ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 12

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ত্রয়োদশ
কলমে: মম সাহা

বিনা পয়সায় মজা লুটতে ভীড় জমলো মানুষের। আগ্রহী, কৌতূহলী দৃষ্টি গুলো যেন কাঁটার মতন বিঁধল করবীর শরীরে। হীরণের চোখের সাদা অংশটুকু ততক্ষণে লাল রঙ ধারণ করেছে। করবী হাত ছাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেই ভীষণ শক্ত কণ্ঠে বলল,
“এই মুহূর্তে আমার হাতটা না ছাড়লে আপনার গালে চ ড় বসাতে আমি দু'বার ভাবব না।”

ব্যস্, বাক্যটুকু আগুনে ঘি ঢালার কাজ করল। হীরণ হাতটা আরও শক্ত করে টেনে ধরল। গলা ফাটিয়ে চিৎকার করে বলল,
“তোমার যা ইচ্ছে করো। আমিও দেখবো তুমি আমার নাহয়ে কার হও।"

বিন্দুর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে বহুক্ষণ আগেই। সে এবার হীরণের টি-শার্ট টেনে ধরল। মেয়েটার চোখ জলে টলমল করছে। কোনোরকমে অস্ফুটস্বরে বলল,
“ছাইড়্যা দেন আপারে। আপনি কোন সাহসে আপার ইজ্জত নিয়া টান দিছেন, কন? আপনি কী অমানুষ হইছেন? এই আপনারে আমি এত ভালোবাসলাম?”

হীরণের সামগ্রিক রাগ এবার যেন লেলিহান দাবালনের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। তার পুরুষালী শক্ত হাতের চড়টা গিয়ে পড়ল বিন্দুর ডান গালে। বিন্দুর যেন সমগ্র পৃথিবী ঝনঝন করে উঠল। হতভম্বতার গাঢ় বাতাস ছুঁয়ে গেল পুরো জনস্রোতকে। বাদ গেল না করবীও। হীরণ মুখ ঝামটি মেরে বলে উঠল,
" কে বলেছে তোকে ভালোবাসতে? আমি বলেছি? আমি কাপুরুষ হলে তুই কী? ভালো মানুষ? তুইও তো নির্লজ্জ, বেহায়া মেয়েমানুষ। তাই তো আমি না করা স্বত্তেও আমার পিছনে পরে থাকিস।”

বিন্দু যেন মুহূর্তেই ভাষাহারা হয়ে গেল। ভালোবেসেছে বলে আজ এমন ভাবে কলঙ্কিত হতে হলো? এই দাম দিল ভালোবাসা তাকে? এই দাম?
আজ আমেনা খালা বাড়ি ফিরে ছিলেন সন্ধ্যার আগেই। ঘরে বসে তিনি রান্না করছিলেন। কিন্তু মহল্লার হৈচৈ-এর ভারী শব্দ তার কানে এসেও বারি খায় যার ফলস্বরূপ তিনি নিচে ছুটে এসে ছিলেন। কিন্তু নিচে এসে এমন দৃশ্য দেখতে হবে তিনি ভাবতেই পারেননি। ভরা বাজারে সম্মানহানির এহেন দৃশ্য উনার মাথা নত করে ফেলছিল। হয়তো উনারা গরীব কিন্তু তাই বলে ভরা মানুষের ভীড়ে তার মেয়ে এমন ভাবে মা র খাবে একটা যুবক ছেলের হাতে? ছি! এমন দৃশ্য দেখার আগে সে অন্ধ হলো না কেন?

ঝামেলার মোড় এবার বিশ্রী ভাবে ঘুরে গেল। আমেনা খালা গিয়ে বিন্দুর চুলের মুঠি টেনে ধরলেন সাথে ক্ষমা চাইলেন হীরণের কাছে। করবী আমেনা খালাকে বুঝানোর জন্য বলল,
"বিন্দুকে ছাড়েন, খালা। ও কিছু করেনি। ওর দোষ নেই।”

“অর দোষ নাই কেডা কইছে? অর অবশ্যই দোষ আছে। অর সবচেয়ে বড়ো দোষ ঐ তোমার মতন অপ্সরার লগে মিশছে। আইজক্যা না অয় তোমার লগে মিশতো, আর না ভরা বাজারে অরে মাইর খাইতে হইতো। মা** যেমুন মাইনষের লগে মিশবি হেমুনই তো হইবো। মানুষ তোরে রাস্তার মাইয়্যা বানায় দিল।”

আমেনা খালার প্রথম কথা গুলো যতটা না করবীকে আঘাত করল তার পরের কথা গুলো তারচেয়ে দ্বিগুণ অপমানে আচ্ছাদিত করল তাকে। ভীড়ের মাঝে দু-চার মহিলা সহমত পোষণ করে আরেকটু বাজে ইঙ্গিতে বলল,
“হ হ হুতুইম্যার আম্মা, ঠিক-ঐ কইছেন। বিন্দুর বয়স হইলো কম। ঐ কী এতকিছু বুঝে? এই মাইয়্যা হইলো সেয়ানা। এত বয়স হইলো অহনো বিয়া না কইরা ঘুরে। কিছু কইলেই কেমন দাঁত কিড়মিড় কইরা জবাব দেয়। মা নাই ঘরে। বাপ একটা ল্যাংড়া, ঘরবন্দী। মাইয়্যা নাকি সংসার চালায়। কোন জায়গায় কোন আকাম কইরা সংসার চালায় আল্লাহ্ মালুম। আমরা লাগে কিছু বুঝিনা। আর হীরণ পোলাডা তো সারাক্ষণ মহল্লাতেই থাকে, কই কহনো তো কোনো মাইয়্যার লগে এমুন করতে দেহি নাই। অর লগেই কেন করল? নিশ্চয় এমন জ্বালা ধরা রূপ দিয়া ভুলাইছে। এহন তো আমাগো ঘরের বেডাগোরেও সাবধানে রাখতে হইবো দেহি।”

এমন ঘৃণিত ইঙ্গিতপূর্ণ কথার বিপরীতে করবীর চিৎকার করতে মন চাইলো, বলতে ইচ্ছে হলো অনেককিছু। কিন্তু সে অনুভব করল তার গলা দিয়ে কথা আসছে না। শরীর কেবল অনবরত কাঁপছে। জীবনের প্রথম এত ঘৃণা ভরা বাণ ছুটে এসেছে বলেই হয়তো হজম করতে কষ্ট হচ্ছে! যেদিন বাড়িওয়ালা আবদুল ওরে ছুঁয়ে খারাপ ইঙ্গিত করেছিল— সেদিনও বোধহয় করবীর এতটা ঘৃণা ধরেনি শরীরে, আজ যতটা ধরল। একজন নারী হয়ে কীভাবে আরেকজন নারীকে এতটা অপমান করা যায় তা-ই কেবল ভেতর ভেতর করবীকে ভাবিয়ে অবাক করে তুলল।
সেখানে আরও হয়তো কথা বাড়ার ছিল কিন্তু করবী পরাজিত সৈনিকের ন্যায় এক পা, দু'পা টেনে কেবল বেরিয়ে এলো সবকিছু পিছনে ফেলে। করবীর মাথা শূন্য শূন্য লাগছিল। পেছন থেকে হীরণের চেঁচামেচি পাওয়া যাচ্ছিল। হয়তো উপস্থিত জনতাদের উদ্দেশ্যে সেই হিংস্রতা ছিল। কিন্তু করবীর একটিবার সাহস করে আর ঘাড় ঘুরিয়ে দেখার ইচ্ছে হলো না৷ তার কেবল মনে হলো, ঘাড় ঘুরালেই দেখতে পাবে কতগুলো নোংরা দৃষ্টি তার চরিত্র টেনেহিঁচড়ে ছিড়ে ফেলার খেলায় মেতেছে। সেই এই খেলা দেখতে পারবে না। কখনোই না।

করবী ক্লান্ত পা গুলো টেনে যখন নিজের ঘরের সামনে এসে দাঁড়াল তখন অদ্ভুত ভাবে আবিষ্কার করল দরজাটা খোলাই আছে। করবীর মন ভীত হলো। বাবা কী কিছু আঁচ করেছেন? ভয়, শঙ্কা নিয়ে সে ঘরে ঢুকতেই চিন্তা হ্রাস পেল। নাহ্, বাবা ঘুমাচ্ছেন। কিন্তু অবেলায় তো বাবা ঘুমান না! করবী গিয়ে বাবার শরীরে হাত রাখল। শরীরটাও তো স্বাভাবিক আছে।
করবী অন্ধকার রুমেই বেশ কতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভাগ্যিস বাবা ঘুমিয়ে আছেন, যদি এসব কথা শুনতেন, দেখতেন তাহলে নিশ্চয় মানুষটা আর সহ্য করতে পারতেন না।

বিধ্বস্ত শরীরটা টেনে ঘরের বাহিরে চলে গেলো মেয়েটা। নিজের রুমে গিয়ে দরজা দিল। কিন্তু একবার যদি বাবার অন্ধকার রুমের আলো জ্বালাতো তবে সে দেখতে পেতো, অসহায় বাবা মেয়ের অপমানে বোকার মতন কেঁদেছেন। নিজের অক্ষমতাকে অভিশাপ ভেবে কতটা হা-হুতাশ করেছেন!

(২২)

বাহিরে বৃষ্টি হচ্ছে তুমুল গতিতে। অসময়ে যেন কালবৈশাখি ঝড়ে প্রকৃতি দিশেহারা। ছন্নছাড়া বৈরী বাতাস চারপাশ জুড়ে বিরাজমান। করবী পরীক্ষার হলে বসে থেকে শূন্য চোখে তাকিয়ে আছে বাহিরে। প্রকৃতির এই অশান্ত রূপে সে যেন নিজের চূর্ণবিচূর্ণ মনকে খুঁজে পাচ্ছে। গত কয়েকদিনের বিধ্বস্ত প্রায় মনটা বড়ো যন্ত্রণা দিচ্ছে তাকে। এমন ধ্যানে কাটিয়ে দিল মেয়েটার পরীক্ষার অধিকাংশ সময়টুকু। মনমতো পরীক্ষাটাও শেষ করা হলো না তার!

পরীক্ষা শেষ হতেই সবার প্রথম হল ছেড়ে বেরিয়ে এলো সে। চোখের নিচে কালী জমেছে তার। মনে হচ্ছে যেন গাঢ় কুহেলি ছক কষছে বড়ো কৌতূহলে। শুভ্র রাঙা গাল গুলোতে অযত্নের দু-একটি ব্রণ উঁকিঝুঁকি দিচ্ছে। বেশ কয়েকদিন হলো তার সাথে বিন্দুদের কোনো কথাবার্তা হয় না। সেও ব্যস্ত থাকে ভীষণ। টিউশন, কলেজ, পরীক্ষা, বাকি সময়টুকু নতুন বাসা খুঁজতে খুঁজতেই কেটে যায়। তারপর যখন পৌঁছায় বাসায় তখন আর মন ভরসা দেয় না, সাহস করে এক তলা ডিঙিয়ে চিলেকোঠার ঘরটায় যাওয়ার। আত্মসম্মানে যে গাঢ় দাঁগ জখম করেছে, সে দাগ যে এত সহজে মুছবার নয় তা করবী ভালো করেই আন্দাজ করতে পেরেছে।

“আমাকে এভাবে ইগ্নোর করার কারণ কী জানতে পারি?”

করবীর পা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকাল কণ্ঠের মালিকটির দিকে। তার মনে হলো, তার সামনে দাঁড়ানো পাঞ্জাবি পরা ছেলেটি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ।
তিমির দু'পা এগিয়ে এলো। ভরাট তার কণ্ঠস্বর, “কী ব্যাপার! কথা বলছো না কেন?”

করবীর মুগ্ধতার ঘোর কেটে গেলো। চোখের সামনে ভেসে উঠল সেদিনের রাস্তায় তার চরিত্র নিয়ে রংতামাশা খেলার দৃশ্যটি। শিউরে ওঠল সে। আর কোনো ভাবে এত অপমানিত হতে পারবে না সে। তাই আলগোছে কথা ঘুরানোর জন্য বলল,
“ব্যস্ত ভীষণ।”

“কতটা ব্যস্ততা তা আমিও জানতে চাই। কী এমন কারণে ব্যস্ত যে আমাকে তুমি দেখেও দেখছো না?”

করবী উত্তর খুঁজে পেল না। কিন্তু ভেতর ভেতর তার ভালো লাগার স্বত্তা অবহেলায় শক্ত হয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ চুপ থেকে সে স্বাভাবিক স্বরে জবাব দিল,
“আপনাকে দেখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কখনো তো আমার ছিলোও না।”

করবীর রাশভারি কণ্ঠে চমকে গেল তিমির। এই প্রথম বুঝি মেয়েটা এমন ভাবে কথা বলল তার সাথে! এত রূঢ়ভাষী তো ও কখনো ছিল না!

তিমির বিস্মিত কণ্ঠে বলল, “বাধ্যবাধকতা ছিল না কিন্তু কোথাও তো একটা অদৃশ্য বাঁধন ছিল তাই না?”

“কই? আমার তেমন মনেহয় না।”

করবীর শক্ত জবাবে তিমির আহত হলো। দু'হাতে করবীর ডান হাতটা ধরতেই করবী ছিটকে দূরে সরে গেল। চোখের উপর আবারও সেইদিনের দৃশ্য ভেসে ওঠল। সেদিন না সে হাত ধরে হাঁটতো আর না এতটা অপমান, অপদস্ত তাকে হতে হতো।
তিমির যেন আজ চমকের উপর চমক পাচ্ছে। করবীর বদলে যাওয়া রূপ। টানা কিছুদিনের অবহেলা যেন তার মানতে কষ্ট হচ্ছে। মেয়েটা এত শক্ত কখনোই ছিল না। তবে কী তার এলাকায় গিয়ে যে ঘটনা শুনেছে সেটা সত্যি! মেয়েটার সাথে কেউ খারাপ আচরণ করেছে? কিন্তু তিমিরের আর জিজ্ঞেস করা হলো না। তার আগেই সব ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভীড়ে নিজ ইচ্ছায় হারিয়ে গেল করবী।

কলেজের গেইটের সামনে দ্রুত পায়ে আসতেই আবারও থেমে গেল করবীর পা। আমেনা খালা দাঁড়িয়ে আছে ঝুম বৃষ্টিতে। করবী অবাক হলো এসময়ে এখানে মানুষটাকে দেখে। একবার মনে হলো গিয়ে কথা বলবে, আরেকবার মনে ভয় হলো— আমেনা খালা কী তাকে ভার্সিটির সবার সামনে আবার অপমান করার জন্য এখানে এসে়ছেন? করবী কি করবে বুঝতে না পেরে ঠাঁই দাঁড়িয়ে রইল এক জায়গায়।
তবে হাসি মুখে তার দিকে এগিয়ে এলো আমেনা খালা নিজেই। এসেই বরাবরের মতন আদুরে স্বরে বলল,
“কি গো, আমারে দেইখাও গেলা না কেন আমার কাছে? গোসসা বুঝি কমে নাই তোমার? আম্মার উপর কেউ এত রাইগ্যা থাহে কও?”

করবীর ছোটো ছোটো চোখে তখনও বিস্ময়। ভিজে একাকার তার শরীর। অস্ফুটস্বরে বলল, “রাগ করিনি, খালা।”

“হেইড্যা তো তুমি আমারে খুশি করার লাইগ্যা কইতাছো। আমি কী আর হেইড্যা না বুইঝ্যা! তয় আম্মা, রাগ কইরা থাইকো না খালার উপর। খালা বড়ো বোকা মানুষ তো তাই তোমারে দুক্কু দিয়া ফালাইছি। মাফ করো আমারে, আম্মা।”
কথা শেষ করেই ভদ্রমহিলা হাত জোর করলেন।

করবী মহিলার হাত চেপে ধরল, ব্যস্ত কণ্ঠে বলল,
“ছি! ছি! খালা, আমার পাপ বাড়াবেন না। আপনি এভাবে ক্ষমা চাইলে আমার পাপ হবে যে!”

“আম্মা, তোমারে হেইদিন যা সব বলছি তা কখনোই ক্ষমা হয় না। তবুও, ক্ষমা না চাইলে আমার আত্মা বড়োই জ্বালাতন করছিলো। খচখচ করতাছিল। আমারে ক্ষমা কইরো, আম্মা।”

“আমার কোনো রাগ নেই, খালা। আপনি আর ক্ষমা চাইবেন না।”

ভদ্রমহিলা হাসলেন। করবীর মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন,
“আমাগো বিন্দু আর হুতুমের তো প্রাণ তুমি। মাইয়্যা দুইডা তোমার আশায় বইস্যা আছে। তুমি কী আইজ একটু জলদি বাসায় ফিরবা? ওরা তোমারে পাইলে একটু ভরসা পাইতো।”

“অবশ্যই খালা, আমি এখুনি যাব। চলুন।”

আমেনা খালা দু'পা পিছনে গেলেন। ঘাড় কাঁত করে বললেন,“তুমি যাও আম্মা, আমার একটা কাজ আছে। তুমি গেলে বিন্দুডা একটু শান্তি পাইবো।”

কথাটা শেষ করেই আমেনা খালা হাঁটা ধরলেন। মধ্যবয়স্ক এই নারীটিকে আজ অন্যদিনের তুলনায় খুব বেশি বৃদ্ধ দেখালো। মনে হলো যেন নুইয়ে নুইয়ে হাঁটছেন। বয়স মনে হলো কিছু দিনেই অনেকটা বেড়ে গিয়েছে!

করবী আজ আর টিউশনিতে গেল না। কী মনে করে রিকশা নিয়েই ছুটলো। অথচ আজ তার নতুন বাসার এডভান্স দেওয়ার কথা ছিল।

রিকশা গলির মোড়ে আসতেই মানুষের ভিড়ের জন্য আর ঢুকতে পারল না। করবীর মন কেমন যেন খচখচ করল। তার চোখে কেবল আমেনা খালার সেই হলদেটে চোখ গুলো ভেসে উঠতে লাগল। খালা তো ভীড়ের কথা কিছু বললেন না! এলাকায় কী হলো?

করবীর আর বেশি ভাবতে হলো না কী হলো নিয়ে। তার আগেই মানুষের ভীড়ের ফাঁকফোকরে লাশ বাহী খাটটি তার দৃষ্টিগোচর হলো। সাদা কাপড়ে মোড়ানো লাশটির উপর বিরাট ছাতা লাগানো। আতুরের ঘ্রাণে ভোরে গেছে চারপাশ। স্বজন হারানোর চিৎকারও ভেসে আসছে। করবী ভ্রু কুঁচকালো, কার লাশ এটা!

#চলবে......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন