ফন্ট সাইজ:
থিম:
আগুন রাঙা ফাগুন

পর্ব 8

লেখক: ইসরাত ইতি

#আগুন_রঙা_ফাগুন [ ৮ ]

দুইটা একাউন্টের সর্বমোট টাকা থেকে দিবার ভাগে জুটেছে ষাট হাজার টাকা। এটা ওর বিয়ের খরচা। এছাড়াও মেয়ে বিদায়ের সময় প্রতি মেয়ের শ্বশুর বাড়িতে ফার্নিচার বাবদ দিতে লাখ খানেক টাকাও জুটিয়ে রেখে যেতে পেরেছিলেন ওদের বাবা। অবশ্য দিবা এসব টাকায় হাত দেবে না। ও কেবল ষাট হাজার টাকা তুলেছে বরপক্ষ খাওয়ানোর খরচা।
ওই বাড়ি থেকে ইনিয়ে বিনিয়ে কোনো যৌতুক দাবি করা হয়নি, এটা বেশ স্বস্তির এবং আনন্দের বিষয়। তাওরাতের সাথে দিবার খালা সরাসরি কথা বলেছে এ নিয়ে,তাওরাত জবাব দিয়েছে,“আমি কেবল ভদ্র,সংসারী ও নিরহংকারী একটি মেয়ে চাইছি। এছাড়া আমার তরফ থেকে যে পঞ্চাশ জন লোক খাবে ও বাড়িতে গিয়ে,সেই খরচার টাকাটা আমিই দিবো। তাদেরকে বলুন একটু গায়ের খাটনি দিতে কেবল, আপ্যায়ন টা যাতে ভালোভাবে করে। আর কোনো দাবি নেই আমার।”

দিলশাদ অবশ্য তাওরাতের এ প্রস্তাব নাকচ করেছে। পঞ্চাশ জন লোক খাওয়ানোর সামর্থ্য তাদের আছে। এরজন্য হবু জামাইয়ের কাছে হাত পাতার প্রয়োজন নেই।
দিবা তাওরাতের কথা শুনে এসব দেনাপাওনা নিয়ে আর বিশেষ মাথা ব্যথা দেখাচ্ছে না। বরকে একেবারেই যে কিছু দেবে না তাও নয়, তাকে অনেক দামি একটা ঘড়ি দেয়া হবে,দিলশাদ কিনেছে সেটা।
তবে দিবা দিলশাদকে পইপই করে বলে দিয়েছে এর চেয়ে বাড়াবাড়ি কেনাকাটা করার চাপটা যাতে না নেয়,তাহলে দিবা বিয়েই বসবে না। নিজের জীবন হেফাজত করতে বিয়ে নামক একটা পবিত্র বন্ধনে সে জড়াতে চলেছে। সেখানে যদি বিয়ের শুরুটাতেই পাত্রপক্ষের চাহিদায় কোনঠাসা হয়ে যেতে হয় এতিম একটা মেয়েকে। তাহলে এ বিয়ের মানে কি?
শপিং হবে আজ বিকেলে,বরগুনাতেই। বিভাগীয় শহরে গিয়ে কেনাকাটা করার মতো সাধ্য বা সময় কোনোটিই নেই ওদের। তাওরাত পটুয়াখালী থেকে সকালে রওনা দিয়েছেন। সে আর দিবা দু'জন মিলেই করবে পয়নামার কেনাকাটা। বাকিটা পরের আলোচনা।
বান্ডিলে সবগুলো একহাজার টাকার নোট। দিবা টাকাটা আরো একবার গুনে নিয়ে ভ্রু কুঁচকে ফেলে,বোনকে বলে,“এই দিলশাদ! নোট তো দু'টো ছেঁড়া রে খানিকটা!”

শেল্ফ থেকে জুতা বের করে সুন্দর পা দু'টো গলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে দিলশাদ। জবাব দিলো,“সমস্যা নেই। খালুকে বলবো কষাইখানা অথবা মুরগী বাজারে গিয়ে টাকার নোটের মাঝে রেখে চালিয়ে দিতে ও দু'টো!”

দিবা ঠোঁট উল্টে বলে,“তুই একটা হিটলার ভাই!”

ফগের পারফিউমের বোতলটা হাতে তুলে দেদারসে গায়ে মেখে তাচ্ছিল্য করে হাসে দিলশাদ,বড় গলায় জবাব দেয়,“তুই চুপ থাক। এতো সৎ হবার দরকার নেই লাইফে। আমাকে হিটলার বলছিস? আর জানিস এই আমি রোজ কত জনের কাছ থেকে ঠকে আসি ? বাজার করতে গেলেই সবাই আম্মা ডেকে ঠকিয়ে দেয়। আমি অন্তত কাউকে আব্বা ডেকে ঠকাইনা। এত নিচে নামিনি। ঠকালে স্ট্রেট ঠকিয়ে দিই।”

দিলশাদ মুখ চেপে হাসে বলে। বিছানার একপাশে বসে টোট ব্যাগে গুছিয়ে নিচ্ছে প্রয়োজনীয় সব কাগজপত্র। দিন কেটেছে গুনে গুনে চারদিন। এর মাঝে একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছে। বরগুনা প্রি ক্যাডেট রেসিডেন্সিয়াল হাইস্কুলের বায়োলজির ম্যাম যুথি চাকরিতে ইস্তফা দিয়ে শহর ছেড়েছে। তার কানাডার টিকিট লেগেছে আগামী মাসের পঁচিশ তারিখ। সেদিনের পরে আর স্বাভাবিক হতে পারেনি যুথি। এরপর ধারাবাহিক ভাবে মাথায় হাত উঠেছে প্রি ক্যাডেটের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের। সামনে এক্সাম আর এই মাসেই সাইন্সের শিক্ষক শূন্যতা কোনো ভালো বিষয় নয়। অমনি প্রিন্সিপাল মাহবুব হাসান তলব পাঠালেন দিলশাদকে। সুপ্রসন্ন ভাগ্য দিলশাদের, এতদিন যে ওয়েটিং লিস্টে ঝুলে ছিল আজ এক চুটকিতে বেতনের প্রস্তাব পেয়েছে শুরুতেই আঠারো হাজার। যেন দিলশাদ সোনার হরিণ পেয়েছে,বিগত তিন দিন ধরে এতটাই উত্তেজিত সে।

দিবা বলল,“কোথায় যাচ্ছিস? স্কুলে?”

_হু। হাজিরা দিতে যাচ্ছি। দোয়া করিস,আমি এখন থেকে বায়োলজি ম্যাম। ওকে?

সকাল খুব বেশি নয়। দশটার কাঁটায় তখন। বাইরের রোদটা চিড়চিড়ে নয় বরং উষ্ণ কোমল। আরামে চোখ বুজে আসছিল দিলশাদের। এই প্রিক্যাডেট রেসিডেন্সিয়াল স্কুলে দিলশাদও পড়েছে বছরখানেক। যতদিন বাবার সামর্থ্য ছিল। এরপর হুট করেই সদর গার্লসে ঢুকতে হয়েছিল যখন বাবার অসুখ ধরা পড়লো। আজ এই স্বপ্নের মতো স্কুলটাতে,যেখানে শহরের ধনীদের বাচ্চারা পড়ছে,সেই স্কুলে দিলশাদ ম্যাম হবে। আশেপাশে বাচ্চারা ওকে সমীহ করে হাঁটবে। ভাবনাটা মাথায় এনে অহংকারে আপনাআপনি বুক ফোলে ওর। দিলশাদ গভীর করে শ্বাস নেয়।

ম্যানেজমেন্টের সবাই টিচার্স রুমেই ছিলেন। এ যেন স্বর্গীয় একটি ব্যাপার ছিল দিলশাদের কাছে,ওর থেকে দ্বিগুণবয়সী মানুষগুলো ওকে সহকর্মী হিসেবে স্বাগত জানিয়েছে। বেশি ভালো মানুষ প্রিন্সিপাল মাহবুব হাসান। সম্পর্কে দিলশাদের দূরসম্পর্কের মামাও হয়। ভদ্রলোক বেশ কিছুক্ষণ যুথির বিষয়টা নিয়ে আফসোস ঝেড়ে দিলশাদকে বললেন,“যুথি খুব ভালো এফোর্ড দিতো জানো? ওই যে আদর্শ টিচার যাকে বলে। ছাত্রদের সাথে শিক্ষকের লেনাদেনা কেবল বই আর পড়া নিয়ে তা কিন্তু নয়। আশা রাখছি তোমার হাতে এই দায়িত্বটা বেশ ভালো করে উতরে যাবে। মনে রেখো মা, এই স্কুলে তুমি কেবল কিছু বাচ্চার বায়োলজি শেখানোর দায়িত্বে হাত রাখোনি। তাদের নৈতিকতা চর্চা হবে তোমার হাতেই। আচ্ছা আজ বেশি থাকার দরকার নেই। যাও ক্লাস রুম থেকে ঘুরে এসো, পরিচিত হয়ে এসো সবার সাথে। তারপর বাড়িতে যাও।”

বাকিটা সময়ও দিলশাদের কাছে ছিল স্বপ্নের মতো। হোক বেসরকারি প্রতিষ্ঠান,তবুও নিজেকে নিয়ে ভারি গর্বিত অনুভব করেছে সে। দিলশাদের মনে আছে সে যখন এস.এস.সি. পরীক্ষা দিয়েছিল,দিবা তখন উচ্চমাধ্যমিকে। খালুর কাছে একটা প্রস্তাব এসেছিল। দুই ভাই সৌদি প্রবাসী। বেশ অর্থবান। ওদের দুই বোনকে ছবিতে দেখেই পছন্দ করেছে দুই ভাই। বিয়ে হলে সোনাদানায় মুরে রাখবে।
দিবা আর দিলশাদ তখন বড় গলায় না করেছিল। খালু মানুষটা ভালো হলেও সেদিন খোঁচা মেরে বলেছিল,“লেখাপড়া করে কি করতে পারবি আসলে? তোদের মামু খালু আছে? এই প্রস্তাব নাকচ করে ভুল করলি তোরা দুইজন।”

দিলশাদ খালুর খোঁচাটাকে খুব সহজ ভাবেই নিয়েছে সেদিন। সেই থেকে মনের মধ্যে জেদ তার। করলে আসলে লেখাপড়া দিয়েই কিছু একটা করবে। মেডিকেল হয়নি তো কি হয়েছে? ভার্সিটি ফসকেছে তো কি হয়েছে? দিলশাদের স্বপ্ন বিসিএস, সেটা আজ হোক বা বিয়ের পরে হোক। ও চেষ্টার কোনো ত্রুটি রাখবে না।

________

ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা নিচতলায় নেমে রান্নাঘরে ঢুকে দাঁড়িয়ে আছে সাগরিকা। হলদে-ফরসা মুখটা আজ বিগত দিনের চেয়ে তুলনামূলক ম্যাদাটে-ফ্যাকাশে। শরীরটা ভালো লাগে না,একটু শুয়ে থাকতে পারলেই বোধকরি ভালো হতো কিন্তু সে উপায় নেই। লোকটা ঘরে পায়চারি করছে। কখনো ওয়ার্কাউট করেছে, কখনো শেভ করেছে, কখনো নিজের ফোন ঘাটছে। ভাব দেখে মনে হচ্ছে আজ বাড়িতে থাকবে। এই পরিস্থিতিতে ও ঘরে ঢুকে শুয়ে থাকার চেয়ে রান্নাঘরে কাজের বাহানায় আগুনের কাছে দাঁড়িয়ে থাকাটাকেই স্বস্তির লাগছে সাগরিকার কাছে। লোকটার সময়ে অসময়ে এসে নরম করে তার শরীর ছুঁয়ে দেয়াটা বড্ড বেদনাদায়ক।

রান্নাঘরের এক পাশে বাড়ির ছোট বৌ জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে, ভীষণ অন্যমনস্ক ভঙ্গি। মল্লিকা দৃশ্যটা দেখলেন এপাশের লিভিং কর্ণার হতে। দেখেই শ্বাস ফেলে সে। সাগরিকা মেয়েটা কেমন যেন! বিয়ে বসেছে নিজে থেকে অথচ চলনে বলনে বড্ড ঢিলে। একটা কিছু বললেও সাড়া দিতে দেরী। মল্লিকা এই বৌকে দিয়ে ততটা আরাম পাচ্ছেন না। না জানি তার ছেলে কি দেখে এত পাগল হলো! রূপ ধুয়ে ধুয়ে আজীবন পানি খাবে? বৌ মানুষ তো থাকবে ঘর আলো করে,ঘরের কোণায় কোণায় অমাবস্যা নামিয়ে দাঁড়িয়ে থাকবে কেন? হাসে না, দু'টো কথা বলে না। সহজ সরল আছে সেটা ভালো দিক, তবে এমন রোবট কেন?

“ছোট বৌমা!”

শাশুড়ির দরাজ গলা শুনে সাগরিকা তাকালো। তবে কোনো প্রতিক্রিয়া ফুটল না মুখের অভিব্যক্তিতে। ও আশেপাশে দৃষ্টি বুলাল। মল্লিকা গম্ভীর গলায় বলল,“তুমি ছাড়া এ বাড়িতে কোনো ছোট বৌমা নেই আমার। আশেপাশে কি তাকাচ্ছো? তোমাকেই ডাকছি। ডাকলে সাড়া দিতে হয়। এগুলো আদব!”

_জি।
অস্ফুটে বলেই সাগরিকা মাথা নুইয়ে নেয়। আলিজা এসে করিডোরে দাঁড়ায় তখন,সাগরিকাকে বলে,“ভাবী! আমরা বেরুবো। কিছু কেনাকাটা আছে। বড় ভাবী,মেজো ভাবীও যাবে। তুমি যাবে আমাদের সাথে? ভালোলাগবে তবে।”

সাগরিকা মাথা নেড়ে 'না' বলল। আলিজা ভাবলো, ভাবীর কাছে এই প্রশ্নটা করাই তার বোকামি হলো। এসব তো ছোট ভাইয়ার ইচ্ছে-অনিচ্ছে। ওর সামনের মানুষটা তো স্রেফ তার হাতের কাঠপুতুলি।

আরফান তখন গোসল সেরে মাথা মুছে নিতে নিতে দূরন্ত পায়ে ডাইনিং হলে এলো। তার এখনো ব্রেকফাস্ট হয়নি। খিদে তুঙ্গে। চেয়ার টেনে বসেই উঁকি মেরে রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা সাগরিকাকে বলল,“এই সাগরিকা ডিম পোচ লাগবে আরেকটা। এটা বিন্তিকে করতে দিয়ো না। ও পারেনা ঠিকঠাক,কুসুম ফাটিয়ে ফেলে। তুমি আনো।”

সাগরিকা চুপচাপ কাজে লেগে পড়ে। ফ্রিজ খুলে ডিম বের করে। আলিজা,মল্লিকা আর বিন্তি রান্নাঘর থেকে সরলো তারপর। সাগরিকা এসে আরফানের পাতে খাবার সাজিয়ে দিতেই আরফান নরম সুরে বলল,“খেয়েছো?”

_হু।

_আচ্ছা বসো, আবার খাও। তোমার বেশি বেশি খাওয়া উচিত। দুর্বল তুমি।

গা টা জ্বলে উঠলো সাগরিকার। ও তো এখন এখান থেকে পালাতে চায়। চোখের দৃষ্টি এলোমেলো। আরফান ওর মুখটা চট করে পড়ে নিয়ে ক্রুর হাসলো। বলল,“একটা আপেল কেটে দাও। বেদানার দানা বের করে দাও কিছু। কমলা ছুলে দাও। খাবো। তারপর মধু দিয়ে এক কাপ চা বানিয়ে দিয়ো।”

সাগরিকা মৃদু শ্বাস ফেলে ফলের ঝুড়ি থেকে ফল তুলে নেয়। আরফানের মেজো ভাবী মিথি এলো তখন। দেবর আর জা'কে একপলক দেখল, তারপর সাগরিকাকে বলল,“সকালেও শুনলাম গা গুলাচ্ছে! ভাই ব্যাপার কি তোমার? বিয়ের বয়স বিশ দিনও হয়নি,এর মধ্যে সুখবর? নাকি আগে থেকেই সেট হুম? প্রেম করতে তোমরা এ আমি বুঝতে পেরেছি ‌। এ বাড়ির ছেলেদের তো আবার তর সয়না। আগেভাগে সব..”

সাগরিকা হতভম্ব চোখে তাকাল মিথির মুখে। আরফান পানি খাচ্ছিল,হুট করে হাতের গ্লাসটা শব্দ করে টেবিল রেখে দিল। মিথিও উঠল চমকে। বিমূঢ় হয়ে দেবরের মুখে তাকায়। আরফান ধীর গলায় শাসায় ওকে,“ওর সাথে আর কখনো এসব সস্তা মজা করবে না! হু? প্লিজ?”

মিথি আরফানকে ভয় পায়। বুঝতেও পারলো সে মজার ছলে সীমা অতিক্রম করেছে, শুকনো হেসে দ্রুত বেরিয়ে যায় সিনক্রিয়েট বাড়তে না দিয়ে। সাগরিকা স্থির হয়ে দাঁড়িয়ে ছিল, এরপর হন্তদন্ত হয়ে সিঁড়ির দিকে ছোটে।

নিজের খাওয়াটা শেষ করেই দোতলায় উঠলো আরফান। গিয়ে দেখলো সাগরিকা বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে চুপ করে। আরফান অস্পষ্ট ঠোঁট বাকালো। পর পর গিয়ে একপাশে বসে কিছুক্ষণ নিরবতা টানলো দুজনের মাঝে, এরপরে টানলো সাগরিকাকে,নরম সুরেই বলল,“আচ্ছা আমি শাসালাম তো। ওতে হয়নি? এর চেয়েও ডিপ জোকস জায়েরা করে থাকে জা'দের সাথে। এতো মাইন্ড খাওয়ার কিছু নেই। সে বললেই তো তুমি আমার সাথে শুয়ে পড়োনি বিয়ের আগে। আমরা জানি আমরা কি তাইনা? আচ্ছা চুলে শ্যাম্পু করেছো সকালে? ড্যাম,আ'ম লাভিং দিস ফ্রেগনেন্স।”

ঝুঁকে সাগরিকার চুলের ঘ্রাণ শুকলো আরফান। সাগরিকা হাতটা সরিয়ে দিয়ে বলল,“আমি আসলে ওটাই। ওই অমন সস্তা মেয়ে মানুষ। যেমনটা ভেবে আপনার ভাবী মজাটা করে দিল। তাই আর রাগ করিনি ওনার কথায়। বলেছিলাম তো,এই সম্পর্ক থেকে বিন্দুমাত্র রেসপেক্ট আমি নিবো না। আমি আমার আত্মাহুতি দিয়েছি আপনাকে বিয়ে করে। আপনি, আপনাদের বাড়ির লোক কে কি বলল আই ডোন্ট কেয়ার। আমি আসলেই স্বস্তা। বাকিটাও আপনারা যে যা ভাবেন ভেবে নেন।”

সাগরিকার কন্ঠ ছিল স্বচ্ছ,ধারালো। আরফান মেয়েটাকে হুট করেই অন্যরকম কেউ আবিষ্কার করলো। তবে ও বিশেষ বিচলিত হলো না। এসব মেয়েলি রোজরোজকার নাটক,প্রতিবাদের কঠিন ভাষা,কন্ঠে “কান্ডারি হুঁশিয়ার” টাইপের জোর আদতে কিচ্ছুটি ছিঁড়তে পারেনা আরফান সাহিরের। ও হাত বাড়িয়ে আলতো করে মেয়েটার চোয়াল টিপে দেয়, দাঁতে দাঁত কেটে বলে,“খুব অহংকার হচ্ছে না এই মুহূর্তে নিজের জেদ নিয়ে? তো লিসেন, একদম ঠুশ করে ভেঙে দেবো এই অহংকার। কেঁদে কেটে আমার পায়ে পরে আমার সংসারে থাকতে চাইবে,এমন ব্যবস্থা করা আমার একদম চুটকির ব্যাপার। আমার কাছে ভিক্ষা চাইবে নিজের পরিচয়। কিন্তু কি জানো? আমার মনে হচ্ছে তোমাকে আদরে মানায়, তাই আদর করি। এসব জানোয়ারপনা করেও ঠিক মজা নেই। ওসব করতে হলে শখ করে আর বিয়েটা করতাম না। একদম পা বেঁধে বাংলো বাড়িটাতে ফেলে রাখতাম। ভোগ করে মন উঠে গেলে পায়রায় চালান দিতাম।
আর আমি আসলেই সুপুরুষ,বৌয়ের চোখের পানি বুকে লাগে। তাই বেশি কাঁদাই না, আদর করি। তবে তুমি জটিলতা বাড়াতে চাইলে আমার তরফ থেকে না নেই। আমার খেলতে ভালো লাগে। তুমি একটা দান দেবে,আমি পরের দানে মাত দেবো। বাইরের রাজনীতি সামলে এসে তোমার সাথে এক্কা দোক্কা খেলতে ইচ্ছে করেনা। সো,শাট আপ!”

এটুকু বলে আরফান একটু থামলো। শক্ত হাতের তর্জনীতে সাগরিকার ঠোট ছুঁয়ে দিয়ে বলল,“পাগল তো একদিন ঠিকই হবে,শুধু শুধু আমাদের শুরুর দিনগুলো নষ্ট করছো।”

ধীরে ধীরে সাগরিকার মাথাটা টেনে আরফান বুকে নিলো, বোঝাতে লাগলো,“মুডটা আসলে ঠান্ডা আছে তাই বোঝাচ্ছি। মাথা ঠান্ডা করো। আচ্ছা, শোনো ডাক্তারের কাছে যাবে আজ। আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছি। আলিজা নিয়ে যাবে তোমাকে। চলো ওঠো, শাড়ি পরো। দ্বিতীয় বার যেন বলতে না হয়।”

সাগরিকা দীর্ঘশ্বাস ফেলে উঠলো। না উঠে আর কোনো গতি তো নেই ওর। আরফান ওর ফোনটা তুলে আলিজার নাম্বারে কল করে বলল,“ডক্টর আঞ্জুমানের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি দুপুরের পরে। ওকে নিয়ে যাস। আমি ফিরতি পথে পিক করে নেবো।”

সাগরিকা একটা সিল্কের শাড়ি পরে বেরিয়েছে। আরফান কিছুক্ষণ চেয়ে চেয়ে নতমুখটা দেখে বলল,“আম্মা সোনার গয়না বুঝিয়ে দেয়নি?”

_হু।

_তবে সেগুলো পরোনা কেন? তুমি তো বিধবা না ভাই। গয়না আছে,গয়না পরার কারণও আছে। পরবে । এসব রারিপনা আমি মরে গেলে কইরো। যাও গিয়ে গয়না পরো। গো!

__________

টানা তিন দিনের অবিরাম বৃষ্টির পরে আজ আকাশ হঠাৎ হাসতে শিখেছে। সারাটাদিন হেসেছেও। গাছের পাতা আর কাদামাখা পথের উপর রোদের ঝলক ছিটকে পড়েছে। একটা সোনালি পরশে মোড়া পরন্ত বিকেল। বাতাসে এখনো বৃষ্টির গন্ধ, কিন্তু তার সঙ্গে মিশে আছে একরাশ নরম উষ্ণতা, একটা নতুন সুর। ছাদ থেকে শুকনো জামাকাপড় গুলো চটজলদি করে গুছিয়ে নিয়ে নিচে নামে দিবা। ঘর থেকে দিলশাদ ডাকছিল ওকে,“আপা এলি? দেরী হবে তো।”

দিবা এসে গায়ের জামা পাল্টে একটা সুন্দর সালোয়ার কামিজ পরে নেয়। ওড়না টেনে মাথা ঢেকে ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগাবে যখন,দিলশাদ শান্ত ভঙ্গিমায় বলল,“এতো মেকআপ নো মেকআপ লুকে থাকার দরকার নেই। সাজলে একটু ভালো করেই সাজ। তুই যে সেজেছিস এটা তাওরাত ভাই জানুক। পুরুষ জাতটা অতি ধুরন্ধর,এরা যদি বোঝে তার বৌকে না সাজলেই সুন্দর লাগে তবে মাথায় চড়ে বসে। কিছু কিনে দিতে চায়না। মাথায় পোছা দিয়ে মিথ্যা বুলি আওড়ায়,“আআ জান তোমাকে এমনিতেই বেশি সুন্দর লাগে। কিছু কিনতে হবে না।”
সো তোর এতো সাধারণ প্রমাণ করারও দরকার নেই নিজেকে। একটু সাজ। তাওরাত ভাই যেন বোঝে তুই সাজিস,সাজের জিনিস কিনিস।”

বোনের কথা শুনে দিবা হঠাৎ গা কাঁপিয়ে হেসে উঠলো। খানিকসময় হেসে বলল,“তোর হাসবেন্ডের কথা চিন্তা করলে কান্না আসে আমার। বেচারা জানেও না তার কপালে কি ধানি লঙ্কা আছে!”

দিলশাদ ভ্রু কুঁচকে নেয়,
_এতো বোলো না সবাই! আমি একটু খিটখিটে হতে পারি,তবে আমার হাসবেন্ডকে এতো ভালোবাসবো,এতো ভালোবাসবো আর এতো ভালোবাসবো যে সবাই আমাকে জামাই পাগল ডাকবে একদিন। আমি তোদের চেয়েও বেশি লক্ষি টাইপের বৌ হবো। মিলিয়ে নিস।

________

বরগুনা ছোট শহর হলেও বাজারঘাটের পরিবেশ তুলনামূলক উন্নত। শুরুতে মন খুঁতখুঁত করলেও তাওরাত এসে থেকে একটু স্বস্তি বোধ করছে বড় বড় শপ গুলো দেখে। আর যাই হোক বৌকে লোকাল কিছু কিনে দেয়ায় তার মত ছিল না। টাকা যা ইনকাম করে তা মোটামুটি,তবে বিয়ে তো একবারই করে। যার পিছনে খরচা করবে সে তো ওসব জিনিস সমেত তাওরাতের বাড়িতেই ঢুকবে। সুতরাং তাওরাতের কোনো লস নেই। বিয়ের বাজারে তার বাজেট খোলা। এসে দিবা আর দিলশাদকে নিয়ে ঢুকেছেও ওর পছন্দের ব্র্যান্ডের শোরুমে। এটা পাশাপাশি একটা ভ্যারাইটিজ স্টোর। মেয়েলি সবকিছুই পাশের লেনে রাখা। ওরা আগে শাড়ি দেখবে বলে সিদ্ধান্ত নিলো। ঠিক সেসময় মৃন্ময় এসে হাজির। দিলশাদ লোকটাকে দেখেই মুখ কালো করে ফেললো।

মৃন্ময় এখানে আসতে চায়নি। ভাই বিয়ের শপিং করবে হবু বৌ নিয়ে এটা শুনেই সে আসতে চায়নি। তবে যখন শুনেছে ভাইয়ের বৌয়ের সাথে সাথে শ্যালিকাও থাকবে অমনি এই সুযোগটা সে হাতছাড়া করলো না। এমনিতেই ফাঁকা ছিল বিকেলের সময়টা। দিলশাদের মনে যে ভয় ঢুকেছে সেটা নাড়াচাড়া করে মজা নেবে ভেবেছিল।
তবে এসে শুরুতেই সে নিজেই নাস্তানাবুদ হলো।

একটা গোলাপী রঙের চুড়িদার পরনে মেয়েটির। আজ সাজগোজ করে এসেছে। চুল গুলো খোলা,মৃদু বাতাসে তা নড়ছেও অল্প। মৃন্ময় বেশ কিছুক্ষণ কেবল চেয়ে থেকেছে। বেয়াদব মেয়েদেরও চুল খুলে রাখলে রূপবতী লাগে এ কথা সে জানতো না। চোখ নামিয়ে বিড়বিড় করলো সে,“নাহ! সুন্দর আছেন। মিউনিসিপ্যালিটির বুয়া নন। আপনি আরো উচ্চপর্যায়ের বুয়া!”

এমন সুন্দর মেয়ে হাতের কাছে। মৃন্ময় আগের মৃন্ময় হলে খুব সুন্দর করে ফ্ল্যার্ট করে দিতো। এই বিষয়ে মৃন্ময়ের দক্ষতা ছিল। মেয়েরা বুঝতোও না সে ফ্ল্যার্ট করছে, উল্টো কাবু হয়ে আগ বাড়িয়ে কথা বলতো।
এখন এই স্বভাব আর বয়স মৃন্ময়ের নেই। ও যথেষ্ট লক্ষি ছেলে এখন। তাই চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকলো মুখ শক্ত করে।

দিবা অপ্রস্তুত গলায় মৃন্ময়কে সালাম দিলো। মৃন্ময় জবাব দিয়ে তাওরাতকে বলল,“তোরা তোদের কাজ কর। আমি বাইরে।”

ও সত্যি সত্যি বাইরে বেরুলো। এদিকে তাওরাতের মনোযোগ শাড়ি থেকে সরছে না। একটার পর একটা শাড়ি নামাচ্ছে আর উল্টেপাল্টে দেখছে। যেন তার মনমতো না হলে সে একটা শাড়িও কিনবে না। দিবা অবশ্য শাড়ি নয়,দেখছিল লোকটাকে। আশ্চর্য এই অচেনা লোকটার সাথে আগামী পরশু তার বিয়ে, অথচ লোকটাকে সে জানেও না ঠিকঠাক। কিন্তু এই লোকের পাশে বসে কত সহজ ভাবে সে শাড়ি দেখছে। যেন এই চর্চা আরো দীর্ঘদিনের।

দিবাকে হা করে চেয়ে থাকতে লক্ষ্য করে তাওরাত বলে উঠল,“আমরা মানুষরা বড্ড অদ্ভুত দিবা। পরিচিত হতে দুই মিনিট লাগে। বাকি আন্তরিকতা আসে আমাদের আবেগ আর কল্পনা থেকে। এই যেমন আমি জানি তোমার সাথে আমার বিয়ে হবে, সুন্দর একটা সম্পর্ক হবে। এই ব্যাপারগুলো কল্পনায় দেখেই আমি এতো সহজ।”

_আসলেই এতটা সহজ সব?
দিবা জানতে চাইলে তাওরাত পাল্টা প্রশ্ন করলো,

_কেন,তুমি এসব কল্পনা করছো না? প্রস্তুতি নেই?

_আছে।
অস্ফুটে বলে চোখ নামায় দিবা। তাওরাত তারা দেয়,

_আচ্ছা শাড়ি বাছো,আমিও কয়টা রং আলাদা করে বেছে দিলাম। এই রং গুলোর মধ্যে থেকেও দেখো‌। তুমি শাড়ি পড়বে, তোমার পছন্দের বিষয়, সে ঠিক আছে। বাট আল্টিমেটলি পড়বে তো আমার জন্যই তাইনা? আমার পছন্দও ম্যাটার করে।”

দিবা না চাইতেও ওর গাল দু'টো টমেটোর মতো লাল হয়ে গেল লোকটার কথা শুনে। কথা গুলো অতি আপন আপন। যেন এই চর্চাও তাদের বহু দিনের।

__________

শপিং প্রায় শেষ। লিস্ট তো আগেই করা ছিল। একটা দোকান থেকেই সবকিছু নেয়ার চেষ্টা করেছে দিবা। এমনিতেও তার বাছবিচার নেই খুব একটা। যা পছন্দ তা বেশিরভাগ টাই তাওরাত আর দিলশাদ করেছে। ও কেবল পছন্দ করেছে বিয়ের বেনারসী আর তাওরাতের কোটি-পাঞ্জাবি সেট।

মৃন্ময় ভাইয়ের শপিং ব্যাগ গুলো নিয়ে আগে আগে হাঁটছে। তাওরাত আজ রাতটা ওর কাছে থেকে যাবে। ডেকে বলল,“এই বাবু,চল কিছু খাই। ওদের অনেক হাটাচ্ছি! এবার না আমাকে কিপ্টা আর অভদ্র লোক ভেবে বসে!”

মৃন্ময় মাথা নেড়ে ক্যাফেটেরিয়ার দিকে পা বাড়ালো। চারজন মুখোমুখি বসেছে। তাওরাত মেনুকার্ড ধরে দিলশাদকে বলল,“সবার পছন্দ বলো। সে অনুযায়ী অর্ডার করবো। এবং মুগ্ধকেও কল করে জেনে নাও, তার জন্য পার্সেল পাঠাবো। আর যা খাওয়ার এখান থেকেই খেয়ে যাবে। বাড়িতে গিয়ে আর রান্না করতে হবে না। তুমি কি খাবে?”

প্রশ্নটি করেই দিবার দিকে তাকালো সে। দিবা বলল,“আপনারা যা খাবেন তাই!”

এবার তাওরাত ভ্রু কুচকাল,“ভাই এটা তো শাড়ি গয়না না। যে আমরা দেখবো তাই আমাদের পছন্দ ম্যাটার করে। তুমি খাবে তোমার জিভ দিয়ে, আমাদের সাথে মিলবে কেন?”

দিবা চোখ নামিয়ে হাসলো। এরপর সহজ গলায় বলল,“আসলে এসব খাবার আমরা পছন্দ করি না। মানে অভ্যস্ত নই। তাই উল্টোপাল্টা কি অর্ডার করবো না জেনে‌। খাবারটা নষ্ট হবে।”

তাওরাত দিবার নত মুখে একদৃষ্টে তাকিয়ে আছে। এসব কথা কোনো মেয়ে অকপটে বলতে পারে ওর জানা ছিল না। জীবনে যতগুলো মেয়ে দেখেছে এই বয়সী সবগুলো চাপাবাজ। কথায় কথায় শো অফ করে নিজেদের অবস্থান নিয়ে।

দিবার কথা শেষ হতেই দিলশাদ সাথে সাথে বলল,“ভাইয়া আপা আসলে আপনার সাজেশন চাইছে।আপনি আপাকে সাজেশন দিন। এখানে ঢোকার আগে আমাদের রুচি জানতে চাইলে আমরা বলতাম বাবলু মামার দোকানে নিয়ে গিয়ে হালিম খাওয়াতে। ”

খিলখিলিয়ে হেসে উঠলো দিলশাদ। মৃন্ময় চোখ তুলে মেয়েটাকে একপলক দেখলো,এবার ভাইকে বলল,“বাহ। ভালোই। তোর জন্য বরং সুবিধাই হয়েছে তাওরাত। বৌয়ের রুচি তোর মতো করে চালনা করতে পারবি। পছন্দ কর মেন্যু।”

তাওরাত দিবাকে বলল,“চাইনিজ খাবে? আমার পছন্দ ওটা! খাও, পছন্দ না হলে পরেরবার অন্যকিছু ? আমার রুচি অনুযায়ী চলতে হবে না। প্রতিবার রেস্টুরেন্টে গিয়ে রুচি বদল করে করে খাবে। দুনিয়ায় খাবারের অভাব নেই।”

দিবা আপ্লুত ভঙ্গিমায় মাথা নাড়ে। চোখ নামিয়ে নেয়। সে টের পেলো কোনো অজানা কারণে তার গা কাঁপছে।

খাবার আসতে বেশ দেরি হবে। এর মধ্যে তাওরাত বলল,“কাজের কাজটা করিনি।”

মৃন্ময় বলল,
_কি?

_এটা সিক্রেট। আমি একটু উঠছি। দিবা একটু আসো। ওদিকটায় ঘুরে আসি আমরা‌।

এতক্ষণ উশখুশ করছিল দিবা। এবার শ্বাস ফেলে উঠলো যেন ব্যাপারটাতে সেও স্বস্তি পেয়েছে।

বোন যাওয়ার পরে দিলশাদ বেজার মুখে বসে থাকে একপাশে। সেই সাথে মৃন্ময়ও। দু'জন কখনো আড়চোখে তাকায় দু'জনের দিকে। পাঁচতলার কাঁচ গলিয়ে দৃষ্টি রাখলেই পুরো শহরের দক্ষিণের একাংশ দেখা যায়। দিলশাদ ভাবলো এই মোবাইল সাম্বাদিকের সামনে স্ট্যাচু হয়ে বসে থাকার চেয়ে উঠে হাঁটা ভালো। ও ঝট করে উঠে দাঁড়ায়।

দিলশাদ উঠে যাওয়ায় মৃন্ময়য় খুব অপমানিত হলো। কতবড় সাহস এই মেয়ের। রিলেটিভ হতে চলেছে তারা,তার ওপর গুরুজন। একটাবার পারমিশন অবধি নিলো না। এই মেয়ের একটা উচিত শিক্ষা সে দেবে কখনো। সময় আসুক।

মৃন্ময়ও দাঁতে দাঁত চেপে উঠে গিয়ে করিডোরে পায়চারি করছে। এমন সময় ফোনটা বাজলো ওর। ওপাশে ছিল মাইকেল,“ভাই একটা তাজা খবর আছে।”

_শিগগির ভেঁজে ফেলো!

_তালহা স্বতন্ত্র হয়ে মনোনয়নপত্র হাতিয়েছে।

_জানতাম এটা। আন্দাজ করেছিলাম। এনি আপডেট?

_ঘোষণা দিতে সভার আয়োজন করেছে শিমুলতলায়। জানিনা ভাই কিভাবে করেছে এই অল্প সময়ে,ওর ফ্যানবেজ বড়ো। আজ গরীবদের মুদি বাজার বন্টনের মধ্যে দিয়ে এসব শুরু করবে। আয়োজন চলছে ব্যাপক পরিসরে।

ভ্রু কুঁচকে নিলো মৃন্ময়,“ওয়েট! আজ বিকালে তো আরফান সাহিরেরও এসব করার কথা ছিল!”

_হু ভাই! ওকে গ্যাজাতেই তালহা এই আয়োজন করছে । বুঝিয়ে দিতে চায় ওর ফ্যানবেজ কম না। এই তালহা আসলেই ভালোভাবে কাম ব্যাক করতেছে। আপনার আন্দাজ সত্য।

_আচ্ছা রাখো। আমি আসছি খানিক বাদে।

কল কেটে মৃন্ময় চিন্তিত পায়ে এদিক ওদিক হাঁটছে। তার আশেপাশে খেয়াল নেই। হুট করেই আবার থেমে গেলো যখন দিলশাদ আচমকা মুখোমুখি হলো ওর পথে। একদম গায়ে গা লেগে যাচ্ছিল।

মৃন্ময় মেয়েটাকে ক্ষ্যাপাতে বলল,“তুমি সবসময় আমার সামনে আসো কেন?”

_এটা তো আমারও প্রশ্ন।

দিলশাদের গলা শুনে মৃন্ময় চোখ বড় বড় করলো,বলল,

_ওরেএএ গলা! গলার ধার ফিরেছে দেখছি!

_আমি এমন ভাবেই কথা বলি।

_তাই? তা বলবো নাকি সব তাওরাতকে?

দিলশাদ একটু দমে গেল এবার। এও বুঝে গেল লোকটা খুবই নোংরা। ও কিছুক্ষণ ভেবে নরম গলায় বলল,“দেখুন...”

_কি দেখবো?

_ফাও ঝামেলা ক্রিয়েট কইরেন না। আপনার ভাইও কোনো পীরসাহেব নন। চেইন পড়ানো হয়ে গেছে, অহেতুক জলঘোলা কইরেন না আপনি। তাদেরটা তাদের বুঝতে দেন।

_আচ্ছা জলঘোলা করবো না। তবে একটা শর্তে।

_কোনো শর্তে যেতে চাইনা। রিকোয়েস্ট করছি। আপনি যদি এসব কথা নিয়ে কালার করেন আমার আপাকে তবে আপনি একটা কুটনি। একদম পাড়ার কুটনি।

মৃন্ময়ের মুখের ওপর বলেই দিলশাদ হেটে দূরে সরে গেল। মৃন্ময় ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে,তবে আশ্চর্য ওর রাগ হচ্ছে না। ও মেয়েটার সুন্দর চুলগুলো দেখছে, ওর মুখ চুলকাচ্ছে গিয়ে ফ্ল্যার্ট করার জন্য। চোখ বুজিয়ে নিয়ে মাথা ঝাঁকায় মৃন্ময়। বিড়বিড় করে আপনাআপনি,“নো নো নো মৃন্ময়! এটা কোরোনা। শি ইজ নট ইয়র টাইপ! জীবন জাহান্নাম বানিয়ে দেবে চিল্লাচিল্লি করে। চোখ ফেরাও! চোখ ফেরাও! কিপ সাম সংযম!”

_______

একদম বাচ্চাদের প্লে জোনের বিপরীত পাশটাতে এসে থামলো তাওরাত। দিবা একটু অবাক হয়ে আশেপাশে তাকিয়ে জানতে চাইলো,“এখানে আবার কি জরুরী কাজ?”

_জায়গাটা নিড়িবিলি তাই।

দিবা বুঝতে পারলো একটু আলাদা সময় কাটাতে চাইছে তাওরাত। এমনিতেও আসার পর থেকে দিলশাদ পিছু ছাড়ছিল না। ওর ভয়,দিবা আজ তাওরাতকে বলে দেবে সব। এই মেয়েটা পুরো পাগল।

দিবা চোখ নামিয়ে নখ খুটছে নিজের। তাওরাত রেলিং ঘেষে দাঁড়িয়ে তাকিয়ে আছে দিবার মুখের দিকে। এটা বেশ লজ্জার ব্যাপার,দিবা চাইলো প্রতিবাদ করতে,পারলো না।

তাওরাত বলল,“আজকেও তোমাকে সুন্দর লাগছে।”

বলেই পকেট থেকে ওয়ালেট বের করে কিছু টাকার নোট দিবার দিকে বাড়িয়ে ধরে বলল,“রাখো।”

দিবা অবাক হয়ে বলল,“কেন?”

_সেদিন দিতে ভুলে গেছিলাম। পাত্রী পছন্দ হলে আশরাফি দেয়া লাগে।

_চেইন দিয়ে গেলেন তো।

_সেটা তো বাড়ির সবার তরফ থেকে। আমার প্রসঙ্গটা আলাদা।

দিবা টাকা গুলো দেখছে। নিচ্ছে না,হাতে তীব্র সংকোচ ওর। তাওরাত হুট করে মেয়েটার ডানহাতটা টেনে নিয়ে টাকা গুলো গুঁজে দিয়ে বলে,“কোনো ব্যক্তিগত কেনাকাটা থাকলে বিয়ের আগে,যা আজ করতে পারোনি,তবে এটা খরচা কোরো। তারপর বিয়ে হলে আর পাবেনা এসব সচরাচর। কারণ তখন তুমি আর তোমার খরচা,পুরোটাই যে আমার ব্যক্তিগত হবে।”

লোকটা হাতটা ছুঁতেই হতচকিত হয়ে কাঁপল দিবা। এরপর উঠলো ফুঁপিয়ে। ঘটনার আকস্মিকতায় তাওরাত ভীষণ অবাক। হাতটা ছেড়ে দিয়ে বলল,“কি?”

_আপনাকে একটা কথা জানানোর খুব দরকার। কিন্তু কথা দিন, দিলশাদকে এসব বলবেন না।

_আচ্ছা বলবো না। বলো কি?

_আমার না একটা প্রেম ছিল।

#চলমান....

[ একটু অসুস্থ আমি। তাই এতো দেরী হয়েছে। ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন