ফন্ট সাইজ:
থিম:
আগুন রাঙা ফাগুন

পর্ব 2

লেখক: ইসরাত ইতি

#আগুন_রঙা_ফাগুন🍂 [ ২ ]

১৩-ই আগস্ট,২০১৭.
এই তো চারদিন আগের খবরটা ভয়েস অব বরগুনার প্রথম পাতায় দগদগে হয়ে আছে এখনো। বরগুনা এক আসনের শীর্ষস্থানীয় নেতা হুসাইন মুহাম্মদ তালহার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলেছেন বরগুনা নারী ক্রিড়া দলের সক্রিয় এক নারী কর্মীর বাবা। ভিক্টিম বরিশাল শেরেবাংলায় চিকিৎসাধীন, অবস্থা গুরুতর। দূর্ঘটনার সন্ধ্যায় “খেলাঘর” ক্লাবের অভ্যন্তরীণ ঝামেলা নিয়ে তালহার সাথে মিটিংয়ে গিয়েছিল ভিক্টিম। সেখানে তাদের বাকবিতন্ডা ঘটে বলে তথ্য পাওয়া গিয়েছে। এরপরের একটা দিন ভিক্টিম মিসিং থাকার পরে তার অর্ধমৃত শরীর দক্ষিণ বরগুনার ময়লাখোলার কাছ থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে যেসব স্যাম্পল পাওয়া গিয়েছে তা নিশ্চিত ভাবেই হুসাইন মুহাম্মদ তালহার অপরাধের সত্যতা জানান দিয়েছিল। তাকে তৎক্ষণাৎ এরেস্ট করেছিল বরগুনা ডিবি। তবে আজ শুক্রবার নাগাদ ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তার নিরপরাধ হবার খবরটি শুনে জনগণ নিশ্চিন্ত। স্বস্তির শ্বাস ফেলেছে। আর যাই হোক,এই লোকটার বিরুদ্ধে এই অভিযোগ মানাটা কষ্টের বিষয় তাদের কাছে। মবরা ,যারা কাস্টডিতে নেয়ার আগে উস্কানি পেয়ে তালহার গায়ে হাত তুলেছিল তারাও লজ্জিত অনেকটা। তালহার মুক্তির খবরটা ছড়িয়েছে বাতাসের বেগে।
তিনজন শীর্ষ সাংবাদিকের ফেসবুক পেজ থেকে ঘোষণা দেয়া হয়েছে। ছাপাখানায় এ সপ্তাহের “রাজনীতির রীতি” ফর্মায় গোটা অক্ষরে ছাপা হবে হেডলাইন।
তবে দলের সভাপতি ওরফে সাংসদ মহোদয়, মোশাররফ হোসেন চৌধুরী যদিও তাদের থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য রাখেননি। দলের বহিষ্কৃত সদস্যকে পুনরায় দলে ফেরানো হবে কিনা এটি জানতে উদগ্রীব সমর্থক থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বীরাও। যেহেতু সামনে পৌরসভা নির্বাচন।

দরজায় ঠকঠক আওয়াজ হয়। বাড়িটা পুলিশ লাইন এরিয়ার সবচে নিরিবিলি প্লটে। আশেপাশে ঘন বসতি নেই। অসুস্থ সালমা বেগম তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে ছুটে গিয়ে দরজা খুললেন। সামনে বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে থাকা তার ছেলেটা ছিল ভীষণ সুদর্শন। যেমন লম্বা,তেমন মুখশ্রী। চলনে,বলনে,ভাষণে মানুষের মনের মধ্যে পৌঁছে যেতো অতি অল্প সময়ে। মেয়েরা লুকিয়ে দেখতেও ছাড়েনা ভারিক্কি এই পুরুষটিকে। রাজনীতির দুনিয়ায় নিজস্ব দোষ গুণ ছাপিয়ে এতো অল্প বয়সে ছেলেটা হয়ে উঠেছিল এ শহরের অন্যতম মান্য গন্য ব্যক্তিত্ব। সেই দুই হাজার নয়ের ঘটনা। সরকার যখন প্রথম ক্ষমতায় গিয়েছিল। ছেলেটা ঘোষণা দিয়ে ছাত্র নেতৃত্বের ভার কাঁধে নিয়েছিল বলে সালমা কত রেগেছিল। কিন্তু পরবর্তীতে ছেলেটা তার নিষ্ঠার প্রমাণ দিয়েছিল একের পর এক জনসেবা করে। রাজনীতিতে নিজের জায়গা পোক্ত করে। গোটা আট বছর ছেলেটা খাটলো।
এখন তার বলিষ্ঠ ছেলেটা কোথায়? তার সামনে নেই সেই ছেলেটা। তার সেই হুসাইন মুহাম্মদ তালহা নেই। তার আদরের বাচ্চাটা নেই।
শ্বাস নিলো সালমা,হাত বাড়িয়ে ছেলের ক্ষতবিক্ষত গাল ছুঁয়ে বলল,“সাগরিকার আব্বার নাকি ও বিয়েতে সায় আছে। ফোন করেছিল ওর মা। যা ঘটেছে ভুলে যাও। তুমি তোমার জিনিসপত্র গোছাও। বরগুনা ছাড়বো আমরা। কানাডার টিকিট কাটবো, তোমার মামার কাছে গিয়ে থিতু হবো। তোমার চাচাকে বলবো সবগুলো প্লট বিক্রি করে টাকা আমার একাউন্টে ট্রান্সফার করতে।”

চেয়ারে বসলো সালমা। তালহা পাথুরে চাউনিতে মাকে দেখলো কিছুক্ষণ। এরপর ভেতরে ঢুকলো। হুট করে মায়ের পায়ের কাছে বসে মায়ের কোলে রাখলো মাথা, ক্ষীণ আওয়াজে বলল,“আমি কিভাবে বাঁচব আম্মা? বলো না।”

________

জায়গাটা বনজ গাছে ঠাসা। আলিজার কাছে বহুবার জায়গাটার গল্প শুনেছিল সাগরিকা। ভোর হলেই নাকি পাখি এসে মানুষ জাগিয়ে দেয়। কথার সত্যতা আছে। সাগরিকার শেষ রাতের ঘুমটা ভেঙেছিল পাখির ডাকেই। শরীর জুড়ে প্রকট অবসন্নতা। সাগরিকা দুর্বল দুটি চোখ মেলে শুরুতেই দেখতে পেলো সেই পশুর মতো চোখ দু'টো। যে এতক্ষণ তার দিকেই চেয়ে ছিল। সাগরিকা জেগে ওঠায় চোখ সরিয়ে আরফান হাতের ফোনটা নিয়ে কিছু দেখলো। নির্বিকার গলায় বলল,“সকাল দশটা প্রায়। উঠতে হবে। খাওয়া-দাওয়া করতে হবে তো না কি!”

বুকের মধ্যে চাপা যন্ত্রণাটা ফলাও করে ছড়িয়ে পরলো গোটা শরীরে। সাগরিকা স্থবির হয়ে শুয়েই থাকে চাদরে জড়িয়ে নিজেকে, ফ্যালফ্যাল করে চেয়েই থাকে সামনে।
আরফান খুব সুন্দর একটা হাসি দিয়ে বিছানা ছাড়ল। লোকটার পরনে কেবল মাত্র একটা ট্রাউজার। গা খালি। আড়মোড়া ভাঙতে যখন শরীর ঝাকালো তখন পিঠটা সাগরিকার নজরে এলো। অসংখ্য কাঁটা ছেড়া দাগ ফর্সা পিঠে। লোকটা সুদর্শনও।
চোখ বন্ধ করে নিলো সাগরিকা। ঢোক গিলল কয়েকবার। আরফান এক হাতে ফোন কানে চেপে পানি খাচ্ছে। নিস্তব্ধ ঘরে ঐ আওয়াজ গুলো যন্ত্রণার সৃষ্টি করছে সাগরিকার কানে।
ও উঠে বসতে চায়। আরফান কাকে একটা কল করে জানতেও চাইছে ব্যক্তিটি কখন পৌঁছাবে এখানে। সাগরিকার ব্যাথা বাড়তে থাকে। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে চেঁচিয়ে বলে,“তালহার খবরটা দিন।”

আরফান ফোন নামিয়ে শান্ত চোখে দেখলো এক পলক সাগরিকাকে। এরপর বলল,“আস্তে কথা বলো। ফোনে কথা বলছি তো। আর, তালহার খবর আমার মুড হলে দেবো। চলো ওঠো,খাবে!”

আকুতি শুরু করলো সাগরিকা, ভীষণ নরম হয়ে এলো,“যা যা বলছেন মেনে নিয়েছি তো। আমি কেবল জানতে চাইছি লোকটা সেইফলি বাড়িতে পৌঁছেছে কিনা। এটুকু অন্তত বলুন।”

এইবার পানির গ্লাসটা নিয়ে ঘুরে এসে ওর মুখোমুখি বসলো আরফান। সাগরিকার করুণ চাউনির বিপরীতে খুব হেয়ালি করে বললো,“আচ্ছা বলো তো, তোমার মতো এতো নরম একটি মেয়ে ওর প্রেমে পড়েছিলো কিভাবে? মানে আমরা যারা পলিটিক্স করি সব তো কুত্তা। জানো তুমি এটা। এক একজন,এক এক টাইপের কুত্তা। হ্যা তালহা একটু বেশি ভালো, আমার মতো অত চামাড় না। তবুও,তুমি জল হয়ে তেলে মিশতে চেয়েছিলে কেন? বয়সে খুব ছোট তুমি আমাদের। ক্যামনে কি?”

সাগরিকা কাঁপছে,শাড়ির আঁচল ঠিক করে বলে,“এখন পাগলামি বন্ধ করুন। ওনার খবরটা দিন। প্লিজ সাহির ভাইয়া!”

_মুড হলে। তুমি ওঠো। ও বাড়িতে যেতে হবে। আর ভাইয়া ডাকা বাদ দাও আহাম্মক কোথাকার। গা গুলিয়ে উঠলো আমার শুনে।

বাইরে থেকে সার্ভেন্ট খাবার দিতে এসেছে। সাগরিকা উঠে বসাতে আরফান গোসলে ঢুকলো। বেশ দীর্ঘসময় পরে গোসল সেরে বেরিয়ে দেখলো সাগরিকা তখনও খাবারটা খায়নি। হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে শক্ত হয়ে। দৃষ্টি মরা।
আরফান একটা তোয়ালেতে ভেজা মাথা মুছে নিতে নিতে শান্ত স্বরে বলল,“নাটক কম সাগরিকা। আমি কোনো ড্রামাটিক ম্যারেইড লাইফ চাচ্ছি না। বিয়ে হয়েছে আমাদের। এর চেয়ে বড় সত্যি কথা নেই। খাবারটা খাও। বললাম তো, আমি মুড হলে বলবো। চিটিং করবো না।”

কন্ঠটা অত্যাধিক ঠান্ডা। সাগরিকা জানে এমন করে কথা আরফান রাগ উঠলেই বলে, পরিণামে করে ভয়ংকর বিদঘুটে কিছু কাজ। একবার সাগরিকা দেখেছিল নিজে, মানজিয়া আপার হাত ভেঙেছিল এমনভাবেই হেসে হেসে কথা বলতে বলতে।
সাগরিকা ওসব মনে করে ভয়ে ভয়ে হাত বাড়িয়ে খাবারটা নেয়। তবে খেতে পারে না। আরফানের ফোনটা বাজে হঠাৎ,শার্ট পরছিলো তখন ও। তাই কলটা রিসিভ করে লাউড স্পিকারে রেখে বলল,“হুম বলো।”

ওপাশ থেকে জুনায়েদ বলল,“ভাই,প্রি-ক্যাডেটের একটা চেংরি টিচার আছে বায়োলজির,আমাদের এখানে কোনো ফান্ড খুলতে দিবে না বলে পণ করেছে। নির্বাচনের আগে ঝামেলা করা ঠিক হবে?”

মনযোগী ভঙ্গিতে বোতামগুলো লাগিয়ে আয়নায় নিজের মুখটা দেখে আরফান। গায়ে পারফিউম মাখে। এরপর ব্লেজার হাতে তুলে জবাব দেয়,“নির্বাচনের আগেই ঝামেলা বেশি করে করতে হয় জুনায়েদ। কবে শিখবে তোমরা? ভদ্রমহিলার হাসবেন্ড আছে?”

_না। অবিবাহিত।

_তবে ভদ্রমহিলাকেই শান্টিং দিয়ো।

সহজ ভঙ্গিতে বলেছে কথাটা আরফান। সাগরিকার গা কেঁপে উঠলো। মুখটা নীল হয়েছে আতঙ্কে। বুকটা করছে ধড়ফড়। হাতের স্যান্ডউইচ টা ফেলে কেঁদে দিয়ে বলল,“প্লিজ না! এসব করবেন না!”

ওর চিৎকারে মুখ ঘুরিয়ে তাকালো আরফান। পরপর ফোনটা হাতে তুলে শান্ত স্বরে জুনায়েদকে বলল,“এই আমার বৌ এসব করতে নিষেধ করেছে। খবরদার এসব কোরো না। অল্প করে শান্টিং দিয়ো। অসভ্যতা করো না। কেমন?”

কল কেটে হাসলো আরফান। আবার সেই ঠান্ডা হাসি। থরথরিয়ে কাঁপতে থাকা সাগরিকার কাছে এসে এক হাতে সাগরিকাকে কাছে টেনে গালে একটা চুমু খেয়ে বলল,“হাউ সুইট অনুরোধ! কত কিউট করে বললে! আমি খুব দ্রুত তোমার প্রতি দুর্বল হয়ে যাবো দেখছি!”

_______

বেলা পৌনে বারোটা, ভ্যাপসা গরম ছুটেছে আজ দুপুরে।
ঘরের এক কোণে জবুথবু হয়ে বসে আছে দিবা। মুখটা পুরোপুরি রক্তশূন্য। মুগ্ধটা ক্র্যাচ নিয়ে ঠিক বড় আপার পাশে দাঁড়িয়ে আছে। আরেক পাশে দিলশাদের খালামনি।

এপাশে দাঁড়িয়ে দিলশাদ চেঁচায়,“শান্তি পেয়েছিস? শান্তি পেয়েছিস আব্বার নাকটা কেটে? এলাকায় পিয়ন মোজাম্মেল কারীমের যেটুকু মানসম্মান ছিল খেয়ে শান্তি হলো তোর আপা?

দিবা কথা বলছে না। সবেমাত্র জ্ঞান ফিরেছে মেয়েটার। মাথাটা ফাঁকা তার। ওসব সে কেন করেছে বুঝতে পারছে না সে। তবে খুব জঘন্য একটা কাজ সে করেছে। নিজের মান সম্মানের সাথে সাথে ভাই বোন দুটোকে ফেলেছে চরম ভোগান্তিতে। দিলশাদের রাগটুকু বসে বসে হজম করা ছাড়া আর কিছু করার নেই ওর। দিবা চোখ তোলে না,বোনের চোখে চোখ মেলায় না।

সুফিয়া দিবার পাশ থেকে উঠে এলো,দিলশাদকে ধমকে বলল,
_আহ। আস্তে দিলু। মেয়েটা ঠিক নেই এখন। খ্যা খ্যা করিস না।

হাপাচ্ছে দিলশাদ। ওর একটা সমস্যা আছে,খুব শক্ত ধাঁচের মেয়ে হলেও কথায় কথায় কেঁদে ফেলে ও। কান্নাটা কখনো ওর নিয়ন্ত্রণে থাকে না। এবারও ভেঙেচুরে এলো শরীরটা। বিছানার একপাশে বসে ওড়না চোখে চেপে বলল,
_না ও ঠিক নেই,কখনোই ঠিক থাকে না। ঠিক থাকার দায়িত্ব কেবল আমি নিয়ে জন্মেছি।
আর করবো না খ্যা খ্যা! আমি আর পারছি না খালামনি। ও কি আমার ছোট বলো তো? হাজার বার বলেছি,“এই আপু এইসব মায়ের একমাত্র লাডলা ছেলে বিয়ে করবে না তোকে। এরা প্রেম করে টাইমপাস করতে। প্রেমে জড়াস না বোকা। বিয়েটা এইসব হারামজাদা আর তাদের মায়েদের কাছে একটা ব্যবসা। পাত্রীর বাবা এবং তাদের সম্পত্তি হচ্ছে মূলধন। যত বেশি মূলধন, ব্যবসা তত লাভজনক। এবং আমরা সেই বেশি মুলধন ওয়ালা মানুষ নই। আমাদের টাকা নেই বাবার। তখন শুনলো না আমার কথা। বলল,না ও মানুষ ভালো। এখন কি হলো?

বলতে বলতে গলার জোর কমে আসে মেয়েটার। খুবই বিশ্রী করে কাঁদছে। দীর্ঘসময় পরে আবার সুফিয়াকে বলে,“খালামনি। খালু আর তুমি পাত্র দেখো তো। ওকে বিয়ে দেবো। আর আমার জন্যও পাত্র দেখো। আমিও বিয়ে করবো। আর প্যারা নিতে ভালো লাগছে না দুনিয়ার। বিয়ে করে নিরিবিলি হয়ে যাবো এবার।”

_________

কালো রঙের গাড়িটার গতি শ্লথ হয়ে এলো “শেকড়” নামের বাড়িটার সামনে এসে। বরগুনার সবচে বিলাসবহুল এই বাড়িটি শহরের সবচে ক্ষমতাধর চৌধুরী এবং তার পুত্রদের ডেরা। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে তখন। আসরের আজান হয়েছে খানিক আগেই। গাড়ি থামতেই সাগরিকা তার চোখ দু'টো মেলে আরফানের দিকে তাকালো। কালো সানগ্লাসের নিচে ঢাকা চোখ দু'টো এই মুহূর্তে তার কাছে দুর্বোধ্য। তবে এটুকু বুঝলো টানা সতেরো ঘন্টা পর ওর একটা গতি করা হচ্ছে। সামনের সাদা ধবধবে প্রাসাদ সমান বাড়িটা ওর খাঁচা। ও পায়ে হেঁটে সেখানে ঢুকবে এখন। আর এরপর?

সাগরিকা আলিজার কাছে শুনেছিল তাদের বাড়ির বৌ গুলো খুবই নম্র ভদ্র হয়। ভাইগুলো যতটা চামাড়,বৌ গুলো হয় নরম কাঁদা মাটি। এখানে ওখানে মুখ দিয়ে বেরানো দুশ্চরিত্র চৌধুরীদের শখ এটা। তাদের শখ, তাদের বাড়ির বৌটা হবে পুতঃ পবিত্র। কিন্তু এতে লাভ? সন্তান সন্ততি যা হয় সেসব আচরণগত দিক থেকে তো হয় ঠিক এদের অনুকরণ! নম্র-সরল বৌ কি এরা রান্নাঘরের শোভাবর্ধনের জন্য বাড়িতে আনে? হয়তোবা। এদের গোপন রূপটা কালো হলেও সমাজে চলতে গেলে বোধ হয় নম্র ভদ্র বাড়ির বৌ লাগে!

সাগরিকা এসব কি ভাবছে! মাথাটা চট করে দুলে ওঠে,ঝাপসা হচ্ছে চোখ দু'টো ওর। আরফান সাহির নেমে গাড়ির দরজা খুলে দেয়াতে ওর ঘোর কাটলো। একপ্রকার কেঁপে উঠলো মেয়েটা। আরফান হাসি দিয়ে বলল,“নামো!”

_তালহার খবর বলেন। প্লিজ!

ফিসফিসায় সাগরিকা। অনুরোধ করে করেও এখন ক্লান্ত মেয়েটা। আরফান শান্ত গলায় বলে,“আমি চিটিং করবো না বলেছি। আচ্ছা শর্টে বলছি। ও এখন বাড়িতে। এতো ভেবো না,মায়ের আদর খাচ্ছে এখন। দু'দিন পরে একটা চেক পাঠাবো আমি। আমাদের দল থেকে সম্মাননা স্বরূপ। একটা গতি করে নেবে।”

বলতে বলতে হাতটা বাড়িয়ে দিলো আরফান। শিরা গুলো টনটনা ঐ কাঠের মতো শক্ত হাতটার। সাগরিকার সাধ্য নেই এই হাত উপেক্ষা করার। ও কম্পমান হাতটা বাড়িয়ে দিতেই আরফান ওকে আগলে ধরে নামায়। বলে,“আহহ দুপুরে খাবারটা খেতে বললাম খেলে না। শরীর খারাপ লাগছে তো?”

সাগরিকা জবাব না দিয়ে ঘোমটা সামলায়। যত এগিয়ে যাচ্ছিল সাদা বাড়িটার দিকে,ওর মনে হচ্ছিল আয়ু তত ফুরিয়ে আসছে ওর।

ভেতরে খবর গিয়েছে বাড়ির ছোট ছেলে বৌ নিয়ে এসেছে। বৌয়ের নাম সাগরিকা। আলিজার ক্লাসমেট। একবার দুইবার বাড়িতে এসেছিল মেয়েটা। পুরো ব্যাপারটা বাড়ির কর্তা মোশাররফ হোসেন চৌধুরীর মাথার ওপর দিয়ে গেছে। যদিও সে তার ছেলেদের গতিবিধির ব্যাপারে সবসময় পিছিয়ে ভাবেন। নিজের ঔরসে জন্মালেও ছেলেগুলো তার কাছে বরাবর দুর্বোধ্য। নয়তো এমন একটি ক্রিটিক্যাল সময়ে কোন আন্দাজে কেউ বিয়ে করে? এ মেয়েটিকে হুট করে বিয়ে করার কারণ কি?

স্ত্রী মল্লিকা মোসারাত তার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে শুরুতেই বলল,“সামনে পার্টির কত চাপ। এই অবস্থায় পারিবারিক ক্যাচাল তৈরি করার দরকার নেই। মেয়েটা সুন্দর,ভদ্র। বাবা অবশ্য সবজি ব্যাচে, একটা দোকান নিয়ে দিয়েন। ঝামেলা কইরেন না। ছেলে যে বিয়ে করে সংসারী হতে চাইছে এটাই অনেক!”

মোশাররফ হোসেন চৌধুরী ঝামেলা করেন না। সাগরিকাকে চেনেন সে। গরীব ঘরের ভদ্র মেয়ে। মেয়েটি তাদের বাড়ির নাতি পুতি পেটে ধরে সুস্থ ভাবে বড় করার উপযুক্ত এটুকুই যথেষ্ট তার কাছে।

আরফান ঘরে ঢুকেই বাবাকে সালাম দিয়ে বলল,“ ক্ষমা চাইছি আব্বা। পছন্দের ছিল। একটু ঝামেলা হয়েছে। তাই হুট করেই। পরে কখনো বলবো? একটু বিশ্রাম নিই?”

আলিজা ভাইয়ের হাতের মুঠিতে সাগরিকার হাত দেখে বোকা বনে আছে। লিভিং রুমে এ বাড়ির যতলোক উপস্থিত সবার মুখে আপাতত কোনো কথা নেই। ঘটনাটা হজম করাতে যথেষ্ট সময় নিয়েছে তবুও পারছে না।
মোশাররফ হোসেন চৌধুরীর মোট তিন ছেলে,দুই মেয়ে। বড় ছেলে আহনাফ মেজো ছেলে আবরার। দু'জন বাড়িতে নেই আপাতত। তাদের বৌ এবং বাচ্চারা আছে। মেয়েদের মধ্যে বড় মেয়ে মানজিয়া বিবাহিত,সে তার ব্যারিস্টার স্বামীর সাথে ইউরোপ ট্যুর দিচ্ছে।

সাগরিকা এতো লোকের দৃষ্টির প্রকোপে আরো অসুস্থ বোধ করছিল। মোশাররফ ছোট ছেলেকে বলল,“হু যাও আগে বিশ্রাম নাও। তাকে ঘরে নিয়ে যাও। ফ্রেশ হয়ে আসো। কথা আছে তোমার সাথে। আমি অপেক্ষা করছি।”

রুমটাতে এর আগেও একবার ঢুকেছিল সাগরিকা। সেদিন ভুল করে ঢুকেছিল। এবং ওর জীবনে শনির দশা ঐ সেবারই লেগেছিল।
ঘরে ঢুকে আরফান সাগরিকার পেছনে দাঁড়িয়ে দেখছিলো ওকে। আস্তে করে বাইরে দাঁড়িয়ে থাকা সার্ভেন্টকে বলল,“লাগেজ এখানে রেখে যাও!”

সার্ভেন্ট মিনিট দুয়েকের মধ্যে চলে গেলে আরফান দরজাটা লাগিয়ে দেয়। শব্দ শুনে গুটিয়ে যায় সাগরিকা। ওর শরীরটা এমনিতেই ভীষণ দুর্বল লাগছে। বিছানায় পিঠ লাগাতে ইচ্ছা করছে। দিন দুনিয়ার কিছুই ভাবতে ইচ্ছে করছে না আর। কারণ ও জানে ওর জীবনের পরবর্তী দিনলিপির প্রতিটি লাইন এই লোক লিখবে। সেখানে ওর কোনো প্রকার ইচ্ছে,অনিচ্ছা,মত, মন্তব্য থাকবে না।
আরফান সাগরিকার নত মুখ দেখে এক চোট হাসলো আবার। এরপর হাত পা ছড়িয়ে বিছানায় চিতিয়ে গিয়ে সহজ গলায় বলল,“বসো। আচ্ছা পরে বলছি তালহার কথা।”

সাগরিকা নিজের ঘোমটা সামলে বসেছে। শ্বাসটা আবার হুট করেই বন্ধ হতে শুরু করেছে যখন আরফান ওকে বুকে টেনে নিয়েছে।
আরফানের হৃদস্পন্দনও ওর কথাবার্তার মতো ধীর এখন। সাগরিকা শক্ত হয়ে পড়ে থাকে।ওর কোনো হেলদোল নেই। আরফানের কড়া পোড়া হাত আলতো করে ওর পিঠ বুলিয়ে দেয়, ধিমি আওয়াজে বলে,“কি খারাপ লাগছে? হুম? আরে এগুলো অভ্যাস হয়ে যাবে। ও শুরু শুরুতে এডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে স্বামীর সাথে। বললাম না? ওসব পরে ঠিক হয়ে যায়! আচ্ছা ভালো কথা, তোমার আব্বা আম্মার সাথে কথা বলো,কল দেবো? স্যরি সাগরিকা তবে আমি তোমাকে ফোন ব্যবহার করতে দেবো না আপাতত। পরে দেবো কিনা সেটাও নিশ্চয়তা দিতে পারছি না। নিজের বাবা মায়ের সাথে কথা বলার থাকলে আমার ফোন থেকে বলবে! হুম?”

লোকটা পিঠে আদর দিচ্ছে। ঐ ছোট বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেয় যেভাবে। সাগরিকার গা গুলাচ্ছে। ও উঠতে চাইলে আরফান আরো জোরে টেনে, হেসে বলল,“এই! আরেকটু থাকো! ভালো লাগছে আমার!”

_কি এডজাস্টমেন্টের স্বপ্ন দেখেন আপনি? আমি নিজেকে সবসময় আপনার ভোগ বস্তুই ভাববো। আমি কখনোই এক ফোঁটা সম্মান এই সম্পর্ক থেকে নেবো না। সে আপনি আমাকে মেরে ধরে ফেলুন না কেন।

আটকে আটকে বলেই সাগরিকা চোখ তোলে। চোখ দু'টো একদম ঝিরির জলের মতো টলটলে। আরফান গভীর মনযোগে দেখছে, হঠাৎ প্রসঙ্গ বদলে বলল,
_এভাবে কথা বোলছো! আমি জানতাম না তুমি এতো কথা বলতে জানো! আগে এমন ছিলে না। যাক তবুও ভালো লাগছে তোমার মুখে বুলি ফুটেছে। বৌ মানুষ কথা না বললে ঘর আসলে ঘর ঘর লাগে না। ভালো লাগে না! তোমাদের জাতটার একটা ব্যাপার আমার ভীষণ আদুরে লাগে। অল্পতেই স্বামীর সাথে খিটখিট করা। আমি তো ব্যাপক এনজয় করবো। আমি বাইরে থেকে কসাইপনা-চামাড়পনা করে আসবো, রাত দেড়টা দুইটা করে বাড়িতে ফিরবো রোজ। তুমি একটু একটু মেজাজ দেখাবে, আবার একটু কাঁদবে,আমাকে একটু একটু করে বদলাতে চাইবে। কিন্তু আমি বদলাবো না। এভাবে করতে করতে আমাদের হায়াত ফুরিয়ে যাবে। মরার আগে দেখবো আমার বৌ চোখ ভরা পানি নিয়ে আমাকে ধরে আছে। এটা ভীষণ দারুণ একটা ব্যাপার কিন্তু পুরুষের জীবনে।

সাগরিকা স্থির চেয়ে আছে আরফানের হাসিহাসি মুখটায়। লোকটা যখন হাসে তখন লোকটার মুখটা অন্যরকম লাগে। তবে হুট করেই আরফানের সেই মুখের হাসি গায়েব হয়ে মুখটা কঠিন হয় কিছুটা। হাতটা সাগরিকার পিঠ থেকে চুলের মুঠি ধরে মুখটা টেনে ধরে সামনে, ভ্রু উঁচিয়ে ধীরস্থির বলে,“চলো তোমার সাথে একটা খেলা খেলা যাক!”

_কি?
ঢোক গিললো সাগরিকা। আরফান বলল,

_আমার কথাটাকে মিথ্যা প্রমাণ করবে আমাকে কখনো ভালো না বেসে। দেখি পারো কিনা!

সাগরিকার বিভ্রান্ত মুখটা দেখে আরফান ফের বলল,“বুঝলে না তো?”

এবারো নিরুত্তর সে। হেসে ফেলল আরফান,“আমি বলেছি আমার বৌ আমাকে ভালোবাসবে। তুমি বলছো বাসবে না। দেখা যাক কে সত্যি হয়। তুমি আমাকে মিথ্যা প্রমাণ করতে পারো কিনা দেখি! তবে আমি শিয়র আমার বৌ আমাকে ভালোবাসবে! কারণ আমি বৌ পালতে জানি!

বলেই চোখ মারলো আরফান। খ্যাক খ্যাক করে হাসছে সে। ছেড়ে দিলো সাগরিকার চুলের মুঠি। এরপর উঠে বসে হাসতে থাকে গা কাঁপিয়ে। সাগরিকাও উঠলো‌। অস্থির ভঙ্গিতে জবাব দিল,“জি। এই দ্বন্দ আসলে আমার নিজের সাথে আমার। আমিও দেখবো এমনটা হয় কিনা!”

_গুড লাক।

মিছিমিছি হাই তুলে আরফান উঠে দাঁড়াতে চায়,“বিশ্রাম নাও। আমার কাজ আছে। তোমার বাবা মাকে আনতে যাবো!”

সাগরিকা এবার ছটপটে গলায় বলে,“আগে বলুন তো তালহা আসলেই কই? আমাকে বিস্তারিত বলুন। এখন অন্তত বলুন!”

প্রশ্নটি করে সারতে পারলো না সাগরিকা। সাথে সাথে একটা প্রকাণ্ড চড়ের শব্দে গুমোট হলো ঘরটা। মাথাটা ভোঁভোঁ করছে,চোখেও অনেকটা ঝাঁপসা দেখছে ও। ভীত চোখজোড়া তুলল মেয়েটা। গাল চেপে আছে সে।
আরফান ওর মুখের দিকে তাকিয়ে খুবই সহজ ভঙ্গিতে বলল,“স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইমের মধ্যে থার্ড পারসনের নাম ঢুকাতে হয়না পাগল। ইটস্ ভেরী ব্যাড। আর কখনো করো না! হুম?”

_________

পশ্চিম কলেজ রোডের ভেতরের দিকে একটা গলি। বাড়ির নাম ঝিলি ম্যানশন। বাসা খুঁজতে খুঁজতে এ অবধি এসে থামতে হলো দিলশাদকে। সময়টা বছরের মাঝামাঝি,এ সময়ে ভালো বাসা পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়াবে এ কথা জানতো ও। তবুও কিছু করার নেই,এতো কাহিনীর পরে ও পাড়ায় থাকা মুশকিল।

পাশ থেকে ইফরাত বলল,“আমার পানির তেষ্টা পেয়েছে। চল ঠান্ডা কিছু খাই।”

বাড়ির নেমপ্লেটের দিকে দৃষ্টি স্থির দিলশাদের,“একটু দাঁড়া। জিজ্ঞেস করে আছি ফ্যামিলি বাসা নাকি এক রুমের ব্যাচেলর বাসার কথা বলা হয়েছে।”

বিল্ডিংটা রুস্তম ডাক্তারের। বরগুনার পয়সাওয়ালা একজন ডাক্তার। নিচ তলায় চেম্বার আছে তার।
বাড়ির কেয়ারটেকারকে সাইনবোর্ড সম্পর্কে জিজ্ঞেস করায় সে বলল,“আমি আসলে জানি না। স্যার ভেতরে আছেন। আপনি জিজ্ঞেস করে আসুন।”

দিলশাদ এগিয়ে যায়,পেছনে পেছনে ইফরাত। চেম্বারটা এমন কায়দায় বানানো যে উঁকি দিলেই ডাক্তারকে দেখা যায়। ডাক্তার রুস্তম মোড়ল বেশ আয়েশী চিত্তে রিক্লাইনার চেয়ারটাতে গা এলিয়ে বসে আছে। দিলশাদ সালাম দিয়েই বলল,“টু-লেট দেয়া দেখলাম, ফ্যামিলি বাসা ভাড়া হবে?”

ডাক্তার কথা বলছেন না,হাত দিয়ে ইশারা করে কেবল থামিয়ে দিল দিলশাদকে।
দিলশাদ ইফরাতের দিকে তাকিয়ে শ্বাস ফেলল,পর পর বলল,“উনি চাইলেই আমাকে হ্যা না তে জবাব দিয়ে দিতে পারতেন। কিন্তু সেটা হতো বিনয়। আর স্যাডিস্টরা বিনয় থেকে দূরেই থাকে। এরা অন্যের অবস্থান চেপে ধরে নিজের আধিপত্য বাড়াতে পছন্দ করে।
উনি তোর আর আমার মতো সুন্দরী দুটো মেয়েকে মিনিট পাঁচেক রোদের মাঝে দাঁড় করিয়ে রাখার ক্ষমতা পেয়েছে বলে মনে মনে হাসছে,এটাও এক ধরণের স্যাডিজম। আমরা মানুষ,এটা আমাদের সবার স্বাভাবিক প্রবৃত্তি। যত্রতত্র নিজেদের ক্ষমতা ঝালাইয়ে সচেষ্ট থাকি আমরা। এতে আনন্দ পাই।
তবে আমি কিন্তু এসব আচরণকে লাই দিইনা। দেখবি নমুনা? ওনার অহমে গরম বালি ঢালবো আমি। দেখবি?”

ইফরাত হা হয়ে দিলশাদের কথা শুনছে। লোকটা তখন ফোন সরিয়ে বলল,“ফ্যামিলি বাসা? না বাসা খালি নেই! ব্যাচেলর রুম আছে একটা।”

দিলশাদ জবাবে বলল,“এটা শুরুতেই বলা উচিত ছিল চাচা। এভাবে দাঁড় করিয়ে না রেখে। তার ওপর সাইন বোর্ডে স্পষ্ট করে কিছু লেখেনও না। মানুষ কনফিউজড হয় এতে। অদ্ভুত!”

লোকটার কালো মুখ দেখে মনে হয়েছে দিলশাদ পেরেছে বালি ঢালতে। দিলশাদ ঘুরে ইফরাতকে ফিসফিসিয়ে বলল,“এই যে উনি থতমত খেলো, এটাই গরম বালি। স্যাডিস্টরা এই গরম বালি খুব ভয় পায়। শোন,তোর ওপর যখন এসব চামাড়-চোমাড় টাইপের লোক আধিপত্য বিস্তার করতে আসবে,এমন করে মুখের ওপর গরম বালি ঢেলে দিবি কথা শুনিয়ে। দুনিয়া শক্তের ভক্ত। ছাড় দিতে দিতে লাইফে একটা সময় তোর নিজেরই মনে হবে তুই একটা ধইনঞ্চা‌। জীবনে কিছু করতে পারিসনি। সো,আগে থেকেই চালাক চতুর হ। হাতে না পারলেও কথায় কাউকে ছাড় দেয়া যাবে না। যারা বলে চুপচাপ থাকো,তারা আসলে গান্ডু।”

ইফরাত মিনমিনে গলায় জবাব দিলো,
_আমি তোর মতো এতো ক্রিটিক্যাল করে ভাবি না।

হাসলো দিলশাদ,বলল,“ভাবতিস। অবশ্যই ভাবতিস । আমার মতো একটা হাদা বড় বোন আর পঙ্গু ভাই নিয়ে চাকরি করে খেতে হলে অবশ্যই ভাবতিস সবকিছু ক্রিটিক্যালি। এই শহরের গিটে গিটে এমন স্যাডিস্টে ভরা। শোন, সকালে গেছিলাম বাজারে হাঁস কিনতে,লোকটা আমাকে প্রয়োজনের থেকেও পাঁচ মিনিট বেশি দাঁড় করিয়ে রেখে হাঁস ছিলে দিলো। দাঁড় করিয়ে রাখলো কারণ আমার ওড়নার নিচে আমার বুকের সাইজ মাপবে তাই।
আশেপাশের ড্রেসিংয়ের দোকান গুলো সব বন্ধ,আমার হাঁসটা ছিলতে হলে ওখান থেকেই ছিলতে হবে লোকটা এ কথা জানে। ফলাফল উনি সাময়িক ভাবে নিজের আধিপত্যে খুশি হয়ে আমার ওপর স্যাডিজম চর্চা করলো।”

ইফরাত বলল,“তো তুই গরম বালি দিসনি তাকে?”

_দিয়েছি তো। হাঁসটা হাতে পেয়েই ধমক লাগিয়ে বললাম,“এতো দেরী লাগাবেন জানলে আমি বাড়িতেই নিয়ে প্রসেস করতাম ধূর। না, ভালো লাগলো না আপনাদের সার্ভিস। আপনাদের দশ টাকা কম দেয়া উচিত। আমার অনেকটা সময় লস করলেন।”

ইফরাত হাসছে গা দুলিয়ে,দিলশাদের পিঠ চাপড়ে বলে,“ভাই তুই একটা চিজ। তোর সাথে সাথে থাকতে কত কি যে শিখলাম। তোর স্বামীর কপালে দুঃখ আছে এমন ক্রিটিক্যাল একটা মেয়ে তার বৌ হবে।”

নাক কোচকায় দিলশাদ,
_মোটেও না। আমি খুবই চমৎকার একজন বৌ হবো।

_তা আমি জানি। মজা করেছি। চল আইসক্রিম খাওয়া। আর বাসা খুজবো না। তুই গিয়ে দিবা আপাকে দেখ। আমি আমার ভাইকে লাগিয়ে একটা বাসা খুঁজে তোকে জানাবো।

_আচ্ছা সাগরিকার সাথে তোর যোগাযোগ হয়? ওদের গলিতে বাসা খালি আছে, গত সপ্তাহে এ কথা আমাকে বলেছিল। গত পরশু থেকে মেয়েটাকে রিচ করতে পারছি না।

_না আমার সাথেও যোগাযোগ নেই। বাড়িতে গিয়ে দেখতে হবে।

_আচ্ছা চল আগে টাকা তুলতে হবে। ব্যাগ খালি।

ব্যাংকের এটিএম বুথ পায়ে হেঁটে গেলে পনেরো মিনিট লাগে। দিলশাদের মেজাজ ফুরফুরে এখন। ইফরাতকে বাইরে দাঁড় করিয়ে রেখে বুথের মধ্যে ঢুকে ফটাফট টাকা তুলে,ফের একবার গুনে নেয়। এটা ওর বর অভ্যাস। বাইরে থেকে লোকজন অবশ্য ডাকাডাকি করছে,“ঐ আপা বাইরে নেমে যা করার করুন। আরো লোক আছে।”

দিলশাদ লজ্জা পেয়ে জলদি জলদি নামতে গিয়ে হুট করেই থেমে গেল। ব্যাংকের বুথের দরজাটার সাথে লাগোয়া অফিসের সিঁড়ি। কোনো এক লোকের শক্ত লোহার মতো শরীরের সাথে প্রকাণ্ড এক ধাক্কা লেগেছে ওর। ব্যাথা পেয়েছে কতটা ওসবে দিলশাদ মাথা ঘামালো না। ওর তো ম্যান পারফিউমের ঘ্রাণে গা গুলিয়ে উঠলো শুরুতেই। ওড়না নাকে চেপে পিছিয়ে গেলো।

মৃন্ময় হা করে সেদিনের সেই মেয়েটাকে দেখছে। কাজের ব্যস্ততায় বিগত আটচল্লিশ ঘন্টায় ব্যাপারটা ওর মাথা থেকে বেরিয়ে গেছিল। সামনের মেয়েটার মুখটা নিঃসন্দেহে অকৃত্রিম রূপবতী, কিন্তু দেখেই মাথাটা গরম হলো মৃন্ময়ের। কানে বাজলো সেদিনের বলা কথা,“গু খান,গু খান,গু খান।”

দু'জন দু'জনের মুখের দিকে চেয়ে আছে সমভাগ বিতৃষ্ণা নিয়ে। এরপর একে অপরকে যেতে জায়গা করে দিয়ে একই পাশে সরলো দুজনই। দু'জন আবার একই সাথে বামে সরলো,আবার ডানে সরলো। মৃন্ময় যে পাশে সরছে,দিলশাদও একই পাশে সরছে। এভাবে সেকেন্ড কয়েক ফুরায়।

শ্বাস ফেলল মৃন্ময়, হুট করে থেমে গিয়ে মাঝখানে দাড়িয়ে বলল,“প্লিজ আপনি আগে যান।”

বলার ধরণটা একদম অভদ্র। মেজাজটা তেঁতে উঠল দিলশাদেরও। দাঁতে দাঁত চেপে বলল,“আমার শখও নেই আপনার সাথে যাওয়ার।”

থামলো মৃন্ময়। বলল,
_ও আমার মনে হয় খুব শখ?

দিলশাদ ঘুরে বলল,“অসহ্য।”

মৃন্ময় চোখ বড় বড় করলো রাগে। বলল,“আর আমার বুঝি অনেক সুসহ্য?”

দিলশাদ বলল,“ধূর ছাতা!”

মৃন্ময় চোখ কুঁচকে বলে,“সেইম।”

দিলশাদ থামলো। লোকটা তার চেয়ে বয়সে কম পক্ষে সাত আট বছরের বড় তো হবেই। কিন্তু বাচ্চাদের মতো ঝগড়া করছে। কেবলমাত্র সেদিনের সেই ঝগড়ার জের ধরে নিশ্চয়ই? অভদ্র লোক,অসহনশীল সাম্বাদিক।

“সাম্বাদিক,হাম্বাদিক। মোবাইল সাম্বাদিক।”

মনে মনে গালি দিয়ে ও মুখে
বলল,“সেদিনের মতো পুরো দিনটাই খারাপ যাবে আমার। আই উইশ আর কোনোদিন যাতে আপনার সাথে আমার দেখা না হয়!”

এ কথা শুনে মৃন্ময় ক্ষেপলো আরো বেশি। অতি ফালতু একটা মেয়ে কোথাকার। যেন ওর সাথে কবে দেখা হবে, মৃন্ময় বসে আছে সে পথে চেয়ে।
না,এই অতিরঞ্জিত মেয়েটাকে ছাড় দিলে চলবে না। সুন্দর করে জবাব দিতে হবে। ও বলল,“আমি তার চেয়ে দশ গুণ বেশি চাই আপনার সাথে আমার আর দেখা না হোক।”

_আমি তবে একশো গুণ।

_আমি হাজার গুণ।

দিলশাদ চেচালো,“আমি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণ।”

একদম মুখের ওপর জবাব ছুঁড়ে দিলশাদ ধপধপ করে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। মৃন্ময় আশেপাশে তাকিয়ে শ্বাস টানলো, এরপর দিলশাদের পিছু পিছু নেমে সোজা হাঁটা ধরলো।

ইফরাত এতক্ষণ নিচে দাঁড়িয়ে হা করে ওদের দেখছিল। দিলশাদকে বলল,“তুই মৃন্ময় ভাইয়ের সাথে ঝগড়া করিস?”

_কেমন ভাই হয় তোর?

_আরে এমনিই ভাই বললাম। চিনি তো তাকে। এটা কেমন ব্যবহার তোর?

_যে যেটার যোগ্য। পরে বলবো তোকে ওসব। চল মাঠা কিনতে হবে। মুগ্ধ মাঠা খেতে চেয়েছে। আপার মন ভালো করতে ফুচকা নেবো।

ওরা দু’জন কেউ কারো মুখ দেখতে চায়না,ওদের এই ইচ্ছেটা জোরদার ছিলো না হয়তো। কাকতালীয় ভাবে ঠিক মাঠার দোকানে গিয়েই আবার দেখা দুজনের। দিলশাদকে দেখে মুখটা বাংলার পাঁচ বানিয়ে মৃন্ময় মাইকেলকে বলল,“চল আমরা পরে আসবো! মামা তুমি সাজিয়ে রাখো,আমি পরে এসে নিচ্ছি।”

মেজাজ উঠিয়ে পুরুষটা গিয়ে ওপাশের বেঞ্চিতে বসলো। দিলশাদ শক্ত মুখে দাঁড়িয়ে ছিল। ইফরাত বলল,“এবার বল কি হয়েছে তোদের?”

_পরে বলবো।

_আচ্ছা ভালো কথা, আমাদের ব্যাচের অর্ষা আছে না? ও কিন্তু এই মৃন্ময় ভাইকে পছন্দ করে।

দিলশাদ সাথে সাথে নাক কুঁচকে বলল,“একে? আশ্চর্য! ক্যানো অর্ষার মতো মেয়ে এই লোককে পছন্দ করবে? কি অদ্ভুত!”

_অদ্ভুতের কি দেখলি? ভীষণ হ্যান্ডসাম যে।

মুখটা বিকৃত করলো দিলশাদ। জবাব দিলো,
_হ্যান্ডসাম? দেখলে মনে হয় সাত দিন গোসল করেনা। গন্ধ ঢাকতেই তো এতো কড়া করে পারফিউম মাখলো। এহ! বলে “আমি ভয়েস অব বরগুনার প্রতিষ্ঠাতা।”
আরে ছাগলা,বল, “আমি ফ্যাসফেসে ভয়েস অব বরগুনার প্রতিষ্ঠাতা।”
কয়টা ভালো খবর ছাপায় এরা? পরকীয়া খবরের সাম্বাদিক ফোরাম।

মাঠা নিয়ে টাকা দেয়ার সময় দিলশাদ আর ইফরাত টের পেল ওদের কাছে খুচরা নেই। ওরা পাশের দোকানে চলে গেল টাকা খুচরা করিয়ে নিতে।
মেয়ে দুটোর কাজ শেষ হয়েছে ভেবেই মৃন্ময় উঠে এলো। মাঠাওয়ালা তখন হাসছিল প্রবলবেগে। মৃন্ময় বলল,“হাসছো কেন গফুর?”

_ভাই একটা কথা বলবো। ঝামেলা করবেন না।

_না।

_আপনারে ঐ সবুজ সালোয়ার পরা মেয়ে কি বলল জানেন?

_কি বলল?
ভ্রু যুগল গুটিয়ে এসেছে মৃন্ময়ের। গফুর পেট চেপে বলল,
_বললো আপনি সাতদিন গোসল করেন না,এটা তার মনে হয় আপনাকে দেখে। সেজন্য পারফিউম মাখছেন এতো বেশি।

মৃন্ময় ঘুরে দিলশাদকে দেখলো। মেয়ে দুটো পাশের সুপারশপ থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে এদিকটাতেই আসছে আবার।

মৃন্ময় স্তব্ধ । পাশে দাঁড়িয়ে মাইকেল হাসছে খ্যাকখ্যাক করে। মেয়েটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে চেয়েও পারে না মৃন্ময়। কানে আবার বাজে,“গু খান,গু খান,গু খান।”

ও ঘুরে দম ফেলে গফুরকে বলল,“আর ওনাকে দেখে মনে হয় মিউনিসিপ্যালিটিতে জব করে। প্রতি মাসে বিল তুলতে গিয়ে বাড়িওয়ালাদের সাথে ঝগড়া করে।”

গফুর আবার দাঁত কেলায়। এতো চমৎকার দেখতে ছেলে,আর এতো চমৎকার দেখতে একটি মেয়ের মাঝে ক্যাচাল লাগিয়ে দিতে পেরে তার আনন্দ লাগছে। মৃন্ময় বলে,“তার কথা আমার কাছে এসে লাগিয়েছো। আমার কথাও কি তার কাছে লাগাবে?”

জিভ কাটে গফুর,“এ মা। না না ভাই। কি যে বলেন…”

ওকে থামিয়ে দিয়ে মৃন্ময় বলে,“না আমি চাই তুমি লাগাও কথাটা। এই একশো টাকা রাখো।”

বলেই গফুরের পকেটে একশো টাকা পুরে দিয়ে মৃন্ময় মোড়ের কাছটায় চলে গেলো চোখে সানগ্লাস তুলে।

দিলশাদ এসে গফুরকে বলল,“মামা খুচরা আনলাম। এখন মাঠা দিন।”

গফুর আবার দাঁত বের করে বলল,“আপা ঐ লোকটা আপনাকে কি বলল জানেন?”

চোখ কপালে উঠলো দিলশাদের। তুতলে বলল,“কি?”

_বলল আপনাকে দেখে তার মিউনিসিপ্যালিটিতে জব করা বুয়া লাগে। যে প্রতি মাসে বিল তুলতে গিয়ে বাড়িওয়ালার সাথে ঝগড়া করেন।

দিলশাদ মাঠা ওয়ালার সাদা ধবধবে দাঁতের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ।

ইফরাত হতভম্ব। বলল,“এসব কেমন কথা!”

দিলশাদ অবশ্য মাঠা নিয়ে হাঁটছে তো হাঁটছে, ইফরাতের কথার লাইন না ধরে নিজে নিজে দাঁতে দাঁত চেপে বলল,“এসব আমাকে হীনমন্যতায় ভোগাতে করেছো তো? তুমি এসব কথা শুনিয়ে দিলশাদকে অফেন্ডেড করতে পারবে না চাদু। তোমার মতো কত চাদু যে দেখলাম জীবনে। আমি জানি আমি সুন্দর,আমি এই কথাটা কেবল আমার স্বামীর মুখে শুনতে আগ্রহী। তোমাদের মতো রাস্তার ছেলেদের কাছে আমি মিউনিসিপ্যালিটির বুয়া হয়েই থাকতে চাই। নো নিড ইয়র এটেনশন। ফালতু সাম্বাদিক।”

চলমান…..

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন