ফন্ট সাইজ:
থিম:
ধানশালিক ২

1

লেখক: তৃষান্বিতা পাখি

চাটমোহরের মানুষ অহন একটা জিনিস খুব ভালো করেই জানে—নওশাদ মিয়ারে হারানো সহজ না। গফুর মিয়া পারে নাই, লেঠেলরা পারে নাই, বড় বড় মাতবরও পারে নাই। কিন্তু একটা মানুষ আছে, যার সামনে চরের চেয়ারম্যান নওশাদ মিয়া প্রতিদিনই হার মাইনা নেয়। সে আর কেউ না—তার সাত মাসের পোয়াতি বউ টুনি!

কার্তিক মাসের সকালটা চাটমোহরের চরে আসে এক অদ্ভুত কুয়াশা জড়ানো চাদর মুড়ি দিয়ে। বিলের ওপর থেকে ভেসে আসা হিমেল হাওয়া ধানের শীষগুলোকে ছুঁয়ে যখন মতির ভিটার উঠানে এসে আছাড় খায়, তখন চরের মানুষের মনে অন্যরকম একটা শান্তি খেলা করে। কিন্তু চরের মানুষের এত বড় জাঁদরেল চেয়ারম্যানের নিজের ঘরের অন্দরমহলের অবস্থা অহন মেলাখানি ওলটপালট! আর এই সাত মাস পড়ার পর থাইকাই টুনির মেজাজখানা অহন শরতের আকাশের মতো—এই রোদ তো এই মেঘ! সকাল থেকেই নওশাদের জীবন এক্কেরে অতিষ্ঠ করে তুলছে সে।

সকালবেলা উঠান ঝাঁট দিতে দিতে টুনি হঠাৎ চিৎকার করে উঠল—

"নওশাদ! নওশাদ! তুমি কই?"

ঘরের ভেতর তখন নওশাদ চাটমোহরের চরের নতুন বাঁধের হিসাব-নিকাশের খাতা নিয়ে বসেছিল। টুনির এই আচমকা চিল্লামিল্লি শুনে তার হাতের কলম ছিটকে মাটির মেঝের ওপর পড়ল। নওশাদ এক লাফে চৌকি থেকে নেমে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে এক্কেবারে হন্তদন্ত হয়ে ওড়ানি দিয়ে ছুটল। ধপধপ করে পা ফেলে টুনিকে দেখা মাত্রই সে হাঁপাতে হাঁপাতে বলল—

— "কী হইছে টুনি? পেটে ব্যথা? ডাক্তার ডাকমু?"

টুনি দুই হাত কোমরে দিয়ে চোখ বড় বড় করে বলল,

— "ডাক্তার লাগব না। আগে কও, আমার আমড়ার আচার কই?"

নওশাদ হতভম্ব।

— "আচার? কাল রাতেই তো তোমার মাথার পাশে রাইখা দিছিলাম!"

— "মিথ্যা কথা! নাই। তুমি চুরি কইরা খাইছ!"

— "আমি! আমি টক আচার খামু ক্যান?"

— "কারণ তুমি খুব লোভী মানুষ!"

এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল সোলেমান। সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করে হাসতে লাগল। বড় ভাইয়ের এমন নাকাল অবস্থা দেখে তার আনন্দ আর ধরে না!
সে দাঁড়িয়ে বলল,

— "ভাবি, আমি সাক্ষী দিতেছি। নওশাদ ভাই কাল রাতেও আপনারে আচার খাওয়াইছে।"

টুনি এবার আরও রেগে গেল।

— "দুইজন মিলা ষড়যন্ত্র করতাছ! আমারে পাগল বানাইবা?"

ঠিক তখনই রূপা রান্নাঘর থেকে হেসে বেরিয়ে এসে টুনির বালিশটা তুলে ধরল। বালিশের নিচে সুন্দর করে রাখা সেই আমড়ার আচারের বয়াম।
রূপা হেসে বলল,

— "আপা, এইডা খুঁজতাছিলা?"

টুনি একদম থমকে গেল। দুই সেকেন্ড চুপ... তারপর গলা খাঁকারি দিয়ে বলল,

— "আমি... আমি তো দেখতেছিলাম, তোমরা কেউ চুরি করছ কিনা!"

উঠানজুড়ে হাসির রোল পড়ে গেল। নওশাদ বুকের ওপর হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল,

— "হায় আল্লাহ! চেয়ারম্যান হইলাম ঠিকই, কিন্তু নিজের ঘরে নির্দোষ প্রমাণ করার বিচারকও আমি না!"

সোলেমান সঙ্গে সঙ্গে বলল,

— "নওশাদ ভাই, চরের বিচার করা সহজ। কিন্তু পোয়াতি বউয়ের বিচার? ওইটা আল্লাহও করতে চাইব না!"

এবার পুরো উঠান হাসিতে ফেটে পড়ল।
অভিমানী টুনি ও নওশাদের তপ্ত ভালোবাসা
সেই হাসির হুল্লোড় থামলে চরের মানুষজন যখন বাইরে গেল, তখন নওশাদ ধীর পায়ে ঘরের ভেতর ঢুকল।
টুনি তখন বিছানায় বসে শাড়ির আঁচল নিয়ে খেলছিল, মুখটা মেলা থমথমে। নওশাদ একগাল হেসে টুনির পাশে বসল। সে মেলা আদরে টুনির চুলে বিলি কেটে দিতে দিতে আলতো করে হাত বুলাতে লাগল।
টুনি চট করে মাথাটা সরিয়ে নিয়ে মুখ ঘুরিয়ে বলল—

— "আমারে ধরবা না।"

নওশাদ অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে হাতটা সরিয়ে নিল। কিন্তু ঠিক দুই সেকেন্ড পরেই টুনি আবার নিজেই চোখ কপালে তুলে বলল—

— "আচ্ছা... হাতটা সরাইলা ক্যান?"

নওশাদ অবাক হয়ে দুই হাত তুলে বলল—

— "এই ! তুমিই তো বললা ধরতে না, তাই সরাইলাম!"

টুনি আরও বেশি খিটখিট করে উঠে বলল—

— "আমি বললেই সরাইতে হইব? তোমার নিজের কোনো ইচ্ছা নাই? তুমি মেলা পাষাণ মানুষ!"

নওশাদ নিজের মাথায় হাত দিয়ে ঘরের সিলিংয়ের দিকে চাইল। মনে মনে বলল,

‘হায় আল্লাহ! গফুর মিয়ার লগে যুদ্ধ করলেও এত ভয় লাগে নাই, যতটা অহন লাগতাছে!’

টুনি তখন বিছানায় আধশোয়া হয়ে পেটটা হাত দিয়ে আলতো করে ধরে বলল—

— "আমার কাঁচা আম খাইতে মন চাইছে। গাছপাকা টক টক কাঁচা আম। অহনই আইনা দাও।"

নওশাদ এক্কেরে আকাশ থেকে পড়ল—

— "টুনি, এইডা কার্তিক মাস! এই শীতে কাঁচা আম আমি কই পামু? গাছে তো অহন আমের গুটিও ধরে নাই!"

টুনি অমনি চোখ দিয়ে টপটপ করে জল ফেলে বলল—

— "আমি কিচ্ছু জানি না। চাটমোহরের এত বড় চেয়ারম্যান তুমি, একটা কাঁচা আম এনে দিতে পারো না? আমার বাচ্চা কাঁচা আম খাইব!"

নওশাদ আর থাকতে পারল না। সে তড়িঘড়ি করে সোলেমানকে ডেকে বলল—

— "সোলেমান! ও সোলেমান! জলদি যা, চরের ও মাথা থাইকা ওপার পর্যন্ত যত আমের বাগান আছে খুঁজে দেখ, কারও ঘরে কোনোমতে একটা কাঁচা আম লুকিয়ে রাখা আছে কিনা! না পাইলে ওপার গাঁয়ের হাট থাইকা যেভাবে পারস একটা আম জোগাড় কর!"

সোলেমান ভাইয়ের আদেশ পেয়ে লাঠি কাঁধে নিয়ে চরের ধুলো উড়িয়ে ছুটল। প্রায় ঘণ্টাখানেক চরের চড়া রোদে ঘেমে নেয়ে, এ বাড়ি ও বাড়ি খুঁজে, অবশেষে এক গৃহস্থের ঘরের মাটির হাঁড়িতে খড়ের নিচে যত্ন করে রাখা একটা কাঁচা আম মেলা অনুনয়-বিনয় করে নিয়ে এলো। সোলেমান হাঁপাতে হাঁপাতে উঠানে এসে আমটা নওশাদের হাতে দিয়ে দাঁত কেলাতে কেলাতে বলল—

— "ভাই, ভাবির সামনে আপনার চেয়ারম্যানি চলে না। অহন থেইকা আমি আপনারে 'চেয়ারম্যান সাহেব' না, 'ভাবির চাকর' ডাকমু।"

নওশাদ বড় বড় চোখ করে বলল—

— "ফাজলামি করিস না সোলেমান, জান বাঁচে না অহন!"

রূপা তখন দাওয়ায় বসে তরকারি কুটছিল। সে নওশাদের এই নাজেহাল দশা দেখে হেসে বলল—

— "দেখলা ভাইজান? প্রেম কইরা বিয়া করার ফল!"

তারপর সে নওশাদের অসহায় মুখের দিকে তাকিয়ে সুর নরম করে চট করে বলল—

— "তবে ভাইজান, পোয়াতি মাইয়ারে না বুঝলে কপালই পুড়ব। আপার শরীরে অহন অন্য এক জান বড় হইতাছে, ওনারে এই সময় একটু বেশি ভালোবাসতে হয়।"

নওশাদ রূপার কথায় সায় দিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল—

— "চরের মানুষ আমারে বাঘ কয়। কিন্তু ঘরের ভিতর আমি এক্কেরে ভেজা বিড়াল, রূপা!"

নওশাদ এক গাল হেসে, বিজয়ী বীরের মতো আমটা একটা বাটিতে নিয়ে টুনির ঘরে ঢুকল। টুনি তখন বিছানায় শুয়ে ছিল। নওশাদ আমটা টুনির সামনে বাড়িয়ে দিয়ে পরম আহ্লাদে বলল—

— "এই নাও টুনি, তোমার কাঁচা আম। সোলেমান পুরো চর চষে এনেছে। অহন খুশি তো?"

টুনি আমের বাতিটার দিকে এক মূহুর্ত চোখ কুঁচকে তাকাল। তারপর এক্কেবারে অবহেলাভরে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল—

— "ধুর! লাগবে না। এইডা কে খাইব? আমি কি এইডা চাইছিলাম?"

নওশাদ যেন আকাশ থেকে পড়ল! বাটিটা একপাশে রেখে সে এক্কেরে ভগ্নহৃদয়ে ঘর থেকে বের হয়ে দাওয়ায় গিয়ে বসল।
নওশাদ ঘর থেকে চলে যেতেই টুনি বিছানায় উঠে বসল। সে দরজার দিকে তাকাল, যেখানে নওশাদ একটু আগে দাঁড়িয়ে ছিল। রূপা ঘরের এককোণ থেকে উঁকি দিয়ে দেখল—টুনি চুপিচুপি সেই আমটার দিকে তাকিয়ে আছে। টুনির চোখ দুটো এক অদ্ভুত মায়ায় ভিজে উঠেছে। সে নিজের পেটে হাত বুলিয়ে আমটার দিকে চেয়ে এক্কেবারে নিচু, আদুরে গলায় আস্তে করে বলল—

— "আহারে মানুষটা... আমার লাইগা কত কষ্ট করল..."

টুনির এই লুকানো ভালোবাসার কথা নওশাদ জানতেও পারল না, কিন্তু রূপার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটে উঠল। টুনিকে শুধু খিটখিটে নয়, এক্কেবারে মায়াময় এক ভালোবাসার মানুষ মনে হলো তার।

দাওয়ার পাশে আম গাছের নিচে সোলেমান তখন বাবলার লাঠিটা নিয়ে খেলছিল। রূপা কলসি কাঁখে কুয়োর দিকে যাওয়ার জন্য উঠান পার হতেই সোলেমান এক লাফে তার পথ আটকে দাঁড়াল। রূপা চোখ রাঙিয়ে বলল—

— "কী গো সাধু পুরুষ? পথ ছাড়ো, পানি আনতে যাই।"

সোলেমান রূপার ফ্যাকাশে ফরসা গাল দুটোর দিকে চেয়ে মেলা আদুরে গলায় ফিসফিস করে বলল—

— "ভাবির আল্লাদ তো দেখলা। তুমি কবে এমন আল্লাদ করবা আমার ওপর, ত্যাদড় মেয়ে? তোমার ওই রানিগোলাপী কাঁচের চুরির রিনঝিন আওয়াজ আমার বুকের ভেতর যে ঝড় তোলে।"

রূপা লজ্জায় লাল হয়ে চারপাশ দেখে নিয়ে বলল—

— "আগে দুলাভাইয়ের মতো এক্কেরে খাঁটি মানুষ হও সোলেমান। তোমার বাবলার লাঠির চেয়ে তোমার চোখের এই মায়া আমার বেশি ভালো লাগে। অহন পথ ছাড়ো, কেউ দেখে ফেললে মেলা লজ্জা!"

সোলেমান এক মায়াবী হাসি দিয়ে সরে দাঁড়াল, আর রূপা কলসি নিয়ে ঘাটের দিকে যেতে যেতে একবার পেছন ফিরে সোলেমানের দিকে মিষ্টি একটা চোখের ইশারা ছুড়ে দিল। দুই চঞ্চল মনের এই লুকিয়ে প্রেম সকালের আলোয় এক নতুন বসন্তের গান গেয়ে উঠল।

দুপুরের দিকে যখন টুনি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তখন মতির ভিটার উঠান অনেকটা নিঝুম হয়ে এলো। নওশাদ ধীর পায়ে তার ঘরের কোণে থাকা পুরোনো কাঠের সিন্দুকের সামনে গিয়ে দাঁড়াল। তার মুখ থেকে একটু আগের সেই হাসির রেখা এক নিমিষেই উধাও হয়ে গেল।

সে সিন্দুকের কবাটটা খুলে সেই জং ধরা লোহার বাক্স থেকে বের হওয়া পুরোনো, হলদেটে হয়ে যাওয়া দলিল আর রক্তমাখা চিঠিটা আবার হাতে নিল। চাটমোহরের মানুষ অহন শান্তিতে ঘুমাচ্ছে সত্য, কিন্তু এই দলিলের ভেতরের কালো অক্ষরগুলো যে এক ভয়ঙ্কর চক্রান্তের কথা বলছে! যে অতীতকে নওশাদ আর সোলেমান সত্য বলে জেনে এসেছে, তা কি তবে এক মস্ত বড় মিথ্যা?

নওশাদ দলিলের পাতাগুলো এক এক করে উল্টাতে লাগল। তার কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে। দলিলের শেষ পাতায় লেখা নামটা দেখে নওশাদের বুকের রক্ত যেন হিম হয়ে গেল! সে স্তব্ধ হয়ে দলিলের দিকে তাকিয়ে রইল। তার হাত থেকে কাগজটা মেঝের ওপর পড়ে যেতে চাইল।
কারণ, এই নামটা... মৃত মানুষের হওয়ার কথা!

দুপুরের চড়া রোদ তখন চাটমোহরের
বুকে ছড়িয়ে পড়েছে।
মতির ভিটার চারপাশটা মেলাখানি অলস শান্তিতে বুঁদ হয়ে ছিল। ঘরের ভেতর নওশাদ তখন টুনির পাশে বসে তার মেঘলা মেজাজটা কাটানোর চেষ্টা করছিল। ঠিক এমন সময় চরের উত্তর আর দক্ষিণ পাড়ার ভেতরকার সেই পুরোনো জমির সীমানা নিয়ে একটা মস্ত বড় ক্যাচাল বেঁধে গেল। আলিমুদ্দিন আর রমিজ সিকদারসহ গ্রামের প্রায় ৮-১০ জন মানুষ একদম দল বেঁধে, উত্তপ্ত মুখে লাঠিসোঁটা হাতে সোজা চলে এলো চেয়ারম্যানের বাড়ির উঠানে।
বাইরে থেকে সবাই একসঙ্গে চিল্লাইয়া বলতেছে,

"চেয়ারম্যান সাব আছেন?"

বাইরের এই শোরগোল আর হট্টগোল শুনে নওশাদ চট করে বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। চরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে সে অহন চেয়ারম্যান, তাই এক মুহূর্তও দেরি না করে সে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে—ঠিক তখনই ঘটল আসল বিপত্তি!

টুনি আচমকা পেছন থেকে নওশাদের ফতুয়াটা খপ করে চেপে ধরল। তার চোখ মুখে মেলাখানি খিটখিটে অভিমান আর আদুরে জেদ। নওশাদ অবাক হয়ে পেছনে তাকাতেই টুনি আঁচল ধরে এক্কেরে নাছোড়বান্দা গলায় বলল,

"আগে আমার কোমরে একটু তেল মালিশ করো, তারপর যাইও।"

নওশাদ এক্কেবারে আকাশ থেকে পড়ল! বাইরে চরের মানুষ জমির ঝামেলা নিয়ে খুনখারাবি করতে চাইছে, আর ঘরের ভেতর তার বউ তাকে তেল মালিশের হুকুম দিচ্ছে! চাটমোহরের বাঘা চেয়ারম্যান অহন এক্কেবারে নিরুপায়, সে মেলা অসহায় মুখে জানলা দিয়ে বাইরের উঠানের দিকে তাকায়।

সোলেমান তখন দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। জানলা দিয়ে বড় ভাইয়ের এই চরম কিংকর্তব্যবিমূঢ় আর অসহায় মুখচ্ছবি দেখে সে এক পলকেই ঘরের ভেতরের পুরো ঘটনাটা সব বুঝে ফেলল। সে মুখে এক চিলতে শয়তানি হাসি চেপে, নিজের বাবলার লাঠিটা বগলে গুঁজে মেলা ভাব নিয়ে এক্কেরে গম্ভীর মুখে বাইরে গিয়ে গ্রামবাসীদের বলে,

"আজকের বিচার কাল হইব।"

আলিমুদ্দিন মাতব্বর লাঠিতে ভর দিয়ে চোখ কপালে তুলল। একজন গ্রামবাসী মেলা অবাক হয়ে জিজ্ঞেস করে,

"ক্যান?"

সোলেমান এবার চরের মানুষদের দিকে তাকিয়ে নিজের গলার স্বর আরও মেলা বেশি গম্ভীর করে গম্ভীর মুখে উত্তর দেয়,

"চেয়ারম্যান সাব অহন ঘরের ভিতর সবচেয়ে কঠিন বিচার করতাছেন।"

সোলেমানের মুখে এই কথা শুনে চরের সেই রাগী মেজাজের মানুষগুলোও এক্কেরে থমকে গেল। সবাই অবাক। জমিসংক্রান্ত ঝামেলার চেয়েও কঠিন বিচার এই চরে অহন কী হতে পারে, তা কেউ মাথায় ঢুকিয়ে উঠতে পারছে না।
তারপর সোলেমান সবার মুখের ওপর থেকে কৌতুহল কাড়ার জন্য আর একটু এগিয়ে গিয়ে, এক্কেরে নিচু গলায় বলে,

" ভাবির আদালতে হাজিরা দিতাছেন!"

সোলেমানের মুখ থেকে এই চাঞ্চল্যকর সত্য ফাঁস হওয়া মাত্রই চরের মানুষের সেই রাগী মুখগুলো এক নিমিষেই হাওয়া হয়ে গেল। পুরো উঠান হাসিতে ফেটে পড়ে। আলিমুদ্দিন আর রমিজ সিকদার লাঠি নামিয়ে পেটে হাত দিয়ে হো হো করে হাসতে লাগল। ঘরের ভেতর জানলার আড়ালে দাঁড়িয়ে নওশাদ বাইরে চরের মানুষের এই হাসির রোল শুনে লজ্জায় এক্কেরে মাথা নিচু করে, আর টুনি নিজের কাণ্ড দেখে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে মুচকি মুচকি হাসে। চাটমোহরের জাঁদরেল চেয়ারম্যান অহন তার চরের মানুষের সামনে এক পরম মায়াময় আর আদুরে স্বামী হিসেবে ধরা দিল, যার আদালত অহন তার নিজের ঘরের অন্দরমহলে বন্দি!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন