#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ৩৭
কলমে: মম সাহা
আজ গরম পড়েছে ভীষণ। পুলিশ স্টেশনে ভিড়ও বড়ো বেশি। কেমন হাউকাউ চারপাশে! মনে হচ্ছে যেন মাছের বাজার। থানার বড়ো সাহেব কয়েকবার জোরে জোরে ধমকে উঠেছিল। ধমকের পর সবটা শুনশান নিরবই থাকে। কিন্তু পরক্ষণেই আবার যেমনটা তেমন হয়ে যায়।
করবী দাঁড়িয়ে আছে লোহার শিকের ভেতরের বদ্ধ ঘরটায়। হীরণ বসে আছে বড়ো সাহেবের সামনে। অনবরত ঘামছে ছেলেটা। কেমন উদ্ভ্রান্ত, দিশেহারা লাগছে তাকে। থানার বড়ো অফিসার রশিদ সাহেব পা দোলাতে দোলাতে বললেন, 'কী ব্যাপার? এভাবে বসে আছেন কেন? বাড়ি যান। নয়তো খুনের সময় প্রত্যক্ষদর্শী ছিলেন বিধায় আপনাকেও জেলে ভরা হবে।'
রাশিদ সাহেবের কথাতেও ভয় পেতে দেখা গেল না হীরণের ভেতর। বরং সে বেজায় চিন্তিত হলো। পাংশুটে মুখে বলল, 'আপনাদের তো আমি রাতেই ইনফর্ম করে গেলাম। উঠি-বসি? বলার সাথে সাথেই চলে যাওয়া যায়? আপনারা কী ভাবেন পুলিশদের? স্প্রাইটার ম্যান? নাকি জিন, পরী? উড়াল দিয়ে চলে যেতে পারার ক্ষমতা আছে আমাদের।'
রশিদ সাহেব যতটুকু জোরে চেঁচালেন তার চেয়ে অধিক জোরে থানার কাঠের চেয়ারটায় লাথি দিল হীরণ। রাগে কাঁপছে ছেলেটার শরীর। করবী ভেতর থেকেই ডাকল। নিষেধ করল রাগারাগি না করার জন্য। কিন্তু শুনল না হীরণ। টেবিলে জোরে শব্দ করে ঘুষি দিল।
'খু ন হওয়ার সাথে সাথে চলে এসে ছিলেন কীভাবে? তখন কী স্প্রাইডার ম্যান হয়ে গিয়ে ছিলেন নাকি জিন, পরি?'
রশিদ সাহেবের ভালো লাগল না হীরণের অতি সাহস। ক্ষুব্ধ হলেন তিনি। উঠে গিয়ে কলার চেপে ধরল তৎক্ষণাৎ। দাঁত চিবিয়ে চিবিয়ে বললেন, 'থানাতে এসে গুণ্ডামি? দিবো লকআপে ভরে?'
করবী ভেতর থেকেই আকুতিভরা কণ্ঠে বলল, 'স্যার, স্যার ওকে ছেড়ে দেন। ওর মাথাটা গরম হয়ে আছে সেজন্য ভুল করে ফেলছে। আমি ক্ষমা চাচ্ছি ভুলের জন্য।'
রশিদ সাহেব করবীর দিকে একবার তাকালেন। তখনই একজন কনস্টেবল এসে ছাড়িয়ে নিলেন দু'জনকে। স্যারকে ঠান্ডা করার চেষ্টা করে টেনে হীরণকে বের করে আনলেন থানার বাহিরে। হীরণ রাগে ফুঁসছে অনবরত। কনস্টেবল সালাহউদ্দিন হীরণকে বড়ো স্যারের সামনে থেকে কিছুটা আড়ালে নিয়ে গিয়েই দাঁড় করালেন। নম্র কণ্ঠে বললেন, 'এসব করবেন না। আপনাদের ঝামেলা বাড়বে বৈ কমবে না। এসব করে ঝামেলা বাড়াচ্ছেন।'
হীরণ ক্ষুব্ধ স্বরে বলল, 'শা লা, মাদার** দলেরা। ইচ্ছে করে এটা করেছে। কাল আমি যখন বলে ছিলাম তখন আমার সাথে গেলেই আজ এত কিছু হতো না।'
'আপনার সাথে যায়নি কারণ আছে। আশরাফুল ইসলামের অনুমতি বিহীন তার বাংলোতে কেউ যাবে না। সে যে-ই হোক। এত বড়ো একজন শিল্পপতি তিনি, তার এতটুকু পাউয়ার তো চলছেই আইনের বাজারে।'
সালাহউদ্দিনের কথায় আকাশ থেকে যেন পড়ল হীরণ। কিংকর্তব্যবিমুঢ় হয়ে বলল, 'কী!'
'হ্যাঁ, আমি ঠিক বলেছি। এসব শিল্পপতিদের ক্ষমতা। আপনার, আমার মতন সাধারণ জনতা কিছুই করতে পারবে না এখানে। তাই তো আপনি সাহায্য চাওয়া স্বত্বেও সঠিক সময় আইনের লোক গিয়ে পৌঁছায়নি।'
রাজনীতির এই বিদঘুটে গল্প শুনে হতভম্ব হয়ে গেল হীরণ। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, 'তাহলে! এখন কী করব আমরা?'
'কেইস কোর্টে উঠবে। উকিল ঠিক করা আরম্ভ করুন। যদিও জানি আশরাফুল ইসলাম মরে গেলেও তার বিরুদ্ধে কোনো উকিলও আসবে না। সবারই জানের ভয় আছে। বরং দেখা গেল যারা খু নীকে সাহায্য করবে তাদেরসহ জেলে ভরা হবে নানান কেইসে। এমন কত হলো! ভোগান্তি পোহাতে গিয়ে একটা সময় পর মানুষ আত্মহত্যাও করে। তাছাড়া যার সাথে ঐ লোক খারাপ কাজ করেছে তার ভোগান্তি হবে সবচেয়ে বেশি। মিডিয়ার মানুষ অতিষ্ঠ করে দিবে তার জীবনটা। ন্যায় বিচার তো পাবেনই না উল্টো সব হারাবেন। আমি তো আপনাদের আসামীকেও এসব বললাম। দেখতে দেখতে অভ্যস্ত তো।'
হীরণ পাথর মূর্তির মতন বসে রইল নিরুত্তর হয়ে। এই কোন গোলকধাঁধায় ফেঁসে গেল তারা! তবে কী আর সবটা আগের মতন হবে না?
ভাবনার মাঝেই ফোন বেজে উঠল হীরণের। রিসিভ করতেই বাচ্চার কণ্ঠস্বর পেলো। এক সেকেন্ডেই বুঝল বাচ্চাটি হুতুম। কাঁদছে মেয়েটা। কাঁদতে কাঁদতে অনবরত বলছে,
'মাস্তান তুমি কই? বাসায় আহো। বিন্দুবালা জানি কেমন করতাছে। আমার বিন্দুবালা মনেহয় পাগল হইয়া গেছে। মাস্তান, কই তুমি!'
বিন্দুর কথা শুনতেই তড়িৎ বেগে সে উঠে দাঁড়াল। হুতুমকে স্বান্তনা দিয়ে বলল, 'চিন্তা করো না, হুতুম। বিন্দুবালার কিচ্ছু হয়নি। আমি আসতেছি। তুমি বিন্দুবালাকে জড়িয়ে ধরে রাখো। কিচ্ছু হয়নি।'
.
(৪৫)
আকাশে মেঘ করেছে খানিক। বৃষ্টি হবে কি হবে না তা আকাশ দেখে বুঝা যাচ্ছে না। খোলা আকাশের নিচে বসে আছে বিন্দু। ছাঁদের একদম কোণায়। চুল ভেজা। গোসল সেরে এসেছে। চোখ-মুখ শুকনো। দৃষ্টি পাথর।
হীরণ এসে ছাঁদে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। মিনিট পাঁচ হবেই। বিন্দুর হুঁশ নেই সেদিকে। এ-ই দুনিয়ার কোনো কিছুর প্রতিই বোধহয় তার ধ্যান নেই। সে এখন অন্য এক জগতে আছে। যেই জগত ভীষণ দুঃখী। হীরণ নিঃশব্দে গিয়ে বিন্দুর পাশে বসল। এক হাত দূরত্ব রেখে। মৃদু কণ্ঠে বলল, 'কিরে? ভূতের মতন বসে আছিস যে! ধরল নাকি ভূতে?'
অন্য সময় হীরণের এক কথার বিপরীতে বিন্দু বলে দশ কথা। আজ তা করল না। এমন ভাবে ঠাঁই বসে রইল যেন সে শুনলোই না কথা। বিন্দুর নড়চড় না দেখে হীরণ আরও একটা অপ্রাসঙ্গিক কথা বলল, 'এমন চকচকে লাল রঙের জামা পরেছিস কেন? কেমন দেখা যাচ্ছে। তুই কী এসব রঙ বাদে ভালো রঙ চোখে দেখতে পাস না?'
প্রায় প্রতিবারই বিন্দুর জামা নিয়ে একটা মন্তব্য করা হীরণের চির-পরিচিত অভ্যাস। আর সেই মন্তব্যের বিপরীতে ইনিয়েবিনিয়ে নিজেকে অসম্ভব সুন্দরী দাবী করা বিন্দুর পছন্দের কাজ। অথচ আজ তেমন কিছুই হলো না। বরং বিন্দু বিরস কণ্ঠে বলল, 'আমারে তো কুনু রঙেই ভাল্লাগবো না, হীরণ ভাই। আমি যে অসুন্দর। কালা, বিচ্ছিরি দেখতে।'
এমন মায়া মায়া গোপন অভিযোগে হীরণের বুকের ভেতর থাকা অদৃশ্য হৃদপিণ্ডটা যেন ছ্যাঁত করে উঠল। ধমকালো সে, 'কী বলছিস? একটা চ ড় দিয়ে দাঁত ফেলে দিব। তুই অসুন্দর কে বলল? একদম এগুলা বলবি না।'
'তোমারও কী সত্যি কথা হুনতে বুক কাঁপে, হীরণ ভাই? সবার মতন তুমিও কী সত্যি হুনতে পারো না? ডরাও?'
'আমি সত্যি শুনতে পারি তবে এমন তাচ্ছিল্য করা কথা শুনতে পারি না। তুই এসব বলবি না।'
হীরণের নিষেধাজ্ঞায় হাসল বিন্দু। দূর গগণে দৃষ্টি নিবদ্ধ করে বলল,
'হীরণ ভাই, আমি তাচ্ছিল্য করি নাই গো। আমার ভাইগ্যডাই এমন। আমি যেই হানে থাহি সেইহানের সব চুরমার কইরা ফালায়। আম্মা কইতো অপয়া। হয়তো রাগের বশেই কইতো। কিন্তু জানো? আম্মা ঠিকই কইতো। দেখলা না আপার ভাইগ্যডা। আমার লাইগ্যা আপারে জেলে যাইতে হইলো। আল্লাহ্ জানে আপার ভাইগ্যে কী আছে। আমি যে কিয়ের লাইগ্যা আপারে কল দিলাম! না দিলেই তো পারতাম। আমার লগে যা হওয়ার তো হইয়াই গেছিলো। আমার তো আপারে ডাকা উচিত হয় নাই। আমি একটা বার আপার কথা না ভাইবাই এত বড়ো বিপদে আপারে ডাইক্যা আনলাম। আপা হইলো কহনো এমন করতো না। বিপদ যেই হানে থাহে, আমার আপা আমারে হেই দিক থেইক্যা একশ হাত দূরে রাহে। আমি কেমনে পারলাম এইডা করতে! হীরণ ভাই, আপা আবার আমাগো কাছে আইবো তো?'
কথা শেষ করেই কান্না জুড়ে দিল বিন্দু। গা কাঁপিয়ে, হাউমাউ করে কাঁদছে মেয়েটা। ঠিক এ সময়ে নিজেকে বড়ো অসহায় লাগল হীরণের। কাকে রেখে কার কাছেই-বা যাবে সে? বিন্দুর কান্না থামানোর জন্য ডান বাহুতে হাত রাখল সে। সেই স্পর্শে কেঁপে উঠল বিন্দু। ছিটকে স্বরে গেল দূরে। ভীত, আতঙ্কিত এবং ব্যথাতুর স্বরে বলল,
'ধইরো না, হীরণ ভাই। তুমি ধরলেও আমার ঐ লোকটার কথা মনে পইড়া যায়। তোমারে যে আমি ভালোবাসি। তোমার পবিত্র ছোঁয়ায় জা নো য়া রের আভাস পাইলে আমার যে খারাপ লাগে। আর এইহানে বড়ো ব্যথাও পাইছি।'
হীরণের মুখ চুপসে আসে। নরম কণ্ঠে বলে, 'ব্যথা পেয়েছিস এখানে?'
'ব্যথা না, হীরণ ভাই। কামড়াইছে বেডা। কুত্তা যেমন কামড়ায় এর চেয়েও খারাপ ভাবে। আমার পুরাডা শইল জ্বইল্যা যাইতাছে। তুমি একটু দূরে গিয়া বও তো। আমার পুরুষ মানুষ দেখলেই বুকটা কাঁপতেছে। ভয় করতাছে। ঘরে আমার পঙ্গু, নীরব আব্বা শুইয়া আছে বইলা আমার ঘরে যাইতোও ডর করতাছে। আমার হুতুম নিচে গেছে। অরে একটু আইন্যা দিবা, হীরণ ভাই? অর লগে যদি এমন হয়.... না, না। আমি জানি কী কইতাছি হীরণ ভাই। আমি কী পাগল হইয়া যাইতাছি?'
কথা বলতে বলতেই উত্তেজিত হয়ে গেল বিন্দু। কেমন উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক তাকাতে লাগল। নিজের চুল টানতে লাগল। কপাল বারি দিতে লাগল ছাঁদের রেলিংয়ে।
হীরণ শক্ত হাতে মেয়েটাকে চেপে ধরতেই চিৎকার-চেঁচামেচি বাড়িয়ে দিল মেয়েটা। কেমন হিংস্র সাথে ভীত কণ্ঠে বলতে লাগল,
'আমারে ছাইড়া দেও, হীরণ ভাই। আমার তোমারেও ডর লাগতাছে। আর আমার শইলড্যা নষ্ট হইয়া গেছে। আমারে ছাড়ো। তুমি ময়লা হইয়া যাইবা। তোমারো বিপদ হইবো আপার মতন। ঐ দেখো হীরণ ভাই ঐ বেডার কাটা মা থাটা ঐখানে পইড়া আছে। কেমন কইরা চাইয়া আছে বেডায়। দেহো।'
উত্তেজিত ভঙ্গিতে বিন্দু ছাঁদের কোণা দেখিয়ে দিচ্ছে। অথচ সেখানে কিচ্ছু নেই। হীরণ আতঙ্কিত হয়ে গেল। হুতুম তবে এজন্যই হীরণকে কল দিয়ে অমনটা বলেছিল? বাচ্চাটা কী ভয় পেয়েছে? কোথায় গিয়েছে হুতুমটা?
#চলবে