#আগুন_রঙা_ফাগুন [ ১ ]🍂
শ্রাবণ শেষের ঝড় উঠেছে বাইরে। অথচ সন্ধ্যায়ও ভীষণ পরিষ্কার ছিল আকাশটা। দক্ষিণা বাতাসের চাপে বারবার ডান দিকে হেলে পড়তে চাইছে বিল্ডিংয়ের সাথে লাগোয়া তেঁতুল গাছটা। জানালার সাবেকি কাঁচে তেঁতুল গাছের ডালপালা গুলির দমকা আঘাত প্রতিধ্বনিত হচ্ছে অনবরত। প্রকৃতির উন্মত্ত ছন্দের বিপরীতে করিডোরে তার নিঃশব্দ পায়চারী। পায়ে গ্রেন লেদারের চকচকে জুতো। করিডোরের আলো-ছায়ার ভেতর দিয়ে তার গতি ঐ বাইরের ঝড়ের অনুকরণ।
এপাশে সাগরিকা মুখ চেপে বসে আছে। অথচ সে শব্দ করে কাঁদলেও কোনো ক্ষতি নেই। সে নিজেই এসেছিল এখানে,সে খুব ভালো করেই জানতো তার সাথে কি হতে পারে। সে তবুও এসেছিল।
লোকটা উচ্চতায় পাঁচ ফুট এগারোর মতো। সেই তুলনায় সাগরিকা তার কাছে একটুখানি। আধো আলোতে লোকটা যখন তার সামনে এসে দাঁড়ালো,অমন বিশালাকৃতির শরীরটার ছায়া এক নিমিষে গ্রাস করে নিলো সাগরিকার ছোট শরীরটা। এবার সাগরিকা তার আঁচলটা টেনে মুখে চেপে নেয়।
লোকটা একদম ঝুঁকে গিয়েছে। তার গা থেকে আসা সিগারেটের উৎকট গন্ধে সাগরিকার পেটটা মোচড় দিয়ে উঠলো। ও পুরোপুরি মিশে গেল দেয়ালের সাথে। লোকটা ওর নাজেহাল অবস্থা দেখে আরো একচোট হাসলো। বলল,
“কাজী এসেছে চলো!”
লোকটা নুয়ে বসে পড়লো সাগরিকার সামনে। ঘরের বিদ্যুৎ লাইনে ঝামেলা। আধো অন্ধকার ঘরে ঘুলঘুলি থেকে আসা বাইরের সোডিয়াম বাতির আলোতে দেখা যাচ্ছে সাগরিকার চোখের পানি তার গালে লেপ্টে চিকচিক করছে সাদা মুক্তা দানার মতো। ওপাশে জানালার কপাট একটার সাথে আরেকটার বারি খাওয়ার প্রকট শব্দ হলো। আজ শ্রাবণ শেষের রাতে,প্রকৃতি বেশ গুছিয়েই জানান দিচ্ছে তার দাপট।
শীতে কাঁপছিল মেয়েটা। বিপরীতে বসে থাকা লোকটার শক্ত হাতটা ওর পিঠ থেকে ক্রমশ ঘাড়ে উঠে সাগরিকার চুলের মুঠি ছুঁয়ে দেয়। যতটুকু অস্থিরতা নিয়ে সাগরিকা ডুকরে উঠেছিল লোকটা ততটাই নির্বিকার, অক্ষিযুগল প্রশস্ত করে চেয়ে সাগরিকার নোনা জলে ভেজা গোল ফর্সা মুখটায়। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে মেয়েটার কান্নার তোড়ে। চোখে অনুরোধ। জ্যান্ত মাছ ডাঙায় পড়লে প্রাণের মায়ায় যতটুকু তড়পায়, ততটুকুই তড়পাচ্ছে মেয়েটা।
ঘরের বাতিটা হঠাৎ জ্বলে উঠলো। বিদ্যুৎয়ের সংযোগ ঠিক করে দিয়েছে সম্ভবত এ বাড়ির কেয়ারটেকার ফিরোজ। এবার কান্না থামিয়ে নিজের আঁচল সামলে লাফিয়ে উঠলো সাগরিকা।
আরফান সাহির ওর দিকে তাকিয়ে খুব সুন্দর একটা হাসি দিলো। হাতের রিভলবার তুলে নলটা ক্রমশ সাগরিকার গাল থেকে ঘুরিয়ে গলায় এনে শান্ত স্বরে বলল,“আচ্ছা তুমি কি আমার সাথে হাইড এন্ড সিক খেলছো নটি গার্ল! কাজী আসার পরে কতক্ষন খুঁজলাম নিচে তোমাকে! অথচ দোতলায় এসে বসে আছো অন্ধকারে। কিন্তু এ বাড়িতে তো আমি তোমাকে জোর করে আনিনি। তুমি এসেছো নিজে থেকে! এখন নাটক করছো কেন!”
সাগরিকা মুখ খোলে এবার,“পাগলামি বন্ধ করুন। যেতে দিন আমাকে।”
_তো যাওওও। গো,গো,গো।
শিশুদের মতো নরম আওয়াজ বানিয়ে কথাটি বলে আরফান চট করে সরে বসলো সাগরিকাকে যাওয়ার জন্য জায়গা করে দিয়ে। সাগরিকা ফুঁপিয়ে ওঠে আবার,“আমাকে আসল ফরেনসিক রিপোর্ট গুলো দিন সাহির ভাইয়া। তালহার লাইফটা নষ্ট করবেন না এভাবে। আমি ওনাকে বুঝিয়ে বলবো উনি যেন আপনার পথে না আসেন কখনো! উনি রাজনীতি ছেড়ে দেবেন। কসম খাচ্ছি!”
আরফান হাসলো। ওর হাসিটা এবার ভীষণ কুৎসিত। হাত বাড়িয়ে সাগরিকার চোখের পানির ফোঁটা মুছে বলে,“ওহ, ফরেনসিক রিপোর্ট? ওজন্য তোমাকে আমায় বিয়ে করতে হবে। বললাম তো। চলো কবুল বলবে! এরপর বাকি হিসাব নিকাশ। নিচে কাজী এসেছে বৃষ্টিতে ভিজে পুড়ে। এত দেরী লাগিয়ো না। বেচারার ঠান্ডা লেগে যাবে!”
_আমি তালহাকে ভালোবাসি!
গোঙানির মতো করে বললো সাগরিকা। ও জানে ওর এ আপত্তি, স্বীকারোক্তি সামনে বসে থাকা পিশাচটাকে বিচলিত করেনি। তবুও বলল,কারণ এটাই সত্যি। যা সাগরিকা মনেপ্রাণে বিশ্বাস করে। আরফান চোখ বুজিয়ে নিয়ে ফোঁস করে শ্বাস ফেললো একচোট। এরপর চোখ মেলে সাগরিকার মুখটা দেখে বলল,“ওসব ভালোবাসা বলে কিছু হয়না সাগরিকা। তুমি ছোট মানুষ বোঝো না। আবেগী কথা বলছো। আমাকে বিয়ে করো,আমার সাথে ঘুমাও। দু'টো সন্তান হোক আমাদের। তখন দেখবে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না। মেয়েদের জীবনে ভালোবাসা এভাবেই হাওয়াবদল করে আসে। ইটস্ ইজি ড্যুড!”
_আপনার লাভ কি হচ্ছে এসব করে?
আবার দেয়ালে পিঠটা ঠেকিয়ে দিলো সাগরিকা,শরীরটা দূর্বল হয়ে পড়েছে ক্রমশ। আরফান নিজ থেকে না ছাড়লে আজ এই গুহা থেকে ওর মুক্তি নেই। তবে যত সময় গড়াচ্ছে,ও বুঝতে পারছে ওর মুক্তি আসলেই নেই।
আরফান ওর কথার জবাব না দিয়ে হুট করে ক্ষিপ্র গতিতে রিভলবারটা উঠিয়ে সাগরিকার কপালে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলে,“সাগরিকা ট্রিগারটা প্রেস করে দেয়ার আধাঘণ্টা পরে তোমার লাশ পায়রা নদীতে চলে যাবে। কিন্তু জানো জীবনের মূল্য অনেক। তুমি তো আবার অন্যকে মোটিভেশান দাও। তাইনা?”
একটু দম নিলো ও,হুট করে আবার সুর পাল্টে বলল,“আরে বোকা মেয়ে আমি ভয় দেখাচ্ছি না। আ’ম নট ফোর্সিং ইউ শুধু কিছু ফ্যাক্ট বলছি, মাথা খাটিয়ে ভাবো। হ্যা? তোমার বাবা বরগুনা মাছ বাজার ব্রিজের গোঁড়ায় সবজি ব্যাচে। ভাইটা প্রতিবন্ধী। মা সেলাইয়ের কাজ করে। ভাই এটা কোনো জীবন হলো হ্যা? তুমি বড় বাড়ির বৌ হলে কত ভালো হবে বলো তো! তাদের কত উপকার হবে চিন্তা করেছো?”
সাগরিকা কেঁদেই চলে। আরফান রিভলবারটা সরিয়ে প্যান্টের পকেটে গুঁজে সাগরিকার হাত ধরে টেনে তোলে এবার। সাগরিকার পরনে একটা সাদা রঙের মসলিন কোটা শাড়ি। আরফান ওর আঁচল টেনে আবার মাথায়ও দিলো তা। এরপর টানতে টানতে নিয়ে গেল বাড়িটির নিচতলায়। এই বাড়িটির ঝকঝকে তকতকে ড্রয়িং রুমের এক কোণে মুখটা চুপসে রেজিস্ট্রি খাতা হাতে বসে আছে কাজী সাহেব। ওখানে আরো চারজন ছিল। আরফানের দলীয় কর্মী সব। কেবলমাত্র এই ক’জনের উপস্থিতিতে রেজিস্ট্রিটা হবে।
কাজী সাহেবের পেট গুড়গুড় করছে। গালে মারের দাগ। লোকটা আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি এখনো। বরগুনা সদরঘাট মসজিদের ইমাম সে। আরফান সাহিরের লোক গুলো যখন গিয়ে দাঁড়িয়ে ছিল দরজায়, শুরুতে এই পাপে সায় না দেয়ায় গালে চড় পড়েছে সপাৎ সপাৎ। এখন একদম নিশ্চুপ লোকটা, প্রাণের ভয় তার আছে।
কাঁপা হাতে বিয়ের রেজিস্ট্রেশন খাতা খুলে জানতে চাইলো,“মোহরানা কত বাঁধবেন!”
সাগরিকার পাথুরে মূর্তিটার দিকে তাকিয়ে আরফান সাহির আবার একটু হেসে বলল,“মোহরানা তো হওয়া উচিৎ ওর লাঙ্গের জামিনের কাগজ। তবুও সাত লাখ বাঁধুন। আব্বা আমার একাউন্ট দুইটা জব্দ করে রাখছে। ক্যাশ আপাতত আছে এটুকুই। আমি আবার মোহরানা না বুঝিয়ে দিয়ে বৌ ছোঁবো না।”
কাজী আলী হোসেন নিঃশব্দে শ্বাস ফেলল। এই পৈশাচিকতার বিপরীতে তাকে নির্লিপ্ত থাকতে হচ্ছে এটা ওপরওয়ালার কাছে কিভাবে জবাব দিবে সে বুঝতে পারছে না। পরপর তৈরিকৃত বিয়ের কাগজ উঠিয়ে নতস্বরে আওড়াতে লাগলো,“বরগুনা থানার ব্যাংকলোনি রোড নিবাসী মোহাম্মদ মোশাররাফ হোসেন চৌধুরীর সর্বকনিষ্ঠ পুত্র মোহাম্মদ আরফান সাহির চৌধুরী তোমাকে নগদ সাত লাখ টাকা দেন মোহর ধার্য করে বিয়ে করতে চাচ্ছে। তুমি কি রাজি?”
সাগরিকার গাল বেয়ে শেষবারের মতো গড়িয়ে পড়লো নোনাজল। এরপর হাতের পিঠে মুছে নিয়ে যান্ত্রিক কন্ঠে বলে,“কবুল।”
সাগরিকার শরীরটা ছেড়ে দিয়েছে এরপর। ও কোথাও তাকাচ্ছে না,কিছু দেখছে না। ও যেন জাগতিক সবকিছুর উর্ধ্বে চলে গিয়েছে তখন।
বাইরের ঝড় কিছুটা থেমে এসেছে তখন। কাজীর ফি দিয়ে তাকে বিদায় করে সাগরিকাকে টানতে টানতে বেডরুমে নিলো আরফান। এটা আরফান সাহিরদের পারিবারিক বাগান বাড়ি। বরগুনা জেলার দক্ষিণে পায়রা উপকূলে অবস্থিত। এক একর জমির ওপর বিস্তৃত এক প্রাসাদ। পর পর দুই আমলের রাজত্বের কালো টাকায় গড়া এই বাড়ি।
গোটা বেডরুম ফুল দিয়ে সাজানো। সব কাঁচা তাজা ফুল। আরফান সাহির সন্ধ্যায় যখন বুঝতে পেরেছিল সাগরিকা তার সাথে দেখা করবে তখনই সাজিয়ে রেখেছিলো। সে আবার দূরদর্শী চিন্তাশীল মানুষ। সন্ধ্যাতেই বুঝে গিয়েছিলো যে ফাঁদ সে বিছিয়েছে, পাখি খাঁচায় ঢুকতে বাধ্য। আরফান জিতবে। ও আসলে জেতার জন্য জন্মেছে।
বিছানার একপাশে সাগরিকা চুপচাপ বসে আছে। দরজার লক আটকে আরফান ঘুরে দেখলো ওকে। হাতঘড়িটা খুলে সেন্টার টেবিলের ওপর রেখে বলল,“ফরেনসিক রিপোর্ট কাল একদম ভোরে তালহার প্রসিকিউটরের কাছে চলে যাবে ডোন্ট ও্যরি! আসলে ডিসি স্যার এতো রাতে ঘুমিয়ে আছে তো, তাকে আর প্যারা দিলাম না। তালহা ছাড়া পাবে এই কেইস থেকে! চিটিং করবো না আমি। দুশ্চিন্তা ঝেড়ে ফেলো।”
সাগরিকা নিস্তব্ধ। যেন ও শোনেনি এ কথা। আরফান হেসে রিভলবারটা ড্রেসিং টেবিলের ওপর রেখে সাগরিকার সামনে গিয়ে বসে। সাগরিকা এ জীবনে মাত্র কয়েকবার সরাসরি চোখের দিকে তাকিয়ে ছিল লোকটার। এই লোকটার চোখ দু'টো ভীষণ কঠিন। কোনো পশুর মতো। ঠিক কোন পশু সাগরিকা বুঝতে পারে না। তবে তাকালে গা ঠান্ডা হয়ে আসে,শরীরের রক্ত চলাচল বন্ধ হয়। সাগরিকা চোখ নামিয়ে নেয়। আরফান মেয়েটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে পাশ থেকে উঠিয়ে একটা প্যাকেট ধরিয়ে দেয় মেয়েটার হাতে। আস্তেধীরে বলে,“মোহরানা। বুঝে রেখো।”
কোনো কিছুতেই সাগরিকার কোনো হেলদোল নেই। দৃষ্টি নিবদ্ধ পায়ের নখে। এসবে অবশ্য বিচলিত নয় আরফান। সে গায়ের শার্টটা খুলে দূরে ছুঁড়ে মেরে মিনিট দুয়েকের মতো চোখ বুলায় সাগরিকার পা থেকে মাথা। এরপর ঝাঁপিয়ে পরে সাগরিকার ওপর। সাগরিকা একটা বারের জন্যও লোকটার দিকে তাকায়নি আর।
আরফান ওর আঁচল টানার আগে অবশ্য বলল,“বাধা দেবে না? নাটক করবে না? প্লিজ আমাকে ছোঁবেন না। প্লিজ! এসব করে আপনি আমার দেহ পাবেন,মন পাবেন না। প্লিজ। এটা বলবে না?”
বলেই খুবই বিশ্রী আওয়াজে হাসলো আরফান। অতি পৈশাচিক সে হাসি। সাগরিকা কথা না বলে চোখ বুজিয়ে নেয়। দেখেনি কিছু। কেবল টের পেয়েছে একটা জানোয়ারের ঠান্ডা দু'টো হাত ওর সমগ্র শরীরে কিলবিল করছে। যন্ত্রণার সৃষ্টি করছে। সাগরিকাকে মারছে,সাগরিকার সত্তাকে মেরে ফেলেছে। দীর্ঘসময় পরে আরফান ওর গায়ের ওপর থেকে সরে গিয়ে পাশে শুয়ে একটা সিগারেট ধরিয়ে হাঁফ ছাড়ল। হাত বাড়িয়ে সাগরিকার শাড়িটা তুলে কপালের ঘামটুকু মুছে নিয়ে শান্ত গলায় বলল,
“কাল ও বাড়ি যাবে। তোমার শ্বশুরবাড়ি। একদম গাইগুই করেছো কি কাল তোমার বাপ কাঁচা বাজারে নারীকে শ্লীলতাহানির দায়ে গণধোলাই খাবে। ইউ নো! রাজনীতি আমি আবার গায়ের জোরে নয়,মাথা খাটিয়ে করি! আম্মাকে কল করে জানিয়ে দিচ্ছি!”
সাগরিকা শক্ত হয়ে শুয়ে ছিল সিলিং ফ্যানের দিকে দৃষ্টি দিয়ে। আরফানের কথা শুনে চোখদুটো ফের বুজিয়ে নিয়ে নিজেকে চাদরে ঢেকে ঘুরে যায়। ঘুরতে গিয়েই টের পেলো ওর বুক ভেঙে কান্না আসছে। তবে কাঁদলো না আর। এক রাতে এই লোক এতো সুখ পেয়ে যাবে এটা সাগরিকা মানতে পারছে না। নিজেকে সংযত করলো সে।
ঝড়ের দাপট কিছুটা কমে এসেছিল শেষ রাতের দিকে। সাগরিকার গলায় মুখ গুজে শুয়ে থাকা বিশালাকার শরীরটা সরিয়ে দিয়ে সাগরিকা উঠেছিল একবার। নিজেকে চাদরে ঢেকে বিছানার বাইরে পা রেখেছিল।
আরফান ঘুমায়নি,জেগেই ছিলো তখন। সাগরিকাকে নামতে দেখে শান্ত গলায় বলল,“মরতে যাচ্ছো নাকি আবার?”
সাগরিকা ঘুরলো, একদম আরফানের চোখে তাকিয়েই বলল,“যে রাজনীতি দিয়ে আপনি আমার আর তালহার জীবন নষ্ট করেছেন। এই রাজনীতিতে আপনার অন্তিম না দেখে মরবো না আমি আরফান সাহির! দুশ্চিন্তা করবেন না।”
আরফান হাসলো আবার,বলল,“হুম হুম। স্বপ্ন দেখতে বারণ নেই। আমিও স্বপ্ন দেখি আমি আপাকে সরিয়ে পরবর্তী প্রাইম মিনিস্টার হয়ে গেছি। তুমিও দেখো। স্বপ্ন দেখতে বারণ নেই।”
_________
“এই হুসাইন মুহাম্মদ তালহার জামিন হয়ে গিয়েছে। ছেঁড়ে দাও তাকে। ম্যাজিস্ট্রেট সাহেব সাইন করেছে বেইলে।”
ওসির ঘর থেকে বেইলের কাগজটা হাতে নিয়ে এ.এস.আই শাফায়েত মনসুর কাস্টডি রুমের সেন্ট্রিকে ধমকে আদেশ করলো। সেন্ট্রি অবশ্য প্রস্তুত ছিলো। এই নাটকের একটা ছোট অংশে সেও রয়েছে এ কথা আগে থেকেই জানতো সে।
ক্যাচক্যাচ শব্দ করে লোহার তালাটা খুলতেই তালহা চোখ তুলে তাকালো। চোখের দৃষ্টি মরা তার। গালের কাটা দাগ গুলো তখনো তাজা। রক্ত জমাট বেঁধে চটা হয়ে আছে স্থানে স্থানে। ফজরের আজান পড়েছে কখন? ঘন্টা দুয়েক আগে। এই সময়ের বেইল পাওয়ার যৌক্তিকতা সে বুঝতে পারছে না।
উঠে আসার আগে একবার ঘাড় ফিরিয়ে আশপাশটা দেখলো। এই সেলে সে ব্যতীত আরো দু'জন ছিলো যারা তখনো ঘুমাচ্ছে। তালহার শরীর ভীষণ দুর্বল। হাঁটুতে ভর দিয়ে উঠতে গিয়ে টের পেয়েছিল এটা। বিগত দু'দিন ধরে স্বল্প আহারে বেঁচে আছে সে। মাথাটা একইসাথে চক্কর দিয়ে উঠলো,কানের কাছে দামামা পেটাচ্ছে আরেক আওয়াজ। পার্টির সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর রাশভারী গলা বলছে,“তোমাকে এই মূহুর্তে আমার পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে বহিস্কার করা হলো, সেই সাথে নোমিনেশন ক্যানসেল এবং আজীবনের তরে বরগুনা জেলা শাখা থেকে তুমি ব্যানড! ইউ ব্লাডি রাস্কেল!”
আওয়াজটা ক্রমশ কমে আসে,সে আওয়াজ ছাপিয়ে গিয়ে আবার কানে বাজে সাগরিকার মরা কান্না। শেষ দুপুর দুইটায় দেখা হয়েছিল মেয়েটার সাথে। এই এখানেই এসেছিল,গায়ে একটা সাদা শাড়ি ছিল। স্বভাবতই ভীষণ দুর্বল মেয়েটা। কেঁদে বলেছিল,“আপনার জামিন হয়ে গেলেই আমাকে বিয়ে করবেন। আমি আর কিছু শুনতে চাইনা। আপনার নির্বাচনের গুষ্টি কিলাই! এই রাজনীতি আর করতে হবে না। আপনি আমাকে নিয়ে বরগুনা ছাড়বেন।”
মেয়েটা কোথায়? দুলছে তালহা ভাবতে ভাবতে। সে কিভাবে ছাড়া পেয়েছে? উকিল কোথায়? কত কত প্রশ্ন এসে জটলা পাকাচ্ছে মাথায়। সারা রাতের বৃষ্টিতে ছোট শহরটা ভেসে গিয়েছে। নালা আটকে রাস্তায় পানি গোড়ালি সমান। বরগুনা থানা থেকে ভূমি অফিসের এরিয়াটা একটু নিরিবিলি। তালহা নোংরা পানিতে পা ডুবিয়ে হাঁটে। পকেটে দশটা টাকা থাকলে রিক্সা নেয়া যেত। কিন্তু ফোনটা ছাড়া আর কিছুই তালহা ফেরত পায়নি থানা থেকে। পথে যেতে যেতে যত পথচারী তাকাচ্ছে ওর দিকে,সবাই বেশ বিভ্রান্ত। হয়তো মুখটা দেখে বুঝতে পারছে না এ তাদের আগামীর সম্ভাব্য মেয়র হুসাইন মুহাম্মদ তালহা।
বেশ শব্দ করে ফোনটা বাজলো। স্ক্রিনে আরফান সাহিরের নাম্বারটা দেখে শুরুতে একটা গালি দিয়ে রিসিভ করলো কলটা। দুর্বল কন্ঠে ক্ষোভ নিয়ে বলল,“কি?”
_ছাড়া পেয়েছিস? ঠিক আছিস?
বলতে বলতে হাসছে আরফান। তালহা বুঝে যায় ওকে ওর সবকিছু ফিরিয়ে না দিলেও এই ফোনটা কেন ফিরিয়ে দেয়া হয়েছে। এই জানোয়ারটা যাতে ওকে খোচাতে পারে তাই! বুকটা হুট করেই কাঁপতে শুরু করেছে তালহার,ও সোজা বলল,“সাগরিকা কোথায়?”
ওপাশে আরফান চুপ। তালহা অধৈর্য হলো,গলা কাঁপল ওর,কন্ঠে অনুরোধের সুর,“সাহির! ভাই ! ও আমার অনেক আদরের! মাসুম একটা মেয়ে। দিন দুনিয়ার ভালো মন্দ কিছু বোঝেনা,তুই ওকে কিছু করিস না….”
_আমি ওকে বিয়ে করে নিয়েছি।
সরাসরি, স্পষ্ট জবাবটা দিলো আরফান। তালহা কানে ফোন চেপে থেমে আছে। ওর নিস্তব্ধতা নাড়িয়ে দিয়ে আরফান আবার বলল,“নিজের অকাতের মধ্যে থাক এখন থেকে! তোকে দয়া করে জানে ছেড়েছি। ভুলেও আমার পথ মারাতে আসবি না আর ফকিন্নির বাচ্চা! তাহলে প্রাণটাও থাকবে না!”
_________
ডিকেপি রোড থেকে পশ্চিমে তিন চার মিনিটের মতো সামনে গিয়ে ডানে ঘুরলেই চড় গলির মোড়। উত্তর পাশের সাদা রঙের বড় বিল্ডিংটা ব্যাচেলর বিল্ডিং হিসেবে পরিচিত। আপনি ব্যাচেলর হয়ে থাকলে,মফস্বলের এই কোণটাতে আবাসিক গলি গুলোতে চিরুনি তল্লাশি দিয়ে যদি বাসা খুঁজতে যান,তবে আপনার সারাদিনের শ্রম বৃথা। সেই সকল অসহায় ভাই,যারা অসহায় পর্যায়ের ব্যাচেলর,এই মফস্বলে এসে বাসা খুঁজতে গেলে বাড়িওয়ালারা নাক কুঁচকে যাদের মুখের ওপর “ব্যাচেলরদের ভাড়া দেয়া হবে না” বলে ধপাস করে দরজা লাগিয়ে দেয়, তাদের স্বার্থে আজ থেকে চার বছর আগে এক বৃদ্ধ দম্পতি বিল্ডিংটা তুলেছিল। সুন্দর,স্বচ্ছ, মনোরম পরিবেশ। মোট চার তলা বিল্ডিংটা। প্রতি তলায় চারটা ইউনিট। দোতলার পুরোটা অবশ্য সেই নিঃসন্তান বৃদ্ধ দম্পতির দখলে। ১৮-৮০,যে সকল বিবাহিত কিংবা অবিবাহিত ভাইয়েরা চাকুরী কিংবা পড়াশোনার তাগিদে এই বিল্ডিংয়ে স্থান নেয়, উহারা মাত্রই স্বীকার করবে তারা তাদের জীবনের সুন্দর সময় টুকু কাটাচ্ছে এখানে। বৃদ্ধ মুত্তালিব খন্দকার তার ভাড়াটিয়াদের দেখভালে সর্বদা সচেষ্ট। অবশ্য এজন্য ব্যাচেলদের মোটা অংকের ভাড়া গুণতে হয় মাসে মাসে। সে নিয়ে তাদের প্যারা নেই। ব্যাচেলর থেকেও স্বাস্থ্য সম্মত খাচ্ছে, পরিচ্ছন্ন পরিবেশ পাচ্ছে এই ঢের। বিল্ডিংয়ে দুই জন বাবুর্চি ও দুইজন কেয়ার টেকার নিযুক্ত।
ডিকেপি রোডের এই কোণাটা এই সব ভদ্রলোকের হাক ডাকে মোরগ ডাকার আগেই জেগে ওঠে রোজ। আতাহার বাবুর্চি সদাইয়ের লিস্ট নিয়ে আসে, কেয়ারটেকার সুরঞ্জন মেইন গেট খুলে দেয়।
সকাল বেলাতেই চটপটে গরমা-গরম খবরটা পৌঁছাল মৃন্ময়ের কানে। মৃন্ময় শিকদার তার নাম। চিফ জার্নালিস্ট এবং ফাউন্ডার অব ভয়েস অব বরগুনা।
খবরটা এসেছিল ফোনে। সরকার দলীয় পার্টির বরগুনা শাখার প্রেসিডিয়াম সদস্য হুসাইন মুহাম্মদ তালহা,আন্দাজ করা ছিল পরবর্তী মেয়র পদটা যে দখল করবে, দু'দিন আগে যে ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে জেলে ঢুকেছিল সে আজ ছাড়া পেয়েছে। একদম ফজরের পরে।
মাইকেল দিয়েছে খবরটা। মৃন্ময়ের ঘুম ভেঙেছে। ও বেশ শান্ত গলায় জবাব দিলো,“সব ক’টা বদের বদ শূয়োরের দল। আমি জানতাম তালহা নির্দোষ। ঐ আরফান শূয়োরটা কোনো স্বার্থে নিজের দলের মানুষকে ফাঁসিয়েছে,আবার বাঁচিয়েছে। এই তালহা বলো আর আরফান বলো,এরা সব ক’টা শুয়োর। দাঁত গজিয়েছে তাই দলের লোকের পাছায় কামড় বসাচ্ছে। আচ্ছা ফোন কাট। নাস্তা খেয়ে আসছি অফিসে।”
ভীষণ সুদর্শন না হলেও আকর্ষণীয় পুরুষালি দেহসৌষ্টব। লম্বা, ছিমছাম গড়ন। ভ্রুর কাছে তেরছা করে একটা কাটা দাগ আছে অবশ্য। একবার তিনজন আততায়ী মিলে কুপিয়ে চিহ্নটা করে দিয়েছিল। তবে দাগটা মুখে বেমানান না। চাদরটা গা থেকে সরিয়ে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে হাত পা নেড়ে আয়েশী শরীরটাকে ঝালিয়ে নিচ্ছে সে। ঘাড়ের অলস রগটা মটমট করছে। সকাল সাতটা থেকে আটটা তার ওয়ার্কাউট করার সময়। পরিশ্রমের একঘন্টা। সাথে থাকে মেথি ভিজানো পানি। এরপর নিয়ম মতো গোসল, তারপর লেগে পড়া জীবিকায়। এই তো জীবনের রূটিন!
কল ঘর থেকে বেরিয়ে এসে ফোনটা আবার তুলল মৃন্ময়। তবে যাকে কল করবে বলে ভেবেছিল সে ওর সামনেই এসে বসলো। মৃন্ময় গম্ভীর গলায় বলল,“এবং তারপর?”
ফাটা বেলুনের মতো চুপসে আছে সজলের মুখ, হাই তুলে গড়গড় করে আজকের ডেডলাইন বলতে লাগলো,“কদম তলীতে দুই বন্ধুর সাথে দুই প্রবাসীর দুই বৌয়ের পরকীয়া,ধরা খাওয়ায় এলাকাবাসী চারজনকে জুতার মালা দিলো পরিয়ে,
বরগুনায় উঠতি মডেল রিসা বিয়ে ছাড়াই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, ইটবাড়িয়ায় তরুণের বাড়িতে বিয়ের দাবিতে এস.এস.সি. পরীক্ষার্থীর অনশন, বেতাগীতে গোরুর সাথে দুধ দিতে শুরু করেছে সদ্যজাত বাছুরও, এলাকার মানুষ ভিড় করেছে এই অলৌকিক ঘটনা দেখতে, ক্রোক এরিয়ায় হারুন পেয়াদা নামের ব্যক্তির চারজন স্ত্রী একসাথে গর্ভবতী, রায়ভোগে…”
_থামো,থামো,থামো। এনাফ,হয়েছে,আর শুনতে চাইনা।
ধমক মেরে সজলকে থামিয়ে এক চুমুক পানি খেয়ে দম ফেলল মৃন্ময়। পুশআপ দেয়ার মুড নষ্ট হয়ে গেছে তার। প্রশস্ত কপাল কুঁচকে আছে বিরক্তিতে।
সজল মলিন সুরে বলল,“ভাই এইসব কোনো নিউজ করার মতো নিউজ? কতবার বলছি আরফান সাহিরের মামলাটা হাতে নিই আমি। আপনারা না পারলে আমাকে দেন।”
মৃন্ময় তাচ্ছিল্য নিয়ে হেসে বলল,
_হু আর তোমার রগ কেটে ধানক্ষেতে ফেলে রেখে আসুক তারা। তারপর তোমার বাবা মাকে কে দেখবে? আমি তো পারবো না!
_এতো পঁচা কলিজা নিয়ে জার্নালিজম করতে আসছেন ভাই? মাঝে মাঝে ভেবে অবাক হই।
সজলের বিদ্রুপ শুনে আবার হাসলো মৃন্ময় যেন কোনো কৌতুক শুনলো ও। বলল,“হু ঠিক বলেছো। আমার পঁচা কলিজা!”
শ্বাস টানলো সজল, আক্ষেপ নিয়ে বিড়বিড় করলো,
_কোন ভূতের বুদ্ধিতে যে এই পেশা বেছে নিয়েছি আল্লাহ জানে। শা’লা সারাদিন কোন মেয়ে কোন ছেলের সাথে পার্কে ঘুরে বেড়াচ্ছে এইসব নিউজ করতে হয়। লাইফে প্রেম নাই, আনন্দ নাই। আপনার তো তাও বডি ফিটনেস, চেহারা সুরত ভালো আছে। জিএফ একটার পর একটা লাইনে দাঁড়িয়ে থাকে আপনার। আমার তো তাও নাই। মেয়েরা ডরায় আমি কালা বলে!
মৃন্ময় পুশআপ থামিয়ে হাসতে লাগলো সজলের কথায়।
সজল বলে যায়,“এর চেয়ে অনলাইনে পাইকারি জামাকাপড় বেঁচবেন? যে সাংবাদিকতায় মেরুদন্ড সোজা করে রাখতে পারি না,ক্যামেরার সামনে সত্যিটা বলতে পারিনা,সেই প্রফেশনে থেকে কি লাভ? এর চেয়ে লাইভে গিয়ে থ্রিপিস বেচি চলেন,একদাম পাঁচশ,এক দাম পাঁচশ। আপুরা,ভাবীরা,খালারা। একদাম পাঁচশ।”
সজলের কথা শুনে মৃন্ময় হেসে গড়াগড়ি খেলো কতক্ষণ। এরপর হুট করে সুন্দর মুখটা গম্ভীর হয়ে গেল। উঠে তোয়ালেতে কপালের ঘামটুকু মুছে সজলের পিঠ চাপড়ে বলে,“ধৈর্য্য হারিয়ো না। সাংবাদিকতা মানে হৈহৈ রৈরৈ করা না। এখানে সাহসের সাথে সাথে সমান ভাবে প্রয়োজন বুদ্ধির। আরফান সাহিরদের ডেইলি ডেইলি খোচাতে নেই বোকা ছেলে। ওরা জাত গোখরো। এক থাবায় ঘাড় চেপে ধরে বিষ দাঁত ভাঙতে হয়। থাবা রেডি করতে সময় লাগবে। চলো আগে মন্টু মামার দোকান থেকে ডিম পরোটা খেয়ে আসি। তারপর তোমাকে বোঝাচ্ছি।”
এই এজেন্সির সবচেয়ে পরিশ্রমী ছেলেটা সজল। তার নিষ্ঠা এবং একাগ্রতা সবসময় মৃন্ময় শিকদারকে মুগ্ধ করে। এম্প্লয়িদের মাঝে ওকে একটু বেশি ভালোও বাসে মৃন্ময় । এইতো সাত সকালে এলে নিয়ে গিয়ে নাস্তাপানি করিয়ে পকেটে টাকা ঢুকিয়ে বলবে,“আব্বা আম্মাকে কিনে দিয়ো কিছু লাগলে।”
সজল এই বেখেয়ালি স্বভাবের,পরিবার ত্যাগী লোকটাকে পছন্দ করে,শ্রদ্ধা করে বড় ভাইয়ের মতো। কেউ যখন বলে জার্নালিস্ট মৃন্ময় শিকদার তো একটা বদের বদ। জিএফ টেকেনা শা’লার ওর বদ স্বভাবের কারণে। কথাটা আংশিক সত্যি। মৃন্ময় বলে লোকটার সাথে সুস্থ কোনো মেয়ের প্রেমের সম্পর্ক লম্বা হয়না। তবে কথাটা আংশিক সত্যি হলেও যে এসব প্রচার করে বেড়ায় তাকে ধরে পেটাতে মন চায় সজলের।
ডিকেপি রোডের দক্ষিণে মন্টু মামার দোকান। মৃন্ময়ের পছন্দের একটা জায়গা। দূরত্ব স্বল্প হলেও বাইক নিলো। কারণ নাস্তা খেয়েই একটা বিশেষ জায়গায় যেতে হবে। দুই মিনিটের পথ অতিক্রম করার পরে অবশ্য ব্রেক টানতে হলো বাইকের। সামনে বিশাল জটলা। দু’পাশে ফাঁকা থাকলে অবশ্য টান মেরে চলে যাওয়া যেত। এখন বাধ্য হয়ে থেমে পাশের এক লোককে বলল,“কি হচ্ছে সামনে?”
সামনে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। কোনো মেয়ের গলা। পাশের লোকটা চূড়ান্ত বিতৃষ্ণ। বলল,“আরে মৃন্ময় ভাই! আর বইলেন না। প্রেমে ছ্যাঁকা দিয়ে ছ্যামরা আরেকটা বিয়ে করছে। এখন সেই ছেমরি এসে বিয়ের গাড়ি থামিয়ে কান্নাকাটি করছে। হুড়োহুড়িতে একটা বাইক এক্সিডেন্ট হয়েছে। কি যে জ্বালার জ্বালা! এইসব প্রেম পাগলু পোলাপাইনদের কানের নিচে দুইটা লাগায়া দিতে ইচ্ছে করে,এদের বাপ মা তো পারে না। আচ্ছা আপনার ক্যামেরা আছে? যান নিউজ করেন।”
মৃন্ময় কেশে উঠলো। গলাটা সামলে আস্তেধীরে বলল,“আচ্ছা দেখছি।”
__________
দিলশাদের গাঢ় ঘুমের ছেদ ঘটিয়ে মুঠো ফোনটা বেজে উঠলো। এলার্মের জন্য রিংটোনের ভলিউম বাড়িয়ে দেয়া ছিল বিধায় কানের পর্দা ফেটে যাচ্ছে এখন। একটা নির্ঘুম রাত কাটিয়ে ভোরের দিকে ঘুমিয়ে যাওয়ার দরুন শরীর জুড়ে অবসন্নতা,তার ওপর রাত্তিরে যে বড্ড ধকল গিয়েছিল সেই ক্লান্তি সমগ্র হাড় চামড়ায় এখনো জেঁকে আছে। ও
হাত বাড়িয়ে ফোনটা কানে চেপে ঘুম ঘুম গলায় বললো,“হু! হ্যালো!”
ওপাশ থেকে নারী কন্ঠ প্রায় চেঁচিয়ে বলল,“দিলশাদরে! দিবা এইসব কি করতেছে ডিকেপি রোডে? মাহিন বৌ নিয়ে আসতে ছিল,ওর বিয়ের গাড়ি থামিয়ে ভাঙচুর আর সিনক্রিয়েট করতেছে, পুলিশ এসে যাবে তো! তুই কই? শিগগির আয়,আমি আর তোর খালু আইতেছি!”
বুকটা আচমকা ধড়ফড় ধড়ফড় করে উঠলো। একটা শীতল স্রোত পিঠ বেঁয়ে আঁকাবাঁকা হয়ে নেমে গেলো ওর। দিলশাদ উঠে বসে। খট করে কলটা কেটে দিয়ে গা থেকে কাঁথা সরিয়ে পা নামিয়ে স্লিপার পরে চেঁচায়,“মুগ্ধ! মুগ্ধ,আপা কই? মুগ্ধ, আপা কই?”
মুগ্ধ গাঢ় ঘুমে আচ্ছন্ন ছিল। দিলশাদের হেড়ে ডাক শুনে চোখ খুলে লাফিয়ে উঠেছিল সেও, তবে ক্র্যাচটা তুলে হেঁটে আসতে একটু দেরিই হলো। দিলশাদ পার্স খুঁজছিল,মুগ্ধকে দেখে মেজাজ সপ্তমে,“আমি সারারাত না ঘুমিয়ে তোকে ঘুমাতে দিলাম। ফজরের সময় উঠিয়ে বললাম আপাকে দুই ঘণ্টা চোখে চোখে রাখ সেটাও পারলি না? তোর দ্বারা হবেটা কি বলতো?”
মুগ্ধর মুখ থেকে রক্ত সরেছে। এতো অসহায় বোধ করছিল যে মেজো আপার চোখের দিকে তাকানোর সাহস নেই! তবুও মিনমিনে গলায় বলল,“আপা কই?”
_কই আবার? তোর বেকুব আপা ডিকেপি রোড গিয়ে তার বিশ্ব প্রেমিকের বিয়ে আটকাচ্ছে। এমন নির্লজ্জ মেয়ে মানুষ আমার জীবনে দেখিনি মুগ্ধ। আচ্ছা আপা কি আমার বোন? আজ সত্যিই ওর একদিন কি আমার একদিন!
দিলশাদ মুখে একটু পানির ঝাপটা দিয়েছিল কেবল। চুলে চিরুনি বসেনি, ঠোঁট ফাটা আর গাল রুক্ষ। পাগলিনী বেশে এক তেইশ-চব্বিশ বছরের মেয়ে বরগুনার সদর রোড হয়ে দৌড়ে যাচ্ছে কলেজ রোডের দিকে। রাস্তার কৌতুহলী পথচারী বিষয়টা খুবই উপভোগ করছে। দিলশাদের সেদিকে কোনো খেয়াল নেই। তার সংগ্রামী জীবনের গল্পবইয়ে এক পাতা দু পাতা আরাম থাকে যদিও,বাকিসময় ছুটতে হয় এভাবেই। ওর ভাগ্য সবসময় তাতে মদদ দেয়। দিলশাদ ছোটো বেলা থেকেই ভীষণ চটপটে ছিল বিধায় আব্বা সবসময় ওর জন্য একটা গান গেয়ে বেড়াতেন,
“দূরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক,
এই দুনিয়া ঘোরে বনবনবন,ছন্দে ছন্দে কত রং বদলায়,
রং বদলায়।”
ঠিক তাই। দিলশাদ একটা ঘূর্ণি। ওর সবসময় পাক লেগে থাকে।
ডিকেপি রোডের একদম পশ্চিম মাথায় ঘটেছে ঘটনাটা। এটা তিন রাস্তার ব্যস্ত মোর। দুই পাশে আবাসিক আর পূর্ব দিকে সরকারি কলেজ এরিয়া। এখন সকালের সময়টাও ব্যস্ত ভীষণ। এক ঝাঁক স্কুল শিক্ষার্থী উৎসুক হয়ে দেখছে। ওপাশে দাঁড়িয়ে কয়েকজন ব্যাংক কর্মকর্তা আর গড়পড়তা সাধারণ পথচারীও দাঁত কেলিয়ে হাসছে।
একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে বিয়ের গাড়ি থামিয়ে বর বেশে থাকা এক লোককে ধরে কান্নাকাটি করছে। আবার চড় থাপ্পড় মেরেছে। তার হুড়োহুড়ির চক্করে ইতিমধ্যে দু'টো এক্সিডেন্ট ঘটে গিয়েছে। দু'জন বাইক আরোহী হুট করে ব্রেক কষায় পড়ে গিয়ে হাতে পায়ের ছাল তুলেছে।
মাহিন বরের নাম। নিজের মানসম্মান আর নতুন বৌ নিয়ে মাইক্রো গাড়িতে ওঠার তালে রয়েছে। তবে দিবা নামক মেয়েটা দিচ্ছে না। চূড়ান্ত পাগল পাগল অবস্থা তার, গায়ের ওড়নাটাও ঠিক নেই,মাহিনের পিঠের কাছটা খামচে ধরে আবার চেঁচায়,“মাহিন শোনো,তুমি আমার সাথে এটা কেন করলে জবাব দিয়ে যাও….!”
এতো কাণ্ডের মাঝে যখন আরেক কাণ্ড ঘটলো,পাবলিকের মুখ হা হয়ে গেলো নিমিষেই। দিলশাদ গিয়ে বোনকে ছাড়িয়ে বুকের মাঝে টেনে চেঁচালো মাহিনের ওপর,“জংলি শূয়োর! ইদুরমুখো কুত্তা! তিন মাসের মধ্যে আমার আপাকে যদি তোর চেয়ে ভালো পাত্রের কাছে বিয়ে না দিতে পেরেছি তো আমার নামও দিলশাদ নয়!”
অপ্রকৃতিস্থ দিবা ততক্ষণে মূর্ছা গিয়ে ঢলে পড়েছে বোনের গায়ে। মাহিনের নতুন বৌয়ের মুখটা ছিল দেখার মতো। মাহিন তাকে টেনে গাড়িতে ঢুকিয়ে পগারপার। এদিকে দিলশাদের খালা সুফিয়াও ঘটনাস্থলে পৌঁছেছে। এসে অচেতন দিবাকে আগলে নেয় বুকে। ভদ্রমহিলার হাসবেন্ডও এসেছেন ততক্ষণে। শাহজাহান বরগুনা সরকারি কলেজের অফিস সহকারী। এসেই তাড়াহুড়ো লাগিয়ে অটো ডাকলো।
থরথরিয়ে কাঁপছিল দিলশাদ। ক্ষোভ আর ঘৃণার দাপটে ভেঙেচুরে যাচ্ছিল ও। কিছু সময় লাল চোখে ঘুরে ঘুরে পথচারীদের দেখে। নাকের পাটা কাঁপছে ওর। দাঁত কেলিয়ে হাসতে থাকা পথচারীরা ওর দৃষ্টি দেখে চোখ নামিয়ে ভিড় কাটায়।
দিলশাদ আরো কিছুক্ষণ হাত মুঠি করে দাঁড়িয়ে ছিল, এরপর ঘুরে এসে ঠিক মৃন্ময়ের সামনে দাঁড়ায়। এতক্ষণ ধরে লোকটাকে খেয়াল সে ঠিকই করেছে। শক্ত তবে ধীর গলায় জানতে চাইলো,“কি এটা? আপনি কি করছেন?”
মৃন্ময় ভড়কে যায় কিছুটা। ফোনটা নামিয়ে ঠিক সামনে দাঁড়িয়ে পড়া মেয়েটাকে দেখে পা-মাথা। একটা ম্যারমেরে সুতি সালোয়ার কামিজ পরনে,দুই পায়ে দুই টাইপের জুতো। মৃন্ময় নিজেকে সামলে নিয়ে ভদ্র গলায় বলে,“ওও এটা আইফোন। আ’ম জার্নালিস্ট! মৃন্ময় শিকদার। ভয়েস অব বরগুনার প্রতিষ্ঠাতা! চেনেন হয়তো।”
দিলশাদ শ্বাস ফেললো,ও লোকটাকে চেনে। তবে পরিস্থিতি ওলটপালট করে দিয়ে বলল,“এভাবে জার্নালিজমের নাম করে একটা অসহায় ভিক্টিম মেয়ের ভিডিও ধারণ করে তার আগামী দিনগুলো নস্যাৎ করে উপার্জন করার চাইতে ভিক্ষা করতে পারেন না?”
জমে থাকা যত রাগ, ক্ষোভ আর অন্তরের যত জ্বালা। লাভার মতো উপচে পড়লো ওর। মৃন্ময় হা হয়ে গেল। গলা খাঁকারি দিয়ে বললো,“দেখুন আ’ম জার্নালিস্ট আর আপনার আপা পাবলিকলি…!”
ওকে পুরোটা কথা বলতে না দিয়ে দিলশাদ বলে,“মোবাইল সাংবাদিক কোথাকার!”
ধপ করে মাথাটা ধরে গেল মৃন্ময়ের। গলা শক্ত হয়ে এসেছে ওর,বলল,“হেই! ট্রাই টু….!”
_জার্নালিজম কি বোঝেন?
দিলশাদের এ প্রশ্নে ভীষণ অপমানিত বোধ করলো মৃন্ময়। তাচ্ছিল্য নিয়ে জানতে চাইলো,
_ও! তো আপনি আমাকে জার্নালিজম শেখাবেন?
দিলশাদ ওড়নার কোনে চোখের পানি পানি মুছে বলতে থাকে,“না শেখাবো না। তবে এই ভিডিও আর খবর যদি আপনি প্রচার করেছেন,তাহলে আপনি গু খান,গু খান,গু খান। আপনার মায়ের কসম, আপনার বোনের কসম,আপনার খালার কসম, আপনার ভাবির কসম, আপনার বাসার সব মেয়েদের কসম!”
ঠিক যে গতিতে এসেছিল ফিনফিনে শরীরের কাঠখোট্টা দেখতে মেয়েটা,তার চেয়ে দশগুণ বেগে চলে গেল।
দিলশাদ চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ মৃন্ময় একটা ঘোরের মধ্যে ছিল। ও পুরো বেকুব বনে গিয়েছে। মন্টু মামার দোকান আর আজকের বিশেষ কাজের কথা ভুলে গিয়ে ক্ষিপ্র গতিতে বাইকে চেপে সোজা গিয়ে ঢুকলো এপার্টমেন্টে। বক্সিং পিলোটাকে মনে হচ্ছে মেরে ফেলবে সে। সজল গিয়ে আমতা আমতা করে বলল,“ছেড়ে দেন না। বাচ্চা মেয়ে মানুষ…”
মৃন্ময় হাপাচ্ছে,বলল,“নাম দিলশাদ এতটুকু জানলাম। বরগুনা ছোট শহর। এই মেয়েটার ডিটেইলস চাই আমার! আমাকে গু খেতে বলে। আমাকে মোবাইল সাংবাদিক বলে। ব্লাডি ইডিয়ট!”
চলমান……
বিশেষ দ্রষ্টব্য 🚫
১.গল্পের প্রতিটি চরিত্র,গল্পে বর্ণিত প্রতিটি স্থান ও কাহিনী বিন্যাস,সবকিছুই লেখকের কল্পনাপ্রসূত। এর সাথে বাস্তবের কোনো মিল নেই,আপনারা খুঁজতে যাবেন না।
২.এছাড়াও গল্পটির আগামী পর্বগুলোতে,গল্পের প্রয়োজনে আমাকে বিভিন্ন সংবেদনশীল শব্দ ও দৃশ্য লিখতে হবে। যারা এসবে অভ্যস্ত নন তারা লেখকের স্বাধীনতাকে সম্মান করে এড়িয়ে যাবেন আশা করছি।
৩.আমি ব্যক্তিজীবনে এ বছর খুবই ব্যস্ত হয়ে পড়েছি। আমার ফাইনাল ইয়ার এ বছর। গল্পটি দুই তিন দিন পর পর পাবেন। তবে বড় বড় পর্বই দেয়ার চেষ্টা করবো।
[ সবাই মন্তব্য করবেন প্লিজ। আপনাদের আগ্রহ আমাকে লিখতে প্রেরণা দেয়। 🖤 ]