#বুকপকেটের_বিরহিণী
মায়া পর্ব: ১৭
কলমে: মম সাহা
হীরণের চলন্ত বাইকের গতি ঘুরল। বাড়ির পথ না ধরে পথ ধরল অন্য কোথাও যাওয়ার। রাস্তাটা ঠিক চিনল না বিন্দু। চলন্ত বাইকে হীরণ ভাইয়ের শার্ট শক্ত করে ধরে রাখা বিন্দুর যখন টনক নড়ল ভিন্ন রাস্তা দেখে তখনই সে নিস্তব্ধতা ভেঙে চাপা আর্তনাদ করল,
"কই যাও হীরণ ভাই? কই যাও? এইডা তো বাড়ির রাস্তা না।"
হীরণের ধ্যান পথের দিকেই। জবাবে বলল, "তোকে ফেলে দিয়ে আসতে যাই। তুই এত জ্বালাছ। আমার আর সহ্য হয় না।"
বিন্দু আঁতকে উঠল আরও,
"তুমি সত্যিই আমারে ফালায় দিতে যাও?"
"তো! মিথ্যে করে আবার ফালানো যায় নাকি?"
হীরণের দুষ্টৃ কণ্ঠ ধরতে পারল না বিন্দু। বরং সে চোখ-মুখ শুকিয়ে ফেলল চিন্তায়। বোকা বোকা কণ্ঠে বলল,
"আমি কি তোমারে বেশি জ্বালাই?"
হীরণ জবাব দিল না বরং আড়ালে আরেকটু হাসল। বিন্দু মেয়েটা এত বোকা! তার জীবনে বোধহয় এতটা বোকা মানুষ সে কখনো দেখেনি। এই জটিল পৃথিবীতে আদৌ এত বোকা মানুষ বাঁচতে পারে? মোটেও না। এই কঠিন পৃথিবী বোকা মানুষদের জন্য জাহান্নাম। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেয় তাদের। তবুও, কোথাও মন বলে এই সরলতা ভীষণ স্নিগ্ধ। এই সরলতায় মন ভালো হয়ে যায় টুপ করে।
বিন্দু থম মেরে গেল অনেকক্ষণ যাবত। সে হয়তো দ্বিধায় পড়ে গিয়েছে। হীরণ ভাই যেহেতু কখনো তার সাথে ফাজলামো করে না তার মানে সত্যিই বলছে। কিন্তু বিন্দুর মন মানতে পারল না হীরণ ভাই তাকে ফেলে দেওয়ার মতন কঠিন কাজও করতে পারে। দ্বিধাদ্বন্দে মেয়েটার মুখ শুকিয়ে এতটুকুন হয়ে গেল। অবশেষে দীর্ঘক্ষণ বাইকটি চলার পর এসে থামল একটি ভিড়ে পরিপূর্ণ জায়গায়। বাইক থামতেই চমকাল বিন্দু। চারপাশ তাকিয়ে বিস্মিত কণ্ঠে শুধাল,
"এইহানে ক্যান আনছো, হীরণ ভাই?"
হীরণ বিন্দুর উত্তর না দিয়ে বাইক থেকে নামল। নামালো হুতুমকেও। হুতুমের হাত জড়িয়ে ধরল পরম দায়িত্ব অতঃপর জবাব দিল, "তোর নাকি মেলা ঘুরতে মন চায়? সেজন্য আনলাম।"
চারপাশে হৈচৈ, বিশৃঙ্খলা যুক্ত পরিবেশে হীরণের এই বাক্যগুলো যেন গ্রীষ্মের তাপদাহে শীতের নরম ছোঁয়া দেওয়ার মতন শীতল, অবিশ্বাস্যকর। বিন্দু চমকালো,
"তুমি কেমনে জানলা আমার মেলা পছন্দ?"
"তুই যেমন কইরা জানছ আমার মুরগীর কষা মাংস পছন্দ, তেমন কইরা। এবার চল ভেতরে।"
বিন্দুর বিস্ময়ের সীমা রইল না। হীরণ ভাই আজকাল তার এত যত্ন নিচ্ছে তা যেন বড়োই অকল্পনীয়। মা না থাকায় কী এত যত্ন পাচ্ছে সে! আম্মা না থাকারও কী সুবিধা আছে তবে? বিন্দুর বোকা মাথায় প্রশ্নের ঘুরপাক। হীরণ হুতুমের হাত ধরে এগিয়ে গেল সামনে। বিন্দু ফোন বের করতে করতে পেছনে পরে গেল তাদের থেকে। তবুও সে ফোন বের করল। আপার সতেরোটা মিসড কলের পরিবর্তে প্রথম কলটা দিল। এবং রিসিভ হওয়ার সাথে সাথে করবীকে কিছু বলতে না দিয়ে নিজেই প্রফুল্ল বদনে বলল,
"আপা, আমাগোরে যারা দুঃখের সময় যত্ন করে, তারা কী আমাগোরে ভালোবাসে কখনো-সখনো?"
বিন্দুর অদ্ভুত প্রশ্নে অপরপাশ নীরব থাকে। তারপর করবীর মেয়েলি হাসিটা পাওয়া যায়। রিনরিনে কণ্ঠে বিন্দুর মন আকাশ স্বচ্ছ করে দেওয়ার মতন জবাব আসে,
"যারা আমাদের যত্ন নেয় তারা আমাদের ভালো চায়। আর যারা আমাদের ভালো চায় তারা আমাদের ভালোবাসে। ভালো না বাসলে কী কেউ কারো ভালো চায়, বল?"
"তাইলে আপা, তুমি যে হীরণ ভাইয়ের পছন্দ জাইন্যা মুরগীর মাংস রাইন্ধ্যা আমার নাম কইরা তার কাছে পাডাইছো, তুমিও কী তবে হীরণ ভাইরে ভালোবাসো বইল্যাই যত্ন করার নাম কইরা পাডাইছো?"
বিন্দুর বোকা প্রশ্নের আস্তরণে অপরপাশ বহুক্ষণ নিশ্চুপ রয়। বিন্দুর এই অস্বচ্ছ মনের ভাব স্বচ্ছ করে না তার আপা। বরং মিছে ধমক দিয়ে কল কেটে দেয়। বিন্দুর মনে খচখচানি করা একটা কাঁটা বিঁধে থাকে শক্ত হয়ে। আপা সবকিছুর জবাব দিল কিন্তু 'ভালোবাসে না' কথাটা কেন বলতে পারল না? তবে কী..... বিন্দু আর ভাবে না। হীরণের তাড়ায় পা বাড়ায় মেলার ভেতরে। ভুলে যায় ফোনের ওপাশে ফেলা একটা মেয়ের দীর্ঘশ্বাস।
(২৮)
নতুন বাসা খুঁজতে ভালো ভোগান্তিতে পড়তে হয়েছিল করবীকে। সেই ভোগান্তি থেকে তাকে উদ্ধার করল তিমির। বেশ ভালো মানের একটি ফ্ল্যাট ভাড়া করে দিল করবীর সামর্থ্যের মধ্যেই। করবী সেই ফ্ল্যাটে বিন্দুদেরও যাওয়ার কথা বলল কিন্তু বাঁধ সাধলো বিন্দু। কান্নাকাটি করল অনেক মেয়েটা। কিন্তু এই এলাকা ছেড়েও সে যেতে পারবে না। কেন যেতে পারবে না তার উপযুক্ত কারণ যদিও সে দেখাতে পারেনি তবে করবী ভালো করেই জানে, আপার প্রতি ভালোবাসার চেয়েও হীরণের প্রতি ভালোবাসার ঘনত্ব বেশি মেয়েটার মনে। মেয়েটা ভালো করেই জানে, আপার সাথে দুরত্ব বাড়লেও ভালোবাসা কমবে না কিন্তু যদি হীরণের কাছ থেকে মেয়েটা দূরে চলে যায় তবে হয়তো কারণে-অকারণে লোকটা তাকে ভুলে যাবে। বিন্দু চায় না হীরণ ভাই তাকে ভুলুক। ভালো না বাসুক অন্তত মানুষটা তাকে একবেলা মনে করবে এতেই মেয়েটার ঢের চলে যাবে। আর বিন্দু সেই চলে যাওয়ায় ব্যাঘাত ঘটাতে চায় না।
পড়ন্ত সন্ধ্যা বুক পেতে দাঁড়িয়েছে ধরার অন্তরে। বারান্দায় দাঁড়িয়ে সে পড়ন্ত সন্ধ্যায় মুগ্ধ চোখে তাকিয়ে রইল করবী। আগামীকালই এই বাসাটা ছেড়ে চলে যাবে তারা। তারপর হয়তো সন্ধ্যা আরও দেখা হবে কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে আর মুগ্ধ হওয়া হবে না। যে দেয়ালের কোল ঘেঁষে জন্ম নিয়েছে তাদের কত অভাবের গল্প, সে দেয়ালটি আর কয়েকদিন পর অন্য কারো স্মৃতি আটকাতে ব্যস্ত হয়ে যাবে। তাদের পর এই শূন্য ঘরটিতে হয়তো নতুন কেউ আসবে। তাদের চেয়ে দ্বিগুণ পরিপূর্ণ রাখবে ঘরটিকে। ঘরটাও বোধহয় ভুলে যাবে একটি মেয়ে কিশোরী থেকে তরুণী হয়েছিল এই আধ-খষা বিল্ডিং-এর এই রুমটিতে। পৃথিবীর সবচেয়ে করুন বাক্য হলো— এই পৃথিবী কোনো স্থান শূন্য রাখে না। যেমন তাদের অভাবে শূন্য থাকবে না এই প্রাচীর, এই বারান্দা, এই বিষাদ স্মৃতি জড়িয়ে রাখা ঘরটি।
এমন করেই নতুনের আবির্ভাবে ধুয়েমুছে যায় পুরোনো। এমন করেই মহাকাল লুকিয়ে যায় ইতিহাসে। করবীর মনে কেবল একটা প্রশ্নই বার-বার উঁকি দিচ্ছে, যে ছেলেটা তাকে একটু দেখবে বলে দূর ল্যাম্পপোস্টের সামনে রাতের পর রাত দাঁড়িয়ে থাকতো, সে ছেলেটা এরপর থেকে কোন অজুহাতে নিশি জাগবে? এই ছেলেটার বুকের একপাশ কী করবীর শূন্যতায় পুড়বে? নাকি পূরণ করার জন্য পৃথিবীর তাগিদে তার জীবনে নতুন কেউ আসবে? আরও গাঢ় ভাবে আরও গোপনে? করবীর মতন করে কী তবে ছেলেটা অন্য কাউকে ভালোবাসবে?
কথাটা ভাবতেই করবীর গা শিরশির করে উঠল। কী অদ্ভুত ভাবনা তার! যে ছেলেকে কখনো সে আনমনে ভাবেইনি, তার বুকের ভেতর কে থাকবে সেটা নিয়ে হা-হুতাশ করা কী ওর সাজে? মোটেও না। তবে ভালোবাসা পেতে পেতে একটা লোভের জন্ম নেয়-ই। এই পৃথিবীতে এমন নিঃস্বার্থ ভালোবাসার অভ্যাস কেই-বা কাটাতে চায়?
করবীর মন আতঙ্কিত হলো। এসব ভাবনা যে বড়োই হাস্যকর! বিন্দুর মতন পাগলাটে মেয়ের ভালোবাসা যে ছেলেটার জন্য, সে ছেলেটাকে করবী কখনোই ভালোবাসবে না। কখনোই না। করবীর নিজের ভাবনায় নিজেই মন খারাপ করল। আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে খাঁচায় থাকা বাণীর দিকে এগিয়ে গেল। অবুঝ প্রাণীটিকে প্রশ্ন ছুঁড়ল,
" বাণী, আমাদের ভালোবাসার প্রতি এতো লোভ জন্মায় কেন? কেন ভালোবাসা পেলে আমরা পাথর হয়ে থাকতে পারি না? মানুষ কী তবে ভালোবাসাতে আটকে যায়? মায়ার টান এতটা?"
করবীর মন খারাপ বাড়ে। আজ ভীষণ ভাবে সে অনুভব করে মা না থাকার যন্ত্রণা। আজ মা থাকলে সংশয় পরিষ্কার করা যেত। মা নিশ্চয় তার মন বুঝতো? মা নিশ্চয় বলতে পারতো, মায়া কাটে কীভাবে? কেন তার মা নেই? এত অভাবের মাঝে মা না থাকার মতন বড়ো অভাবটা সৃষ্টিকর্তা না দিলেও তো পারতেন। পারতেন না-কি?
নীরব সন্ধ্যা কেটে রাত নামল। ভাবনা তখনো টইটুম্বুর। আর সেই ভাবনার সুতো ছিঁড়তে ভেসে এলো হীরণের চিৎকার। ভয়ঙ্কর ভাবে লোকটা করবীকে ডাকছে। তবে কী ছেলেটা জেনে গেল, তার নিশি জাগরণে কারণ হারাতে চলছে?
#চলবে.....#বুকপকেটের_বিরহিণী
১৭ এর বর্ধিতাংশ
কলমে: মম সাহা
শান্ত পরিবেশ মুহূর্তেই অশান্ত হৈচৈ-এ আবদ্ধ হয়ে গেল। করবী তাজ্জব বনে তাকিয়ে রইল উদ্ভ্রান্ত হীরণের দিকে। ছেলেটা আজ নিজের মাঝে নেই যেন! চোখ-মুখ লাল টকটকে। কেমন দুলছে শরীর। অস্বাভাবিক ভাবে কাঁপছেও। করবী পরিস্থিতি ঠাণ্ডা করতে বলল,
"চিৎকার করবেন না এমন করে। আপনার জন্য আমি আবার মানুষের কাছে খারাপ হতে পারব না।"
"চিৎকার করবোই। একশবার করব। রুবী, তুমি আমারে ছাইড়া যাওয়ার দুঃসাহস কেন দেখাইলা? আমার দোষ কী বলো। বলো। "
হীরণের গলা আরেকটু উঁচুতে ওঠল। দূরে দাঁড়িয়ে থাকা বিন্দু কাঁপছে ভয়ে। তাকে জাপ্টে ধরে কাঁপছে হুতুমও। হীরণের এমন ভয়ঙ্কর রূপ যে বড়োই অপরিচিত তাদের কাছে। করবীর মন ভীত হচ্ছে। মানুষ জড়ো হয়ে গেলে সমস্যা হবে। শেষ মুহূর্তে আবারও মানুষের কালি ছোড়াছুড়ি সে নিতে পারবে না।
"কথা বলছো না কেন? তুমি এই এলাকা ছেড়ে যাচ্ছ আর আমাকে জানাওনি! তুমি কী ভেবেছ আমি জানব না? ভালোবাসছি অনেক তাই তোমার এমন আচরণ? এত অবহেলা? ভালোবাসার বিনিময়েই কী এমন আঘাত প্রাপ্য আমি?"
করবী নিজেকে ধাতস্থ করল। শীতল কণ্ঠে বলল, "এখানে তো চিরজীবন আমি থাকতে পারব না, একদিন না একদিন যেতেই হতো।"
"তোমাকে দেখে আমার চোখের তৃষ্ণা মিটে। তুমি তা জানো। এবং সেজন্যই এই পদক্ষেপ তাই না?"
"চিরজীবন আমি আপনার চোখের তৃষ্ণা মেটানোর দায়ভার হয়ে তো থাকব না।"
"কেন রুবী তুমি এত কঠিন হচ্ছো? কেন? আমাকে একটু দয়া করা যায় না? আমি কী এতই খারাপ? আমাকে ভালো না বাসো অন্তত আমার থেকে ভালোবাসার সুযোগটুকু কেড়ে নিও না।"
হীরণের নিঃসংকোচ প্রেম নিবেদনে ভ্যাবাচেকা খেলো করবী। অসহায় চোখে তাকাল বিন্দুর দিকে। মেয়েটার চোখে জল। করবী আজ মাথা ঠাণ্ডা রাখল। রাগ করল না। চিৎকার করল না। বরং হীরণের কাছে এগিয়ে গেল দু'কদম। এই প্রথম সকল সংশয়, অস্বস্তি, বাঁধা-ব্যবধান ভেঙে করবী হাত রাখল হীরণের হাতের বাহুতে। শীতলের থেকেও শীতল কণ্ঠে বলল,
"তোমার জীবন আমার জন্য থেমে থাকবে না, হুতুমের মাস্তান। বরং আমি নামক অস্বচ্ছ আদল স্মৃতি থেকে মুছে ফেললেই দেখবে তোমার জন্য একটি মেয়ে আনমনে সন্ধ্যা কাটায়। তোমার কষ্টে কেউ কাঁদে। তোমার খুশিতে কেউ হাসে। এত বড়ো জীবন আমাদের, কাউকে একপাক্ষিক ভালোবেসে কাটানো যে সহজ নয় এবং সম্ভবও নয়। জীবনকে সুন্দর করতে কারো নিখাঁদ ভালোবাসা প্রয়োজন। আর আমি জানি, তোমার জন্য কেউ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কেন বোকা হচ্ছো? ভালোবাসা যদি ভিক্ষার দান হতো, তবে আমি অনায়াসে তা দিতে রাজি ছিলাম কিন্তু তা যে সম্ভব নয়। আমাকে ছাড়াও তোমার পৃথিবী অনেক বড়ো। একবার সে পৃথিবী দেখো, মাস্তান। দেখবে তোমার এই আকুতি হাওয়ায় মিলিয়ে যাবে।"
সকল দেয়াল ছিন্ন করে বখাটে ছেলেটির প্রতি করবীর এমন কোমলতা যেন ছিল বহু সাধনার এক পশলা বৃষ্টির ন্যায়। এবং সে বৃষ্টি শীতল করে দিল সব। অশান্ত পরিবেশ, অশান্ত ছেলেটিকেও। হীরণ থেমে গেলে, চুপ হয়ে গেল তার চিৎকার-চেঁচামেচি, সকল অভিযোগ। করবী এবার ছুটে চলে গেল বিল্ডিং এর ভেতর। হীরণ দাঁড়িয়ে রইল করুণ হাসি নিয়ে। আকাশের দিকে তাকিয়ে সবচেয়ে ঝলমল করা তারাটার উদ্দেশ্যে বলল,
"আম্মা, রুবী বড়ো চালাক। দেখলে? ও জানে আমার রাগ পানি কীভাবে হয়! ও সব জানে, আম্মা, সব জানে। কেবল এতটুকুই জানল না, যতটুকু জানলে ওর ভালোবাসা আমি হতাম। আম্মা, মায়ের পর আমরা যে নারীরে ভালোবাসি, সে-ই নারী কতটা সৌভাগ্যবতী তাই না বলো? তবুও আমার রুবী বুঝল না। কেমন অনায়াসে সে এমন সৌভাগ্য ঠেলে দিল অবলীলায়! দেখলে আম্মা, আমার রুবী কত্তো বোকা! কত্ত বোকা!"
চিরজীবনের জন্য নিশ্চুপ হয়ে থাকা মায়ের দিকে ব্যাথার বাণ ছুঁড়ে মেরে হু হা করে হেসে উঠল হীরণ। বিন্দু কেবল ফ্যালফ্যাল করে দেখল। কেবল একা বিন্দু নয় অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে থাকা বোকা রুবীটাও দেখল, কাঁদল। দু'হাতে মোনাজাত করল, তাকে অসম্ভব ভালোবাসা ছেলেটা ভালো থাকুক। ভুলে থাকুক।
-
মাঝ রাতে তুমুল বর্ষণ হলো। ভিজে একাকার হলো হীরণ। সে নড়ল না। এই একটা রাত-ই তো তার রুবীর নিঃশ্বাসের আশেপাশে থেকে কাটাবে। তারপর তো রুবী অনেক দূর, বহুদূরে চলে যাবে। চাতক পাখির ন্যায় জেগে রইল বিন্দুও। ভয়ে ঘেঁষতে পারেনি হীরণের কাছে তবে দুঃখের সঙ্গী হয়ে দাঁড়িয়ে রইল। যে মানুষটা বিন্দুর মতন মেয়ের মেলা ঘুরার ইচ্ছে পূরণ করেছে সে মানুষটার দুঃখে দূরের সঙ্গী হবে না সে! এতটা পাষাণ যে বিন্দু নয়। শূন্য রাস্তা দেখল, কত কাতরতায় ভিজছে দু'জন মানব-মানবী। হীরণের মনের কোথাও ছিল হয়তো রুবী তার মাথায় ছাতা ধরতে আসবে কিন্তু সে ভুল। তার বোকা রুবী ছাতা হয়নি, না সঙ্গী হয়েছে। হীরণের গলা ভেঙে গিয়েছে টানা ভিজতে-ভিজতে। সেই ভাঙা গলায় অনেকক্ষণ পর বিন্দুর উদ্দেশ্যে বলল,
"তুই ভিজছিস কেন?"
"তুমি ভিজছো বলে।" বিন্দুর সহজ-সরল উক্তিতে হাসল ছেলেটা,
"আমি না-হয় প্রেম হারানোর শোকে ভিজছি। তোর কী দুঃখ?"
"তোমার দুঃখই তো আমার দুঃখ, হীরণ ভাই।"
হীরণ থমকে গেল। সহজ-সরল বিন্দুর দিকে তাকিয়ে রইল বহুক্ষণ। তার এই শূন্য জীবনে কেউ তো এমন করে তার দুঃখে দুঃখী হলো না! তবে এই মেয়েটা কেন এমন? তবে কী খুব গোপনে তার জন্য ছাতা ধরার মানুষ পৃথিবীতে অবশিষ্ট আছে?
এই ভালোবাসায় অবুঝ দু'টো ছেলেমেয়ের দিকে তাকিয়ে হাসল করবী। ভিজে একাকার তার দেহ। যে আজ বহুদিন যাবত ভিজছে নিঃসঙ্গ। ভেঙে টুকরো টুকরো হওয়া হীরণেরও শেষবেলার সঙ্গী আছে। কেবল সঙ্গীহীন রয়ে গেল করবী। এই বিশাল পৃথিবীতে মেয়েটার কেউ নেই। কেউ না। অথচ কেউ জানলোও না সেই ছোটোবেলা থেকে একটি মেয়ে যুদ্ধ করতে করতে আজ ক্লান্ত। জানবেই বা কীভাবে? করবী যে চিৎকার করতে জানেনা, কাঁদতে জানেনা। তাই মানুষ তার কষ্ট মাপতেও জানেনা।
#চলবে