ফন্ট সাইজ:
থিম:
প্রেমোওাপ

পর্ব 28

লেখক: মম সাহা

#প্রেমোত্তাপ
#মম_সাহা

পর্ব: ২৮

'বন্ধুত্ব' খুব গম্ভীর একটি বন্ধন। চাইলেই হয়তো এই গাঢ় সম্পর্কের হাত ছেড়ে দেওয়া যায় না অবলীলায়। তাই হয়তো বনফুলও ছাড়তে পারেনি। তুহিন যখন নিরুকে নিয়ে এলাকার প্রবেশ করছিল তখন চিত্রার অশান্ত মনে তুমুল ঝড়। আবারও বন্ধুর বাড়িয়ে দেওয়া হাত কী গুটিয়ে নিবে? প্রশ্নের সমুদ্রে তখন সে ভরাডুবি। অথচ তার একরাশ চিন্তাকে মুক্তি দিয়ে বন্ধুর হাতের মুঠো আরও শক্ত হয়ে জড়িয়ে ধরল তার বাহু। চিত্রা অপ্রস্তুত নয়নে বার বার বনফুলকে দেখছে আবার নিজের ভাইয়ের দিকেও তাকাচ্ছে। ঠিক তখনে চিত্রা আরও একটি দৃশ্য দেখে নিল খুব অসাবধানতায়। এতক্ষণ নিরু মেয়েটির হাত তার ভাইয়ের হাতের মুঠোয় ছিল। কিন্তু মেয়েটি যখনই বনফুলকে দেখলো, খুব আলগোছে নিজের হাতটি তুহিনের হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিল। চিত্রা এই দৃশ্যে মুগ্ধ না হয়ে পারল না। যত যা-ই বলুক, যতই সে নিরুকে দোষারোপ করুক, অপছন্দ করুক, মেয়েটা যে ভীষণ বুদ্ধিমতী তা আর বলার অপেক্ষা রাখে না। ততক্ষণে চিত্রারা এবং তুহিনরা কাছাকাছি এসে দাঁড়িয়েছে।
“কোথায় যাচ্ছিস, চিতাবাঘ?”

“এইতো, সামনেই।” তুহিনের প্রশ্নে চিত্রার গম্ভীর উত্তর।

এবার তুহিনও সংশয়ে পড়ল। বনফুলকে কিছু বলবে কি-না। অবশেষে সেই সংশয়ের অবকাশ না দিয়েই জিজ্ঞেস করল সে,
“ভালো আছো, বনফুল?”

চিত্রা এবার বনফুলের মুখের দিকে চাইল। ভেতর ভেতর একটা মারাত্মক ভয়ে সে থিতিয়ে আসে। যদি বনফুল এখন হৈচৈ শুরু করে দেয়! আবার যদি চিত্রাকে ছেড়ে দেয়! কী হবে তখন? চিত্রার দ্বিধান্বিত চেহারা বুঝে বাহার ভাই। খুব আলগোছে বোনের কাঁধে হাত রাখে। ঠিক তার পরের মুহূর্তেই বনফুলের হাস্যোজ্জ্বল কণ্ঠ পাওয়া যায়,
“এইতো, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন?”

চিত্রা চমকায় বনফুলের এই স্বাভাবিক আচরণে৷ মেয়েটা তবে কী নিজেকে সামলে উঠতে পেরেছে! বনফুলের চোখের দিকে তাকায় সে। মেয়েটার ঠোঁট হাসছে তবে চোখ হাসছে না। কেমন মৃত সেই দৃষ্টি তাকিয়ে আছে পথের দিকে। নিরু একটু দূরেই দাঁড়িয়ে ছিল। কিন্তু বনফুল যে তাকেও উদ্দেশ্য করে ভালো আছে কি-না জিজ্ঞেস করেছে তা আর বুঝতে বাকি রইল না। তাই তৎক্ষনাৎ সে ঘাড় নাড়াল, বলল,
“ভালো আছি, মিষ্টি মেয়ে। তুমি জানো, হাসলে তোমাকে ভীষণ সুন্দর লাগে!”

বনফুল চমকালো বোধহয় কথাটা শুনে। তবে থামল না হাসি। মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়েই জবাব দিল, “তাই বোধহয় বদনজর লেগেছিল! জানেন, আজকাল হাসতে পারিনা আর!”

বাক্যটি সহজ, সরল, স্বাভাবিক লাগলেও এর ভেতর ছিল চাপা এক অভিমান, অভিযোগ, আর্তনাদ।

“বদনজর আবার কী? যদি মনকে একবার শক্ত করতে পারো, তবে বদনজরও তোমার হাসি কাঁড়তে পারবে না। তুমি কেবল এতটুকু মনে রাখবে, তোমাকে হাসতে হবে। কারণ, তোমার হাসি ভীষণ সুন্দর।”

বনফুলের ভাষায় যে কঠিন তাচ্ছিল্যের তোপ ছিল, তা যেন নিরু ভীষণ অবহেলায় উড়িয়ে দিল। আবেগের বয়স মেয়েটার৷ সেই আবেগে গাঢ় আঁচড় পেয়েছে। এতটুকু কাঠিন্যতা তো স্বাভাবিকই! নিরু বুঝে সেই কাঠিন্য।

বনফুল আর কথা বাড়ায় না। বাহার বলে,
“তুহিন, তোমরা আমাদের সাথে চলো।”

“না না, ভাইয়া। আপনারা যান।”

কেউ আর কথা বাড়ায় না। কথা বাড়ানোর সাহসও করে না। হিতে যদি বিপরীত হয়ে যায়, সেই ভয় সবার ভেতর। যে যার মতন গন্তব্যের দিকে রওনা হয়। তুহিনরা চলে যেতেই যেন চিত্রা হাঁফ ছেড়ে বাঁচে। তার কেবল একটাই ভয়- এই বুঝি বনফুল উত্তেজিত হয়ে যায়! এই বুঝি বনফুল বন্ধুত্বে ভীষণ হিংস্রতা দেখিয়ে ফেলে। চিত্রার এই শব্দহীন চিন্তা বুঝেন বাহার ভাই। বনফুলের অন্যমনস্কতার আড়ালে তার অষ্টাদশী কি সে ভরসা দেয়,
“ভয় পেয়ো না রঙ্গনা। তোমার আমি থাকতে চিন্তা কিসের, মেয়ে!”

ভীষণ ভরসায় আপ্লূত হয় চিত্রা। ঠিকই তো, যার আস্ত একটা বাহার ভাই আছে তার আর কী লাগে! এই ভরসা, বিশ্বাসের কথোপকথন গোপন হয় না বনফুল থেকে। সে সবই শুনে, দেখে, বুঝে, হাসে আর ভাবে— ভাগ্য তার বেলায় এত নিষ্ঠুর কেন? তার বেলায় কেন ভাগ্য ভীষণ ভাবে মুখ ঘুরিয়ে রাখে!

ভাবনাদের উত্তর মিলে না। উত্তরবিহীন তারা কতক্ষণ হাপিত্যেশ করে মারা যায় মস্তিষ্কে। অস্তিত্ব থাকে না তাদের। দৃশ্যতাও থাকে না। তবে স্মৃতিকাতরতার এক গোপন হাহাকার ঠিক থেকে যায়।

_

বাহিরের আবহাওয়া কিছুটা অচঞ্চল। সওদাগর বাড়িতে কেমন মন খারাপের আবহাওয়া। অহিটার যেন কী হয়েছে! গতকাল হুট করে কলেজ থেকে ফিরে দরজা দিল, সারাদিন আর সে দরজা খোলার নাম নেই। প্রতিদিনের মতন অবনী বেগম শরবত নিয়ে দরজায় উপস্থিত হলো কিন্তু অহি কোনো হেলদোল দেখালো না। দরজাও খুলল না। সারাদিন প্রায় অনেকবার তাকে ডাকা হলো কিন্তু সে ঘর ছেড়ে বের হলো না। কেবল একবার গম্ভীর স্বরে বলল 'আমায় বিরক্ত করবে না' ব্যস্! এতটুকুই। কেউ আর তাই বিরক্ত করলো না। সারাদিন মেয়েটা ঘরে রইল, রাতের খাবারও খেল না। সওদাগর বাড়ির সকলেরই মন মেজাজ ভীষণ খারাপ। বাড়িতে চারটা মেয়ে। চাঁদনী, অহি, চিত্রা এবং চেরি। চারজনই খুব লক্ষ্মীমন্ত। কিন্তু হুট করে তিনজনের যেন কী হলো! তিনটা মেয়েকেই কেমন দিকভ্রান্ত মনে হয় আজকাল! কার নজর পড়ল? দাদী কতক্ষণ চেঁচামেচি করল। বিয়ের তোরজোর করার আদেশ দিলেন। তার ধারণা মতে বাড়ির মেয়েদের মতিভ্রম হচ্ছে। বিয়ে দিয়ে দিলে সব ঠিক হবে। কেউ তেমন রা করল না দাদীর কথায়। আবার মেনে নিয়েছে বলেও মনে হলো না।

সকাল হতেই সওদাগর বাড়িতে সবাই একত্রিত হলো। দোর খুলল অহিও। একদম স্বাভাবিক মনে হলো তাকে। খাবার টেবিলেই এসে বসল সে। সকলে একবার তার দিকে চাইল। অহিকে বেশ স্বাভাবিক দেখে সবারই বুক থেকে যেন পাথর নেমে গেল। আজ আর খাবার টেবিলে আনন্দ নেই। শুকনো রুটির মতন বিবর্ণ রইল এই চিত্র। খাবার খেতে খেতে হুট করেই অহি বলল,
“আমি সবাইকে একটা কথা বলতে চাই।”

খাবারের দিকে সকলের মিছে ধ্যানে ভাঁটা পড়ল যেন অহির কথায়। সকলেই উৎসুক দৃষ্টিতে চাইল। অহির বাবা আমজাদ সওদাগর মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল,
“কী কথা?”

অহি একবার অবনী বেগমের দিকে তাকাল। মহিলার চোখের নিচে কালো ছাপ পড়েছে। মুখটাও কেমন শুকনো লাগছে! নিশ্চয় রাতে খাননি এবং ঘুমাননি। অবনী বেগম বরাবরই এমন। অহির যখন পরীক্ষা থাকে, তখন সে রাত জেগে পড়ে। পুরো বাড়ি যখন ঘুমে ডুবে যায়, অহি জানে, একটি জীব তখনও সজাগ থাকে। মেয়ে কখন ঘুমিয়ে যাবে, অসাবধানতায় কাঁথা গায়ে দিতে ভুলে যাবে সেই চিন্তায় মানুষটার ঘুম আসে না। অহি যখন ভার্সিটি থেকে বিকেলে ফিরে তখন দেখে ডাইনিং টেবিলে একজন বসে বসে ঝিমাচ্ছে। মেয়ে ক্ষুদার্ত হয়ে ফিরবে বলে মায়ের বিশ্রাম নেওয়া হয় না। এই সব স্মৃতিই অহির মস্তিষ্কে জীবিত। তবুও, কথাটা যে তাকে বলতেই হবে! বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অবনী বেগমের দিক থেকে চোখ ফিরিয়ে নিল সে। ঐ মুখের দিকে তাকিয়ে যে সে এত কঠিন কথা বলতে পারবে না। সম্ভবও নয়।

সকলের অধীর আগ্রহর দিকে তাকিয়ে অহি বেশ দৃঢ় কণ্ঠে বলল,
“আমি ভেবেছি, আমি ঐ মহিলার কাছে ফিরে যাব।”

অহির বাক্যটি যেন বোধগম্য হলো না অনেকের, আবার কেউ বুঝতে চেয়েও বুঝতে পারল না। চাঁদনীর বাবা আফজাল সওদাগর তাই অবাক কণ্ঠেই বললেন,
“কী!”

“যা শুনেছ, সেটাই। আমি ভাবছি আমি তার কাছে ফিরে যাব। মহিলা তো বার কয়েক আমাকে নিতেই এসেছিলেন। যাইনি৷ ভাবছি এবার যাব। একুশটা বছর তো তাকে ছাড়া ছিলামই, এবার নাহয় তার সাথে থাকি। তাই সিদ্ধান্ত নেওয়া।”

অবনী বেগমের হাতে থাকা স্টিলের চামচটা কখন যে হাত থেকে পড়ে গেল তিনি টেরও পেলেন না! ঝনঝন শব্দ হলো। অবনী বেগমের সেদিকে হুশ নেই। তিনি কিংকর্তব্যবিমুঢ় হয়ে কেবল তাকিয়ে রইলেন মেয়ের পানে।

“তুই কী ভেবে এমন সিদ্ধান্ত নিলি অহি? ঐ মানুষটাতোকে ছোটোবেলায় একা করে ছেড়ে গিয়ে ছিলেন নিজের সুখের আশায়। একবারও তোর কথা ভাবেননি। এখনও কিন্তু তোর কথা ভেবে তোকে নিতে চান তেমনটা নয়। তাদের সন্তানহীন দাম্পত্য জীবনের একাকিত্ব কাটানোর জন্যই সে তোকে চাচ্ছে। তুই কেন বার বার তার স্বার্থের বলি হবি? কেন? তোকে কি আমরা ভালোবাসিনি?”

চাঁদনীর কথায় অহির মুখের শক্ত আদল বদলালো না। সে কঠোরই রইল। যেন কোনো ইট সিমেন্টের তৈরী ভাস্কর্য। যার আবেগ, অনুভূতি কিছুই নেই। আমজাদ সওদাগর নির্লিপ্ত ভঙ্গিতেই যেন বললেন,
“যেও তবে।”

সবার অবাকের পাল্লা যেন ভারী হলো আরও। বাবা এত সহজে মেয়ের দাবী ছেড়ে দিল! কীভাবে? আফজাল সওদাগর হতাশ চোখে একবার নিজের ছোটো ভাইয়ের স্ত্রী'র দিকে চাইলেন। প্রকৃতপক্ষে তার মায়াটা হচ্ছে অবনী বেগমের জন্যই। এই মানুষটার কথা কেউ ভাবল না! কেউ না?

অনেকেরই অনেক কিছু বলার ছিল কিন্তু আর বলা হলো না। এই বিস্ময়ের জাল ছিঁড়ে তাদের আর বলা হলো না কত না বলা কথা গুলো। মুনিয়া বেগম কতক্ষণ গাইগুই করলেন, হাপিত্যেশ করলেন দাদীও। কিন্তু কেউ আর জোর খাটাতে পারল না। কীভাবেই পারবে? যেখানে নিজের বাবা-ই মেয়ের দাবী ছেড়ে দেয় সেখানে তারা আর কতটুকু অধিকারে হাত পেতে দাঁড়াবে? কতটুকু অধিকারে তারা থেকে যেতে বলবে!

অহি অতি সংগোপনে মুচকি হাসল। টেবিল ছেঁড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল,
“আমি জানতাম আব্বু, আপনি আমারে কখনোই রাখবেন না। আমি জানি, আজও ঐ মহিলাটার প্রতি আপনার আকাশ সমান মায়া। সেই মায়ার টানে আপনি সন্তানকেও অকাতরে দান করে দিবেন। কিন্তু আব্বু একটা কথা জানেন? আমরা না সবসময় ভুল মানুষকেই মায়া দেখাই। যারা আমাদের এই অতি যত্নের মায়া ঠাট্টায় উড়িয়ে দেয় অযত্নে। অথচ এমন অনেক মানুষ আছে যারা চিরজীবন আমাদের হয়ে থেকে যেতে চায়। আমাদের অনাদর, অবহেলা তারা যত্নে ভাঁজ করে নেয় যেন ভালোবাসা এগুলো! কিন্তু আমরা তাদের বুঝিনা। আমরা তাদের মূল্য দেই না। এটা তাদের অপ্রাপ্তি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা মানুষ চিনেও চিনতে চাই না।”

আমজাদ সওদাগর মেয়ের কথার বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানালেন না। কেবল মাথা নত করে রাখলেন। যে নীরবতায় সে বুঝিয়ে দিল তার মেয়ে কোনো ভুল কিছু বলেনি। সত্যিই তাই! যতই হোক সেই নারী তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসাই ছিল। এরপর সে হয়তো জীবনে দ্বিতীয় নারী এনেছিল তবে সেটা কেবৱ দায়িত্ব কিংবা পরিবেশ পরিস্থিতির কারণে। কিন্তু ভালোবাসা সেই প্রথমেই আটকে আছে।

অবনী বেগম পরাজয় সৈনিকের ন্যায় স্থান ত্যাগ করল। মনে হলো যেন সংসার জীবনের যু দ্ধে এত ভালোবাসা দিয়েও হেরে যাওয়া এক যো দ্ধা। এক এক করে সবাই চলে গেলো। কেবল নিবিড়, নীরবে বসে রইলেন দাদী আর চিত্রা। দাদীরর শক্ত খোলশ হুড়মুড় করে খসে পড়ল ঠিক তখনই। বৃদ্ধার বয়স্ক চোখ পানিতে টইটুম্বুর হলো। দু-হাত তুলে বলল,
“আল্লাহ্, আমার এমন সুন্দর সংসারে এমন ব্যাথার তীর কেন ছুড়ছো? শান্তি দাও তুমি, শান্তি দাও সব গুলো বাচ্চাকে।”

চিত্রা ড্যাবড্যাব করে তাকিয়ে রইল দাদীর পানে। কী অদ্ভুত! দাদীও কাঁদতে জানে! অবশ্য নারী জাত তার সংসার নিয়ে সবসময় শৌখিন। এটা তাদের বহু যত্নের জায়গা। এই জায়গার একটু আঁচড়ও তারা মানতে পারেনা।

#চলবে......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 28 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন