#বুকপকেটের_বিরহিণী
কলমে: মম সাহা
চতুর্থ পর্ব:
৬.
সকাল সকাল তৈরী হলো করবী। এইতো, সময় মাত্র সাড়ে আটটা। ওর ঘুম ভেঙেছে ভীষণ ভোরে। সারারাত ঠিক মতন ঘুম হয়নি। এ আর নতুন কী? প্রায় সময়ই তার ঘুম হয় না। এমন নয় যে ঘুম আসেনা। ঘুম আসে ঠিকই কিন্তু চোখ বন্ধ করলেই যেন চোখের পাতায় নৃত্য করে অভাব, অনটন আর দুশ্চিন্তা। তারপর ঘুম যে কোথায় ছুটে পালায় আর আসেনা। তাছাড়া খুব ছোটোবেলা থেকেই করবীর ঘুম নিয়ে সমস্যা। ওর মা যখন হারিয়ে গেলো, তখন ওর বয়স চার। আধো কণ্ঠে ভীষণ পাকা পাকা কথা বলতো। দুষ্টুমি করতো বাড়ি-উঠোন জুড়ে। মা-বাবার একমাত্র আহ্লাদের সম্পদ ছিল কি-না সে! এরপর একদিন তার রূপকথার মতন জীবনে আছড়ে পড়লো ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। মা হারিয়ে গেলেন হুট করে। তারপর থেকে সমাজ তাকে কেমন বাঁকা নজরে দেখা আরম্ভ করল। যেখানেই পেতো, সেখানেই ছোটো করবীকে সকলে উৎসুকতা নিয়ে প্রশ্নে জর্জরিত করত— কিরে, তোর মা হুট করে কোথায় গেল? কারো সাথে পালিয়ে গিয়েছে নাকি? শুনলাম তোর বাবা বলছেন, তোর মা মারা গেছেন? তোর মা'কে যেদিন পাওয়া গেল না সেদিন রাতেই নাকি শহরের এক জায়গায় একটা মহিলার মাথাহীন লা শ পাওয়া গেলো সেই লা শটা নাকি তোর মায়ের ছিল? আরও কত কী.......
ছোটো করবী ফ্যালফ্যাল নয়নে প্রশ্ন গুলো শুনতো। উত্তর জানতো না বিধায় কেবল শুনেই যেত। তারপর উত্তরের আশায় বাবার কাছে আসতো, জানতে চাইতো তার চাঁদের মতন সুন্দর মা কোথায় গেল? কেমন করে মিলিয়ে গেলো এই কালের গহ্বরে? বাবা চুপ থাকতেন। কখনো কখনো আগলে নিতেন মেয়েকে বুকের মধ্যিখানে। তারপর ঐরকম একটা অসুস্থ পরিবেশে থাকতে থাকতে করবী অসুস্থ হয়ে গেলো একবার। অন্ধকার রুমে একা বসে 'মা,মা' করতো। কারো সামনে আসতো না, কান্না করতো। রোগ যখন ভয়াবহ হলো, ডাক্তার বললেন এই পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে। পরিবেশ বদলালেই, ভাবনা বদলালেই ছোটো মেয়েটা সুস্থ হয়ে যাবে। তারপর আর কী? ছেড়ে এলো সোনার শৈশবের অর্ধাংশ সুখে কাটানো বাড়ি, ছেড়ে এলো প্রিয় জায়গা, ছেড়ে এলো বন্ধু-বান্ধব। এরপর তার বাবা আর কখনো কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেননি। সেই যে আলাদা হলো, এরপর তারা চিরজীবন বাবা-মেয়ের পরম আত্মীয় হয়ে কেবল দু'জনই অবশিষ্ট রইল দু'জনের জন্য।
ভোরে উঠেই আজ রান্নার কাজটা সে সেড়ে ফেলেছিল। বাবা আজ নাহয় একটু বিশ্রাম নিলেন। রান্না শেষ করেই তৈরী হয়ে নিল সে। আজ সাড়ে নয়টায় ভার্সিটিতে একটা ক্লাস আছে। তারপর আবার দেড়টায় একটা। ভার্সিটি শুরু হয়েছে বেশ খানিকটা দিন তো হলো। ক্লাসে না গেলে পড়াশোনাটা ঠিক আয়ত্তে আনা যাবে না। তাই সকাল সকালই তৈরী হয়ে নিল। করবী প্রায় রেডি হয়েছে তন্মধ্যেই তাদের দরজায় টোকা পড়ল। একবার, দু'বার নয়, বেশ কয়েকবার। পাছে বাবার ঘুম ভেঙে না যায় সে ভয়ে করবী দ্রুত ছুটে গেলো দরজা খোলার জন্য। দরজাটা খুলতেই চার বর্ষীয়া, টিনটিনে শরীরের মেয়ে- হুতুমকে চোখে পড়ল। ময়লাটে একটা ফ্রক পড়নে, শ্যামলা আদলের মেয়েটি তার বড়ো বড়ো আশ্চর্য সুন্দর রকমের চোখ দু'টি মেলে হাসল। সরু ঠোঁট দু'টো কেমন নাটকীয়তার সাথে নাড়িয়ে বলল,
“এই যে বাণীর মা, তোমারে বিন্দুবালা যাইতে কইছে। তোমার লগে নাকি হের কথা আছে।”
হুতুমকে দেখেই গাল ভোরে হাসল করবী। এই হুতুমকে তার বেশ পছন্দ। হুতুম বিন্দুর বোন। বিন্দুর চেহারা অবয়বের সাথে হুতুমের পুরো মিল। তারা যে দু'জন দু'জনের আত্মীয় তা চেহারা দেখেই স্পষ্ট বুঝা যায়। কিন্তু দু'জনের মাঝে কিছু পার্থক্য রয়েছে। বিন্দুর চোখের মনি কালো মিচমিচে হলেও হুতুমের চোখের রঙ গাঢ় বাদামী। বিদেশীদের যেমন হয় না? তেমন। এবং চুল গুলো কোমড় অব্দি তাও মাঝামাঝি রকমের সোনালী। কী যে সুন্দর লাগে বাচ্চাটাকে! মনেহয় জলজ্যান্ত পুতুল। গরীবের ঘরের মিষ্টি পুতুল। করবীর মাঝে মাঝেই মনেহয়, হুতুম যদি কোনো বড়োলোকের ঘরের মেয়ে হতো তাহলে হয়তো হুতুমের গায়ের রঙটা সঠিক যত্নে দারুণ ঝলমলে হয়ে যেত। কিন্তু ভাগ্যের ফের! এত সুন্দর পরীটা জন্মালো একদম হতদরিদ্রের ঘরে। যাদের দিন আনে দিন খায় অবস্থা। শখ করে বাচ্চা যত্ন করার সময় কই তাদের? সেজন্য গায়ের রঙটা কিছুটা মলিন হয়ে গিয়েছে বাচ্চাটার।
“তুমি কী যাইবা? নাকি বিন্দুবালারে বলমু তুমি দরজা খুইল্যা দাঁড়াইয়া ভাইব্যা ভাইব্যাই দিন কাটাই ফেলতাছো?”
হুতুমের আধো কণ্ঠের মিষ্টি কথায় হেসে ফেলল করবী। মেয়েটার গাল টেনে বলল,
“তুমি যাও, হুতুম। আমি আসছি।”
হুতুমকে যেতে বলা হলেও সে গেলো না। বিজ্ঞদের মতন দু'হাত আড়াআড়ি ভাবে বুকের মাঝে গুঁজে বলল,
“না, তোমার যা কাজ আছে তা এহনি সমাধান কইরা আহো। বিন্দু কইছে তোমারে সঙ্গে লইয়্যাই যাইতে।”
করবী কপাল চাপড়ালো। বাচ্চাটা এত পাকা! অবশেষে সে এক ছুটে ঘরে গিয়ে একটা ছোটো জামা নিয়ে এলো। জামাটা এনেই হুতুমের হাতে দিয়ে বলল,
“ধরো, তোমার জন্য এটা বানিয়েছি আমি নিজের হাতে। আজকে সুন্দর করে গোসল করে এ জামাটা পরবে কেমন? তারপর সন্ধ্যাবেলা আমি এলে, আমরা ঘুরতে যাব। কী বলো?”
আকস্মিক জামাটা পেয়ে হুতুম যেন আকাশের চাঁদ পেয়ে যাওয়ার মতন খুশি হয়ে গেলো। উল্লাসিত মনে এক ছুটে চলে গেলো সিঁড়ি ডিঙিয়ে ছাঁদে। করবী দরজাটা বাহির থেকে আটকিয়ে পেছন-পেছনই গেল।
বিন্দু তখন রান্না-বান্নায় ব্যস্ত। আজ তাদের মা বাসায় নেই। যে বাড়িতে ভদ্র মহিলা কাজ করেন, সে বাড়ির বউয়ের বাচ্চা হবে তাই মাঝে মাঝেই সেই বাড়িতে থেকে যেত হয় উনাকে। এবং ঘরে বিন্দুর প্যারালাইজড বয়স্ক বাবা আছেন। যিনি দিন-রাত একটানা শুয়ে থাকেন। যেদিন ওদের মা'কে সেই বাড়িতে থেকে যেতে হয় সেদিন এই প্যারালাইজড বাবাকে খাওয়ানোর দায়িত্ব পরে ছোট্টো হুতুমের হাতে। করবীর মাঝে মাঝে অবাক লাগে। এই ছোটো মেয়ে, যার নিজে হাতেই খাওয়ার কথা না সে কি-না এই মানুষটাকে খাইয়ে দেয়! পৃথিবীতে কত দার্শনিক ঘটনাই ঘটে। কেবল লোক সমাজে রটে না বলে এই বিস্ময়কর ঘটনা গুলো সকলের অজানাই থাকে।
করবীকে দেখেই বিন্দু রান্না রেখে উঠে আসল। হাসল,
“আপা, তোমারে একটা দরকারে ডাকছি।”
“কী দরকার? বল না?”
বিন্দু ছুটে ঘরে গেল। ঘর থেকে কিছু একটা নিয়ে আবার বাহিরে ছুটে এলো হন্তদন্ত পায়ে। করবীর দিকে তার ডান হাতে থাকা কিছু টাকার নোট এগিয়ে দিয়ে বলল,
“এইহানে সাড়ে তিন হাজার টেকা আছে, আপা। তোমার তো টেকার সমস্যা কয়ডা দিন ধইরা, তুমি রাহো টেহাডি। কাইল বেতন দিছিল। তোমার লাইগ্যা এই টেহাডি আলাদা কইরাই রাখছিলাম।”
করবী টাকা গুলো নিল না। বরং হাত সরিয়ে নিয়ে বলল,
“এই না না বিন্দু, তোদেরই কত সমস্যা তার মাঝে আমাকে টাকা দিচ্ছিস কেন?”
“আরে রাহো তো,আপা। আমার লগে তোমার কী হেই সম্পর্ক যে টেহা নিতে পারবা না? তোমার বিপদে যদি সাহায্যই করতে না পারি তাইলে এই টেহা রোজগার কইরা কী লাভ!”
“না, তোর কষ্টের টাকা, বিন্দু। আমি কোনো একটা ব্যবস্থা করে নিবো।”
বিন্দু এবার টাকা গুলো জোর করেই করবীর হাতে গুঁজে দিল,
“হুনো, টেহা কেউই এমনে এমনে পায় না, সবার কামানোই লাগে। সবারই শ্রম দিতে হয়। এই যে তুমি কামাও, হেইড্যা কী মাগনা-মাগনা কামাও? না। কষ্ট কইরাই কামাও। খালি তোমার কষ্ট আর আমার কষ্ট একটু আলাদা। আমি করি অসম্মানের চাকরি। গার্মেন্টসের কাম। আর তুমি করো সম্মানের কাম, মেডাম।”
করবী বিন্দুকে তৎক্ষণাৎ বুকে জড়িয়ে ধরল। কম্পনরত কণ্ঠে বলল,
“আমি এই ঋণ ভুলবো না, বিন্দু। ভুলবো না।”
৭.
ভার্সিটির ক্লাস শেষ হতেই করবী হন্তদন্ত পায়ে বের হলো। আজকে সে খামে করে এক হাজার টাকা নিয়ে এসেছে তিমির নামক লোকটাকে শোধ করে দিবে বলে। সেই টাকাটা দেওয়ার জন্যই এত হন্তদন্ত হয়ে বের হওয়া।
পুরো ভার্সিটি ঘুরেও আজ তিমিরের খোঁজ পেল না করবী। মাথার উপর সূর্য তখন তার সমগ্র তেজ দু-হাতে দান করতে ব্যস্ত। করবীর অতি সুন্দর মুখমণ্ডল গরমে লাল হয়ে গেলো। ঘামে ভিজে একাকার হলো সুতির জামাটাও। সে হাতের চিকন ঘড়িটার দিকে তাকিয়ে দেখল সময় প্রায় বারোটার বেশি। তাই আর সাত-পাঁচ না ভেবে ক্যাম্পাস ছাড়ল। ভেবে নিল পরবর্তীতে দেখা হলে টাকাটা ফেরত দিবে। ক্যাম্পাস ছেড়েই কলেজের পার্শ্ববর্তী গলি ধরে হাঁটা আরম্ভ করল। এখান দিয়ে গেলে একটু সময় সাশ্রয় হয়। আর সময় বাঁচলে তারও লাভ। দ্রুত পড়িয়ে বাসায় যেতে পারে। নাহয় খিদে নিয়ে এত বেলা অব্দি চলাফেরা করা সম্ভব হয়ে উঠে না।
ব্যস্ত রাস্তায় করবীর শান্ত বিচরণ হুট করেই অশান্ত হয়ে গেলো। অতিরিক্ত সূর্যের তেজ আর খিদে সহ্য করতে না পেরে তার মাথা ঘুরে উঠল। এবং জ্ঞানশূন্য হয়ে লুটিয়ে পড়ল পথের ধারে। ব্যস্ত রাস্তা ব্যস্তই রইল, উৎসুক জনতাদের ভীড় বাড়ল। কিছু কিছু মানুষ কেবল ড্যাবড্যাব করে তাকিয়ে দেখলো এক ভয়ঙ্কর সুন্দর রূপসীকে। এত সুন্দরও মেয়ে হয় আদৌও? মনে হচ্ছে পথের ধারে লুটিয়ে আছে কোনো অপ্সরা। রঙ উঠে মেটে নীল হওয়া সুতির জামাটাতেও এই মেয়েকে লাগছে স্বর্গের নন্দনকাননের সবচেয়ে সুন্দর ফুলটি।
কলেজের আইডি কার্ডটি শনাক্তকরণ করে কয়েকজন কলেজে খোঁজ পাঠালো। এত পথচারীর মেলা জমলো তবে কেউ মেয়েটাকে ছুঁয়ে অব্দি দেখল না আদৌ বেঁচে আছে না ম রে গিয়েছে অথচ চোখ দিয়ে গিলে খেলো কত শকুন!
৮.
আজ কারখানা বন্ধ থাকায় বিন্দু দুপুরের দিকে বাজার করতে বেরিয়ে ছিল। তার সাথে বের হওয়ার বায়না ধরলো হুতুমও। হুতুমের সঙ্গে বের হলো বাণীও। বাণীর আবার ঘুরার শখ। ঘুরবে, উড়বে আর বকবক করবে।
বিন্দুর বাজার শেষ হতেই হুতুম বায়না ধরল,
“বিন্দুবালা, আমারে আইসক্রিম কিইন্যা দে।”
বিন্দু তার চটচটে ঘামে ভেজা ওড়নাটা দিয়ে মুখ মুছল। বিরক্তি নিয়ে বলল,
“তোর খালি খাম খাম স্বভাব ক্যান, হুতুম?”
হুতুম মুখ কালো করলো,“তুই খোডা দিবি না একদম। আমি কইলাম বিন্দু'র মা-রে কমু।”
“গিয়া ক আমার মা'রে। আমি ডরাই না-কি?”
“ডরাছ না তুই? বিন্দুর মা যহন তোরে ধুমধাম কিল দেয় তহন কান্দছ ক্যান?”
হুতুমের উচিত জবাবটা ঠিক পছন্দ হলো না বিন্দুর। সত্যি কথা বলার অপরাধে হুতুমের পিঠে ধুম করে কিল পড়ে গেল একটা। তারপর বেশ জোরে গাল টেনে বলল,
“আয় খাওয়াচ্ছি তোর মরার আইসক্রিম।”
হুতুম মহা আনন্দে নেচে উঠলো। কিন্তু বাণীর বোধহয় পছন্দ হলো না বিন্দুর আচরণ। তাই কয়েকবার আওড়ালো,
“অসভ্য বিন্দু। অসভ্য বিন্দু।”
আইসক্রিম কিনে দোকান থেকে বের হতেই পাশের টং দোকানে হীরণকে দেখল বিন্দুরা। বরাবরের মতনই মনের আনন্দে সিগারেট ফুঁকছে সে। হীরণকে দেখেই মুখটা ঘষেমেজে নিল বিন্দু। হাতে থাকা ব্যাগটা থেকে গাঢ় গোলাপী একটা লিপস্টিক বের করেই ঠোঁটে লেপে নিল সে। আয়না ছাড়া লিপস্টিক দেওয়ার ফলে কিছু লিপস্টিক ছড়িয়ে গেলো ঠোঁটের বাহিরেও। তারপর হেলতে দুলতে সে উপস্থিত হলো টং দোকানে,
“আরে হীরণ ভাই, তুমি এইহানে যে!”
বিন্দুর কণ্ঠটি যেন নিমতেতো ঠেকলো হীরণের কাছে। সে বিন্দুর দিকে এক পলকও তাকালো না। তবে সিগারেট ফেলে দিল হুতুমকে দেখেই। তারপর দু'হাতে হুতুমকে টেনে নিয়ে বলল,
“কিরে হুতুম পেঁচা, তুই এই রোদে রাস্তায় বের হইছোছ ক্যান? পরে তো কাইল্যা হইয়া যাবি বিন্দুর মতন।”
হীরণের কথায় খিলখিল করে হাসল হুতুম। বিন্দুও বোকা বোকা হাসল। সরল কণ্ঠে বলল,
“কালা হইছি তো কী হইছে? আম্মা কয় আমার চেহারায় নাকি বড়ো মায়া।”
“মায়া না ছাঁই।”
মুখ ঝামটি দিয়ে বলল হীরণ। এবারও হীরণের কথা পছন্দ হলো না বাণীর। তাই সে আবার বলল,
“বে য়া দ ব হীরণ, বে য়া দ ব। ভালো বিন্দু, সুন্দর বিন্দু।”
#চলবে........