ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 25

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ২৫
কলমে: মম সাহা

(৩৬)
করবীর চুল ভেজা। বারান্দা ছুঁয়ে আসা ল্যাম্পপোস্টের আলোয় চিকচিক করছে ভেজা চুল। পড়নে হলুদ রঙের একটি থ্রি-পিস। বাণীও আজ চুপচাপ খাঁচায় বসে আছে। হাপুস নয়নে তাকিয়ে তাকিয়ে আছে করবীর দিকে। বিদায়ের বার্তা নাকি অবুঝ প্রাণীরা বুঝতে পারে। হয়তো বাণীও বুজেছে। করবীও বুজেছে। বাবার সবটুকু ইচ্ছে এখন নিঃশেষ। আর হয়তো বাঁচবেন না। করবী জানে। তিমির আছে বাবার কাছে। করবী বাড়িতে এসেছে বহুক্ষণ। এখন যাবে। বাণীকে সাথে নিয়ে যাবে। তার আগে ভাঙা ফোনটা চার্জে দেওয়া হয়েছিল সেটা অন করে বিন্দুদের খবর দিতে হবে।
চারপাশে নিঃশব্দতা আলিঙ্গন করে আছে রাতকে। সেই নিঃস্তব্ধতা ভেদ করে বাণী কথা বলে ওঠল,
'সই, সই, সই,
মনের কথা কই....'
করবী হুট করে বাণীর শব্দে চমকে গেল খানিকটা। বুকের মাঝে দুরুদুরু কম্পন। বাণীটা অনেকদিন পর আবার এই কথাটা বলেছে। বাণী যেদিন এই প্রথম কথাটা উচ্চারণ করে সেদিন করবীর জীবনে মীরাক্কেল ঘটে। বাবা সুস্থ হয়ে যান। আজ আবার বাণী এ কথা বলছে যে? বাণী কী মনের কথা আজ বলতে পারবে?
করবীর মনে তুমুল সংশয়। তবুও সে ঘাড় কাঁত করল। বলল, 'বল।'
বাণী আবার বলল,
'সই, সই, সই
মনের কথা কই,
এক জীবনে ভালোবেসে
সুখ পাইলাম কই?'

করবীর শরীরে মৃদু কম্পন দেখা দিল। বাণীর বলা কবিতাটা নিশ্চয় বাবার শেখানো কারণ বাণীকে তিনিই কথা শেখান। বাণী মনের কথা বলতে পেরেছে। তবে সেটা বাণীর মনের কথা না, সেটা বাবার মনের কথা যা বাণীর ঠোঁটে উচ্চারিত হয়েছে। করবীর চোখ টলমল করে ওঠল। এতদিনে তবে বাবার মনের কথা সে জানল! তা-ও বাবার বিদায় বেলা! নাকি বাবা সুস্থ হয়ে ওঠবেন? কারণ গতবার তো বাণী কথা বলল যেদিন সেদিন বাবা সুস্থ হয়ে ওঠেছিল। আজও কী তা-ই হবে?
করবী ছুটে গেল ঘরে৷ ওড়না জড়িয়ে নিল মাথা হতে শরীর অব্দি। কল দিল বিন্দুকে। দু'বার রিং হতেই কল ধরল মেয়েটা। উৎকণ্ঠা মেয়েটির কণ্ঠে,
'আপা, কই আছিলা তুমি? তোমারে কত গুলান কল দিছি জানো তুমি? তোমাগো বাড়ির সামনে গিয়া হুনলাম তোমরা হাসপাতালে নাকি গেছ। কোন হাসপাতাল, কার কী হইল কিচ্ছু জানিনা। তাও হীরণ ভাই অনেক খুঁজছে। কী হইছে, আপা।'

করবীর কণ্ঠ কাঁপছে। কথা বলতে পারছে না। তবুও অস্ফুটস্বরে উচ্চারণ করল, 'বিন্দু, আব্বু হসপিটালে। তোরা আয়। আমি ঠিকানা ম্যাসেজ করে দিচ্ছি।'

বিন্দুকে আর কথা বলার সুযোগ না দিয়েই কল বিচ্ছিন্ন করল সে। তারপর বাণীর খাঁচাটা নিয়েই ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাবার কাছে পৌঁছাতে হবে। মনের এক কোণে যে আশার দ্বীপ জ্বলেছে তা যেন সত্যি হয় সে নিয়ে কত বার দোয়াও করল।

-

ঘুড়ির বাবা অফিস ট্যুরে বাহিরে গিয়েছে। মা গিয়েছে কোনো এক বান্ধবীর বিবাহ বার্ষিকীতে। ঘুড়িকে সেধেছেও। সে যায়নি। অপরিচিত মানুষের সান্নিধ্যে যেতে ঠিক ওর ভালো লাগে না। বাবা-মা নেই বিধায় ঘুড়ি বিদিশাকে নিজেদের ফ্লাটে নিয়ে আসছে।
বিদিশার চোখ-মুখ শুকনো। মনমরা হাবভাব। ঘুড়ি অবশ্য জানে মনমরার কারণ কী। তাসনীম বেগম গতকাল এসে তার মায়ের সাথে দুঃখ করে গেছেন। অনেক কিছুই অপ্রাসঙ্গিক বলেছেন যা ঘুড়ির পছন্দ হয়নি। কারণ সে বিদিশা ভাবিকে চেনে। ভাবি কেমন তার এতটুকু ধারণা এ কয়েক বছরে হয়েছে। তাই তাসনীম বগমের কিছু কথা একদম যুক্তিহীন লেগেছিল।

'ভাবি, চলো আইসক্রিম খেতে যাবে?'
ঘুড়ির প্রশ্নে উদাস বিদিশার ধ্যান নড়ল। চোখের পলক পড়ল। সে ফিরে তাকাল। বিষণ্ণ কণ্ঠে বলল,
'এখন?'
'হ্যাঁ। চলো।'
বিদিশা ফুস করে শ্বাস ফেলল। মেয়েটার উচ্ছ্বাসিত মুখমণ্ডলে তাকিয়ে না করতে ইচ্ছে হলো না। তাই ফ্যাকাসে কণ্ঠে বলল, 'আচ্ছা, চলো।'
বিদিশা যে রাজি হয়ে যাবে এক কথায় ঘুড়ি সেটা জানতো। মানুষটা যাকে ভালোবাসে তাকে সবটুকু দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এত গভীর, আর নিবিড় ভালোবাসা! অথচ কেউ বুঝলে তো!
আসকারা পেতেই ঘুড়ি দ্বিতীয় আবদারটি ছুঁড়ল, 'চলো এক রঙের শাড়ি পরি।'
বিদিশা আড়চোখে তাকাল। বলল, 'আমি তো পরেছিই।'
'না এটা না। আমার কাছে এক রঙের দু'টো শাড়ি আছে। অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তোমার জন্য আর আমার জন্য। দিইনি তোমাকে। তোমাদের ঘরের অবস্থা একটু গম্ভীর তো, তাই। চলো সেটা পরি।'
ঘুড়ির কথায় ভ্রু দু'টো কিছুটা উপরে তুলল বিদিশা। টানা টানা চোখ দু'টোতে প্রশ্ন,
'আমার জন্য শাড়ি এনেছ কেন?'
'ওমা, তোমার কত শাড়ি আমি পরি। তো আমি দু একটা তোমাকে দিবো না? এতটা কিপটে ভেবো না আমাকে।'
'কিপটে ভাববো কেন? এখন কী তুমি রোজগার করো যে শাড়ি দিচ্ছ? যখন করবে, তখন দিও।'
'রোজগার না করি, এটা আমার উপহারের টাকা দিয়ে কিনেছি। ভাবি প্লিজ, চলো না।'

মেয়েটার চোখে-মুখে আকুতি মিনতি। বিদিশা এই মায়া মায়া মুখটার আকুতি ফেলতে পারল না। তাই রাজি হলো। সম্মতি দিয়ে বলল,
'আচ্ছা। চলো।'

সন্ধ্যা তখন রাতের আড়ালে ঝিমিয়ে এসেছে। ফিনফিনে বাতাস বইছে। জোছনার আলো মিশে আছে আসমান জুড়ে। সুন্দর সেই মোহনীয় রঙ। রাস্তার ধারে এক ধ্যানে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলোয় জ্বলজ্বল করছে বিদিশার চোখ-মুখ। কালোপেড়ে কাঁঠালিয়া রঙের একটি শাড়ি পরেছে। ঘুড়িও তাই পরনে। ঘুড়ির বয়স কম। উঠতি বয়স মাত্র। এ বয়সে চেহারার গড়ন অতিমাত্রায় আকর্ষণীয় হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিককে এক হাত টেক্কা দিয়ে দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তরুণী বিদিশাকে।

ওরা দু'জন এসে দাঁড়িয়েছে একটি আইসক্রিম স্টলের সামনে। সেখানে সামান্য ভিড় রয়েছে। একটি লেকের কাছে আইসক্রিমের স্টলটি। লেকের শান্ত শীতল বাতাস মনের সুখে উড়ে উড়ে আসছে এখানে। ঘুড়ির কাঁধ সমান চুল গুলো অবাধ্য বাতাসে উড়ছে। বিদিশার চুলে বরাবরের মতন খোপা বাঁধা। দু চারটি চুল কেবল কপাল জুড়ে পড়ে আছে। ঘুড়ি ভিড় ঠেলে গিয়ে আইসক্রিম নিয়ে এলো। সবেই আইসক্রিমে ঠোঁট ডুবিয়েছে দু'জন, তন্মধ্যেই একটি রাশভারী কণ্ঠ পাওয়া গেল,
'ঘুড়ি, তুমি এখানে যে?'

উষ্ম ঠোঁট দখল করে আছে ঠান্ডা আইসক্রিমটি। সেই অবস্থাতেই চোখ তুলে তাকাল বিদিশা। তাকাতেই থেমে গেল তার মুগ্ধ চোখজোড়া। কালো শার্টের সুদর্শন পুরুষটিকে দেখে হৃদপিণ্ড আবার প্রথমবারের মতন ছলাৎ করে ওঠল।
ঘুড়িও কিঞ্চিৎ অবাক হয়েছিল কিন্তু পরিচিত মানুষটিকে দেখেই গাল ভোরে হাসল। খানিকটা বিস্ময় নিয়ে বলল,
'আরে, তুষার ভাইয়া! তুমি এখানে!'

ঘুড়ির হাসির বিপরীতে হাসল তুষারও। একঝলক বিদিশার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। তারপর ঘাড় কাঁত করে বলল,
'এলাম আরকি। ঘরে বোরিং লাগছিল তাই ভাবলাম এখান থেকে ঘুরে যাই। তুমি কখন এলে?'
ঘুড়ি একবার আড়চোখে বিদিশার দিকে তাকাল। আপাত দৃষ্টিতে বিদিশার মুখ-চোখ দেখে কিছু বুঝার উপায় নেই। সেদিকে তাকিয়েই ও উত্তর দিল,
'এসেছি এইতো দশ-পনেরো মিনিট হবে। আইসক্রিম খাবে? দাঁড়াও অর্ডার দিই।'
ঘুড়ির প্রস্তাব নাকচ করল তুষার, ' না, না, আমি খাই না আইসক্রিম।'
'আইসক্রিম খাও না? কী বলো! এত মজার একটা জিনিস।'
'না, তোমরাই খাও। আমার ভালো লাগে না।'
'ভালো না লাগলেও খেতে হবে। দাঁড়াও আনছি।' কথা শেষ করে যেই না ঘুড়ি পা বাড়াতে নিবে ঠিক তখনই তার হাত ধরে আটকে দিল বিদিশা। মুখ-চোখ গম্ভীর মেয়েটার। সেই গাম্ভীর্যের রেশ কণ্ঠে ধরেই বলল,
'যে খাবে না তাকে জোর করছ কেন? দাঁড়াও এখানে। তুমি আর আমি এসেছি এখানে। তৃতীয় কেউ আসেনি। তাই তৃতীয় কাউকে জোর করে রাখবে না।'

বিদিশার শক্ত কণ্ঠে থেমে গেল ঘুড়ি। অস্বস্তি নিয়ে তাকাল তুষারের দিকে। তুষারের কপালে ভাঁজ পড়েছে। সে সন্দিহান কণ্ঠে বলল,
'আপনার টাকাতে ও খাওয়াচ্ছে না। তাহলে আপনি বারণ করছেন কেন?'
বিদিশা তাকাল তুষারের দিকে। অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল,
'কার টাকায় খাওয়াচ্ছে ব্যাপারটা বড়ো না। ব্যাপারটা হচ্ছে বিপরীত পক্ষের মানুষের ইচ্ছে-অনিচ্ছের উপর। কারো অনিচ্ছায় কিচ্ছু করা উচিৎ না। হোক সেটা আইসক্রিম খাওয়ানো কিংবা বিয়ে দেওয়া।'

বিদিশার কঠিন জবাবে তাজ্জব বনে গেল তুষার। গোলগোল চোখে অস্বস্তি নিয়ে ঠাঁই দাঁড়িয়ে রইল ঘুড়িও। এমন একটা কথার প্রসঙ্গে কার কী বলা উচিত ঠিক বুঝে ওঠতে পারল না কেউ।

_

তৈয়ব হোসেন কখনো মেয়েকে রেখে ভাত খেতেন না। মেয়ে না ঘুমানো অব্দি ঘুমোতেন না। মেয়ে না ফেরা অব্দি দরজার কাছে বসে থাকতেন অপেক্ষায়। দীর্ঘ এক জীবন যেই মানুষটা ছোটো ছোটো ব্যাপারেও নিজের সন্তানের অপেক্ষা করে গেছেন, সেই মানুষটাই শেষবেলায় এসে আর অপেক্ষা করলেন না। বিদায় ক্ষণে মেয়েকে একবার 'বিদায়' বললেন না। নিরবে বহুদূরে প্রস্থান নিলেন। মেয়ে আসা অব্দি তিনি রইলেন না।
পুরো হসপিটাল ভয়ঙ্কর আর্তনাদে বিমূর্ত হয়ে গেল। জ্যামের কারণে করবী পৌঁছেছিল সবার শেষে। তার আগে বিন্দু, হুতুম, হীরণ সবাই পৌঁছে গেলেও সে পৌঁছাতে পারেনি। হয়তো ভাগ্য নির্মাতা চাননি বাবার প্রস্থান মেয়েটা চোখ মেলে দেখুক। করবী যখন হসপিটালে এলো তখন বিন্দু হাউমাউ করে কাঁদছিল। হুতুমও হীরণের কোলে মাথা রেখে কাঁদছে। তিমির কাগজপত্র গুছাচ্ছে লা শ নিয়ে ফিরতে হবে বলে।

যা বোঝার করবীর বুঝতে বাকি রইল না। ঠিক পরপরই গগণ বিদারক চিৎকার দিয়ে ওঠল সে। আব্বুর নিষ্প্রাণ দেহটির সামনে বসে কত বিলাপ করল! বাবার হাত চেপে ধরে কত আকুতি করল! তাকে সামলানোর চেষ্টা করল সকলে কিন্তু যে মানুষ তার বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলে সে মানুষকে কী স্বান্তনার ভাষায় আটকানো যায়? যায় না।
বাবা নামক সর্বস্বকে হারিয়ে মেয়েটা হয়ে ওঠল উন্মাদ। বার বার বাবার দেহটা ধাক্কাতে লাগল। বাচ্চাদের মতন বলতে লাগল,
'আব্বু, ফাঁকি দিলে,তাই না? তোমরা সবাই আমার সাথে এমন খেলাই খেললে গো? সবাই এমন করেই ফাঁকি দিলে? আমাকে ভালোবাসার জন্য কেউ রইল না। আব্বু, তুমি জানোনা করবী একা থাকতে পারে না! তার ভয় হয় রাত হলে। এখন কীভাবে একা থাকবে সে, আব্বু? আজ একটা বার ভাবলে না করবীর কী হবে! বাহ্, আব্বু। তুমিও স্বার্থপর হলে। আব্বু ওঠো গো। ও আব্বু ওঠো।'

করবীর পাগলামোতে বিন্দুও নিজেকে সামলাতে অক্ষম হচ্ছে। তবুও ভরসা দিতে হবে বলেই করবীর হাত ধরে আটকানোর চেষ্টা করল। কাঁদতে কাঁদতে বলল,
'আপা, এমন কইরো না। চাচা কষ্ট পাইবো।'

করবী বিন্দুর হাত ঝারা দিয়ে ফেলে দিল। কান্না রেখে হাসতে আরম্ভ করল। বিকট শব্দে হাসি। হাসতে হাসতে বলল, 'কষ্ট পাবে না। আমার আব্বুর কষ্টের দিন শেষ। সে যেই বুকভরা কষ্ট নিয়ে বেঁচে ছিল আজ তার মুক্তি। আমার আব্বুর কীসের কষ্ট বল? আব্বুর তো মুক্তি। মুক্তি হয়ে গেছে আব্বুর।'

করবীর ভয়ঙ্কর অবস্থা আরও ভয়ঙ্কর হতে লাগল। হীরণ, তিমির, হুতুম কেউ বাদ রইল না বুঝাতে অথচ মেয়েটা বুঝলে তো! বিড়বিড় করে প্রলাপ বকেই যাচ্ছে। কত কী প্রলাপ!
কেবিনের কোণায় খাঁচার মাঝে নীরব দর্শক হয়ে বসে রইল বাণী। চঞ্চল পাখিটার আজ সকল চঞ্চলতা উড়ে গিয়েছে যেন! তাকে কথা শেখানো সঙ্গীটিকে হারিয়ে গভীর শোকে নিমজ্জিত হয়ে গিয়েছে। কেবল অবুঝ চোখে তাকিয়ে রইল সে। মৃত্যু নামক নির্মল সত্য তার কাছে বড়োই নিষ্ঠুর ঠেকল। নির্মম ঠেকল।

#চলবে

[আজকে আমার একজন একনিষ্ঠ পাঠকের সাথে পরিচয় করিয়ে দিবো যে সদা আমার গল্প তার টাইমলাইনে শেয়ার করে এবং প্রতিটা পর্বে কমেন্ট করবে। কখনো অতি দুঃখে বকবেও। প্রিয়, Mou Bhattacharjee ভালোবাসা নিবেন। আমার প্রতি আপনার এই একরোখামি প্রেমকে আমি ভালোবাসি।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 25 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন