#বুকপকেটের_বিরহিণী
কলমে: মম সাহা
সপ্তম পর্বঃ
যামিনীর অম্বরে আঁধার তখন ঘনীভূত। তৈয়ব হোসেন বসে আছেন মেয়ের পাশে। একমাত্র সম্বল বাবাটির বুকেই করবীর অসহায়ত্বরা ঠাঁই পেল। তৈয়ব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বরাবরই তিনি গম্ভীর প্রকৃতির। মেয়ের সঙ্গে কথা বলার সময় তিনি বন্ধু হতে পারেন না। বাবা হয়েই কথা বলেন। তবে মেয়েকে সর্বোচ্চ ভাবে ভরসা দেওয়ার চেষ্টা করেন যেন মেয়ের এই বিশাল পৃথিবীতে একা না লাগে।
করবী বাবার বুকে মাথা রেখেই প্রশ্ন করল, "তুমি টাকার কথা কীভাবে জানলে, আব্বু?"
তৈয়ব হোসেন হাসলেন। যুবক কালে তিনি ছিলেন প্রচন্ড বুদ্ধিমান লোক। লোকে ভালো-মন্দের বিচার বিশ্লেষণ করতে কতবার তার কাছে আসতো! অথচ তিনি বুঝবে না তার অগোচরে তার সন্তানই কী করছে। তা কী হয়?
"জানলাম কোনো এক ভাবে। যখন বিন্দুর সাথে দুঃখ করছিলিস তুই, তখনই শুনলাম। বাবাকে একটি বার জানালি না কেন তোর যে এত গুলো টাকা হারিয়েছে?"
করবী চুপ থাকে। তার বাবা বিচক্ষণ। মেয়ে কেন টাকার কথা জানায়নি সেটা তিনি ভালো করেই বুঝতে পেরেছেন। তাই নতুন করে বাবাকে সে আর বলল না কিছু।
তৈয়ব হোসেন এবার তাড়া দিলেন,
“এখনই গিয়ে মেয়েটার টাকা গুলো দিয়ে আয়, মা। আমাদের বাপ-মেয়ের সংসার, দু'বেলা না খেলেও কিছু হবে না। আর ওদের কত গুলো পেট। আমাদের চেয়ে ওদের সমস্যা বেশি।”
করবী বাবার হাতের টাকার খামটা নিল। শুধালো, “এত টাকা তোমার কাছে কীভাবে এলো, বাবা?”
“সেই উত্তরের এখন তেমন কোনো প্রয়োজন যে নেই, মা। তুই টাকাটা দিয়ে আয়। মেয়েটা নাহয় আরও মার খাবে।”
করবীর মনে খচখচ রইল কিন্তু সে আর বসে থাকল না। খামটা নিয়েই ছুটল বিন্দুদের উদ্দেশ্যে। তৈয়ব হোসেন অন্ধকারে মেয়ের চলে যাওয়া অবয়বের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষ। তার কী সুন্দর পরীর মতন মেয়ে! এত সুন্দর সন্তানের চোখের নিচের চিন্তার দাগ গুলো তিনি বুঝবেন না তা কী করে হয়? বাবাটা ঘরে থাকে বলে বুদ্ধিও কী লোপ পেয়েছে নাকি যে মেয়ের আড়ালের কথা বুঝবেন না? দীর্ঘশ্বাসে ভারী হলো রজনীর ক্যানভাস। তৈয়ব হোসেন চোখ বন্ধ করলেন। মেয়েটা অবিকল মায়ের মতন হয়েছে। ওর মায়েরও তো এমন সুন্দর রূপ ছিল! স্ত্রীর কথা মনে পড়তেই ফতুয়ার বুকের পকেট থেকে তিনি স্ত্রীর ছবি বের করলেন। আফসোস করে বললেন,
“মিনু, তোমার মেয়েটা তোমার মতনই সুন্দর হয়েছে, জানো? তুমি থাকলে আমরা বাবা-মেয়ে একটা কূল পেতাম। সংসারটা এমন ছন্নছাড়া হতো না।”
অথচ ছবির মিনু জবাব দেন না। কিন্তু তার চোখ দু'টো যেন হাসছে। অসম্ভব সুন্দর নারীদের স্তব্ধ মুখের দিকে তাকালেও মনেহয় কত কথা যেন বলছে সে মুখ, সে চোখ!
সিঁড়ি ডিঙিয়েই ভীরু পায়ে ছাঁদের দরজায় দাঁড়াল করবী। পরিবেশ পরিস্থিতি বুঝার জন্যই এই বিরতি নেওয়া। আলোহীন রাত হলোও মানুষ অবয়ব দেখা যায় বিনাবাধায়। আর সে জন্যই চিলেকোঠার ঘরটার সামনে যে একটা ছিমছাম মেয়েলি শরীর দাঁড়িয়ে আছে তা বুঝতেও বাকি রইল না করবীর। চিলেকোঠার দরজা বন্ধ। হয়তো বিন্দুকে শান্তি দেওয়া হয়েছে সারারাত বাহিরে কাটানোর। এসব নতুন না। তাছাড়া গ্রীষ্মকালীন রাত অবলীলায় কাটিয়ে দেওয়া যায় খোলা আকাশের নিচে বসে। এতে আরাম বোধ হয়। কিন্তু শীতকালেই এই ব্যাপারটা বড়ো অমানবিক হয়ে যায়।
করবী ধীর পায়ে বিন্দুর কাছে পৌঁছালো। ক্ষীণ কণ্ঠে বলল,
“আমাদের বাসায় গেলেও পারতিস। দু'জনে এক রাত নাহয় গল্প করেই কাটাতাম।”
এই মাঝ রাতে এমন হিমশীতল মেয়েলি কণ্ঠে বিন্দুর চমকে যাওয়া কিংবা ভয় পাওয়া উচিত ছিল। অথচ এর একটাও তার মাঝে দেখা গেল না। বরং তার বিনিময়ে পাওয়া গেল বেশ ঝলমলে কণ্ঠ,
“আমি জানতাম তুমি যে এইহানে আইবা। তাই কষ্ট কইরা আর নিচে যাই নাই-কা।”
করবী বিন্দুর কথায় অবাক হলো কিঞ্চিৎ, “তুই কীভাবে জানলি আমি যে আসবো?”
এবারের প্রশ্নে একশ আশি ডিগ্রি ব্যাসার্ধে ঘাড় ঘুরালো বিন্দু। বলল,
“প্রতিবার আমি মাইর খাওয়ার পর তোমারে দেহি ছাঁদের দরজায় দাঁড়ায় থাহো কেমন অসহায়ের মতন। মাঝে মাঝে তো আমার হাসি পায়। ভাবি, মাইর আমি খাইলাম না তুমি!”
বিন্দু কথা থামিয়েই হাসলো নিঃশব্দে। তার হাসির সঙ্গী হলো করবীও। ছোটো চ ড় দিল পিঠে। মুখ ঘুরিয়ে বলল,
“রসিকতা করিস না। ব্যাথা বেশি পেয়েছিস?”
“আরে আপা, এ গুলা কোনো ব্যাপার হইলো? আমার তো এসব গায়েই লাগে না।”
বিন্দু বেশ গা ঝেরেই উত্তরটি দিল কিন্তু করবী জানে বিন্দু মিথ্যা কথা বলছে। বিন্দুর চিৎকারই বলে দিয়েছিল সে কতটা ব্যাথা পেয়েছিল তখন। তবুও, পরিস্থিতি ঘুরানোর বিরাট ক্ষমতা মেয়েটার মাঝে আছে।
করবী এবার তার হাতের খামটা এগিয়ে দিল,
“নে টাকা গুলো। খালাকে দিয়ে দিস। শুধু শুধু কত গুলো মার খেলি!”
বিন্দু এবার দু’কদম পিছে হাঁটলো। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল,
“ছিঃ ছিঃ আল্লাহ্! আপা, তুমি টেকা দিতে আইছো ক্যান?”
“টাকাটা তোদের প্রয়োজন, বিন্দু। নে টাকা গুলো। আমাদের সমস্যা সামলে নিয়েছি আমরা। নে, ধর।”
বিন্দু হাত বাড়াল না। বরং ঠাঁই দাঁড়িয়ে থেকেই বলল,
“আপা, আমার আম্মার কথায় কষ্ট পাইও না গো। আমার আম্মা অভাবের তাড়নায় এমন করে। নাহয় হেয় এত খারাপও না।”
মা'কে ভালো প্রমাণ করার কী আপ্রাণ চেষ্টা মেয়েটার চোখে-মুখে। করবী এগিয়ে এলো তাই। বিন্দুর হাতে জোর করে টাকার খামটা ধরিয়ে দিয়ে বলল,
“খালাকে আমি মোটেও খারাপ ভাবছি না। মানুষ অতিরিক্ত চিন্তায় থাকলে কখনো কখনো এমন রেগে যায়। আমি বুঝি সেসব। তুই টাকাটা নিয়ে নে। আমাদের তো দরকারের সময় দিয়েছিলিস। এখন দরকার শেষ। তুই খালাকে এই টাকা গুলো ফেরত দিস।”
“আপা, তুমি আমার আম্মারে অনেক খারাপ ভাবতাছো আমি জানি। কিন্তু আমার আম্মা এত খারাপ না। হেয় আছিলো বিশাল জমিদারের মাইয়্যা। আইজ ভাইগ্য দোষে এইহানে আনছে তারে তার ভাইগ্য। হেই মানুষটা মাঝে মাঝে ক্লান্ত হইয়া এমন করে। তুমি কষ্ট নিও না গো। তার হইয়া আমি ক্ষমা চাইতাছি।”
কথাটা বলে সত্যি সত্যিই ক্ষমা চাইল বিন্দু। তাও হাত জোর করে। করবী তাই কিছুটা রেগে গেল। ধমকে বলল,
“এসব কী করছিস, বিন্দু? চ ড় লাগাবো একটা। খালাম্মা ভালো মানুষ আমি বুঝি। তার আচরণে আমি মোটেও কষ্ট পাইনি। তুই এসব করে আমাকে ছোটো করিস না।”
করবীর ধমকে বিন্দু হাসল। হেসে জড়িয়ে ধরল মানুষটাকে। আহ্লাদী হলো কিঞ্চিৎ,
“তাইলে টেকাটা তুমি নিজের কাছে রাহো। এহন আমাগো সত্যি কইরাই এই টেকার দরকার নাই। যদি কোনো দিন লাগে তোমার কাছ থেইক্যা ফেরত নিমু। আমাগো সাহায্য নেওয়া-দেওয়া কী এত সহজে শেষ হইবো কও? তোমারে আমার কসম, টেকাটা রাহো, আপা। নাহয় আমি বুঝমু তুমি ম্যালা কষ্ট পাইছো দেইখ্যাই টেকাটা দিতাছো।”
করবীর পথ বন্ধ হয়ে গেল। অবশেষে না পেরে টাকাটা আবার নিজের কাছেই ফেরত নিল। বিন্দু মেয়েটা ভীষণ ভালো। বর্তমান পৃথিবীতে অহরহ এত ভালো মনের মানুষ দেখা যায় না। বিলুপ্ত প্রায় বলা যায়। ভালো মানুষ হলেই তো যন্ত্রণা পেতে হয়। তাই আজকাল সবাই ভালো মানুষ হওয়ার ঝুঁকি এড়িয়ে চলছে। সবারই তো সুখে থাকার অধিকার আছে। সুখে থাকতে হলে যদি খারাপ মানুষও হতে হয়, তাতেও আজকাল যে কারো আপত্তি নেই।
তারপর রাত বাড়ল। করবী যেতে চায়নি বিন্দুকে একা রেখে। বিন্দুর সাথেই থাকত চাইলো। কিন্তু নাকচ করল বিন্দু। সে করবীকে জোর করে নিচে পাঠালো। এবং বলল,
“আমি এইহানে একা থাহুমও না, আপা। আমার এই পৃথিবীতে সঙ্গী হয়তো কম কিন্তু একবারে শূন্য না।”
করবী সেটারও প্রমাণ পেলো। যখনই সে দরজা পেরুলো ঘাড় ঘুরাতেই দেখলো ছোটো ছোটো পায়ে একটা বাচ্চা এগিয়ে যাচ্ছে বিন্দুর কাছে। কেমন যত্ন করে বিন্দুর মারের জায়গা গুলো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে আলগোছে! সারাদিন ঝগড়া করা দু'টো মানুষ কেমন দু'জন দু'জনের ব্যাথা ভাগ করে নিচ্ছে এই মধ্য রাতে! করবী দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে গুলোর অনেক ভালো হোক— প্রার্থনাটুকু করেই সে নিজের বাসার দিকে পা বাড়াল।
১২.
ভার্সিটির চত্বরে পা ঝুলিয়ে বসে আছে করবী। হাত ঘড়িতে সময় দেখে নিল মাত্র এগারোটা। একটা ক্লাস করার জন্য কতদূর পথ হেঁটে আসল! অথচ একটা ক্লাস হবে জানলে সে কখনোই আসতো না। অবশ্য নোটিশ তো দিয়েছিলই কিন্তু তার স্মার্ট ফোন না থাকায় সে এটা সম্পর্কে অবগত ছিল না। তার উপর তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবও নেই যে এই ব্যাপারটা জানিয়ে দিয়ে তার এত বড়ো উপকারটা করবে।
বেলা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে খিদেটাও। চত্বরের খুব দূরে দূরে বসে আছে ছাত্র-ছাত্রীরা। একেকজন একেক কাজে মশগুল। করবী ব্যাগে হাত দিল। আসার সময় আমেনা খালা মানে বিন্দুর মা তাকে এই টিফিন বক্সটা ধরিয়ে দিয়েছিলেন এবং বলে ছিলেন,
“ধরো, তোমার পছন্দের খাবার রান্না করছিলাম। তোমার তো বাহির হওয়ার সময় হইয়া গেছে তাই টিফিন বাক্সতে কইরা দিয়া দিলাম। সময় কইরা খাইও।”
করবী অবশ্য কিছুটা অবাকও হয়েছিল মহিলার আচরণে। ভদ্র মহিলা এমনই। হুট করে রেগে যান। আবার এত মায়া দেখান মাঝে মাঝে! করবীর তো কখনো সখনো মনে হয় এটা তার নিজের মা বুঝি!
সে ধীর হাতে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করল। বেশ মাঝারি আকারের টিফিন বক্সটি খুলতেই দেখলো সেখানে ঠাঁসা তার পছন্দের বৌয়্যা ভাত এবং শুঁটকি মাছের ভর্তা, বেগুন ভর্তা সহ তিন চার পদের ভর্তা। নিজের এত প্রিয় খাবারটা দেখে করবীর তর সইলো না। হাত ধুইয়েই এক লোকমা চালান করে দিলো মুখে। সুস্বাদু খাবারের ছোঁয়া পেতেই চোখ দু'টো আপনা-আপনি বন্ধ হয়ে গেল। প্রথম লোকমাটা গিলেই চোখ মেলতেই দেখল তার সামনে দাঁড়িয়ে আছে পার্থিব ও তিমির। চোখ মেলেই তাদের দেখে করবী কিঞ্চিৎ লজ্জা পেল। থতমত খেলো নিমিষেই। জিজ্ঞেস করল,
“আপনারা!”
পার্থিব এবার হাসলো। হেসেই করবী থেকে কিছুটা দূরত্বে বসলো। টেনে বসালো তিমিরকেও। তিমিরের চোখের চাহনি শান্ত, শীতল।
“এত মজা করো একা একা খাচ্ছো, করবী! আমাদেরও নিলে পারো।”
তার খাওয়ার দৃশ্য যে দেখেছে ওরা তা ভালো করেই বুঝতে পারল করবী। আমতা-আমতা করে বলল,
“হ্যাঁ, নিন না। শেয়ার করছি। আসুন।”
পার্থিব আর অপেক্ষা করল না। হাত ধুয়েই এক লোকমা মুখে তুলে নিল। সাথে জোর করে তিমিরের মুখে এক লোকমা চালান করল। আমেনা খালার রান্নার হাত ভীষণ ভালো। তাই খাবারটি মুখে দিতেই প্রাণ জুড়িয়ে এলো দুজনেরই। পার্থিব ভীষণ আগ্রহী হলো। এটা ওটা জিজ্ঞেস করা আরম্ব করল এই নতুন খাবারটির বিষয়ে। সাথে তিমিরের টিফিন বক্সটিও খুলল সে নিজে। তিনজনের খাবার ভাগাভাগি হলো নিঃসংকোচে। পার্থিব বেশ বন্ধুসুলভ হওয়ায় করবীর সংশয় কেটে গেলো নিমিষেই। ডুবে গেলো দু'জন ভীষণ আড্ডায়।
তিমির এক ধ্যানে তাকিয়ে রইল করবীর দিকে। অনেক গুলো বছর আগে ঠিক এ জায়গাতেই তিমিরের গল্প ছিল অন্যরকম। অথচ আজ সে গল্পের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। অথচ সেই গল্পের প্রধান চরিত্রের নারী অবয়বের সাথে আজকের নারী অবয়বটির ভীষণ মিল। তিমির যেন এক মুহূর্তের জন্য ভুলেই বসলো, তার গল্পের সমাপ্তি হয়েছে আজ বহুদিন। এবং সেই ভুল থেকে ভুলো মন করে বসল একটা বিব্রতকর কাজ। করবীর ঠোঁটের পাশে লেগে থাকা খাবার টুকু সে মুছে দিল নিজের হাতে। এবং ঠিক সেই মুহুর্তেই থেমে গেল আড্ডা। করবী তো বিস্মিত হলো সাথে বাদ গেল না পার্থিবও। বন্ধুর দিকে সে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। হুশ হলো তিমিরের। সে বোকার মতন কাজ করে ফেলেছে। কিন্তু সে কাউকে বুঝতে দিল না। বরং এমন ভাব করল যেন এটা স্বাভাবিক, প্রায় সময়ই সে এই কাজটা করে।
লজ্জায় নুইয়ে এলো করবী। সুন্দর গাল গুলোতে দেখা দিল গোলাপী আভা। মনে হলো যেন গোলাপ ফুলের পাপড়ি! ঠিক সেই মুহুর্তে, আবেগ-অনুভূতির এলোমেলো সময়টাতেই করবীর ফোনে ম্যাসেজ এলো। করবী নিচু অক্ষি যুগল ফোনের দিকে দিতেই তার লজ্জা রাঙা মুখ নিমিষেই মলিন হয়ে গেলো। গোলাপী প্রেম কেটে ধরা দিল ভয়। ভীত চোখে চারপাশ তাকাতেই খেয়াল করল দূরে বসে রক্ত লাল চোখ নিয়ে তাকিয়ে আছে হীরণ। অথচ ঠোঁটে বাঁকা হাসি।
#চলবে.......