ফন্ট সাইজ:
থিম:
শুভবিবাহ, ১৪৩৩

পর্ব 1

লেখক: মম সাহা

❝শুভবিবাহ, ১৪৩৩❞

১.
বাইশ অথবা তেইশের একটি মেয়ে পথ জুড়ে দৌড়ে বেড়াচ্ছে। তার পেছন পেছন ছুটছে একটি ভারিক্কি শরীরের মহিলা। মহিলাটি যদি ছুটতে ছুটতে কথা না বলতেন তবে বোধহয় পথচারীরা মেয়েটিকে নির্ঘাত চোর ভেবে নিতো। যদিও মেয়েটির নাদুস-নুদুস মুখটি দেখে চোর মনে হওয়াটাও ভারি সংঘর্ষিত ভাবনা হতো।

মহিলাটির বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে তিনি মেয়েটির মা হবেন। মা ব্যতীত এমন ধৈর্য নিয়ে ছুটতে ছুটতেও কেউ বোঝাতে পারতেন না।
মহিলাটি বেশ আকুলিবিকুলি করে বোঝাচ্ছেন, “একটিবার এসে বোস মেহমানদের সামনে। এখনই তো বিয়ে দিয়ে দিচ্ছি না। দেখাদেখি হলেই কি বিয়ে হয় না-কি?”

মেয়েটি ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়েছে। শ্বাস নিচ্ছে জোরে জোরে। হাঁপিয়ে যাওয়ার ভঙ্গিতেই উত্তর ছুঁড়ছে,
“আমি কোথাও গিয়ে বসতে পারব না, মা। এসব বিয়েটিয়ে আমি এখন করতে পারব না। তা-ও কি-না অপরিচিত লোককে।”

মহিলাটি এই শরীর নিয়ে কি পারেন এমন ছুটতে! তিনি হার মেনে দাঁড়িয়ে গেলেন। অসহায় গলায় বললেন,
“তোর বোন জামাই এনেছে ছেলেকে। এখন যদি তুই গিয়ে না বসিস তবে তোর দাদাভাইয়ের মুখ থাকবে, বল?”

মেয়েটিও হাঁপাচ্ছে। আর দৌড়ানোর সাধ্য তার নেই বটে। দূরে বিল্ডিং এর নিচে সে নিজের বাবা ও পিসেমশাইকে দাঁড়িয়ে থাকতে দেখল। উনারা কাছে আসছেন না। এই মেয়েকে বোঝানোর সাধ্যি যে উনাদের নেই তাই আগেই হার মেনে নিয়েছেন তারা।

মেয়েটি অনবরত শ্বাস ফেলতে ফেলতে কিছুটা অন্যমনস্ক হলো। মা-বাবা তাকে না জানিয়ে পাত্র অব্দি বাড়ি নিয়ে এলেন! উনারাতো জানতেন ইন্দুমতীর বিয়ের শখ নেই তেমন। তবে কেন এমনটা করলেন?
ইন্দুর অভিমান হলো খুব। ভারি নেত্র পল্লব কাঁপলো সেই অভিমানে। কণ্ঠে নামল গাম্ভীর্যের ছাপ,
“আমাকে না জানিয়ে পাত্রপক্ষ তোমরা এনেছো তাই তোমরা বুঝবে মুখ থাকবে কি থাকবে না।”

ইন্দুর মা বিশাখা দেবী নিজের নাছোড়বান্দা মেয়েকে নিয়ে হয়রান হন। তিনিও কি জানতেন তার ননদের কন্যা জামাইটি হুট করে পাত্র নিয়ে ওঠবেন? হুট করেই তো এসেছে ওরা!
তিনি মেয়েকে বোঝানোর চেষ্টায় এক পা, একপা এগিয়ে যেতে যেতে বললেন, “মারে, আমরাই তো জানতাম না। এখন চলে এসেছে ওরা কিছু করা যাবে বল? তাছাড়া তোর পছন্দ না হলেতো আর বিয়ে দিবো না জোর করে। এতটুকু বিশ্বাস নেই তোর আমাদেরকে?”

ইন্দু হতাশ শ্বাস ফেলল। যতই হোক, সে পরিবারভক্ত মেয়ে চাইলেও পরিবারের খারাপ হোক এমন কাজ করতে পারে না যে। তবে সে শর্ত রাখল। ছেলে পক্ষের সামনে গিয়ে বসবে কথা দিলো কিন্তু কোনো সাজসজ্জা করে নয়। একদম সাধারণ ভাবেই। এখন যে পোশাকটি পরে আছে, সেই পোশাকেই।
বিশাখা দেবী অপ্রসন্ন হলেন এবার। মেয়েটা তার মাঝে মাঝে এত একরোখামি করে! তিনি অসন্তুষ্টি নিয়ে অবশেষে মেয়ের প্রস্তাবে রাজি হলেন। ইন্দু তার কোঁচকানো জামাটি পরেই ওড়না দিয়ে ঘোমটা টেনে পাত্রের সামনে যাওয়ার জন্য প্রস্তুত হলো।

•

ইন্দুদের ফ্ল্যাটটা পুরোনো হওয়ায় ঘরের কিছু কিছু স্থানে প্রাচীরের চুন খসে পড়েছে। তাদের গেস্ট রুমটা এত সুন্দর করে সাজানো যে প্রাচীরের সেই খসে পড়া রংটিও চোখেই পড়ছে না মোটেও। বিশাল এক রুমের মাঝ বরাবর সেগুন কাঠের একটি খাট রয়েছে। খাটের বিপরীতেই রয়েছে কিছুটা দূরে সোফা সেট। একটি লম্বাটে আকৃতির ছোটো কাঁচের সেন্ট্রাল টেবিল। দুই পাশে পেতলবাঁধানো কাঠের ফুলদানি। এমন কোথাও সচারাচর দেখা যায় না। ঘরে আরও বেশ টুকটাক আসবাব রয়েছে। মধ্যবিত্তের ভরাট ঘর বলা যায়। রুচির খামতি নেই।

ইন্দু ধপ করে এসে বসেছে বিছানায়। বিকেলের কমলা রঙে ছেয়ে গিয়েছে আকাশ। সেই কমলা রঙের আলোটি এসে সরাসরিই ইন্দুর মুখে লেপটে যাচ্ছে। যেন তাদের একচ্ছত্র অধিকার রয়েছে এই ভরাট মুখটিতে। ঘরটি খালি। মেহমানরা সম্ভবত অন্য কোনো রুমে আছেন।
অধিক দৌড়ানোর ফলে ঘামে লেপ্টে গিয়েছে ইন্দু'র কপালের অবাধ্য চুলগুলো। চোখ তার ম্লান। বিয়ে বিষয়টি তার জন্য ততক্ষণই উৎসুক যতক্ষণ সেটি অন্যকারো জীবনে ঘটে। নিজের জীবনেই এই বিষয়টি নিয়ে সে ভেবে কূল পায়নি একমাত্র। তাছাড়া একজন অপরিচিত ছেলেকে বিয়ে করে, একটি অপরিচিত জায়গায় গিয়ে সে থাকবেও বা কেমন করে? যদি তার মানসিক ভাবনার সঙ্গে না মিলে ঐ পরিবেশ বা সঙ্গী? তবে? ইন্দু সব মেনে নিলেও নিজের বিপরীত ভাবনার সঙ্গীকে মানবে কেমন করে?

ইন্দু'র ভাবনার মাঝেই হড়বড়িয়ে মানুষে ভরে গেলো গেস্টরুমটি। ও যে পা ঝুলিয়ে খাটে বসলো এরপর আর চোখ মেলে তাকালো না অব্দি। প্রসাধনীবিহীন শ্যামলাটে মুখটি ক্রমশই শুকিয়ে ওঠল। বুকে তার আলাদা কম্পন নেই। কিন্তু অস্বস্তিবোধ হচ্ছে। চোখ তুলে একটিবার তাই দেখলো অব্দি না পাত্রটিকে।
তার পাশেই এসে দাঁড়াল তার মা, পিসিমা, মাসিরা। ঘরময় মানুষে গমগম করতে লাগল। ইন্দু চোখ তুলে দেখলো না কে কে রয়েছে এখানে উপস্থিত। তবে আঁড়চোখের আবছা দৃষ্টিতে যতটুকু বুঝতে পারল তা হলো, তার সামনে থাকা সোফাটিতে দু'টি পুরুষ বসে আছে। হালকা ভাবে তাদের পাগুলো দেখতে পাচ্ছে সে।

সেখানে বসে থাকা ডান দিকে ছিপছিপে গড়নের ছেলেটি ইন্দু'র দিকে তাকিয়ে হাসছে বেশ। ইন্দু না তাকিয়েও সেই হাসি বুঝতে পারছে। ভেতর ভেতর তার রাগ বাড়ছে বৈ কমছে না। ছেলেটা নেহাৎ ভ্যাবলা। নয়ত মেয়ে দেখতে এসে এমন করে হাসে কেউ?
সোফার দিক থেকেই ছুটে এলো প্রশ্ন,
“আপনার নাম?”

ইন্দু মনে মনে বিরক্ত হলো এহেন প্রশ্নে। তাকে দেখতে চলে এসেছে অথচ নাম জানে না? এ কোন বলদ!
কিন্তু তাকে ভদ্রতা ধরে রাখতে হবে বিধায়ই হালকা করে বলল, “ইন্দুমতী।”

“বাহ্! বেশ সুন্দর নাম। তা ইন্দুমতী, রান্না পারেন আপনি?”

ইন্দু অবাক হলো এ পর্যায়ে। রান্নার কথা কে জিজ্ঞেস করে বর্তমানে? সে কি রাঁধুনি? রান্না করতে যাবে? এজন্য এইসব অ্যারেঞ্জ ম্যারেজের চক্করে পড়তে চায়নি। একটা প্রেম-টেম করে ঠিক গুছিয়ে নিতে চেয়েছিলো বিয়ে নামক বিশৃঙ্খল বিষয়টিকে। কিন্তু হলো কী শেষমেশ?
ইন্দু'র বিরক্ত তখন চরম পর্যায়ে। চোখ তুলে সে ঐ ছিপছিপে ছেলেটির দিকে তাকালো। কিছুটা রুক্ষ স্বরে বলল,
“না, পারি না।”

বিশাখা দেবী মেয়ের এইসব হাবভাব মোটেও ভালো ভাবে নিলেন না। মেয়েটা তার মিষ্টভাষী অথচ এখন করছে কেমন!
ইন্দু'র থমথমে মুখটি দেখে যেন বেশ মজা পেলো সামনের ছেলেটি। উৎসুক হয়ে বলল,
“সেলাই পারেন?”

এতক্ষণ সহ্যশক্তি অপার থাকলেও এখন যেন ইন্দু'র বিস্ময়ের গতি রইল না। সেলাই পারে কিনা এটা কেমন প্রশ্ন? বউ নিবে নাকি দর্জির কাজ করাতে লোক নিচ্ছে? অদ্ভুত! ছেলেটাও কেমন নির্লজ্জ! এখনও হাসছে বেক্কলের মতো।
ইন্দু'র চোখ গরম হয়ে যায়। কিন্তু মায়ের হাতটা পিঠে আকিঁবুকিঁ করে শান্ত থাকতে বলে বিধায় সে রাগটা দেখাতে পারে না। নিভে যাওয়া কণ্ঠে উত্তর দিলো,
“না।”

“একটু হেঁটে দেখাবেন?” এ পর্যায়ে প্রশ্ন করেই ছেলেটি ইন্দু'র মুখের দিকে তাকিয়ে রইল। যেন বেশ সিরিয়াস কোনো জিনিস দেখতে চাচ্ছে সে।
ইন্দু'র রাগে অপমানে চোখে জল আসার উপক্রম। এগুলো কোনো কথা? সে কি পঙ্গু? দুইটা পা তার এখনো বিছানার সাথে ঝুলছে অথচ তাকে কীসব প্রশ্ন করা হচ্ছে এখন? তাকে দেখতে কি অক্ষম লাগছে?

এবার পাশে বসা লোকটি হালকা ভাবে চড় বসালো ছিপছিপে গড়নের ছেলেটির বাহুতে। মৃদু হেসে ইন্দু'র উদ্দেশ্যেই হয়ত বলল,
“আপনি কিছু মনে করবেন না ও একটু ফাজলামো করছিলো। আপনার রান্না, সেলাই, হাঁটাহাঁটি কিছুরই প্রয়োজন নেই। ওর কাজেই ইয়ার্কি করা।”

ইন্দু এবার কণ্ঠের মালিকের দিকে তাকালো। এতক্ষণ সে এই লোকটিকে খেয়ালই করেনি! তাকাতেই তার চোখ দু'টো আটকে গিয়েছে যেন। সুঠামদেহী, সুন্দর মুখের একটি পুরুষ বসে আছে তার চোখ বরাবর। ঘিয়ে রঙের পাঞ্জাবিতে থাকা এই পুরুষটি যেন নিতান্তই কোনো হিরোকে পেছনে ফেলে দিবে। কণ্ঠটাও এত গভীর! ইন্দু'র বুকে এসে লেগেছে যেন। এক মুহূর্তের জন্য তার পলক আটকে গেলো। শেষমেশ কি-না পাত্রকে পছন্দ না হয়ে হলো আরেকজনকে? পছন্দ হলোতো হলোই শেষমেশ কিনা ভুল লোককে?

ইন্দু'র চোখ যেন আটকে গেলো সেই চাপদাড়ি, ঘাড় সমান চুলের ছেলেটির দিকে। নিটোল চিকন ঠোঁটগুলোতে হাসি ঝোলানো। চোখগুলো ছোটো ছোটো। গায়ের রং তার চেয়েও ফরসা।

ছিপছিপে ছেলেটি গাঝাড়া দিতে দিতে বলল, “মোটেও মজা করছি না। ঠাম্মি বলেছে মেয়েকে হেঁটে, নেচে, গেয়ে যেন দেখাতে বলি। আচ্ছা ইন্দুমতী, চশমা কি ফ্যাশানের জন্য না চোখে সমস্যা না মাইগ্রেনের সমস্যা?”

এতক্ষণ ছেলেটিকে বিরক্ত লাগলেও এখন ইন্দু'র রীতিমতো অসহ্য লাগছে। অসহ্য কেন লাগছে? ঐ পাশের ছেলেটিকে প্রথম দেখাতে ভালো লেগে যাওয়াতেই কি এখন আর একে ভালো লাগছে না? এ কোন বিপদে পড়ল সে!
ভাবনার মাঝেই ইন্দু খেয়াল করল, পাশে বসা মাসি তার হাঁটুতে লুকিয়ে একটা চিমটি কেটেছে। সম্ভবত তার চোখের সমস্যার কথা লুকিয়ে যেতেই! কিংবা মাথা ব্যথার কথাটি না বলার জন্য। মধ্যবিত্তের ঐ এক স্বভাব। স্বাভাবিক জিনিসকেও অস্বাভাবিক বানিয়ে নেয় তারা মেয়েকে পাত্রপক্ষের কাছে নিখুঁত প্রমাণের জন্য। ইন্দু তার মাসির দিকে কপাল কুঁচকে তাকালো সামান্য। এরপর খোলা গলায় উত্তর দিলো,
“আমি দূরের জিনিস দেখি না। সাথে মাইগ্রেনও আছে।”

ইন্দু'র উত্তরে চোখ রাঙালেন দূরে দাঁড়ানো পিসেমশাই অব্দি। মেয়েটা কি বোকা না-কি? এমন পাত্রের সামনে কেউ শারীরিক সমস্যার কথা বলে? মেয়েদের নিজেকে জড়বস্তুর মতোই তো উপস্থাপন করতে হয়। পাত্রপক্ষের কাছে যতটা নিখুঁত থাকবে ততই তো বিয়ের বাজারে গ্রহণযোগ্য হবে!

ইন্দুর দমবন্ধ লাগছে। কখনো এমন পরিস্থিতিতে পড়েনি বলে ঘামাচ্ছিলো সে। কিন্তু স্বাভাবিক করল তাকে সেই সুঠামদেহী পুরুষটি,
“এটাতো এখন ঘরে ঘরেই হচ্ছে। মানুষের শরীর থাকলে অসুস্থতাও থাকবে। আপনি যে সাহস নিয়ে বললেন এটাই বেশ দারুণ।”

বিশাখা দেবী প্রসঙ্গ পাল্টাতে চাইলেন,
“মা, যা তো শরবতটা ওদের দে। তোকে তো ওদের সাথে পরিচয়ই করানো হলো না। ও হলো পাপন, আর ও শুদ্ধ।”
মায়ের উপর ইন্দু আগ হতেই অসন্তুষ্ট তবে মায়ের জন্য পাঞ্জাবি পরা লোকটার নাম জানতে পারল। তাহলে লোকটার নাম শুদ্ধ! একদম মুখের সাথে মানিয়ে গিয়েছে নামটা।
পাপনটাকে পাপীই লাগছে। যেমন নাম তেমন বদমাশ।

ইন্দু উঠে গেলো। শরবত নিয়ে সর্বপ্রথম এগিয়ে গেলো শুদ্ধর দিকে। শুদ্ধর চোখগুলো দুষ্টু ধরণের। ইন্দু’র দিকে তাকাচ্ছে কেমন করে! ইন্দু'র যে বুকে গিয়ে লাগছে সেই দৃষ্টি। এত সুন্দর করে তাকাচ্ছে!
পাপন ছেলেটা সেই সময়টায় কাঁটার মতো তাদের সুন্দর মুহূর্তে প্রবেশ করে উৎফুল্ল স্বরে বলল,
“আমাকেও দিন। গলাটা যা শুকিয়েছে!”

ইন্দু বিরক্ত হলো। কপাল কুঁচকে পাপনের দিকে এগিয়ে যাওয়ার সময় খেয়াল করল শুদ্ধ নামের লোকটা ধীরে পা দিয়ে সেন্ট্রাল টেবিলটা সরিয়ে দিচ্ছে যেন ইন্দু’র পায়ে না লাগে। এই ছোটো যত্নটি চট করেই ইন্দু'র ভালো লেগে গেলো। সে ঐদিকে খেয়াল করতে গিয়ে পা লেগে গেলো সোফার সঙ্গে। কাঁচের গ্লাসে থাকা শরবত সমেত সমস্তটাই পরল নিচে। ঝনঝন করে ভেঙে গেলো সবগুলো গ্লাস। কিছু শরবত গিয়ে পড়ল পাপনের পায়েও।

লাফিয়ে ওঠল পাপন। চেঁচিয়ে ওঠল বোন জামাইও, “আহারে! এই মেয়েটাতো দেখছি কিচ্ছু জানে না, মামীমা। সামান্য শরবতও ফেলে দিলো।”

ইন্দু ভয় পেয়ে গেলো। থতমত খেলো। তার উপর কেউ কখনো এত জোরে চিৎকার করেনি যে এর আগে!
শুদ্ধ তৎক্ষণাৎ সোফা ছেড়ে ওঠে বা'হাত দিয়ে টেনে সরিয়ে দিলো ইন্দুকে। কাঁচে যেন মেয়েটার পা না কাটে সেজন্যই কি সে এমনটা করল? ইন্দুকে আরও চমকে দিয়ে ইন্দুর বোন জামাইয়ের বিপরীতে বলল,
“আহা মিথুন, জোরে কথা বলছ কেন? ছোটো মানুষ, ভুল করে ফেলেছে। ভুলতো মানুষ মাত্রই! এতটুকু মেয়েকেও বা কোন কারণে শরবতটা দিতে বললেন, আন্টি? ও কি পারে? আরেকটু হলে তো ওর পায়েই কাঁচগুলো ভাঙতো।”
শুদ্ধর বাম হাতে তাকে সরিয়ে পিঠের পিছনে লুকিয়ে ফেলা, দাদার বিপরীতে প্রতিবাদ করার চেয়েও ইন্দু'র ভালো লাগলো স্নেহটা। যেই স্নেহের জের ধরে শুদ্ধর চোখে তেইশের মেয়েটিও ছোটো মেয়ে হলো! ইন্দুর চোখে জল চলে এলো। মায়ের প্রতি অভিমান নাকি শুদ্ধর প্রতি ভালো লাগায় সে বুঝল না ঠিক। অ্যারেঞ্জ ম্যারেজ এত ঝক্কির! শেষমেশ কি-না সে বর নিয়ে বিভ্রান্তিতে পড়ল? শুভবিবাহটা তার কার সাথে হচ্ছে তাহলে?

চলবে…
মম সাহা

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন