ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 15

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
ষোলো পর্ব:
কলমে: মম সাহা

(২৫)
গোধূলি নেমেছে অম্বরের বুকে। কমলা রঙের গোধূলি। ঝকঝকে আকাশ, স্নিগ্ধ বাতাসে ভরপুর চারপাশটা। করবী, বিন্দু, হুতুম, হীরণ, করবীর বাবা, বাণী সকলে মিলেই এসেছে নদীর ধারে ঘুরতে। নদীর অপর পাশে একটি পরিত্যক্ত ব্রীজ আছে যেখানে সন্ধ্যে হলেই রঙবেরঙের আলো জ্বলে উঠে। আড্ডা বসে আনন্দের।
তৈয়ব হোসেন বসলেন নদীর ধারে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হয় কি-না! এলাকার আরেকজন মুরব্বি বন্ধু পেতেই তার গল্প জমে উঠলো। করবী বাকিদের নিয়ে উঠল ব্রীজে। বিন্দুর পরনে শাড়ি। নীল রঙের শাড়ি। হালকা নীলে মেয়েটার কৃষ্ণাঙ্গ ঝলমল করে উঠছে যেন। বিন্দুর গোপনে এমন রূপ আছে তা কখনো তার সাদামাটা আস্তরণের ভেতরে থেকে বুঝা যায়নি।

ব্রীজে উঠতে পেরেই যেন আনন্দের সীমা রইল না হুতুম, বাণীর। বিন্দুর ভেতর থেকে উদাসীনতা তখনও কাটেনি। হীরণের পড়নে সেই চিরায়ত পোশাক বুকখোলা কালো শার্ট, তার ভেতরে সাদা টিশার্ট, জিন্স। সুন্দর চুলগুলো এলোমেলো। সকল নীরবতা ভেদ করে হীরণ বলল,
"আইসক্রিম খাবি, বিন্দু?"

বিন্দু চমকালো বোধহয়। বলল, "আমারে কইলা?"

"এখানে তুই ছাড়া আর কারো নাম বিন্দু বুঝি? জানতাম না তো!"

করবীও অবাক হলো। সে কখনো হীরণকে এতটা ভালো ভাবে কথা বলতে দেখেনি বিন্দুর সাথে। হীরণ বিন্দুর বিস্মিত চোখ গুলোর দিকে তাকিয়ে হাসল খানিক। হীরণ সচারাচর হাসেও না।
"আইসক্রিম খাবি কি-না, সেটা ভাবতেই তোর এতক্ষণ লাগে?"

বিন্দুর উদাস বিকেল মুহূর্তেই সুন্দর হয়ে গেল। সে বিস্ময় হেসে বলল, "খামু।"

হীরণ হাসল। ছেলেটার চেখে পাপড়ি গুলো ভীষণ ঘন। দেখতে কী সুন্দর লাগে! করবী কখনো দেখেইনি ছেলেটাকে। আজ দেখেছে আর অবাক হচ্ছে। ছেলেটার বখাটেপনার আড়ালেও সুন্দর একটা হীরণ বাস করে। যা কখনোই দেখার সৌভাগ্য হয়নি।
"তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি।"

বিন্দু ঘাড় কাঁত করলেও করবী বাঁধ সাধলো,
"চলুন, আমিও যাই।"

হীরণ অবাক হলো না। কেবল সম্মতি দিয়েই ব্রীজের বিপরীত পাশে চলে গেল। পেছনে গেল করবীও।

হীরণ আইসক্রিম নিতে-নিতে করবীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ল,
"কী বলবে, বলো? নিশ্চয় কিছু বলার জন্যই আমার সাথে এসেছো। এতটুকু তোমাকে আমি চিনেছি।"

হীরণের আজকের আচরণ অবাকের উপর অবাক করল করবীকে। সে কিছুটা অপ্রস্তুত হলো। কিন্তু সেকেন্ডেই সামলে নিল আবার। গলা পরিষ্কার করে বলল,
"ধন্যবা....."

কথা সম্পূর্ণ করতে দিল না হীরণ। হাত দেখিয়ে থামিয়ে দিল করবীকে। টাকা দোকানদারকে পরিশোধ করে অতঃপর পূর্ণ দৃষ্টিতে চাইল করবীর পানে,
"তোমার মনে হচ্ছে, আমি বিন্দুর সাথে এত আন্তরিকতা দেখাচ্ছি তুমি চেয়েছ বলে? উহু, মোটেও নয়। আমি বিন্দুকে বিন্দুর জন্যই পছন্দ করি। বিন্দুর সাথে আমার এই আন্তরিকতা কেবল বিন্দুর হাসির জন্যই। তোমার কথা রাখতে, কিংবা তোমার কথার জন্য না। আমি এতটাও হৃদয়হীন না যে একটা সদ্য মা-হারা মেয়ের সাথে কঠিন ব্যবহার করব। তবে রুবী, তোমাকে একটা কথা বলি.... আমার ভালোবাসার বিনিময়ে তুমি যে শর্তারোপ করেছ তা আমার ভালোবাসার জন্য অপমানের। আর যে আমার ভালোবাসাকে অপমান করেছে, তাকে আমি ঠিক ভুলে যাব একদিন। মিলিয়ে নিও, রুবী। একদিন তোমাকে ভুলে গিয়ে আমি পৃথিবী থেকে একরাশ দুঃখ ছিঁড়ে ফেলে দিব।"

করবী নিখাদ হাসল, "আমিন।"

হীরণ আহত হলো। তারপর গটগট করে চলে গেল ব্রীজের ওপাশে। করবী হাসল। হাসির অন্তরালে বেরিয়ে এলো দীর্ঘ এক শ্বাস। ব্রীজের ওপাশের দৃশ্যপটে তখন মুগ্ধতা ঝরছে। বিন্দু হাসছে। হুতুমকে কোলে নিয়ে গালে চুমু খাচ্ছে হীরণ। করবী সেদিকে এক ধ্যানে তাকিয়ে থেকে আনমনে বলল,
"কোন জায়গায় আঘাত করলে মানুষকে দুর্বল করা যায় তা আমার জানা আছে, হীরণ। আর আমি সক্ষম। প্রত্যক্ষ ভাবে না হোক, পরোক্ষ ভাবেই আপনাকে আমি বুঝাবো বিন্দুর ভালোবাসা কতটা সুন্দর। যেমন সুন্দর এই আকাশ, মাটি, ঠিক ততটাই সুন্দর। আমি ক্ষত করার পর যখন বিন্দু প্রলেপ লাগাতে আসবে তখনই আপনি বুঝবেন, প্রলেপ লাগানো মানুষকেই জীবনে রাখা উত্তম সিদ্ধান্ত।"

করবীর ভাবনার মাঝে বিন্দুর ডাক এলো, "আপা, এইহানে আসো।"

হীরণ আবার সাথে-সাথে বিন্দুকে শাসন করল,
"তোরে বলছি না এমনে কথা বলবি না? হুতুমটাও তো এগুলো শিখবো।"

হীরণের মিষ্টি শাসনে জিভে কামড় দিল বিন্দু। বোকা বোকা হেসে বলল,
"তুমি আছো না, তুমি ওরে ঠিকটা শিখাইবা।"

মুহূর্ত আরও রঙিন হয়ে গেল। উদাস বিকেল প্রেমময় হয়ে গেল। বিন্দুর ব্যাথা কমে গেলো যেন অনেকটাই।

(২৬)

তিমির দাঁড়িয়ে আছে পথের ধারে। ঘড়ির কাটায় অপেক্ষার সেকেন্ড পেরুচ্ছে খুব দ্রুত। তিমিরের সীমাহীন অপেক্ষাকে মুক্তি দিয়ে করবী বেরুল টিউশনের বাসা থেকে। তিমিরকে দেখে হাসল গাল ভোরে। দুপুরের রোদ তখন পাংশুটে গরমে নাজেহাল করছে চারপাশ। সেই গরমে করবীর মনে তিমিরের মুখ যেন একরাশ শীতের আকাশ হয়ে এলো।
করবী এগিয়ে এলো। কণ্ঠে খুশি, "এখানে যে?"
তিমির পাঞ্জাবীর হাতা গুটালো। সিল্কি চুল গুলো পেছন দিকে ঠেলে বলল,
"সত্যি বলব না মিথ্যে?"
করবী হাসল, "যা বলে খুশি হন।"
"তাহলে সহজ সরল স্বীকারোক্তি দিলাম— তোমার অপেক্ষায় এই পথ চেয়ে ছিলাম।"

তিমিরের ছন্দে খিলখিল করে হাসল করবী। মুগ্ধতা ঝরে পড়ল টুপ করে গ্রীষ্মের আবহাওয়া জুড়ে।
"আমার অপেক্ষা?"

"হ্যাঁ, তাই তো বলল মন।"

"মনকে বারণ করতে পারেননি? এত অপেক্ষা কিন্তু ভালো নয়।"

"টুকটাক খারাপ হোক। শেষপাতে তোমার একবাটি হাসি পেলেই আমার তেতো অপেক্ষার শান্তি হবে।"

"একবাটি হাসি!" করবীর অবাক কণ্ঠ। ভ্রূদ্বয় কুঁচকেছে।
তিমির স্বাভাবিক স্বরে উত্তর দিল, "তুমি তো মেপে হাসো তাই একবাটিই বললাম। তাছাড়া সেদিন যে রূপ দেখিয়ে ছিলে! আমি বাবা এক বাটির বেশি চাওয়ার সাহস করতে পারছি না।"

তিমিরের কথায় মলিন হয়ে এলো করবীর মুখ-চোখ। সেদিনের আচরণের কথা চিন্তা করে লজ্জিতও হলো বেশ ভালো রকমে। একজনের রাগ আরেক জনকে দেখানো মোটেও সুন্দর কাজ না। করবীর দৃষ্টি নত হলো,
"সেদিন ব্যাক্তিগত কারণে কিছুটা ডিস্টার্ব ছিলাম।"

"সেটা তো সেদিনই চলে গিয়েছে। তাই বলে আজ হাসবে না আর?"

তিমিরের কথার ধরণের করবী না হেসে পারল না। তিমির তখন পকেট থেকে একটি কালো গোলাপ বের করল। করবীর দিকে এগিয়ে দিল নিঃসংকোচে,
"এটা কী নিবে একটু?"

"কোথায় পেলেন?"

"এইতো, সামনের একটি ডালে ঝুলে ছিল। ভাবলাম নিয়ে আসি।"

"গোলাপ ফুলের গাছ আছে এখানে?" করবীর নিষ্পাপ প্রশ্নে এবার তিমির শব্দ করে না হেসে পারল না। ততক্ষণে তার ঠাট্টাও বুঝে ফেলল করবী। দৃষ্টি লুকালো তাই তৎক্ষণাৎ। চোখ ঘুরিয়ে পথে তাকিয়ে মিনমিন করে বলল, "মজা করলেন!"

"না তো! পুরোপুরি ব্যাপারটা আসলে মজা না। কিছুটা সত্যিও। আজকাল পথের মাঝে তো গোলাপ পাওয়া যাচ্ছে। জানো না?"

করবী ঠোঁট উল্টে বলে, "না তো!"

"তা-ও অবশ্য ঠিক, তোমার না জানারই কথা। গোলাপ কী আর জানবে, তাকে যে পথের মাঝে সবচেয়ে সুন্দর ফুলটিই লাগে।"

আবারও তিমিরের বেসামাল ঠাট্টায় লজ্জায় লাল হলো করবী। লজ্জা লুকাতে দ্রুত পায়ে হাঁটা শুরু করল। থেমে নেই তিমিরও। বেসামাল ঠাট্টায় উত্তপ্ত দুপুর সে করে ফেলল মুগ্ধ প্রহর।

-

প্রতি রাতের মতনই আজ রাতেও করবীর ঘুম ভেঙে গেল। বিদ্যুৎ নেই এলাকায়। চারপাশ গাঢ় অন্ধকারে নিমজ্জিত। ঘুম থেকে উঠেই নিজেকে সে আবিষ্কার করল বারান্দায় থাকা চেয়ারটাতে। ঘাড় কাঁত করে ঘুমানোর ফলে ঘাড়ে বেশ ব্যাথাও অনুভব করল। রাতের সময়টা ঠিক কয়টায় ঘুরছে ঠাহর করতে পারল না সে। প্রায় রাতেই তার ঘুম ভেঙে যায়। কেমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। কিছু স্বপ্নে সে মা'কে দেখে। মায়ের চেহারা তার মনে নেই তাই স্বপ্নেও সেই মুখ অস্বচ্ছ। সে দেখে মা তাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছে, রাস্তায় সে পড়ে গেছে। তারপর যার হাত ধরে উঠে, সেই মানুষটা হয় বাবা। স্বপ্নের এই চরিত্র বদলের অর্থ বোধগম্য হয় না তার। মায়ের কথা মনে করার মতন তেমন জাঁকজমকপূর্ণ কোনো স্মৃতিও নেই জমা। এমনও না যে সারাদিন সে খুব মায়ের কথা ভাবে। তাহলে কেন এত পীড়াপীড়ি স্বপ্নে? উত্তর খুঁজে পায় না মেয়েটা।
হাত-পা ঝারা দিয়ে সে ওঠে দাঁড়াল। আড়মোড়া ভেঙে পা বাড়াল বাবার ঘরের দিকে। বাবা ঘুমিয়েছে কি-না দেখার জন্য। কিন্তু বাবার ঘরের সামনে গিয়েই পা থেমে গেল করবীর। বাবার ঘরের দরজা ভিজিয়ে রাখা। হালকা হলদেটে আলোর প্রতিবিম্ব ভেসে আসছে। করবী পায়ের গতি আরেকটু স্থির করল। ধীরে-ধীরে ভিজিয়ে রাখা দরজার ফাঁক গলিয়ে মাথা ঢুকাল। কিঞ্চিৎ অবাক হলো ভেতরের ঘটনা দেখে। তৈয়ব হোসেন খাটে বসে আছেন। হারিকেনের খুব ঢিমে আলোতে কিছু লিখছেন মনযোগ সহাকারে। লিখার মাঝে আবার চোখও মুছছেন। বাবা কি কাঁদছেন?

করবীর চিন্তা হলো খুব। একবার রুমে ঢুকতে নিয়েও কিছু একটা ভেবে আর ঢুকল না সে। তৈয়ব হোসেনের সব ধ্যান যেন সেই লিখাতে। করবীও ঠাঁই দাঁড়িয়ে রইল শেষটুকু দেখার জন্য। বেশ অনেকটা সময় পর তৈয়ব হোসেনের লিখা শেষ হলো। অতঃপর সেই লিখার কাগজটা যত্ন করে ভাঁজ করে ঢুকিয়ে নিলেন ফতুয়ার বুকপকেটে। তারপর কিছুক্ষণ চুপ থেকে ঢুকরে কেঁদে উঠে বললেন,
"তুমি আর ক'টা দিন থেকে গেলেও পারতে, সাহেবা।"

করবীর চোখও ভিজে উঠল। বাবা মা'কে চিঠি লিখছেন? মৃত মানুষকে কী চিঠি লিখা যায়? আচ্ছা! বাবাকে তো তার কখনোই জিজ্ঞেস করা হয়নি মা আদৌ মৃত কি-না জীবিত? কী অদ্ভুত! সে কখনো মায়ের কথা আবদার করে জানতে চায়নি কেন?

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন