ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 3

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {পর্ব ০৩}
#আইজা_নূর_পায়েল

ঝরে পড়েছে দুই-দুটো মাস।

দিনলিপির পাতার সাথে সাথে বদলে গেছে অনেক কিছুই। সম্প্রতি প্রকাশিত হয়েছে রূপস্মিতার এসএসসি পরীক্ষার ফলাফল। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি পুরো উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে দারুণ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে সে। মিষ্টি হাসির অন্তরালে লুকিয়ে থাকা সেই অপমানের ক্ষতগুলোকে সে নিজের পড়াশোনার শক্তিতে রূপান্তর করেছে।

রূপস্মিতা এখন আর আগের মতো নিজের বাড়িতে থাকে না। বর্তমানে সে উঠে এসেছে তার মামার বাড়িতে। মামির একটি মেয়ে আছে, কাশফি—যে বয়সে রূপস্মিতার একদম সমবয়সী। দুজনই সদ্য কুমিল্লা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। একই ছাদের নিচে একই পড়ার টেবিলে কাটানো দিনগুলোতে কাশফি এখন তার সবচেয়ে কাছের সখী।

এই দুই মাসে কৌশিক বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা চালিয়েছে। অনুশোচনায় দগ্ধ হয়ে ক্ষমা চাইতে চেয়েছে, কথা বলতে চেয়েছে বারবার। কিন্তু রূপস্মিতা তার জীবনের সেই অধ্যায়টাকে চিরতরে সিলগালা করে দিয়েছে। কৌশিক এর কোনো আকুতি বা অজুহাতই আর পৌঁছাতে পারেনি তার বন্ধ দরজার ওপারে।

তবে কলেজে আসা-যাওয়াটা রূপস্মিতার খুব একটা পছন্দ নয়। ক্যাম্পাসে পা রাখলেই শত শত উৎসুক জোড়া চোখ তার দিকে অদ্ভুত এক কৌতূহলে চেয়ে থাকে, যা তার কোমল মনে প্রচণ্ড অস্বস্তির সৃষ্টি করে।

তাই প্রয়োজন ছাড়া সে কলেজের সীমানায় পা দেয় না, ঘরে বসে বইয়ের পাতায় ডুবে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে। কিন্তু আজ আর উপায় নেই। কলেজে আজ গুরুত্বপূর্ণ ক্লাস টেস্ট রয়েছে, সাথে দুটো স্পেশাল লেকচার—যা কোনোভাবেই মিস করা সম্ভব নয়।

ফাল্গুন ছুঁইছুঁই ফেব্রুয়ারি মাস। শীতের প্রখরতা কমে এলেও ভোরের কুয়াশামাখা বাতাসে এখনো হিমেল একটা কামড় রয়ে গেছে। পরনে তার নিজস্ব পছন্দের মার্জিত লাল রঙের একঘেরা লং ফ্রক, মাথায় সুবিন্যস্তভাবে জড়ানো ওড়না। চওড়া তোরণ পেরিয়ে কলেজের বিশাল লাল-ইটের প্রাঙ্গণে পা রাখতেই—পিছন থেকে এক চড়া শব্দ ভেসে এলো।

প্রথমে ভিড়ের কোলাহল ভেবে পাত্তা দেয়নি রূপস্মিতা। কিন্তু একটু পরেই ডাকটা আবারও ভেসে এলো, আরও স্পষ্ট এবং উদ্ধত ভঙ্গিতে,

“এই লাল ফ্রক! শুনছ?”

পুরো করিডোরে ওই মুহূর্তে লাল রঙের লং ফ্রক পরিহিত মেয়ে কেবল রূপস্মিতা একাই।

পাশে থাকা মামাতো বোন কাশফি নিমেষেই ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। রূপস্মিতার হাতটা শক্ত করে চেপে ধরে কানের কাছে ফিসফিসিয়ে ভীতি জড়ানো কণ্ঠে সতর্ক করল,

“রূপ, খবরদার ফিরে তাকাস না! সোজা হেঁটে চল। ওরা অনার্স শেষ বর্ষের ছাত্রদলের ক্যাডার আর নেতার দল... জুনিয়রদের ধরে ধরে বাজে র‍্যাগিং দেয়! ভুলেও ওদের দিকে চোখ তুলিস না!”

ভয়ে রূপস্মিতার বুকের ভেতরটা এক লহমায় ধক করে উঠল। হাত দিয়ে নিজের ফ্রকের ঘেরটা মুঠি করে চেপে ধরল সে। আড়ষ্ট শরীরে কাঠের পুতুলের মতো মেপে মেপে সোজা কদমে সামনের দিকে এগোতে লাগল।

কিন্তু নিস্তার মিলল না।

কয়েকটা জোড়া ভারী জুতো পিচঢালা পথ চিরে দ্রুত ধেয়ে এলো তাদের দিকে। এক উদ্ধত তরুণ হুট করে এসে রূপস্মিতার পথ আটকে সামনে দাঁড়াল। তারপর মেজাজ দেখিয়ে রুক্ষ গলায় ধমকে উঠল,

“কী মেয়ে, কানে তালা লেগেছে নাকি? কলেজের এতগুলো সিনিয়র তোকে এতবার ধরে ডাকছে, চোখে-কানে কিছু দেখতে-শুনতে পাচ্ছো না?”

ভয়ে ও আকস্মিক ধাক্কায় রূপস্মিতার আলতা-রাঙা নরম পা জোড়া যেন পিচঢালা মাটিতেই জমে গেল! হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে লাফাতে শুরু করেছে। সে চরম শঙ্কায় ধীরপায়ে পেছন ফিরে দাঁড়াল, তবে দৃষ্টি রাখল মাটির দিকে—নিজের জুতো জোড়ায়।

ছেলেটা নিজের পকেটে হাত গুঁজে রূপস্মিতার মাথা থেকে পা পর্যন্ত এক নজর দেখে নিয়ে কড়া গলায় নির্দেশ দিল,

“বড় ভাই ওখানে দাঁড়িয়ে আছেন। সোজা আমার সাথে এসো!”

রূপস্মিতা এক পলকের জন্য পাশে দাঁড়িয়ে থাকা কাশফির দিকে চরম অসহায় চোখে তাকাল। তার চোখের কোণে জমে ওঠা শঙ্কাটুকু স্পষ্ট পড়া যাচ্ছে। কাশফি কিছুক্ষণ ঠোঁট কামড়ে চিন্তায় পড়ে গেল, তারপর নিজের রাগ আর বিরক্তি চেপে রেখে ফিসফিস করে বলে উঠল,

“এর জন্যই তোকে প্রতিদিন বলি, কলেজে আসার সময় নিজের মুখ-মাথা অন্তত ভালো করে ঢেকে চলবি! মানুষ তো তোর এই রূপ-সৌন্দর্য দেখেই অর্ধেক পাগল হয়ে যায়! চল এখন, কী আর করবি... বিপদে একলা রেখে তোকে ফেলে যাব না, আমিও আসছি তোর সাথে।”

রূপস্মিতার হাঁটু ছাড়ানো কুচকুচে কালো দীর্ঘ চুলগুলো সুন্দর করে একটা উঁচানো ঝুঁটিতে বাঁধা। পিঠের ওপর সেই চুলের গোছা দুলছে। দুই বোন ধীর ও আড়ষ্ট পায়ে হেঁটে গিয়ে শেষমেশ সেই ক্ষমতাধর সিনিয়রদের জটলার সামনে এসে দাঁড়াল।

রক্তচক্ষু আর শক্ত মেজাজের ছেলেদের থমথমে উপস্থিতি দেখে রূপস্মিতার ভেতরের ভয়টা এত শতগুণে বেড়ে গেল যে, তার হাঁটু দুটো থরথর করে কাঁপতে শুরু করল।

সামনে একটা চকচকে স্পোর্টস বাইকের ওপর অলস ভঙ্গিতে হেলান দিয়ে শুয়ে আছে এক তরুণ, মুখের ওপর একটা কালো ক্যাপ ঢাকা দেওয়া। তার বাইকটিকে ঘিরে দাঁড়িয়ে আছে চার-পাঁচজন রাজনীতি করা ক্যাডার টাইপ ছেলে।

দাঁড়িয়ে থাকা ছেলেদের একজন রূপস্মিতার চিবুক থেকে পা পর্যন্ত এক নজর দেখে বেশ বাজখাঁই কণ্ঠে জিজ্ঞেস করল,

“ফ্রেশার?”

কাশফি নিজের ভীতি সামলে গলার আওয়াজ স্বাভাবিক রেখে মাথা নেড়ে জবাব দিল,

“জ্বি।”

“নাম কী?”

কাশফি এবারও রূপস্মিতার হয়ে বাধ্য মেয়ের মতো উত্তর দিল,

“কাশফি।”

ছেলেটি বিরক্তিতে কপাল কুঁচকে, কড়া চেহারায় ধমকে উঠল,

“তোমাকে তো নাম জিজ্ঞেস করিনি! এই লাল ফ্রক পরা মেয়েটাকে জিজ্ঞেস করেছি।”

কাশফি একটু বোকার মতো অপরাধীর হাসি দিয়ে চটপট বলল,

“ওর... ওর নাম রূপস্মিতা।”

ঠিক তখনই বাইকের পাশে দাঁড়িয়ে থাকা এক উগ্র দেখতে ছেলে হাত দিয়ে বাইকে শুয়ে থাকা তরুণটির কাঁধে মৃদু ধাক্কা দিল। তারপর তার কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে, লালসার সুরে বলে উঠল,

“বড় ভাই! মেয়েটার দিকে এক নজর চান না ভাই... উফ, কড়াক সুন্দরী! এরে আপনি নিজের হাতে র‍্যাগিং দেন ভাই! প্লিজ ভাই, প্লিজ... এমন পিস সচরাচর কলেজে আসে না!”

বাইকের ওপর অলস পড়ে থাকা তরুণটি—নির্ঝর—ধীরে ধীর মুখ থেকে কালো ক্যাপটা সরিয়ে নিল।

তারপর আলতো ভঙ্গিতে উঠে বসল বাইকের সিটে। পাশের ভিউ মিররে নিজের সুগঠিত চেহারায় এক নজর চোখ বুলিয়ে, হাত দিয়ে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিল সে। পকেট থেকে ডার্ক সানগ্লাসটা বের করে চোখে পরতেই তার দৃষ্টি গিয়ে আটকে গেল সামনে মাথা নিচু করে থরথর করে কাঁপতে থাকা রূপস্মিতার ওপর!

পরমুহূর্তেই... নির্ঝরের বুক চিরে যেন এক অচেনা ঝড়ের ঝাপটা বয়ে গেল!

সে চোখে বিশ্বাস করতে না পেরে এক ঝটকায় নিজের চোখের সানগ্লাসটা টেনে খুলে ফেলল। চশমা ছাড়া সে অপলক, বিস্ময়াভিভূত দৃষ্টিতে চেয়ে রইল রূপস্মিতার সেই অনিন্দ্যসুন্দর, মায়াবী মুখশ্রীর দিকে!

চারপাশের কোলাহল, কলেজের ব্যস্ততা সব যেন এক লহমায় মুছে গেল। এক ধ্যানে নিথর হয়ে চেয়ে থাকতে থাকতেই নির্ঝরের ঠোঁট দুটো আপনা থেকেই কেঁপে উঠল। সে নিজের অজান্তেই বিড়বিড় করে উচ্চারণ করে ফেলল,

“সুবহান-আল্লাহ...!”

পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি শোনামাত্র চরম তাজ্জব বনে গিয়ে ভ্রু কুঁচকে ফেলল! কারণ, সবাই জানে নির্ঝর সনাতন হিন্দু সম্প্রদায়ের ছেলে। আর হিন্দু ঘরের একজন ছেলে হুট করে পরম বিস্ময়ে মুসলিমদের ধর্মীয় শব্দ 'সুবহান-আল্লাহ' বলে উঠল—যা আল্লাহর অপরূপ সৃষ্টিকে প্রশংসা করতে গিয়ে মুমিনরা উচ্চারণ করে থাকে!

নির্ঝর অবশ্য নিজের চারপাশের কোনো দিকে খেয়াল দিল না। তার চোখ তখনো রূপস্মিতার ফর্সা, মসৃণ কপালে ফুটে থাকা ছোট কালো তিলটার ওপর স্থির হয়ে আছে। সে বাইক থেকে নেমে এক কদম এগিয়ে এলো। তার গলার আওয়াজ এবার একদম শান্ত, ধীর কিন্তু গভীর শোনালো। রূপস্মিতার চোখে চোখ রেখে সে আলতো করে জিজ্ঞেস করল,

“নাম কী?”

কাশফি চটপট আবারও জবাব দিয়ে উঠল,

“ওর নাম রূপস্মিতা।”

নির্ঝর বাইকের সিটে সোজা হয়ে বসে রূপস্মিতার সেই অনিন্দ্যসুন্দর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। তার চোখ জোড়া যেন কোনো অলৌকিক মোহে আচ্ছন্ন। ঠোঁটের কোণে অদ্ভুত এক আলো ফুটে ওঠার মতো করে বিড়বিড় করে বলল,

“রূপাঞ্জেল...!”

কাশফি আবার মাঝখান থেকে ফটাফট তার উচ্চারণ শুধরে দেওয়ার ভঙ্গিতে বলে উঠল,

“রূপস্মিতা হবে সেটা, রূপাঞ্জেল না কিন্তু!”

নির্ঝর এক মুহূর্তের জন্য চোখ তুলে কাশফির দিকে অত্যন্ত বরফশীতল ও ঠান্ডা চোখে তাকাল। গলার স্বরে কঠিন এক গম্ভীরতা এনে বলল,

“আমি রূপাঞ্জেল বলে ডাকব, কোনো সমস্যা? আর প্রতিটা কথায় তুমি উত্তর কেন দিচ্ছ বল তো? ওর কি নিজের মুখ নেই? ও নিজে কথা বলতে পারে না?”

কথাটা কানে যেতেই রূপস্মিতা চোখ পিটপিট করে এবার নিজের লম্বা পাপড়ি তুলে সোজা নির্ঝরের দিকে তাকাল। সেই বিড়ালের মতো হালকা রঙের মায়াবী চোখ জোড়া যেন এক নিমেষে ধারালো তীরের মতো গিয়ে বিঁধল নির্ঝরের বুকের ঠিক বাম পাশটিতে!

কাশফি এবার পরিস্থিতি সামলাতে না ভেবেচিন্তেই বানিয়ে বানিয়ে পটপট করে বলে উঠল,

“ভাইয়া আসলে... আমাদের রূপ তো মুখে কথা বলতে পারে না! ও জন্মগতভাবে বোবা!”

কাশফির মুখে আস্ত এই খাঁটি বানিয়ে বলা মিথ্যা কথাটা শোনামাত্রই রূপস্মিতা একদম ভূত দেখার মতো করে বড় বড় চোখে চেয়ে রইল কাশফির দিকে! যেন অবিশ্বাস্য কোনো কৌতুক শুনল সে।

অপরদিকে নির্ঝর রূপস্মিতার সেই থমকে যাওয়া চাহনি আর ক্ষণিকের অপ্রস্তুত রূপ দেখে নিমেষেই সবটা আঁচ করে ফেলল। তার ঠোঁটের কোণে ভেসে উঠল এক ধূর্ত, বাঁকা রহস্যময় হাসি। সে বাইকের স্ট্যান্ডটা একটু ঠিক করে নিয়ে শান্ত ভঙ্গিতে বলল,

“ফাইন! যাও তোমরা, ক্লাসের সময় হয়ে যাবে। অ্যান্ড ইয়েস... ফর এনি কাইন্ড অফ হেল্প, আমাদের কথা মনে রেখো।”

কাশফি মুখে বিশাল এক মেকি স্বস্তির হাসি ঝুলিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করে রূপস্মিতার হাত ধরে টানতে টানতে সেখান থেকে সরিয়ে নিয়ে এলো।

ছেলেদের জটলা পেরিয়ে খানিকটা দূর এগোতেই রূপস্মিতা রাগে গাল ফুলিয়ে কড়া স্বরে বলে উঠল,

“এই বেয়াদব মেয়ে! তুই আমাকে সবার সামনে আস্ত বোবা বানিয়ে দিলি কেন শুনি?”

কাশফি একদম হাঁফ ছেড়ে বাঁচাল মতো বুক থেকে এক দীর্ঘশ্বাস ফেলে বলল,

“আরে বাবারে! তোকে বোবা বানিয়েছি বলেই তো আজ আস্ত সুস্থ শরীরে ফিরে আসতে পারলি! নয়তো ওই নির্ঝর ভাইয়ের গ্যাং তোকে আজ র‍্যাগিং কত প্রকার আর কী কী—সব এক দিনে হাড়গোড়ে বুঝিয়ে দিত!”

রূপস্মিতা ভ্রু কুঁচকে প্রশ্ন করল,

“কিন্তু নির্ঝরটা আবার কে?”

কাশফি চারপাশ দেখে নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগল,

“আরে! তুই চিনিস না? আমাদের কলেজের সিনিয়র ছাত্রদলের প্রধান সভাপতি! ওই যে বাইকের ওপর আরাম করে শুয়ে ছিল ধবধবে ফর্সা, সুন্দর মতন দেখতে ছেলেটা... ওর বাবা এই এলাকার নামজাদা প্রভাবশালী চেয়ারম্যান! প্রতিবার কলেজের হরেক রকম অনুষ্ঠানে উনার বাবা আর দাদাকেই প্রধান অতিথি হিসেবে ইনভাইট করা হয়।”

রূপস্মিতা আর কোনো কথা বাড়াল না। এক গম্ভীর নীরবতা বজায় রেখে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার করিডোর ধরে হাঁটা দিল।

কিন্তু তার অজান্তেই, কলেজের প্রাঙ্গণে বাইকের আয়নায় নিজের চুল হাত দিয়ে ঠিক করতে করতে নির্ঝর কিন্তু তখনো একদৃষ্টিতে দোতলার সিঁড়ি বেয়ে উঠে যাওয়া সেই লাল ফ্রক পরিহিত কিশোরীর রূপ আর তার পিঠ ছুঁয়ে থাকা দীর্ঘ চুলের গোছার দিকেই অপলক চেয়ে রইল...
.
~~~~~~~~~
.
বাড়িতে ফিরেই ভারী ব্যাগটা একপাশে ছুঁড়ে ফেলে কম্পিউটারের সামনে ধপ করে চেয়ারে বসে পড়ল রূপস্মিতা। পিসি অন করেই একমনে ব্রাউজারে ঢুকে একের পর এক বিদেশের বিভিন্ন নামি-দামি ইউনিভার্সিটির স্টুডেন্ট ভ্লগ আর ক্যাম্পাস ট্যুরের ভিডিও দেখতে লাগল।

তার মনের এক কোণে এক অদ্ভুত স্বপ্ন ডানা মেলে বাঁচে—সে তার ব্যাচেলর ডিগ্রিটা সম্পন্ন করবে বিদেশের কোনো বিশ্বমানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে। এখন অবধি সে যে কত হাজার হাজার স্কলারশিপ আর রিভিউর ভিডিও দেখে ফেলেছে, তার কোনো ইয়ত্তা নেই!

মনে মনে শুধু একই হিসাব কষে—কবে তার এই এইচএসসির পাট চুকবে, আর কবেই বা সে মুক্ত পাখির মতো ডানা মেলে স্বপ্নের সেই বিদেশে পাড়ি জমাবে! তবে কেবল স্বপ্ন দেখেই সে ক্ষান্ত থাকে না।

পড়ার টেবিলের এক কোণে আইইএলটিএস (IELTS)-এর প্রিপারেশন বই এনে একটু একটু করে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। পড়াশোনায় মেধা চিরকালই প্রখর হওয়ায় পরিবারের তরফ থেকেও তেমন বড় কোনো বাধা আসেনি কখনো।

তবে হ্যাঁ, তার বড় ভাই আর মা এখনো তাকে এত দূরে একা পাঠাতে মন থেকে সায় দিতে পারছেন না। থাক গে, সেসব নিয়ে এখন বেশি ভেবে মাথা খারাপ করে লাভ নেই।

হঠাৎই অলস মস্তিষ্কে ভেসে উঠল কলেজের সেই ছেলেটির মুখ। স্বীকার করতেই হয়, আজকের সেই সানগ্লাস পরা নির্ঝর ছেলেটাকে যেন কেমন এক পলকে একটু মন ছুঁয়ে গেছে তার!

কিন্তু ঠিক সেই মুহূর্তেই রূপস্মিতার মস্তিষ্কে ঝড়ের গতিতে এসে জোরপূর্বক হানা দিল সেই রাতের অভিশপ্ত কালছায়া—কালো হুডি পরিহিত, সুঠাম হাতে অদ্ভুত সব ট্যাটু আঁকা, বিশাল কোনো এক দৈত্যের মতো দাঁড়িয়ে থাকা লোকটার অবয়ব!

চেহারা সে স্পষ্ট দেখেনি বটে, কিন্তু লোকটার সেই হিংস্র দীর্ঘ গঢ়ন, গায়ের অচেনা ঘ্রাণ আর কড়া, গমগমে নিরেট স্বরে দেওয়া ধমকটা নিমেষেই মনে পড়ে গেল রূপস্মিতার।

চমকে উঠে দু-পাশে জোরপূর্বক মাথা নাড়ল সে। ভেতরের সমস্ত অস্তিত্ব দিয়ে চেষ্টা করল সেই অভিশপ্ত চেহারা আর বিভীষিকাময় স্মৃতিকে মস্তিষ্ক থেকে উপড়ে ফেলে দিতে। কিচ্ছুতেই সে আর মনে করবে না ওই পাষাণ লোকটাকে! এমনিতেও তো সে স্পষ্টভাবে বলে দিয়ে গেছে—ঠিক দু-বছর পার হলেই তার হাতে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত সেই তালাকনামা... তবে আর ওই লোকটাকে নিয়ে ভেবে অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করবে কেন?

ওই লোকটা তার জীবনে থাকা আর না-থাকা একদম একই কথা! অযথা বাজে চিন্তা দিয়ে নিজের মেজাজ খারাপ না করে, মাথা থেকে সমস্ত অনাকাঙ্ক্ষিত ভাবনা ঝেড়ে ফেলে সোজা শাওয়ার নিতে চলে গেল রূপস্মিতা।

আজ কলেজে এমনিতেও টিচারের কাছ থেকে বেশ কিছু বকা আর কথা শুনতে হয়েছে তাকে। বৃষ্টির দিনে ধুয়ে দেওয়া কলেজের অফিসিয়াল ড্রেসটা এখনো শুকিয়ে ওঠেনি বলেই বাধ্য হয়ে আজ তাকে লাল রঙের ওই আউট ড্রেসে কলেজে যেতে হয়েছিল।

গোসল শেষ করে তোয়ালে দিয়ে নিজের হাঁটু ছাড়ানো ঘন, দীর্ঘ ভিজে চুল মুছতে মুছতে সে যখন বিছানার সামনে এসে দাঁড়াল, ঠিক তখনই পিসির স্পিকার থেকে টুন করে একটা ফেইসবুক নোটিফিকেশনের শব্দ ভেসে এলো।

রূপস্মিতার নিজের কোনো ব্যক্তিগত স্মার্টফোন নেই। বয়স কম বলে বাড়ি থেকে এখনো ফোন কিনে দেওয়া হয়নি তাকে। তবে গত বছর তার পনেরোতম জন্মদিনে তার আদরের বড় ভাই নিলয় একটা ডেক্সটপ কম্পিউটার উপহার দিয়েছিল তাকে। সেই পিসিটা ব্যবহার করেই সে ইন্টারনেটে পড়াশোনা থেকে শুরু করে দেশ-বিদেশের নানারকম কাজ গুছিয়ে নেয়।

অবশ্য বাড়ির সবার অলক্ষে আর চোখের আড়ালে লুকিয়ে একটা গোপন ফেইসবুক অ্যাকাউন্টও খুলেছে সে। অবশ্য এই অ্যাকাউন্টের খবর একমাত্র কাশফি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। কাশফির নিজেরও তো বাড়ির চোখ ফাঁকি দিয়ে খোলা একটা গোপন আইডি রয়েছে!

রূপস্মিতা তোয়ালেটা কাঁধে ফেলে পিসির মনিটরের সামনে এসে দাঁড়াল।

স্ক্রিনে তাকিয়ে দেখে—এক অজানা ফেইসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলছে। আইডির নাম "Nirjhor R"। প্রোফাইল পিকচারে ফর্সা, রাজকীয় লুকের এক তরুণের সুতি কালো পাঞ্জাবি পরা ছবি—যেটি স্পষ্টতই কলেজের সেই সিনিয়র নির্ঝরের! আর কভার ফটোতে দেওয়া আছে তার সেই বিখ্যাত কালচে স্পোর্টস বাইকের একটা শট।

রূপস্মিতার বুঝতে আর এক সেকেন্ডও বাকি রইল না যে, এটা নির্ঝরেরই আইডি! কিন্তু মনে মনে এক মস্ত বড় প্রশ্ন উঁকি দিল—সে ফেইসবুকে একেবারেই নতুন, আইডিতে নিজের আসল ছবিও দেয়নি, তবুও এই ছেলেটা তার গোপন ফেইসবুক আইডির হদিস পেল কী করে?

চোখের সামনে রিকোয়েস্টটা বেশ কিছুক্ষণ ভেসে রইল। রূপস্মিতা একটু মিটিমিটি হেসে মনে মনে ভাবল— অত সোজা নয় ভাইয়া! বিকেল হোক, তখন ভেবে ভিন্তে এক্সেপ্ট করা যাবে। আপাতত একটু ঝুলতে থাক!

চলমান.........

গল্প টা রেগুলার পেতে লিংকে দেওয়া পেইজ টি ফলো করে রাখুন –
https://www.facebook.com/share/19gGYte6mY/

[গল্প টা পড়তে গেলে একটু ধৈর্য ধরতে পাঠকগণ। কারণ গল্পের সৌন্দর্য বজায় রাখতে ধীরে সুস্থে গল্প টানতে হবে। গল্প টানতে গিয়ে আমি গল্পের সৌন্দর্য নষ্ট করতে পারবো না। তাই এই কথা বলবেন না প্লিজ যে নায়কের সাথে কবে দেখা হবে, নায়কের সাথে কবে দেখা হবে। সময় হলে একাই দেখা হবে। তাই সকলে ধৈর্য ধরে পড়ুন আর আমাকে সাপোর্ট করুন নতুন রাইটার হিসেবে যে আরও দূরে এগিয়ে যেতে পারি🥹]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন