#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:১৬]
"শুনুন, আমি কালই বাড়ি চলে যেতে চাই। আপনার সময় না থাকলে শুধু টিকিটটা কেটে দিয়েন আমায়। আমি নিজেই চলে যেতে পারব।"
স্ত্রীর এমন সোজাসাপ্টা একটি কথায় অবাক হলো শোভন। প্রত্যুত্তরে বলল,"গতকালই তো ভাইয়ের বাড়ি, শ্বশুরবাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। তাহলে আবার কেন যাবে?"
"এবার আর ঘুরতে কিংবা বেড়াতে যাব না। এখান থেকে একেবারে চলে যাব। কারণ আমি আর আপনার সংসার করব না।"
শোভন বিস্ফোরিত চোখে তাকাল জ্যোতির দিকে। তার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো। নম্র স্বরে জিজ্ঞেস করল,"হঠাৎ করে কী হলো তোমার? এভাবে কথা বলছো কেন? সংসার করবে না মানে? বললেই হলো?"
জ্যোতি দৃষ্টি সরিয়ে নিলো। স্ত্রীর থেকে কোনো উত্তর না পেয়ে শোভন মৃদু হেসে বলল,"নিশ্চয়ই মজা করছো তুমি, তাই না?"
জ্যোতি গম্ভীর কণ্ঠে বলল,"মোটেও আমি মজা করছি না। আমি আজ সিরিয়াস।"
শোভন খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করল জ্যোতিকে। না, সে মোটেও মিথ্যে বলছে না। শোভন প্রশ্ন করল,"হঠাৎ এই সিদ্ধান্ত কেন?
এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না জ্যোতি। তনিমার এখানে আসা থেকে শুরু করে তার বলা প্রতিটি কথাই বলে দিলো শোভনকে। অনেক আশ্চর্য হলো শোভন। এই মুহূর্তে কী বলা উচিত বুঝতে পারলো না। এতটা নিচে নেমে গেছে তনিমা? ভাবতেই অবাক লাগছে তার। খানিকক্ষণ নিরবতার পর শোভন শান্ত কণ্ঠে বলল,"তোমার কী মনে হয় আমি এমন? আমার প্রতি বিশ্বাস নেই তোমার? তোমায় রেখে আরেকটা মেয়ের সঙ্গে? ছিহ্ এসব ভাবতেই তো আমার ঘৃণা লাগছে।"
"মোটেও আমি আপনাকে অবিশ্বাস করিনি। আমি জানি আপনি কখনোই এসবে জড়াবেন না। ওই মহিলাকে তো আমি সঙ্গে সঙ্গেই এখান থেকে বের করে দিয়েছিলাম।"
স্বস্তির নিঃশ্বাস ফেলল শোভন। পরক্ষণেই প্রশ্ন করল, "তাহলে বললে কেন চলে যাবে? কেন বললে সংসার করবে না?"
জ্যোতি হতাশ দৃষ্টিতে তাকিয়ে উত্তরে বলল,"কারণ আপনি আমায় ভালোবাসেন না।"
মেঝে থেকে উঠে বিছানায় নিশ্চিন্তে বসলো শোভন। তার এমন খাপছাড়া ভাব দেখে খুব কষ্ট পেল জ্যোতি। ভীষণ কান্না পাচ্ছে। জোরপূর্বক কান্না আটকে রাখার চেষ্টা করে বলল,"আপনি আমায় ভালোবাসেন না। আপনি নিজ ইচ্ছায় আমায় বিয়ে করেননি। এমনকি এখানে আমায় সঙ্গে করে নিয়ে আসারও কোনো ইচ্ছে ছিল না আপনার। শুধু মায়ের কথায় বাধ্য হয়েই নিয়ে এসেছেন। হয়তো সম্পর্কটাও এই কারণেই টিকিয়ে রেখেছেন এখনো। এমন নড়বড়ে ঝুলন্ত একটা সম্পর্কে আমি আর থাকতে চাই না। তাই চলে যাব।"
"কীসের ভালোবাসা ভালোবাসা করছো? আমি কী বাচ্চা ছেলে যে আমায় কেউ জোর করে বিয়ে দিয়ে সংসার করাবে?"
চাপা দীর্ঘশ্বাস ফেলে শোভন আবারো বলল,"সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে তো প্রেমিকাকে ইম্প্রেস করতে হয়। বউকেও কী ইম্প্রেস করার কোনো প্রয়োজন আছে?"
"তাহলে কী বলতে চাইছেন, আপনি আমায় ভালোবাসেন?"
অপ্রস্তুত হয়ে গেল শোভন। কী উত্তর দেবে বুঝতে পারলো না। এদিকে উত্তরের আশায় তার মুখের দিকে তাকিয়ে আছে জ্যোতি। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও কোনো উত্তর না পেয়ে আশাহত হলো। উঠে গেল বসা থেকে। আলমারির কাছ থেকে লাগেজ তুলে নিলো।
শোভন ভ্রু কুঁচকে নিলো জ্যোতির কর্মকাণ্ডে। প্রশ্ন করল,"কী করছো?"
"জামা-কাপড় গোছাতে হবে।"
"কেন?"
"বললাম তো চলে যাব। আপনার টিকিট কাটার দরকার নেই। আমি নিজেই স্টেশন থেকে টিকিট কেটে চলে যাব। কাউকে দরকার নেই আমার।"
দীর্ঘশ্বাস ফেলে শোভন এগিয়ে গিয়ে জ্যোতির হাত ধরলো। লাগেজ যথা স্থানে রেখে দিয়ে বলল,"কী শুরু করলে এই রাতের বেলা? একবার বলছো তনিমা ম্যামের কথা বিশ্বাস করোনি। আবার এদিকে যা শুরু করেছো এতে তো স্পষ্ট বুঝা যাচ্ছে উনার সব কথা বিশ্বাস করে তুমি আমায় ভুল বুঝছো।"
"বললাম তো কোনো ভুল বুঝিনি আমি। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি চান আমার সঙ্গে থাকতে? বলতে পারবেন আপনি আমায় ভালোবাসেন? আমি খুব ভালো করেই জানি আপনি তা পারবেন না। এত অবহেলা অনাদরের মধ্যে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না।"
কী এক বিপদে পড়ল শোভন? না পারছে সইতে আর না পারছে কিছু বলতে। মেজাজ খারাপ হয়ে গেল। এ আবার কেমন কথা? বুকে হাত দিয়ে ভালোবাসি বলতে হবে মানে? জ্যোতি কী চ্যালেঞ্জ করছে! ও কী মনে করে, শোভন ভীতু? সে পারবে না বলতে? আলবাদ পারবে। কিন্তু লজ্জায় বলতে পারবে না।
শোভনের থেকে এবারো আশানুরূপ সাড়া না পেয়ে রেগে গেল জ্যোতি। এ আবার কেমন লোক? মনের কথা স্বীকারও করবে না আবার যেতেও দেবে না? কণ্ঠে বিরক্তি নিয়ে বলল,"ছাড়ুন আমার হাত।"
শোভন ছাড়ল না। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। কোনো কিছু না ভেবেই জড়িয়ে ধরলো স্ত্রীকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,"শান্ত হও, জ্যোতি। মেয়ে মানুষের যে যখন তখন মুড সুয়িং হয় আমি জানি। তোমারও মুড সুয়িং হয়েছে। নইলে কী আর এভাবে কারো রূপ বদলে যায়?"
"মোটেও আমার মুড সুয়িং হয়নি। ছাড়ুন বলছি। যার স্বামী তাকে ভালোবাসে না তার যন্ত্রনা আর কেই বা বুঝবে?"
"এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভালোবাসি না বললেই হলো? আমি তোমাকে কখনো এমন কথা বলেছি? কখনো তোমার প্রতি বিরক্তি প্রকাশ করেছি? তাহলে এতকিছু কেন ভেবে নিলে তুমি?"
শোভনের বুক থেকে মাথা তুলে জ্যোতি আশ্চর্যান্বিত কণ্ঠে শুধাল,"তার মানে আপনি আমায় ভালোবাসেন?"
"না বাসার কী আছে? তুমি আমার বউ। বউয়ের জন্য ভেতরে আলাদা একটা জায়গা তো থাকেই। একসময় না একসময় সেই জায়গা সে নিজেই দখল করে নেয়। ভালোবাসাও জন্মে যায় সেখানে। এ আবার ঢাকঢোল পিটিয়ে বলতে হবে? ভালোবাসা কী প্রকাশ করার কিছু? আজব।"
"আমি ওই একটা জায়গায় থাকতে চাই না। আমার আপনাকে পুরোপুরি ভাবে লাগবে। আপনার সব জায়গায় শুধু আমি থাকতে চাই। আর সেখানে শুধু আমিই থাকব।"
মুচকি হাসল শোভন। বলল,"আমি তো পুরোপুরিভাবেই তোমার।"
স্বস্তি পেল জ্যোতি। রাগ গলে গেল। শোভনের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানায় গিয়ে বসলো। জ্যোতির হাবভাব বোধগম্য হতেই শোভনও স্বস্তি পেল। জ্যোতি বলল,"তাহলে ঠিক আছে, আপাতত যাচ্ছি না আমি। না হয় করলাম আপনার সংসার। তবে একটা শর্ত আছে।"
"কীসের আবার শর্ত? যা বলবে সবকিছুতেই আমি রাজি।"
অধরে হাসি ফুটে উঠল জ্যোতির। বলল,"এখানে আমরা আর থাকব না। বাড়ি ফিরে যাব। তারপর সবাই একসঙ্গে মিলেমিশে থাকব।"
অধরের হাসি মিলিয়ে গেল। প্রস্তাব নাকচ করে দিয়ে বলল,"এ সম্ভব নয়। এখানে আমি একটা চাকরি করি। চলে গেলে এই চাকরির কী হবে?"
"ছেড়ে দিবেন।"
"হ্যাঁ, তুমি বললে আর আমি ছেড়ে দেবো। এত সহজ? তোমার কোনো ধারণা আছে চাকরির বাজার নিয়ে? এই দিনে সহজে চাকরি পাওয়া যায়? তার উপর এত সুযোগ-সুবিধা। জানো কোম্পানি থেকে নিজেদের একটা ফ্ল্যাট কেনার জন্য ঋণ পেয়েছি আমি। এখন ছেড়ে দিলেই হলো?"
"তাহলে আর কী? দেখুন ট্রান্সফার হতে পারেন কিনা। আর যাই হোক, আপনি ওই ফালতু মহিলার সঙ্গে এক অফিসে বসে কাজ করতে পারবেন না। আমি থাকতে কখনোই হতে দেবো না। এখন কী করবেন ভেবে দেখুন আপনি। আপনার বউ চাই নাকি চাকরি?"
"সম্ভব হলে তো আমি নিজেই ছেড়ে দিয়ে চলে আসতাম। মোটেও এসব টর্চার সহ্য করতাম না।"
"ওহ, তারমানে বউয়ের থেকে চাকরি গুরুত্বপূর্ণ? তার মানে আপনি আমায় ভালোবাসেন না। আবারো মিথ্যে বললেন?"
শোভন হতাশ হলো। বলল,"তুমি তো অবুঝ নও। কেন এমন করছো বলো?"
"আমি চাই না আমার স্বামীর দিকে কেউ কুদৃষ্টিতে তাকাক। দরকার হলে আমি নুন-ভাত খেয়ে থাকব। ছেঁড়া কাপড় পরব। তবুও আপনাকে এখানে থাকতে দেবো না।"
জ্যোতি আবারো বলল,"সব আপনজনরা পড়ে আছে সেই কত মাইল দূরে, আর আমরা পড়ে আছি এখানে। চাইলেও কাউকে সহজে দেখা যায় না। বিপদ হলেও সাহায্যের জন্য এগিয়ে আসার মতো লোক নেই। কেন এত সুন্দর একটা পরিবার রেখে এখানে এত দূরে এসে পড়ে থাকতে হবে? আপনার কী ইচ্ছে করে না বাকি ভাইদের মতো বাবা-মায়ের কাছে একসঙ্গে থাকতে?"
শোভন গম্ভীর কণ্ঠে উত্তর দিলো,"না একদম ইচ্ছে করে না। আমার কেউ নেই। মা-বাবা, ভাই-বোন কেউ নেই। আমি একা। এ কারণেই এতটা দূরে এসে একা একা পড়ে আছি যাতে জীবনে কাউকে প্রয়োজন না হয়।কেউ চাইলেই আমার দেখা না পায়। যোগাযোগ করতে না পারে। কিন্তু শেষ পর্যন্ত তুমি জড়িয়েই গেলে আমার এই ছোট্ট জীবনের সঙ্গে।"
চমকে গেল জ্যোতি। এতক্ষণ স্বামীর ভেতরের গোপন কথাগুলোই জানার জন্য অপেক্ষা করছিল সে। শুধু ভয়ে সরাসরি জিজ্ঞেস করতে পারছিল না। যদি শোভন উত্তর না দেয়? যদি কথা ঘুরিয়ে ফেলে? রাগ করে? কিন্তু এখন আর ভয় নেই। এখন শোভন নিজেই কিছুটা হলেও বলে দিয়েছে। জ্যোতি প্রশ্ন করল, "আপনাদের মধ্যে কিছু একটা হয়েছে শুরুতেই বুঝতে পেরেছিলাম। কিন্তু কী হয়েছে যে নিজের পরিবারকে অস্বীকার করছেন? একসঙ্গে থাকলে ভুল বোঝাবুঝি হয়েই থাকে তাই বলে?"
শোভন মৃদু হাসল। যেই হাসিতে লুকিয়ে আছে অজস্র বেদনা। বলল,"যার সঙ্গে ঘটে সেই বুঝে অন্যরা তো শুধু গল্প শোনে। রাত হয়েছে শুয়ে পড়ো। মাথা থেকে আজেবাজে চিন্তা ঝেড়ে ফেলো।"
জ্যোতি শুনলো না সে কথা। আগ্ৰহ নিয়ে জিজ্ঞেস করল,"সেদিন জ্বরের ঘোরে কেন আপনি বলেছিলেন আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে? মা তো আপনার কাছেই আছে। শুধু আপনিই দূরে সরে আছেন। কেন বড়ো আপু খান বাড়িতে আসে না?বাবার সঙ্গেই বা কেন আপনার এত দূরত্ব? শাফিন আর আপনি কেন একে অপরের সঙ্গে কথা বলেন না?"
খুব বিরক্ত লাগছে শোভনের। যত চায় অতীত থেকে দূরে সরে যেতে, যত চায় এসব ভুলে যেতে ততই সবাই তাকে এসব মনে করতে বাধ্য করে। আর এক মুহূর্তও এখানে দাঁড়াল না সে। চলে গেল বারান্দায়। বাইরে কী সুন্দর ঠান্ডা বাতাস! আকাশে মেঘ গুঁড়গুঁড় শব্দ করছে। মনে হয় বৃষ্টি নামবে। জ্যোতিও তার পেছন পেছন চলে এলো। শোভনের পাশে এসে বসলো। বলল,"চলুন না, এখান থেকে চলে যাই। এখানে তো আমাদের আপন বলতে কেউ নেই। সারাদিন একা একা থাকতে আমার ভালো লাগে না।"
"বলেছি তো যাব না। তোমাকে আমার সঙ্গে এখানেই থাকতে হবে।"
"বাবা-মায়ের উপর রাগ করে থাকতে নেই। বললাম তো যা সমস্যা সব মিটিয়ে নিন। মায়ের সঙ্গে সঙ্গে বাবাও আপনায় খুব ভালোবাসে আপনাকে নিয়ে চিন্তা করে।"
দীর্ঘশ্বাস ফেলল শোভন।
"পৃথিবীতে আমি দুটো মানুষকে খুব ঘৃণা করি। তারা হচ্ছে আমার বাবা আর জন্মদাত্রী মা। যাদের মুখ দেখলেই আমার রাগ হয়। যাদের দায়িত্ব ছিল আমার ছোটবেলা সুন্দর করে গড়ে দেওয়ার, সেই তারাই কিনা আমার ছোটবেলা নিজ হাতে নষ্ট করে দিয়েছে। যাদের কাছে আমার কোনো মূল্যই ছিল না। এখন শেষ বয়সে এসে বাবা নামক মানুষটি সবার সামনে ভালো মানুষ সাজার নাটক দেখাচ্ছে। ছেলের প্রতি তার ভালোবাসা উতলে পড়ছে। অথচ যখন আমার জীবনে বাবা-মা দুজনেরই দরকার ছিল তখন তাদের আমার কথা মনে ছিল না।"
জ্যোতি অবাক হলো। শোভনের কথাগুলো কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। যে লোকটি ছেলের জন্য এত চিন্তা করেন, ভাবেন! সেই কিনা ছেলের শৈশব নষ্ট করেছেন? শোভন আবারো বলতে লাগল,"আমার বাবা-মায়ের দাম্পত্য জীবন কখনোই সুখের ছিল না। রোজ ঘরে ঝগড়া, অশান্তি লেগে থাকত। বোঝ হওয়ার পর থেকে তাদের মধ্যে কখনো ভালো করে হেসে হেসে কথা বলতে দেখিনি। স্বামী-স্ত্রীর প্রতি যেই সম্মানটা থাকে তাদের মধ্যে তার ছিটেফোঁটাও ছিল না। রোজ মা আমাকে আর আপুকে মাগরিবের পরপর খাইয়ে দিতেন। কারণ রাতে খাবার টেবিলে খেতে বসেই শুরু হয়ে যেত অশান্তি। শুরু হয়ে যেত মায়ের রান্নার দোষ ধরা। এই দোষ ধরতে গিয়ে কত যে খাবারের প্লেট মেঝেতে ফেলে দিয়েছে বাবা তার হিসেব নেই।"
আশ্চর্যান্বিত কণ্ঠে জ্যোতি শুধাল,"কেন এমন করতেন? কী সমস্যা ছিল উনাদের মধ্যে?"
"কারণ আমার মা মোটেও সংসারী নারী ছিলেন না। প্রত্যেক পুরুষই বিয়ের আগে স্ত্রী হিসেবে সুন্দর একজন নারী খোঁজে, আর বিয়ের পর খোঁজে গুণ। আমার বাবার ক্ষেত্রে তাই ঘটেছে। মায়ের সঙ্গে উনার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের পরই তিনি মায়ের বিভিন্ন দোষ খুঁজে পায়। আমার যখন ছয় বছর, নতুন স্কুলে ভর্তি হয়েছি তখনই বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। মা আমাদের সঙ্গে নিয়ে যেতে চাইলেও দাদি কিছুতেই আমাদের যেতে দেননি। কিছুদিন পরই স্কুলের নাম করে আপু বাড়ি থেকে পালিয়ে মায়ের কাছে চলে যায়। কারণ সে হয়তো বুঝতে পেরেছিল, বাবা নামক মানুষটি আমাদের ভালোইবাসেন না। কিন্তু আমি তা পারিনি। ওসব কিছুই বুঝতাম না তখন। মা চলে যাওয়ার মাস পার হতে না হতেই বাবা আবারো বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরেন।"
"তার মানে মা আপনার সৎ মা?"
"হুম, বাবার বিয়ের খবর শুনে মাও আর বসে থাকলেন না। তিনিও জেদ ধরে তার কিছুদিন পরই বিয়ে করে নিলেন। ব্যস, আপু হয়ে যায় একা। এদিকে বাবার বিয়ের দুই মাস পার হতে না হতেই জানা যায় নতুন মা প্রেগন্যান্ট। তাও আবার চার মাসের।"
আরও চমকে গেল জ্যোতি। বলল,"তার মানে উনাদের!"
"হ্যাঁ, মা থাকাকালীনই সম্পর্ক ছিল। আগে থেকেই কোর্ট ম্যারেজ হয়ে ছিল। এ কারণেই আমার জন্মদাত্রী মাকে উনার ভালো লাগত না। মানসিক অত্যাচার করে নিজের জীবন থেকে আমার মাকে তাড়াতে চাইছিলেন। তবে তাতে আমার কিছু যায় আসে না। কারণ উনাদের দুজনকেই আমি ঘৃণা করি। উনারা কেউ আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেননি। বরং নিজেদের কথা ভেবেছেন। বাবা আমার মাকে ঠকিয়ে নতুন করে আরেকটা বিয়ে করে সংসার সাজিয়ে নিয়েছেন, ওদিকে যে মা জন্ম দিলেন তিনিও বিয়ে করে নিলেন। বড়ো বোন নানার বাড়ি থেকেই লেখাপড়া করত। তখন থেকেই সে বাবাকে ঘৃণা করত। ক্লাস টেনে পড়াকালীন একদিন বাড়ি থেকে পালিয়ে যায় একটি ছেলের সঙ্গে। বিয়েও করে নেয় দুজনে। শেষে সম্মানের ভয়ে সবার পরামর্শে বাবা কোনোভাবে তাদের খুঁজে বের করে। তারপর ধুমধাম করে তাদের আবারো বিয়ে দেয়। সেই যে বিয়ে করে স্বামীর হাত ধরে আপু চলে গেল আর এলো না। কারো সঙ্গে সম্পর্ক রাখলো না। আমার সঙ্গেও নয়। অথচ আমি ছিলাম তার আপন ছোটো ভাই। আমিও তার মতোই অসহায় ছিলাম। আসলে সবাই স্বার্থপর। বিয়ের পর মাও ভুলে গেল আমায়। নতুন বাচ্চার আগমনি সংবাদ শুনে বাবাও ব্যস্ত হয়ে পড়ল নতুন বাবা হওয়ার উল্লাসে। এদিকে আমি হয়ে গেলাম একা। নতুন মা আসার পর থেকে কখনো আমায় সৎ ছেলের চোখে দেখেননি। সবসময় আদর করতেন, খেয়াল রাখতেন। কিন্তু দাদি উনাকে পছন্দ করতেন না। আমার কাছে ঘেঁষতে দিতেন না। প্রথম প্রথম উনার প্রতি আমার রাগ ক্ষোভ থাকলেও একটা সময় আমি বুঝতে পারি, এতে উনারও কোনো দোষ ছিল না। উনি জানতেনই না বাবা যে বিবাহিত ছিলেন। উনার ছেলে-মেয়ে আছে।
তপ্ত শ্বাস ফেলে শোভন। ভারী কণ্ঠে পুনরায় বলে ওঠে,"জানো, নতুন মায়ের যখন আট মাস চলে তখন বাবা আমায় নিয়ে নানার বাড়ি রেখে আসে।"
"কেন?"
"কারণ উনার মনে হয়েছে, আমি বাড়িতে থাকলে উনার অনাগত সন্তানের ক্ষতি হবে। তোমার বাবার ক্ষেত্রেও যখন একই ঘটনা ঘটলো তখন তোমার মা কিন্তু ভেঙে পড়েননি। তোমাদের ভবিষ্যতের কথা ভেবে লড়াই করে গেছেন। আর এদিকে আমার মা নিজের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। আমার নানা ছিলেন একজন ক্যান্সারের রোগী। বছর ঘুরতেই মারা যান। এরপরেই মামা আমায় হোস্টেলে রেখে আসেন। সেই থেকেই হোস্টেলে থাকা। সবাই ভুলে যায় আমায়। আমার খরচ দেওয়াও বন্ধ করে দেয় বাবা। মামারাই খরচ দিতেন। ঈদের সময় অথবা উইকেন্ডেতে সবাই তাদের নিজ বাড়িতে ফিরে যেত, আর আমি পড়ে থাকতাম হোস্টেলে। মাঝেমধ্যে বাবাকে না জানিয়েই নতুন মা দেখতে আসতেন আমায়। তখন না একটু হলেও মনে হতো কেউ তো অন্তত আছে আমার খোঁজ নেওয়ার। হোক না সে সৎ মা, কিন্তু মা তো। আমার এই জীবনে আমি একটা ব্যাপার খুব উপলব্ধি করতে পেরেছি। শুধু জন্ম দিলেই অথবা রক্তের সম্পর্ক হলেই কেউ আপন হয় না। নতুন মা অনেকবার চেয়েছিলেন আমায় বাড়ি নিয়ে যেতে। কিন্তু বাবার কারণে পারেনি। উনার ধারণা ছিল আমি বাড়িতে থাকলে উনার সন্তানদের সমস্যা হবে। তাই আমারও আর যাওয়া হয়নি। এভাবেই স্কুল, কলেজ জীবন পার হয় একাকী। তারপর ভার্সিটির নাম করে ওই বিভাগ থেকেই চলে আসি। আমার লেখাপড়া শেষ হলে এখানেই চাকরি নিলাম একটা। আর এরপরই বাবার ভালোবাসাও হুট করে বৃদ্ধি পেল। ভাই নিজেই আমার সঙ্গে কথা বলে না। কারণ সে জানে আমি তার সৎ ভাই। আমিও বলার প্রয়োজন মনে করি না, তবে রেশমীর মনে ওসব নেই। সে একেবারে নতুন মায়ের মতোই হয়েছে। খান বাড়ির এই দুটো মানুষ ছাড়া কেউই আমার আপন নয়, আর না আমি কাউকে চিনি। কোনোকালেই আমার ইচ্ছে ছিল না সংসারে জড়ানোর। স্ত্রী-সন্তান, সংসারের প্রতি ছিল আমার তিক্ত অভিজ্ঞতা। যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনটা একাকিত্বে কাটিয়ে দেওয়ার। কিন্তু মা আর তা হতে দেননি। মিথ্যে বলে বাড়িতে নিয়ে গিয়ে তোমার সম্পর্কে জানান। তখন আর চেয়েও পিছু হটতে পারিনি। কারণ ততদিনে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। রাত পোহালেই বিয়ে। শেষে বাধ্য হয়েই বিয়েটা করতে হয়েছে। উনি চাননি আমি আর একা থাকি। কিন্তু তাই বলে তোমাকে ছেড়ে দেওয়ার কথা আমি কখনো ভাবিনি।"
"মানুষ এতটা নিষ্ঠুর হয়? ওই ভালো বাবার মুখোশের আড়ালে এত ভয়ানক একটা সত্য লুকিয়ে আছে? নিজের বাবা হয়ে কীভাবে এমনটা করতে পারলেন তিনি?"
"জানি না।"
"আচ্ছা আপনার আপন মায়ের কী খবর?"
"শুনেছি বছর খানেক আগে মারা গেছেন। মামা একবার ফোন করে ডেকেছিল, যাতে শেষবারের মতো দেখতে যাই।"
"গিয়েছিলেন?"
"প্রয়োজন মনে করিনি।"
কিছুক্ষণ নিরবতার পর শোভন বলল,"তোমার কী এখনো মনে হয় আমার সবকিছু ভুলে গিয়ে ওদের সঙ্গে এক বাড়িতে থাকা উচিত? আমার জায়গায় তুমি হলে কী করতে?"
জ্যোতি মিনমিনে স্বরে বলল,"আমি সবটা জানতাম না। জানলে কখনোই এসব বলতাম না। তবে যাই বলুন না কেন, মা খুবই ভালো মনের মানুষ। উনাকে দেখে কেউ বলতেই পারবেন না উনি যে সৎ মা।"
"হুম, ওই একটা মানুষের জন্যই তো খান বাড়িতে পা রাখি। নাহলে কখনো যেতাম না ওই বাড়ি। আর না ওই বাবা নামক মানুষটার মুখ দেখতে হতো।"
জ্যোতি এ ব্যাপারে আর কথা বলল না। সে বুঝতে পারছে স্বামীর মনের অবস্থাটা। খুব কষ্ট হচ্ছে শোভনের তিক্ত অতীত সম্পর্কে জেনে। তবে ভেতরে এক প্রশান্তি বয়ে যাচ্ছে, শোভন তাকে ভালোবাসে। তার জন্য শোভনের ভেতরে এক সুপ্ত অনুভূতি আছে।
চলবে ______
(কার্টেসি ছাড়া কপি সম্পূর্ণ নিষিদ্ধ।)