ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 14

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {১৪ তম পর্ব}
#আইজা_নূর_পায়েল
[সামনে গেলে রিয়্যাক্ট করবেন]
~~~~~~~~~~~

সামনের বিশালাকার উঠানে বিশাল বিশাল গার্ড-রা টানটান হয়ে দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের হাতে ঝুলছে ভারি ও মারাত্মক সব বন্দুক। তাদের দাঁড়ানোর নিথর ও আড়ষ্ট ভঙ্গি দেখে স্পষ্ট মনে হচ্ছে, তারা রক্তমাংসের কোনো মানুষ নয়, যেন অনুভূতিহীন একেকটা নিখুঁত রোবট।

এত বড় আর আসল বন্দুক রূপস্মিতা তার পুরো জীবনে এই প্রথম দেখল! বাইরে থেকে দেখে এই
"V - Estate" কে যতটা শান্ত, স্নিগ্ধ আর নিরিবিলি বলে মনে হয়েছিল, ভেতরে ঢোকার পর দেখা গেল পুরো দৃশ্যপটটাই তার উল্টো. এক থমথমে ও ভয়াল আভিজাত্য চারপাশে।

রূপস্মিতা আর একটা কদমও সামনে বাড়ানোর সাহস পেল না। আতঙ্কে তার গা শিউরে উঠল। মনে মনে কেবল আকুল হয়ে ভাবতে লাগল, রিনা তাকে কখন এখান থেকে নিয়ে যাবে? রাত তো অনেক হলো! সে চরম আড়ষ্টতা ও জড়তা নিয়ে পেছন থেকে নীরভানকে নিচু কণ্ঠে ডেকে উঠল,

“শুনুন! রিনা আমাকে কখন নিতে আসবে? আমি... আমি বাড়ি যাব!”

নীরভান নিজের হাঁটার গতি একটুও না কমিয়ে, সামান্য ঘাড় বাঁকিয়ে তার সেই চিরপরিচিত থমথমে ও গম্ভীর কণ্ঠে বলে উঠল,

“এটাকে কি তোমার কোনো চিড়িয়াখানা মনে হচ্ছে?”

রূপস্মিতা নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চয় করে আবারও মিনমিন করে বলল,

“না মানে... এটা তো আপনার বাড়ি। আমি আপনার বাড়িতে কেন বা কী করেই বা থাকতে পারি? এটা তো ঠিক হচ্ছে না! আর রিনা একা একা বাড়িতে একদম থাকতে পারবে না...”

নীরভান নিজের সোজা পথে হাঁটতে হাঁটতেই একদম স্বাভাবিক নির্লিপ্ত গলায় বলল,

“রিনা অনেক আগেই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর খুব টায়ার্ড লাগছিল, আর তোমার কথা শুনেও খুব কান্নাকাটি করেছে, তাই ক্লান্ত হয়ে দ্রুত ঘুমিয়ে পড়েছে। কাল সকালে তোমাকে বাড়িতে দিয়ে আসব। আর এত রাতে তোমাকে এখনই বাড়িতে রেখে আসার মতো কোনো দায় আমার পড়ে যায়নি!”

নীরভানের কঠোর কথাগুলো শুনে রূপস্মিতা অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল। সত্যি তো! এই রাগী লোকটার কী এমন দায় পড়েছে যে গভীর রাতে তার মতো একটা সাধারণ মেয়ের জন্য এতটা করবে?

হাঁটতে হাঁটতেই রূপস্মিতার স্মৃতিতে ভেসে উঠল কিছুক্ষণ আগের সেই রাতের অন্ধকার দৃশ্যটা।

হঠাৎ করে লাইট চলে যাওয়ার পর আড়ালে সেই বখাটে ছেলেগুলোর আর্তচিৎকার ভেসে এসেছিল! তারপর যখন আলো ফিরল, তখন সেই বখাটেগুলোর আর কোনো খোজ পাওয়া গেল না। তারা যেন বাতাসের সাথে মিলিয়ে গিয়েছিল।

আর অন্ধকার কেটে আলো ফুটতেই রূপের চোখের সামনে কেবল একজনই ধাবমান হয়ে এসে দাঁড়িয়েছিল... তিনি এই প্রফেসর ভি।
প্রফেসরের জন্য সে যে এতখানি করেছে, এইটুকুই তো অনেক!

এই ভাবনাটা মনে আসতেই রূপস্মিতা যেন কিছুটা স্বস্তি পেল। সে ধীর পায়ে প্রফেসর ভি কে অনুসরণ করে সেই বাড়ির ভেতর প্রবেশ করল। দীর্ঘ ধকল ও মানসিক ক্লান্তিতে তার চোখ দুটো এমনিতেই ঘুমে জড়িয়ে আসছিল, এখন ভেতরে এসে তা আরও বেশি ঝাপসা হয়ে আসছে।

সে কোথায় যাচ্ছে, কোনদিকে পা ফেলছে তার কিছুই আর ঠিকমতো মাথায় কাজ করছে না। সে কেবল ঢুলুঢুলু পায়ে একদম আচ্ছন্ন হয়ে হাঁটছে।

দোতলায় ওঠার পর নীরভান একটি রুমের দরজা খুলল, এরপর ঠিক তার পাশের রুমের দরজা খুলে ভেতরে গিয়ে গম্ভীর গলায় নির্দেশ দিলেন,

“এইখানে এসো।”

কিন্তু ঘুমে আচ্ছন্ন রূপস্মিতা প্রফেসরের নির্দেশ বা কথার মানে তখন ঠিকমতো ধরতে পারেনি। সে না বুঝেই নীরভানের খোলা প্রথম রুমটার ভেতরে সোজা ঢুকে পড়ল। আবছা অন্ধকারে সামনে একটা বিশাল বিছানা দেখতে পেয়েই সে আর এক মুহূর্তও অপেক্ষা করল না, সোজা গিয়ে ধপ করে সেই তুলতুলে নরম বিছানায় শুয়ে পড়ল।

বিছানায় মাথা রেখেই সে অবচেতন মনে ভেবে উঠল— ইশশ, কী নরম-নরম বিছানা! এখানে তো একেবারে জান্নাতি সুখের একটা ঘুম দেওয়া যাবে! এই তৃপ্তির রেশটুকু ফুরোবার আগেই সে মিনিটের মাঝে গভীর ঘুমে তলিয়ে গেল।

এদিকে পেছন ফিরে নীরভান দেখল রূপস্মিতা তার সাথে ভেতরে আসেনি। তার কপালে সন্দেহের গভীর ভ্রু কুঁচকে গেল। ভ্রু কুঁচকে রুম থেকে বেরিয়ে এল সে। কিন্তু বারান্দা বা আশপাশে কোথাও মেয়েটির কোনো সাড়াশব্দ না পেয়ে তার সন্দেহ আরও বেড়ে গেল। সন্দিহান মনে সে অবশেষে নিজের রুমের ভেতর প্রবেশ করল এবং দেয়ালে হাত বাড়িয়ে একটা হালকা ও মৃদু আলোর বাতি জ্বেলে দিলো।

সেই নরম আলোয় ঘরটা আলোকিত হতেই যা দৃশ্যমান হলো, তাতে নীরভানের চোখ দুটো পলকের জন্য স্থির হয়ে গেল। তার নিজের বিছানার ওপর এলোমেলো চুলে গভীর ঘুমে তলিয়ে শুয়ে আছে এক অপরূপা রমণী!

দৃশ্যটা দেখার পর নীরভানের কপালে জমে থাকা বিরক্তির ভাঁজগুলো যেন মুহূর্তেই সমান্তরাল হয়ে গেল। রাগ হওয়ার কথা থাকলেও, এখন আর তাকে ধমক দিয়ে ঘুম ভাঙানোর বিন্দুমাত্র ইচ্ছে হলো না তার। তিনি ধীর পায়ে হেঁটে একেবারে রূপস্মিতার মাথার শিয়রে গিয়ে দাঁড়ালো।

রূপস্মিতা তখন সামান্য ঠোঁট ফুলিয়ে ছোট্ট একটি বাচ্চার মতো শান্ত হয়ে ঘুমাচ্ছে। তার সেই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে নীরভান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এরপর সে আর তাকে বিরক্ত করলেন না, বরং নিজের হাতের রিমোটটা টিপে ঘরের বিশাল কাঁচের দেয়াল ও জানালার পর্দাগুলো স্বয়ংক্রিয়ভাবে টেনে নামিয়ে দিলো, যেন বাইরের কোনো আলো বা কোলাহল তার ঘুমে বিঘ্ন ঘটাতে না পারে।
.
~~~~~~~~~~~~~~
.
সকালের সোনালী আলো পর্দার ফাঁকফোকর দিয়ে চিকন রশ্মির মতো ঘরে প্রবেশ করে সোজা রূপস্মিতার চোখেমুখে এসে বিঁধছে। তার ফর্সা, মসৃণ চেহারায় সূর্যের মিষ্টি আলো পড়ে যেন চিকচিক করছে।

রূপস্মিতা বেশ কিছুক্ষণ পিটপিট করে চোখ মেলে তাকাল। মাথাটা কেমন যেন ভারী হয়ে ঝিমঝিম করছে তার। সে ধীরগতিতে বিছানায় উঠে বসল। চারপাশের পরিবেশ, অচেনা ঘরদোর আর গতরাতের সবকিছু নিজের মস্তিষ্কে ধাতস্থ করতে তার কিছুক্ষণ সময় লেগে গেল।

অবশেষে সে ঢুলে ঢুলে বিছানা থেকে উঠে দাঁড়াল এবং জানালার ভারী পর্দাটা একপাশে সরিয়ে দিল। জানালা দিয়ে নিচতলায় তাকাতেই নজর কাড়ল একটি ছোটখাটো অথচ দারুণ উন্মুক্ত বাগানের মতো সৌন্দর্য।

...

বাগানের ঠিক এক পাশেই রাজকীয় এক প্রাইভেট জিম রুম। সেখানে ল্যাট পুলডাউন মেশিনে বসে মনোযোগ দিয়ে জিম করছে নীরভান। দু’হাতে মেশিনের ভারী দণ্ডটা ধরে পুরো শক্তি দিয়ে বুকের দিকে টেনে নামাচ্ছে আর প্রতিবার টানের সাথে সাথে তার চওড়া পিঠের সুগঠিত পেশিগুলো ফুলে ফেঁপে উঠছে।

তার ঠিক পাশেই রাখা একটি দোলনায় বেশ আয়েশ করে শুয়ে শুয়ে দুলছে কাইলর। সে ক্ষণে ক্ষণে হাতের তাজা আপেলটায় কামড় বসাচ্ছে আর অতি মনযোগ দিয়ে নীরভানের এই কসরত দেখছে।

নীরভান ততক্ষণে ঘামে একদম নেয়ে-নেয়ে একাকার! তার পরনের ঢিলাঢালা জিম টি-শার্টটা ঘামে ভিজে পুরো শরীরের সাথে লেপ্টে আছে। হাতের শক্ত মাসলসের ওপর জমে থাকা ঘামের ফোটাগুলো রোদের আলোয় হীরের মতো চিকচিক করছে। আর ঘাড় ছুঁই-ছুঁই লম্বা চুলগুলো ভিজে গিয়ে একদম ঘাড়ের চামড়ার সাথেই লেপ্টে আছে।

কাইলর আপেলে আবারও একটা বড় কামড় বসিয়ে কচকচ করে চিবাতে চিবাতে বলল,

“এত জিম করে কী হবে, ভাই? মেয়েদের দিকে তো ফিরেও তাকিয়ে দেখিস না! হুদাই এইসব শারীরিক খাটুনি করে কোনো লাভ আছে, বল?”

কাইলরের কথার বিন্দুমাত্র উত্তর দিল না নীরভান। সে আগের মতোই ল্যাট পুলডাউন মেশিনে বসে নিজের জিম চালিয়ে গেল। দণ্ডটা টানে প্রতিবার তার পিঠের মাঝখনের সুগঠিত পেশিগুলো কুঁকড়ে গিয়ে নিখুঁত এক বাটারফ্লাই শেপের মতো ফুলে উঠতে লাগল।

এর কিছুক্ষণ বাদেই সে একট টানে ব্যায়াম থামাল এবং ঘর্মাক্ত শরীরে সোজা হয়ে দাঁড়াল। ঠিক তখনই এক অনুগত গার্ড দ্রুত পায়ে এগিয়ে এসে তার দিকে একটা পরিষ্কার টাওয়েল বাড়িয়ে দিল।

নীরভান সেই টাওয়েল দিয়ে নিজের প্রশস্ত বুক ও ঘাড়ের ঘাম ভালোভাবে মুছে নিল। এরপর হাত বাড়িয়ে একটি এনার্জি ড্রিংকের ক্যান তুলে নিয়ে চুমুক দিতে দিতে অত্যন্ত গম্ভীর ও শীতল স্বরে তার গার্ডকে নির্দেশ দিল,

“আজকের মিটিংটা ক্যান্সেল করে দাও।”

গার্ড তৎক্ষণাৎ মাথা নিচু করে তার আদেশের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সে স্থান ত্যাগ করল।

ওদিকে দোলনায় শুয়ে থাকা কাইলর এই কথা শোনা মাত্রই ছিটকে উঠে বসল। সে রীতিমতো হতভম্ব ও উত্তেজিত হয়ে চিৎকার করে বলে উঠল,

“ভি! তুই এইটা কী করলি?! আজকে পাঁচশ কোটি টাকার একটা বিশাল ডিল ছিল! তোর আসলে হয়েছেটা কী বল তো? এর আগেও তো একদিন মিটিংয়ের মাঝখান থেকে হুট করে উঠে চলে গেলি, আর আজ সোজা পুরো মিটিংটাই ক্যান্সেল করে দিচ্ছিস!”

কাইলরের এত বড় উত্তাল বক্তব্যের জবাবে নীরভান একদম নির্বিকার মুখে কেবল একটিমাত্র শব্দ ছুড়ে দিল,

“তো?”

কাইলর মাথায় হাত দিয়ে আরও বেশি তেঁতে উঠে বলে উঠল,

“তো মানে কী?! তোর কি কোনো আইডিয়া আছে এতে কত বড় লস হবে?”

নীরভান শান্ত ও অনমনীয় ভঙ্গিতে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে উদাসীন কণ্ঠে বলল,

“আমার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে, তা দিয়ে আমার পরবর্তী দশ প্রজন্ম কোনো কাজ না করে শুধু বসে বসে খেয়ে শেষ করতে পারবে না। এই টাকা-পয়সা আমার কাছে হাতের ময়লার চেয়ে বেশি কিছু না।”

নীরভানের এই চরম অহংকার ও নির্লিপ্ত ভঙ্গি দেখে কাইলর একদম বোকার মতো বড় বড় চোখ করে নীরভানের মুখের দিকে তাকিয়েই রইল তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না।

জিম রুমের কাঁচের ভারী দরজা ঠেলে বাইরের বাগানে পা রাখতেই নীরভানের চোখের সামনে ভেসে উঠল এক দৃশ্য।

রূপস্মিতা তখন বাগানের সবুজ ঘাসের ওপর শান্ত হয়ে বসে আছে, আর তার কোমল কোলে পরম আদরে জড়িয়ে আছে সাদা তুলতুলে খরগোশটা। কিন্তু পরমুহূর্তেই কী যেন একটা কথা তার মাথায় খেলে গেল! তড়িৎ গতিতে সে কালো কাপড়ের একটা অংশ টেনে নিজের মুখটা ঢেকে ফেলল।

নীরভান কোনো শব্দ না করে ধীর ও ভারী পায়ে হেঁটে এসে ঠিক রূপস্মিতার পেছনে গিয়ে দাঁড়াল।

রূপস্মিতা তখনো টের পায়নি যে তার ঠিক মাথার ওপরে কেউ এসে দাঁড়িয়েছে। হঠাৎ মাটির দিকে তাকিয়ে বিশাল এক মানুষের দীর্ঘ ছায়া নজরে আসতেই সে চমকে উঠল। চট করে মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই সে দেখল, প্রফেসর!

আচমকা এভাবে তাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথম মুহূর্তের জন্য সে লোকটাকে চিনতেই পারল না। হুট করে এক পলকের জন্য বেশ খানিকটা ঘাবড়ে গেল সে।

নীরভানের কপালে গভীর ভ্রু কুঁচকে গেল। সে তার সেই চিরপরিচিত, ভারিক্কি ও গম্ভীর মোটা কণ্ঠে ধমকের সুরে বলে উঠল,

“মাটিতে বসে কি করছো তুমি, ননসেন্স!”

প্রফেসরের এই রূঢ় কণ্ঠস্বর কানে যেতেই রূপস্মিতা এবার পুরোপুরি ভালো করে নীরভানের দিকে তাকাল। এতক্ষণ সে আতঙ্কে লোকটার দিকে ভালো করে খেয়ালই করেনি, কিন্তু এইবার তার চোখ গেল প্রফেসরের বর্তমান রূপের ওপর।

পরনে তার ছোট হাতার একটা আঁটোসাটো জিম টি-শার্ট আর ঢিলাঢালা একটা অ্যাশ কালারের ট্রাউজার। তার শরীরের পেশিগুলো একদম টানটান হয়ে ফুলে-ফেঁপে আছে।

উফফ, কী ভয়ংকর একখানা বডি! এনার তো ইউনিভার্সিটির প্রফেসর না হয়ে কোনো হাই-ফাই জিমের ট্রেইনার হওয়া উচিত ছিল!— মনে মনে উদ্ভট ভাবনা চিন্তায় ডুবলো রুপস্মিতা।

তবে সামনে দাঁড়িয়ে থাকা রাগী মানুষটাকে পাল্টা কিছু বলার সাহস তার হলো না। সে নিজের সব ভয় ও সংকোচ গিলে ফেলে অত্যন্ত ভীতিমিশ্রিত ও রিনরিনে নরম গলায় বলল,

“আসলে... আমি কাউকে ভেতরে খুঁজে পাইনি। তাই বাইরে এসে স্নোয়ী কে দেখতে পেয়ে ওকে কোলে নিতেই এই ঘাসের এসে বসেছিলাম।”

নীরভানের কপালে বিরক্তির আরও একটা নতুন ভাঁজের রেখা স্পষ্ট হয়ে উঠল। সে ভ্রুজোড়া আরও কুঁচকে অত্যন্ত গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল,

“হু ইজ স্নোয়ী?”

রূপস্মিতা অপরাধীর মতো নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরল। সে বেশ নিচু ও মিনমিনে গলায় জবাব দিল,

“এই খরগোশটার নাম... আমি স্নোয়ী রেখেছি।”

কথাটা শুনে নীরভান চরম বিরক্তির সাথে বুক চিরে একটা ভারী নিঃশ্বাস ফেলল। কঠোর ও উদাসীন গলায় বলে উঠল,

“হোয়াটএভার! যাও, ভেতরে গিয়ে তৈরি হয়ে নাও। আমার বাড়িতে এত আবর্জনা জমিয়ে রাখতে আমার বিন্দুমাত্র ভালো লাগছে না।”

নীরভানের মুখে কথাটা শোনামাত্রই রূপস্মিতার ভ্রু কুচকে উঠল। সে থমকে দাঁড়িয়ে এক অদ্ভুত, অপমানিত দৃষ্টিতে নীরভানের পানে তাকাল। এই লোকটা কি তাকে পরোক্ষভাবে আবর্জনা বলল?!

তীব্র অপমানে তার ফর্সা মুখটা মুহূর্তে থমথমে আর কাঁচুমাচু হয়ে গেল। চোখের কোণে জমা ক্ষোভ আর অভিমান চেপে রেখে সে হাত থেকে খরগোশটাকে আলতো করে ঘাসে নামিয়ে দিল। এরপর আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে সেখান থেকে সোজা ভেতরের দিকে চলে গেল।

ওদিকে পেছন থেকে নীরভান তার তীক্ষ্ণ ও সরু চোখে অপমানে ফুঁসতে ফুঁসতে ছুটে চলে যাওয়া রূপস্মিতার অবয়বের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল।
.
~~~~~~~~~~~~~~
.
স্লিম ও লাক্সারি গাড়ির পেছনের সিটে পাশাপাশি বসে আছে দু’জন। গাড়ির ভেতরে পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু ইঞ্জিনের মৃদু গুঞ্জন আর এসির ঠাণ্ডা হাওয়া ছাড়া চারপাশ একদম শান্ত। গাড়ির কাঁচের ওপাশে দ্রুত পেছনের দিকে সরে যাচ্ছে পিচঢালা রাস্তা আর বড় বড় গাছপালা।

রুপস্মিতার মনে তখনো অবচেতনভাবে বারবার ভেসে উঠছে একটু আগের সেই দৃশ্যটা, জিম থেকে ঘামে ভেজা চওড়া বুক আর টানটান মাসল নিয়ে বেরিয়ে আসা নীরভানের সেই ভয়ংকর আকর্ষণীয় রূপটা।

নিজের অজান্তেই তার মনের ভেতর একটা অস্বস্তি আর অদ্ভুত কৌতূহল কাজ করতে শুরু করল। মাথার ভেতর টিকটিক করতে থাকা প্রশ্নটা আর চেপে রাখতে না পেরে সে নিজের ভেতরের সব সংকোচ একপাশে সরিয়ে ফেলল। আড়ষ্ট গলায় একটু গলা ঝেড়ে সে ভয়ে ভয়ে প্রশ্নটা বলেই ফেলল,

“প্রফেসর... একটা কথা জিজ্ঞেস করি? মানে... যদি কিছু মনে না করেন।”

গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে বা সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই নীরভান অত্যন্ত সংক্ষেপে ও শীতল গলায় অনুমতি দিল, “হু।”

রুপস্মিতা একটা শক্ত ঢোক গিলে, একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করে বসল,

“আপনার বয়স কত? মানে... এখনও বিয়ে-টিয়ে করেননি তো, তাই আর কী!”

নীরভান এতটুকু বিচলিত হলো না। তার মুখের পেশি বা অভিব্যক্তিতে বিন্দুমাত্র পরিবর্তন এল না। সে সম্পূর্ণ নিরুত্তাপ ও নির্বিকার ভঙ্গিতে জবাব দিল,

“আ'ম থার্টি টু। আর কে বলেছে আমি বিয়ে করিনি?”

নীরভানের মুখে এই কথা শোনার পর রুপস্মিতার চোখ দুটো গোল হয়ে কপালে ওঠার উপক্রম হলো! তার চোয়াল যেন প্রায় ঝুলেই পড়ার দশা! চরম অবাক ও অবিশ্বাস্য দৃষ্টিতে সে ফ্যালফ্যাল করে নীরভানের দিকে তাকিয়ে রইল। হতবাক হয়ে সে প্রায় তোতলাতে তোতলাতে বলে উঠল,

“কীহ্! আপনার বয়স... বত্রিশ?! কীভাবে সম্ভব! আপনাকে তো সামনাসামনি দেখে আমার এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আপনার বয়স এতটা হতে পারে! আমার ধারণায় আপনি বড়জোড় ছাব্বিশ কি সাতাশ বছরের কেউ হবেন!”

নীরভানের কাছ থেকে কোনো রকম প্রতিউত্তর এল না। সে আগের মতোই নির্বিকার মুখে গাড়ি ড্রাইভ করে চলল। তার এমন নীরবতা দেখে রূপস্মিতা নিজেই আবার দ্বিধা কাটিয়ে মুখ খুলল,

“আপনার বউ কোথায়? বাড়িতে তো দেখলাম না।”

নীরভান বেশ কিছুক্ষণ কোনো কথাই বলল না। তার এমন গম্ভীর ও শীতল ভাব দেখে রূপস্মিতা মনে মনে ভাবল, হয়তো লোকটা বিরক্ত হচ্ছে। তাই সে আর কথা বাড়াল না, চুপচাপ সিটে সেঁধিয়ে রইল।

তবে ঠিক তখনই গাড়ির ভেতরের পিনপতন নীরবতা ভেঙে নীরভান হুট করে এক প্রশ্ন ছুড়ে বসল,

“তুমি তোমার হাজবেন্ড খুঁজছ না কেন? শুনেছি, তোমার হাজবেন্ডও তো মেক্সিকোতে থাকে।”

এই কথাটি কানে যাওয়ার সাথে সাথেই রূপস্মিতা একদম চুপ হয়ে গেল। তার ভেতরের সুপ্ত ক্ষোভ ও চাপা যন্ত্রণাগুলো যেন এক নিমিষে মাথা চাড়া দিয়ে উঠতে লাগল। সে নিজের কণ্ঠস্বর যথাসম্ভব শক্ত ও কঠিন করে জবাব দিল,

“প্রয়োজনবোধ করি না, তাই খুঁজি না।”

তার এমন সংক্ষিপ্ত উত্তর শুনে নীরভান ঈষৎ থেমে আবার বলতে শুরু করল,

“গতকাল রাতেই তো বললে... মানে, তোমার নাকি দেখার ইচ্ছে ছিল, একটু ছুঁয়ে...”

পুরো বাক্যটি শেষ করার সুযোগই দিল না রূপস্মিতা। প্রফেসরের কথার মাঝখানে বাধা দিয়ে সে তীব্র ক্ষোভে ফুঁসে উঠল,

“ছিলো...! আপনি নিশ্চয়ই পাস্ট ফর্মটা বোঝেন? আগে আমার ইচ্ছা ছিল! কিন্তু এখন, আই মিন বর্তমানে আমার আর বিন্দুমাত্র ইচ্ছা নেই। আর ফিউচারেও হবে না! আর প্লিজ, আমাকে এসব বিষয়ে আর কিচ্ছু জিজ্ঞেস করবেন না। আমি... আমি লোকটাকে জাস্ট ঘেন্না করি। আই জাস্ট হেইট দ্যাট বি*চ!”

হঠাৎ করেই গাড়ির টায়ার পিচঢালা রাস্তায় তীব্র শব্দে ঘষে উঠল এবং গাড়িটি এক ঝাঁকুনিতে থেমে গেল। হঠাৎ এই আকস্মিক ব্রেকের কারণে রূপস্মিতা সামনের দিকে ঝুঁকে পড়তে পড়তে কোনোমতে সামলে নিল। সে ভ্রু কুঁচকে, বিরক্ত ও চঞ্চল গলায় প্রশ্ন করে বসল,

“আপনি হঠাৎ এভাবে গাড়ি ব্রেক কষলেন কেন?”

নীরভানের কপালে তখনো বিরক্তির গভীর রেখা স্পষ্ট। সে রূপস্মিতার দিকে না তাকিয়ে সামনের দিকে সোজা দৃষ্টি রেখে অত্যন্ত গম্ভীর ও কঠোর গলায় বলে উঠল,

“তুমি যাকে তাকে এভাবে বিচ বলতে পারো না। হতেই পারে... লোকটার কোনো জটিল সমস্যা ছিল।”

রুপস্মিতা ভ্রু আরোও কুটি কুটি করে বলল,

“সো হোয়াট?! আমি তো আর আপনাকে বলিনি! আর আপনি হঠাৎ এই ব্যাপারে এত হাইপার কেন হচ্ছেন?”

নীরভান তার এই কথার আর কোনো প্রত্যুত্তর দিল না। সে নির্বিকার ভঙ্গিতে জানালার বাইরে ইশারা করে শীতল কণ্ঠে জানিয়ে দিল,

“তোমার অ্যাপার্টমেন্ট চলে এসেছে। নামতে পারো।”

রূপস্মিতা আর একটাও কথা বাড়াল না। সে মুখ গোমড়া করে এক ঝটকায় গাড়ির দরজা খুলে নিচে নেমে পড়ল।

গাড়ি থেকে নেমে সে ব্যাগ হাতে নিয়ে অ্যাপার্টমেন্টের মূল গেটের দিকে কিছুটা এগিয়ে গেল। কিন্তু কয়েক পা এগোতেই তার পায়ে যেন শেকল পড়ে গেল! চোখের সামনে যা সে দেখল, তাতে তার গলার সমস্ত কথা যেন এক নিমেষে আটকে গেল।

বাইরে রিনা একদম অসহায় একটা মেয়ের মতো থম মেরে দাঁড়িয়ে আছে, তার চারপাশে গোছানো সব ব্যাগপত্র ছড়ানো। আর সবচেয়ে বড় অদ্ভুত বিষয় হলো, তাদের অ্যাপার্টমেন্টের মূল দরজায় একটা ভারী তালা ঝুলছে!
.
~~~~~~~~~~~~~~~
.
[🚫একটু বিশেষ বার্তা সকলে পড়বেন: উক্ত অংশে কিছু ইসলামিক বিষয়াদি আছে। অন্যান্য ধর্মাবলম্বীরা চাইলে স্কিপ করতে পারে। অংশ টুকু কেউ সিরিয়াস ভাবে নিবেন না। গল্পের সাথে সাদৃশ্য রাখার জন্যই এমন টা করতে হয়েছে। কোনো ধর্ম কে ছোট করে দেখানোর উদ্দেশ্য নেই এই গল্পে বা আমি অর্থাৎ লেখিকার নিজের। এই একটা পর্বেই এমন ইসলাম নিয়ে কিছু দৃশ্য রয়েছে। সামনে আর কোনো পর্বে এমন কিছু হবে না। তাই আপনাদের ভালো না লাগলে নিজ দায়িত্বে এড়িয়ে যাবেন। গল্প কে গল্পর জায়গায় না রাখতে পারলে গল্প না পড়ার অনুরোধ রইল।🚫 ]
.
~~~~~~~~~~~~~~~~~
.

জীবনের সবচেয়ে বড় এবং সাহসী সিদ্ধান্তটাই আজ সে নিয়েছে। আজ পবিত্র জুমার দিন। দুপুরের রোদের আভা চারপাশটায় ছড়িয়ে পড়েছে, আর ঠিক এই মুহূর্তে নির্ঝর এলাকার একটি প্রাচীন ও বড় মসজিদের সামনে এসে দাঁড়িয়ে আছে।

তার অবচেতন মন জুড়ে কেবল একটিমাত্র নারীর মুখই ঘুরপাক খাচ্ছে, সেই নারী, যার জন্য সে নিজের সবটুকু ছাড় দিতে প্রস্তুত, সমস্ত দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে।

সে বুক চিরে দীর্ঘ একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ আগেই জুমার জামাত শেষ হয়েছে, মুসল্লিরা সবাই একে একে বাড়ি ফিরে গেছেন। এখন চারপাশটা বেশ সুনসান, রাস্তাঘাট ও মসজিদ প্রাঙ্গণ প্রায় ফাঁকা।

নির্ঝর একটু সাহস সঞ্চয় করে মসজিদের মূল ফটকের দিকে পা বাড়াল। জীবনে এই প্রথমবার সে কোনো মসজিদের ভেতরে পা রাখছে। তার বুকটা অজানা কাঁপনে কেঁপে উঠলেও, ভেতরে ঢোকার পর অদ্ভুত এক শীতল শান্ত ভাব তার সমস্ত উৎকণ্ঠা যেন ধীরে ধীরে কমিয়ে আনতে শুরু করল।

সে দরজার মুখে দাঁড়িয়ে একবার ভেতরে উঁকি দিয়ে ইমাম সাহেবকে খোঁজার চেষ্টা করল, কিন্তু ভেতরে কাউকেই দেখা গেল না। জুতো কোথায় খুলতে হয় বা মসজিদে প্রবেশের নির্দিষ্ট কোনো নিয়ম কানুন আছে কি না, তার কিছুই জানা নেই তার। তাই সে থমকে দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে রইল, বুঝতে পারছিল না এখন ঠিক কী করা উচিত।

ঠিক তখনই হঠাৎ করে কারো ভারী হাতের স্পর্শ পড়ল তার কাঁধে।

চমকে উঠে সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকাল নির্ঝর। দেখল, বয়োবৃদ্ধ একজন ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন তার ঠিক পেছনে।

এলাকার মানুষমাত্রই এই মুখটিকে চেনে, আর ইমাম সাহেবের পক্ষেও নির্ঝরকে না চেনার কোনো কারণ ছিল না। কারণ, এই এলাকার অন্যতম প্রভাবশালী, ধনী ব্যবসায়ী এবং নামকরা রাজনীতিবিদ রায় পরিবারের ছোট ছেলে সে, যাকে পুরো এলাকার সবাই এক নামে চেনে।

মসজিদের চৌহদ্দিতে এলাকার এই বিত্তশালী পরিবারের বখে যাওয়া বা আধুনিক বলে পরিচিত ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইমাম সাহেব বেশ অবাক হলেন। তার চোখেমুখে স্পষ্ট বিস্ময়ের ছাপ ফুটিয়ে তুলে তিনি স্নেহের সুরে বলে উঠলেন,

“আরে নির্ঝর! তুমি? এইখানে?”

নির্ঝরের হাত দুটো উত্তেজনায় ঘামে ভিজে একাকার হয়ে আসছে। সে অত্যন্ত বিনম্র ও আকুল দৃষ্টিতে ইমাম সাহেবের চোখের দিকে তাকিয়ে নিচু অথচ স্থির কণ্ঠে বলল,

“আমি মুসলিম হতে চাই, ইমাম সাহেব।”

কথাটা শুনে ইমাম সাহেব ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলেন। প্রবীণ এই মানুষটি ঠিক কেমন অভিব্যক্তি প্রকাশ করবেন, বুঝে উঠতে পারলেন না। রায় পরিবারের প্রভাবশালী ছেলে নির্ঝর যে এত বড় বিষয়ে কোনোপ্রকার ফাইজলামি বা মজা করার মতো ছেলে নয়, সেটা তিনি খুব ভালো করেই জানেন।
তিনি কিছুটা বিস্মিত গলায় প্রশ্ন করলেন,

“তুমি কি সবকিছু ভালোভাবে ভেবেচিন্তে এই কথা বলছ, বাবা? তুমি কি ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানো বা বুঝেছ?”

নির্ঝর কোনো দ্বিধা ছাড়াই শক্ত গলায় জবাব দিল,

“হ্যাঁ, আমি অনেক ভেবে দেখেছি। আমি মনেপ্রাণে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই।”

ইমাম সাহেব তার মুখের দিকে তাকিয়ে শান্ত ও মার্জিত স্বরে বললেন,

“তুমি চাইলে অবশ্যই গ্রহণ করতে পারো, ইসলাম সবার জন্য উন্মুক্ত। তবে এর জন্য তোমার উদ্দেশ্য পুরোপুরি সৎ হতে হবে। হৃদয়ের গভীরে খাঁটি ঈমান আর বিশ্বাস থাকতে হবে, তবেই না তুমি একজন প্রকৃত মুসলিম হতে পারবে।”

নির্ঝর বিন্দুমাত্র সংকোচ না করে ইমাম সাহেবের বলা সমস্ত কথা ও শর্ত শিরোধার্য করে মেনে নিল।

এরপর হুজুর পরম মমতায় তাকে সঙ্গে করে ওযুখানা নিয়ে গেলেন এবং নিজ হাতে সঠিক নিয়মে ওযু করিয়ে মসজিদের ভেতরের নির্মল শান্ত পরিবেশে নিয়ে গিয়ে বসালেন। ইমাম সাহেব ধীরেসুস্থে উচ্চারণ করতে শুরু করলেন এবং নির্ঝরকেও তাঁর সাথে সাথে বলতে বললেন,

“আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।”

কালেমা শাহাদাহ পাঠ শেষ হওয়ার পর যেন পুরো মসজিদের ভেতরে এক অপার্থিব নীরবতা ও প্রশান্তি নেমে এল। কয়েক মুহূর্তের সেই গভীর নীরবতার পর ইমাম সাহেবের মুখে সুন্দর ও স্নিগ্ধ এক মৃদু হাসি ফুটে উঠল। তিনি অত্যন্ত আন্তরিকতা ও পরম স্নেহে নির্ঝরের সাথে হাত মেলালেন, জড়িয়ে ধরলেন তাকে।

“আলহামদুলিল্লাহ! আল্লাহ তোমাকে এই সঠিক পথে চিরকাল অবিচল রাখুন, বাবা। আজ থেকে তুমি একজন পূর্ণাঙ্গ মুসলিম। এখন থেকে ইসলাম সম্পর্কে ধীরে ধীরে সবকিছু শেখো, সঠিক নিয়মে নামাজ আদায় করতে শেখো। কোনো কিছু জানা বা বোঝার প্রয়োজন হলে নির্দ্বিধায় আমার কাছে চলে আসবে। আর আজ থেকে তোমার সুন্দর একটা ইসলামিক নাম দেওয়া হলো —
‘শেখ নির্ঝর এহসান’।

চলমান..............

[রিয়্যাক্ট কমেন্ট করেন না কেন আগের মত? আর গল্প কে অবশ্যই বিনোদন হিসেবে নেবেন। ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন