ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 21

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
২১ পর্ব:
কলমে: মম সাহা

(৩১)
দক্ষিণের আকাশে শরৎ আসার ঘ্রাণ। মেঘ গুলো সব ভাসা ভাসা আসমান জুড়ে। করবীর পড়াশোনার পার্ট চুকেবুকে গেছে। মাস্টার্স পরীক্ষা শেষে প্রাতিষ্ঠানিক ভাবে দীর্ঘ ছুটি মিলল।
ঘুড়িকে পড়াতে এসেছে আজ একটু তাড়াতাড়িই। দরজা খোলা ছিল। বিদিশা ড্রয়িং রুমে বসে কাথা সেলাই করছিল সেজন্য দরজা খোলা। মেয়েটা গোসল করছে। করবীকে দেখেই গাল ভোরে হাসল বিদিশা, 'ভালো আছো, আপু?'

করবী হেসে টেবিলে বসল। উত্তর দিল, 'ভালো। তুমি ভালো আছো, ভাবি?'
'এই তো ভালো। তুমি বসো, আমি আসছি। ঘুড়িরও বোধহয় গোসল শেষ হলো বলে।'

করবী ঘাড় কাঁত করে সম্মতি দিতেই বিদিশা উঠে গেল। নিরিবিলি ভাব ভেঙে হুট করে একটা গুনগুনিয়ে গানের শব্দ কোথা থেকে এসে যেন মুগ্ধতা ছড়িয়ে দিল চারপাশে। করবী মনোযোগ দিতেই বুঝল ঘুড়ির কণ্ঠ। মেয়েটা চমৎকার গান জানে তো! কী সুরেলা সুর!
ঘুড়ি গুনগুন করতে করতে বাহিরে এসে করবীকে দেখে বেশ বিব্রতবোধ করল। হাসল খানিক,
'আসসালামু আলাইকুম, মেম।'
করবী সালামের জবাব দিল। প্রশংসা করে বলল, 'তোমার গানের কণ্ঠ ভীষণ সুন্দর, ঘুড়ি। গান শিখেছিলে বুঝি?'

ঘুড়ি লাজুক হাসল। মাথা নাড়িয়ে সম্মতি দিল, 'শিখতাম। এখন আর যাই না গানের ক্লাসে।'

করবীর কৌতুহল বাড়ল। বিস্মিত কণ্ঠে বলল, 'কেন যাও না?'

কেন'র জবাব দিতে গিয়ে ঘুড়ির লজ্জায় মাখো মাখো অবস্থা হলো। করবী দেখল ঘুড়ির হাবভাব। সাবলীল ভাবে প্রশ্ন করল,
'তোমার বাবা-মা বুঝি পছন্দ করেন না?'

করবীর প্রশ্নে ঘুড়ি চমকাল। থতমত খেয়ে বলল, 'না, না। তেমন না।'
'তবে..?'

ঘুড়ি মাথা নামাল, বিড়বিড় করে বলল, 'বিদিশা ভাবীর দেবর পছন্দ করেন না।'

ঘুড়ির কথা বোধগম্য হলো না করবীর। আরেকজনের অপছন্দ দেখে মেয়েটা গান গাওয়া ছেড়ে দিয়েছে ব্যাপার বড়োই অসামঞ্জস্য লাগল তার কাছে। তবে সে আর প্রশ্ন করল না। ঘুড়ি এসে বসল। নিজ মনে পড়াও শুরু করল। বাহির থেকে তখন উষ্ণ বাতাস আসছে। রুমের পর্দা উড়ছে। চারপাশ নিরিবিলি। ঘর জুড়ে কেবল ঘুড়ির পড়ার শব্দ। ঘুড়ি পড়তে-পড়তে হুট করে চুপ করে গেল। করবী তখন অন্য ধ্যানে মগ্ন। ঘুড়ি দোনোমোনা করে ডাকল,
'মেম।'
করবীর ধ্যানে ভাঁটা পড়ল। সে কিছুটা ঘোরের মাঝেই বলল, 'হু, হ্যাঁ?'

'একদিন বিকেলে আমি গিটার বাজাচ্ছিলাম। বিদিশা ভাবীর দেবর হুড়মুড় করে দরজায় আসলেন আমার। তারপর রুক্ষ কণ্ঠে বলেছিলেন, "ঘুড়ি, গিটারটা ধীরে বাজাও। আমার শব্দ পছন্দ না।" তারপর থেকে আমার গিটারে কখনো সুর উঠেনি।'

ঘুড়ির কথায় করবীর ভ্রু কুঁচকালো। নাক-মুখ কুঁচকে বলল,
'কী অ ভ দ্র লোকরে! তুমি উনার কথা শুনতে গিয়েছ কেন? অদ্ভুত!'
'মেম, তাকে অ ভ দ্র বলবেন না। আমি গিটারের সুর তো তার জন্যই বাজতো। সে চায় না বলে আর বাজে না। তাকে মুগ্ধ করতে না পারলে সেই গিটার বাজিয়ে কী লাভ!'

করবীর কাছে এবার ব্যাপারটা স্বচ্ছ। সাদামাটা কাহিনীর ভেতরেও যে প্রেমের একটা গল্প আছে তা আর বুঝতে বাকি রইল না তার। ত্ই সে ফিক করে হেসে দিল। ঘুড়ির গাল টেনে বলল,
'ও বাবা! এখনই এসব। তোমার কিন্তু বয়স কম, ঘুড়ি। সাবধান।'

ঘুড়িও হাসল তাল মিলিয়ে। ক্ষীণ কণ্ঠে বলল,
'কেবল ভালো লাগে মেম। এর বেশি কিছু না।'
'হয়েছে, এবার পড়ো।'

_

গুমোট গরম পড়েছে চারপাশে। হীরণ রাস্তায় দাঁড়িয়ে বাইকের পাশে সিগারেট ফুঁকছে। চারপাশ থেকে তখন ব্যস্ত মানুষের পদচারণ। সিগারেটে শেষ টান টুকু দিতেই তার সামনে উপস্থিত হলো হুতুম। এসেই আধো কণ্ঠে বলল,
'মাস্তান, তুমি এইহানে কী করো?'

হীরণ হুতুমকে দেখে নিটোল সুন্দর হাসল, 'তোমার জন্য দাঁড়ায় আছি।'

'তুমি কেমন কইরা জানো আমি যে আসুম?'
'জাদু।'
'তুমি জাদু জানো?' হুতুমের চোখে চকচক করছে বিস্ময়। তা দেখে হাসল হীরণ। মাথা উপর-নীচ নাড়িয়ে বলল,
'তা একটু জানি।'

কথা শেষ করেই হুতুমকে কোলে তুলে নিল হীরণ। চুল গুলো আলগোছে গুছিয়ে দিল। শুধাল,
'কিছু খাবে?'
হুতুম আদুরে ভঙ্গিতে ঠোঁট উল্টালো। ভাবুক স্বরে বলল,
'আমি তো বিন্দুবালার লাইগ্যা এইহানে আইসা দাঁড়াইছি। কিছু খাইতে না।'
'খাও কিছু।'
'খাবো? কিন্তু বিন্দুবালা যে কইলো, কেউ কিছু সাধলে যেন না খাই।'
'সেটা তো অপরিচিত মানুষের জন্য। কাছের মানুষদের জন্য এ নিয়ম না।'
হীরণের আশ্বাস বাণীতে যেন হুতুম খুশি হলো। উৎফুল্ল কণ্ঠে বলল,
'চলো চিপস খাই।'

হীরণ রাজি হলো। হুতুমকে গাড়িতে বসিয়ে বাইক টেনে কিছুটা দূরে নিয়ে গেল। একটা দোকান থেকে চিপস্ আর কোক কিনে মেয়েটার হাতে ধরিয়ে দিলো। হুতুমের কী খুশি! খুশি যেন ধরেই না! বাদামি মনি গুলো খুশিতে চকচক করছে। গোলাপি, চিকন ঠোঁট গুলো বাচ্চাটার মুখের সবচেয়ে সুন্দর অঙ্গ যেন! হীরণ মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে রইল। হুতুম মোটেও ওর বাবা-মায়ের মতন হয়নি। বিন্দুর সাথে চেহারা খানিক মিল। বলা যায় বড়ো বোনের আংশিক পেয়েছে। কিন্তু পুরো চেহারায় বিদেশীয়ানা রয়েছে।
হীরণের ভাবনার মাঝেই হুতুম লাফিয়ে উঠল,
'মাস্তান, দেহো দেহো, বাণীর মা যায়। বাণীর মা, ও বাণীর মা....'

হুতুমের ডাকে হীরণও সেদিকে দৃষ্টি ফেলে। রুবী যাচ্ছে ভেবে সে বার কয়েক ডাকও দেয় তবে মেয়েটা তাদের দিকে ফিরেও চায় না। হীরণের খটকা লাগে, রুবী তো কখনো বোরকা পরে না। তাছাড়া রুবীর ডান গালে থাকা তিলটাও চোখে পড়ল না! কিন্তু একটা মানুষের আদৌ এত মিল হয়! এই অতি আশ্চর্যান্বিত ঘটনায় লোমকূপ দাঁড়িয়ে গেল হীরণের। এতটা মিল কারো মাঝে হতে পারে? হীরণ তৎক্ষণাৎ করবীকে কল করে জিজ্ঞেস করেই জানতে পারে করবী তাদের বাসার গলিতে। বাসায় ফিরছে। তাহলে এই মেয়েটা রুবী না, অন্য কেউ।

-

তিমির হাঁটছে করবীর পাশে। মেয়েটার চোখে-মুখে চিন্তা। তিমির বেশ কিছুক্ষণ যাবতই খেয়াল করছে করবীর চিন্তিত ভাবভঙ্গি। অবশেষে না পেরে শুধাল,
'কোনো সমস্যা?'
করবী আচমকা প্রশ্নে থতমত খেল। আমতা-আমতা করে বলল,'না।'
'নতুন টিউশনিটা তো দেখি আমাদের গলিতেই নিয়েছো!'
করবী কিঞ্চিৎ অবাক হলো, 'ওটা আপনাদের এলাকা?'
'হ্যাঁ।'
'ভালো তো।'
'একদিন আমাদের বাসায় নিয়ে যাবো। কেমন? যাবে তো?'
শেষের প্রশ্নটায় যেন আকাশ সমপরিমাণ সংকোচ এবং সংশয় ছিল। করবী পূর্ণদৃষ্টিতে তাকাল তিমিরের দিকে। চোখে-চোখ পড়ল। বসন্ত এসে যেন ধরা দিলে বুকের বা'পাশে। হৃদপিন্ড বোধহয় দু-তিনবার শব্দ করতে ভুলে গেল। ব্যস্ত পথ হয়ে গেল রূপকথার রাজপুরী। করবী লাজুক হাসল,
'যাব।'

করবীর ছোট্টো উত্তরে যেন খুশি হয়ে গেলে তিমির। হুট করে সে একটা বাচ্চামো করে বসল। কাকে যেন কল লাগাল। রাশভারি কণ্ঠে বলল,
'ভাবি, আপনার শাশুড়িকে বলবেন, তিমির তার গন্তব্য পেয়ে গিয়েছে।'

তিমিরের করা হঠাৎ কাজে করবীর গাল লাল হয়ে গেলে। গোলগোল আঁখিদুটিতে লজ্জা ধরা দিল। মেয়েটা ছুটে চলে গেল বাড়ির ভিতরে। তিমিরের মুখে হাসি। অতীত ফিরে পাওয়ার সুখ তার অঙ্গে-অঙ্গে।

-

রাতের গহীনে চাঁদ হারিয়ে অমানিশায় ছেয়ে গেছে পৃথিবী। করবী দাঁড়িয়ে আছে তার প্রাণহীন বারান্দায়। চোখ-মুখ শুকনো। তৈয়ব হোসেন বেশ কয়েকদিন যাবতই মেয়ের এহেন উদাসীনতা দেখছেন। সন্তানের এমন উদাসীনতায় তারও যে বুক পুড়ে। অবশেষে আজ না পেরে তিনি উপস্থিত হলেন। বুকের মাঝে অদম্য সাহস সঞ্চার করে এলে। ডাকলেন করবীকে,
'রক্তকরবী...ঘুমোসনি যে?'

করবীর চমকে যাওয়া উচিত ছিল বাবার অপ্রত্যাশিত কণ্ঠে। কিন্তু সে চমকাল না। বরং ধীর স্বরে বলল, 'অবশেষে সাহস করলে তবে?'

তৈয়ব হোসেন চমকালেন মেয়ের হেঁয়ালি প্রশ্নে। হয়তো বুঝলেন আবার বুঝলেন না ভাব করে বললেন, 'কী বলছিস?'
'আমাকে কেন আঁধারে রাখছ, বাবা? আমার কী সবটা জানার অধিকার নেই?'
তৈয়ব হোসেন বিব্রত হলেন তবে বুঝত দিলেন না। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলেন,
'কী জানার কথা বলছিস?'
'মা কোথায়, বাবা?'

করবীর সামান্য প্রশ্নে অস্বাভাবিক কম্পন দেখা দিল তৈয়ব হোসেনের মাঝে। বহু কষ্টে তিনি উচ্চারণ করলেন,
'ম রে গিয়েছে। বেঁচে থাকলে তো সাথেই থাকতো।'
করবী হু হা করে হাসল। ভগ্ন কণ্ঠে শুধাল, 'দূরে যাওয়া মানেই তো মরে যাওয়া না, তাই না?'

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 21 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন