#বুকপকেটের_বিরহিণী
কলমে: মম সাহা
অষ্টম পর্ব:
(১৩)
রাতের রাস্তায় শূন্য চোখে কেবল তাকিয়ে রয়েছে কুকুর। এছাড়া এই পথে আর কোনো জনমানসের চিহ্ন নেই। কুকুরটা থেকে-থেকে কয়বার উচ্চস্বরে ডাকছ তারপর আবার চারপাশ শুনশান নীরবতায় চুপ হয়ে যাচ্ছে।
কুকুরটার পাশেই বসে আছে বিন্দু। চিন্তায় কপালে তার ভাঁজ! কাজ থেকে আজ ছুটি পেয়েছি দেরিতে যার ফলে বেশ খানিকটা রাতই নেমে গিয়েছে বলা যায়। গাড়ি-ঘোড়া না পাওয়াতে হেঁটেই বাসায় পৌঁছানোর মত ঠিক করেছিল কিন্তু এতেই বাঁধলো বিপত্তি। তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর জন্য বড়ো রাস্তা ছেড়ে ধরেছিল গলির পথ। এই অন্ধকারে দ্রুত পা চালিয়ে এগুতে গিয়েই বিপদটা হলো। রাস্তার কিনারে থাকা ইটের সাথে পা আটকে ঠাস করে পড়ে গেলে রাস্তায়। বেশ ভালোভাবে মচকে গেলো পা-টাও। ব্যাথায় মুখ দিয়ে বের হলো চিৎকার। অথচ সাহায্য করার জন্য আশেপাশে কেউ ছিল না কেবল অবুঝ কুকুরটি ছাড়া। মচকে যাওয়া পা নিয়ে উঠে দাঁড়াতে গিয়েই সে খেয়াল করল পায়ে জোর পাচ্ছে না। এত ব্যাথা পেয়েছে যে পায়ে শক্তিই দিতে পারছে না। তারপর আর কী, অসহায় হয়ে ঠাঁই বসেই রইল।
বিন্দুর ব্যাথার মাঝেই কুকুরটা আবার শব্দ করে ডেকে উঠল। এতে চমকে উঠল মেয়েটা। বেশ ঘাবড়েও গেলো আচমকা এমন শব্দে। সাথে সাথে বুকে থুতু দিল সে। কুকুরটার দিকে তাকিয়ে শাসনও শুরু করল,
“এ্যই এ্যই, তুই এত জোরে চিল্লাছ ক্যান? আমারে কী দেইখ্যা তোর চোর ডাকাইত মনে হয়? অমানুষ কুত্তা।”
কুকুরটা কী জানি কী বুঝল! বিন্দুর ধমকে একদম চুপ হয়ে গেলো। উঁচিয়ে রাখা মাথাটাও নামিয়ে গুটিশুটি হয়ে শুয়ে রইল। মায়া হলো বিন্দুর। আহারে! ধমক দেওয়াতে কী ও কষ্ট পেল? কতক্ষণ আড় চোখে তাকিয়ে রইল কুকুরটার দিকে। অবশেষে না পেরে সে আবার ডাকল,
“থাক, কষ্ট পাইছ না। এদিকে আয় তো। তোরে ধমক দিতে চাই নাই। ভয় পাইছিলাম দেইখ্যা দিছি। রাগ করিছ না। তুই তো আমাগো হুতুমের থেইক্যাও ভালা। হুতুমরে তো একটা ধমক দিলে হের বিপরীতে দুইডা ধমক খাইতে হয়। কিন্তু তুই কি সুন্দর মাইন্যা নিলি আমার ধমক! জানছ, কেউ এমন ভাবে আমারে মানে নাই এ পইযন্ত। না না, ভুল কইছি। করবী আপা আমারে আবার বেশ মানে। একমাত্র হের কাছে গেলেই মনে হয় আমি মানুষ। নাহয় হীরণ ভাই আমার লগে যেমুন করে! আমার না মাঝে মাঝে অনেক কান্দন পায়, জানোছ?”
শেষের কথার সুরে ছিল অবুঝ অভিমান৷ মন খারাপের রেশ। কুকুরটা এবারও বিন্দুর কথা মানল। অলস গা ঝেরে বিন্দুর গা ঘেঁষে বসল। এতে খুশি হলো বিন্দু। ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেটটা বের করল। প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে আবার কুকুরটিকে বলল
“এই বিস্কুটটা হুতুমের লাইগ্যা নিছিলাম। হেয় আবার অপেক্ষায় থাহে আমি কহন যামু, হের লাইগ্যা কিছু নিমু। হের ভাগের অর্ধেক বিস্কুট তোরেও দিলাম। নে খা...”
কথাটা বলেই সে সত্যি সত্যি অর্ধেকটা বিস্কুট কুকুরটির মুখের সামনে রাখল। কী বিস্ময়কর দৃশ্য! মানুষ কখনো মানুষের ভালোবাসার ভাগ কুকুরকে দিতে পারে? পারে না। মানুষের উচ্ছিষ্টটুকুই যদি কুকুর খায় তাও সহ্য করতে পারে না সেখানে নিজেদের ভাগ দিবে তা অসম্ভব। অথচ এই অসম্ভব কাজটুকু নির্দ্বিধায় করে ফেলল বিন্দু। কুকুরকে বিস্কুট দিল, সাথে গল্প শুনালো তার কত সুখ দুঃখের! হীরণ ভাই কবে কালো শার্ট পরেছিল আর তার বুকের মাঝে ধুকপুকানি বেড়ে ছিল তা বলল। কবে মার্কেটে একটা নীল রঙের শাড়ি পছন্দ হয়েছিল আর দামাদামি করে টাকার অভাবে রেখে এসেছিল সেই শাড়িটি, সেই গল্পটিও বলতে বাদ রাখল না এই বেনামি কুকুরটিকে। কুকুরটিও ফ্যালফ্যাল চোখে গিলল সকল কথা, গল্প কিংবা বলা যায় ব্যাথা!
গল্প করতে করতে রাত আরও ঘনীভূত হলো অথচ হুঁশ নেই সেদিকে মেয়েটার। হাতে থাকা বাটন ফোনটা বন্ধ। এটা দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে এ আর নতুন কিছু না। কথা বলতে বলতেই বিন্দু অনুভব করল এই শুনশান রাস্তায় চপল পায়ে কেউ এগিয়ে আসছে। কয়েকটি পদধ্বনি। বিন্দু যেন আশার আলো দেখতে পেল। সে ভুল করেও একবার ভাবলো না এখানে যারা আসছে তারা খারাপ মানুষও হতে পারে। ভালো মানুষদের এই এক সমস্যা। তারা নিজেদের ভালো মন দিয়ে বিচার করে বিধায় না ঠকা অব্দি তাদের কাছে পৃথিবীর সকলেই ভালো মানুষ। এমনকি ঠকে গেলেও এরা নিজেদের দোষী ভাবে। ভাবে, তার কারণেই হয়তো বিপরীত পক্ষ তাকে ঠকিয়েছে।
বিন্দুর আশার আলো সত্যি হলো। পথ ধরে আসা মানুষ গুলো আর কেউ নয়, করবী ও হুতুম। হুতুমের চঞ্চল পা প্রায় ছুটছে বললেও হয়। কোঁকড়া কোঁকড়া বাদামী চুল গুলো ছুটার তালে লাফাচ্ছে যেন!
করবী বিন্দুকে দেখতে পেয়ে প্রায় ছুটেই এলো। ভয়ার্ত তার মুখমন্ডল। কিছুটা হড়বড়িয়ে বলল,
“কিরে, তুই এত রাতে এখানে বসে আছিস কেন? তোকে আমরা তন্নতন্ন করে খুঁজছি।”
“আগে একটু জিড়াও তো, আপা। দৌড়াইয়া তো ক্লান্ত হইয়্যা গেছো।”
করবী এবার ধাতস্থ হলো। জোরে জোরে শ্বাস ফেলল কয়েকটা। বুকের দ্রিমদ্রিম শব্দ এখনো শোনা যাচ্ছে তার। করবী এবার আস্তে-ধীরে শুধাল,
“কী হয়েছে তোর? এখানে এভাবে বসে আছিস কেন?”
“আর কী হইবো! ধুপ করে পইড়া গিয়া পা-টা মচকায় লাইছি। ভাঙাই গেলো কি-না সেই চিন্তায় আছি।”
পা ভাঙার কথা শুনতেই করবী ধপ করে এই ধুলোবালি মাখানো রাস্তায় হাটু ভেঙে বসে পড়ল। বিজ্ঞ হাতে পা-টাকে নাড়িয়ে চাড়িয়ে দেখল।
“কীভাবে যে তুই হাঁটা-চলা করিস আমি বুঝিনা। এত ব্যাথা পেয়েছিস জানাবি না?”
“কেমনে জানামু, কও? মোবাইল তো একটা আল্লাহ্ আল্লাহ্ কইয়া দম যায়। এইড্যা দিয়া কী কিছু করা যায়?”
করবীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেয়েটার ব্যাথায় ব্যাথা পেলো যেন সে-ও।
হুতুম এতক্ষণ এক ধ্যানে পায়ের দিকে তাকিয়ে ছিল। তারপর ধীর পায়ে গিয়ে বসল বিন্দুর সাথে গা ঘেঁষে। জ্ঞানী চোখে একবার বিন্দুকে পরখ করে বলল,
“বিন্দুবালা, তুই এত ব্যাথা পাবি ক্যান? বিন্দুর মা কী তাইলে ঠিকই কয়? তোর কোনো আক্কেল জ্ঞান নাই।”
হুতুমের কথায় চিন্তিত করবী হেসে দিল। কিন্তু কপাল কুঁচকালো বিন্দু। ধমকে বলল,
“বড়োদের এহনো সম্মান দিতে শিখলি না, হুতুম।”
“তুই আবার বড়ো হইলি কবে থেইক্যা? এহনো তো বিন্দুর মা'র হাতে মাইর খাছ। যারা বড়ো তারা মাইর খায় না।”
হুতুমের কৌতূহলী ড্যাবডেবে বাদামী রঙের চোখ গুলো বিন্দুর দিকেই নিবদ্ধ। বিন্দু কীভাবে বড়ো সেটারই হয়তো হিসেবনিকেশ করতে ব্যস্ত বাচ্চাটা। করবী এবার শব্দ করেই হাসল। বলল,
“ঝগড়া থামাতো তোরা। এত ঝগড়া কীভাবে করিস দু'টো!”
বিন্দু অভিযোগ করল, “আমি ঝগড়া করি না-কি এই হুতুম করে!”
“হ, হ, এহন তো সব আমারই দুশ আর তুই হইলি অনেক ভালা।”
হুতুমের দু-হাত নাড়িয়ে কথার ভঙ্গিতে এবার না হেসে পারল না বিন্দুও। তারপর করবীর সাহায্য কোনোমতে উঠে দাঁড়াল সে। হুতুমের ছোটো হাত ধরে রওনা দিল গন্তব্যে। পথে রেখে গেলে একা কুকুরটিকে আরও সঙ্গীহীন করে। যে বিন্দুর যাওয়ার পানে তাকিয়ে রইল অনেকক্ষণ। হয়তো এমন একটা বোকা-সোকা মেয়েকে দেখার তৃষ্ণা তারও ভীষণ!
বাসার কাছে পৌঁছাতেই আমেনা খালা মেয়েকে রাস্তার মাঝেই সশব্দে চ ড় মারলেন। করবী থাকায় এ যাত্রায় বেশি মারতে পারলেন না। কিন্তু মেয়ের পায়ে ব্যাথা শুনতেই মহিলার রণমূর্তি থিতিয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বেশি আদুরে হলো তৎক্ষণাৎ। বাকি পথটুকু সে-ই হলো মেয়ের ভরসার কাঁধ। করবী হুতুমের হাত ধরে বেশ দ্রুতই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ গলির মোড়ে হীরণকে দেখেছে সে। আজ হীরণ চুপচাপ। হুতুমকেও কিছু বলেনি না বলেছে বিন্দুকে। করবীর তো ভয়ে পেট মোচড় দিচ্ছে। ভার্সিটিতে ঐ দৃশ্যের পর হীরণ অবশ্য সাথে সাথেই ভার্সিটি ত্যাগ করেছিলো কিন্তু সারাটা দিন ভয়ে কাটাতে হয়েছে করবীকে। এই বুঝি হীরণ আক্রোশে ফেটে পড়ে ভয়ঙ্কর কিছু করে ফেলল!
(১৪)
অপরাহ্নের ডাহুক তখন বিরহী স্বরে ডাকছে খুব দূরে। করবী নতুন টিউশনির বাসাটা থেকে বের হলো। এত অমায়িক অভিভাবক সচারাচর দেখাই যায় না এই শহরে। এত অসাধারণ একটা টিউশনি পেয়ে যাবে হুট করে তা তার কল্পনাতেও ছিল না। বিকেলের গগণ বক্ষ নীলাভ হওয়ার কথা হলেও এখানের আকাশ রঙহীন। গম্ভীর গম্ভীর বাউণ্ডুলে মেঘের আনাগোনায় ভোরে গেছে আকাশ। বিকালটাকেই যেন সন্ধ্যে মনে হচ্ছে। করবী ছাতা আনেনি সঙ্গে। বের হওয়ার সময় আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। হুট করে আকাশের মন উদাস হবে সে কীভাবে জানবে?
টিউশনির বাসা থেকে বেরিয়েই সে বড়ো রাস্তায় উঠলো। এখন একটা মোবাইল শপে যাবে। একটা মোবাইল কিনতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। ব্যস্ত পায়ে বড়ো রাস্তায় উঠেই সে একটি মোবাইল শপে ঢুকল। সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটি সুন্দর মোবাইল কিনে নিল। বাটন ফোন। মোবাইল কিনে শপ থেকে বেরুতেই দেখে ঝুম বৃষ্টিতে ডুবে আছে শহর। আকাশ ডাকছে ঘন ঘন। করবীর ছোটো মুখটি ফ্যাকাশে হলো। কিছুদিন পর পরীক্ষা, এখন সর্দি-জ্বর বেঁধে গেলে সমস্যা। তার উপর হাতে এখন টাকাও নেই। করবীর চিন্তিন মুখ শুকিয়ে এলো। এত সুন্দর বৃষ্টিও তার কাছে বিরক্তির ঠেকল। ঠিক তখনই পরিচিত পুরুষালী ভরাট কণ্ঠ ভেসে এলো,
“কী করছো?”
কণ্ঠটি তিমিরের। করবীর সেটা মুখস্থ। তাই তো তৎক্ষণাৎ ঘাড় ঘুরালো না। রয়েসয়ে ঘুরালো। স্মিত হেসে উত্তরে বলল,
“অপেক্ষা করছি।”
তিমির হাসলো। ডান ভ্রু উঁচু করে বলল, “কার?”
“বৃষ্টি কমার।”
তিমির এবার এগিয়ে এলো, দাঁড়ালো খুব নিকটে। একদম পাশাপাশি। নড়লে চড়লে গায়ের সাথে গা লেগে যাওয়ার মতন কাছাকাছি। নিকটে এসেই নিঃশব্দে করবীর ডান হাতে থাকা বাজারের ব্যাগটা নিয়ে নিল। করবী বাঁধ সাধলো,
“আমি পারব।”
তিমির তেমন গা করল না কথাটা। একপলক তাকালো কেবল। করবী এই টিউশনি বাসায় আসার আগেই বাজার করেছিল। ঘরে বাজার ফুরিয়েছে অনেকদিন তাই বাজার দিয়ে আসার সময় প্রায় পুরো মাসের প্রয়োজনীয় জিনিস মোটামুটি কিনে নিয়েছিল। এমন বৃষ্টি হবে জানলে কখনোই কিনতো না।
তিমির করবীর থেকে একটু, নামমাত্র সামনে দাঁড়াল। এমন ভাবে দাঁড়ালো যে বৃষ্টির ছাঁট আর গায়ে লাগল না মেয়েটার। তিমিরের দৃষ্টি মেয়েটার দিকেই। টান টান কণ্ঠে শুধালো,
“এই দোকানে এসেছিলে কেন?”
করবী আদ্র স্বরে জবাব দিল, “বোনের জন্য মোবাইল কিনতে।”
“তোমার বোনও আছে?”
করবী উপর-নীচ মাথা নাড়াল। অর্থাৎ আছে। সময় পেরুলো নিজ গতিতে। বৃষ্টি কমার বিপরীতে তা পাল্লা দিয়ে কেবল বাড়লোই। তিমির এবার আলগোছে করবীর হাতটা ধরল। ধীর কণ্ঠ বলল,
“সামনে আমার গাড়ি আছে। এখানে দাঁড়িয়ে থাকল লাভ হবে না। চলো তোমাকে বাসায় পৌঁছে দিই।”
করবী কিংকর্তব্যবিমূঢ়, “আপনার গাড়ি থাকলে এতক্ষণ দাঁড়িয়ে ভিজেছিলেন কেন?”
তিমির হাসলো নৈশব্দে। মেয়েটার মায়া মায়া চোখে তাকিয়ে বলল,
“তোমাকে ভিজতে দিবো না বলে।”
করবীর হতভম্ব স্বর, “তাহলে তো প্রথমেই গাড়ির কথা বলতে পারতেন।”
তিমির এবার মেয়েটার বোকা বোকা দৃষ্টি দেখে শব্দ করেই হাসল। মেয়েটার মাথায় আদুরে হাতে রেখে বলল,
“প্রথমেই গাড়ির কথা বললে গল্প বাড়ার আগেই তো সমাপ্তি হতো। আমি তো কেবল তোমার সঙ্গ চাওয়ার বাহনা খুঁজছিলাম।”
অম্বরে বিজলি চমকালো এবার রূপালী আলোয়। মেয়েটার মায়া মুখের লজ্জাবৃত ছন্দ দৃষ্টি এড়ালো না তিমিরের। আজকাল তার ঐ মুখেতেই যে শান্তি লাগে বুঝাবে কেমন করে?
#চলবে.......