ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 29

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ৩০
কলমে: মম সাহা

রান্নাঘর থেকে ছ্যাঁত ছ্যাঁত শব্দ ভেসে আসছে। গরম তেলে মাছ ভাজছে বিন্দু। ইলিশ মাছ। আজ কাজ থেকে ফেরার পথে একটি ইলিশ মাছ নিয়ে এসেছে আপার বাড়িতে এসে রান্না করবে বিধায়। করবী গোসল সেরে এসেছে। যেদিন বাহিরে যায় সেদিন সে দু বেলা গোসল করে। নাহয় শরীর বেশ আঠালো লাগে। গরমে ঘুম হয় না রাতে। হুতুম খাটে বসে পড়ছিল। করবী ওর জন্য বই কিনে রেখেছিল সেগুলোই নেড়েচেড়ে দেখছে। ভুলভাল উচ্চারণে অ,আ পড়ছে। করবী বিছানায় এসে বসতেই হুতুম গিয়ে গলা জড়িয়ে ধরল তার। গালের সাথে গাল চেপে বসল আদুরে ভঙ্গিতে। তার আধো বুলিতে বলল,
'বাণীর মা, বাণী কই গেছে?'

করবী ভেজা চুলে গামছা প্যাঁচাচ্ছিল তখন। হুতুমের কথায় তার হাত থেমে যায়। চোখ ঘুরিয়ে তাকায় বাচ্চাটার দিকে। অবসাদ জাগে তার ঠোঁটে, মুখে, বুকে। হতাশ স্বরে বলে, 'চলে গেছে।'

'ক্যান গেছে? তুমি কী তারে বকছিলা?'
হুতুমটার কথা ভীষণ সুন্দর। কেমন যেন পলক ফেলতে ফেলতে মিষ্টি স্বরে কথা বলে! করবী জাপটে ধরে তাকে। খানিক হেসে বলে, 'বকলেই বুঝি চলে যায় সবাই?'

'হ, বকলেই যায়। বিন্দুবালা যহন বকে তহন তো আমিও চলে যাই।'
'তুমিও যাও! কোথায় যাও বলো তো?'
'আমি বেশিদূরে যাই না বুজছো। আমি যাই মিনিদের বাড়ি। বেশিদূরে গেলে তো বিন্দুবালা আমারে খুঁইজ্যা পাইবো না। পরে তো কানবো। তাই কাছেই থাকি।'
'কিন্তু বাণীকে তো আমি না বকতেই অনেকদূর চলে গিয়েছে, হুতুম। ও বোধহয় বুঝতে পারেনি ওকে হারিয়ে কেউ কাঁদবে।'

করবীর শান্ত কণ্ঠের কথায় হুতুম কোলে বসেই মাথা তুলে তাকাল। চোখে চোখ রাখল। ছোটো হাত দু'টো দিয়ে চেপে ধরল করবীর গাল গুলো। ঠোঁট উল্টে বলল, 'তুমি বুঝি বাণীর লাইগ্যা অনেক কানছো? থাক কাইন্দো না। ধইরা নেও আইজ থেইক্যা আমিই তোমার বাণী, আমিই তোমার হুতুম।'

ছোটো মেয়েটির এই বিশাল স্বান্তনায় করবীর চোখ টলমল করে উঠল। ঠোঁট কাঁপল তিরতির করে। মেয়েটাকে বুকে চেপে ধরল দু-হাতের শক্ত বাঁধনে। এমন করে কে তারে আর ভরসা দিবে এই পৃথিবীতে? এমন করে নিষ্প্রাণ আত্মা নিয়ে কে তার পাশে থাকবে? সবাই যে আসে খনিকের জন্য।

বিন্দুর রান্না প্রায় শেষের দিকে। ভাত, মাছের ঝোল, আলু ভাজি নামানো শেষ। এবার চুলায় বসেছে পাতলা ডালের আয়োজন। করবী হুতুমকে ভাত খাওয়াচ্ছে ড্রয়িং রুমে বসে। বিন্দুও সেখানে এসে শসা, পেঁয়াজ কাটতে বসেছে সালাদ তৈরীর জন্য। এক কথায়, দু'কথায় বিন্দু বলল,
'হীরণ ভাই কিন্তু তোমারে সত্যিই ভালোবাসে, আপা। তুমি হেইডা মানো আর না মানো, আমি কিন্তু মানি।'

করবী ভাত চটকে হুতুমের মুখে তুলে দিচ্ছিল কেবল। তন্মধ্যে এমন কথায় তার হাত থামল। চোখ উল্টে বিন্দুর দিকে তাকাল। মেয়েটার চোখ শসা কাটায়। ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলানো। করবী তপ্ত শ্বাস ফেলে এক লোকমা ভাত হুতুমের মুখে তুলে দিতে দিতে বলল, 'হুট করে এমন বলছিস যে!'

'হুট কইরা কই কইলাম? আমি তো রোজই কই। ম্যালা বছর ধইরাই কই। তুমিই তো মানতে নারাজ।'
'এত মেনে কী হবে!'
'তুমিও তো তারে একটু ভালোবাসতে পারো, আপা। যে মানুষটা এত ভালোবাসে তোমারে, তারে কী তুমি এক ফোঁটা ভালোবাসা দিতে পারো না?'
'আমি না বাসলেও চলবে। আমার হয়ে তো তুই বাসছিস।'

বিন্দু এবার সোজা হয়ে টানটান করে বসল। করবীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, 'আমারটা তো আমি আমার হইয়া বাসছি। তোমার হইয়া বাসতে পারলে না-হয় বাসতাম। তবে আপা, তোমার হইয়া আমি দুই নলা ভাত বেশি খাইলেও তোমার যেমন পেট ভরব না তেমুন তোমার হইয়া কাউরে ভালোবাসলেও তার মন ভরবো না।'

'না ভরুক মন। সবার মন ভরানোর দায়িত্ব তো আমাদের না।'
'সবার মন ভরাইতে হইবো হেইডা কহন কইলাম। কিন্তু যে আমাগো সবকিছুর খেয়াল রাহে তার মন তো ভরাতেই পারি। তাই না?'

করবী প্রসঙ্গ পাল্টাতে চায়, 'হয়েছে। বাদ দে তো ওদের কথা।'

'আইচ্ছা আপা, তোমার লগে হীরণ ভাইয়ের প্রথম দেখা কই হইছিল?'

করবী তখন মাছের কাটা বাছছিল। সেদিকেই দৃষ্টি স্থির রেখে বলল, 'কোথায় আর হবে, নফর চাচার একটা চায়ের দোকান ছিল গলির মোড়ে সেদিকে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। সেখানেই প্রথম দেখা হয়। সে তো বহু বছর আগের কথা।'

'কী রঙের জামা পরছিল হীরণ ভাই?'
'ছাঁই রঙের একটা টি-শার্ট ছিল গায়ে। সিগারেট ফুঁকছিল, চা খাচ্ছিল।'
'হীরণ ভাই বোধহয় সেই দোকানেই বেশি আড্ডা দেয় তাই না?'
'আরে না, ও তো বেশি আড্ডা দেয় কিন্ডারগার্টেন স্কুলটার সামনে। ওখানেই মূলত ওদের আড্ডার বাহার।'
'হীরণ ভাই তো তোমার মতন অত পড়ালেহা করে নাই।'
'সর, কে বলছে তোকে এটা? হীরণ এমবিএ করেছে ফিন্যান্স নিয়ে। ওর পছন্দের সাবজেক্ট। পরে গিয়ে কয়েক মাস ফটোগ্রাফিও করেছিল। ওর তো ফটোগ্রাফি নেশা ছিল। অনেক পছন্দের।'
'হীরণ ভাইয়ের ছবি তুলা প্রিয় আছিল? কী কও! হের প্রিয় জায়গা কোনডা গো, আপা?'

করবী মুচকি হাসল। আনমনে বলল, 'সাজেক।'
'প্রিয় রঙ?'
'জাম কালার।'
'প্রিয় ফুল?'
'রজনীগন্ধা।'
'প্রিয় মানুষ?'
'আমি।' আচমকা উত্তরটা দিয়েই থমকে গেল করবী। ড্যাবড্যাব করে তাকাল বিন্দুর দিকে। বিন্দু তখন উচ্চস্বরে, প্রাণ খুলে হাসতে ব্যস্ত। হাসতে-হাসতে গড়াগড়ি খাচ্ছে প্রায়। অবুঝ হুতুম হাসির গভীরতা অবশ্য বুঝল না কিন্তু বিন্দুকে এমন লাগাম ছাড়া হাসতে দেখে নিজেও হাসা আরম্ভ করল। করবী বুঝল, বিন্দু তাকে কথার জালে ফাঁসিয়েছে ইচ্ছেকৃত।

হাসতে হাসতে চোখে জল জমেছে বিন্দুর। বা'হাতের কনিষ্ঠা আঙ্গুলটি ব্যবহার করে জল মুছতে মুছতে বলল,
'হীরণ ভাইয়ের পছন্দের ফুল থেইকা শুরু কইরা পছন্দের মানুষরে অব্দি চেনো। বহু বছর আগে প্রথম দেহার দিন কোন রঙের জামা পরছিল হেইডাও পষ্ট (স্পষ্ট) তোমার মনে আছে। আর তুমি কি-না কও তুমি হেরে ভালোবাসো না! হেইডাও আমার বিশ্বাস করতে হইব, আপা? ভালোবাইস্যাও অস্বীকার করার মতন ভীতু তো তুমি না! তাইলে অস্বীকার করো ক্যান? এই বিন্দুর লাইগ্যা? এত মায়া তোমার আমার লাইগ্যা?'

(৪০)

আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। এদিক ওদিকে মেঘেদের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে বেশ। করবী বাজারের ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। হুতুম তার পাশে। বাচ্চাটার হাতে কমলা রঙের একটি আইসক্রিম। গত পরশুদিন যে সে বিন্দুর সাথে এসেছে আর যায়নি। বিন্দুও নেয়নি। রেখে গেছে। আপার একলা লাগা ভাব কমাতেই হুতুমকে রেখে যাওয়া।
আইসক্রিম খেতে খেতে হুতুমের ঠোঁটটাও কমলা রঙ ধারণ করেছে। ছোটো কমলা রঙের ঠোঁট গুলো কিঞ্চিৎ নাড়িয়ে করবীর উদ্দেশ্যে বলল, 'বাণীর মা, আইজ ম্যালা গরম পড়ছে তাই না কও?'

করবী হাঁটতে হাঁটতে ওড়না দিয়ে মুখ মুছল। হুতুমের মুখটাও মুছিয়ে দিল পরম যত্নে। অতঃপর উত্তর দিল, 'হ্যাঁ গো, ভীষণ গরম। তুমি হাঁটতে পারছ তো? নাকি রিকশা নিবো?'

'না, না, রিকশা নিও না।'

হুতুমের ব্যস্ত কণ্ঠের না-তে ভ্রু কুঁচকালো করবী। সন্দিহান কণ্ঠে বলল, 'ওমা! কেন রিকশা নিব না? তোমার পা ব্যথা হচ্ছে না বুঝি!'

হুতুম গোল গোল চোখে তাকাল, 'পা ব্যথা হয় না আমার। আর তুমি জানো না এহন রিকশা ভাড়া অনেক চাইব। তোমার কত্ত গুলা টাকা নিবো ওরা।'

ছোটো হুতুমের বিজ্ঞ কথায় তাজ্জব বনে গেল করবী। ডাগর আঁখি তুলে বলল,
'বাপরে, তুমি রিকশা ভাড়া নিয়েও ভাব?'

এবার কোমরে এক হাত চাপল বাচ্চাটা। নাক, মুখ কুঁচকে বলল, 'ভাবব না? বিন্দুবালা তো কয়, টেকা কামাইতে নাকি অনেক কষ্ট। মাইনষের গালি, ধমক কত কিছু সহ্য কইরা টেকা কামানো লাগে।'

ছোটো হুতুমের বড়ো বড়ো কথায় প্রাণ খুলে হাসল করবী। মেয়েটা বাচ্চা হতে পারে কিন্তু জ্ঞানে বুদ্ধিতে একদম পরিপূর্ণ। বিন্দুর জীবনে এমন একটা মিষ্টি মানুষের তো প্রয়োজন। নয়তো মেয়েটা বাঁচত কীভাবে? অসুস্থ একটা বাবাকে নিয়ে বছরের বছর পার করতেও তো কত কষ্টই হতো!

'রক্তকরবী... '
ব্যস্ত রাস্তায় নারীকণ্ঠে ভাবনা থেমে গেল করবীর। হাসিও থেমে গেল ডাক শুনে। চোখে-মুখে ভর করল বিস্ময়। অবিশ্বাস্য চোখে পেছনে তাকাতেই মধ্য বয়স্ক মহিলাটিকে চোখে পড়ল তার। চিকন ফ্রেমের চশমা চোখে, হালকা বেগুনি রঙের ছিমছাম সুতি শাড়ি পরনে ভদ্রমহিলার।

করবীর চোখ-মুখ অত্যাধিক শক্ত হয়ে গেল। প্রয়োজনের তুলনায় বেশিই শক্ত। কঠিন থেকে কঠিনতম স্বরে সে শুধাল,
'আপনার এখানে কী?'

'সাহেব না-কি আর বেঁচে নেই?'

করবীর চোখের পলক নড়ল মহিলার কম্পমান কণ্ঠে। করবী মুখ ঘুরিয়ে নিল তৎক্ষণাৎ। আশ্চর্য রকমের তীক্ষ্ণ কণ্ঠে বলল,
'সে তো মরে গিয়েছিল বহু বছর আগেই। যেদিন আপনি ছেড়ে গেলেন। এতদিন শরীরটাই তো কেবল বয়ে বেড়াচ্ছিল। এখন নতুন করে খোঁজ নিতে এলেন কেন এত বছর পর!'

মহিলাটার চোখে জল থৈথৈ, 'আমি আজ আবার হসপিটালে গিয়েছিলাম। ওরা জানাল, সাহেব... তুমি কীভাবে একা আছো!'

করবী মহিলার এমন বিচলিত ভঙ্গি দেখে তাচ্ছিল্য হাসল। অবজ্ঞার সাথে বলল, 'আমি তো একাই। নতুন করে আমার একাকীত্ব নিয়ে আপনার ভাবতে হবে না। নেহাৎ সেদিন আব্বুর শেষ ইচ্ছে পূরণ করতেই আপনার দুয়ারে ছুটে যাওয়া। নাহয় আপনার ছায়াও রক্তকরবী কখনো ছুঁতো না।'

মহিলাটি করবীর এমন কথার বাণে তাজ্জব বনে গেলেন। বললেন, 'আমি তোমার...'

করবী থামিয়ে দিল কথা, 'কেউ নন আপনি আমার। কেবল আমার আব্বুর সাহেবা আপনি। তাছাড়া আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি জন্ম থেকে আব্বু বিহীন পৃথিবীতে কাউকে কল্পনা করিনি। পাইনি পাশে। আজও কেউ নেই আমার।'

'আমাকে অস্বীকার করো ঠিক আছে কিন্তু নিজের জন্ম তো তুমি অস্বীকার করতে পারো না। আর যার জন্য জন্ম পেলে তাকেই বলছ কেউ না!'

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন