ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 5

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
নৈকট্যতার পঞ্চম পর্ব:

কলমে: মম সাহা

৯.

হসপিটালের করিডোরে অস্তায়মান সূর্যের কিঞ্চিৎ কিরণের আভা বুঝিয়ে দিল একটি ব্যস্ত দিনের সমাপ্তি হচ্ছে। করবীর মাথা ঝিমঝিম করছে। ডাক্তার বললেন, প্রেশারটা কমেছে অনেক। তাই হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল! তবে কে আনল তাকে এইখানে? অন্তঃস্থলে প্রশ্ন উদিত হতেই তার সামনে ঝলমলে হাসি নিয়ে উপস্থিত হলো পার্থিব। এসেই চঞ্চল কণ্ঠে শুধাল,
“ভালো আছো এখন, করবী?”

করবী মাথা নাড়াল। সে যেই বেডে শুয়ে আছে তার আশেপাশে আরও এমন বেড পনেরো-বিশটা। সেই কারণেই রোগী এবং তাদের আত্মীয় স্বজরের হৈচৈ-এর কারণে মাথাটা আরেকটু ভার হলো তার। তবুও কিছুটা অস্ফুট স্বরে উত্তর দিল,
“ভালো আছি। আপনি এখানে?”

“তুমি জ্ঞান হারানোর পরেই তো ক্যাম্পাসে খবর গেল। তারপর আমরা কয়েকজন এসে তোমাকে রাস্তায় জ্ঞানশূন্য পেলাম। বাসা থেকে খেয়ে আসোনি, করবী? এমন বোকামো কেউ করে? একটা বিপদ হয়ে যেতে পারতো।”

করবী কথা ঘুরানোর জন্য চাপা হাসল। বলল, “খাবো না কেন? খেয়েছিলাম তো।”

“সে তুমি কতটুকু খেয়েছ তা তোমার রিপোর্টই বলে দিয়েছে।”

এবারের জবাবটা এলো অন্যকারো কণ্ঠ থেকে। করবী মাথা হেলিয়ে পার্থিবের পেছনে তাকাতেই দেখল তিমির দাঁড়িয়ে আছে। তার একটি হাতে ডকুমেন্ট একটা। হয়তো রিপোর্ট গুলো। আরেক হাতে বিশাল দানবীয় আকারের একটি পলিথিন ব্যাগ। যেটা দেখেই বুঝা যাচ্ছে এর ভেতরে রঙবেরঙের ফল দিয়ে ভোরা।

করবী আমতা-আমতা করল, “আসলে তাড়াতাড়ি বের হতে গিয়ে খেতে মনে ছিল না।”

“তোমার যে পাকস্থলীতে আলসার আছে, সেটা মনে আছে তো?”

করবী এবার আরও হতভম্ব হলো। তার যে পাকস্থলীতে ছোটো আলসার দেখা দিয়েছিল সে-কথা তো ও কাউকে, কখনো জানায়নি। তবে ভদ্রলোক জানলো কীভাবে?
করবীর দ্বিধাদ্বন্দে আচ্ছাদিত মুখমন্ডল দেখে তিমির বোধহয় কিছুটা আঁচ করতে পারল। তাই সেই সংশয় পরিষ্কার করতেই সে কিছুটা ব্যাখ্যার্থে বলল,
“আমি জানতাম না, ডাক্তার জানালেন। এখানে আসার পর তোমার বেশ কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেই সুবাধেই জানা। তা, যার আলসার আছে সে কীভাবে খালি পেটে থাকে আমাকে একটু বুঝাও? এটা কতটা ঝুঁকিপূর্ণ জানোনা?”

শেষের প্রশ্নটুকু বেশ কৈফিয়তের ভঙ্গিতেই ছুঁড়ল তিমির। করবী মাথা নত করল। আশপাশ হাতড়ে অজুহাত খুঁজতে গিয়েই ফিরে এলো অজুহাত বিহীন। এমন অস্বস্তিকর পরিবেশকে শীতল করতেই পার্থিব বলল,
“থাক তিমির, হয়তো ওর তাড়াহুড়ো ছিল তাই খায়নি। বাদ দে।”

তিমির বাদ দিল অবশেষে। ঠিক তন্মধ্যেই করবীর ছোটো ভাঙাচোরা ফোনটা বেজে উঠল। করবী এদিক ওদিক ঘুরল ফোনের খোঁজে কিন্তু পেল না। অথচ রিংটোনের শব্দটা বেশ কাছ থেকেই আসছে বুঝা যাচ্ছে। ঠিক তখনই তিমির নিজের পকেট থেকে করবীর ফোনটা বের করে এগিয়ে দিল। করবী কৃতজ্ঞতার হাসি দিয়েই ফোনটা রিসিভ করল। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে ঝাঁঝালো একটা কণ্ঠস্বর শোনা গেল,
“এই তুমি কী আর পড়াইবার পারবা না? না পড়াইবার পারলে কইয়া দিবার পারো না? কোনো দায়িত্বজ্ঞান নাই তোমার। কয়টা বাজে দেখছো? কখন আসবা কও দেখি?”

করবী কিঞ্চিৎ লজ্জা পেল তার ছাত্র'র মায়ের কথায়। তাছাড়া তার ফোনটা নষ্ট হওয়ার কারণে অপর পাশের শব্দটা ভীষণ বেশি শোনা যায়। হয়তো পার্থিব এবং তিমিরও সেটা শুনেছে। করবী লাজুক স্বরে বলল,
“আন্টি আর চল্লিশ মিনিটের মাঝে আসছি।”

“কোথাও যেতে পারবে না বলে দাও।”
তিমিরের রুক্ষ, কঠিন স্বরে করবী চোখ উল্টে তাকাল। মিনমিন করে বলল,
“যেতেই হবে।”

“কোথাও যেতে হবে না। তুমি বলো যে এখন পারবে না। ফাস্ট।”

করবী আমতা-আমতা করল। এই মহিলা ভয়ঙ্কর। তাকে এখন এই কথা বললেই উনার কথার ট্রেন বুলেটের গতিতে ছুটবে। এদিকে তিমিরও তাকিয়ে আছে শক্ত চোখে। করবী কিছুক্ষণ দোনোমনা করে অবশেষে ভদ্রমহিলাকে বলল,
“আজকে না আসলে সমস্যা হবে, আন্টি?”

মহিলা রেগে গেলেন বোধহয়। ফুল্কির বেগে বললেন,
“আজকে না, আর কোনোদিনও আসবার প্রয়োজন নাই।”
কথাটা বলেই সংযোগ বিচ্ছিন্ন করলেন ভদ্রমহিলা। অসহায় চোখে তাকাল করবী। টিউশনিটা আজ গেলো বুঝি। কীভাবে যে সংসার চলবে! তপ্ত এক শ্বাস ফেলল সে। ভীষণ ক্লান্ত লাগছে। এখন আর এত চিন্তা নিতে পারছে না সে। আর কত?

তিমির গম্ভীর কণ্ঠে বলল, “শিক্ষকতার পেশা সম্মানের। যেখানে সম্মানই নেই, সেখানে এই পেশার মর্ম কী রইল?”

করবী হতাশ চোখে দৃষ্টি নিবদ্ধ করল সাদা ঝকঝকে ফ্লোরে। উদাস ভঙ্গিতে উত্তর দিল,
“পেটে খিদে থাকলে, সম্মানের পাঠ কেবল নথিবদ্ধ বিদ্যা মনেহয়। সম্মান দিয়ে আর যাই হোক সংসার চলে না।”

করবীর মলিন কথায় নিবিড় হয়ে গেলো পরিবেশ। কেউ আর টু শব্দটুকুও করল না। ডাক্তার এলেন আবার। করবীকে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করলেন। কিছুদিন বিশ্রামের পরামর্শ এবং কিছু ওষুধপত্র লিখেই ছুটি দিয়ে দিলেন।
হসপিটাল থেকে বেশ সাবধানের সাথেই বের করল তিমির। ভীষণ যত্নে। এতটা যত্ন বহুদিন তাকে কেউ করেনি। প্রাপ্তবয়স্ক করবী কিছুটা বয়স ভুলে নির্লজ্জ হলো যেন! আড়চোখে প্রায় চার-পাঁচবারই তিমিরকে দেখল। শেষবার তো চোখে চোখও পড়ল। এবার সে একটু লজ্জা পেল। ইশ্, লোকটা কিছু ভেবে না বসে!

হসপিটাল থেকে বেরিয়েই করবী বিনীত স্বরে কৃতজ্ঞতা জানাল ওদের। বলল,
“রিকশা করে দিলেই চলে যেতে পারব। আপনাদের আজ বেশ ভোগান্তিতে ফেললাম।”

“পা গ ল নাকি? তোমাকে এ অবস্থায় আমরা একা ছাড়বো নাকি? বাসা অব্দি পৌঁছে দিয়েই তবে আমরা যাব।”

করবী এবার আতঙ্কিত হলো। বাবা অব্দি অসুস্থতার খবর পৌঁছানো যাবে না। এতে বাবা চিন্তায় অসুস্থ হয়ে পরবে। তাই সে অমত করল। বলা যায় সাহায্য করার প্রস্তাব প্রত্যাখ্যান করল সংশয় নিয়ে,
“না না, পারব আমি।”

“পারলে, যাবে। সমস্যা নেই। এখন কিছু খেতে হবে। আমরা দুপুর থেকে না খাওয়া। তুমিও তো খাওনি, তাই না?”

তিমির খাওয়ার প্রসঙ্গ উঠাতেই করবীর পেটে খিদেরা হামাগুড়ি দিয়ে যেন পড়ল। তারও যে ভীষণ খিদে পেয়েছে!

পার্থিব বলল, “হ্যাঁ ভাই, ভালো কথা মনে করেছিস। আমারও ভীষণ খিদে পেয়েছে।”

“তাহলে চল, সামনের হোটেলে গিয়ে কিছু খাওয়া যাক।”

খিদে পেলেও করবী স্বীকার করল না। বরং ছলচাতুরীর ছক সাজাল কীভাবে ঋণের ভার আর বাড়ানো না যায় সেটার। কিন্তু ধোপে টিকল না সেই ছক। পৌঁছাতে দিল না তিমির। তিনজন মিলে গেল খাবার খেতে।

বেশ অনেকটা দিন পর করবীর খাবার প্লেটে সুস্বাদু মাংস উঠলো। কতদিন পর ঠিক মনেও করতে পারল না মেয়েটা। চুঁইঝালের খাসির মাংস করবীর অনেক প্রিয় খাবার কিন্তু অনেক মাস কিংবা বলা যায় বছর, এই খাবারটি খাওয়ার সামর্থ্য হয়নি তার। বাবারও তো ভীষণ প্রিয় এই মাংসটা। যাওয়ার সময় নাহয় নিয়ে যাবে বাবার জন্য একটু। অনেক হয়েছে হিসেব-নিকেশ, বাবাটা তো তার শখ পূরণ করার অনেক চেষ্টা করেছে তবে সে কেন বাবার এই ক্ষুদ্র পছন্দ অপরিপূর্ণ রাখবে?

করবী বেশ প্রশান্তি নিয়েই খেলো। খাবারের মাঝে একজনের খাবার প্যাকেট করেও দিতে বলল। পার্থিব তখন মুচকি হেসে জিজ্ঞেস করেছিল,
“ছোটো ভাই-বোনের জন্য নাকি?”

করবী মাথা নাড়াল, খেতে খেতে উত্তর দিল, “বাবার জন্য।”

করবীর উত্তরে তিমির একবার কেবল চোখ উঠিয়ে তাকিয়ে ছিল। তারপর আবার নিজ খাওয়ায় মননিবেশ করেছিল৷ খাওয়া দাওয়া শেষ হতেই বাড়ির পথ ধরল ওরা। পার্থিবের কল আসায় করবীর দায়িত্ব পুরোটাই তিমিরের কাঁধে দিয়ে সে ব্যতিব্যস্ত ভাবে গন্তব্যের দিকে রওনা দিল। কিন্তু করবীর দ্বিধাদ্বন্দ মন। এখন রাত আটটা। এই সময় যদি ও এলাকায় তিমিরের সঙ্গে যায় তবে কেউ কিছু আবার বলবে না তো! ওদের এলাকার মানুষ আবার এ-ওর পিছে লাগতে পছন্দ করে ভীষণ। করবী এত সুন্দরী অথচ বিয়ে করছে না বলেও তো প্রায় প্রায় কত কানাঘুষা করে ওরা। করবীর সংশয় ভোরা মনের খবর বোধহয় কিছুটা আঁচ করতে পারল তিমির। শুধালে,
“কোনো সমস্যা?”

করবী ধীরেসুস্থে জবাব দিল, “আসলে এত রাতে যদি কারো সাথে দেখা হয়, আর আপনাকে আমার সঙ্গে যদি কেউ দেখে তাহলে হয়তো খারাপ কথা উঠবে।”

করবীর দ্বিধা যুক্ত কথায় এই প্রথম তিমির হাসলো। লম্বা-চওড়া মানুষটা বাচ্চাদের মতন খিলখিল করে হাসল। ভীষণ প্রাণ খোলা সেই হাসি। করবী তাজ্জব বনে গেল। কী সুন্দর হাসি লোকটার! চুপচাপ তিমির এবং হাস্যোজ্বল তিমির, দু'জন যেন দু'টি ভিন্ন মানুষ। একজনের সাথে আরেকজনের যেন কোনো যোগসূত্র নেই। করবী হতভম্ব হয়ে শুধাল,
“কী হলো?”

তিমির হাসি থামাল। তবুও ঠোঁট জুড়ে লেপ্টে আছে সেই হাসির রেশ। বলল,
“সিএনজি দিয়ে গেলে তো আর সমস্যা নেই তাই না? তোমার এলাকার মানুষও দেখল না, আর সমস্যাও হলো না।”

করবী তাও বার কয়েক না করল কিন্তু তিমির এক কথার মানুষ। সে সিএনজি ভাড়া করল। তারপর উঠে পড়ল দু'জনেই। মাঝে বেশ খানিকটা দূরত্ব রেখেই বসল। করবীর বেশ ঘুম ঘুম পাচ্ছে। এই এক বাজে স্বভাব তার। ভাত খেলেই ঘুমে ধরে। শরীরটা এখনও আরাম ভুলতে পারেনি।

পুরো রাস্তায় চুপচাপ রইল দু'জনেই। আসার পথে ডাক্তারের দেওয়া ওষুধ গুলোও কিনে দিল তিমির। করবী মনেমনে হিসেব কষলো ঠিক কত টাকার ঋণ উঠলো ঘাড়ে। অতঃপর টাকার বিরাট অঙ্ক ফলাফলে মিলতেই হতাশ হলো। মনে মনে সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ করে বলল— গরীবরে কেন যে তুমি অসুখ দাও আল্লাহ্। অসুখ গরীবরের জন্য মৃত্যুর চেয়েও ভয়ানক যে!

সিএনজি বাড়ির কাছে আসার আগেই করবী ঘুমে বিভোর হয়ে পড়ল। ডাকল না তাকে তিমিরও। বরং আলগোছে মেয়েটার হেলে যাওয়া মাথার ভরসা হয়ে এগিয়ে দিল নিজের কাঁধটা। সোডিয়ামের আলো সিএনজির জানালা ভেদ করে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে মেয়েটার হলুদাভ ফর্সা মুখটা। যখনই সোডিয়ামের উষ্ণ আলো মুখে পড়ছে তখনই যেন মেয়েটার রূপ জ্বলজ্বল করে উঠছে। মনে হচ্ছে অর্ধ-খষিত শুকতারা। তিমির তার সকল ধরা - বাঁধা নিয়ম ভেঙে তাকাল সেই মুখের দিকে। বড়ো বড়ো চোখের পাপড়ি গুলো কী ভীষণ সুন্দর লাগছে! ছোটো মুখটি পুতুলের মতন যেন সুন্দর। সচারাচর এত সুন্দর মানুষ দেখা যায় না। তিমিরের দেখেছে বলে মনেও পড়ে না। মনে হয় একটু বিশেষ ভাবেই যেন বিধাতা এই রূপ গড়েছেন।

সিএনজি এসে বাড়ির কাছে পৌঁছাতেই তিমির তার কাঁধে থাকা করবীর মাথাটা আলগোছে সরিয়ে নিল। অতঃপর নিরাপদ দূরত্বে এসে মৃদু স্বরে ডাকল। ডাকতে গিয়ে অবশ্য খেয়াল করল মেয়েটা ঘুমের চোখেও কেমন যেন দুশ্চিন্তা করছে। কিসের একটা চিন্তায় কপাল কুঁচকে রেখেছিল। তিমির ধীরেই ডাকল। আর খুব অবাকের ব্যাপার হলো মেয়েটা এক ডাকেই ঘুম থেকে উঠে গেল। এত বিভোর ঘুম কীভাবে এত ধীর আওয়াজেও ভেঙে গেল! তিমির কিছুটা অবাকই হলো বটে।
ঘুম ভাঙতেই করবী হাসল। সুন্দর হাসি। সদ্য ভোরের ফুটে উঠা পুষ্পের ন্যায়। বেশ নরম কণ্ঠে বলল,
“সরি সরি, চোখ লেগে গিয়েছিল।”

“সমস্যা নেই। তোমার বাসা এসে পড়েছে।”

করবী বেশ চটপটে পায়েই নেমে দাঁড়াল। তিমির বসে রইল ঠাঁই। ফলের ব্যাগ, হোটেলের খাবার গুলো এগিয়ে দিল করবীর হাতে। একবার জিজ্ঞেসও করল,
“পারবে একা?”

করবী চঞ্চল স্বরে উত্তর দিল, “পারবো, পারবো।”

তিমির বুঝল, মেয়েটা চাচ্ছে না সে নামুক এখানে তাই সেও আর আগ বাড়িয়ে কিছু বলল না। ভাঙাচোরা দোতলা বাড়িটার ভেতরে যাওয়া অব্দি সিএনজিটা ঠাঁই এক জায়গায় থেমে রইল। তারপর করবী নিজের ঘরে প্রবেশ করতেই দূর থেকে সিএনজির শব্দ শুনতে পেল। লোকটা বোধহয় এতক্ষণে গেল।

করবীর হাতে এত জিনিস দেখেই তৈয়ব হোসেন চমকালেন। অবাক কণ্ঠে বললেন,
“কিরে মা, এত ফলমূল যে! এতকিছু কিনতে গেলি কেন? আমার শরীর তো যথেষ্ট সুস্থই আছে। শুধু শুধু টাকা অপচয় করলি।”

বাবার প্রশ্নে করবীর বুকের ভারী ভাব হালকা হলো। যাক, বাবা কিছু বুঝতে পারেননি। সে খাবার গুলো রান্নাঘরে রাখতে রাখতে বলল,
“বাবা, আমি আনিনি। এগুলো দিয়েছে এক স্টুডেন্টের বাসা থেকে। তুমি এক কাজ করো তো, এখানে একটার মধ্যে অনেক খানি মাংসের তরকারি আছে। আমাদের জন্য কিছু রেখে বাকিটা হুতুমদের দিয়ে আসো। ওরাও তো ভালোমন্দ তেমন খায় না। হুতুমটা মাংস পেলে খুশি হবে অনেক। বিন্দুরও তো মাংস প্রিয় ভীষণ।”

তৈয়ব হোসেন মাথা নাড়ালেন। মেয়ের এমন মহৎ মনের পরিচয়ে খুশিই হলেন। ভেতর ভেতর গর্বে বুকটা ফুলে উঠল তার। মেয়েটার যদি টাকা থাকতো, নিশ্চয় সেই টাকা দিয়ে মেয়েটা কত মানুষের উপকার করতো! কিন্তু দুর্ভাগ্য, উপরওয়ালা যাদের টাকা নেই তাদের দেন বড়ো মন। আর যাদের টাকা আছে তাদের দেন ছোটো মন।

#চলবে.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন