#বুকপকেটের_বিরহিণী
কলমে: মম সাহা
তৃতীয় পর্ব:
সন্ধ্যার নিয়ন আলো ঝিমানো। এক ধারে বসে থাকতে থাকতে করবীর বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়েছে। সে এক ধ্যানেই বসা। তার সামনেই তিমির নামক লোকটা উনার একজন বন্ধু নিয়ে পুরো পার্কের এতিম, অসহায় বাচ্চা গুলোর সাথে বসে আড্ডা দিচ্ছে। তাদের প্রত্যেকের হাতেই একটা করে প্যাকেট যেখানে সাদা চিকন চালের ভাত, আলু ভাজা আর দুই টুকরো করে মাংসের তরকারি। সাত-আটজন বাচ্চা সাথে উনারা দু'জন। করবীর হাতের বোতলটায় পানি এখনো অর্ধেক। লোকটিই তাকে পানির বোতলটা দিয়েছিল। করবী অবাক হলো। তিমির নামক লোকটাকে দেখলে মধ্যবিত্ত মনে হয় না। উচ্চবিত্ত পরিবারের ছেলেই মনেহয়। তার বন্ধুর মাঝেও একটা বনেদি ভাব আছে। অথচ কী সুন্দর দু'জন জাত-পাতের ভেদাভেদ ভুলে শিশুদের সঙ্গী হয়েছে! লোকটা কী প্রায়ই আসে এখানে? জিজ্ঞেস করা হলো না আর এই প্রশ্নটি।
ওদের খেতে দেখে করবীর পেটেও খুদারা নৃত্য করে উঠলো। তার সারাদিনের অভুক্ত থাকার গল্প মনে পরলো। তন্মধ্যেই তিমিরের পাশে থাকা তার বন্ধু পার্থিব ডাকল করবীকে,
“করবী, আসো। আমাদের সাথে যুক্ত হও।”
করবী হাসলো, আন্তরিকতার সাথে বলল,
“এইতো, দেখছি। চোখের শান্তি মিলছে।”
পার্থিবও প্রতুত্তরে হাসলো। আর ডাকল না। ততক্ষণে করবীর ফোনে শ' খানেক কল চলে এসেছে। করবী এবার শরীর ঝারা দিয়ে উঠে দাঁড়াল। না, আর এখানে বসে থাকা যাবে না। বাবাটা বোধহয় চিন্তায় শেষ। করবী তপ্ত শ্বাস ফেলে বিদায় নিতে গেল তিমিরদের কাছে,
“আমি আসছি তাহলে। আমার বাসায় যেতে হবে।”
তিমির খেতে খেতে এক পলক চাইলো। মৃদু কণ্ঠে বলল,
“ঠিক আছে।”
তবে পার্থিব কথা বাড়াল, “এগিয়ে দিয়ে আসবো?”
করবী ডানে-বামে মাথা নাড়াল। কৃতজ্ঞতার সাথে বলল, “ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। আমি যেতে পারবো। আপনি খাবারটা শেষ করুন।”
পার্থিব তবুও জোরাজুরি করল কিন্তু তিমির রইল নির্লিপ্ত। পার্থিবের অতিরিক্ত জোড়াজুড়ির এক পর্যায়ে তিমির শান্ত স্বরে বলল,
“তুই না থাকলেও ও একা যেতে পারবে। এতদিন যেমন গিয়েছে। একা হাঁটার সাহস টুকু ওর আছে। তুই খা।”
পার্থিব চুপ হয়ে গেলো এরপর। করবী যেন স্বস্তি পেলো। মনের যেই জোরটা সে হারিয়ে ফেলেছিল তা-ই যেন আবার খুঁজে পেলো। ঠিকই তো, সে তো একা হাঁটার সাহস বহু বছর ধরে রপ্ত করেছে, তবে আজ কেন পারবে না? নির্ভরতা পেলেই নির্ভরশীল হওয়া মোটেও উচিত কাজ নয়। এতে নির্ভরশীলতা হারালে মানুষ একা হয়ে যায়। তিমির নামক লোকটা করবীকে করবীর মতনই ট্রিট করছে। এটা খারাপ নয়, বরং বেশ ভালো একটা ব্যাপার। সবসময় সবাই আমাদেরকে আমাদের নিজস্বতার সাথে মিলাতে পারে না। যারা পারে, তারা অসাধারণ। কিন্তু তবুও..... করবীর কোথাও একটা খটকা লেগেই যাচ্ছে। তার এত সুন্দর রূপকেও যে পুরুষ চোখ নামিয়ে সম্মান করে সে শুধুই অসাধারণ নাকি অন্যতম? মনের প্রশ্ন মনে রেখেই করবী হাঁটা ধরল।
ঝিমিয়ে আসা রাস্তা, ঝিম ধরা এই মস্ত শহর এত বেশি অসুন্দর নয়, পাষাণও নয়। এই শহরের বুকেও কেউ কেউ বড্ড কোমল, বড্ড আদুরে। করবী তপ্ত শ্বাস ফেললো। যুদ্ধ করতে করতে কেটে গেল আরেকটি দিন। আর কতকাল এই যুদ্ধ চলবে? নিজের সাথে নিজের, জীবনের সাথে নিজের, সমাজের সাথে নিজের? আর কতকাল কেটে যাবে তপ্ত শ্বাস ফেলে ফেলে! আর কতকাল সুখ দেখবে বলে অপেক্ষায় থাকবে লাশের পাশে বসে থাকা শকুনের মতো? আর কতকাল? আর কতকাল? এই শহর করবীর প্রশ্নের জবাব দেয় না। কেবল নিশ্চুপ সঙ্গী হয়ে ফ্যালফ্যাল করে দেখতে থাকে তাকে।
করবী চলে যেতেই পার্থিব খেতে খেতে বলল,"এভাবে বলার কি ছিল? দিয়ে আসলে এমন কী ক্ষতি হতো? আর মেয়েটা কিন্তু বেশ সুন্দরী, বল? এতটা সুন্দর সচারাচর দেখা যায় না।”
তিমির ধীর কণ্ঠে জবাব দিল, “হয়তো, খেয়াল করিনি তেমন।”
তিমিরের কথায় আশ্চর্যজনক ভাবভঙ্গি করল পার্থিব। এত সুন্দর মেয়েকেও যে খেয়াল করে না সে আদৌও পুরুষ না মহা পুরুষ!
পেটের কথা পেটে না রেখেই পার্থিব বিস্ময় ভোরা কণ্ঠে বলল,
“তুই আদৌও পুরুষ তো ভাই?”
কথাটার বিপরীতেই সশব্দে চ ড় পড়ল তার বাহুতে। তারপর আবার খেতে আরম্ভ করল দু'জনেই।
৫.
দিন যায় দিনের নিয়মে। প্রকৃতির নিয়মে সকাল থেকে রাত হয় এবং রাত থেকে আবার সকাল। করবীর দিনও চলে যাচ্ছে সেই নিয়মেই। কিন্তু দিনের ছন্দে এগিয়ে যাওয়া করবীর জন্য হয়ে পড়েছে চ্যালেঞ্জের। আর যাই হোক, তিন হাজার টাকা দিয়ে তো আর সংসার চালানো যায় না!
সময়টা ঠিক ঝাঁঝালো দুপুর। করবী বসে আছে তার বারান্দায়। হাতে একটি বই। খুব মনোযোগ দিয়ে সে বইটি পড়ছে। বাসায় কারেন্ট নেই। রান্নাঘরে শোনা যাচ্ছে খুটখাট শব্দ। বাবা হয়তো রান্না করছে। বাবাটা কেন জানি করবীকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। ভাবে আগুনের তেজ হয়তো মেয়েটা নিতে পারবে না। অথচ বাবা তো আর জানে না প্রতিনিয়ত সমাজের তেজে পুড়ে পুড়ে খাঁটি হয়ে উঠছে তার মেয়ে। সব আগুন যে পুড়িয়ে ছাই করে না। কিছু কিছু আগুন খাঁটিও করে। কিছু পুড়ে যাওয়া ভালো। কিছু উত্তপ্ততা ভালো।
আজ দিনটি শুক্রবার, তাই করবী বাসাতেই রয়েছে। গরমে ঘেমে নেয়ে একাকার অবস্থা। গ্রীষ্মকালের এই সময়টা বাতাসও কেমন যেন উষ্ণ বয়। আর দুপুরের দিকে তো প্রকৃতি যেন ঝিম ধরে থাকে। কোথাও কোন বাতাস নেই। দূর থেকে কর্কশ কণ্ঠে ডেকে যায় কেবল কাক। কেমন হইচই নেই, কোলাহল নেই মনে হয় যেন নিশার স্বপ্নের মতোই নিস্তব্ধ সব।
বাণী পুরো বারান্দা জুড়ে উড়ে বেড়াচ্ছে। একটু পর পর এসে করবীর নাম ধরেই ডাকছে স্পষ্ট ভাবে। বাণী অনেক কথাই নকল করতে পারে কেবল মনের কথাটিই আর বলতে পারে না। ঠিক গম্ভীর এই গ্রীষ্মের দুপুরে করবীদের দরজার কড়া নাড়ল কেউ। একবার, দু'বার না, বার কয়েক। করবীর বইয়ে ডুবে থাকা মস্তিষ্ক সজাগ হয়ে উঠল৷ তাদের বাসায় তো কেউ আসে না সচারাচর। তাও এমন ভরদুপুরে! তবে কে এলো? বাড়িওয়ালা কী? করবীর মনে এবার ভয় ঢুকে গেল। বাবাকে সে সেদিনের কথা কিচ্ছু বলেনি। যদি আজ বাড়িওয়ালার কথায় সেদিনের পরিস্থিতি আঁচ করে ফেলে তাহলে তো বিপদ। বাবা হয়তো এটা মানতে পারবে না। তড়িৎ গতিতে তাই উঠে দাঁড়াল সে। প্রায় কিছুটা ছুটে গেলো দরজার দিকে। একবার রান্নাঘরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করল বাবা কী করছে। যখন দেখল তার বাবা রান্নাতেই ব্যস্ত, দরজার শব্দ শুনেনি তখন সে স্বস্তির শ্বাস ফেলল। এই ভয় নিয়ে বেঁচে থাকা যায় আদৌও!
করবী নিজেকে ধাতস্থ করল। ধীর হাতে খুলল দরজা খানা। মাথায় তার ঘোমটা টানা। তার পেছনেই বাণী উড়ে বেড়াচ্ছে। দরজা খুলতেই এলাকার ছোটো একটা টিনটিনে পিচ্চিকে দাঁড়িয়ে থাকতে দেখল। ছেলেটা করবীকে দরজার সামনে দেখতেই সাথে সাথে বলল,
“নিচে হীরণ ভাই দাঁড়ায় আছে, ভাবী। আপনারে যাইবার কইছে। আপনাগো বাড়ির নিচেই হেয় আছে।”
ছেলেটা কথাটা উগড়ে দিয়েই ছুটে চলে গেলো। যেন রাজ্যের কাজ ফেলে এসেছে সে। হীরণের কথা শুনতেই করবীর মুখ-চোখ অন্ধকার হয়ে এলো। আবারও উঁকি দিয়ে রান্নাঘরে তাকাল। দেখল এবারও বাবা রান্নায় নিমগ্ন। শুনতে পায়নি কিছু। আসলে রান্নাঘরটা মেইন দরজা থেকে একটু ভেতরের দিকে বলে দরজা অব্দি দেখা যায় না রান্নাঘর থেকে। তাই বাবা বুঝেনি হয়তো। করবী আলগা হাতে দরজাটা টেনে দিল। কিছুটা স্বাভাবিক হয়েই চলে গেলো নিচে। ধীরে ধীরে স্যাঁতস্যাঁতে সিঁড়ি বেয়ে নিচে নামতেই তাদের বাড়ির আধখোলা গেইটার সামনে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল হীরণ নামের ছেলেটিকে। বরাবরের মতনই ছেলেটি সিগারেট ফুঁকছে। হাতে রুমাল প্যাচানো। শার্টের বোতাম খোলা। ভেতরের কালো রঙের গেঞ্জিটি দেখা যাচ্ছে। কাটা ডান ভ্রু টা কুঁচকানো। কিছু ভাবছে হয়তো। করবী মাথা উঁচু করল, মুখের আদল আগের তুলনায় বেশ খানিকটা শক্ত করে জিজ্ঞেস করল,
“কী ব্যাপার! ডেকেছেন কেন?”
করবীকে দেখেও ছেলেটা সিগারেট ফেলল না। আগের ন্যায় ফুঁকতে লাগল। কেবল পরিবর্তন হলো তার ধোঁয়া ছাড়ার স্থান। এতক্ষণ সোজা ধোঁয়া ছাড়লেও এখন মুখটা কিছুটা ডানদিকে ফিরিয়ে ধোঁয়া উড়াচ্ছে৷ যেন করবীর মুখে না লাগে। প্রশ্ন করে চুপ রইল করবী উত্তরের আশায়। হীরণ মনমতন সিগারেট ফুঁকে অবশেষে সিগারেটটা ছুঁড়ে মারল রাস্তায়৷ সেটা পা দিয়ে পিষতে পিষতে বলল,
“শুনলাম নতুন বাসা দেখছো?”
করবী থমকালো। এই ভয়টাই পাচ্ছিল সে। এই হীরণ অব্দি না আবার খবরটা পৌঁছে যায়। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয় নিয়ম অনুসারে এখানেও সন্ধ্যে হলো। নিজের ভয়টা নিজের ভেতরই মাটি চাপা দিয়ে করবী মৃদুমন্দ কণ্ঠে শুধাল,
“কে বলেছে?”
“তুমি কী ভাবো আমাকে খবর দেওয়ার লোকের অভাব?”
“যে খবরটা দিয়েছে, ভুল দিয়েছে। এমন কিছুই না।”
করবীর কথা শেষ হতেই ঝংকার তুলে হাসল লোকটা। বাইকের গ্লাসে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল,
“ভুল দিলে তোমার মঙ্গল কিন্তু ঠিক দিলে তোমার জন্য ভয়ঙ্কর হবে। আমার চোখের সামনে থেকে দূরে যাওয়ার চেষ্টাও করো না। ফল ভালো হবে না, রুবী।”
লোকটির শীতল কণ্ঠের হুমকির বিপরীতে করবী জবাব দিল না। তবে বাণী করবীর মাথার উপর উড়তে উড়তে বার কয়েক বলল,
“অসভ্য হীরণ, অসভ্য হীরণ।”
বাণীর কথায় হীরণ মুখ কুঁচকালো। কিছুটা ধমকে বলল,
“রুবী, তোমার এই টিয়ারে কিন্তু আমি একদিন মায়ের ভোগে পাঠিয়ে দিব। এটার মুখ এত চলে!”
করবী বাণীকে ইশারা দিল। ডাকল, চুপ করতে বলল। কিন্তু বাণী আর শুনল কই? সে নিজের মতন বলতেই লাগল।
ঠিক সেই মুহূর্তে ধুপধাপ শব্দ করে সিঁড়ি থেকে নেমে আসতে দেখা গেলো বিন্দুকে। করবীদের বিল্ডিং এর ছাঁদের এক কোণায় যে রুমটা, সেখানেই থাকে বিন্দুরা। ষোলো-সতেরো বর্ষীয়া মেয়েটি। গায়ের রঙ বেশ চাপা। পড়ণে তার কটকটে হলুদ রঙের একটি সুতির থ্রি-পিস। গলায় পুঁতির মালা। কানেও সেই পুঁতির কানের দুল। ঠোঁটে চকচকে লাল রঙের লিপস্টিক দেওয়া। নাকে মাঝারি আকারের একটা নাকফুল। আপাত দৃষ্টিতে তাকে ভীষণ সেকেলে এবং বিদঘুটে দেখতে লাগছে। কালো গায়ে এই একটা রঙও মানাচ্ছে না। ঢেউ ঢেউ চুল গুলোতে চুপচুপে করে তেল দেওয়ার কারণে গায়ের কালো রঙটা আর তেলতেলে কালো দেখাচ্ছে। তবে করবী বিশেষ কোনো অদৃশ্য কারণে মেয়েটাকে পছন্দ করে। দেখা যায় তাদের দু'জনের অবসর সময় কাটে দু'জনের সঙ্গে টুকটাক কথা বলে। দু'জনের বয়সের মোটামুটি পার্থক্য থাকলেও দুঃখ ভাগ করার সময় তারা হয়ে যায় সমবয়সী।
বিন্দু সিঁড়ি বেয়ে নেমেই ঝলমলে হাসি দিল। চিকচিক করা অক্ষি যুগল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল হীরণকে। এরপর লাজুকলতার ন্যায় লজ্জা লজ্জা নিয়ে শুধাল,
“হীরণ ভাই যে! ভালো আছো?”
হীরণ বিরক্ত নিয়ে একবার বিন্দুর দিকে তাকাল, অতঃপর তার কথা শুনতে পাইনি ভাব করেই করবীকে বলল,
“বিকেলের দিকে তোমার বাসায় বাজার পাঠাবো। শুনেছি সেদিন বাজারে গিয়েছিলে মাছ কিনতে! বাজার পাঠালে কোনো রকম নাটক করা ছাড়া সেগুলো নিবে।”
করবী এতক্ষণ বিন্দুর দিকে তাকিয়ে থাকলেও এখন বিস্ফোরিত নয়ন ফেলল হীরণের দিকে। হীরণ কী কোনো ভাবে করবীকে অক্ষম ভাবলো? করবীর ভালো খাবার কেনার সাধ্য নেই সেটা বুঝাতে চাইল?
মনে-মনে প্রশ্ন গুলো ভেবেই করবীর রাগ উঠল ভীষণ। ফর্সা মুখ লাল টুকটুকে হয়ে গেলো। চোখ-মুখে কাঠিন্যতা ছেয়ে গেল। বলল,
“আমারে কী আপনার অক্ষম মনেহয়? সারাদিন খাটাখাটুনি করে যা আয় করি তাতেই আমার হয়ে যায় যথেষ্ট। আপনাকে এত আগ বাড়িয়ে সাহায্য করতে হবে না।”
কথা শেষ করেই ধপধপ পায়ে চলে গেল করবী। পেছনে বাণীও গেলো বলতে বলতে,
“অসভ্য হীরণ, অসভ্য হীরণ।”
বিন্দু তাকিয়ে রইল ড্যাবড্যাব করে হীরণের দিকে। হীরণ করবীর যাওয়ার দিকে তাকিয়ে রাগে লাথি দিল সামনের দেয়ালটাতে। যখন দেখল বিন্দু তার দিকে হা করে তাকিয়ে আছে তখন সে আরও রেগে গেল। চেঁচালো,
“এমন হাভাইত্যার মতন তাকায় আছোছ ক্যান? খাইয়া ফেলবি আমারে? নে খা। অসভ্য মেয়ে। যা, বাসায় যা। তোর এই ক্যাটক্যাটে হলুদ রঙটা দেখে আমার মাথা ঘুরাচ্ছে। অসভ্য বিন্দু।”
বিন্দু তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। এত রাগের বিপরীতে লাজুক হেসে বলে,
“তোমারে সুন্দর লাগছে, হীরণ ভাই। মনে হচ্ছে সিনেমার নায়ক। তুমি এত সুন্দর ক্যান?”
হীরণ জবাব দিল না। বেশ গতিতে বাইকটা স্টার্ট দিয়ে শাঁ করে ছুটে চলে গেল। বিন্দু তবুও তাকিয়ে রইল। বাণী বারান্দা থেকে বার বার বলতে লাগল,
“অসভ্য হীরণ, অসভ্য বিন্দু। অসভ্য হীরণ, অসভ্য বিন্দু...... ”
#চলবে.......