#বুকপকেটের_বিরহিণী
পর্ব: বিশ
কলমে: মম সাহা
"আপনি আমাকে দেখে এমন চমকে গিয়ে ছিলেন যে!"
নীরবতা ছিন্ন হলো করবীর প্রশ্নে। থতমত খেল বিদিশা। কথা ঘুরানোর অভিজ্ঞ চেষ্টা, 'পরিচিত লেগেছিল বড়ো!'
"ওহ্! কাকে ভেবে ছিলেন? আপনার কে হয়?"
করবীর প্রশ্নে বিদিশা হতাশ শ্বাস ফেলল। দৃষ্টি তার উড়তে থাকা পর্দায়। হতাশ কণ্ঠে বলল, 'তেমন কেউ না। মুখ পরিচিত থাকে না অনেক? তেমন।'
করবী আর প্রশ্ন করল না। জানার কৌতূহল তার থিতিয়ে এলো। বিদিশা পরিস্থিতি ঘুরাল নতুন প্রশ্নে, 'কোথায় থাকেন আপনি?'
'নওয়াজ গলি। বাড়ি নং- তিন।'
'কে আছে পরিবারে?'
'কেবল বাবা।'
করবীর উত্তরে যেন বিদিশার মুখ-মন্ডলে থাকা কালো ছায়া সরে গেল অনায়াসে যা গোপন হলো না করবীর চোখ থেকে। বিদিশা এবার সোফা ছেড়ে উঠে দাঁড়াল। প্রাণচঞ্চল ভাব দেখা গেল তার অঙ্গ জুড়ে। বলল, 'প্রশ্ন করছি বলে রাগ করবেন না যেন, ভাই।'
করবীর সুন্দর, সাবলীল উত্তর, 'রাগ করব কেন? কৌতূহল মানুষের থাকবে সেটাই স্বাভাবিক।'
করবীর উত্তরে চকচক করল বিদিশার চোখ। না, মেয়েটা যথেষ্ট ভালো।
'পড়েন কোথায়?'
'হিমসাগর ইউনিভার্সিটি। মাস্টার্স পরীক্ষা চলছে।'
বিদিশা এবার চমকাল। অবাক কণ্ঠে বলল, 'মাস্টার্স দিচ্ছেন!'
করবী স্মিত হাসল, 'জি, দিচ্ছি।'
'আপনাকে দেখে বোঝার উপায় নেই। ভেবেছিলাম বড়োজোর অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।'
এবার করবীর হাসি বিস্তৃতি লাভ করল। বলল, 'অত ছোটো লাগে নাকি?'
'লাগে তো। আমি নিজেই এবছর অনার্স ফাইনাল দিবো। আমি আপনার ছোটো তবে! ঘুড়ির ভাবি আমি। আপনি নাম ধরে ডাকতে পারেন।'
'ভাবি ডাকলে কি রাগ করবেন?'
করবীর সহজ-সরল আবদারে যেন বিদিশার মন পুলকিত হলো। সে দু'কদম এগিয়ে এসে তার দু'হাতে করবীর হাত ধরল। ভীষণ আন্তরিকতার সঙ্গে বলল, 'আমার শুনতে ভালো লাগবে, আপু। ডেকো।"
করবী বিদিশার এমন আন্তরিকতায় মুগ্ধ হলো। বেগুনি রাঙা সুতি শাড়িতে এই সুন্দর মেয়েটিকে তার নির্ভেজাল মানুষ মনে হলো। কতজন পারে এমন করে মিশতে? মানুষ তো আজকাল অহংকারের খোলসে এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে আর ডানা মেলে উড়তে চায় না। তার মাঝে এমন দু'একজন হয়তো থেকে যায় সব অহংকার পিছু ফেলে।
-
কোমল, গাঢ় সন্ধ্যা নীল শাড়ি জড়িয়ে আসমান জুড়ে যেন হাপিত্যেশ করছে কোন সে ব্যাথায়। বেদনার নীলে আকাশ জর্জরিত। মিহি বাতাস এসে বিনা বিজ্ঞাপনে নিঃশব্দ আলিঙ্গন দিয়ে যাচ্ছে মানব শরীরে। সেই আলিঙ্গনকে সঙ্গী করে বাড়ি ফিরল করবী। দরজার সামনে আসতেই পা থেমে গেল তার। তিন জোড়া পরিচিত জুতো উঁকিঝুঁকি দিচ্ছে দরজায় এলোমেলো ভঙ্গিতে। করবী ত্রস্ত হাতে বেল বাজাল। সেকেন্ড পেরুতেই ঝড়ের গতিতে দরজা খুলল কেউ। সে কেউটা বিন্দু। টিয়ে রঙের সেলোয়ার-কামিজের গাঢ় কাজল রঙের বিন্দু। যার চোখে পদ্ম পুকুর উপচে পড়ে মায়া নিয়ে।
করবীর আনন্দে চোখ টলমল করে উঠল। ছুটে গিয়ে জড়িয়ে ধরল বিন্দুকে। সকল ক্লান্তিরা হামাগুড়ি দিয়ে যেন ছেড়ে গেল দেহ। বিন্দুও জড়িয়ে ধরল তার আপাকে। ভেজা কণ্ঠ,
'দূরে আইস্যা দূরের মানুষ বানাইয়া ভুইল্যা যাওয়ার ফন্দি আঁটো, আপা? তা তো হইব না।'
করবীরও কণ্ঠ কাঁপছে, 'তোদের ভুলা যাবে আদৌ?'
'ভুলতে দিলে-এ না ভুলতে পারবা।'
করবী জড়িয়ে রাখল বিন্দুকে অনেকক্ষণ। এই ব্যস্ত নগরীতে তার বুকের ভেতর কোথায় একটা ধারাল সুঁচ বসে ছিল। সে যাযাবর সুঁচের ইতিহাস বুঝতে পারেনি। এখন বুজছে। এই যে বিন্দুকে জড়িয়ে ধরার পর ব্যাথার অস্তিত্ব বিলীন হচ্ছে, তার মানে এই সুঁচ কাছের মানুষদের দেখতে না পাওয়ার যন্ত্রণায় গেঁথেছে।
আলিঙ্গনে বিন্দু লেপ্টে থাকলেও করবী অনুভব করল ছোট্টো একটি দেহ জড়িয়ে ধরেছে তার পা। করবী না দেখেও অনুমান করল দেহটি কার! বিন্দুকে ছেড়ে সে ছোটো দেহের অধিকারিণীকে কোলে তুলে নিল। ঝলমলে কণ্ঠে বলল,
'হুতুম বুঝি আমাকে অনেক মিস করেছে?'
হুতুমের বাদামি নয়নে জলের সমুদ্র। টলমলে চোখের মেয়েটি অভিমানী স্বরে বলল, 'তোমারে না মনে পড়লে কারে মনে পড়ব, বাণীর মা?'
'তাহলে ক'টা দিন আমার কাছে থেকো?'
'থাকতে তো মন চায়-ই কিন্তু আমি যে বিন্দুবালারে ছাড়া ঘুমাইতে পারি না। কত না মজা হইতো যদি এক লগে থাকতাম!'
হুতুমের হতাশায় সকলেরই মন খারাপ হয়। কথাটা তো কেবল একা হুতুমের না। সকলের মনেই এই এক টানাপোড়েন, ইচ্ছে আত্মাহুতি দিচ্ছে বারে-বারে। গম্ভীর পরিস্থিতি গমগমে করতে ভেসে এলো পুরুষ কণ্ঠ,
'আমিও আসলাম। কিন্তু এমনে যে মূল্য পাবো না সেটা বুঝিনি।'
করবী ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল। হীরণ বসে আছে ড্রয়িংরুমে রাখা চৌকিটাতে। ঠোঁটে নিখাদ হাসি।
করবী হুতুমকে কোলে নিয়েই এগিয়ে গেল হীরণের কাছে। হাসি বজায় রেখেই বলল,
'মূল্যবান মানুষ সবসময়ই মূল্যবান, নতুন করে আর কী মূল্য দিবো?'
'তাই বলে একটু জিজ্ঞেসও করবে না কেমন আছি?' হীরণের কণ্ঠে ফাজলামোর রেশ।
'আপারে ছাড়া যে তুমি ভালা নাই হেইডা আপা ভালা কইরাই জানে। তাই আপা আর নতুন কইরা জিগায় নাই তোমারে।'
হীরণে প্রতিত্তোরে মজা করেই কথাটা বলল বিন্দু। কিন্তু কথাটা নিখুঁত সত্যি হওয়াই পাংশুটে হয়ে গেল করবীর মুখ। হাসি থেমে গেল হীরণেরও। করবী পরিস্থিতি ঘুরাতে বাহানায় ছুটে গেল রান্নাঘরে। বাবা ততক্ষণে চা বানিয়ে কাপে ঢেলে ফেলেছেন। বিস্কুট সাজিয়েছে প্লেটে। করবীকে দেখেই গাল ভোরে হাসলেন তৈয়ব হোসেন, 'টাকা আছে তোর কাছে, মা?'
করবী চায়ের ট্রে-টা হাতে তুলে নিল। চোখের পলক ফেলে ইশারায় আশ্বস্ত করল, 'আছে। চিন্তা করো না। আমি এখুনি বাজার যাব।'
মেয়ের বুদ্ধিমত্তায় খুশি হলেন বাবা। মাথায় হাত বুলিয়ে বললেন, 'হুতুমটা প্রথম এলো একটু মুরগী আনিস। আর তিমির ছেলেটা একবার দুপুরে এসেছিল ফলমূল নিয়ে। ফোন নাম্বার থাকলেও ওকেও দাওয়াত করে দিস।'
করবী ঘাড় কাঁত করে সম্মতি দিয়েই ছুটল ড্রয়িংরুমে। ওরা ততক্ষণে রুম বদলে ড্রয়িংরুম থেকে বারান্দার রুমে চলে গিয়েছে। বাণীকে ছাড়া আড্ডা জমছে না তাই। অবুঝ পাখি—বাণীরও যেন প্রাণ ফিরে এসেছে ওদের দেখে। ছাড়া ছাড়া শব্দে, ডানা ঝাপটে আনন্দ প্রকাশে ব্যস্ত হয়ে গেল পাখিটা।
করবী সুযোগ বুঝেই বাজারের ব্যাগটা নিয়ে আবার ছুটল বাজারে। সারাদিনের ক্লান্তি তার গা ছেড়ে পালিয়েছে সেই কখন। ওদের দেখলে মনের খোরাক এমনেই মিটে যায়। আর কী লাগে?
বাজার থেকে মুরগীর মাংস নিল, ইলিশ নিল একজোড়া। চকচকে রূপ ইলিশের। বিন্দুর আবার ইলিশ পছন্দ। পুরো বাজার খুঁজে চুনোপুঁটিও নিলো চওড়া দামে। হীরণের পছন্দ। বাবার জন্য শুঁটকি নিল। বাণীর জন্য বাদাম। কেবল থলের এক কোণা খালি রেখে নিলো না নিজের পছন্দের কিছু।
বাজার ভর্তি ব্যাগটা নিয়ে বাড়ির পথ ধরল। ভারে হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম অথচ মনের আনন্দের কাছে তা বড়োই তুচ্ছ হলো। ঘড়ির কাটায় সময় তখন সাড়ে আটটা। নীল আকাশে তখন ভরা পূর্ণিমা। আজ বুঝি আকাশেরও আনন্দ ভীষণ। করবী তার ভাঙা মোবাইল দিয়ে তিমিরের ফোনটাতেও ছোটো একটি ম্যাসেজ করে দিল। আজ ভরপেট খাওয়া হোক। তারপর নাহয় মাস শেষে বাপ বেটি দু'দিন উপোস করে থাকবে। আজকের আনন্দ সেদিনের খিদে নিশ্চয় মিটিয়ে দিবে।
ম্যাসেজ শেষে মোবাইল ব্যাগে রাখতেই পথের বিপরীতে আনমনে দৃষ্টি গেল তার। চঞ্চল দৃষ্টি সেখান থেকে সরাতেই হৃদয় মাঝে কেমন যেন পরিচিত এক মুখ ভেসে উঠল। করবী আবার সেখানে তাকাল। ততক্ষণে পরিচিত মুখ অদৃশ্য। করবী ভীষণ মিলানোর চেষ্টা করল এ মুখ খানা কার। ভাবতে-ভাবতে হুট করে তার অস্বচ্ছ স্মৃতিতে জেগে বসল ভাবনা। বাবার বুকপকেটে থাকা নারীটির সাথে এই মুখের বড়ো মিল। বড়োই মিল। মৃত মানুষকে সে দেখল? এমন মতিভ্রম হলো তার? যাকে কখনো সে দেখেনি, ভাবেনি তাকে হঠাৎ রাস্তায় কেনই-বা দেখল?
#চলবে...