❝শুভবিবাহ, ১৪৩৩❞
২(শেষ)...
আকাশে কমলা রঙের সূর্যটির রঙ ম্লান হয়ে এসেছে। সন্ধ্যে হওয়ার ভঙ্গিতে নিভে গিয়েছে তার তেজ।
ইন্দুদের ছাদটির মেঝে এবড়োখেবড়ো। সেই অসম মেঝেতে এসে লুটাচ্ছে চাপা কমলা রঙটি। ইন্দুর পেছন পেছন ছাদে এসে দাঁড়িয়েছে শুদ্ধ ও পাপন। সম্বন্ধের বিয়েতে সচারাচরই পাত্র-পাত্রীদের আলাদা কথা বলার সুযোগ করে দেওয়া হয়, ইন্দুদের ক্ষেত্রেও দেওয়া হয়েছে। ইন্দু ভেবেছিলো এই সুযোগে হয়ত পাত্রকে চিনতে তার সুবিধাই হবে। কিন্তু হলো উল্টো। সেই ঘুরে-ফিরে এরা দু'টোতেই এসেছে। পাত্র কে তা সঠিক ভাবে না জানা অব্দি বুকের ভেতর একটা খচখচানিতো হচ্ছেই। অন্তত এই পাপন না পাপী একে সে পাত্র বলে মেনেই নিতে পারবে না। এত বেশি ফালতু কথা বলে ছেলেটা। আর ভ্যাবলার মতো হাসে। ইন্দু'র মোটেও এমন ছেলে পছন্দ নয়।
তিনজনের এই পরিস্থিতি একটু অস্বস্তিকরই বটে। ইন্দু তো মুখ নামিয়ে পা দিয়ে মেঝে খুটছে। কী আর করবে সে? পাত্র না চিনলে কিছু বলতেও কি পারবে?
তাদের এই অস্বস্তিকর পরিস্থিতি হালকা করল শুদ্ধ। ছেলেটার ভারি কণ্ঠস্বর দিয়ে হাসি হাসি মুখে প্রশ্ন ছুঁড়ল,
“ছাদটা তো বেশ পরিপাটি। একপাশে দোলনাও আছে দেখছি। পাখি পোষে কে? এত গাছ কার?”
ছাদ নিয়ে কেউ প্রশংসা করলে ইন্দু'র ভালো লাগে। কারণ ছাদটা গুছিয়ে রাখে সে বড়ো যত্নে। তার এলোমেলো জীবনে একমাত্র যত্নের হলো ছাদটা। হরেক রকমের গাছ লাগানো, পাখি পুষে খাঁচায়, একটি দোলনা শখ করে লাগানো নিজের জন্য। এসব বাবা-ই তাকে করে দিয়েছে। তার ঠিক যেমনটি পছন্দ তেমনটি করে সাজাতে বাবা অনুমতি দিয়েছে, উৎসাহ দিয়েছে।
ইন্দু উৎফুল্ল হলো এ যাত্রায়। ঝলমলে হেসে বলল,
“আমার সব। এখানের সব আমার। দোলনাটা, পাখিগুলো, গাছগুলো।”
ইন্দু'র হাসি ছোঁয়াচে ব্যাধির মতোই ছুঁয়ে গেলো শুদ্ধ ও পাপনের ঠোঁটে। কিন্তু পাপনের যে বদ স্বভাব জ্বালানোর। তাই সে ফোঁড়ন কাটল, “এত বড়ো মেয়ে হয়ে এখনো দোলনা চড়ার শখ, ইন্দুমতী? বয়সতো দেখছি ছয়তেই আটকে গিয়েছে আপনার।”
পাপনের ইয়ার্কি বেশ গায়ে লাগলো ইন্দু'র। মুখটা থমথমে হয়ে গেলো মুহূর্তেই। তার যে এই মজাটি বিশেষ ভালো লাগেনি সে স্পষ্ট ভাবেই বুঝিয়ে দিলো মুখভঙ্গি দিয়ে। যদিও এখানে আসার সময় মা বলে দিয়েছিলো ভুলভাল কিছু যেন না বলে, না করে কারণ পাত্র তাদের পছন্দ হয়েছে কিন্তু তবুও ইন্দু বেশ বুঝিয়েই মুখ ভার করল। শুদ্ধ চট করেই ইন্দু'র মন খারাপটা ধরে ফেলল। পাপনের দিকে একটু অসন্তুষ্ট ভঙ্গিতে তাকিয়ে বলল,
“শখের কোনো বয়স আছে না-কি, পাপন? আর ওকে তুই জ্বালাচ্ছিস কেন? ছোটো একটা মেয়ে।”
“জ্বালাবো না? বাড়ির বউ করে নিবো। দেখেশুনেতো নিতে হবে।” বাড়ির বউ করে নেওয়ার কথাটি তীক্ষ্ণ ভাবে গিয়ে কানে বাজলো ইন্দু'র। মনের কোথাও যেন একটি ভাবনা পরিষ্কারই হয়ে গেলো। তবে পাত্র এই পাপনই!
পরক্ষণেই মনে মনে অসম্ভব বলে ওঠল নিজেই। এই ছেলেকে বিয়ে করার চেয়ে সারাজীবন অবিবাহিত থাকা তার জন্য ভালো সিদ্ধান্ত হবে। এমন অসহ্যকর একটা ছেলে কি-না তার পাত্র? আর একে পরিবারের পছন্দও হলো? কীভাবে?
ইন্দু মুখ ঘুরিয়ে নিলো। পারছে না পাপনের গায়ে বমি করে দেয়। বমি করে বোঝায় সে কতটা অপছন্দের হয়েছে ইন্দু'র কাছে। কিন্তু পরিবারের মানের কথা ভেবে তা আর করল না। কিন্তু মুখ-চোখ খিঁচে রাখল বেশ।
পরিবেশ আবারও স্বাভাবিক করতে শুদ্ধ বলল, “ইন্দুমতী, আপনি কি কম কথা-ই বলেন? আপনার কি পাত্র সম্পর্কে কিছু জানার নেই? চাহিদা নেই নিজস্ব? মানে আপনার জীবনসঙ্গী কেমন হবে, কী কী গুণ তার হতেই হবে। এমন কোনো আকাঙ্খা নেই?”
ইন্দু'র তো শুদ্ধর কথা শুনে মন চাইলো চটপট করে বলে দেয়— আপনাদের পাত্রকে আপনারা তুলে নিয়ে যান। এর ভেতরে গুণতো দূর থাক, ঠিকঠাক দোষও নাই। বেক্কলের মতো প্রশ্ন করা ছাড়া জানেই না কিছু। একে কী জিজ্ঞেস করব?...
কিন্তু সম্মানের কথা ভেবে সে কেবল দাঁত কিড়মিড় করল। বলতে পারল না কিছুই। বরং মুখ দিয়ে শ্বাস নিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করল।
সে ছেলেকে পছন্দ করেনি। মা-বাবাকে কারণ জানাতে হবে। ইন্দু যদি এই সামান্য কারণগুলো বলে বাবা-মা গায়েই মাখবেন না। মায়ের চোখের ইঙ্গিত দেখে সে ঢের বুঝেছে, এবারের পাত্রকে না করলে তার খবর আছে। তাই সে কিয়ৎক্ষণ মৌন রইল।
তার অবশ্য আগে থেকে ঠিক করা আছে পাত্র এলে কী কী প্রশ্ন করবে সেটা। যদিও এই মুহূর্তে করতে ইচ্ছে করছে না। তার ইচ্ছে করছে পাপনকে ছাদ থেকে ফেলে শুদ্ধর সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো। আচ্ছা এই লোকটা কী হয় সম্পর্কে? ওরা কি বন্ধু? না-কি ভাই?
ইন্দু'র চুপ করে থাকায় পাপন তাড়া দিলো, “ইন্দুমতী, পাত্র নিয়ে কোনো এক্সপেকটেশন নাই আপনার? তাহলে চলুন নিচে নামি।”
ইন্দু ছোটো শ্বাস ফেলল। কার না স্বামী নিয়ে আশা থাকে না? কিন্তু তার প্রশ্ন করতে ইচ্ছে করছে না। তবে বিয়ে ভাঙারও তো যৌক্তিক কারণ দরকার। তাছাড়া এমনও হতে পারে পাপনের মানসিক ভাবনা হয়ত উন্নত। তার সঙ্গে মেলে! একবার মন থেকে কথা বলেই না হয় দেখলো।
“আমি একটা মুভি দেখেছিলাম। মুভিতে একটা স্বামী-স্ত্রীর গল্প রয়েছে। বিয়ের পর ওরা বেশ সুখী কাপল ছিলো। নীল রঙের প্রাচীরের রঙ হতে শুরু করে স্ত্রী অব্দি নীল রঙের পোশাক পরে কারণ স্বামীর নীল পছন্দ। আমরা সুখী কাপল বলতে যা বুঝি ওরা তেমন। কিন্তু একদিন হলো অন্য ঘটনা। হাসবেন্ডকে অফিসের বস ইনসাল্ট করছিলো, অফিসের প্রেশার, সারাদিনের ধকল ছিলো। ঐ দিন তাদের বাসায় একটা অনুষ্ঠান হচ্ছিলো। মেয়েটা স্বামীকে খেতে ডাকছিলো বার বার। স্বামী হুট করে চড় দিয়ে বসে মেয়েটাকে। পুরো রুম ভর্তি লোকের সামনে। আচমকা। এরপর মহিলাটা বদলে যায়। এবং এই ঘটনার জের ধরে তাদের ডিভোর্স হয়। সমাজ, পরিবার বেশিরভাগ মানুষ কেবল অবাক হয়ে বলল— সামান্য একটা থাপ্পড়ের জন্য ডিভোর্স! ছেলেটা তো সব ঠিক করতে চাইল মেয়েটার কেন এত বাড়াবাড়ি তবে?
আচ্ছা বলুন তো, সত্যিই কি বাড়াবাড়ি ছিলো?”
ইন্দু স্থির ভাবে কারো দিকে তাকিয়ে, কাউকে উদ্দেশ্য করে প্রশ্নটি করল না। ইচ্ছেকৃতই প্রশ্নটি এমন ভাবে করল যেন দু'জনের উত্তরটিই সে শুনতে উন্মুখ।
পাপন পুরো বিষয়টাকে হাওয়ায় উড়িয়ে দিতে চাইল, “এটা কোনো প্রশ্ন হলো?”
ইন্দুর কণ্ঠ বিপরীতে স্থির রইল, “হ্যাঁ। এটাই প্রশ্ন।”
পাপন গা ঝারা দিতে দিতে বলল,
“মনে হলোতো বাড়াবাড়িই। স্বামী চাপে ছিলো, অফিসের প্রেশার, বসের প্রেশার, ফ্যামিলি সব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিলো তাই হয়ত একটা চ ড় দিয়েই ফেলেছিলো! ছোটোবেলা মা-বাবা ঝগড়া করলে মার তো আমরাই খেতাম, স্যার-ম্যাডামদের কারো মেজাজ খারাপ থাকলে বকাটাও তো আমরাই খেতাম। সবারই হতাশা আছে। সেটা কখন, কোথায় বেরিয়ে যায় বলাতো যায় না। তাই বলে সামান্য ঘটনায় ডিভোর্স!”
ইন্দু বেশ হতাশ হলো পাপনের উত্তরে। চোখগুলো কোমল হয়ে এলো তার। কিছু বলতে ইচ্ছে হলো না যেন।
কিন্তু সেই সময় কথা বলে উঠল শুদ্ধ। পাপনকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ল,
“স্বামী রেগে বসকে মারল না, মা'কে মারল না, বাবাকে মারল না, বোন, ভাই কাউকেই মারল না কেন তবে? সে যেহেতু ভেতরের চাপে কাজটা করেইছে তবে স্ত্রী'র সঙ্গেই কেন? অন্য কারো সাথে কেন নয়?”
শুদ্ধের পরপর প্রশ্নে থতমত খেয়ে গেলো পাপন। আমতা-আমতা করে বলল, “স্ত্রীর উপর অধিকার আছে।”
“অধিকার তো বাবা-মায়ের উপরও আছে! কিন্তু সমস্যা হলো আমরা ধরে নিই স্ত্রীকে মারার ভেতরে পুরুষের পুরুষত্ব। এবং এজন্য আর কেউ কিন্তু চ ড়টা খায় না। চড়টা খায় স্ত্রী। বহু বছর ধরেই এই সমাজটা পুরুষতান্ত্রিক নিয়মে চলে আসছে। সেখানে স্ত্রীকে মারা আহামরি অন্যায় নয়। তাই রাগ ঝারতে স্ত্রী’কেই বেছে নেয় পুরুষ। আর তোর, আমার মতো মানুষ ভাবি সেই সামান্য চড়ে আবার ডিভোর্স কীসের? কিন্তু সেই সামান্য চড়টা যে নারীকে সর্ব সম্মুখে নিচ করে দিলো, লজ্জিত করলো, আঘাত করল সেটা তো ভেবেই দেখি না। ঐ যে তুই বললি আমাদের বাবা-মা ঝগড়া লেগে আমাদের উপর রাগ ঝাড়তো, টিচাররাও তা-ই… এগুলোও একই অন্যায়। একটি অন্যায় দিয়ে অন্যটি অন্যায় জাস্টিফাই করা যায় না। অন্য কারো রাগ আমাদের উপর ঝাড়া মানেই অন্যায়। আমরা কারো ভায়োলেন্সের বস্তুতো নই। আমরা মানুষ। আর এসব ঘটনা আমাদের মনে চিরজীবন থেকে যায়। যেমন তোরও মনে আছে তোর টিচার তোকে বকেছিল। নির্দোষ কারো উপর আঘাত করাকে কোনো ভাবেই জাস্টিফাই করা যায় না। নেভার। সে টিচার হোক, মা-বাবা হোক অথবা স্বামী।”
শুদ্ধর সুপুরষ মুখটিতে কী টান টান রেখা ফুটে উঠেছে কথা বলতে বলতে! হা হয়ে আছে পাপন। মুখটা তার শুকিয়ে গিয়েছে। সত্যিই তো, এভাবেতো ভেবে দেখা হয়নি কখনো! আসলেই তো অন্যায় হয়েছে।
শুদ্ধ এবার ইন্দু'র দিকে তাকালো। ইন্দুও তাকিয়ে ছিলো তার দিকে তাই দু'জনের চোখে চোখ পড়ল। ইন্দু মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছে। শুদ্ধ হাসলো সেই তাকানো দেখে। নরম কণ্ঠে বলল,
“ইন্দুমতী, আপনার প্রশ্ন ছিলো এই চড়টার জন্য ডিভোর্স দেওয়া বাড়াবাড়ি কি-না। আমি বলব, মোটেও বাড়াবাড়ি নয়। একদম সঠিক। সে স্ত্রী মানে এই নয় স্বামীর রাগ ঝাড়ার জন্য সে উন্মুক্ত। সে আলাদা একজন মানুষ। তার আলাদা চাহিদা আছে। তাকে জনসম্মুখে রাগ করে চড় দেওয়া এরপর আবার মন চাইলে বুকে টেনে নেওয়া.. এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সংসার মানে দু'জনের পার্টিসিপ্যান্ট। একজনের কম্প্রোমাইজ মানে সংসার নয়, ওটা প্রভুত্ব। একজন প্রভু আরেকজন দাসী হয়ে থাকবে এটা সংসার নয়। স্বামীর পছন্দে মেয়েটা যদি নীল রঙের জামা পরে তবে মেয়েটার পছন্দে স্বামী ভালোবেসে কোন জামাটা পরছে সেটা মুখ্য বিষয়। স্ত্রী মানে সঙ্গী, নিম্ন স্তরের কর্মচারী নয়। কর্মচারীদেরও তো আলাদা সম্মান আছে আর সে তো স্ত্রী! মা-বাবার সাথেও একজন মানুষ এত বছর কাটায় না যতটা নিজের সঙ্গীর সঙ্গে কাটায়। তাই সেই সঙ্গীর প্রতি নম্র হতে হবে। হিংস্র নয়।”
ইন্দু'র চোখে জল চলে এসেছে শুদ্ধর সেই গভীর কথাগুলোতে। এমন কথাগুলোই তো সে শুনতে চাইত সারাজীবন। এমন পুরুষ, এমন সুপুরুষের জন্য হন্যে হয়ে ছিলো সে এতদিন! আজ এসেছে তো এসেছেই, কোন সময়ে এসেছে! ইন্দু উল্টো ঘুরে গেলো। কান্না বের হয়ে যাচ্ছে। লোকগুলো দেখলে লজ্জা পেতে হবে যে!
সে ঘুরে গিয়ে দাঁড়ালো কিছুটা দূরে। ছাঁদের রেলিঙের সঙ্গে। সে চিরজীবন ভেবেছে তার মতো মানসিক ভাবনার পুরুষ কোথায় পাবে, কেমন দেখতে হবে সেই সুন্দর মনের পুরুষ?
আজ সেই পুরুষকে দেখতে পেয়ে তার বুক ভাসছে। এত সুন্দরও হয় কারো ভাবনা?
পাপন পরিস্থিতি ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, “চলুন তবে ইন্দুমতী, নিচে যাই।”
ইন্দু ততক্ষণে বিরাট একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কান্না গিলে নিয়েছে গলায়। যতই মা চোখ রাঙাক, যতই অপেক্ষা করতে হোক তাকে, সে ভুল মানুষকে বিয়ে কখনো করবে না। না, না, না।
যেহেতু শুদ্ধর মতো সুপুরুষ একজনের দেখা সে পেয়েছে তার মানে পৃথিবীতে এমন সুপুরুষ সে আরও পাবে। খুঁজতে হবে হয়ত। কিন্তু অন্তত ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পাপনকে সে বিয়ে করতে পারবে না।
নিজের মনকে সে সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা দিয়ে ফেলেছে। তাই তার কণ্ঠ এখন স্পষ্ট। স্পষ্ট ভঙ্গিতেই বলল, “আপানারা যান নিচে। আমি যাচ্ছি পরে।”
শুদ্ধ বিপরীতে জিজ্ঞেস করল, “তবে, বিয়েটা হচ্ছে তাহলে?”
ইন্দু ঘুরেই রইল। নিজের ভেতরের কণ্ঠটি আরও শক্ত হলো। কাটাকাটা স্বরে বলল, “না, হচ্ছে না।”
ভ্রু কুঁচকালো শুদ্ধ। পাপনের চোখগুলো হয়ে গেলো গোলগোল। হত-বিহবল স্বরে বলল, “কিন্তু কেন, ইন্দুমতী?”
ইন্দু ঘুরল। পাপনের দিকেই তাকালো তার উত্তর দিতে। বলল,
“আপনার সঙ্গে আমার মতামত মোটেও মেলে না। আমরা দু'জন দুই ভাবনার মানুষ। আমি আপনার সাথে সংসার করতে পারব না হয়ত।”
ইন্দুর কাটা কাটা বাক্যে পাপন আরও বিস্মিত হলো। সাত আসমান থেকে যেন তাকে ফেলল কেউ। সে আহাম্মকের মতো বলল,
“কিন্তু আপনি আমাকে কেনই-বা বিয়ে করবেন? আমি তো বিবাহিতই! পাত্রতো শুদ্ধ!”
পাপনের কথাটি বি স্ফো র ণের মতো শোনালো ইন্দুমতীর কানে। তার চোখ যেন বেরিয়ে আসবে কোটর থেকে। ওদের দু'জনের এই অবস্থা দেখে উচ্চস্বরে হেসে ওঠল শুদ্ধ। গা কাঁপিয়ে সে কী হাসি! মেয়েটা সত্যিই বোকা। নয়ত সে এত সাজগোজ করে আসার পরেও পাত্র ভাবলো পাপনকে?
লজ্জা পেয়ে গেলো ইন্দুমতী, লজ্জা পেলো পাপনও। শুদ্ধ বুকে হাত রেখে হাসতে হাসতে বলল,
“তা ইন্দুমতী, পাত্র হিসেবে আমি ঠিকঠাক তো? তাহলে হচ্ছে তো শুভবিবাহ, ১৪৩৩?”
(সমাপ্ত)
মম সাহা