মেয়েটির খাওয়া শেষ আমির এতক্ষন চুপ করে ছিলো তবে তার মনে হাজারটা প্রশ্ন ঘুর পাক খাচ্ছে। মেয়েটির খাওয়া শেষ হতে না হতেই আমির মেয়েটাকে প্রশ্ন করে বসে, তোমার নাম কি?
জি আমার নাম সাগরিকা।
তোমারদের বাড়ি কোথায়?
সমুদ্রে।
কি বলছো এইসব পাগলের মতো!
মানে সমুদ্রের তীরে।
ওহ সেটা বলো।
মেয়েটির বাড়ি সমুদ্রের তীরে তার পরেও মেয়েটা সাতার জানে না, এটা একটু আশ্চর্য লাগলো আমিরের কাছে।
তো পানিতে পড়লে কীভাবে?
পানিতে পড়েছি?
হ্যাঁ, তোমাকে না পানি থেকে উঠিয়ে আনলাম মাত্র!
ও হ্যাঁ, ঠিক বলেছেন।
আমির বুঝতে পারছে না মেয়েটা পাগল নাকি মাথায় ব্রেন নাই।
আমাকে একটু পানি দেন।
আমির পানি এগিয়ে দিলো সাগরিকাকে।
উম, এগুলো তো মিষ্টি পানি!
হ্যাঁ, তো কলের পানি তো মিষ্টি হবেই। সমুদ্রের পানি নোনতা হয়, কলের পানি না।
ওহ আচ্ছা, কখনো খাইনি তো তাই।
আমির ধারণা করে নিলো যে মেয়েটা অনেক গরিব, তাই তাদের বাড়ি হয়তো কল নেই, তারা সমুদ্রের পানিই খায়।
এগুলো বেশি ভালো না?
হুম।
আমির আর কিছু না বলে খিচুড়ির খালি প্লেটটা নিয়ে চলে গেলো।
আমির এই মাত্র কয়েক মিনিটেই যত কথা বলেছে, তত কথা হয়তো সে পুরো দিনেও বলে না। কেমন মেয়ে এটা, কিচ্ছু বুঝে না!
পাঁচ মিনিট পর আমির খিচুড়ির প্লেটটা ধুয়ে পা বাড়ালো সাগরিকার দিকে। সে তার ঘরের সামনে গিয়ে দেখতে পেলো সাগরিকা জানালা দিয়ে সমুদ্র দেখছে। আমিরের ঘরটা থেকে সমুদ্র খুব একটা দূরে না, তাই বেশ ভালো করেই দেখা যাচ্ছে পুরো সমুদ্র।
কি দেখছো?
আমিরের ডাক শুনে চমকে তাকায় সাগরিকা।
চমকানোর কি আছে? এখানে কি আমি ছাড়া আর কেউ আছে? আর তুমি এতক্ষণে ধারণা পেয়ে গেছো নিশ্চয়ই যে আমি তোমার কোনো ক্ষতি করবো না।
সাগরিকা কিছু বললো না।
আজকে রাতটা তুমি এখানে থাকো, কাল তোমাকে তোমার বাড়ি দিয়ে আসবো, ঠিক আছে?
সাগরিকা কেমন জানি করলো, তবে সে হ্যাঁ বা না কিছুই বলেনি।
আচ্ছা, এখানে তো আর দুজনে থাকা যাবে না। আমি পাশের রুম পরিষ্কার করে সেখানে থাকবো, তুমি চাইলে ঘুমাতে পারো।
সাগরিকা এবারো কিছু বললো না। আমির চলে যাওয়ার পর পরই সাগরিকা শুয়ে পড়লো। তার চোখটা টলমল করছে, যেন সে তার খুব আপন কাউকে হারিয়েছে।
রাত হয়েছে, আমির রাতের খাবার সাগরিকার ঘরে দিয়ে এসেছে এবং সে নিজেও আজ সেখানে বসেই খেয়েছে।
আচ্ছা, এই খাবারগুলো কীভাবে বানায় আমাকে শিখাবেন?
আমি পুরুষ মানুষ হয়ে রান্না করতে পারি আর তুমি এখনো এই সহজ খাবারগুলো রান্না করতে পারো না?
আমিরের কথা শুনে সাগরিকা কিছু বলতে চাচ্ছে কিন্তু সে কিছুই বলতে পারছে না।
কেউ শিখায়নি রান্না?
না।
ঠিক আছে, আমি পরে শিখিয়ে দেবো।
ঠিক আছে।
এরপর তারা শুয়ে পড়লো।
পরের দিন সকালে.........
উঠেছো?
সাগরিকা আবারো চমকালো। সে এবার সমুদ্র নয় বরং ঘরের সবকিছু দেখছিলো, যেন সে এগুলো জীবনে প্রথমবার দেখছে।
এত ভয় কেন তোমার?
কিছু না।
আচ্ছা বাদ দাও, চলো তোমাকে তোমার বাড়ি দিয়ে আসি।
বাড়ি?
হ্যাঁ, কেন বাড়ি যাবে না নাকি সারা জীবন আমার ঘাড়ে বসে খেতে চাও?
না না, ঠিক আছে চলুন।
নামো এবার, নাকি তোমাকে কোলে করে নিয়ে যাবো?
সাগরিকা বিছানা থেকে নামলো। বিছানা থেকে তো নামলো কিন্তু সে দাঁড়াতে পারছে না কোনোভাবে। ছোট বাচ্চাদের নতুন নতুন হাঁটা শিখালে তারা যেভাবে হাঁটে, সাগরিকা ঠিক সেভাবেই হাঁটছে।
আমির ভাবলো মেয়েটা পানিতে পড়ার পর অনেকক্ষণ মাটির স্পর্শ পায়নি, তাই হয়তো এমন করছে। কিন্তু ওকে তো বাড়িতে দিয়ে আসতে হবে আর তার জন্য তাকে যেতে হবে। এখন সে যদি নিজের পায়ে না যেতে পারে তাহলে নিশ্চয়ই আমিরকে নিয়ে যেতে হবে। তাই আমির বাধ্য হয়ে সাগরিকাকে কোলে তুলে নিলো।
আরে আরে কি করছেন!
তোমার এই কচ্ছপের মতো গতিতে যদি যেতে পারতাম তাহলে আমি আর তোমাকে কোলে নিতাম না। এত বড় হয়ে গেছো অথচ এখনো হাঁটতে পারো না ঠিক করে!
সাগরিকার ভয়, ইতস্ততা ও লজ্জা সব একসাথে ভর করেছে।
আমিরদের বাড়ি থেকে সমুদ্রের তীরে যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে, তাই তারা ইতিমধ্যে সমুদ্রের তীরে পৌঁছে গেছে। সেখানে বেশ কয়েকটা বাড়ি দেখে আমির সাগরিকাকে বলে, তোমাদের বাড়ি কোনটা?
সাগরিকা খুব চিন্তায় পড়ে যায়, সে কি বলবে এখন!
কি হলো, বাড়িটাও ভুলে গেলে?
না না, মনে আছে।
তাহলে দেখাও।
এরপর সাগরিকা আমিরকে একটা বাড়ি দেখিয়ে দিলো।
ঐটা আমার বাড়ি।
আমির সাগরিকাকে কোলে নিয়ে সেদিকেই যেতে লাগলো।
সাগরিকার গলা শুকিয়ে আসছে।
বাড়িতে কেউ আছেন?
আমিরের কথার কোনো প্রতিউত্তর এলো না, তাই সে আবার বললো, কেউ আছেন বাড়িতে? আপনাদের মেয়ে আমার কাছে।
কেউ নেই।
সাগরিকার কথা শুনে আমির তার এক ভ্রূ উঁচু করে বললো, কেউ নেই মানে?
মানে আমার পরিবারের সবাই মারা গেছে।
কিন্তু কীভাবে?
গাড়ি দুর্ঘটনায়।
আমির বেশ অবাক হয়, তার পরিবারও তো গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলো!
ঠিক আছে, আমার এত সেবা করার জন্যে ধন্যবাদ। এখন আমাকে এখানে ছেড়ে দিয়ে আপনি আসতে পারেন।
না না, তোমাকে একা এক বাড়িতে এই অবস্থায় আমি ছাড়বো না। আমার বাড়িই ফিরে চলো, সুস্থ হয়ে তারপর না হয় ফিরে এসো।
সাগরিকার মেঘ না চাইতেই জল! একে তো সে আন্দাজে একটা বাড়ি দেখিয়ে দিয়েছিলো আর সেই বাড়িটায় কেউই ছিলো না। যদি বাড়ির মানুষ বাড়িতে থাকতো তাহলে কি তারা বলতো না যে এই মেয়ে আমাদের না! দ্বিতীয়ত, আমির তাকে সাথে নিয়ে যাচ্ছে। সে তো এখনো পৃথিবীর তেমন কিছু বুঝে না, সে একা কীভাবে থাকতো!
চলো।
ঠিক আছে, চলুন।
এরপর আমির আবারো সাগরিকাকে কোলে তুলে নিলো এবং রওনা হলো বাড়ির উদ্দেশ্যে।
ওখানে কি হচ্ছে আবার?
এক জায়গায় অনেকগুলো মানুষ দেখে আমির কথাটা বললো। সে বিষয়টা বুঝতে কাছে যায়।
কি হচ্ছে এখানে?
আরেহ দেখো তো, এখানে কি পাথরের মতো চকচক করছে!
তুলে দেখো কি এটা?
আরে আমরা কি বোকা নাকি! আমরা তোলার অনেক চেষ্টা করেছি কিন্তু তুলতে পারি নাই।
কি বলছো, এত ছোট একটা পাথর এবং তোমরা এতগুলো মানুষ তাও পারছো না?
দেখো, তুমি একটু চেষ্টা করো।
এরপর আমির সাগরিকাকে পাশে এক জায়গায় বসিয়ে দিয়ে পাথরটা তুলতে বসলো। তার হাতের নাড়া পেয়ে পাথরটা একটু সরলো, কিন্তু সেও সবার মতো পাথরটি তুলতে ব্যর্থ হয়।
এরপর সাগরিকা এগিয়ে আসে এবং মুহূর্তেই পাথরটা তুলে ফেলে।
যা এতক্ষণ এতগুলো পুরুষ মিলেও পারলো না, তা কিনা এতটুকু মেয়ে করে দিলো!
সবাই হা করে সাগরিকার দিকে তাকিয়ে আছে, যা আমিরের পছন্দ হলো না। তাই সে সবার মনোযোগ ঘোরাতে সবার উদ্দেশ্যে প্রশ্ন করলো, এটা কি হতে পারে?
যে যার মতো উত্তর দিচ্ছে। কেউ বলছে সাপের মনি, কেউ বলছে হীরা, আবার কেউ বলছে এটা শুধুমাত্র রঙ করা একটা পাথর।
তবে এত কথার মাঝে সাগরিকা বলে উঠলো, এগুলো জলপরীদের ড্রেসের পাথর!
তুমি কীভাবে জানলে? সাগরিকার কথাটা শুনে অনেকেই এই প্রশ্নটা করলো।
ঐ আসলে... আমি একটা বইয়ে পড়েছিলাম।
চলবে............