ফন্ট সাইজ:
থিম:
প্রেমোওাপ

পর্ব 27

লেখক: মম সাহা

#প্রেমোত্তাপ
কলমে: মম সাহা

পর্ব: ২৭

কাক ডাকছে কর্কশ কণ্ঠে। তবে বোধহয় সেই কর্কশ কণ্ঠ তেতো না, কেমন এক বিরহী সুর তার! আজকে অবশ্য আকাশের মন ভালো। চারপাশে শুভ্র শুভ্র মেঘগুচ্ছ ভেসে বেড়াচ্ছে। দিনটি বুধবারের প্রাণোচ্ছল দিন। সূর্য তার গন্তব্যে ফিরে যাওয়া আরম্ভ করেছে সবে। তবুও আজ সন্ধ্যার আকাশ উজ্জ্বল। চিত্রা দাঁড়িয়ে আছে তার বিরাট বারান্দায়। অদ্ভুত ভাবে কেবল সে না, আজ যেন সবারই কেমন ছুটি! অহিও আজ বইয়ে ডুবে না থেকে জানালার কোল ঘেঁষে দৃষ্টি দিয়ে রেখেছে দূর আকাশে। এমন অনিয়ম সচারাচর চোখে পড়ে না। অহি বইয়ের মাঝে না তাকিয়ে মুগ্ধ চোখে আকাশ দেখছে এটা বিষ্ময়কর ব্যাপার। চাঁদনী আপা বসে আছে তার বিছানায়। তবে মাথাটা হেলান দেওয়ানো আছে জানালার সাথে। তার চোখ দু'টি বন্ধ। সকলের এই নিস্তব্ধতার জন্য প্রকৃতপক্ষে একজনকেই দায়ী করা যায়। সে হলো- বাহার ভাই। লোকটার গানের কণ্ঠ ভেসে আসছে বহু কাছ থেকে। ছন্নছাড়া লাইন গুলো,
“আমি তোমায় ভালোবাসি,
জগতে হইয়াছি দোষী.......”

গানের লাইনগুলো যেন খু্ব বিশেষ ভাবে প্রতিটি নিখুঁত ভাবে ভালোবাসতে পারা মানুষদের সাথে জড়িত। যারা প্রকৃতপক্ষে ভালোবেসে কেবল প্রতিদানে পেয়েছে কলঙ্ক। লোকে বলেছে ছি ছি! ভালোবেসেছ! যেন মহা পাপ কিছু করে ফেলেছে। অথচ দিনশেষে এমন ছি ছি মাখা মিছে কলঙ্ক কুড়িয়েও যারা ভালোবাসার মানুষদের পায়নি বা পায়না, এই গানের লাইন গুলো যেন তাদের জন্যই দরদী হয়ে কাঁদে। বনফুল অন্যান্য সময় এত মনোযোগ দিয়ে তার ভাইয়ের গান শুনেনা, অথচ আজ শুনছে৷ তার মনে হচ্ছে ভাই যেন তাকেই গাইছে আরও করুণ ভাবে, নিঃস্ব করে! বনফুল নিবিড়ে হেঁটে তার মায়ের রুমের কোণায় এসে দাঁড়াল। এখান থেকে তুহিনের রুম দেখতে পাওয়া যায় খুব সহজ ভাবে। বনফুলের বেহায়া চোখ খুব গোপনে সেই রুমের দিকে চাইল। ফাঁকা রুমেও যেন সে নিজের ভালোবাসার অস্তিত্ব খুঁজে পেল। বুকের ভেতর তুমুল আ ন্দো ল ন। তার অবুঝ মন প্রশ্ন তুলল- আচ্ছা, আমরা যাকে ভালোবাসি তাকে পাই না কেন? যাদের ছাড়া আমাদের চলেই না, তারা কেন আমাদের ভালোবাসে না? মন তো প্রশ্ন করে নিরব হয়ে যায় কিন্তু অশান্তিতে ভুগে উত্তর না পাওয়া বনফুল। এই কেন-র উত্তর আদৌও মিলবে! সে শূন্য চোখে তুহিনের রুম দেখে নির্নিমেষ। একমাত্র লোকটাকে পাবে বলে ভদ্র বনফুলও ভদ্রতা ভুলে হাউমাউ করে কেঁদেছিল। কিন্তু কোনো লাভ কী আদৌও হলো! দিনশেষে সমাজের ছি ছি ছাড়া আর কী পেল সে!

বাহারের গান থামতেই পরিবেশ ভয়ঙ্কর রকমের নিরবতায় আচ্ছন্ন হলো। যেন বিষাদের এই বোবা গল্প শান্তি চায়। চিত্রা বারান্দা দিয়ে চাইল। অগোছালো বাহার ভাইয়ের হাতে তখন জ্বলন্ত সিগারেট। ধোঁয়া উড়ছে উর্ধ্বে। চিত্রা ডাকতে গিয়েও ডাকল না তাকে। কেন যেন এই কথা না বলা ক্ষণটি তার ভীষণ পছন্দ হয়েছে। যেমন পছন্দ হয়েছিল সেই বছর কয়েক আগে কিশোরী চোখে দেখা প্রথম কোনো ছন্নছাড়া পুরুষকে।

এই মোহগ্রস্ত নিরব সন্ধ্যার নিস্তব্ধতা কাটিয়ে চাঁদনীর ফোন বেজে উঠলো। ঘোর কাটাল চাঁদনীর। চোখ মেলল সে। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করতে থাকা অপরিচিত নাম্বারটির দিকে তাকালো। ফোনটা বাজতে বাজতে প্রায় থামার পূর্ব মুহূর্তে চাঁদনী ফোনটা রিসিভ করল। রিসিভ করে কানে ধরতেই অপর পক্ষ থেকে একটি গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো,
“চাঁদ বলছো?”

চাঁদনী থমকানো, মনে মনে কিছুটা হোঁচটও খেলো বোধ হয়। কিন্তু খুব দ্রুতই আবার নিজেকে সংযত করে নিল। আধো কণ্ঠে বললো,
“শাহাদাত, তুমি!”
শাহাদাত হাসলো। বলল, “এখনো কণ্ঠ চেনো তবে! ভুলোনি?"

“ভুলে যাওয়ার কথা তো আমি কখনো উচ্চারণ করিনি, তাই চিনি। সেটা তো তুমি করেছিলে। তাই তুমি ভুলে গিয়েছো কারণে অকারণে৷”

শাহাদাত হতাশার একটি শ্বাস ফেললো বোধ হয়। বলল,
“এখনো অভিযোগ, অভিমান পুষে রেখেছো!”

“সেই অধিকার তো তুমি কেড়ে নিয়েছ, রাখব কীভাবে? বাদ দাও সেসব কথা। তা হুট করে কল দিয়েছ কেন?”

“চাঁদ......” ডাক দিয়েই থামল শাহাদাত। কণ্ঠটা কী কাঁপছে লোকটার! মনে হলো যেন সে কান্না গিলে নেওয়ার ছোট্টো চেষ্টাটুকু করল বড়ো গোপনে। কিন্তু দুর্ভাগ্য! চাঁদনী যে মানুষটাকে আগাগোড়া চিনতো একসময়। যার হাসির কণ্ঠ, কান্নার কণ্ঠ, চাঁদনীর মুখস্থ, তার আড়াল করার আপ্রাণ চেষ্টা চাঁদনী ধরতে পারবে না? চাঁদনী সময় দিলো মানুষটাকে। শাহাদাত সামলে নিল নিজেকে। কম্পনরত কণ্ঠে বলল,
“চাঁদ, আমি জানি, তুমি কখনো আমাকে অভিশাপ দাওনি। কিন্তু তবুও, তোমার মন ভাঙার মতন পাপের শাস্তি বিধাতা আমাকে দিয়ে দিয়েছেন। তোমাকে যতটা আমি আঘাত করেছি, তার শাস্তি যে ভোগ করতেই হবে।”

এবার চাঁদনী কিঞ্চিৎ অবাক হলো। বিষ্ময় ধরে রেখেই শুধাল,
“কী হয়েছে, শাহাদাত?”

“আমার স্ত্রী'র তিনমাসের প্রেগন্যান্ট ছিল। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মিসক্যারেজ হয়ে গিয়েছে তার। এমনকি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাও।”

চাঁদনী যেন ভুল শুনল। দূর আকাশে তখন হাসল সন্ধ্যার নক্ষত্র। প্রকৃতির খেল বুঝা যে বড়ো দায়!

-

প্রতিদিনের মতন আজ অভ্যস্ত নিয়মে সন্ধ্যা হলো না। গত কয়েক মাসের গতানুগতিক নিয়ম পাল্টে যেন এই অপরাহ্ন এক বুক হাসি নিয়ে এলো। মন খারাপ উড়িয়ে নিয়ে যাবার এই সন্ধ্যা। চিত্রা যখন নিশ্চুপ চোখে আকাশ দেখতে ব্যস্ত ঠিক তখনই রাস্তা থেকে সরু কন্ঠে ডাক এলো,
“চিতাবাঘ, নিচে আয়। এলাকার মোড়ে ঝালমুড়ি মামা এসেছে। বোম্বাই মরিচ আছে। দ্রুত আয়।”

চিত্রার গভীর ধ্যানে ভাঁটা পরল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। বনফুল তাকে স্বেচ্ছায় ডাকছে! বনফুল? চিত্রা নিচু করে পথের দিকে চাইল। ভেসে উঠলো বনফুলের হাস্যোজ্জ্বল মুখ। যেন পুরনো সেই বনফুল যার সরলতায় মুগ্ধ হতো পৃথিবীর সকল উপমা। যেন গত কয়েক মাসের ঘটনাগুলো মুহূর্তেই চাপা পড়ে গেল বনফুলের নিখুঁত হাসির নিচে। চিত্রাকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে বনফুল আবার ডাকলো,
“আসবি? না আমি চলে যাব?”

চিত্রা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। কোনমতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে ছুটে বেরিয়ে গেল ঘরের বাহিরে। পেছন থেকে বার করে ডাকলেন মুনিয়া বেগম কিন্তু মেয়েটার যেন উত্তর দেওয়ার সময় নেই। কেবল হন্তদন্ত হয়ে বলল,
“মা, বনফুল ডাকছে আমায়। হাত বাড়িয়ে ডাকছে আমার বন্ধুত্ব। আমায় তুমি পিছু ডেকো না, ম। আমার যে পিছু ডাক শোনার সময় নেই।”

মুনিয়া বেগম প্রথমে ধমকাতে গেলেও বনফুলের নাম শুনে থেমে গেল। আর কেউ না জানলেও মায়ের মন তো জানে, মেয়েটা বড়ো বন্ধু ভক্ত। এই কয়েক মাস তো দেখেছে সে মেয়েটা কেমন গুমড়ে গুমড়ে মরত। আজ যেহেতু বাঁচতে চাচ্ছে তাহলে বাঁচুক না! ক্ষতি কী? পিছন থেকে মায়ের ডাক শুনতে না পেরে মনে মনে হাসলো চিত্রা। তার যে কি ভীষণ আনন্দ হচ্ছে! আজকাল যেন পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। চারপাশে কেমন আনন্দ আর আনন্দ! কিন্তু ভয় হলো এই আনন্দ কতদিন টিকবে!

চিত্রা নিচে নেমে আরও অবাক হলো। কেবল বনফুল না, বাহার ভাইও দাঁড়িয়ে আছে তার সাথে। যদিও লোকটার চেহারায় তেমন ভাবাবেগ নেই। চিত্রাকে দেখেই বনফুল হেসে এগিয়ে এলো, আবেশে জড়িয়ে ধরল চিত্রার বাহু। উৎফুল্ল বদনে বলল,
“তাড়াতাড়ি চল। ভাইয়া ঝালমুড়ি মামাকে ডেকে এনে দাঁড় করিয়েছে। আয়।”

চিত্রা অবাক চোখে বাহার ভাইয়ের দিকে তাকাতেই মানুষটার অগোছালো হাসি চোখে পড়ল। চোখে ইশারা করে যেন লোকটা বলল,
“আমি আছি।”

চিত্রার অন্তর আত্মা যেন শীতল হয়ে এলো। একজন 'আমি আছি' বলা লোকের অভাবে কত মানুষ মারা যায় আফসোস নিয়ে! অথচ চিত্রার আর সেই আফসোস রইল না। ঠিক সেই মুহূর্তে চিত্রার সকল আনন্দকে ভয়ে পরিণত করে আমতে দেখা গেল তুহিন ভাইজানকে। সাথে তার প্রেমিকা নিরু। চিত্রা বীত চোখে বনফুলের হাতটার দিকে তাকাল। যে হাতটা জড়িয়ে আছে চিত্রার বাহু। চিত্রা অপেক্ষা করল, এই বুঝি বাঁধন আবারও ঢিলে হলো!

#চলবে

[পুজোর খুশি দ্বিগুণ করতে বাহার ভাইকে নিয়ে এলাম। শুভ পঞ্চমী।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন