#মেঘ_ও_মরিচীকা -- ৫
#সানজিদা_তালুকদার
কেটে গেছে সাত দিন। মাত্র সাত দিন, অথচ এই সাতটি দিনের ভেতরেই নূজার জীবনের নকশাটা কেউ বোধহয় নতুন করে এঁকে দিচ্ছে। সময়ের এই ছোট্ট টুকরোটাতেই বদলে যাচ্ছে অনেক কিছু শব্দহীনভাবে, অথচ গভীরভাবে।
সে এখন আতিশের সেক্রেটারি হিসেবে কাজ করছে। চাকরিটা তাকে দেন তার শাশুড়ি নিজের হাতে, যাতে আতিশ ত্যাড়ামি না করতে পারে। আর সত্যি বলতে নূজা কাজটা সামলাচ্ছে অসাধারণ দক্ষতায়। আতিশ নিজেও তার কাজে ডুবে আছে পুরো মন-প্রাণ দিয়ে, আর নূজা তার পাশে দাঁড়িয়ে আছে ঠিক সেই ছায়ার মতো, যে ছায়া দৃষ্টির অগোচরে থাকে, কিন্তু ছাড়াও যায় না।
সাত দিন কিছুতেই তো বড় সময় না। ক্যালেন্ডারের পাতায় এটুকু সময় প্রায় চোখের আড়ালে আছে। তবু এই সাতটি সূর্যাস্তের ফাঁকে এদের দুজনের সম্পর্কের সুতোটা একটু একটু করে মজবুত হচ্ছে।
এখন দুজনে দুজনের যেকোনো কাজে হাত বাড়িয়ে দেয়, অফিসের ফাইলের স্তূপ হোক, অথবা বাড়ির ছোট্ট কোনো এলোমেলো ব্যাপার। বেশ চলছে সব। খুব বেশি কথা নয়, খুব বেশি প্রকাশও নয়, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা গড়ে উঠছে। ধীরে, নিভৃতে, প্রায় অজান্তে।
ঘড়ির কাঁটাটা এখন আটটার ঘরে গিয়ে থমকে আছে।
সন্ধ্যা গড়িয়ে রাত নামছে ঠিকই, কিন্তু আজকের এই বাড়িটাতে অন্ধকার নামার কোনো সাহস নেই। নূজা আর আতিশ আজ অফিস থেকে ফিরছে অন্যান্য দিনের চেয়ে অনেকখানি আগে। কারণটাও বেশ স্পেশাল, আজ আতিশের জন্মদিন। আর এই জন্মদিনে প্রথমবারের মতো এত প্রকাণ্ড আয়োজন হচ্ছে এই বাড়িটাতে, বাড়িটাও নিজেকে সাজাচ্ছে নতুন করে।
আতিশ অবশ্য এসব একদমই চায় না। হইচই, মানুষের ভিড়, নকল হাসিমুখ, কৃত্রিম শুভেচ্ছার বন্যা এগুলো তার একদমই পছন্দের না। তার কাছে জন্মদিন মানে একলা এক কাপ কফি, জানালার ধারে দাঁড়িয়ে চাঁদ দেখা, অথবা প্রিয় কোনো বইয়ের পাতা উল্টানো। কিন্তু সবার সাথে যেহেতু ভালোভাবে থাকতে হবে, ফ্যামিলির মান-সম্মানের সুতোটা যেহেতু যত্নে ধরে রাখতে হবে তাই সে না-ও করতে পারেনি। মুখ বুজে মেনে নিয়েছে।
আর আয়োজন হচ্ছে সত্যিই চোখধাঁধানো। ক্যাসেলের উঠোন থেকে শুরু করে সুপরিসর ড্রয়িংরুম পর্যন্ত প্রতিটি কোণায় ঝুলছে সোনালি আলোর মালা। সাদা গোলাপ আর লালচে টিউলিপের সাজসজ্জা এমনভাবে করা, মনে হয় কোনো এক আরব্য উপন্যাসের রাজপ্রাসাদে ঢুকে পড়ছে সবাই। ক্যাটারিংয়ের লোকজন ছুটাছুটি করছে ব্যস্ত পিঁপড়ের মতো, তাদের হাতে হাতে ঘুরছে রুপোর ট্রে, কাচের গ্লাস, আর নানা রঙের সুস্বাদু খাবারের ঘ্রাণ।
ইনভাইট করা হয়েছে অসংখ্য মানুষ কে, ঘনিষ্ঠ পরিবার, পুরনো বন্ধুবান্ধব, ব্যবসার পার্টনার, অফিসের স্টাফ। আর এই দীর্ঘ তালিকার একদম শেষ প্রান্তে নূজাও আছে। অফিসের স্টাফদের নামের সাথে জুড়ে যাচ্ছে তার নামটাও, ঠিক কোনো সাধারণ কর্মচারীর মতো। মূলত আতিশই তাকে আসতে বলছে, জোর করে বলছে। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে নূজা না গেলে সেও যাবে না। এমন এক জেদ, যেটার সামনে নূজা আর দাঁড়াতে পারছে না। না করতে পারছে না।
ঘড়ির কাঁটা এসে থামছে ঠিক নটায়। সব গেস্ট এতক্ষণে এসে পৌঁছেয়ে গিয়েছেন। বাড়িটা এখন আর বাড়ি নেই, এটি এখন এক জীবন্ত প্রাসাদ হয়ে গেছে। মানুষের গমগমে ভিড়, হাসিঠাট্টার কলরব, দূর থেকে ভেসে আসা মৃদু আরবি সঙ্গীতের সুর, সব মিলিয়ে বাতাসে স্নিগ্ধবিষের মতো এক অভাবনীয় মাদকতা।
আর ভিড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আতিশ। তার পরনে গাঢ় কালো একটা থোব, ঝকঝকে, নিখুঁত ভাঁজ করা, প্রতিটি সেলাই হাতে গোনা। মাথায় তার কালো-সাদা চেকের শেমাঘ বাঁধা কাফি স্টাইলে, যা কপালের ওপর দিয়ে সামান্য কুঞ্চিত হয়ে নেমে আসছে ডান কাঁধের ওপর। এই লুকে তাকে সত্যিই কোনো আরব রাজবংশের হারিয়ে যাওয়া যুবরাজ লাগছে, যে হঠাৎ ফিরে এসেছে নিজের প্রাসাদে। পার্টির প্রতিটি চোখ, প্রতিটি হৃদস্পন্দন সব তার দিকেই ঝুঁকে আছে।
আর নূজা? তার পরনে অফ-হোয়াইট একটা বোরখা, মাথায় সাদামাটা হিজাব, কোথাও কোনো চাকচিক্য নেই। সে ধূমকেতুর মতো নিস্তব্ধ উপস্থিতি যা দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। সে দাঁড়িয়ে আছে ভিড়ের একদম কিনারে, দেয়ালের সাথে প্রায় মিশে গিয়ে। সে এই দৃশ্যপটের অংশ, অথচ পুরোপুরি দৃষ্টিসীমার বাইরে। কেউ তার দিকে তাকালেও তাকে দেখতে পাবে না।
আর এখানে আজ উপস্থিত সেই পাগল প্রিন্সেস আলিন, যে আতিশের জন্য পাগল, পাগল হওয়ার সব সীমা পেরিয়ে গেছে বহুদিন আগে। ঝলমলে পিংক ড্রেসে সে ঘুরছে আতিশের চারপাশে, প্রজাপতির মতো, চোখে তার এক বিস্ময়কর মালিকানার দাবি।
আতিশের ফ্যামিলির পরিকল্পনাও এখন প্রায় স্পষ্ট, প্রায় পাথরে খোদাই করা, এই আলিনকেই তারা বানাতে চায় আতিশের আসল মিসেস। সমাজের সামনে যে জোড়াটা গর্বভরে দাঁড় করানো যাবে, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখা যাবে, সেটা হবে আতিশ আর আলিন।নূজা নয়। কখনোই নূজা নয়।
এখন কেক কাটা হচ্ছে। মস্তবড় একটা কেক, তিন স্তরের, সাদা ক্রিমের ওপর সোনালি লেখায় জ্বলজ্বল করছে আতিশের নাম। চারপাশে ফ্যামিলি মেম্বার আর স্পেশাল গেস্টদের ভিড়, কাঁধে কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে সবাই। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে বারবার, হাততালির ঢেউ, শুভেচ্ছার বর্ষণ, হ্যাপি বার্থডে গানের সুর ভেসে যাচ্ছে হাওয়ায়। আতিশ দাঁড়িয়ে ঠিক মাঝখানে, তার পাশে বাবা-মা, ছোট বোন, ব্যবসার পার্টনার, আর আলিন। আলিন এমনভাবে তার পাশে এসে দাঁড়াচ্ছে, ঠিক আজকের রাতের নায়িকা।
আর নূজা? সে দাঁড়িয়ে অনেক দূরে। ভিড়ের একদম শেষ প্রান্তে, একটা পিলারের আড়ালে প্রায়। হাততালি দিচ্ছে সেও, কিন্তু তা শব্দহীন প্রায়। কী আজব ব্যাপার, তার নিজের হাসবেন্ডের জন্মদিন, অথচ সে তার পাশে নেই। তার পাশে দাঁড়িয়ে আছে অন্য কেউ, অন্য কারো হাসি ঝলমলে মুখ। এই গল্পটা কেউ বাইরের কারো কাছে বললে, বুক ফেটে যাওয়ার কথা। চোখের কোণায় জল আসার কথা।কিন্তু আশ্চর্যের বিষয়, নূজার দুঃখ হয় না,একদমই না।
কেক কাটার আনুষ্ঠানিকতা শেষ হতেই নূজা আর এক মুহূর্তও দাঁড়ায় না সেখানে। সোজা হাঁটা লাগায় মেইন কোর্সের দিকে।
বুফে টেবিলের সামনে গিয়ে সে প্লেট ভরে খাবার তুলে নেয়, গরম ফ্রাইড চিকেন, কাবাব, স্যালাড, যা যা তার চোখে ভালো লাগছে, সব। তারপর কোণার দিকের একটা ছোট্ট টেবিলে বসে পড়ে, শান্তিতে নিজের মতো করে। বোরখার হাতাটা একটু গুটিয়ে, হিজাবটা ঠিকঠাক করে নেয়, এই মুহূর্তটাই তার আজকের রাতের সবচেয়ে প্রিয় মুহূর্ত।
কিন্তু শান্তি ক'টা ক্ষণ? ঠিক তখনই, কোনো পূর্বসংকেত ছাড়া, তার সামনের চেয়ারটা টেনে এসে বসে আতিশ। বসেই তিরস্কারের সুরে জিজ্ঞেস করে, স্বরে চাপা বিরক্তি নিয়ে,
"এই, তোমার সমস্যা কী? খাই খাই ছাড়া কিছু করার নেই তোমার? আসার পর থেকে যখনই দেখছি, তখনই দেখছি খাচ্ছো।"
নূজা বিরক্ত হয়ে ফ্রাইড চিকেনের একটা টুকরো মুখে দিতে দিতে চোখ তুলে তাকায় আতিশের দিকে। চিবোতে চিবোতে, কোনো তাড়া ছাড়া, ঠান্ডা গলায় জিজ্ঞেস করে,
"কেন? আমার খাওয়ায় আপনার সমস্যা কী?"
আতিশের গলায় এবার তিক্ততা চলে আসে,
"তুমি কেক কাটার সময় কই ছিলে? আমি কত খুঁজেছি তোমাকে। ভিড়ের ভেতরে চোখ চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে গেছি।"
নূজা ভাবলেশহীন গলায় বলে,
"কেন? আমাকে কী জন্য খুঁজছিলেন?"
এবার আতিশ দাঁত চেপে বলে,
"এই যে চিকেন ঠুসছো না, এভাবে কেক ঠুসাতে খুঁজছিলাম। তুমি না বলো আমি তোমার হাসবেন্ড, তাহলে আমার পাশে তুমি কেন ছিলে না?"
নূজা এক মুহূর্তের জন্য খাওয়া থামায়। তার হাতের চামচটা প্লেটের পাশে রেখে আতিশের দিকে সোজা তাকায়। তারপর স্পষ্ট আর ঠান্ডা গলায় বলে,
"দেখুন, আমরা ফ্যামিলির সামনে হাসবেন্ড-ওয়াইফ। এই সোসাইটির সামনে আপনার সাথে আমার যায় না। ছিলাম না, সিম্পল!"
আতিশ কোনো জবাব দেয় না। শুধু নূজার প্লেট থেকে চুপিচুপি একটা চিকেন উইংস তুলে নিয়ে নিজের মুখে দিতে দিতে বিড়বিড় করে বলে,
"আমি এই জন্যই এই সোসাইটি হেইট করি। এরা এত বিকৃত মানসিকতার, ছিঃ ছিঃ!"
নূজা চোখ রাঙিয়ে তাকায় ওর দিকে,
"এই, আমার খাবারে হাত দেবেন না! যান, গিয়ে নিজের খাবার নিজে নিয়ে আসুন। গরিব-মিসকিন কোথাকার! মানুষের খাবারে হাত দেন, লজ্জা নেই!"
আতিশ ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি টেনে, চিকেনটা চিবোতে চিবোতে বলে,
"গরিব-মিসকিন তো, তাই লজ্জা নেই!"
এই বলে সে নূজার সামনের প্লেটটা একটু নিজের দিকে টেনে নিয়ে আবার খেতে শুরু করে নির্লজ্জের মতো। নূজা খাবার খেতে ভালোবাসে, খাবার সে কারো সাথে ভাগ করে খেতে রাজি নয়। সে আতিশের আগে আগে নিজে তাড়াতাড়ি খেতে শুরু করে। যেন এটি কোনো ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা, যেটাতে জেতা ছাড়া তার কোনো উপায় নেই। চামচ চালায় দ্রুত, চোখ তার প্লেটের দিকে, ঠোঁট শক্ত করে চেপে রাখে।কিন্তু আতিশও কম না। সে বড় বড় বাইটে অর্ধেক প্লেট শেষ করে ফেলে চোখের পলকে। যেন মনে হয় এটি তার নিজের প্লেট সে এখানেই খেতে এসেছে, জীবনভর। আতিশের দিকে নূজা কড়া চোখে তাকিয়ে বলে,
"যান, নিয়ে আসুন খাবার। আবার গেলে কী মনে করবে কোর্সে থাকা স্টাফ? আমি মানি না, আমার খাবার এনে দেন!"
আতিশ এ শুনে বিরক্ত গলায় বলে,
"ছিঃ ছিঃ, সামান্য খাবারের জন্য তুমি কী করতেছো!"
নূজা এবার সত্যিই ফুঁসে ওঠে,
"তো আপনার সমস্যা কী? আপনি আমার খাবার কেন খাবেন? হারামজাদার মতো কাহিনি করলেন আপনি!"
আতিশ মুখভরা খাবার নিয়ে হেসে ওঠে বলে,
"হারামি তো, তাই।"
।।
শহরের বুকে সন্ধ্যা নেমে এসেছে। সারাদিনের ব্যস্ততার কোলাহল ধীরে ধীরে থিতিয়ে এসেছে। আকাশে গোধূলির শেষ আভাটুকু মুছে গিয়ে জায়গা করে দিয়েছে নীলাভ আঁধারকে। একটা রেস্টুরেন্টের কাঁচের জানালা ভেদ করে ভেতরে চুঁইয়ে পড়ছে বাইরের হলদে স্ট্রিটলাইটের আলো। ভেতরের ঝাড়বাতির স্নিগ্ধ আভার সঙ্গে মিলেমিশে তা তৈরি করে এক ঘরোয়া উষ্ণতা। কর্নারের টেবিলটায় মুখোমুখি বসে আছে আতিশ আর নূজা। ওদের সামনে ক্লায়েন্ট। তিনি মাঝবয়সী এক ভদ্রলোক। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকে ফাইলপত্র, একটা কালো পার্কার কলম এবং ধোঁয়া ওঠা কফির কাপ। প্রজেক্টের আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছায়, বাকি থাকে স্রেফ স্বাক্ষরটুকু।
নূজা মন দিয়ে ক্লায়েন্টের কথা শুনছে। হাতে ধরা কলমে ফাইলের কোণায় ছোট ছোট টিক দিচ্ছে। ঠিক তখনই তার ভেতরে জেগে ওঠে একটা চাপা অস্বস্তি। পেটের নিচে চেনা টান, কোমরে হালকা ব্যথা অনুভব করে সে। ক্ষণিকের মধ্যেই সে বুঝতে পারে, তার পিরিয়ড শুরু হয়ে গেছে। তার মুখের রং পাল্টে যায় নিমেষে। কপালে ফুটে ওঠে সূক্ষ্ম ঘামের রেখা। সাদা বোরখাটার দিকে একবার আড়চোখে তাকিয়ে বুকটা ধক করে ওঠে তার। ক্লায়েন্টের দিকে জোর করে ঠোঁটে হাসি টেনে সে বলে,
"এক্সকিউজ মি, একটু ওয়াশরুম থেকে আসছি।"
চেয়ার ঠেলে উঠে দ্রুত পায়ে হাঁটতে থাকে ওয়াশরুমের দিকে। আতিশ চোখ তুলে একবার তাকায়। নূজার মুখটা দেখে সে আঁচ করে কিছু একটা ঘটেছে, তবে কী ঘটেছে তা ঠিকঠাক ঠাহর করতে পারে না।
ওয়াশরুমের দরজা বন্ধ করে নূজা যখন চেক করে, তখন তার বুকটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রথম দিন বলে রক্তের পরিমাণ প্রচুর, সাদা বোরখার নিচের অংশে লালচে দাগ ছড়িয়ে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে সে এক পলকের জন্য চোখ বুজে ফেলে, এখন কী করবে সে?
কাঁপা হাতে ফোন বের করে আতিশকে মেসেজ লেখে,
"আমি পরে আসব। আপনি ক্লায়েন্টকে দিয়ে সাইন করিয়ে নিয়ে অফিসে চলে যান। আমার ইমার্জেন্সি পড়েছে।"
মেসেজ পাঠিয়ে ফোনটা বুকে চেপে ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর বেরিয়ে করিডরে এসে পায়চারি করতে করতে এক বান্ধবীর নম্বর ডায়াল করে। রিং হতে থাকে, ওপাশে কেউ ধরে না। ওদিকে আতিশ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থমকে যায়। এই নূজা, যে মেয়েটা কাজের ব্যাপারে এতটা প্যাশনেট, যে একটা মিটিং মাঝপথে ছেড়ে যায় না, সে হঠাৎ এমন মেসেজ পাঠাল কেন? নিশ্চয়ই বড় কিছু ঘটেছে। সে ক্লায়েন্টের দিকে সামান্য ঝুঁকে ভদ্রভাবে বলে,
"স্যার, একটা জরুরি ফোন এসেছে। দুই মিনিট।"
এই কথা বলে চেয়ার ছেড়ে উঠে হাঁটতে শুরু করে ওয়াশরুম করিডরের দিকে। করিডরের ম্লান আলোয় সে দেখতে পায় নূজা পায়চারি করছে। তার ফোন কানে, মুখে চিন্তার ছায়া, বোরখাটা কোথাও একটু খামচে ধরা। আতিশকে দেখেই নূজা ঠিক পাথরের মূর্তির মতো থেমে যায়। ফোনটা কান থেকে নামিয়ে চোখ নিচের দিকে নামিয়ে ফেলে।আতিশ কাছে এসে চাপা গলায় জিজ্ঞেস করে,
"কোনো সমস্যা হয়েছে তোমার? তুমি এত চিন্তিত যে?"
নূজা কয়েক মুহূর্ত নিশ্চুপ থাকে। ঠোঁট কামড়ে ধরে। তারপর আমতাআমতা করে বলে,
"আসলে... আমার পিরিয়ড হঠাৎ চলে এসেছে। এখন সেখানে বসা ঠিক হবে না, তাই আরকি।"
কথাটা শেষ করতে গিয়েও শেষ করতে পারে না নূজা। সে মাথা নিচু করে ফেলে।আতিশের মুখে বিন্দুমাত্র বিব্রত ছাপ দেখা যায় না। বরং সে খুব সহজ গলায় বলে,
"ও, আচ্ছা। ঠিক আছে, আমি আসছি, তুমি পাঁচ মিনিট দাঁড়াও। অন্য কারো সাহায্য নেওয়ার চেষ্টা করো না।"
এই বলে আতিশ দ্রুত পা চালিয়ে বেরিয়ে যায়। ক্লায়েন্টকে কোনোভাবে বুঝিয়ে বলে,
"স্যার, একটা আর্জেন্ট সিচুয়েশন। ডিলটা কি কাল সকালে ফাইনালাইজ করা যায়?"
ভদ্রলোক অবাক হলেও রাজি হন। ডিল পেন্ডিং থাকে।
আতিশ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পাশের সুপার শপে ঢোকে। শেলফের সামনে দাঁড়িয়ে এতটুকু দ্বিধা না করে তুলে নেয় একটা প্যাডের প্যাকেট। পাশ থেকে হালকা গরম পানির একটা বোতলও নেয়। সে ফিরে আসে নূজার কাছে। করিডরে দাঁড়িয়ে থাকা নূজার সামনে প্যাকেটটা এগিয়ে দেয়। নূজা কিছু মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার গাল লাল হয়ে ওঠে লজ্জায়, কৃতজ্ঞতায়, বিস্ময়ে। আতিশ নিজে থেকে, এত সহজভাবে এই কাজটা করতে পারে, সেটা তার কল্পনার বাইরে ছিল। আতিশ ধীর গলায় বলে,
"যাও, চেঞ্জ করে নাও।"
নূজা মাথা নেড়ে ঢুকে যায় ওয়াশরুমে। ভেতরে চেঞ্জ করে নেয়। বোরখায় লেগে থাকা দাগগুলো বেসিনের নিচে পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলে। দাগ চলে যায়, তবে বোরখাটা নিচের দিকটায় ভিজে জবজবে হয়ে থাকে। আয়নায় নিজেকে একবার দেখে। তার চোখ ছলছল করে, তবু মনটা আগের চেয়ে অনেকখানি হালকা লাগে। বেরিয়ে আসতেই আতিশ পানির বোতলটা এগিয়ে দেয়,
"নাও, একটু খাও।"
তারপর নিজের গায়ের কালো ব্লেজার কোটটা খুলে ফেলে সে। নূজার সামনে দাঁড়িয়ে সাবধানে তার কোমরে বেঁধে দেয় কোটটা, যাতে ভিজে বোরখার অংশটা আড়াল হয়ে যায়। বাঁধতে বাঁধতে বলে,
"আশেপাশে ক্লথসের কোনো স্টোর নেই, বোরখা তো পাবই না। তাই আমার কোট দিয়ে চালিয়ে নাও।"
নূজা মাথা তুলে তাকায় আতিশের দিকে। লোকটার চোখে কোনো অস্বস্তি নেই, কোনো কৌতূহলও নেই, আছে নিছক একটা স্থির, প্রশান্ত যত্নের ছাপ। নূজা প্যাডের বাকি অংশ হাতে ধরে রাখে, আতিশ সেটা তার হাত থেকে নিয়ে নেয়। করিডরের বেসিনের ওপর রাখা হ্যান্ডব্যাগটা খুলে আলতোভাবে ভেতরে ঢুকিয়ে রাখে। তারপর ব্যাগটা কাঁধে তুলে নেয় নিজেই। হাত দিয়ে ইশারা করে আগে যেতে বলে জিজ্ঞেস করে,
"তোমার পেইন-টেইন করছে না তো? ঠিক আছো তো?"
নূজা মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলে। আতিশের এই যত্ন, এই সাবলীল স্বাভাবিকতা, এমন অভিজ্ঞতা সে জীবনে কারও কাছ থেকে পায়নি। মাথা নেড়ে ফিসফিস করে বলে সে,
"না না, তেমন কিছু করছে না।"
আতিশ তার সংকোচ বুঝতে পারে। হাঁটতে হাঁটতে খুব সহজ গলায়, ঠিক আবহাওয়ার প্রসঙ্গ তোলার মতো করে বলে,
"এত চিন্তা করার কিছু নেই। বৃষ্টিতে ভিজলে যেমন জ্বর আসাটা স্বাভাবিক, তেমন একটা মেয়ের প্রতি মাসে পিরিয়ড আসাটাও স্বাভাবিক। আমি তো এটাকে রেসপেক্ট করি, এটা সংকোচের বিষয় নয়।"
কথাগুলো নূজার কানে ঠিক কোনো কবিতার পঙক্তির মতো বাজে। সে একটা লম্বা শ্বাস ছাড়ে। তার বুকের ভেতর জমে থাকা অস্বস্তির পাহাড়টা ভেঙে গুঁড়িয়ে যেতে থাকে নূজা সস্তি নিয়ে বলে,
"ও থ্যাংক ইউ সো মাচ। আমার এতটা হেল্প করার জন্য। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, ভাবলাম, আপনি কী না কী ভাববেন।"
আতিশ পাশ ফিরে মৃদু হেসে, ভরসা জাগানো একটা আশ্বাস দিয়ে বলে,
"কাম অন, আমি মানুষ খারাপ হলেও আমার মানসিকতা ওতটাও খারাপ নয়। চলো, সামনে পা বাড়াও।"
রেস্টুরেন্টের কাঁচের দরজা ঠেলে দুজনে বেরিয়ে আসে। বাইরে ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে। আতিশ পার্কিং লট থেকে গাড়ি বের করে। নূজাকে সামনের সিটে বসিয়ে সিটবেল্ট বেঁধে দেয় নিজের হাতে। তারপর বলে,
"দুই মিনিট বসো।"
এ বলে গিয়ে সে পাশের বেকারি থেকে নরম কিছু খাবার নিয়ে আসে। একটা ওয়ার্ম স্যুপ, দুটো সফট বান এবং এক টুকরো ডার্ক চকলেট। পিরিয়ডের সময় চকলেট শরীরের জন্য ভালো, এটা সে কোথায় জানল, নূজা আন্দাজ করতে পারে না। তবে সে টের পায়, আতিশ এগুলো সম্পর্কে জানে। গাড়ির ভেতরে খাবারগুলো নূজার কোলে রেখে সে বলে,
"খাও। শরীর দুর্বল লাগছে তো।"
তারপর ড্রাইভিং সিটে বসে ধীরে গাড়ি স্টার্ট দেয়। নূজা কোলে রাখা স্যুপের কাপটার দিকে তাকিয়ে থাকে। আতিশের কোটটা এখনো তার কোমরে বাঁধা। সেখান থেকে হালকা একটা পুরুষালি পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে যা শান্ত ও ভরসাদায়ক।
সে আড়চোখে একবার তাকায় আতিশের দিকে। আতিশ প্রশান্তভাবে গাড়ি চালাতে থাকে, চোখ তার রাস্তায় স্থির, ঠোঁটে তার হালকা একটা প্রশ্রয়ের রেখা। এই আতিশ কে সে চিনত অন্যরকমভাবে। খানিকটা রাগী, আর অসভ্য চলাফেরার ঠিক নেই। এখন নূজা আবিষ্কার করে, মানুষের ভেতরের রূপটা কতটা আলাদা হতে পারে বাইরের খোলস থেকে। আতিশের কাছ থেকে সে এই ব্যবহার আশাই করেনি। কোনোদিনই না।
চলবে?