ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 11

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
কলমে: মম সাহা
দ্বাদশ পর্ব:

(২০)

করবীর শরীর সুস্থ হয়েছে বেশ ক'দিন হলো। শরীর সুস্থ হতেই আবার ব্যস্ত হলো নিজের অভাব-অনটনের জীবনে। দারিদ্র্যের ঘরে রোজগার করা ব্যাক্তি অসুস্থ হওয়া মানেই ভাঙা প্রাচীর থেকে আরেকটু অভাব গলিয়ে পড়া। করবীদের ক্ষেত্রেও তা হলো। তার অসুস্থতায় হাতে থাকা টাকা গুলো খরচ হয়ে যাওয়ায় আজকাল আরও বেশি খারাপ দিন কাল যাচ্ছে। ঘরে আলুও নেই। বাবা-মেয়ে কোনোরকমে ভাত ফুটিয়ে দু'টো লঙ্কা মেখে খেয়ে চালিয়ে দিচ্ছে। তার উপর অসুখের সময় হীরণও বেশ কিছু টাকা খরচ করেছে। সেগুলো পরিশোধ করার একটা ভারী চিন্তা তার মাথায় বোঝার মতন ভার হয়ে লেপটে আছে।

আজকেও করবী সকাল সকাল উঠে তৈরী হয়ে নিল। নিত্য পরিহিত পোশাক গুলো ধুতে দিয়েছে। শুকোয়নি। আলমারিতে তিন সেট জামা আছে অবশ্য। কিন্তু এই বৃষ্টি কাঁদার রাস্তায় ভালো জামাগুলো তার পরতে ইচ্ছে হলো না। অনেক ভেবে চিন্তে সে গাঢ় বেগুনি রঙের বাটিক ছাপার বহু পুরোনো একটি শাড়ি বের করল। এই শাড়িটা এইচএসসিতে গোল্ডেন পাওয়ার খুশিতে বাবা তাকে উপহার দিয়ে ছিলেন। গাঢ় বেগুনি রঙটা সময়ের বিবর্তনে নিজের ঝকঝকে রূপ হারিয়েছে। কিছুটা মেটে হয়ে গিয়েছে। তবে করবীর অতি সুন্দর; ফর্সা শরীরে শাড়িটা যেন বহুগুণ সৌন্দর্য লাভ করেছে। শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজও পরেছে। ভারী কেশ গুচ্ছ কোমড় ছাড়িয়ে উড়ছে নিজ মনে। করবীর আজ ভীষণ সাজতে ইচ্ছে হলো। শাড়ি পরলে মনটা কেমন নিজে নিজে শৌখিন হয়ে পড়ে। তার উপর একটি চাকরির ইন্টারভিউও আছে আজ। একটু পরিপাটি হয়ে গেলে হয়তো চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে! যদিও এই কেনা-বেচার বাজারে, মোটা অঙ্কের ঘুষ না দিলে চাকরি হওয়ার সম্ভাবনা শূন্য পার্সেন্ট। তবুও ক্ষীণ আশা মনে তো রাখতেই হয়! আশা না থাকলে যে জীবন চলবে না।
ভীষণ সুন্দর সাজগোছ করে তৈরী হলো মেয়েটা। ঘনপল্লব বিশিষ্ট ছোটো ছোটো চোখ গুলোতে মোটা করে কাজলও দিলো। সিঁথি করল মাঝ বরাবর। সারা শরীরে অলঙ্কার বলতে কেবল নাকের ছোটো পাথরের নোসপিনটাই আছে। কপালে টিপ লাগাতেও ভুলল না।

এমনেতেই করবী সীমাহীন সৌন্দর্যের প্রতীক বলা যায়। তার উপর আজ বেগুন রঙটা যেন সেই সৌন্দর্যকে বাড়িয়ে দিলে বহুগুণ। তৈরী হয়েই ও দেখা করতে গেল বাণীর সাথে। বাণী তখন ঝিমচ্ছিল। করবী গিয়ে খাঁচাটা নাড়তেই পাখিটা সজাগ হলো। যথারীতি বলল,
“সই, সই, সই, মনের কথা কই?”

করবী হাসল। মাথা নাড়িয়ে বলল, “না। আজ না। আজকে আরেকটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, বাণী। দোয়া কর, চাকরিটা যেন পেয়ে যাই।”

পাখি আদৌও দোয়া করতে পারে কি-না করবীর জানা নেই। তবুও সে এই অবুঝ প্রাণীটির উপর ভরসা রাখে। তারপর ব্যস্ত হাতে খাঁচাটিকে ছোটো বারান্দার এক কিনারায় আড়াল করে রেখেই ছুটে রান্নাঘরে৷ তৈয়ব হোসেন মেয়ের অসম্ভব রূপ দেখে শঙ্কিত হন কিন্তু বুঝতে দেন না।
ভাত খেতে বসে প্লেটে মাছ দেখে চমকায় করবী। পরে জানতে পারে বিন্দু এসে মাছ দিয়ে গেছে। কৃতজ্ঞতায় চোখ ভারী হয় তার। ইশ্, এত মানুষের এত ঋণ সে কখনো মিটাতে পারবে? হয়তো পারবে না। একসময় তার টাকা হবে ঠিকই, কিন্তু ভালোবাসার ঋণ টাকা দিয়ে কখনো শোধ করা যায় না।

করবী অনাকাঙ্খিত চোখের জল গুলো বহু প্রচেষ্টায় লুকিয়ে ভাতটুকু শেষ করল। তারপর বাবাকে সালাম করেই ছুটল। তৈয়ব হোসেন মনে মনে মেয়ের জন্য অনেক দোয়া করেন। অভাব কিংবা মানুষ, সবকিছুর কালো ছায়া যেন মেয়েটার থেকে দূর হয়ে যায়।

করবী সিঁড়ি বেয়ে নামে দ্রুত। বিন্দু কিংবা আমেনা খালা কেউই এখন আর বাসায় নেই। পেটের দায়ে ভোরেই তারা ছুটে কর্মস্থানে। নাহয় সে তাদের থেকেও দোয়া নিয়ে যেতো।

গেইট পেরিয়ে রাস্তায় নামতেই পেছন থেকে করবীর ডাক ভেসে আসে,
“বাণীর মা, খাঁড়াও।”

হুতুমের আধো কণ্ঠ পেতেই করবী দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে ছোটো মেয়েটা ছোটো ছোটো পায়ে বেশ দ্রুত ছুটে আসছে। করবী সাবধান করে, “আস্তে আসো। পড়ে যাবে।”

হুতুম শোনার পাত্রী নয়। সে জোড়েই ছুটে আসে। হাঁপিয়ে উঠে বাচ্চাটা। অনভিজ্ঞ হাতে মুখের সামনের চুল গুলো সরানোর প্রচেষ্টা চালায়। হাতের মুঠোয় থাকা পাঁচশ টাকা নোটটা সে এগিয়ে দেয় করবীর দিকে। এদিক-ওদিক তাকিয়ে অতঃপর ফিসফিস করে বলে,
“বিন্দুবালা তোমারে দিতে কইছে এইডা। বিন্দুর মা যেন না জানে হেইডাও কইছে তোমারে কইতে।”

করবী ভারী অবাক হয়। বিস্মিত কণ্ঠে বলে,
“বিন্দু দিয়েছে?”

হুতুম আদুরে ভঙ্গিতে উপর-নীচ মাথা নাড়ায়। যার অর্থ, হ্যাঁ। করবী টাকাটা নিতে দোনোমোনো করে। তখনই ছোটো হুতুম বিজ্ঞ স্বরে বলে,
“বিন্দুবালা কইছে, তুমি যেন হাইট্টা না যাও। হের জন্য ও তোমারে টেকাটা দিয়া গেছে। বুজছো। নিতেই কইছে তোমারে।”

করবীর চোখে ভোরে উঠে অযাচিত অশ্রুতে। মুখে লেগে থাকে বহু পুরোনো সেই কৃতজ্ঞতার হাসি। টাকাটা নিয়ে সে হুতুমের ফুলো ফুলো গালে চপাস করে একটা চুমু খায়। বাচ্চাটার অত্যাধিক কোঁকড়া সোনালি চুল গুলো গুছিয়ে দেয় আলগোছে। তারপর কিছুক্ষণ জাপটে ধরে রাখে বুকের মাঝে। এতক্ষণ তার যেই বুক ধড়ফড় ব্যাপারটা ছিল, এখন আর সেটা অনুভব করতে পারল না। নিমিষেই যেন উধাও হয়ে গেল। চাকরি না হলেও আজকের দিনটা তার আর খারাপ যাবে না। এমন স্বর্গ মুখ দেখলে কারই বা দিন খারাপ যাবে?

(২১)

ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে তবে করবী জানে, এই চাকরিটাও তার হবে না। ইন্টারভিউ তো কেবল আনুষ্ঠানিকতা মাত্র! চাকরি এখন এমনেই হয়ে যায়। কেবল অর্থ থাকলেই হয়। চাকরির ইন্টারভিউ ছিল দশটায়। ইন্টারভিউ দিয়ে যেতে হয়েছে কলেজ। কিছুদিন পর ইনকোর্স পরীক্ষা। তারই খোঁজ নিতে এসেছে। আর কয়েকটা দিন পর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। এরপর কী করবে সে? দিন দিন অভাব কেবল বাড়ছেই। কোনো দিকদিগন্ত তো পাচ্ছে না! কলেজ থেকে গিয়েছে টিউশনি করাতে। দু'টো টিউশনি আছে এখন। বাকি গুলো অসুস্থতার জন্য বাদ দিয়ে দিয়েছে তাকে। বাচ্চাদের নাকি পড়াশোনোর ক্ষতি।

টিউশনি বাসা থেকে বের হয়েই করবী বড়ো রাস্তা ধরল। সন্ধ্যা নেমে এসেছে। তন্মধ্যেই তার ব্যাগে থাকা আধভাঙা ফোনটা বেজে উঠল। করবী রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোন করল। ফোন বের করতেই দেখল তিমিরের নাম্বার। যা অজান্তেই করবীর ঠোঁটে হাসি ফুটিয়ে দিল। লোকটা এখন রোজ নিয়ম করে কল দেয়। খোঁজ নেয়। যা না চাইতেও করবীকে প্রশান্তি দেয়। স্বস্তি দেয়। যেমন আজ দিল।
করবী বেশি অপেক্ষা না করেই ফোনটা রিসিভ করল। রিসিভ করতেই অপর পাশ থেকে তিমিরের স্বচ্ছ কণ্ঠ ভেসে এলো,
“মাথায় ফুল দিলে আরেকটু বেশি সুন্দর লাগতো তোমাকে।”

তিমিরের অপ্রত্যাশিত কথায় বিস্ময়ে হা হয়ে গেল করবীর মুখ। কথাও যেন বের হচ্ছিল না। তবুও অস্ফুটস্বরে কেবল উচ্চারণ করল,
“আপনি কীভাবে বুঝলেন?”

“কীভাবে বুঝলাম তা পরের ব্যাপার। সঠিক বুজেছি কি-না তা বলো।”

করবী হাসল। লজ্জায় লাল হলো গাল। ছোটো করে বলল, "হুম”।

ব্যস্ তার সেকেন্ডের মাথায় সে অনুভব করল তার মাথায় কিছু একটা লাগাচ্ছে কেউ। করবী ঘাড় ঘুরাতে নিলেই বাঁধ সাধলো পরিচিত কণ্ঠ,
“নড়বে না। তাহলে লাগাতে পারব না।”

করবী অক্ষরে অক্ষরে তা মানল। সত্যিই সে আর নড়লো না। ঠাঁই দাঁড়িয়ে রইল বিপরীত পক্ষের পরবর্তী নির্দেশনা না আসা অব্দি। তিমির নিবিড় হাতে ফুলটা বাঁধল। তারপর মুচকি হেসে করবীর সামনে এসে দাঁড়াল। মুগ্ধ কণ্ঠে বলল,
“মাশআল্লাহ্ তোমার চুল ভীষণ সুন্দর।”

করবী লজ্জা পেল ঠিক কিশোরীর ন্যায়। ডানে-বামে তাকিয়ে লজ্জা কাটানোর চেষ্টা করল। তিমির করবীর সে চেষ্টা দেখে হাসল। মেয়েটাকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী লাগছে। যার রূপে অনায়াসে গলে যাবে কঠিন বরফ। মোহমুগ্ধ কণ্ঠে তিমির বলল,
“আজ স্বয়ং চাঁদ মাটিতে যে!”

করবী লজ্জায় নিচের ঠোঁট কামড়ে ধরল। তিমির তা দেখে হাসল নৈশব্দে। তার আলতো হাত ছুঁয়ে দিল করবীর হাত গুলো। হাস্যরসাত্মক কণ্ঠে বলল,
“দোষ নিও না, রক্তকরবী। এই অধমের এতো বড়ো স্পর্ধা ক্ষমা করো। কিন্তু আজ একটু আধটু অপরাধ হলেও আমি তা মেনে নিবো বিনা যুদ্ধে। তবুও এই অসাধারণ সুন্দর মেয়েটির হাত না ধরে নিজের আত্মাকে কষ্ট দিতে পারছি না। সে তুমি আমাকে নষ্ট পুরুষ ভাবতেই পারো। তোমার সান্নিধ্য পেতে আমি হাজার বার নষ্ট হতে রাজি।”

তিমিরের এহেন কথায় খিলখিল করে হেসে উঠল করবী। হাতের মুঠো নিজ ইচ্ছেয় শক্ত করল। এ যেন নীরবে প্রশ্রয় দেওয়া। সোডিয়ামের আলো যেন আজ আরও ঝলমল করে উঠল। চারপাশে কেমন রঙিন আলো ঝলমল করছে। নাকি করবীর প্রেমে পড়া চোখ সবকিছুতেই রঙ খুঁজে পাচ্ছে?

-

গলির কিছুটা আগে এসেই করবী হাত ছাড়লো। তিমিরের থেকে বিদায় নিয়ে ঢুকলো গলির ভেতর। গলিতে আসতেই দেখা মিলল বিন্দুর। মেয়েটাও মাত্র কাজ থেকে ফিরল। করবীকে দেখেই গাল ভোরে হাসল সে। চকচক করে উঠল মেয়েটার চোখ। উত্তেজিত কণ্ঠে বলল,
“আরে আপা, তোমারে তো পুরা নায়িকা লাগতাছে? হায় আল্লাহ, এই রূপে নজর যেন না লাগে। এমন অপ্সরার লাহান রূপ তোমার আপা! হীরণ ভাইরেই বা কী দুশ দিমু কও? আমারেই তো মনে পোলা হইলে তোমারে তুইল্যা নিয়া বিয়া করতাম।”

বিন্দুর বলার ধরণে হেসে ফেলল করবী। ছোটো চ ড় দিয়ে শুধাল,
“তোর হীরণ ভাই বোকা বলে আমার পেছন লাগে। চালাক হলে তার একমাত্র ধ্যান, জ্ঞান হতিস তুই। তোর মতন কেউ ভালোবাসতে পারে আদৌও? এমন করে ভালোবাসা পায়ে ঠেলে কারা জানিস? বোকারা।”

“তাইলে কী তুমিও বোকা, আপা?”
বিন্দুর প্রশ্নে স্থির হয়ে গেল করবীর চোখের মনি দু'টো। হাসির প্রসস্থতা হ্রাস পেল। ধীর স্বরে প্রশ্ন ছুঁড়লো,
“আমি বোকার মতন কিছু করেছি, বুঝি?”

“করো নাই বলতাছো? এই যে হীরণ ভাই যে তোমারে ভালোবাসে, এমন করে আদৌও কেউ ভালোবাসতে পারে কও? তার ভালোবাসাও তো তুমি মূল্য দেও না।”

“মূ্ল্য দিলে তোর কষ্ট হবে না, বিন্দু?”

“হীরণ ভাই সুখী হলে আমার ক্যান কষ্ট থাকবো, আপা?”

কথাটা বলতেই বিন্দুর কণ্ঠ কাঁপল। ভেতর ভেতর যে এই উত্তরটা দিতে তার কতটুকু যন্ত্রণা হয়েছে তা করবী ভালো করেই আন্দাজ করতে পারল। তাই কষ্ট কমাতে বলল,
“মজার ব্যাপার কী জানিস, বিন্দু? অনেক সুন্দর যারা, তাদেরকে মন-প্রাণ থেকে কেউ ভালোবাসে না। বেশিরভাগ মানুষ তার রূপে মুগ্ধ হয় যায় এবং তার নাম দেয় ভালোবাসা। আমার এই রূপ কোনোদিন এসিডে ঝলসে গেলে দেখবি আমাকে ভালোবাসার মতন হয়তো কেউ নেই। কেউ না। কিন্তু এমন অত্যাধিক সুন্দর না যারা, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দারুণ আছে। তা হলো— কেউ যদি তাদের ভালোবাসে বলে দাবী করে তবে বলা যায় সে সত্যিই ভালোবাসে। কারণ এক্ষেত্রে মুগ্ধতার তো কোনো উপায় নেই। তবে আমি চাই, হীরণ তোকেই ভালোবাসুক। আর জানি, একদিন ও তোকে পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসাটা দিবে।”

বিন্দু করবীর কথায় তাচ্ছিল্য হাসলো। বলল,
“অভাগীর আশায় পড়ে ছাঁই, জানো তো?”

বিন্দুর কথাটা শেষ হতেই কোথা থেকে যেন হীরণ ছুটে এলো। এই মানুষে পরিপূর্ণ গলিটিতে এসেই চারপাশ না তাকিয়ে করবীর চুলের মাঝে থাকা ফুলের খোপাটা টেনে ছিঁড়ে ফেলল। সাথে কয়েকটা চুলও নির্দয়তার সাথে ছিঁড়ে গেল। করবী হতভম্ব। হীরণ কেমন ফোঁসফোঁস করতে করতে করবীর হাত মুঠ করে ধরল। দাঁত কিড়মিড় করে বলতে লাগল,
“আমার না হলে তুমি কারো না। কারো না।”

বিন্দু ছুটে গেল। হীরণের শক্ত হাত ছাড়ানোর চেষ্টা করল। বার কয়েক বললও ছাড়তে কিন্তু হীরণ ঠাঁই দাঁড়িয়ে রইল। পাড়া প্রতিবেশীর মানুষরা ভীড় জমালো। রাস্তা ভোরে গেলে মুহূর্তেই। এসব মানুষ যে পরবর্তীতে রসিয়ে রসিয়ে এই ঘটনাকে আরও বড়ো করবে তা আর বুঝতে বাকি রইল না বিন্দুর। দিশে না পেয়ে বিন্দু সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা দিল হীরণের বুকে। কেমন আক্রোশ নিয়ে বলল,
“তুমিও কাপুরুষ, হীরণ ভাই। কাপুরুষ। নারীর গায়ে যে পুরুষরা হাত দেয় তারা সবাই কাপুরুষ। ছিঃ, ছিঃ। তুমিও ভুল মানুষ। তুমিও ভুল।”

#চলবে.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন