#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {০৪}
#আইজা_নূর_পায়েল
সময়ের চাকা থেমে থাকে না, নিজের আবহমান নিয়মে বইতেই থাকে। দেখতে দেখতে দিন গড়ায়, আর তার সাথে তাল মিলিয়ে নির্ঝর আর রূপের মাঝে তৈরি হয় এক অদ্ভুত সুন্দর বন্ধুত্বের মেলবন্ধন। তবে এই হৃদ্যতার মাঝেও দুজনেই খুব সচেতনভাবে টেনে রেখেছে এক অদৃশ্য ও অলিখিত সীমানা।
নির্ঝর কখনো সেই সীমানা ডিঙিয়ে রূপের ব্যক্তিগত আঙিনায় পা রাখার চেষ্টা করেনি। যদিও কলেজের সহপাঠী আর চেনা মুখগুলোর মধ্যে জোর গুঞ্জন—ওদের মাঝে নিশ্চয়ই আড়ালে কোনো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে! কিন্তু সত্যটা একদমই ভিন্ন। রূপের কাছে নির্ঝর কেবলই একজন নির্ভরযোগ্য, নিঃস্বার্থ বন্ধু, তার বেশি এক চুলও নয়।
প্রথম বর্ষের দিনগুলো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় দ্বিতীয় বর্ষের পড়ালেখা।
একই সাথে রূপস্মিতার মাথার ওপর চেপে বসে পড়াশোনার পাহাড়সমান চাপ। চারপাশের বইয়ের ভিড়ে ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার দুনিয়া থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে ফেলে সে। ঠিক এই ব্যস্ততার মাঝেই কলেজের ছুটি শুরু হতেই, রূপস্মিতা চলে আসে নিজের বাড়ির চেনা পরিবেশে।
ছুটির অলস সময়টাকে সে হেলায় হারাতে দেয় না। এই অল্প কদিনের মধ্যেই নিজের বাড়িতে থেকেই ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলটিএস পরীক্ষাটা শেষ করে ফেলে সে। যখন রেজাল্ট হাতে আসে, তার মুখে ফুটে ওঠে একচিলতে প্রশান্তির হাসি, ব্যান্ড স্কোর এসেছে ৭.৫!
আসলে রূপস্মিতা নিজেকে একটু একটু করে প্রস্তুত করছে এক কঠিন লড়াইয়ের জন্য। মনের কোণে জেদ চেপে বসেছে—সে কখনো কারও বোঝা হয়ে বাঁচবে না।
এই সমাজ একটা ডিভোর্সি মেয়েকে যেভাবে অযাচিত ভার মনে করে, সেই অপবাদকে সে মুছে ফেলতে চায় চিরতরে। ডিভোর্সের আইনি কাগজপত্রের ঝামেলাটুকু মিটে গেলেই সে প্রথম ফ্লাইটে পাড়ি জমাবে বিদেশের মাটিতে। নিজের একটা স্বাধীন পরিচয় গড়ে তুলবে একেবারে নতুন করে।
সে বিশ্বকে আঙুল উঁচিয়ে বুঝিয়ে দিতে চায়, মেয়েরাও থামতে জানে না, তারাও কারও চেয়ে কোনো অংশে কম নয়।
এসব এলোমেলো ভাবনা মাথার ভেতর ঘোরপাক খেতেই রূপ গিয়ে দাঁড়ায় বারান্দার গ্রিল ঘেষে। খোলা হাওয়ায় চুলগুলো উড়ছে, আর তার মনে অজস্র চিন্তার ঢেউ আছড়ে পড়ছে।
হঠাৎই ভ্রু দুটো কুঁচকে যায় তার,
'‘আচ্ছা, আমি তো সেই লোকটার মুখটাই কখনো ভালো করে দেখিনি! এমনকি তার হাতের ট্যাটুর নকশাটাও এখন স্মৃতি থেকে ঝাপসা হয়ে গেছে। তাহলে আবার দেখা হলে কীভাবে চিনব তাকে?"
মাথায় শুধু একটা নামই আটকে আছে—‘নীরভান’। তবে তার পুরো নাম কী, পদবিটাই বা কী—তার কিছুই রূপের জানা নেই। বুকের ভেতর চেপে থাকা অদ্ভুত এক কৌতূহল সামলাতে না পেরে ফোনটা বের করে সে। ফেসবুকের সার্চবারে গিয়ে ইংরেজি অক্ষরে টাইপ করে—Nirvan।
স্ক্রিনে বেশ কিছু আইডি ভেসে ওঠে ঠিকই, কিন্তু আইডিগুলোর প্রোফাইল পিকচার বা নাম দেখে কোনটাকেই সেই মানুষটার বলে মনে হয় না।
অনেকক্ষণ স্ক্রোল করে, একের পর এক আইডি ঘাঁটাঘাঁটি করেও যখন কোনো কূলকিনারা মেলে না, রূপ দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দেয়। হাল ছেড়ে দিয়ে সে প্রস্তুতি নিতে থাকে সন্ধ্যার জন্য। আজ আম্মুর সাথে হাটে যাওয়ার কথা আছে। বেশ কয়েকজন কাজিনও এসে যোগ দেবে তাদের সাথে।
~~~~~~~~~
সাঁঝের আঁধার নামতেই তারা সবাই মিলে বেরিয়ে পড়ে কেনাকাটার উদ্দেশ্যে। তাদের গন্তব্য, রাজধানী ঢাকার অন্যতম নামি ও আভিজাত্যপূর্ণ শপিং মল ‘ভি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি’। আন্তর্জাতিক মান ধরে রাখা এই সুবিশাল আউটলেটে সব বিদেশ থেকে ইম্পোর্ট করা অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। শুধু বাংলাদেশেই নয়, বিদেশের মাটিতেও এদের আলাদা এক দাপুটে সুনাম রয়েছে।
রঙিন আলোয় ঝলমল করা শপিং মলের ভেতরে ঢুকে রূপ আর তার কাজিনরা ঘুরে ঘুরে দেখতে শুরু করে হরেক রকমের পণ্যের সমাহার।
হাঁটতে হাঁটতে হঠাৎই মলের একটা নিরিবিলি, নির্জন কোণে চোখ আটকে যায় রূপের। দেওয়ালে উঁকি দিচ্ছে একটা কালো সিসিটিভি ক্যামেরা। আর অমনি তার ভেতরের চঞ্চল, দুষ্টু মনটা চাঙ্গা হয়ে ওঠে! চারপাশটা একনজরে দেখে নিয়ে সে একদম পা টিপে টিপে এগিয়ে যায় ক্যামেরাটার দিকে।
ক্যামেরার একদম মুখোমুখি দাঁড়িয়ে ডান হাতটা উঁচিয়ে নেড়ে বলে, ‘হাই!’
তারপর বাচ্চাদের মতো মুখের নানা রকম চেহারার অঙ্গভঙ্গি করতে শুরু করে, আর নিজের এই কান্ড দেখে নিজেই ফিক করে হেসে ওঠে...
~~~~~~~~
ঠিক একই মুহূর্তে শপিং মলের সিকিউরিটি কন্ট্রোল রুমের শীতাতপনিয়ন্ত্রিত শীতল ঘরে, সুবিশাল এক স্ক্রিনের সামনে স্থির হয়ে বসে আছে এক পুরুষ।
তার পুরো নজর এখন রূপস্মিতার কান্ডকারখানার ওপর। তীক্ষ্ণ চোখে সে ক্যামেরা ০৭-এর মনিটরটা জুম করে দেখছে রূপের প্রতিটা ছোটখাটো নড়াচড়া। ঠোঁটের কাছে দুহাতের আঙুল জড়ো করে, বেশ গম্ভীর আর শীতল চেহারায় সে পর্যবেক্ষণ করছে মেয়েটার এই অদ্ভুত সব পাগলামি।
স্ক্রিনটা এক মুহূর্তের জন্য পজ করে ফেলে সে। এরপর ক্যামেরাটা আরও একটু জুম করে রূপস্মিতার মুখের দিকে। ঝাপসা আলো-ছায়ার কারণে চেহারাটা অবশ্য একদম পরিষ্কার ফুটে উঠছে না স্ক্রিনে। লোকটা একধ্যানে বেশ কিছুক্ষণ সেই জুম করা স্ক্রিনের দিকে তাকিয়েই থাকে, তার চোখে এক অজানা ভাবান্তর।
হঠাৎ করেই অলক্ষ্যে সে পাশে তাকায়। দেখে, ঘরের ভেতরে থাকা তার অধীনস্থ লোকেরা সবাই হা করে জুম করা স্ক্রিনটার দিকেই চেয়ে আছে উৎসুক দৃষ্টিতে!
এতগুলো উৎসুক চোখকে একবার কম্পিউটার মনিটর আর একবার তার মুখের দিকে ঘুরেফিরে তাকাতে দেখে লোকটা কিছুটা চমকে যায়। তবে চকিতে চমকানোর চেয়ে বিরক্তিটাই ফুটে ওঠে তার কঠিন মুখাবয়বে।
সে আবার মনিটরের দিকে ফিরে তাকায়। চোয়াল শক্ত করে, দাঁতে দাঁত চেপে বেশ গম্ভীর স্বরে চিবিয়ে চিবিয়ে বলে,
“ননসেন্স।”
কথাটা বলেই আর এক মুহূর্ত সময় নষ্ট করে না সে। তৎক্ষণাৎ সিসিটিভি ক্লিপের সেই অংশটুকু স্ক্রিন থেকে ডিলিট করে দিয়ে ধপধপ পা ফেলে চেয়ার ছেড়ে উঠে পড়ে।
সে সরতেই তার সেই জায়গায় এসে বসে মনিটরিংয়ের দায়িত্বে থাকা নিয়মিত অপারেটর, যার কাজ সার্বক্ষণিক সবকিছু নজরদারিতে রাখা। সে বড় বড় চোখ করে আড়চোখে তার বসের হেঁটে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
ভিডিও ক্লিপটুকু এভাবে তড়িঘড়ি ডিলিট করে দেওয়া আর ওই নির্দিষ্ট লাইভ ক্যামেরাটা হুট করে অফ করে দেওয়ার কোনো যৌক্তিক কারণই তার মাথায় ঢোকে না।
তবে হ্যাঁ, তার এই বসের মনস্তত্ত্ব বোঝা সাধারণ কারও পক্ষে অসম্ভব। ভীষণ জটিল আর রহস্যময় এক মানুষ সে—ভীষণ মানে সত্যি ভীষণ কমপ্লিকেটেড!
.
~~~~~~~~~
.
দেখতে দেখতেই রূপের এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে এলো। পরীক্ষার আর হাতে মাত্র একটি মাস বাকি। এক মাস পর পরীক্ষা অথচ পড়ালেখার পাহাড়সমান চাপে সে চোখে যেন সরষে ফুল দেখছে।
ক্লাস, প্রাইভেট, কোচিং, হোমওয়ার্ক আর টানা অ্যাসাইনমেন্ট! সব মিলিয়ে দম ফেলার ফুরসতটুকু পর্যন্ত নেই তার। দিনগুলো কাটছে এক অতিব্যস্ত আর ক্লান্তিঘেরা রুটিনে।
তবে যত কষ্টই হোক, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস তাকে পেতেই হবে, যেভাবেই হোক! কারণ রেজাল্ট ভালো না হলে বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। আর ফুল স্কলারশিপ না পেলে তার মা কিছুতেই এত টাকা খরচ করে তাকে বিদেশের মাটিতে পাঠাবেন না।
বাবা যদিওবা হয়তো রাজি হতেন, কিন্তু মা না চাইলে বাবাকে রাজি করানোও মায়ের এক কথায় খেলা। তখন এত টাকা তাকে দেবেই বা কে? নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাই পড়ালেখা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই তার সামনে।
অপরদিকে, শহরের অন্য প্রান্তে অন্য এক দুশ্চিন্তায় নির্ঝরের দিন কাটছে অস্থিরতায়। তার পরিবার থেকে বিয়ের জন্য একপ্রকার পাহাড়সমান চাপ সৃষ্টি করা হচ্ছে।
পরিবারের এক মাত্র ছেলে সে, তার ওপর বাবার এত বড় ব্যবসাটা এখন সম্পূর্ণ নিজের হাতেই সামলাচ্ছে নির্ঝর। ইনকাম বেশ ভালো, কাঁচা টাকার কোনো অভাব নেই।
তাই পরিবারের সবার একই কথা—এবার ছেলেটাকে বিয়ে দিয়ে সংসারী করতে পারলেই ঘরে শান্তি ফেরে! মা তো একপ্রকার জেদ ধরেই বসে আছেন, কাল নাকি জোর করেই তাকে এক মেয়ে দেখতে নিয়ে যাবেন।
নিজের বন্ধ ঘরের ভেতর পায়চারি করছে নির্ঝর। দুচিন্তায় তার মাথার রগ যেন ফেটে যাচ্ছে। কীভাবে কী করবে সে? একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে সে মনপ্রাণ দিয়ে বসে আছে এক মুসলিম মেয়েকে!
এই চরম সত্যটা নিজের রক্ষণশীল পরিবারে কীভাবে জানাবে সে? বাবা যদি জানতে পারেন ছেলে কোনো মুসলিম মেয়েকে ভালোবেসেছে, তবে ত্যাজ্যপুত্র করতে তিনি এক সেকেন্ডও দ্বিধা করবেন না।
অসহায় হয়ে পকেট থেকে ফোনটা বের করে রূপকে ডায়াল করে সে। ফোনটা স্টাডি টেবিলের ওপর রাখা থাকায় প্রথম রিংয়েই রিসিভ করে রূপ। নির্ঝর অধৈর্য আর হাঁপাতে থাকা গলায় শুধায়,
“তুমি কোথায়, রূপাঞ্জেল?”
রূপ হালকা ভ্রু কুঁচকে, তার চিরাচরিত শান্ত আর ধীরকণ্ঠে উত্তর দেয়,
“এই ভরসন্ধ্যায় আর কোথায় থাকব? হাতে আর এক মাস পরেই তো ফাইনাল এক্সাম, আমি টেবিলে বসে পড়ছি।”
রূপের এই শান্ত সুমিষ্ট কণ্ঠটা কানে গেলেই নির্ঝরের সমস্ত বেপরোয়া আর অশান্ত মনটা মুহূর্তের মধ্যে এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম হলো না। সে নিজের কণ্ঠটা যতটা সম্ভব নরম করে বলল,
“একটু সময় হবে তোমার? কিছু কথা ছিল... খুব দরকারি।”
রূপ সামান্য একটু ইতস্তত করে থামল। তারপর সামনের মোটা বইটা আলতো করে বন্ধ করে, চেয়ারে পিঠ ঠেকিয়ে ক্লান্তিনিশ্বাস ফেলে বলল,
“জ্বী বলুন।”
নির্ঝর একটু গলা কেশে কণ্ঠটা পরিষ্কার করে নিয়ে বলল,
“আসলে... সামনাসামনি দেখা করতে পারলে খুব ভালো হতো।”
রূপ চমকে উঠে বলল, “এই রাতে? পাগল নাকি আপনি?”
“সমস্যা নেই, আমি চলে আসতে পারব। তুমি কি একটু নিচে নামতে পারবে?”
রূপ শক্ত করে ঠোঁট চেপে ধরে কয়েক সেকেন্ড চিন্তা করল। তারপর বলল,
“একা তো বের হতে পারব না। কাশফি যদি সাথে যেতে রাজি হয়, তবেই পারব।”
নির্ঝর তৎক্ষণাৎ বলল,
“ঠিক আছে, আমি কাশফিকে বলে দিচ্ছি। তুমি ঠিক দশ মিনিট পর নিচে নেমে আসো।”
একথা বলেই সে কোনো উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল।
কথা অনুযায়ী দশ মিনিটের মধ্যেই কাশফি রূপকে সাথে নিয়ে নিচে নেমে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় থেকেই রূপকে কনুই দিয়ে গুঁতো মেরে খোঁচাতে শুরু করল সে,
“কীরে কীরে কীরে! কাহিনি কী বল তো? ভাইয়া এত রাতে হুট করে দেখা করতে চলে আসলো যে!”
রূপ বিরক্ত হয়ে চোখ উল্টে বলল, “উফফ, তুই না... হুটহাট যা তা ভেবে বসিস! উনি ফোনে বলল কী যেন একটা খুব জরুরি দরকার আছে। আর তুই তো জানিসই, উনি ভিন্ন ধর্মের মানুষ।”
কাশফি একগাল হেসে ঢং করে বলল, “হুম হুম, বুঝি তো... সবই বুঝি!”
পরমুহূর্তেই অবশ্য নিজের হাসিমুখটা একটু গম্ভীর করে সিরিয়াস গলায় বলল,
“আচ্ছা রূপ, তোর সেই হাসবেন্ডের কী খবর বল তো? কোনো যোগাযোগ হয়?”
রূপ নিজের হাতের নখ খুঁটতে খুঁটতে একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলে বলল,
“নাহ্, কোনো যোগাযোগ নেই। তবে দেখা যাক কী হয়... লোকটা আমাকে একবার ডিভোর্সটা দিয়ে মুক্ত করে দিলেই বাঁচি। তারপর নিজের মতো করে নিজেকে গড়ে তুলব। সত্যি বলতে, এসব বাধা-ধরা জীবন আর ভালো লাগে না রে। এমনকি অন্য কারও সাথে নরমাল কথা বলতে গেলেও ভেতরে কেমন একটা অপরাধবোধ আর সংকোচ কাজ করে শুধুমাত্র এই বিয়ে নামক বাধার দেয়াল টার জন্য।”
ঠিক তখনই রাস্তার অন্ধকার চিরে তাদের একদম সামনে এসে থামল একটা চকচকে কালো রঙের বাইক। সশব্দে ইঞ্জিন বন্ধ করে বাইকার তার মাথার হেলমেটটা খুলে নিল। তারপর হাত দিয়ে এলোমেলো চুলগুলো একপাশে ছড়িয়ে রূপের দিকে তাকাল নির্ঝর।
ফর্দা গালে খোচা খোচা ছাটাই করে রাখা দাড়ি। ঘাড় অবধি সামান্য ঢেউ খেলে থাকা চুলগুলো পড়ে আছে।
কাশফি পরিস্থিতি বুঝে কোনো কথা না বাড়িয়ে নিজে থেকেই একটু দূরত্ব বজায় রেখে সাইডে গিয়ে দাঁড়াল।
নির্ঝর রূপের চোখের দিকে তাকাল। মনে জমানো কোনো দ্বিমত বা দ্বিধাবোধ না রেখে একদম সরাসরি বলে বসল,
“আমায় বিয়ে করবে, রূপ?”
চলমান.......
গল্প টা রেগুলার পেতে লিংকে দেওয়া পেইজ টি ফলো করে রাখুন –
https://www.facebook.com/share/19gGYte6mY/
[অস্থির হবেন না কেউ আগে থেকেই। গল্প টা আরও কয়েক পর্ব না যাওয়া অবধি কেউ জাজও করবেন না প্লিজ—যে আমি পরকীয়া বা এই টাইপের জিনিস প্রমোট করছি এমন টা ভাববেন না। আর কিছু পর্ব যেতে দিন বুঝে যাবেন সব টা। আর রুপস্মিতার কলেজের দিনগুলো একটা একটা করে দেখাতে গেলে ত্রিশ পর্ব এখানেই শেষ হয়ে যাবে। তাই একটু সময় বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি। সব শেষে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করছেন যারা আরও সাপোর্ট করে যান যেন রেগুলার আমি সুন্দর সুন্দর পর্ব দিতে পারি🥹।]