#আগুন_রঙা_ফাগুন [ ৯ ]
তাওরাত বেশ অবাক চোখেই তার সামনে দাঁড়িয়ে তিরতির করে কাঁপতে থাকা মেয়েটিকে দেখছে। চোখের কার্নিশে যার কয়েক ফোঁটা জল ভিড়েছে, আড়ষ্ট ঠোঁট জোড়াও কম্পমান। দেখে মনে হচ্ছে মেয়েটা কাঁদতে ইচ্ছুক না তবে এটা তার স্বভাবগত দোষ,নিজেকে সংযত করতে পারে না।
দিবা আদতেই খুবই নরম একটি মেয়ে। অন্তরে যার নিখাদ মায়া আর স্নেহ। ছোট থেকেই ভুলভাল মানুষকে আপন ভেবে কম ধোঁকা খায়নি। এই মেয়েকে সামলে রাখতে কত যে পরিশ্রম গিয়েছে দিলশাদের। কথায় কথায় কেঁদে ফেলার বাতিকটাও পুরনো।
ছোট করে শ্বাস নেয়ার চেষ্টা করে দিবা,ওভাবেই বলে যায়,“আমি আসলে আজ নয়,কথাটা আপানাকে শুরু থেকেই বলতে চেয়েছি তাওরাত। কোনো কারণে বলিনি। তবে আমার এই মুহূর্তে মনে হচ্ছে কথাগুলো আমার মুখ থেকে বলেই আপনার কাছে নিজের স্বচ্ছতা প্রমাণ করি। আমার একটা জটিলতা রয়েছে বেশ। আমার যার সাথে সম্পর্ক ছিল,সেই অমানুষটাকে আমি দুই সপ্তাহ আগেও রাস্তায় দাঁড় করিয়ে সিনক্রিয়েট করেছি, জবাবদিহিতা চেয়েছি। আমার পাগলপনা পাঁচটা লোক চোখে দেখেছে, আপনার কাজিন মৃন্ময় সাহেবেও ঘটনাটা জানেন। এই আচরণ আমি জ্ঞানত করতাম না, কিন্তু ঐ সময়ে মানসিক স্থিতিশীলতা আমি হারিয়ে ফেলেছিলাম। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং ভীষণ ভাবে লজ্জিত। আমি প্রতিজ্ঞাবদ্ধ নিজের কাছেও, আমার পূর্ববর্তী জীবনের কোনো কাজ বা স্মৃতি আমার পড়ে থাকা আগামীকে কখনো প্রভাবিত করবে না। তাওরাত আমি অসভ্যটার জন্য রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো সিনক্রিয়েট করেছি এই কথা আপনি বাইরের একজন মানুষের কাছ থেকে জানবেন,ভাববেন আপনার স্ত্রী তো আপনাকে এটা বলেনি, সে একটা জালিয়াত,আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি তার আগেই নিজের হয়ে সাফাই গাইতে। অমন পরিস্থিতি কোনো মেয়ে ইচ্ছে করে ডেকে আনে না নিজের জীবনে। আমি সঠিক গাইডলাইন পাইনি বাবা মারা যাওয়ার পরে,হয়তো বিয়ের পরে আমি আরো উত্তম কেউ হতে পারি,যদি আমার জীবনে কোনো অভিভাবক আসে। এতটুকুই সম্ভাব্যতা সম্পর্কে আপনাকে এনশিয়র করতে পারি। আমার তরফ থেকে আমি চেষ্টা করবো। বাকিটা আপনার বিবেচনা তাওরাত। পুরোটাই আপনার সিদ্ধান্তের ওপর ছেড়ে দিলাম।”
বলতে বলতে দিবার গলা ধরে আসে ফের। তাওরাত তখনও মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। দিবা ওড়নার কোণে চোখের সামান্য জলটুকু চেপে মুছে নেয়। এরপর চোখ তুলে বলে,“দিলশাদের মতে এটা আপনাকে জানানো নাকি বোকামি হতো আমার। বিয়ের পরে আপনি নাকি কথায় কথায় আমাকে খোঁচা মারবেন। আমার বোনটা অবুঝ তাওরাত। ও জানে না এসব ঘটনা কখনোই চেপে থাকেনা, একদিন না একদিন ঠিকই প্রকাশ পায়। তাই বিয়ের আগেই আপনাকে সুযোগ করে দিলাম আরো একবার ভাবতে। আপনার যেকোনো সিদ্ধান্তের ওপর আমার শতভাগ সম্মান থাকবে। আমি যদি স্ত্রী হবার অনুপযুক্ত মেয়ে হই আপনার চোখে, তবে তা-ই মেনে নিবো।”
দিবার এই কথাগুলো ছিল একদম জলের মতো স্বচ্ছ। তাওরাত আরো মিনিট দুয়েক ওর দিকে চেয়ে থাকে। দিবা ঢোক গিলে বলে,“কিছু বলুন!”
তাওরাত কিছু বলেনা। কেবল ধীরে ধীরে নিজের বাম হাতটা তোলে। ওর গায়ের শার্টটা ছিল ফুল হাতার। হুট করেই বাম হাতার প্রান্তের বোতাম গুলো খুলে ফোল্ড করতে লাগলো হাতাটা। দিবা অবাক চোখে ওকে লক্ষ্য করছিল, এরপর চোখ দু'টো আরো বেশি বড় হলো যখন তাওরাতের হাতে কাটাছেঁড়ার চিহ্নটা দেখলো সে। একদম কব্জি থেকে কনুইয়ের ভাঁজ অবধি অসংখ্য কাঁটা দাগ। বেশ পুরনো দাগগুলো বলা চলে। এসব দাগ বিগত দু'টো সাক্ষাতে দিবার চোখে পড়েনি।
দিবা ঘোর থেকে বেরিয়ে মানুষটার মুখের দিকে তাকায়। তাওরাতের ঠোঁটে ঝুলে আছে শুকনো হাসি। দিবা তাকে কোনো প্রশ্ন করবে তার পূর্বেই সে ধীরগলায় বলে,“আমিও আসলে এই আচরণ জ্ঞানত করতাম না,ঐ মুহুর্তে আসলে মানসিক স্থিতিশীলতা হারিয়ে ফেলেছিলাম, এজন্য আমাকে হসপিটাল অবধি দৌড়াতে হয়েছিল,পরে বাড়িতে এসে মা আর বাবুর হাতে মার খেয়েছি খুব। বিষয়গুলো ভাবলেই হাসি পায়,লজ্জিত অনুভব করি।”
দিবা বোকা মুখে কিছুক্ষণ হাতটার দিকে চেয়েই থাকে । তাওরাত হাতটা উঁচু করে ধরলো আরেকটু যাতে দিবা ভালো করে দেখতে পারে হাতটা। সময় গড়ায়,দিবা অস্ফুট স্বরে বলে,“আমি আর দিলশাদ জেনেছি আপনার একটা প্রেম ছিল। কিন্তু এসব তো আপনি...!”
_তোমাকে আগে বলিনি! তাইতো?
_জি বলেননি।
তাওরাত শান্ত গলায় জবাব দিলো,“ওও, আমি না আসলে জানতাম, পাস্ট ইজ পাস্ট। ইট ডাজন্ট ম্যাটার। তবে তোমার কান্না দেখে আমারও অপরাধবোধ হচ্ছিল। ভাবলাম,এসব যদি তুমি অন্যদের মুখে শোনো তবে জীবনসঙ্গী হিসেবে আমার স্বচ্ছতা কোথায়? শহরে পড়তে গিয়ে হোস্টেলে উঠেছি উচ্চমাধ্যমিকে। সঠিক গাইডলাইনের অভাবে এতো পাকা পেকেছিলাম যে, এই কাণ্ড করেছি স্থানীয় এক মেয়ের জন্য। আমি এখনো পাড়ার মানুষ থেকে খোঁচা শুনি এই হাত কাটার বিষয়টা নিয়ে। কেউ কেউ তো ভাবে আমি পাক্কা ড্রাগ এডিক্ট হয়ে উঠেছিলাম। আমি তোমাকে এসব বলার প্রয়োজন মনে করিনি কারণ আমি আসলে ভেবেছি ঐ জীবনটা আমি ঐ উচ্চমাধ্যমিকেই রেখে এসেছি। ওটাকে টেনে হিচড়ে নিজের হবু স্ত্রীর সামনে এনে কি লাভ? মানুষের জীবনে এমন ছোট ছোট কত ঘটনাই ঘটে। পরিশেষে মানুষ শোধরায়। এটা ম্যাটার করে না। আশেপাশে এমন কেউ নেই যার একটা করে এক্স নেই। তোমার এক্স, আমার এক্স,সবার এক্স মিলেই একটা সমাজ গঠিত।”
এইবার দিবা ভেজা দু'টো চোখ নিয়ে একদম শব্দ করে হেসে উঠল। খিলখিলে সে হাসি। সাথে তাওরাতও হাসছে। ওরা এত জোরে হাসতে লাগলো যে আশপাশের আগন্তুকেরা আসতে যেতে থেমে গিয়ে ভ্রু কুঁচকে ওদের দেখছে।
তাওরাত হঠাৎ হাসি থামিয়ে বেশ অপরাধী গলায় বলল,“দিলশাদের কথাটা সত্যি। বিয়ের পরে পার্টনার এসব জানতে পারলেই খোঁচা মারে, বাঙালি তো আফটার অল। শান্তি বরবাদ করে দেয়। তাই আমার একটা জড়তা কাজ করেছে নিজের পাস্ট নিয়ে, লুকিয়ে গিয়েছি তাই। ভেবেছি তোমাকে কাটা হাত নিয়ে বিয়ের পরে মিথ্যা ছিথ্যা একটা কিছু বলে দেবো। মিথ্যা একটা গল্পও বানিয়ে রেখেছিলাম। এই যেমন ধরো আমাকে বাইক কিনে দেয়নি বাবা,এই রাগে হাত কেটেছি টিনেজ বয়সে। এটা বিশ্বাস যোগ্য হতো না বলো?”
দিবা গা দুলিয়ে হেসেই যাচ্ছে,চোখ মুছে বলে,“খুব হতো। আমি খুব বিশ্বাস করতাম এটা। আমি না সবাইকে বিশ্বাস করে ফেলি।”
তাওরাত ম্লান হাসলো,হুট করেই বললো,“তবে আমি বিশ্বাস করিনা মানুষকে খুব সহজে। হয়তো তোমাকেও খুব সহজে বিশ্বাস করবো না।”
দিবা হাসি থামিয়ে মলিন চোখে তাকালো এইবার,জানতে চাইলো,“কোন ব্যাপারে বিশ্বাস করবেননা?”
_ঐযে বললে,তুমি অতীতের কিছু নিয়ে বর্তমান বা ভবিষ্যত প্রভাবিত করবে না। এই কথাটা খুব সহজে বিশ্বাস করবো না আমি। এজন্য তোমাকে খুব পরিশ্রম করতে হবে।
দিবা একটু ঘাবড়ে গেল,বলল,
_কেমন পরিশ্রম?
তাওরাত মুচকি হাসে,ভ্রু উঁচিয়ে বলে,
_ওমা এটা জানতে এতো আগ্রহ? তুমি বুঝি আমাকে খুব পছন্দ করেছো?
দিবা চোখ নামায়,মিনমিনে গলায় জবাব দেয়।
_দিলশাদ আর মুগ্ধ খুব পছন্দ করেছে। ওরা বলে আপনি নাকি ভাইয়া ম্যাটেরিয়াল।
তাওরাত অনেক্ষণ হাসলো দিবার জবাব শুনে। ওর সামনে নয় মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটা একদম একটা আদুরে মানুষ ও আবার টের পেল। হুট করে দিবার হাতটা টেনে নিয়ে হাতের মুঠিতে পুরে বলল,
_আমার বিশ্বাস অর্জন করতে তোমাকে যেটা করতে হবে,আমায় অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্স দিতে হবে। একদম আচ্ছন্ন বানিয়ে রাখতে হবে আমাকে। যাতে তোমাকে বিশ্বাস করা ব্যতীত আমার কোনো উপায় না থাকে। পারবে না?
দিবা চুপ করে ওর হাতটা অপরিচিত মানুষটার হাতের মাঝে মথিত হতে দেখল কিছুক্ষণ,এরপর চোখ তুলল, হুট করে সাহসী গলায় বলল,“এতো ঠ্যাকা, সব কি আমার একার? এক্স তো আপানারও ছিল! পুরুষ মানুষ কখনো নিজের প্রথম ভালোবাসা ভোলেনা,এটা নাকি সায়েন্টিফিকলি প্রমাণিত। আমি আপনাকে আচ্ছন্ন করে রাখার ঠ্যাকা নিলে আপনি কি করবেন? আপনার কোনো ঠ্যাকা নেই আমার বিশ্বাস ধরে রাখার?”
তাওরাত মাথা ঝাঁকায় মৃদু,
_আছে তো!
_কি সেটা?
_তুমি আচ্ছন্ন করে রাখবে, আমি আচ্ছন্ন হয়ে থাকবো। যথেষ্ট নয় এটা?
দিবার গাল দু'টো লাল হয়,একদম টুকটুকে লাল। ও জবাব দিতে পারছে না। এ কেমন সুন্দর একটি মুহূর্ত ওর জীবনের? ও তো ভেবেছিল ওর জীবনের রংটা বুঝি আর জাগবে না। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে,সামনের মানুষটার সাথে তার জীবনের রংটা খুব সম্ভবত সহজেই ফুটবে।ঐ যে লোকমুখে দিবা শোনে “লাইফ সবাইকে সেকেন্ড চান্স দেয়”, ওর জীবনের সেকেন্ড চান্স কি এই তরিকুল ইসলাম তাওরাত?
দিবার নিশ্চুপতা দেখে তাওরাত ঝুকলো,নরম সুরে বলল,“ঘাবড়ে যেয়ো না। আমি একটু মেজাজী আর কড়া ভাষার মানুষ। তবে অতটা কঠিন হবো না তোমার জন্য,খুব সহজে আচ্ছন্ন করে রাখতে পারবে। এমনিতে কথা না শুনলে বকা খাবে, কিন্তু বাকিসময় সেসব পুষিয়ে যাবে।”
দিবা মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। তাওরাত বলে,“আরো কিছু বলবা? আর কোনো গোপন কথা? আমার কিন্তু আর কোনো গোপন কথা নেই ভাই!”
দিবা হাসে,মাথা ঝাঁকিয়ে বলে,“শুধু একটা অনুরোধ ছিল। আপনি সাহস দিলে বলব।”
_কি?
দিবা বড্ড কুন্ঠা নিয়ে বিড়বিড় করে,
_বিয়ে তো পরশু। আমাকে শুরুতে, আপনার সাথে একটু সহজ হতে সময় দিলে ভালো হতো।
তাওরাত কিছু পল চুপ থেকে বলে,“বিয়েটা পরশু এতে কি প্রবলেম আছে তোমার? আমাদের কি আরো দু'দিন পিছিয়ে নেয়া উচিত বিয়ে? আমাকে জানতে চাও আরো ভালো করে? বড়দের সাথে কথা বলব বিষয়টা নিয়ে? ডেট পাল্টাবো?”
দিবা মাথা নাড়ে,“বিয়ে পিছাতে হবে না। আমি আপনাকে জানতে আর বুঝতে চাই কেবল। সেটা আপনি আমার স্বামী হলে হয়তো আরো সহজ ভাবে পারবো,কাছ থেকে পারবো,আমারই সুবিধা হবে।”
তাওরাত ঢের সময় চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। এরপর চোখ নামিয়ে নেয়। দিবার হাতটা ভালো করে ধরে,খানিকটা কাছে টেনে বলে,“সত্যিই বিয়েটা আগামী পরশুই হবে বোলছো? আমিও তোমাকে সুযোগ দিচ্ছি মেয়ে। ভেবে দেখো!”
দিবার সারা শরীরে কাঁপুনি উঠেছে এই অযাচিত স্পর্শে, গালটা গরম হচ্ছে আবার। মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় তার ভেবে দেখা শেষ।
তাওরাত হাসে। দু'জন ওখানেই ওভাবে দাঁড়িয়ে থাকে কিছু মুহূর্ত। এরপর লোকসমাগম বাড়তেই দিবা সম্বিত ফিরে পেয়ে বলে,“ওখানে যাই এখন? আর এই টাকাটা রাখলাম। তবে বোধ হয়না খরচ হবে। হলে জানাবো।”
_হু।
তাওরাতের কদম অনুসরণ করে দিবা রেস্তোরাঁয় ফিরল। ওরা এসে দেখতে পেল মৃন্ময় আর দিলশাদ দু'জন করিডোরের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। তাওরাত অবাক গলায় বলল,“কি ব্যাপার তোমাদের একসাথে বসিয়ে রেখে গেলাম। একা একা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছো কেন দিলশাদ? আলাপ করতে আমার ভাইয়ের সাথে!”
মৃন্ময় সরু চোখে মেয়েটাকে দেখে। দিলশাদ জবাব দেয়,“আসলে ভাইয়া এত বড় মানুষের সাথে কি কথা বলবো তাই বুঝতে পারছিলাম না।”
_বড় মানে! বুড়ো নাকি আমার ভাইয়া?
তাওরাত হেসে বলে। দিলশাদ বিড়বিড় করলো,“তো আর কি!”
এ কথাটা অবশ্য তাওরাত শুনলো না। সে ব্যস্ত হয়ে পড়লো তার হবু স্ত্রীকে চেয়ার টেনে বসাতে। তবে মৃন্ময় দিলশাদের বিড়বিড়ানি শুনলো খুব স্পষ্ট করে। এরপর মুখটা শক্ত করে বলল,“বুড়ো মানুষ আমি? ওলে ফিডার খাওয়া বাচ্চা লে! তোমাকে দেখে নেবো,একদিন সুযোগটা পাই!”
________
শিমুলতলা নামক জায়গাটা শহরের বিস্তৃত এক উদ্যান। এই তল্লাটের রাজনৈতিক ও সাংস্কৃতিক সভাগুলো বেশিরভাগ সময় এখানেই পালিত হয়। এখানেই আজ দুপুর আড়াইটার পর থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসকের নির্দেশে। পৌরসভা নির্বাচনের নব্য ঘোষিত স্বতন্ত্র প্রার্থী হুসাইন মুহাম্মদ তালহা এখানে সভার আয়োজন করেছে,ঠিক একই সময়ে পাশের ফিল্ডে চলছে সরকার দলীয় পার্টির মাসিক মুদি বাজার বিতরণ সভা।
খবরটা ওসি কর্তৃক কানে যাওয়াতেই ডিসি নগদে এই ব্যবস্থা দিলেন। আশেপাশে,পুরো তল্লাটেই কড়া আইনি পাহারা। অতি উৎসুক কিশোর গ্যাং,যারা এমন সভা দেখলেই উশৃঙ্খলতা বাড়িয়ে দেয়,তারা পুলিশ দেখে আপাতত নিশ্চুপ।
তালহা আর আরফান মুখোমুখি হয়েছিল খানিক সময় আগেই। তালহা নোমিনেশন পত্র তুলেছে এই খবরটা আরফান পেয়েছে দুপুর বেলা। এবং সে খুব সহজ ভাবেই নিয়েছে কারণ তার অবচেতন মন জানতো এমনটিই হবে। তালহা এই রাজনীতিতে গভীর জলের মাছ এটা আরফানের চেয়ে আর কে-ই বা ভালো জানে! শুধু দেখতে চায় খেলাটা তালহা কিভাবে শুরু করবে।
দলের বিতরণী সভা শুরু করার আগে মোশাররফ হোসেন চৌধুরী এলেন। তিনি বেশ অবাক চোখে তালহাকে দেখলেন। তালহা মোশাররফ হোসেন চৌধুরীকে দেখা মাত্রই তার নিজের মঞ্চ ছেঁড়ে উঠে এগিয়ে এসে সালাম দিলো হাসিমুখে।
মোশাররফ চৌধুরীর বেজার মুখ, নিস্পৃহ গলা, বললেন,“এসব কি? তোমাকে বলেছিলাম তো দলে আসো। যা গেছে,গেছে। সবটা নতুন করে শুরু করাই যেত। ওই মেয়ে তো সুস্থ হয়ে চিটাগং চলে গেছে,আসল অপরাধী কারা তা বের হয়নি। তুমিও নির্দোষ। এতো কিসের চাপ এখন? দলে ফিরে এলেই পারতে!”
তালহা খুব সুন্দর করে হাসলো, পর সহজ গলায় বলল,“চাচা আসলে আমি দেখতে চেয়েছিলাম দলের বাইরে গিয়ে আমার গ্রহণযোগ্যতা ঠিক কতটুকু। এমনিতে আপনাদের দলই তো আমার আদর্শ। অবশ্যই আছি আপনাদের দলে। জয়বাংলা। আচ্ছা চাচা আপনি আসুন,ছেলের সভায় অতিথি হবেন না হয় আজ! দোয়া দিয়ে যাবেন আমাকে।”
মোশাররফ হোসেন চৌধুরী তালহার দাওয়াত রাখলেন না। সৌজন্য সূচক হাসি দিয়ে চুপচাপ নিজেদের দলের কাজে ব্যস্ত হয়ে পড়লেন।
ঠিক অমন সময় সাগরিকাকে নিয়ে আলিজা এলো। সাগরিকা ডাক্তারের চেম্বার থেকে ছাড়া পেয়েছে খানিক সময় পূর্বে। এরপর ভাইকে কল করলে আরফানই আলিজাকে নির্দেশ দিলো সাগরিকাকে নিয়ে এখানটায় আসতে।
গাড়িটা পার্কিং লটে থামার পরে বিমর্ষ মুখে সাগরিকা নামলো, এবং নামতেই শুরুতে তার চোখে পড়লো অদূরে সটান দাঁড়িয়ে থাকা তালহাকে।
থমকে রইলো সাগরিকা কিছুক্ষণ। একদম রক্ত সরে সাদা হলো মুখটা। হাতে আঙুল গুলো ভাজ হয়ে এলো। সাগরিকা জানতো না,জানলে ও এখানে আসতোই না।
পাথরের মত স্থির দাঁড়িয়ে আছে মেয়েটা,যেন কোনো লতানো গাছ ওর পায়ের কাছটাও পেঁচিয়ে ধরেছে। চোখ দু'টো ভিজে উঠলো সহসা।
ওদিকে তালহার মুখভঙ্গি নিরুত্তাপ। একদৃষ্টে ঘোমটার নিচের মুখটা কিছুসময় দেখে নিয়ে পাশে দাঁড়ানো আরফানকে বলল,“শালা তুই আসলেই কাওয়ার্ড। আমাকে গ্যাজাতে এখানে বৌ আনতে হলো কেন?”
আরফান একটু হাসলো। বলল,“আরফান সাহিরের বৌ তার শ্বশুরের পার্টির তরফ থেকে মুদি বাজার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে যাবে আজ। এজন্য এনেছি। ইউ নো, আমার বাড়ির বৌদের শান মান এমন। তারা সম্মানে তাদের স্বামীদের সমানে সমান। আমরা তো নারী অধিকার প্রতিষ্ঠায় সদা সোচ্চার ভাই। তোর ভাবী কত অমায়িক জানিস?”
আরফান হেসে সাগরিকার কাছে এগিয়ে যায়। তালহা কথা বলছে না,পারছে না আসলে। বহু কষ্টে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। চেয়ে আছে মুখটাতেই। মেয়েটা বিশটা দিনে কতটা বদলেছে! এ সাগরিকা নয়,আসলেই আরফানের কোনো পুতুল পুতুল বৌ যেন। কোনো অন্য মানুষ।
আরফান গিয়ে সাগরিকার হাতটা ধরলো। খুব সহজ গলায় বলল,
“শরীর খারাপ লাগছে ? বাড়ি গিয়ে রেস্ট নেবে। আমাকে পাঁচ মিনিট দাও
চলো। তুমি কয়েকজনকে হাতে বাজার তুলে দেবে। তারা ভীষণ খুশি হবে। গরীব বলে হেয় করো না কেমন? হাসি মুখে দিয়ো। আমাদের বাড়ির বৌরা এমন নিরাহংকারী হয়।”
বলেই সুন্দর করে হাসলো আরফান,এরপর সাগরিকাকে টেনে নিয়ে যেতে থাকলো ওপাশটাতে। সাগরিকা টের পেল সে হাঁটতে পারছে না,দুলছিলো দুর্বলতায়। সাহস নেই নেই করেও খুব সাহস করে মাথাটা একবার ঘুরিয়ে তালহাকে দেখেছিল,আরফান সাথে সাথে হেসেই বলে উঠলো,“পরপুরুষ সাগরিকা। মার খেতে চাও আমার হাতে তুমি? চোখ ফেরাও।”
সাগরিকা চোখ ফিরিয়ে পাথুরে হয়। তালহা স্থির হয়ে দাঁড়িয়ে রয় আরো কিছুক্ষণ। এরপর গিয়ে ধীরে ধীরে মঞ্চে ওঠে। তাকে এখন বক্তব্য রাখতে হবে। কিন্তু টের পেল বারবার তার গলা আটকে যাচ্ছে। টেনে টেনে শ্বাস নিতে হয় ওকে। গলা ছেড়ে বক্তৃতা দেয়ার আগে ইনহেলারটাও টানতে হয়।
“বাহ! এই শিমুল তুলার রাজনৈতিক পরিবেশ দেখে আমার এখন সত্যিই বুকটা ভরে উঠছে। আমি আপ্লুত হয়ে যাচ্ছি। এমন সম্প্রীতির পরিবেশই তো বরগুনা বাসী চায়। দেখুন এখানে আমি অপজিশন হয়ে সভা করছি,তাও সরকার দলীয় পার্টির মোশাররফ হোসেন চৌধুরী,আমার শ্রদ্ধেয় কাকার দোয়া নিয়ে।
অদূরেই তিনি তার দলের কাজে ব্যস্ত আছেন। এরপরও যদি কেউ মানুষটাকে নিয়ে বাজে কথা বলে তাকে আমার কিছুই বলার নেই।”
তালহা নিজ সভায় মোশাররফ হোসেন চৌধুরীর প্রশংসা করছে শুনে অবাক হলো সে। তাকালো আরফানের দিকে। আরফান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। বাবাকে নিচুগলায় একবার বলল,“আস্ত নাটক বাজ। হাসতে হাসতেই বাঁশ দিয়ে দেবে দেখবেন!”
আরফানের আন্দাজ সঠিক। ঠিক সেসময় তালহা আবার বলে উঠলো,“আপনারা জানেন আমি এখানে কেন এসেছি। এসেছি সেবা করার উদ্দেশ্যে। আপনারা আমাকে দোয়ায় রাখবেন। এখন থেকে প্রতিটা মুহূর্ত আমি আপনাদের। যখন ডাকবেন চলে আসবো। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে আমি একটা নতুন সিস্টেম চালু করেছি। অভিযোগ বাক্স বলে কিছু শুনেছেন কখনো? সেই ব্যবস্থা আমি পুনরায় চালু করবো এই তল্লাটে। আমি তালহা আমার রাজনৈতিক দীক্ষায় একটা আদর্শ নিয়ে চলি। জনগণের অধিকার নিশ্চিত করার আগেও জরুরি জনগণের কানে তাদের অধিকার ও ক্ষমতার ব্যাপারে সচেতনতা তৈরি করা। আজ থেকে আমি নামবো এই কাজে। যার যা অভিযোগ তা জানাবেন। প্রকাশ্যে। আপনাদের অধিকার এটা। আমি সার্বিকভাবে সহযোগিতা করবো। আগামী এক তারিখ থেকে শহরের অলিগলিতে আমি এই সিস্টেম চালু করবো। আমার সাথে থাকবে আরো কিছু স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রী সংগঠন। এখন থেকে আর লুকিয়ে নয়,আপনারা প্রকাশ্যে আপনাদের অভিযোগ দায়ের করবেন জনগণের আদালতে.....”
ভারী গলার বিস্ফোরণী বক্তৃতা চলমান। সাগরিকা এপাশে ঠকঠক করে কাঁপছিল ঐ গলা শুনে। ওর চোখ ঝাপসা হচ্ছে ক্রমশ। খুব কষ্টে অনুনয় করলো আরফান সাহিরকে,“আমার শরীরটা খারাপ। বাড়ি যেতে চাই আমি!”
আরফান চুপচাপ দাঁড়িয়ে আছে, সাগরিকার অনুনয় রাখবে ও,তবে সেটা ওর সময় মতো। মোশাররফ হোসেন চৌধুরী এক বৃদ্ধাকে আটার প্যাকেট ধরিয়ে দিতে দিতে আবার তাকালো ছেলের মুখের দিকে,আরফান বাবাকে বলল,“বলেছিলাম না তলে তলে বহুত কিছু পাকাচ্ছে তালহা? মিলছে আমার কথা? আরো লাই দেন এই বদটাকে!”
বাড়িতে ফিরেছে আরফান সাগরিকাকে নিয়েই। তখন সন্ধ্যা হবে। ভীষণ শান্ত অবতার তার। আজ একটা সাদা পাঞ্জাবির ওপরে মুজিব কোট চাপিয়েছিল। এমনিতে এই মুজিব কোট পোশাকটা আরফানের চূড়ান্ত অপছন্দের,তবুও জনগণের সামনে এই বেশে গেলে দ্বিগুণ সমীহ পাওয়া যায়। নিজেকে সজ্জন লাগে। যেকোনো সভা বা বিতরণী সভাতে গেলে ও তাই এটা পরে।
এটা বেশ বিরক্তি নিয়ে খুলল আরফান । তারপর পাঞ্জাবির গলার কাছের বোতাম দু'টো খুলল। ফোনটা কানে চেপে কারো সাথে হুহা করছিল সে।
সাগরিকা ঘরে ঢুকেই ওর শাড়িটা পাল্টে নেয়। লোকটা ঘরে আপাতত কতক্ষণ থাকবে ওর জানা নেই। ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত মেয়েটা একটু একা থাকবে বলে মনস্থির করে বারান্দায় যাচ্ছিল,এরমাঝে পায়ের কাছের শাড়ির অংশটা পেঁচিয়ে উষ্ঠা খেয়ে পড়তেই আরফান এক হাতে সামলে নিলো ওকে। ফোনটা কেটে বলল,“আহ। দেখে হাঁটবে তো। কি যে করোনা।”
সাগরিকা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো। আরফান উল্টে শক্ত করলো নিজের বাঁধন,বলল,“আচ্ছা শোনো,দিলশাদ নামের তোমার ক্লাসমেট মেয়েটা তোমার কতটা ঘনিষ্ঠ বান্ধবী?”
চমকাল সাগরিকা। কাঁপা কাঁপা গলায় বলল,“কেন? ওর সাথে কি?”
আরফান হাসলো,“আরে এভাবে তাকাচ্ছ কেন? শালিকা হয় আমার,নজর দেবো না। একটা কাজের জন্য জানতে চাইলাম।”
সাগরিকা চোখ নামাচ্ছে না। ভীষণ চিন্তিত লাগছিল ওকে। আরফান কিছুক্ষণ হেসে মেয়েটাকে একদম কাছে টেনে বলল,“আরে সত্যিই বাইরের মেয়েদের দিকে চোখ যায়না আমার। তোমাকেই ভালোবাসি! সত্যি বলছি!
ভালোবাসি! সত্যি কথা দিনে চৌদ্দ বার বলা যায়।”
সাগরিকা দম টানলো নিজের মাঝে। আরফানের রসিকতার বিপরীতে বলল,
_আমি কেবল ভাবছি কতই না নির্মম ভাবে আপনার পতন হবে।
বৌয়ের কথায় আরফান শুরুতে হকচকায়। এরপর আরেকটু ঝুঁকে ধীরস্থির বলে,
_বিশ্বাস করো! খুব সুন্দর ভাবেই হবে। আমি জেলে ঢুকবো,তুমি আমার বাচ্চা কোলে নিয়ে দৌড়ে দৌড়ে উকিল ধরে আমাকে ছাড়িয়ে আনবে। এর চেয়ে সুন্দর পতন হবেনা আমার। হলে এমন পতনই হবে। আর যদি এটা হয়,কসম,আমি বাড়ি ফিরে একদম তোমায় নিয়ে হজ্বে চলে যাবো। ভালো হয়ে যাবো পুরোপুরি।
আরফান হাসছে খ্যাকখ্যাক করে। সাগরিকা দাঁতে দাঁত চেপে ছাড়িয়ে নিলো নিজেকে,নরম সুরে বলল,“একটা অনুরোধ করবো।”
_হু?
_তালহাকে কখনো আঘাত করবেন না। যা মন চায় করুন,তবে প্লিজ খুন খারাবি নয়....
বলেই কেঁদে ফেললো সাগরিকা। আরফান শ্বাস টানলো। এরপর পাঞ্জাবি খুলে নিয়ে বলল,“সে দেখা যাবে। তুমি কথায় কথায় ওর নামটা মুখে নিয়ো নাতো সোনা। মার খাবে! তুমি যত বেশি ওর নাম মুখ নেবে, আমার ওর পেছনে লাগার কারণ গুলো পোক্ত হবে। তাই ওর ভালোর জন্য তুমি চুপ থাকো বুঝলা?”
সাগরিকা কাঁপছে। আরফান ওকে জাপটে ধরে ওর গালে চুমু খেয়ে বলে,“এই তো লক্ষী মেয়ে! তুমি আমাকে ডাকবে সারাক্ষণ। একদম তোতাপাখির মতো ডাকবে। এটাই ভালো তোমার জন্য।”
________
৮ সেপ্টেম্বর,২০১৭.
মোটা দাগের বাংলায় আজ ২৪-শে ভাদ্র,রোজ শুক্রবার।
আজ দিবার বিয়ে।
বিকেলের শেষ ভাগ। আকাশটা যেন নিজেই সেজে উঠেছে নববধূর মতো। নীল শাড়ির ওপর ছিটেফোঁটা তুলোর মেঘ, শেষ বিকেলের মিঠা রোদে ঝিলমিল করছে সোনালি আলপনা।
গাছের পাতায় রোদের ছায়াখেলা একরকমের আশীর্বাদের মতো নেমে এসেছে চারদিকে। সবকিছু আজ একটু বেশিই শান্ত, একটু বেশিই হাসিখুশি। যেন প্রকৃতিও দিবার সুখে অংশ নিতে এসেছে নিজের মতো করে।
উঠান সাজানো হয়েছিল কনের গায়ে হলুদ ছোঁয়া দিতে। গোসল সেরে বেনারসী মুড়ে নিয়ে কনে ভেজা চুলে গামছা পেঁচিয়ে চুপচাপ বসে আছে নিজের ঘরে। তাকে ঘিরে তার এবং দিলশাদের বান্ধবীরা বসে আছে। সবাই একদম পুতুলের মতো সেজেছে। সেই সাথে দিলশাদও। একমাত্র আপার বিয়ে বলে কথা। আজ মেজেন্ডা রঙের ওপর সোনালি সুতোর কাজ করা একটা কাতান পরেছে। চুল গুলো বেনী করে পেছনে কিছু ফুল গেঁথে দিয়েছে। দিবাকে সাজাতে বসেছে দিলশাদের বান্ধবী সাফা।
সূর্যটা পশ্চিমে হেলে পড়ছে ধীরে ধীরে, নীল কেটে আকাশে ছড়িয়ে দিচ্ছে গোলাপি আলো। বাইরের উঠানে দূরসম্পর্কের চাচী মামীরা বিয়ের গীত গাইছেন তখনো।
“আজ কইন্যার গাঁয়ে হলুদ কাইল কইন্যার বিয়া।”
শাহাজাহান আকারণে পায়চারি করছেন। বিয়ে উপলক্ষে ঢাকা থেকে এসেছে সুফিয়ার ছেলে বাপ্পি। উঠানের পশ্চিমে চেয়ার সাজিয়ে,লাইট ঠিক করতে ব্যস্ত সে। মুগ্ধ একটা নতুন পাঞ্জাবি পরে মন খারাপ করে বসে আছে। আপা কাল সকালে চলে যাবে এ কারণে সকাল থেকেই তার মন খারাপ।
দিবাকে সাজানো হচ্ছে একদম পরীর মতোন করে। অবশ্য একটু সাজলেই মেয়েটাকে ভীষণ সুন্দর লাগে। সাফা ওর গালে পাউডার মাখিয়ে দিতে দিতে তখন দিলশাদের কাছে জানতে চাইলো,
“এই দিলশাদ পাত্রের কোনো ছোট ভাই টাই নেই ? আমাদের যদি একটা বেয়াই না থাকে এটা আমাদের সাথে ইনজাস্টিস হয়ে গেলো না?”
দিলশাদ আপার লাগেজ গুছিয়ে রাখতে রাখতে বলল,
_ছোট ভাই নেই কিনা জানি না। তবে একটা অবিবাহিত বড় ভাই আছে। একটা বুড়ো ভাম।
বোনের কথা শুনে দিবা ধমকায়। ইফরাত পাশ থেকে বাকিদের বলে,“যাই বল হ্যান্ডসাম আছে। এই তোরা চিনিস তাকে। আরে ঐ সাংবাদিক মৃন্ময়। আমাদের ক্লাসের অর্ষা যাকে পছন্দ করে।”
বাকিদের মুখ হা হয়ে যায় এ কথা শুনে। সাফা বলে,“ওটার তো শিল্পকলা একাডেমীর উপস্থাপিকা মেয়েটার সাথে প্রেম ছিল শুনেছি লাবনীর কাছে।”
পাশ থেকে মৌরি বলল,“আমিও তো শুনেছি একজন ডাক্তারের সাথেও প্রেম ছিল।”
দিলশাদ খবর দুটো শুনে হুট করেই বমির ভান করে বলল,“ওয়াক। ওয়াক। এই আপা! কি শুনলাম তোর ভাসুরের নামে। আস্ত প্লেবয় তো।”
দিবা আবার ধমকাল বোনকে,
_এভাবে বলিস না।
দিলশাদ ওর মাথায় গাট্টা মারলো,“আচ্ছা বলবো না। তবে তোর প্লেবয়-রোমিও ভাসুরের জন্য আজকে আমাদের আয়োজন ব্যাপক আপা। তোকে তো জানানো হয়নি।”
_কি?
_হালকা করে জামাল গোডা।
চোখ টিপলো দিলশাদ। দিবা তড়াক করে লাফিয়ে উঠলো শুনে, আতঙ্ক নিয়ে বলল,
_বলছিস কি? মাথা গেছে?
সাফা আবদার করে উঠলো,
_না করো না দিবা আপু। একফোঁটা করে মিশিয়ে খাওয়াবো। এটুকু মজা বেয়াইদের সাথে করাই যায় বলো? কতদিন এভাবে মজা করিনি বিয়েতে।
দিবা মানছে না। সবকটাকে ধমকে বলল,“এসব বেয়াদবি করলে থাপড়ে দাঁত ফেলে দেবো।”
_আপা মোটেও বাড়াবাড়ি করবো না।
_তবুও দিলশাদ। এসব বেয়াদবি একদম না খবরদার।
দিলশাদ বিছানার একপাশে বসে পড়লো,রাগ নিয়ে বলল,
_ও বাবা! বিয়ে হতে না হতেই এতো? কত্ত ঢংরে বাবা। চুপচাপ বৌ সেজে বসে থাক। তোর স্বামীর সাথে কিছু করতে যাবো না। বাকিটা আমাদের বুঝতে দে। একটাও কথা বলবি না।
দিবার সাজ প্রায় শেষের দিকে। বাইরে থেকে সুফিয়ার ডাক এলো তখন। ও বাড়ি থেকে লোক চলে এসেছে। এমনিতে পাত্রপক্ষ মসজিদে ঢুকবে এখন। মুরব্বি মহিলাদের মধ্যে থেকে তাওরাতের বৃদ্ধা নানী মুমতাজ এসেছেন কেবল । বাকি যারা রয়েছেন তারা সব পুরুষ লোক। মেয়ে বলতে কিছু কিশোরী মেয়ে এসেছে,যারা তাওরাত আর মৃন্ময়ের কাজিন। নানী আর বোনদের নিয়ে মৃন্ময়কেই এ বাড়িতে পা রাখতে হলো। মুমতাজকে এখানে রেখে সেও মসজিদে ঢুকবে।
দিলশাদ দু পায়ে ব্যস্ততা নিয়ে বেরুলো,সাথে ওর বান্ধবীরা। তখন হলুদ গোসলে পুরো উঠান ভিজে আছে,দিলশাদ চেঁচিয়ে চলেছে,“মুগ্ধ বাপ্পিকে বল তো এখানে ইট বিছিয়ে দিতে,ও বাড়ির লোক আছাড় খাবে.....!”
মৃন্ময়কে দেখে থামলো দিলশাদ। মৃন্ময়ও একদৃষ্টে চেয়ে আছে। শাড়ি পরিহিতা মেয়েটাকেও এই মুহূর্তে বেয়াদব লাগছে না,ও টের পেল। বরং ভালো লাগছে,বেশ বেশ বেশ ভালো লাগছে।
বিয়ে বাড়ির ছোট ছোট বাচ্চারা আবার ততক্ষণে মৃন্ময়কে চারপাশ থেকে ঘিয়ে ধরেছে,“দুলাভাই টাকা,দুলাভাই টাকা, নয়তো আপাকে দেবো না।”
দিলশাদ ঐ গ্রুপের একজনকে ধমকে উঠলো,“ইনি দুলাভাই নন। দুলাভাই পরে আসবে। তখন গেট ধরবো। যা ভেতরে যা।”
এগিয়ে এসে ও বাড়ির মেয়ে গুলোর মুখের দিকে চেয়ে সৌজন্য সূচক হাসি দিল সে। মৃন্ময়ের নানী রিনরিনে গলায় মৃন্ময়কে বলল,“বৌ কোনটা রে?”
মৃন্ময় হাই তুলে বলল,“এদের মধ্যে একটাও না। বাবুর বৌ ভেতরে সম্ভবত।”
মুমতাজ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দিলশাদ আর ওর সব বান্ধবীদের দেখে বলল,“তা এরা এভাবে বৌ সেজেছে কেন?”
বৃদ্ধার কথা শুনে দিলশাদের মুখটা গেল ফ্যাকাশে হয়ে। আচ্ছা জাঁদরেল বুড়ি তো! এভাবে কেউ কথা বলে? এটাকেও জামাল গোডা টেস্ট করাতে হবে।
মৃন্ময় নানীর কথা শুনে ঠোঁট চেপে হেসে বলল,“কারণ তাদের মনে অনেক রং। ও তুমি বুঝবে না নানীআপু। পাত্রের বাড়ি থেকে হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে আসবে এজন্য কনেপক্ষের মেয়েরা এতো সাজে!”
দিলশাদের চোয়াল ঝুলে গেল মৃন্ময়ের কথা শুনে। তৎক্ষণাৎ গা ঝাড়া দিয়ে সাফাকে বলল,“এই সাফা!”
_হু?
_আজকাল হিরো আলমকে কি হ্যান্ডসাম বলা হচ্ছে রে?
এক লহমায় গোটা উঠানে হাসাহাসির রোল পড়ে গেল। মৃন্ময় সহজ চোখেই দিলশাদকে দেখছে,এই টিটকারী ও গায়ে মাখেনি। দিলশাদ কথায় জিতে হঠাৎ মুখটা চকচকে করে ফেলল। এগিয়ে এসে মুমতাজের হাত ধরে বলল,“আসুন নানী। আপা ভেতরে। আমি আপার ছোট বোন। আসুন।”
মৃন্ময় তখনো দাঁড়িয়ে আছে। সুফিয়া রান্নাঘর সামলে হাত ধুয়ে নেমে বলল,“ও বাবা,তুমি মসজিদে যাবে? নাকি এখানে থাকবে?”
_শাহজাহান আঙ্কেলের সাথে যাবো। আসলে আমি ওযু করবো।
সুফিয়া দিলশাদের মুখের দিকে তাকিয়ে বলল,“একটু পানি চেপে দে না মা।”
মৃন্ময় বলল,“দরকার নেই। এতো ভারি মেকআপ নিয়ে এতো পরিশ্রমের কাজ করা যায় খালামনি?”
দিলশাদ সাথে সাথে নিজের গাল ছু'লো। ভ্রু জোড়া গুটিয়ে এসেছে তার। সে মোটেও মেকআপ দেয়নি। সুফিয়া মৃন্ময়ের কথায় হেসে চলে গেল।
মৃন্ময় দিলশাদকে বলল,“সরবেন এখান থেকে? ওযু করে যাবো আমি। মেয়ে মানুষ দেখলে ওযু থাকবে না বেয়ান!।”
দিলশাদ সরে গেল, দাঁত কাটতে লাগল,মনে মনে বলল,“আসুন আসুন। আপনার জন্য যে কি অপেক্ষা করছে! সাম্বাদিক বেয়াই। আজ আপনি সারারাত হাম্বা হাম্বা করবেন।”
#চলমান..........
[ একটু অসুস্থ আমি। তাই দেরি হলো। ]