপতি ভালোবাসার প্রতীক হয়ে ধরা দেয় মানব মনে। তুমি হচ্ছো আমার জীবনের সেই প্রজাপতি যে আমার দুঃখগুলো ভুলিয়ে সুখ ছড়াতে এসেছে। আমার জীবনে ভালোবাসার সাতরঙ ছড়াতে এসেছে। আমি তোমায় ভালোবাসি। যেই ভালোবাসা হয়তো দুনিয়ার এই ছোট্ট জীবনে প্রকাশ করা যাবে না। কিন্তু তাও আমি তোমায় ভালোবাসি ওই সাতরঙা প্রজাপতির মতো। আমি তোমায় চিরকাল এভাবেই ভালোবেসে যাবো। কখনো ছেড়ে যাবে না তো আমায়?"
জ্যোতি হাসল। যে হাসিতে এ জীবনের প্রাপ্তি লুকিয়ে আছে। ভালোবাসা এতটা সুন্দর হয়? হয়তো হয়। প্রিয় মানুষ অতি নিকটে থাকলে, ভরসার একটি হাত পেলে শুধু ভালোবাসা কেন? কুৎসিত চেহারার মানুষটিকেও পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ মনে হয়। যে যত ভালোবাসতে পারে সে ততই সুন্দর।
বারান্দার দোলনায় বসলো দুজনে। স্বামীর কাঁধে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নিলো জ্যোতি। বলল, "ছাড়ার জন্য তো আপনার হাতটা আমি ধরিনি। মৃত্যু ব্যতীত কেউ আমাদের আলাদা করতে পারবে না।"
শোভনের চোখ চিকচিক করে উঠল। তার এত বছরের একাকিত্ব ঘুচলো তবে। দেখা মিলল সুখের। কারো কাছে সে হয়ে উঠল জীবনের প্রধান চরিত্র।
(~সমাপ্ত~)
(নোটস: খুব সাধারণ প্লটে শুরু করেছিলাম গল্পটা। শেষটাও তেমন সাধারণ ও শালীন ভাবেই করার ইচ্ছে ছিল। এর থেকে বেশি বড়ো হলে হয়তো গল্পের মাধুর্য নষ্ট হতো। একটা ব্যাপার খেয়াল করেছেন? গল্পটির কোনো চরিত্রেরই রূপ বর্ণনা করিনি আমি। এর কারণ হচ্ছে আমি চাইছিলাম পাঠকরা নিজ মনে তাদেরকে ভেবে নিক। কল্পনায় সাজিয়ে নিক তাদের মুখশ্রী এবং সৌন্দর্য। তবে কতটা সফল হয়েছি জানিনা। অনেক ভুলভ্রান্তি হয়তো ছিল। তবে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।)