#বুকপকেটের_বিরহিণী
কলমে: মম সাহা
পর্ব- ৩১
'আরোরা' ক্যাফেতে বসে আছে করবী। চোখে-মুখে প্রচন্ড অসন্তোষ ভাব। হুতুম সবে গরম স্যান্ডউইচে এক কামড় বসিয়েছে। কামড় বসিয়ে এক অনন্য, অপরিচিত স্বাদে তার প্রাণ জুড়িয়ে এলো। চোখ বন্ধ থাকা অবস্থাতেই বলল,
'আরেএএ বাণীর মা, এই সন্ডুচটাতো অনেক মজা! কই, বিন্দুবালা যে একদিন আনছিল, হেইদিন এত মজা তো পাই নাই!'
করবী হুতুমের চুল গুছিয়ে দিতে দিতে বলল, 'বিন্দু এনেছিল? কবে?'
'ঐ যে একদিন কই জানি গেল না? হেইদিন। মনেহয় নষ্ট আছিল।'
করবী হাসল, 'আচ্ছা, এখন এটা খাও। মজা লাগলে আরেকটা আনব।'
হুতুম যেন বেজায় খুশি হলো এমন প্রস্তাবে। চপাস করে একটা চুমু খেয়ে ফেলল করবীর গালে। তা দেখে সামনের মহিলাটা সামান্য অবাকই হলেন। শুধালেন, 'কে ও?'
করবীর ধ্যান হুতুম থেকে সরে মহিলার উপর পরে। হুবুহু দেখতে তারই মতন ভদ্রমহিলার মুখটি। কেবল পার্থক্য বয়সে। নয়তো মানুষ ভুল করে তাদের যমজ ভেবে ফেলত।
'বললে না তো কে ও?'
'সেটা আপনার জানার প্রয়োজন নেই।' করবীর শক্ত উত্তরে ব্যথিত হলেন বোধহয় ভদ্রমহিলা। বিষণ্ণ স্বরে বললেন,
'এমন করে কথা বলো না।'
করবীর ঠোঁটে ক্রুর হাসি, 'আপনি তো এটারই যোগ্য।'
ভদ্রমহিলা পর পর আরও কয়েকবার শ্বাস ফেলে। তার চোখে জল জমে। হেরে যাওয়া যোদ্ধার মতন পরাজয় স্বীকার করে যেন নত মস্তকে। বলে,
'তুমি তো এ শহরে একা। আমার সাথে চলে আসো।'
'আপনি কী এটা বলতেই ক্যাফেতে ঢুকতে বলে ছিলেন? এটাই আপনার প্রয়োজনীয় কথা?'
'হ্যাঁ। তোমার কাছে কী প্রয়োজনীয় লাগছে না?'
'একদমই না। যে সদ্য বুলি শেখা শিশুকে একলা থাকার ব্যবস্থা করে দিয়ে চলে গিয়েছিল, তার মুখে অন্তত এসব কথা হাস্যকরই লাগে।'
'আমি তোমার মা, করবী!'
'সেটাই আমার জন্য বড়ো আফসোসের।' কথাটা বলেই করবী উঠে দাঁড়াল। হুতুমকে কোলে করে বেরিয়ে গেল ক্যাফে থেকে। নূন্যতম আসছি বলার ভদ্রতাটুকুও দেখাল না। ভদ্রমহিলা সেদিকে তাকিয়ে দু’ফোটা আনুষ্ঠানিকতার অশ্রু ঝরালেন। সন্তানের কাছে এতটা অবজ্ঞার পাত্রী হবেন কখনো কল্পনাও করেননি বোধহয়।
(৪১)
টিভি দেখছে তুষার। কোনো এক খবর চলছে। তাসনীম বেগম ঘর থেকে বেরিয়ে এসে ছেলের পাশের সোফাটায় নীরবে বসলেন। হয়তো কিছু বলতে চান যা উনার ভাবভঙ্গিতে স্পষ্ট। তবে সেদিকে তেমন ধ্যান দিল না তুষার। তার সকল ধ্যান জ্ঞান যেন সঁপেছে টিভি স্ক্রিনে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তিনি গলা পরিষ্কার করলেন। দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন সুক্ষ্ম ভাবে। তুষাল বিরক্ত হলো বেশ।
'কিছু বলার হলে সোজাসাপটা বললেই পারো।'
তুষারের কপালের তিন ভাঁজে তাসনীম বেগম যেন একটু থতমতই খেলেন। কথাে বলার সাহস হারালেন। তবুও যথেষ্ট চেষ্টা করলেন কথা গুছিয়ে বলার। এবং অবশেষে সাহসটুকু সঞ্চয় করে বললেন,
'বউরে নিয়ে তো কিছু বললে না! কী করবে?'
মায়ের কথায় তুষারের কপালের ভাঁজ আরও ঘন হলো, 'আমি কী করব!'
'তুমি কোনো সিদ্ধান্ত জানাও।'
'আমি কেন সিদ্ধান্ত জানাব? বিয়ের সময় কী আমাকে জিজ্ঞেস করেছিলে? আমার তখনের সিদ্ধান্ত শুনতে চেয়েছিলে?'
ছেলের রাখঢাক না রেখে ছোঁড়া তীক্ষ্ণ বুলিতে তাসনীম বেগম মাথা নত করলে। ছেলের মন রাখতেই বললেন,
'আমি কী জানতাম ও এমন করবে! ভেবেছিলাম তো ভালোই হবে।'
'তো? ভালো নন উনি?' প্রশ্নটা করেই বাঁকা হাসল তুষার। ঠিক এ মুহূর্তে কী বললে ছেলের মন রাখা হবে বুঝলেন না ভদ্রমহিলা। তাই চুপ রইলেন। এতে তুষারের যেন হাসি আরেকটু প্রশস্ত হলো। বেশ তাচ্ছিল্য করেই বলল,
'মেয়েটা ভালো না-কি খারাপ সেটা বলতেও দ্বিধা করছ তাই না? এমন নীরব আছো যেন মনে হচ্ছে তুমি পছন্দ করে এনেছিলে যাকে সে অযোগ্য, ভীষণ খারাপ একটা মানুষ। কিন্তু আসলেই কী সত্যি এটা? মোটেও না। বিদিশা খারাপ নন। আমি তার সাথে হয়তো সংসার করিনি, দুদণ্ড ভালো মতন কথাও বলিনি তবুও গ্যারান্টি দিয়ে বলতে পারি উনি তোমার ভাবনার চেয়েও বেশি ভালো। একটা মানুষ যতটুকু ভালো হলে তার চলে যায় পাড়াপ্রতিবেশি হা-হুতাশ করে, ঘরের কাজের খালা অব্দি মেয়েটার সুন্দর জীবন কামনা করে, বিদিশা ততটুকু ভালো। যদি খারাপই হতো তাহলে এতগুলো বছর স্বামীর সাথে নূন্যতম যোগাযোগ না করেও এক ধারে সংসার করে যেত না। সমস্যা হলো কী, আমি, তুমি, আমরা... বুক ফুলিয়ে ভালোকে ভালো বলে মর্যাদা করতে পারি না।'
কথা শেষ করে তপ্ত শ্বাস ফেলল তুষার। টিভি স্ক্রিনে আর মনোযোগ স্থাপন করতে পারল না। হুট করেই কেমন বিরক্তি ধরে গেল চারপাশটায়। তেতো হয়ে এলো মগজ। সে উঠে দাঁড়াল। ঘরের দিকে পা বাড়াতেই তাসনীম বেগম ঝলমলে কণ্ঠে বলে উঠলেন,
'তাহলে বউকে ফিরে আসতে বলি?'
তুষার ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকাল। বড়ো অসহ্য লাগল তার এ মাকে। মায়েদের এতটা অসহ্য হয়তো কোনো সন্তানের কাছে লাগে না। অথচ তুষারের কাছে লাগচ্ছে। কারণ তার মা মারাত্মক রকমের স্বার্থপর একজন মানুষ। সে কেবল নিজের সন্তান, নিজের সংসার, নিজের সুখ.. এসবই ভেবে গেল। তুষার মৃদু স্বরে বলল,
'তোমার মনে হয় উনাকে ফিরে আসতে বললেই ফিরে আসবে? কখনোই না। ফিরে আসার জন্য উনি যাননি। যতটুকু চিনেছি, আমি বলতে পারব উনি কেমন। আমরা মরে গেলেও উনি আর আসবেন না। তাছাড়া কিছুদিন আগে যে মেয়েটার প্রতি এত অভিযোগ তুলে তাকে বাড়ি ছাড়া করলে, সে মেয়েটাকেই কেন আবার ফেরাতে চাও? আমি বলেছি বলে? আমি তো তাকে ভালো বলেছি কেবল। ভালোবাসি কিংবা ভালো লাগে এটা তো বলিনি। পৃথিবীর এমন কত কোটি কোটি মানুষই ভালো, তাই বলে কী সবার সঙ্গেই আমার সংসার পাতাবে?'
তুষারের শেষের বাক্যটিতে ছিল যেন চরম মুখ ঝামটি। ছোটো হয়ে এলো মায়ের মুখটি। সন্তানের ভালো চাইতে গিয়ে কখন তাদের থেকে এতটা দূরের হয়ে গেল সেটা যেন মায়ের মন বুঝতেই পারল না।
_
ঘুড়িদের বাসায় আজ হুতুমসহ এসেছে। করবী নিয়ে এলো। বাচ্চাটা তো ঘরে একা থাকতে পারবে না তাই। ঘুড়ি অবশ্য বেশ খুশি হয়েছে হুতুম এসেছে বলে। নাহয় তো মুখ বিরস করেই বসে ছিল সারাটাদিন।
হুতুম খেলছে একটি লাল পুতুল দিয়ে। ঘুড়ির জন্মদিনে ওর বাবা ওকে উপহার দিয়েছিল এটা। করবী হুতুমকে খেলতে দিয়ে ঘুড়ির সাথে কথা বলছিল। মেয়েটা কোনো একটা ব্যাপার নিয়ে ভীষণ চিন্তিত বিধায় সে জিজ্ঞেস করল কী হয়েছে। তখনই ঘুড়ির সে কী কান্না! তার পাশের ফ্লাটের সেই গুরু-গম্ভীর মানুষটার নাকি বিয়ের কথা চলছে। গতকাল লোকটার মা এসেছে ঘুড়ির মাকে বলেছে মেয়ের খোঁজ থাকলে জানাতে। এটা শোনার পর থেকেই ঘুড়ির খাওয়া ঘুম উধাও। করবী সবটাই মনোযোগ দিয়ে শুনল। স্বান্তনা দিয়ে ঘুড়ির কান্নাও থামাল। কিন্তু সে ঠিক বুঝে উঠতে পারল না, যে লোকটার ভাবি ঘর ছেড়ে চলে গিয়েছে সে লোক হুট করে বিয়ের সিদ্ধান্ত কীভাবে নিলো! সে পরিবারের মানুষই বা কীভাবে এমনটা ভাবতে পারল? ঘরের বউয়ের প্রতি কোনো মায়া নেই তাদের! এসব ভেবেই মনের ভেতর একটা ক্ষোভ জন্মালো করবীর। ঘুড়িদের পাশের ফ্লাটের অপরিচিত পরিবারটার প্রতি তার যেন একটা অনীহাই চলে এলো।
-
ঘুড়িকে ছুটি দিয়ে করবী যখন রাস্তায় নামল তখন বিকেলের প্রায় শেষভাগ। হীরণ এসে দাঁড়িয়ে আছে রাস্তায়। হুতুম মাস্তানকে পেতেই ছুটে গেল। পেছন-পেছন এলো করবী। হীরণ হাসি মুখে হুতুমকে কোলে তুলে নিলো। ভ্রু নাচিয়ে করবীকে উদ্দেশ্য করে বলল,
'কী ব্যাপার? আজ আসতে বললে যে?'
'বাইক এনেছ?'
হীরণ উপর-নীচ মাথা নাড়ায়। দূরে দাঁড় করিয়ে রাখা বাইকটা দেখিয়ে বলল, 'ঐ যে, এনেছি।'
করবী নিজেদের থেকে অতটা দূরে বাইক থামানো দেখে কিছুটা অবাকই হলো যেন! অবাক কণ্ঠেই বলল, 'অতটা দূরে রেখেছ যে!'
হীরণ মাথা চুলকালো মিছিমিছি। হুতুমের গালে চপাস করে চুমু খেয়ে বলল, 'ভেবে ছিলাম তুমি হেঁটে যাবে। বাইক দেখলে তুমি আমাকে আর তোমার সাথে হাঁটতে দিবে না। জোর করে বাইকে পাঠাবে। তাই দূরে রেখে ছিলাম। যেন সময় করে মিথ্যে বলে তোমার সাথে হাঁটার সুযোগ পাই।'
করবী তাজ্জব বনে গেল, 'কী বলছো! বাইকটা যদি চুরি হতো!'
'হয়নি তো কখনো! এর আগেও তো কতবার রাখলাম।'
করবী কপাল চাপড়াল। কোনো মানুষ ভালোবেসে এমন বোকা হতে পারে হীরণকে না দেখলে বুঝতোই না।
#চলবে