ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 26

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
হীরণ সমাচার পর্ব: ২৬

কলমে: মম সাহা

কিছু মানুষ চির জীবনের জন্য ঘুমিয়ে আছে মাটির ভেতরে। তার সাথে ঘুমিয়ে গিয়েছে কত শখ, কত স্বপ্ন, কত না বলা কথা, কত আফসোস, কত মায়া, আরও কত কী...জায়গাটি কবরস্থান। প্রতিটি মানুষের শেষ গন্তব্য স্থান। যেখানে এসে একদিন সবাইকে থামতে হবে। সবকিছুকে বুকে যত্নে করে পোষ মানিয়ে ঘুমিয়ে পড়তে হবে এখানে। চির জীবনের ঘুম।
ঠিক এই জায়গাটার চারপাশ জুড়ে যে বেড়া লাগানো, সেই বেড়ার বিপরীতে এক জীবিত পৃথিবী। যেই পৃথিবী প্রতিনিয়ত স্বপ্ন পুষে বুকে, চলছে বহুদূর। শেষ গন্তব্যের কথা ভুলে গিয়ে ক্ষণস্থায়ী গন্তব্যকে পাওয়ার আশায় ছুটছে। এই ছুটার শেষ নেই। তারা ভুল করেও একবার স্মরণ করে না একদিন তাদের ব্যস্ততা এসে ঘুমিয়ে যাবে কবর দেশেতে। একটা সামান্য বেড়া, অথচ দু'টো পৃথিবীকে আলাদা করে দিয়েছে কত গুরুতর ভাবে। সেই বেড়া ধরে ব্যস্ত পৃথিবীর একজন প্রাণী শূন্য চোখে তাকিয়ে আছে ঘুমন্ত পৃথিবীটির দিকে। কারণ আজ তার শখের মানুষটি ঘুমিয়ে গিয়েছে চির নিদ্রায়। সেই ঘুম কেমন, কতটা একাকীত্বের তা-ই দাঁড়িয়ে দেখছে মেয়েটি।

বাতাস নেই চারপাশে। গুমোট, অস্বস্তিকর একটা গরম পড়েছে। তবে জোছনা রাত। এক আকাশ জুড়ে একটি অর্ধ-খণ্ডিত চাঁদ চুপ করে আছে বিচ্ছেদের দেবদাসের মতন। সেই জোছনার আলো ঝলমল করছে নতুন কবরটার উপর।

'বাড়ি চলো। ভোর হবে তো কিছুক্ষণ পর।'
এই নিশ্চুপ, অপরিচিত পরিবেশে পরিচিত কণ্ঠে খানিক কাঁপল করবীর শরীরটা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ল হীরণের ক্লান্ত, পরিশ্রান্ত মুখটি। করবীর অবাক হওয়া উচিত হুট করে এখানে হীরণকে দেখে। বিস্ময়ও প্রকাশ করা উচিত। অথচ সে কিছুই করল না। কেবল নির্জীব কণ্ঠে থেমে থেমে বলল,
'কখন এলে?'
'আমি এখানেই ছিলাম।'
'এখানে ছিলে?'
করবীর মুখে এবার খানিক বিস্ময় দেখা গেল। হীরণ এসে করবীর পাশাপাশি দাঁড়াল। দৃষ্টি রাখল করবীর মুখমণ্ডলে। উত্তর দিল, 'হ্যাঁ।'
'কিন্তু.. কেন?'
'আমি জানতাম তুমি আসবে।'
করবীও এবার সরাসরি তাকাল হীরণের দিকে, 'তুমি জানতে আমি আসব! কীভাবে?'
'যে মেয়েটি তার সকল শখ, আহ্লাদ কেবল উৎসর্গ করেছিল তার বাবার পেছনে, সেই মেয়েটি যে বাবার সাথে এত সহজে সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না, সেটা আমি জানি।'

করবীর চোখে জল এলো। কান্নারা এমনই। আহ্লাদ পেলে প্রকাশ্যে আসতে চায়। হীরণ করবীর মনের অবস্থা বুঝল। করবীর ডান হাতটা শক্ত করে ধরল, 'কেঁদো না। যে চলে গেছে, কাঁদলেও সে ফিরে না।'
ছন্নছাড়া, ভবঘুরে ছেলেটির নিখাঁদ স্বান্তনায় করবীর কান্না থামার বদলে বেড়ে গেল। ফুপিয়ে ওঠল সে,
'কেন ফিরে না? তারা জানে না, তাদের ছাড়া আমাদের কষ্ট হয়।'
'জানে। কিন্তু ফিরে আসার যে নিয়ম নাই। থাকলে হয়তো তারা আসতো। এত আপন মানুষকে রেখে যেতে কেই-বা চায় বলো?'

'আমার খুব কষ্ট হচ্ছে।' বাচ্চাদের মতন কী সহজ সরল স্বীকারোক্তি মেয়েটার! হীরণের খারাপ লাগে। তার ডান হাতে থাকা করবীর হাতটাকে সে বাম হাতে বুলিয়ে দেয় স্নেহের ছোঁয়ায়। বলে,
'তোমার যে খুব কষ্ট হচ্ছে সেটা আমি জানি। বুঝি। মা যখন মারা গেল, তখন আমার কষ্ট বুঝার বয়স হয়নি। একদিন দেখলাম বাবার সাথে মায়ের কী নিয়ে যেন প্রচণ্ড ঝগড়া হলো। ঝগড়া ভয় পেতাম তাই ভয়ে ঘরে গিয়ে দরজা আটকে খাটে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝিনি।'
হীরণের কথা থামে। পরপরই ভেসে আসে দীর্ঘশ্বাস। ততক্ষণে করবীর কান্না কিছুটা দমে এসেছে। হীরণের এ'জীবন সম্পর্কে তারা অবগত নয়। তা-ই স্বভাবতই কৌতূহল জন্মালো তার,
'তারপর?'

হীরণ বুক ভোরে শ্বাস নিল। কষ্টের কথা বলতে তার ভালো লাগে না। তবুও করবীর কষ্ট সামান্য নিয়ন্ত্রণে আনতেই এই কথাগুলো বলা। কারণ মানুষ যখন নিজের কষ্ট নিয়ে প্রচণ্ড হতাশায় ভুগে তখন তাকে অন্যের কষ্টের কথা জানাতে হয়। তখন অন্যের কষ্টের সাথে নিজের কষ্টের তফাত খুঁজে পেয়ে খুব সহজেই নিজের দুঃখটা লাঘব করতে পারে।

হীরণকে চুপ থাকতে দেখে করবী আবার জিজ্ঞেস করল, 'তারপর?'
'তারপর আর কি, ঘুম থেকে ওঠলাম প্রচণ্ড চিৎকারের শব্দে। মায়ের ঘর থেকে চিৎকার আসছিল। ছোটো মন ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। দ্রুত মায়ের রুমের কাছে যেতেই জীবনের নির্মম দৃশ্যটুকু দেখে ফেললাম। মায়ের শরীরে দপদপ করে আগুন জ্বলছে। মা নিজেই লাগিয়েছে আগুনটা। আমি মায়ের কাছে ছুটে যেতে চাইলেও দাদী আটকে দেয়। মা-ও এই জ্বলন্ত শরীর নিয়েও বার-বার হাত নেড়ে ইশারা করছিল আমি যেন তার কাছে না যাই। বাড়ির কাজের লোকরা ছুটে গিয়ে পানি আনল। মায়ের শরীরের আগুন নেভালো। কিন্তু ততক্ষণে সবটুকু পুড়ে ছাঁই। মায়ের শরীর, মায়ের দুঃখ, মায়ের অভিযোগ.... সবকিছু।'

কথা থামল। বোবা বাতাস ছুঁয়ে গেল শরীর। করবী তার হাতের তালুতে থাকা হীরণের হাতটা শক্ত করে ধরল। এই শক্ত করা অর্থ হলো আশ্বাস দেওয়া।

'কষ্ট পেও না।' ছোটো, ভাঙা ভাঙা কণ্ঠে বলল সে।
হীরণ হাসল। আবারও বুক ভোরে কতগুলো বোবা বাতাস টেনে নিল অন্তরে,
'কষ্ট পাই না। কষ্ট পেয়েও বা আর কী হবে? মা ফিরবে না। তবে একটা জায়গায় আমার আফসোস থেকেই গেছে, জানো। আমি সাত বছর থাকাকালীন মা মরেছিল। মায়ের বিদায়ে কান্না করার জন্য এই পৃথিবীতে কেউ ছিল না। আমি তো ছোটো মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখে ভীত হয়ে গিয়েছিলাম। তাই কান্না করার সুযোগ পাইনি। অথচ আব্বু, দাদী, ফুপি কেউ কাঁদল না। দেখলাম মায়ের লাশ কবরে ওঠার আগেই বাড়িতে বিশাল আড্ডা বসল। সেই আড্ডায় আব্বুর দ্বিতীয় স্ত্রী কেমন আনতে হবে তা নিয়ে আলোচনা করতে ব্যস্ত সকলে। অথচ তখনও বাড়িটায় একজন মানুষের অস্তিত্ব পুড়ে যাওয়ার গন্ধ ছিল। একটা মানুষ এত বছর এই পৃথিবীটাতে ছিল। সংসার গুছানোর তাগিদে নিজেকে কখনো গুছানোর সুযোগ পেল না, সংসারের জন্যই শেষমেশ জীবন দিল অথচ দুর্ভাগ্য দেখো, সেই সংসারেই তার শূণ্যতায় কান্না করার মতন কেউ ছিল না। কেউ না। আমার মায়ের পুরো এক জীবনের মায়া, শ্রম সবই বৃথা ছিল। অথচ চাচার ভাগ্য সেক্ষেত্রে ভালো। তার কবরের দিকে উদাস হয়ে তাকিয়ে থাকার জন্য একজন মানুষ তিনি পৃথিবীতে রেখে গেছেন।'

করবী স্বান্তনা দেওয়ার ভাষা পেল না। কেবল শক্ত হাতে ধরে রাখল হীরণকে।
হীরণ তপ্ত শ্বাস ফেলল,
'জানো, আমার আফসোস কী?'
করবী আগ্রহী মনে তাকাল। জিজ্ঞেস করল, 'কী?'
'যে মানুষটা আগুনে ঝলসে যাওয়ার সময়ও আমার কথা ভেবে আমাকে তার কাছে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিল, সে মানুষটার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। কিছুই না।'

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 26 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন