ফন্ট সাইজ:
থিম:
ধানশালিক ২

2

লেখক: তৃষান্বিতা পাখি

কার্তিক মাসের অল্প মিষ্টি কুয়াশা মাখা সকাল। চাটমোহরের আকাশে সূর্যটা তখনও ঠিকঠাক উঁকি দেয়নি, চারিদিক একটা রুপালি চাদরে ঢাকা। মতির ভিটার চারপাশটা মস্ত শান্ত, শুধু দু-একটা দোয়েল পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। নওশাদ কাকভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে সোজা এসে বসেছে উঠানে। কাঠের পুরোনো জলচৌকিতে বসে সে মন দিয়ে নুচরের নতুন রাস্তা তৈরির হিসাব-নিকাশ লিখছে।

ঠিক তখনই কাঠের দরজাটা ক্যাঁচক্যাচ শব্দ করে খুলে গেল। ঘর থেকে টুনি বাইরে এলো। ঘুমভাঙা চোখে তার ফরসা মুখখানা এখন একটু থমথমে। কোমরে হাত দিয়ে সে উঠানের মাঝখানে এসে দাঁড়াল। নওশাদকে নিজের কাজে মগ্ন দেখে টুনি একটু রাগ করে অভিমানী গলায় বলল—

— "তুমি আমারে না ডাইকাই উঠলা?"

নওশাদ খাতা থেকে মুখ তুলে অবাক হয়ে টুনির দিকে তাকাল। ভোরের মায়াবী আলোয় টুনিকে দেখতে ভারী সুন্দর লাগছে। সে নরম গলায় বলল—

— "তুমি তো ঘুমাইতেছিলা। ঘুম ভাঙাইতে মন চায় নাই।"

টুনি অমনি ঠোঁট ফুলিয়ে, চোখ দুটো ছোট ছোট করে মেলা জেদ নিয়ে বলল—

— "আমি ঘুমাইলেই তুমি দূরে দূরে থাকবা?"

টুনির এই অবুঝ আল্লাদ আর মিষ্টি রাগ দেখে নওশাদ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হাতের খাতা-কলম জলচৌকিতে রেখে হেসে কাছে গিয়ে দাঁড়াল। তারপর টুনির নরম হাত দুটো আলতো করে নিজের শক্ত হাতের মুঠোয় ধরে গভীর চোখে চেয়ে বলল—

— "আচ্ছা, কাল থেইকা আগে তোমারে সালাম দিমু, তারপর সূর্য উঠব।"

নওশাদের মুখে এই চাটুকারিতা আর ভালোবাসার কথা শুনে টুনি আর নিজের কৃত্রিম রাগ ধরে রাখতে পারল না। সে লজ্জায় আরক্ত হয়ে শাড়ির লাল আঁচলে মুখ লুকিয়ে মুচকি মুচকি হাসতে লাগল।

বেলা একটু বাড়তেই টুনি ঘরের ভেতর কাঠের আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নায় নিজের মুখটা দেখে তার কেন যেন মনে হলো, চুলগুলো বড় বেশি এলোমেলো হয়ে আছে। ঠিক তখনই নওশাদ ফতুয়াটা গায়ে জড়িয়ে ঘরে ঢুকতেই টুনি আয়নার দিকে তাকিয়ে হঠাৎ বলল—

— "নওশাদ..."

নওশাদ আলনা থেকে নিজের গামছাটা হাত দিয়ে নিতে নিতে বলল—

— "হ।"

টুনি ঘাড় ঘুরিয়ে নাছোড়বান্দা গলায় বলল—

— "আমার চুল বুইনা দাও।"

নওশাদ তো এক্কেবারে আকাশ থেকে পড়ল! সে জীবনে কোনোদিন কোনো মেয়ের চুল ছোঁয়নি, বেণী করা তো দূরের কথা! কিন্তু টুনির এই আবদার না করার সাহসও তার নেই। অগত্যা সে চিরুনি হাতে টুনির পেছনে পিঁড়িতে গিয়ে বসল। মেলা কসরত করে, চুল ওলটপালট করে, কপালে ঘাম ঝরিয়ে শেষমেশ এমন একটা খোঁপা বানাল যে—তা দেখতে ভারী অদ্ভুত ঠেকল!

ঠিক তখনই রূপা ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল। সে টুনির মাথার সেই খোঁপা দেখে হেসেই মাটিতে বসে পড়ল। রূপা হাত দিয়ে তালি দিয়ে হাসতে হাসতে বলল—

— "ভাইজান, এইডা খোঁপা না, কাকের বাসা!"

সোলেমানও ওদিক থেকে দাওয়ার খুঁটি ধরে আসছিল। সে ঘরের ভেতর উঁকি দিয়ে দাঁত বের করে ফাজলামি করে বলল—

— "ভাবি, এই খোঁপা নিয়া বাইরে গেলে কাক আইসা ডিম পাইড়া যাইব।"

পুরো মতির ভিটার উঠানজুড়ে তখন আনন্দের এক অনাবিল হাসির রোল পড়ে গেল। হাসির রেশ একটু কমতেই টুনি হঠাৎ নওশাদের দিকে তাকিয়ে অদ্ভুত এক আবদার করে বসল—

— "নওশাদ, আমার মাটির চুলার ধোঁয়ার গন্ধ শুঁকতে মন চাইতাছে। তুমি একটু চুলায় খড়ি দাও না?"

সোলেমান আর রূপা মেলা অবাক হয়ে চাইল, কিন্তু নওশাদ টুনির এই সাত মাসের পোয়াতি মনের বিচিত্র খেয়াল বুঝে মুখে মৃদু হাসি নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াল বউয়ের আবদার মেটাতে।

দুপুরের দিকে মতির ভিটার বিশাল উঠানে চরের এক মস্ত বড় কিন্তু আজব বিচার বসল। দুই গাঁয়ের দুইজন গৃহস্থ মেলা চিল্লাচিল্লি করছে, তাদের পেছনে আরও আট-দশজন মানুষ হাত-পা নেড়ে কথা বলছে। একজন আর একজনের কলার চেপে ধরে বলছে তার হাঁস নাকি অন্যজনের উঠানে গিয়ে ডিম পেড়েছে, আর সেই ডিম নিয়ে অহন চরে মস্ত বড় কাজিয়া!
একজন জোর গলায় বলল—

— "আমার হাঁস ডিম পাইড়া গেছে।"

অন্যজন অমনি খেঁকিয়ে উঠে বলল—

— "কিন্তু ডিম আমার উঠানে পাইছি!"

নওশাদ জলচৌকিতে গম্ভীর মুখে বসে দুই পক্ষের এই আজব ঝগড়া আর যুক্তি শুনল। চরের এত বড় বড় ডাকাতি, লাঠালাঠির বিচার সে এক তুড়িতে করে দেয়, কিন্তু এই হাঁসের ডিমের মালিকানা সে কেমনে ঠিক করে! নওশাদ মেলাক্ষণ মাথা চুলকাল। তারপর সবার দিকে তাকিয়ে এক্কেরে গম্ভীর আর রসিক মুখে বলে—

— "ডিমরে ডাকো, কার মা কওক!"

নওশাদের এই অসামান্য বিচার আর কথা শুনে উঠানে জড়ো হওয়া চরের সব মানুষ এক্কেবারে হো হো করে হেসে উঠল। পুরো উঠানে হাসির রোল বয়ে গেল, দুই বিবাদীও লজ্জা পেয়ে মাথা নিচু করল।

দুপুরের কড়া রোদ যখন তেতে উঠেছে, চারিদিক রোদের তাপে খাঁ খাঁ করছে। কার্তিকের আবহাওয়াই এমন—কখনো হালকা শীতের ছোঁয়া, আবার কখনো দুপুরের রোদে অসহ্য গরম। তখন টুনি ঘরের দাওয়ায় বসে গরমে হাঁসফাঁস করছিল। সাত মাসের ভারী শরীর নিয়ে এই গুমোট গরম সহ্য করা মেলা কঠিন। নওশাদ বাইরে থেকে এসে টুনির এই ক্লান্ত মুখ দেখে মেলা চিন্তিত হয়ে পড়ল। সে পরম যত্নে টুনিকে সাবধানে ধরে বাড়ির পেছনের নিঝুম পুকুরঘাটে নিয়ে এলো। পুকুরের চারপাশটা বড় বড় বাঁশঝাড় আর হিজল গাছে ঘেরা, মেলা শান্ত আর শীতল চারপাশ।

নওশাদ নিজে আগে পুকুরের ঠাণ্ডা শান্ত জলে নামল, তারপর টুনির হাত দুটো শক্ত করে ধরে মেলা সাবধানে ঘাটের প্রতিটি ধাপ থেকে নিচে নামিয়ে দিল। হঠাৎ টুনির পা-টা শেওলায় একটু পিছলে যেতেই নওশাদ এক ঝটকায় তাকে শক্ত করে ধরে ফেলল। নওশাদ পরম যত্নে ঘড়ায় করে পুকুরের শীতল জল তুলে আলতো করে টুনির মাথায় আর ঘাড়ে ঢেলে দিতে লাগল।

পানির ছোঁয়ায় টুনির সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গেল। সে নওশাদের চোখের দিকে তাকিয়ে মেলা ভরসা আর মায়া মাখানো মৃদু গলায় বলল—

— "তুমি থাকলে আমার আর ভয় লাগে না।"

ঠিক তখনই দূরে বাঁশঝাড়ের আড়ালে রূপা ঘড়া হাতে আসছিল পানি নিতে। কিন্তু দূর থেকে ঘাটের ওপর নওশাদ আর টুনির মুখচ্ছবি দেখেই সে থমকে দাঁড়াল। তাদের এই ভালোবাসার পবিত্রতার মাঝে রূপা আর বিঘ্ন ঘটাতে চাইল না। এক বুক শ্রদ্ধা আর মায়া নিয়ে সে নিঃশব্দে পা টিপে টিপে সেখান থেকে নিজের বাড়ির দিকে ফিরে গেল। পুকুরঘাটের সেই শান্ত দুপুরে তখন পরম এক নিশ্চিন্ততার মায়া জড়িয়ে রইল।

গোসল শেষ করে টুনি পুকুরঘাটের পৈঠার ওপর পানির ধারে শান্ত হয়ে বসে রইল। তার ভেজা শাড়ি আর পিঠময় ছড়িয়ে থাকা ভেজা চুলের ওপর দুপুরের রোদ এসে হিরের কুচির মতো চকচক করছে। নওশাদ নিজের কাঁধের শুকনো সুতি গামছাটা দুই হাতে ছড়িয়ে নিয়ে টুনির পেছনে এসে দাঁড়াল। সে মেলা মায়া আর আলতো ছোঁয়ায় টুনির সেই ভেজা চুলগুলো গামছা দিয়ে মেলা যত্ন করে মুছে দিতে লাগল, যেন একটুও জোর না লাগে।

চুল মোছা শেষে নওশাদ টুনির কপালে নেমে আসা কয়েকটা ভেজা চুল আলতো করে কানের লতির পেছনে গুঁজে দিল। তারপর টুনির মুখের দিকে চেয়ে নরম গলায় বলল—

— "ঠান্ডা লাগব। চলো ঘরে যাই।"

নওশাদের এই যত্নে আর আকুলতায় টুনির মনটা এক পরম তৃপ্তিতে ভরে উঠল। সে নওশাদের মুখের দিকে তাকিয়ে মায়াবী এক চিলতে হেসে গভীর আবেগে বলল—

— "তুমি না থাকলে আমারে কে এত আদর করত বলো তো?"

টুনির মুখের এই একটি কথায় চাটমোহরের জাঁদরেল চেয়ারম্যান নওশাদ এক নিমেষে এক্কেরে ঘায়েল হয়ে গেল। সে টুনির দিকে অপলক চেয়ে রইল, আর তাদের দুজনের এই ভালোবাসার মাঝে পুকুরের পানিতে ভেসে থাকা হিজলপাতাগুলোও যেন নিঃশব্দে তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল।”

সন্ধ্যা পেরিয়ে রাত তখন মেলাখানি গভীর হয়েছে। চাটমোহরের চরের ওপর তখন চাঁদের আলো জোছনার বন্যা বহিয়ে দিচ্ছে, চারিদিক ধবধবে সাদা।

পরদিন সকালে ঘাটের পাশে রূপা জল ভরতে গিয়েছিল। কলসিটা এক্কেরে কানায় কানায় পূর্ণ থাকায় রূপা মেলা চেষ্টা করেও কলসিটা একা তুলে কাঁখে নিতে পারছিল না। তার ফরসা মুখটা গরমে আর পরিশ্রমে লাল হয়ে উঠেছিল।

ঠিক তখনই সোলেমান কোথা থেকে যেন চুপচাপ এসে হাজির হলো। সে কোনো কথা না বলে রূপার চোখের দিকে একপলক তাকিয়ে নিজের শক্ত হাত বাড়িয়ে ভারি কলসিটা চুপচাপ তুলে দিল রূপার কাঁখে। দুজনের চোখ এক মুহূর্তের জন্য পরস্পরের ওপর স্থির হয়ে রইল।
রূপা একটু চমকে উঠে লজ্জায় মাথা নিচু করে নিচু গলায় বলল—

— "ধন্যবাদ।"

সোলেমান নিজের বাবলার লাঠিটা মাটিতে ঠুকে একটু শয়তানি হেসে গম্ভীর মুখে বলল—

— "ধন্যবাদ কইলে হইব না।"

রূপা চোখের পাপড়ি তুলে চাইল—

— "তাইলে?"

সোলেমান এবার রূপার মুখের দিকে তাকিয়ে মেলা মায়াবী খুনসুটির গলায় বলল—

— "একদিন নিজের হাতে পিঠা বানাইয়া খাওয়াইবা।"

সোলেমানের এই আচমকা মিষ্টি আবদার আর চোখের চাহনি দেখে রূপা লজ্জায় এক্কেরে লাল হয়ে গেল। সে আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে কলসি কাঁখে নিয়ে এক্কেরে দৌড়ে পালাল। সোলেমান তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি চেপে দাঁড়িয়ে রইল।

সেই গভীর রাতে টুনি ঘরের বাইরে এসে উঠানের এককোণে পেতে রাখা পাটিতে চুপচাপ চাঁদের আলোয় বসে ছিল। নওশাদ ঘর থেকে বের হয়ে এক্কেরে চুপচাপ এসে টুনির পাশে বসল। চরের রাতের ঠাণ্ডা হাওয়া টুনির শাড়ির আঁচল ছুঁয়ে যাচ্ছিল। টুনি দূর আকাশের গোল চাঁদের দিকে তাকিয়ে মেলা উদাস আর বিষণ্ণ গলায় বলে—

— "আমি অহন অনেক বদলাইয়া গেছি, তাই না?"

নওশাদ টুনির ফরসা চাঁদের মতো মুখের দিকে চেয়ে ভালোবেসে হেসে বলল—

— "না।"

টুনি নওশাদের চোখের দিকে তাকিয়ে একটু অভিমানী সুরে নালিশের গলায় বলল—

— "আগে তুমি আমারে ভালোবাসতা. অহন শুধু আমার আবদার সহ্য করো।"

নওশাদ এক মুহূর্ত দেরি না করে আলতো করে টুনির হাত ধরে নিজের বুকের ওপর চেপে ধরল। সে এক্কেরে মায়া মাখানো গভীর আর আকুল গলায় বলল—

— "তুমি অহন একা না টুনি। আমার দুইটা প্রাণ অহন তোমার ভেতরে। তাই আগের চাইতেও বেশি ভালোবাসি।"

নওশাদের এই নিটোল আর বুক কাঁপানো ভালোবাসার কথা শুনে টুনির চোখের কোণ দিয়ে দুটো খুশির অশ্রু গড়িয়ে পড়ল। সে আর কিছু না বলে চুপচাপ কাঁদতে লাগল। ঠিক তখনই টুনি নওশাদের বুকের ভেতর মুখ লুকিয়ে মেলা শঙ্কা নিয়ে ফিসফিস করে বলল—

— "আমি যদি একদিন না থাকি?"

নওশাদ এই কথা শুনামাত্রই এক্কেরে রেগে গেল, তার বুকটা ছ্যাৎ করে উঠল। সে টুনির মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরে বলল—

— "এই কথা আর কোনোদিন কইবা না।"

টুনি চোখ বড় বড় করে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল—

— "ক্যান?"

নওশাদ টুনির চোখের মণি দুটোর দিকে তাকিয়ে এক্কেরে গম্ভীর আর জান কোরবান করা গলায় বলল—

— "কারণ আল্লাহ যদি আমার জীবন থেইকা সবকিছু নিয়াও নেয়... তোমারে ছাড়া এই দুনিয়াডা আমার লাগব না।"

রাত তখন এক্কেরে নিঝুম। মতির ভিটার সবাই গভীর ঘুমে মগ্ন। শুধু নওশাদের চোখে ঘুম নাই, ঘরের ভেতর সে অস্থির হয়ে পায়চারি করছে। সে বিছানা থেকে এক্কেরে নিঃসর্বদে উঠে নিজের ঘরের কোণের সেই পুরোনো কাঠের সিন্দুকের সামনে গিয়ে দাঁড়াল।
চারপাশ ভালো করে দেখে নিয়ে নওশাদ সিন্দুক খুলে সেই জং ধরা লোহার বাক্সটা বের করল। দলিলের পাতাগুলো সরাতেই সে দেখল, দলিলের নিচে একটা পুরোনো কাপড়ে মোড়ানো জিনিস লুকিয়ে রাখা আছে। নওশাদ সাবধানে কাপড়ের মোড়কটা খুলে দেখে... একটা পুরোনো মানচিত্র!

কোনো জমিদারি পাওয়ার আনন্দ নয়, বরং মানচিত্রের ওপর জমে থাকা ধুলোবালি হাত দিয়ে পরিষ্কার করতেই একদম উপরে একটা নাম দেখে নওশাদের বুকের ভেতর ধক করে উঠল।
মানচিত্রের কোণায় স্পষ্ট অক্ষরে লেখা—

"জমিদার রফিকউদ্দিন চৌধুরী..."

নওশাদ এক্কেবারে থমকে গেল, তার হাত দুটো হালকা কাঁপতে লাগল। এই নামটা তার চেনা চেনা লাগছে। তার বাবার মুখে কোনো এক কুয়াশাচ্ছন্ন শীতের রাতে আগুনের পাশে বসে এই নামটা সে শুনেছিল। নওশাদ মানচিত্রের দিকে চেয়ে বিড়বিড় করে ভাবল—

— "রফিকউদ্দিন চৌধুরী... এই নামডা কই যেন শুনছি!"

নওশাদ যখন মানচিত্রটি আরও ভালো করে ওল্টাতে গেল, তখন তার চোখ পড়ল মানচিত্রের একেবারে নিচের কোণায়। সেখানে লাল কালির একটা অদ্ভুত পুরোনো সিলমোহর দেওয়া, যার ওপরে জমাট বাঁধা রক্তের মতো লাল রঙে স্পষ্ট করে একটা চাবুকের চিহ্নের পাশে লেখা রয়েছে—

"যে বিশ্বাসঘাতক হবে, সে কখনো এই ধন পাবে না।"

লেখাটা দেখামাত্রই নওশাদের মেরুদণ্ড বেয়ে একটা শীতল ভয়ের স্রোত নেমে গেল।

"মানচিত্রের ভাঁজের ভেতর থেকে যেন একটা পুরোনো শুকনো তুলসীপাতা মাটিতে পড়ে গেল। এত বছর পরও সেটার সঙ্গে মিশে ছিল অদ্ভুত এক পুরোনো গন্ধ। নওশাদের বুকের ভেতর অকারণেই কেঁপে উঠল।”

ঠিক তখন... ঘরের বাইরে শুকনো পাতার ওপর কারও ভারী পায়ের শব্দ মচমচ করে শব্দ করে উঠল! কেউ একজন জানালার ওপাশে দাঁড়িয়ে ফিসফিস করে নিঃশ্বাস ফেলছে! নওশাদ চমকে উঠে দ্রুত মানচিত্রটা কাপড়ে মুড়ে আবার সিন্দুকের ভেতর লুকিয়ে ফেলে। তার কপালে তখন ভয়ের ঠান্ডা ঘাম জমতে শুরু করেছে। চাটমোহরের এই সুখী সংসারের ওপর কোন নতুন অদেখা ঝড় আসতে চলেছে?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন