ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 16

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
ষোল পর্বের বর্ধিতাংশ
কলমে: মম সাহা

(২৭)

সকাল হতেই নতুন সমস্যা তার দল-বল নিয়ে আগমন ঘটালো করবীদের দরজায়। নিচ তলার মহিলা সকাল সকাল এসে জানিয়ে গেলেন বাড়িওয়ালা বলেছে এ মাসের মাঝে করবীদের ঘর খালি করতে। দীর্ঘ চার-পাঁচ মাস আগে নাকি বলেছিল করবীকে ঘর ছাড়তে কিন্তু সে ছাড়েনি। এমনকি বাড়িওয়ালার সাথে আর দেখাও করেনি। নিচ তলার ভদ্রমহিলার কাছেই এতদিন ভাড়া দিয়েছিল। আজ সে মহিলা এসেই নোটিশ জানিয়ে গেল।
এমন কিছু ঘটতে পারে তা আগেই আন্দাজ করেছিল করবী কিন্তু এখনই যে ঘটবে তা বুঝতে পারেনি। এত শর্ট নোটিশে বাসা পাওয়াটাও তো কঠিন। তার উপর তাদের যা বাজেট, সে বাজেটে আদৌ এই শহরে বাসা পাওয়া যাবে! করবীর চিন্তিত মুখের আঁধার দূর করতে এগিয়ে এলো তার বাবা। মেয়ের হাতে এক জোড়া স্বর্ণের দুল ধরিয়ে দিয়ে বললেন,
"এগুলো তোর বিয়ের জন্য আমি রেখে ছিলাম, মা। অথচ মাথার ছাঁদ বাঁচানো যখন সংকটের হয়ে দাঁড়িয়েছে তখন নাহয় বিয়ের কথা পরে ভাবলাম? বিয়েই তো জীবনের সব না, তাই না?"

করবী হতবিহ্বল দৃষ্টি নিয়ে চাইল, "তুমি তো কখনো এই দুল গুলোর ব্যাপারে বলোনি!"

"বলেনি। ভেবেছিলাম আমাদের অভাবের বিশাল থাবা থেকে এগুলো বাঁচিয়ে রাখব।"

"তাহলে বাঁচিয়ে রাখো, বাবা। তুমি নিশ্চয় শখ করে রেখেছিল!"

"সন্তানের সাথে জড়িত সবকিছুই শখের হয়, মা। তবে সবচেয়ে বেশি শখের হয় বেঁচে থাকাটা। আপাতত নাহয় বেঁচে থাকাটা বাঁচালাম। কী বলিস?"

করবী হতাশ নিঃশ্বাস ফেলল। তার কাছে বর্তমানে তেমন টাকা নেই যে নতুন বাসা দেখবে। টিউশনির যা বেতন পেয়েছিল তা দিয়ে বাজার করেছে, হুতুমের শরীরটা অসুস্থ হয়েছিল তাই ডাক্তার দেখিয়েছে, ঘর ভাড়াও দিয়েছে। হাতে সামান্য আছে। যা রেখেছিল আসা-যাওয়ার ভাড়া হিসেবে। সে টাকা দিয়ে তো আর ঘর ভাড়া করা যাবে না! বেশ অসহায় হয়েই করবী দুল জোড়া নিল। হতাশ স্বরে বলল,
"তোমারে ভালো জীবন দিতে না পারার জন্য ক্ষমা করো, আব্বু।"

এতো বড়ো মেয়ের বাচ্চামিতে হাসলেন তৈয়ব হোসেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন,
"তুই-ই তো আমার জীবন, মা। এর চেয়ে ভালো জীবন তো আমার লাগবে না।"

করবী ভীষণ আবেগে বাবার পেট জড়িয়ে ধরল। বলল,
"পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষটা তুমি, আব্বু।"

_

বিন্দু বেরিয়েছে মাত্র কারখানা থেকে। বের হতে হতেই সময় ঘুরল নয়টার কাটায়। আজ আবার ধর্মঘট ছিল। রাস্তার মাঝে ঝামেলার অভাব নেই। কিন্তু তবুও জীবন বাজি রেখে আসতে হয়েছে পেটের দায়ে। কেবল সে না। তার মতন হাজার খানেক কর্মচারীই বেরিয়ে এসেছে জীবনের মায়া ত্যাগ করে।
বিন্দু রাস্তায় বেরিয়ে ফোনটা বের করল। করবী আপা তাকে নতুন ফোন দিয়েছিল আগের ফোনটা খারাপ হয়ে গিয়েছিল বলে। আম্মা আবার কল দিয়ে না পেলে চিন্তা করতেন। কিন্তু আজ তো তার হয়ে চিন্তা করার কেউ নেই! আজ হয়তো তার দেরি দেখে অনবরত কলও কেউ দিচ্ছে না! হুট করে মাথার উপরের এমন বটবৃক্ষ হারিয়ে ভীষণ ক্লান্ত লাগে এই যুদ্ধবিধ্বস্ত জীবনটিকে। তবুও তো বইতে হবে। তাছাড়া আর গতি যে নেই! আমাদের জীবনের সবচেয়ে নিদারুণ কষ্ট হলো, আমাদের মানুষ হারিয়েও বাঁচতে হয়।

বিন্দু ফোনটা অন করতেই দেখল করবীর আটটা মিসড কল উঠে আছে। এই মিসড কল গুলো দেখে আনমনেই ঠোঁটে হাসি ফুটে উঠল মেয়েটার। যাক, পৃথিবীতে তাকে নিয়েও চিন্তা করার মতন মানুষ আজও আছে! সে কল ব্যাক করতে নিবে তার আগেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো,
"বিন্দুবালা, তোর এত দেরি লাগে? তুই জানছ না আমি একা থাকি? আমার ডর লাগে।"

বাচ্চা হুতুমের কণ্ঠ পেতেই চমকে উঠল বিন্দু। হতবিহ্বল হয়ে পাশ ফিরে তাকাতেই দেখল একটা নীল রঙের হাঁটু সমান ফ্রক পরে, সোনালী চুল গুলো ছেড়ে হাসি-হাসি মুখে দাঁড়িয়ে আছে বাচ্চাটা। তার পেছনেই হেলান দিয়ে আছে হীরণ ভাই। বিন্দু দ্রুত দু'কদম এগিয়ে গেল। এই শূন্য সময়টাতে হুতুমের আগমনে যেন সকল শূন্যতা কেটে গেল তার। জাপটে ধরল সে হুতুমকে,
"তুই এইহানে ক্যান এত রাইতে?"

"তুই এত দেরি করছ দেইখ্যাই তো আমারে আইতে হইলো, বিন্দুবালা। বিন্দু'র মা তো আমারে কইয়া গেছিল, তোরে যেন আমি দেইখ্যা রাখি। আমি কী হেই কথা ফালাইতে পারি?"

হুতুমের পাকা-পাকা কথায় বিন্দুর চোখের জল গড়িয়ে পড়ল। ঠোঁটে ঝুলে রইল কত যত্নের হাসি,
"পাকনা বুড়ি নাকি তুই? এট্টুক মাইয়্যা নাকি আমার যত্ন নিবো! বাপরে বাপ।"

হুতুম অসন্তুষ্ট হলো বিন্দুর হাসিতে। বিন্দুর বুক থেকে মাথা তুলে কোমড়ে দু'হাত রাখল। ঠোঁট, চোখ, মুখ ফুলিয়ে বলল,
"তুই কিন্তু আমারে অপমান করতাছোছ, বিন্দুবালা? বাণীর মা তো কয়, যত্ন নিতে বড়ো হওয়া লাগে না, ভালোবাসা থাকলেই না-কি হয়। দেহছ না? বাণীর মা ছুডু হইয়াও তার আব্বার যত্ন নেয়!"

বিন্দু চমকে তাকায়। হুতুমের চোখ-মুখের মায়ায় তাকিয়ে থাকে নির্নিমেষ। এই ছোট্টো জাদুকর তার জীবনে না এলে তার কত সুন্দর জিনিস দেখা হতো না! ভাগ্যিস হুতুম এসেছিল!

বিন্দু এবং হুতুমের কথার মাঝে বাঁধ সাধল হীরণ। বিরক্ত কণ্ঠে বলল,
"তোদের মন-প্রাণের কথা শেষ হইলে চল এবার। রাত যে বাড়তাছে সেদিকে কোনো খেয়াল নাই, তাই-না?"

হীরণকে দেখে এমনেতেই বিন্দু খুশিতে আহ্লাদী হয়ে ছিল। এখন যেন কথা বলার সুযোগ পেয়ে আহ্লাদে গদোগদো হেসে দিল,
"হীরণ ভাই, তুমি হুতুমরে নিয়া আইছো!"

বিন্দুর বোকাবোকা প্রশ্নে ভ্রু কুঁচকালো হীরণ,
"না, হুতুম উইড়া উইড়া আসছে। ওর তো তোর মতন দুইডা ডানা আছে, তাই না? আহাম্মক।"

হীরণের দেওয়া 'আহাম্মক' সম্বোধনেও যেন বিন্দুর খুশি কমল না। বরং তা চক্রবৃদ্ধি হারে বাড়ল,
"তুমিও তাইলে আমার কথা চিন্তা করো, হীরণ ভাই?"

হীরণ এহেন প্রশ্নে যেন থমকে গেল। উত্তম জবাবটি খুঁজতে লাগল কিন্তু পেল না। সে সত্যিই কী বিন্দুর কথা ভাবে? না, আবার হয়তো - হ্যাঁ। কিন্তু সেটা বিন্দুর প্রতি ভালোবাসা থেকে না। বিন্দুর প্রতি স্নেহ থেকে, হুতুমের প্রতি মায়া থেকে। বরাবরই এই পরিবারটিকে তার কাছে অসহায় লাগতো। আর সেই অসহায় পরিবারের খুঁটি ছিলেন আমেনা খালা। তিনি মারা যাওয়ার পর পরিবারটা যেন ছাঁদ বিহীন হয়ে গেল। রোদ, বৃষ্টি, ঝড় যেমন করে আঁকড়ে ধরে ছাঁদ বিহীন ঘরকে, তেমন করে যেন দুঃখ, কষ্ট মেয়ে গুলোকে আঁকড়ে ধরতে না পারে তাই কিছুটা ছাউনি হওয়ার চেষ্টা করছে কেবল। ছাঁদ হওয়ার ক্ষমতা তার নেই যে!
হীরণ ধ্যান ছেড়ে বেরুলো। কথা ঘুরিয়ে বলল,
"তুই আসছিলিস না বলে হুতুম, রুবীরা সবাই চিন্তা করছিল। তাই ভাবলাম এসে দেখি। তাই বইল্যা নিজেরে আবার নায়িকা ভাবা শুরু কইরা দিছ না। তোর তো আবার সবকিছুতে বাড়াবাড়ি।"

হীরণের ধমকেও হাসি কমেনি বিন্দুর। মানুষটা যে একটু ভাবছে তা-ও বা কম কীসে? ভালোবাসার মানুষটা ভালো না বাসুক, একটু চোখ তুলে তাকালেই যেন রাজ্যের শান্তি। হীরণ শব্দ করে বাইক স্টার্ট দিতেই বিন্দু ছুটে গিয়ে বসল। হুতুম বসল হীরণের সামনে। হীরণে গলা জড়িয়ে ধরে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করল,
"আইচ্ছা মাস্তান, আমরা যারে ভালোবাসি হেরাও তো আমাগোরে ভালোবাসে, তাই না? যেমুন, বাণীর মা আমারে ভালোবাসে আমিও তারে ভালোবাসি। বিন্দুর মা আমারে ভালোবাসে আমিও তারে ভালোবাসি। বাণীর নানাভাই আমাকে ভালোবাসে আমিও তারে ভালোবাসি। তাইলে বিন্দুবালা তোমারে একটু ভালোবাসলে তুমি রাগ করো ক্যান? বিন্দুবালা কালা বইল্যা কী তুমি তারে ভালোবাসো না?

ছোটো হুতুমের এমন বিশাল কথা কোথায় গিয়ে যেন ধাক্কা খেল। হীরণ ঠিক ঠাহর করতে পারল। মস্তিষ্কের কোণায় কোণায় যেন, লজ্জা, হতভম্বতা মিশে গিয়ে একাকার হয়ে গেলো। সত্যিই তো, সে আসলে বিন্দুকে ভালো কেন বাসতে পারে না? বিন্দুর গায়ের রঙের জন্য! না তো, তার তো এমন মানসিকতা কখনো ছিল না। তাহলে ভালোবাসতে না পারার কারণটা কী?

#চলবে?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন