ফন্ট সাইজ:
থিম:
মেঘ ও মরীচিকা

পর্ব 5

লেখক: সানজিদা আক্তার মুন্নি

#মেঘ_ও_মরীচিকক—০৬
#সানজিদা_আক্তার_মুন্নি

রাত এগারোটা। শহরটা এখন ক্লান্ত ঘুমন্ত দৈত্যের মতো এলিয়ে আছে। আতিশ অফিস থেকে ফিরে এসেছে। কিন্তু নূজা আজ আর অফিসে যায়নি। গাড়ির চাবিটা পকেট হাতড়ে রুমের দরজার সামনে এসে দাঁড়ায় আতিশ। ভেতর থেকে কোনো শব্দ আসে না তার কানে। এতে সে ভাবে, নূজা হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই তাকে বিরক্ত করা ঠিক হবে না ভেবে খুব সামান্য শব্দে দরজাটা খোলে। ভেতরে পা রাখে আতিশ। সোফার পাশে ব্যাগটা নামিয়ে রাখে এমনভাবে যেনো মেঝে টের না পায়। জুতো জোড়া খুলে মোজাপরা পায়ে শব্দহীনভাবে এগোতেই কার্পেট মোড়ানো ঘরের মাঝখানে হঠাৎ থমকে দাঁড়ায় সে।
নূজা দাঁড়িয়ে আছে ঠিক তার মুখোমুখি। ঘরের কোণে জ্বলতে থাকা টেবিল ল্যাম্পের সোনালি কমলা আলো নূজার মুখে পড়ে তাকে অন্য কোনো জগতের হুর মনে হচ্ছে। নূজা কে সজাগ দেখে আতিশ সামান্য হেসে বলে, "ওহ, তুমি জেগে আছো?"
নূজা শুধু মাথা নেড়ে বলে, "হ্যাঁ।"
কিন্তু কথা এখানেই শেষ হয় না। সে ধীরপায়ে আতিশের চারপাশ ঘিরে ঘুরতে থাকে। এক পাক, আধা পাক। নাকটা সামান্য উঁচিয়ে খুব সন্তর্পণে শ্বাস টেনে নেয় সে। ঠিক সন্দেহজনক কোনো কেকের ঘ্রাণ পরীক্ষা করার মতো। তার খোঁজার বিষয় একটাই, আতিশ আজ ড্রিংক করেছে কি না তা দেখতে।আতিশের ব্যাপারটা ধরতে এক মুহূর্তও দেরি হয় না। তার চোখের কোণে একটা ঝিলিক দিয়ে ওঠে দুষ্টুমির হাসি নিয়ে। সে দুই হাত ওপরে তুলে। এক পরাস্ত বন্দি আত্মসমর্পণ করে ঠিক সেভাবেই বলে,
"নাও, চেক করে নাও ভালো করে।"
নূজা স্থির দৃষ্টিতে তাকায় আতিশের দিকে তারপর সে সত্যিই এক কদম এগিয়ে আসে তার দিকে। এতই কাছে এগিয়ে আসে যে আতিশ তার চুলে লেগে থাকা শ্যাম্পুর মিষ্টি সুবাসটুকুও টের পায়। নূজা গভীরভাবে শ্বাস নেয়। না, কোথাও কোনো অ্যালকোহলের গন্ধ নেই। শুধু রাতের হিমেল হাওয়া, সান্তাল পারফিউমের শেষ রেশ আর দিনভর জমে থাকা অফিস ক্লান্তির একটা চেনা ঘ্রাণ। মৃদু হেসে এক পা পিছিয়ে যায় সে আর বলে, "না না, ঠিক আছে। তেমন কিছু না।"

কোটের বোতাম খুলতে খুলতে আতিশ বলে, "তোমার তো সিভিআইতে জয়েন করা উচিত। বেশ ভালো করতে পারবে।"
আতিশের হাত থেকে কোটটা নিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিতে দিতে নূজা মুখ না ঘুরিয়েই শীতল গলায় জবাব দেয়, "আপনি সুযোগ করে দিন জয়েন করার।"
"আজ ড্রিংক করিনি," শার্টের হাতা গুটোতে গুটোতে আতিশ বলে, "দেরি হওয়ার পেছনে অন্য একটা কারণ আছে।"
কথাটা ঘরের নিস্তব্ধ বাতাসে ভাসতে থাকে। নূজা ঘুরে তাকায়। ভ্রু কুঁচকে চোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে বলে, "কী কারণ? জানানো যাবে?"
আতিশ এতক্ষণে ওয়াশরুমের দিকে পা বাড়িয়েছে সে কাঁধ ঝাঁকিয়ে পেছন না ফিরেই বলে, "গোসলটা সেরে আসি, তারপর বলছি।"
"ওকে।"
নূজা গিয়ে সোফায় বসে। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খোলে। সঙ্গে সঙ্গে ভাপ ওঠা উষ্ণ আলোর একটা ঝলক এসে পড়ে রুমে। আর এই আলোর পথ ধরেই বেরিয়ে আসে আতিশ।
তার ঘন কালো ভেজা চুলের ডগা থেকে টুপটাপ করে পানি ঝরছে। এই পানির ফোঁটা তার ঘাড় বেয়ে গলার হাড় ছুঁয়ে ছড়িয়ে পড়ছে তার প্রশস্ত বুকে। তার পেশিবহুল শরীরে বিন্দু বিন্দু জলের আলপনা আর ফরসা কোমরে জড়ানো একটা গাঢ় কালো তোয়ালে। পুরো ঘরে সান্তালের ঘ্রাণের সঙ্গে মিশে যায় তার শাওয়ার জেলের সতেজ শীতল সুবাস। সোফায় বসা নূজার চোখ একবার আতিশের দিকে পড়ে, পরক্ষণেই সরে যায়। অথচ সে পুরোপুরি দৃষ্টি ফেরাতে পারে না। তাকিয়েও না তাকানোর এক ভান করে বসে আছে। চুল মুছতে মুছতে আতিশ নূজার পাশে সোফায় বসে। সে বসতেই তার গা হতে জলের ছিটে গিয়ে পড়ে সোফার কভারে আর নূজা কে বলে, "আরে, আজ তো আলিনের বাবার সাথে ডিল করার কথা, তাই না?"
আলিন। নামটা কানে আসতেই নূজার বুকের ভেতর কোথায় একটা সূক্ষ্ম কাঁটা বিঁধে যায় একেবারে নিজের অজান্তেই। এই অপ্রত্যাশিত জ্বালায় সে নিজেই চমকে ওঠে। কেন এই অস্বস্তি? কিসের ঈর্ষা? তবু মুখের ওপর নির্লিপ্ততার নিখুঁত মুখোশ টেনে সে জিজ্ঞেস করে, "হ্যাঁ, তো মিটিংয়ের কী খবর?"
আতিশ তীব্র বিরক্তি নিয়ে তোয়ালেটা ঘাড়ের ওপর ফেলে দেয়। বলে, "আরে, উনি মিটিংয়ে উনার মেয়েকেও নিয়ে এসেছেন। আর সুযোগ বুঝে সোজা প্রস্তাব দিয়ে বসেন আমি তাকে বিয়ে করি। এসব নিয়েই তর্কাতর্কি চলে কিছুক্ষণ। বিজনেস মিটিংয়ে পার্সোনাল কথা কেন উঠবে? ব্যাপারটা শেষমেশ ড্যাডের কাছে পর্যন্ত গড়ায়। তবে প্রথমবারের মতো মনে হয় ড্যাড আমার পক্ষ নেন। বলেন আমি ভুল কিছু বলিনি।"
নূজা পলকহীন চোখে তাকিয়ে আছে আতিশের দিকে। ক্লান্তির আস্তরণ ভেদ করে জয়ের তৃপ্তি ফুটে ওঠা এই মুখটা সে দেখে বলে,
"আপনি আপনার ড্যাডকে বড্ড ভালোবাসেন, আতিশ। আপনার কথাতেই সেটা বোঝা যায়।"
একটু থামে সে এটা বলে। তারপর গলাটা খুব সতর্কভাবে নামিয়ে নিজের ভেতরের কোনো অন্তর্দ্বন্দ্ব আড়াল করার ভঙ্গিতে জিজ্ঞেস করে, "আচ্ছা, আলিনকে আপনার কেমন লাগে? মানে ভালোই তো লাগে? কত সুন্দর একটা মেয়ে, মডার্ন, আপনাদের কালচারের সাথেও বেশ মানানসই। আপনার কী মত?"
আতিশ কপাল কোঁচকায়। তার চুল মোছা থেমে যায়,
"হঠাৎ এসব কথা কেন? আমার কাছে তো ওকে স্বাভাবিকই লাগে। ভালোই।"
নূজা কৌতূহল নিয়ে আরেকটু ঝুঁকে বসে জিজ্ঞেস করে,
"তাহলে আপনি ওকে বিয়ে করে নিচ্ছেন না কেন? ডিলটাও হয়ে যাবে, আপনার মনের মতো বউও জুটবে। আর আমাদের ডিভোর্সটাও সহজে হয়ে যাবে। আপনার পরিবারও তাকে খুশি মনে মেনে নেবে।"
আতিশ স্তব্ধ হয়ে যায় এসব শুনে।তার মধুবর্ণা চোখদুটো স্থির হয়ে আছে নূজার ওপর। নূজার পরনে সাদামাটা একটা কালো থ্রী পিস। সে সবসময় ঘরে এমনই থাকে। কিন্তু এই সাধারণ পোশাকেই তাকে আতিশের চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী মনে হয়। নূজার হাঁটাচলা, কথা বলার ধরন, নাক কুঁচকে পারফিউম চেক করার ওই গভীর মনোযোগ সবকিছুই তাকে ভীষণ টানে। কেন এত ভালো লাগে সে জানে না। হয়তো সে জানতে চায়ও না।আর ঠিক সেই মুহূর্তেই মনের অজান্তেই তার মুখ ফসকে বেরিয়ে আসে,
"কিন্তু আমার মনের মতো তো তুমি।"
পুরো ঘরের বাতাস এক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ায়।
নূজা ঠিক বুঝতে পারে না সে কী শুনল। শব্দগুলো তার কানে বাজে ঠিকই, কিন্তু এর অর্থটা মগজ পর্যন্ত পৌঁছায় না। তার মসৃণ কপালে একটা গভীর ভাঁজ পড়ে।আতিশ নিজেই নিজের কথায় থতমত খেয়ে যায়। তার চোখদুটো অপরাধীর মতো এদিক ওদিক পালাতে থাকে সে আমতাআমতা করে বলে,
"না মানে, আমি বলতে চাইছি তোমার মতো যারা একটু ইসলামি সংস্কৃতির, তাদের কথা বলছি আরকি। তাছাড়া এসব বিয়ে শাদি আমি আর করবো না। তাই এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নেই।"
নূজা ধীরেসুস্থে উঠে দাঁড়ায়। তারপর একদম শান্ত, সংযত গলায় বলে, "ঠিক আছে, থাকুন আপনি সারাজীবন অবিবাহিত।"
বলেই সে সোজা বিছানায় গিয়ে নিজের সাইডে শুয়ে পড়ে দেয়ালের দিকে মুখ করে। শোয়ার ভঙ্গিটা এমন যে বিছানার বাকি অর্ধেকটা তার অস্তিত্বেই নেই। দুজনের মাঝখানে একটা দুর্লঙ্ঘ্য অলিখিত সীমারেখা টানা হয়ে যায়। আতিশ একটা টি-শার্ট গায়ে চাপিয়ে লাইট অফ করে দেয়। ঘরটা মুহূর্তেই অন্ধকারের শীতল চাদরে ঢেকে যায়। তারপর সেও বিছানার ওই পাশে শুয়ে পড়ে সেই সীমারেখার ঠিক ওপারে।
তারা এক বিছানাতেই ঘুমায়। আতিশ সোফায় ঘুমাতে পারে না। এটা তার অজুহাত নাকি সত্যি, তা কেউ জানে না। প্রথম দিকে নূজা আপত্তি করলেও এখন আর করে না। তার মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে যে আতিশ তার সাথে কোনো জোরজুলুম করবে না। আতিশ শুধুই আতিশ। এই বিশ্বাসটুকুই এখন তার রাতের সবচেয়ে বড় শান্তি। আতিশ বালিশে মাথা রাখে নূজা নিজের ফোনে ফ্যামলি গ্রুপের পিক দেখছে মিটি মিটি হাসছে এ দেখে আতিশ বালিশ থেকে মাথাটা সরিয়ে নূজার দিকে একটু এগিয়ে আসে। বিছানার নরম গদির উপর সে উপুড় হয়ে শুয়ে পড়ে, তার ডান হাতের কনুইয়ে ভর দিয়ে মাথাটা সামান্য উঁচু করা, বাঁ হাতটা এলানো চাদরের ভাঁজে। চোখ দুটোয় তার বিকেলের মেঘলা আলসেমি, ঠোঁটে অস্পষ্ট এক টুকরো হাসি। গলায় ইচ্ছাকৃত এক নরমতা ঢেলে সে বলে, "আমাকেও দেখাও তো, কী নিয়ে এত ঘাঁটাঘাঁটি করছো এতক্ষণ ধরে?"
নূজাও মৃদু হেসে ফোনটা কাত করে ধরে আতিশের দিকে। তার আঙুল ধীরে ধীরে স্ক্রিনে সরে যাচ্ছে, এক ছবি থেকে আরেক ছবি, এক মুখ থেকে আরেক মুখ। "এই দেখুন, এটা আমার কাজিন, ছোটবেলায় একসাথে বড় হয়েছি। এটা ফুফু, দেখুন কী মিষ্টি লাগছে তাই না? এটা ও, এটা সে তার কণ্ঠে কোনো জড়তা নেই, কোনো সংকোচ নেই। আতিশের পাশে এভাবে শুয়ে-বসে ছবি দেখানো তার অভ্যাস বলে মনে হচ্ছে। আতিশও পাশ থেকে চোখ রেখে হাসে, মাঝেমধ্যে ভ্রু কুঁচকে তাকায়, কখনো মাথা নাড়িয়ে সায় দেয়। ভেতরে ভেতরে তার উপলব্ধি হয়, এই মেয়েটার সঙ্গটা এমন এক শান্তি, যা এতদিন সে খুঁজে বেড়িয়েছে বহু জায়গায়, বহু মানুষের কাছে, অথচ পায়নি কোথাও। আজ সেই শান্তি নিজে এসে ধরা দিয়েছে এই সরল কণ্ঠস্বরে, এই ছোট ছোট গল্পে, এই হাসিতে।
কিছুক্ষণ চুপ থেকে, ছবিগুলোর দিকে তাকিয়ে থেকেই আতিশ হঠাৎ প্রশ্নটা ছুঁড়ে দেয়। প্রশ্নটা তার ভেতরে বহুক্ষণ ধরে কুণ্ডলী পাকিয়ে ছিল নিশ্চিত, "আচ্ছা নূজা, তোমার কি কখনো কোনো বিএফ ছিল?"
প্রশ্নটা শুনে নূজার আঙুল থেমে যায় স্ক্রিনের উপর। এক মুহূর্তের জন্য সময়ও থমকে দাঁড়ায়। তারপর ফোনটা পাশে নামিয়ে রেখে সে আতিশের দিকে ঘুরে বসে। মুখে ফুটে ওঠে এক লাজুক হাসি, চোখে খেলে যায় সরলতা মাখানো এক ঝলক। ধীরে ধীরে সে বলে, "বিএফ ছিল না। আমি তো পড়াশোনা নিয়েই বিজি থাকতাম সারাক্ষণ, তার উপর গার্লসে পড়েছি, ছেলেদের নিয়ে ভাবনাচিন্তার সময়ই পাইনি কখনো। তবে একটু থেমে গলা নামিয়ে সে বলে, "ফিয়ন্সে ছিল একজন। আপনি কিন্তু কাউকে বলবেন না, আমি আপনাকে বলি।"
আতিশ চোখ বড় করে দ্রুত মাথা নাড়ায়, "না না, বলছি না কাউকে। সত্যি বলছি। বলো, বলো তো শুনি।"
কথার তালে নূজা উঠে বসে। এখন সে পা মুড়ে বসে আছে, আর তার সামনে আতিশ কনুইয়ে ভর দিয়ে উপুড়। তার চোখে কৌতূহল, ঠোঁটে মৃদু হাসি। কথায় কথায় নূজা খেয়ালই করে না, কখন সে আতিশের হাতটা টেনে নিয়েছে নিজের কোলের কাছে, কখন তার আঙুলগুলো নিজের মুঠোয় নিয়ে নাড়াচাড়া শুরু করেছে। কখনো একটা আঙুল, কখনো আরেকটা, ঠিক এক নিরুদ্দেশ খেলা, যার নিয়ম সে নিজেও জানে না। বলতে থাকে সে, "হয়েছে কি, আমার বিয়ে ঠিক হয়েছিল আমার খালার ভাসুরের ছেলের সঙ্গে। সেই কারণেই তো এখানে আসা, আমার আসার সমস্ত খরচটাও সে-ই দিয়েছিল। এরপর আসার পর 'চিনিফান' হলো, এটা আপনাদের ভাষায় বললে বিয়ের পাকা কথা আরকি। বাড়ির সবাই খুশি, আমিও ভেবেছিলাম যাক, একটা কিছু ঠিক হলো। কিন্তু তারপর হঠাৎ একদিন সে বলে বসল, বিয়ের আগে তার সাথে ফিজিক্যাল হতে…
কথাটা শেষ করতে গিয়েই তার শরীরটা গুলিয়ে ওঠে। মুখে ওর ঘৃণামিশ্রিত অস্বস্তির ছাপ, নাক সামান্য কুঁচকে যায়। এক পলকের জন্য চোখ বন্ধ করে সে, সেই স্মৃতির ধুলোটা মন থেকে ঝেড়ে ফেলতে চাইছে স্পষ্টতই। তারপর আবার আতিশের আঙুলে হাত রেখে বলে, "আমি তো এসব করব না, তাও বিয়ের আগে! এগুলো কি ঠিক বলুন তো? আপনিই বলুন?"
আতিশ মাথা দু'দিকে জোরে নাড়িয়ে বলে, "না না, এগুলো তোমার সাথে যায় না তো। একদমই না। ওরকম কেউ চাইতেই পারে না তোমার কাছ থেকে।" তার গলায় একটা অস্পষ্ট রাগ মিশে আছে এখন কোনো অচেনা মানুষের জন্য বুকের কোণে জমে ওঠা এক অজানা ক্ষোভ। কেন এলো, তা সে নিজেও জানে না।
সমর্থন পেয়ে নূজা আরেকটু সহজ হয়ে ওঠে,"ঠিক তাই! আমি সরাসরি না করে দিয়েছি, বললাম, ভাই আমি এসব করব না, বিয়ের আগে তো একদমই না। ও সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে দিল। আমিও রাগে বলে দিয়েছি, তোর মতো নোংরা চিন্তার ছেলেকে বিয়ে করব না কোনোদিন।"
আতিশ কথাটা শুনে কনুইয়ের ভরটা একটু বদলে নেয়। কৌতূহলী, কিছুটা চিন্তিত গলায় জিজ্ঞেস করে, "তারপর কী হলো? এত কিছু হলো, তারপর?"
নূজা একটা লম্বা শ্বাস নেয়। তার বুকটা একবার ওঠে, একবার নামে কথার তালে৷ তারপর ধীরে ধীরে বলতে শুরু করে সে তার কণ্ঠস্বরে পুরনো ক্লান্তি, "তারপর সে বলল, আসার সময় যে টাকাটা সে দিয়েছিল, সেটা পুরোটা ফেরত দিতে হবে। খালা তখন সেই টাকাটা দিয়ে দিলেন কোনোরকম করে, কিন্তু আমাকে খালার কাছে কাজ করে সেটা ধীরে ধীরে পরিশোধ করতে হচ্ছিল। ঘরের কাজ, বাইরের কাজ, সব। আর এই যে আপনার সঙ্গে বিয়ে, এটাও তো তারাই ঠিক করে দিয়েছেন। আমি কতবার না করেছি, জানেন? বলেছি এত বড় ঘরের ছেলের সাথে আমার যাবে না। সামান্য ক্যাফেতে কাজ করা ছেলে যেখানে ফিজিক্যাল না হওয়ায় রিজেক্ট করে দিল, সেখানে মিনিস্টারের ছেলে কি আমাকে মানবে? কিন্তু খালা, আম্মা সবাই চাপ দিল। বলল, একবার বিয়ে ভেঙে গেছে, এমনিতেই একটা বদনাম হয়ে গায়ে লেগে আছে। তাই বিয়েটা করা,,,
কথাটা থামিয়ে নূজা চোখ সরিয়ে নেয় আতিশের চোখ থেকে। বিছানার চাদরের একটা ভাঁজের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তারপর ভেজা, নরম গলায় বলে, "দেখুন, বিয়ে করে আপনাকে আরও কত যন্ত্রণায় ফেললাম। চিন্তা করবেন না, আর কয়েকদিন পরই আমি চলে যাব। আপনি ঠিক আগের মতো নিজের জীবন ফিরে পাবেন। আরেকটা কথা বলি, কাউকে বইলেন না কিন্তু।"
'চলে যাব' শব্দ দুটো কানে ঢোকামাত্রই আতিশের মনে হয় তার বুকের ভেতর আচমকা একটা মুঠি চেপে ধরেছে কেউ। তার ভেতরে একটা চাপা অস্বস্তি ছড়িয়ে পড়ে ধীরে ধীরে, রক্তের সাথে মিশে যায় তা।তার চোখ দুটো একটু ঝাপসা হয়ে আসতে চায়, কিন্তু সে জোর করে মুখে হাসি টেনে রাখে। কিছুই হয়নি, সবটাই স্বাভাবিক এমন একটা ভাব ফুটিয়ে তোলে। গলা যতটা সম্ভব সহজ রেখে বলে, "হ্যাঁ হ্যাঁ, বলো। কী কথা?"
নূজা আরেকটু ঝুঁকে আসে তার দিকে। তার কাঁধ থেকে তার খোলা চুলের একটা গোছা গড়িয়ে সামনে এসে পড়ে। ফিসফিসিয়ে, প্রায় কানের কাছে মুখ এনে নূজা বলে, "আমি আমাদের ডিভোর্স হয়ে গেলে ফ্রান্স চলে যাব। ফ্রান্স সুবিধা ভালো দেয়। গিয়ে সরণার্থী, এজাইলাম মেরে নেব। ফ্রান্সে আত্মীয় কেউ নেই, কেউ চেনে না আমাকে, তাই শান্তিতে থাকতে পারব। কেউ ঘাঁটাবে না।"
আতিশ চুপ করে থাকে অনেকক্ষণ এ শুনে। কথাগুলো হজম করতে সময় লাগে তার। নূজার চোখের দিকে সে নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকে, এই চোখে কত পরিকল্পনা, কত অগোছালো স্বপ্ন, কত পুরনো ক্লান্তি একসঙ্গে জমে আছে। মনে হচ্ছে এক জীবনের সব ভার নূজার এই এক জোড়া চোখে ঢেলে দেওয়া হয়েছে অবলীলায়। ধীরে ধীরে সে বলে, "তুমি এখানে থাকতে পারো কয়েক মাস, কোনো সমস্যা নেই। এক মাস না, কয়েক মাস থাকো ইচ্ছেমতো। কেউ কিছু বলবে না, আমি দেখব। আর ফ্রান্স গেলে প্রথম প্রথম চাকরি করলে ভালো স্যালারি তো দেবে না, চলবে কী করে তোমার? ভাষাটাও তো নতুন করে শিখতে হবে, তাই না?"
নূজা আতিশের কাঁধে আলতো একটা ধাক্কা দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। সেই হাসিতে এতক্ষণের সমস্ত ভারী কথাগুলো এক মুহূর্তে হালকা হয়ে যায়, ছড়িয়ে পড়ে ঘরের বাতাসে,"আরে দূর, চলতে পারব। বাংলার দেড় লক্ষ হলেই আমার হয়ে যাবে দিব্যি। কোনোমতে খেয়ে, ঘরভাড়া দিয়ে, পড়াশোনা করলেই হবে। আর অল্প কিছু বাড়িতে পাঠানোর মতো থাকলেই যথেষ্ট। মা-টা তো ওখানে একা, ভাইটাও ছোট।"
আতিশ ভ্রু কুঁচকে, একটু অবাক গলায় জিজ্ঞেস করে, "এত কম খরচে হয়ে যাবে? সত্যি? ফ্রান্সের মতো জায়গায়?"
নূজা আবারও হেসে ওঠে। এবারের হাসিটা আরও একটু অর্থবহ, এক নিভৃত জীবনদর্শনে ভেজানো,
"হয়ে যাবে। কম বিলাসিতা করাই ভালো। এত হাইফাই টাকা খরচ, এসব ভালো না, স্বভাব খারাপ হয়ে যায়। আবার ভাববেন না আপনাকে মিন করছি, খবরদার!" চোখ বড় করে দুষ্টু ভঙ্গিতে সে বলে ওঠে, "আপনাদের বিলাসিতা আপনাদের সাথে মানায়। আপনারা জন্মগতভাবেই বিলাসিতা করে করে বড় হয়েছেন, এগুলো আপনাদের অভ্যাসে ঢুকে গেছে রক্তের সাথে। কিন্তু আমরা তো মধ্যবিত্ত, আয়ও করি অল্প অল্প, তাই নিজের সামর্থ্য অনুযায়ী থাকা আরকি। যেখানে যেভাবে মানায়।"
আতিশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মেয়েটার প্রতিটা কথা অন্য এক দুনিয়া থেকে উঠে আসছে বলে প্রতীয়মান হয় তার কাছে। এত সরল, তবু এত তাৎপর্যপূর্ণ এত হালকা, তবু এত ভার বহন করে। কিছুক্ষণ চুপ থেকে নরম গলায় সে বলে, "তুমি তো দেখি ভীষণ ভালো বোঝো জীবনটাকে। আচ্ছা, তুমি কি আর কখনো বিয়ে করবে? এত কিছুর পরও?"
নূজা কপালে হালকা ভাঁজ ফেলে, ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভাবে। তারপর ধীরে ধীরে বলে, "করব তো। ভালো কাউকে পেলে করব, করতেই হবে একদিন। আমার আসলে সংসার করার শখ আছে অনেক। দু-তিনটে বাচ্চা, একজন ভালো হাসবেন্ড, একটা ছোট্ট ঘর, এগুলো ভালোই লাগে ভাবতে। দেখি কী হয় ভাগ্যে।"
আতিশ কনুইয়ের ভরটা প্রায় ভুলে গিয়ে আরেকটু এগিয়ে আসে। কণ্ঠে একরকম গোপন আগ্রহ, "আচ্ছা আমাকে বলো তো, তোমার সংসার নিয়ে কী ভাবনা? বিস্তারিত বলো। আমি একটু আইডিয়া নিই।"
নূজার চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠে। এই একটামাত্র প্রশ্নের জন্যই সে বহুদিন ধরে অপেক্ষা করছিল নিশ্চিত, নিজের ভেতর জমিয়ে রাখা স্বপ্নগুলোকে কারো সামনে খুলে দেওয়ার জন্য। স্বপ্নালু গলায় সে বলতে শুরু করে, "এই তো, একজন লয়াল, বুঝদার মানুষ হবে। খুব বড়লোক হতে হবে না, শুধু বুঝদার হলেই হবে। তার সাথে সুন্দর একটা সংসার হবে, ছোট্ট, কিন্তু গোছানো। তিন থেকে চারজন সন্তান হবে, ঘরটা সারাদিন হৈচৈয়ে ভরে থাকবে। সে বাইরে কাজ করবে, আমি ঘরে বসে ফ্রিল্যান্সিং জাতীয় কিছু পারলে করব, সন্তানদের সামলাব। নিজে জব করব, সময় পেলে সপ্তাহে একদিন পরিবার নিয়ে ঘুরতে যাব, কোনো পার্কে, কোনো নদীর ধারে, বেশি দূরে নয়। মানে আমার কথা হলো, আমার হাসবেন্ড আমাকে বুঝবে, রেসপেক্ট করবে, আমাকে সময় দেবে, আমার অনুপস্থিতিতে ভিন্ন নারীর নিকটে যাবে না। ব্যাস, এগুলোই। এর বেশি কিচ্ছু চাই না জীবনে।"
কথা বলতে বলতে নূজার হাত নড়ে ওঠে বাতাসে। কখনো ইশারায় সে বোঝাতে চায় কল্পনার ঘরটাকে, কখনো আতিশের কাঁধে হাত রাখে অজান্তেই, আবার কোলে ফিরিয়ে নেয়। মাঝে মাঝে নিজের কল্পনাতেই হেসে ওঠে সে। চুলের একটা গোছা বারবার সামনে এসে পড়ছে, সে কানের পিছনে গুঁজে দিচ্ছে প্রতিনিয়ত, ওই ছোট্ট অভ্যাসটাই তার সমস্ত স্বপ্নের ছন্দ।
আতিশ শুধু তাকিয়ে থাকে নূজার দিকে নিবিষ্ট, মুগ্ধ দৃষ্টিতে। তার মনে হয় সময়টা এই মুহূর্তে থেমে যাক, ঘড়ির কাঁটাগুলো ভুলে যাক ঘোরার নিয়ম। ভেতরটা কেমন গলে যেতে থাকে তার, ধীরে, শব্দহীনভাবে, তাপ ছাড়াই। এই সরল মেয়েটার প্রতিটা কথা, প্রতিটা ভঙ্গি, প্রতিটা হাত-নাড়ানো, প্রতিটা হাসি, সবকিছু তার বুকের ভেতর কোথাও গিয়ে বাসা বাঁধছে, শিকড় ছড়িয়ে দিচ্ছে আনমনে। সে বুঝতে পারছে, কিছু একটা বদলে যাচ্ছে তার ভেতরে, কিন্তু ঠিক কী, সেটা এখনো নিজেও ধরতে পারছে না। মানুষ কি সবসময় জানে, কখন তার ভেতরে কী গজিয়ে উঠছে? হয়তো না। হয়তো সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে ঠিক সেই মুহূর্তে, যখন আমরা তার কথা ভাবিও না।
তারা অনেকক্ষণ গল্প করে। ঘড়ির কাঁটা কখন কোন ঘর ছুঁয়ে চলে গেছে, কেউই খেয়াল রাখে না। আতিশও একে একে অনেক কিছু শেয়ার করে, নিজের ছোটবেলার কথা, বাবার কড়া নিয়ম, বন্ধুদের সাথে করা দুষ্টুমি, নিজের ভেতরে জমে থাকা ছোট ছোট অনুভূতিগুলো যা এতদিন কাউকে বলেনি কোনোদিন। যে কথাগুলো এতদিন বুকের ভেতরে তালাবদ্ধ ছিল, আজ সেগুলো একে একে বেরিয়ে আসছে। নূজার শোনার আগ্রহেই ওই তালাটা খুলে গেছে নিজে থেকে। নূজা মন দিয়ে শোনে, মাঝে মাঝে সায় দেয়, মাঝে মাঝে খিলখিলিয়ে হেসে ওঠে।
বাইরে রাতটা আরও প্রগাঢ় হতে থাকে।ঘরের ভেতরের আলোটা ম্লান হয়ে এসেছে, ছায়াগুলো লম্বা হয়ে দেওয়ালে সরে গেছে।
আর সেই ম্লান আলোয়, এই বাড়তে থাকা ছায়ার ভেতরে, দু'জন মানুষের মাঝখানের দূরত্বটা এক ধীর নিয়মে একটু একটু করে কমে আসতে থাকে। যার স্থির, শব্দহীন, তবু অনিবার্যভাবে কোনো এক অজানা স্রোত টেনে নিচ্ছে দুটো নদীকে একই মোহনার দিকে আর তারা নিজেরাও জানে না, কবে থেকে সেই টানটা শুরু হয়েছে আর তা বা কোথায় গিয়ে থামবে।
রাতের কাঁটা এখন দুটোর ঘরে।
ঘরটা এখন এক নিরেট নিস্তব্ধতায় ডুবে আছে। এই নৈঃশব্দ্যের নিজস্ব একটা ওজন আছে। মনে হয় তা বাতাসের সাথে মিশে চোখের পাতায়, বালিশের ভাঁজে ভারী হয়ে বসে আছে। এই অন্ধকারের মধ্যেই আতিশ পাশ ফিরে নূজার দিকে কাত হয়ে শুয়ে আছে। বেশ খানিকটা দূরে সেই না-দেখা সীমারেখাটা সযত্নে মেনে চলে শুয়ে আছে সে। বিছানার মাঝখানের এই দুরুত্বের দাগটা সে অতিক্রম না করে। শুধু নিজের দৃষ্টিটাকে স্থির করে রাখে নূজার ঘুমন্ত মুখের ওপর।
সে সত্যিই জানে না কেন সে এমন করে। সে বোঝে না কেন নূজার এই নাক, তার এই ভ্রুর সূক্ষ্ম ভাঁজ, তার ঘুমের ঘোরে সামান্য খুলে থাকা এই ঠোঁটদুটো তাকে এমন তীব্রভাবে আকর্ষণ করে। অন্ধকারে নূজার মুখটা আসলে খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছে না সে। শুধু আবছা একটা অবয়ব অনুমান করছে। চেনা রেখাগুলো অন্ধকারের ক্যানভাসে নিজের মতো করে এঁকে নিচ্ছে আতিশের মন। তবু সে পলকহীন তাকিয়ে আছে নূজার দিকে। কারণ এই তাকিয়ে থাকাটা তাকে এক প্রশান্তি দেয়। নূজার ওই অনর্গল বকবক করা, সবকিছু দারুণ গুছিয়ে বলা, কোনো কিছু জিজ্ঞেস করা সবকিছুই তার কাছে অভাবনীয় সুন্দর লাগে।

পরদিন সকালে
সোফায় বসে আতিশের জন্য অপেক্ষা করছে নূজা। দুজনে একসাথে অফিসে যাবে, তাই আতিশ তৈরি হচ্ছে। কিছুক্ষণ পর পরিপাটি হয়ে ধীরপায়ে এগিয়ে এসে নূজার ঠিক পাশেই বসে সে। নূজা তখন ফোনে ক্লায়েন্টের মেসেজ দেখতে মগ্ন। আতিশের চোখে গভীর এক মুগ্ধতা ভর করেছে এবং সেই পলকহীন দৃষ্টি স্থির হয়ে আছে ঠিক সামনের মানুষটির ওপর।
নূজা অবশ্য এসবের কিছুই টের পাচ্ছে না। সে ঘাড় গুঁজে নিজের মোবাইল ফোনে গভীর মনোযোগে কাজের জিনিসগুলো পড়ে নিচ্ছে। চারপাশের দুনিয়ার কথা বেমালুম ভুলে বসেছে। আতিশ নূজার দিকে তাকিয়ে থাকতে থাকতে একপর্যায়ে বেশ আকর্ষণীয় ভঙ্গিতে সে নিজের চুলে হাত বোলায়, অথচ তার চোখ এক মুহূর্তের জন্যও নূজার ওপর থেকে সরে না।
আচমকা ফোন থেকে চোখ তুলে তাকায় নূজা। ঠিক তখনই আতিশের এই গভীর দৃষ্টির সাথে তার সরাসরি চোখাচোখি হয়। ঘুণাক্ষরেও সে বুঝতে পারেনি আতিশ এতক্ষণ ধরে তাকেই এভাবে দেখছিল, তাই তার চোখে হালকা এক বিস্ময় আর থমকে যাওয়ার ছাপ ফুটে ওঠে।
ধরা পড়ে গিয়েও আতিশ বিন্দুমাত্র অপ্রস্তুত হয় না। বরং সে একইভাবে তাকিয়ে থাকে এবং তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক স্নিগ্ধ ও প্রশান্তির হাসি। দুজনের মাঝখানে তৈরি হয় এক মোহনীয় সুন্দর ও না-বলা নিস্তব্ধতা। আতিশ হাসে ভীষণ মিষ্টি আর তৃপ্তির তার হাসিটা।

চলবে??

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন