ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 20

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {১৯]
#আইজা_নূর_পায়েল
(পোস্ট সামনে গেলে অবশ্যই রিয়্যাক্ট করবেন।)

~~~~~~~~~

সকালের মিষ্টি রোদে ঝলমল করছে চারপাশ। ডাইনিং টেবিলে একযোগে বসে আছে সবাই কাইলর, রিনা, রুপস্মিতা আর নীরভান।

টেবিল জুড়ে থরে থরে সাজানো হরেক রকমের স্বাস্থ্যকর খাবার। টোস্ট ব্রেড, মাখন, পোচ করা ডিম, ফ্রেশ ফলের জুস, অ্যাভোকাডো সব মিলিয়ে একদম প্রিমিয়াম ব্রেকফাস্ট স্পট।

কিন্তু এত আয়োজনের পরও রুপস্মিতার মুখের ভেতরটা যেন তেতো হয়ে আছে। তার কাছে এই হেলদি ডায়েট মানেই হলো আস্ত কিছু ঘাসপাতা! কিন্তু কার সামনে বসে সে না করবে? তাই জোরপূর্বক মুখ গোমড়া করে সে নীরবে সেগুলোই চিবিয়ে চলেছে।

অন্যদিকে রিনার অবস্থা আরও শোচনীয়। সে যেন আক্ষরিক অর্থেই পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে থ বনে গেছে! এই সেই রাগচটা প্রফেসর ভি যাকে সে এতদিন শুধু দূর থেকে ভয়ই পেয়ে এসেছে, আর আজ তাকে স্বচক্ষে নিজের সামনে বসে থাকতে দেখছে!

‘সুদর্শন’ শব্দটাও যেন এই লোকটার ব্যক্তিত্বের কাছে এসে হার মানবে।

ভয়ে রিনার গলার ভেতর থেকে খাবারটা পর্যন্ত নিচে নামছে না। সে অত্যন্ত সাবধানে, ইঁদুরের মতো ধীরে ধীরে খাবার চিবোচ্ছে, যেন তার চিবানোর কোনো শব্দটুকুও টেবিলের এই ভারী পিনপতন নীরবতা ভেঙে না ফেলে। পুরো টেবিলে একমাত্র রিনা ছাড়া আর কারও খাবার খাওয়ার কোনো শব্দই কানে আসছে না।

ঠিক তখনই রুপস্মিতার পকেটে থাকা ফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো জ্বলজ্বল করছে একটা নাম: “Abbu”!

রুপস্মিতা এক টানে গ্লাসটা তুলে ঢকঢক করে পুরো জুসটা শেষ করে ফেলল। তারপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে উঠল,

“আমি একটু আসছি। আমার আব্বু কল করেছে।”

কথাটি বলেই সে আর এক মুহূর্তও দেরি করল না। দ্রুত পায়ে ডাইনিং টেবিল ছেড়ে সোজা দোতলার সিঁড়ির দিকে পা বাড়াল। রুমের দরজার আড়ালে পৌঁছে কানের সাথে ফোনটা চেপে ধরে সে তার মিষ্টি, রিনরিনে কণ্ঠে সালামটা জানিয়ে দিল,

“আসসালামু আলাইকুম আব্বু। কেমন আছেন আপনি?”

ফোনের ওপাশ থেকে নিহাদ খানের ভারী, অপার স্নেহে মাখা গলাটা ভেসে এল,

"ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ আম্মাজান, আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো?”

বাবার এই শান্ত কণ্ঠস্বর শোনার পরেও রুপস্মিতার বুকটা যেন কেমন মোচড় দিয়ে উঠল। সে ঠোঁটে জোর করে একটা কৃত্রিম মুচকি হাসি ফুটিয়ে নরম গলায় জবাব দিল,

“আলহামদুলিল্লাহ আব্বু, আমিও ভালো আছি। তোমার খাওয়া দাওয়া হয়েছে?”

“জ্বি আলহামদুলিল্লাহ আম্মাজান, খেয়েছি। তোমার খাওয়া হয়েছে তো?”

“জ্বি আব্বু, খেয়েছি।”

এর পরেই ফোনের ওপাশটাতে নেমে এল কয়েক মুহূর্তের এক দীর্ঘ, ভারী নীরবতা। সেই নিস্তব্ধতাটুকু যেন রুপস্মিতার বুকের ভেতরকার হৃৎস্পন্দন আরও বাড়িয়ে দিল। ঠিক তখনই নিহাদ খানের গম্ভীর ও চিন্তিত গলাটা আবার ভেসে এল,

“আম্মাজান, তোমার সাথে আমার খুব জরুরি কিছু কথা বলার ছিল। তুমি এখন ঠিক কোথায় আছো বলো তো?”

এই একটা মাত্র প্রশ্ন শুনামাত্রই রুপস্মিতার মুখের ফ্যাকাশে চামড়াটা যেন আরও সাদা হয়ে গেল। তার চোখের সামনে মুহূর্তের জন্য সব কিছু অন্ধকার হয়ে এল। আব্বুর গলায় এই হঠাৎ গম্ভীর সুরের অর্থ কী? তিনি কি তবে সব জেনে গেছেন?

ভার্সিটির সেই বিশৃঙ্খলা, হলের ঝামেলা,সব কিছু কি সিয়াম বলে দিয়েছে? আর সবচেয়ে বড় কথা, সে যে এখন একটা অচেনা এক প্রফেসর এর বাড়িতে আটকে আছে, সেইটা কি আব্বুর কানে পৌঁছে গেছে?

এসব হাজারো প্রশ্ন আর কাল্পনিক আশঙ্কার কালো মেঘ এক পলকে তার কচি মাথার ভেতর ঘুরপাক খেতে শুরু করল। ভয়ের চোটে তার হাতের তালু ঘামতে শুরু করেছে, ফোন ধরা আঙুলগুলো পর্যন্ত কাঁপছে।

ওপাশ থেকে মেয়ের কোনো উত্তর না পেয়ে নিহাদ খান কিছুটা উদ্বেগের সুরে আবার ডাকলেন,

“শুনছো, রুপস্মিতা?”

বুকের ভেতর জমা হওয়া দমবন্ধ করা আতঙ্কটা গিলে ফেলে, নিজেকে কোনোমতে শক্ত করে রুপস্মিতা ফিসফিস করে বলে উঠল,

“হ... হ্যাঁ আব্বু, শুনছি তো। বলো।”

নিহাদ খান অপরপাশ থেকে একটু বিরতির পর সাবধানে জিজ্ঞেস করলেন,

“তুমি কি এখন ক্লাসে আছো? নাকি কোনো কিছু নিয়ে ব্যস্ততা চলছে?”

বাবার এই প্রশ্নে রুপস্মিতা এক মুহূর্তও দেরি করল না। সে আড়চোখে দোতলার করিডোরের চারপাশটা একবার দেখে নিয়ে দ্রুত কণ্ঠে মিথ্যে বল্লম ছুড়ে দিল,

“না আব্বু, ক্লাসে নেই। একদম ফাঁকা আছি। বলো, কী কথা বলবে বলছিলে?”

ফোনের ওপাশ থেকে নিহাদ খানের গলার স্বরটা এবার আরও ভারী, গম্ভীর ও নির্লিপ্ত হয়ে এল। তিনি সোজাসাপ্টা প্রশ্নটা ছুঁড়ে দিলেন,

“নীরভান রেজার নাম তো ভালোভাবেই চিনেছো, আম্মাজান? দুই বছর আগে যার সাথে তোমার আকদ হয়েছিল।তার সাথে কি ইদানীং তোমার কোনো সাক্ষাৎ বা দেখা হয়েছে?”

বাবার এই অদ্ভুত ও অপ্রত্যাশিত প্রশ্নটা কানে যাওয়া মাত্রই রুপস্মিতার কপালটা গভীর কুঞ্চনে কুঁকড়ে গেল। তার মাথার ভেতরটা তৎক্ষণাৎ জট পাকিয়ে গেল।

ভ্র কুঁচকে, গলায় একরাশ বিরক্তি ও বিস্ময় মিশিয়ে সে সরাসরি জবাব দিল,

“না তো আব্বু, দেখা হবে কেন? তার সাথে আমার দেখা হওয়ার প্রশ্নই ওঠে না। আর ভালো কথা, সেই লোকটা তো এখনো কোনো ডিভোর্স লেটার পাঠাচ্ছে না!"

মেয়ের এই অভিযোগ শোনার পর ফোনের ওপাশটাতে বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা বজায় রইল। নিহাদ খান যেন একটু দম নিলেন। তারপর অত্যন্ত গম্ভীর গলায় বললেন,

“রুপ, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো মা। কিছুদিন আগে আমি এ বিষয়ে আইনজীবীর সাথে কথা বলেছি। উনি আইনগত প্রক্রিয়াটা বুঝিয়ে বলেছেন। আইনজীবী পরিষ্কার জানিয়েছেন, আকদের পর আইন অনুযায়ী তোমাদের ডিভোর্স কার্যকর করতে হলে বা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে অন্তত তিন মাস একসাথে এক ছাদের নিচে কাটাতে হবে। এরপরও যদি তোমাদের দুজনের মনে হয় যে তোমরা আর একসাথে থাকতে চাও না এবং সেপারেশনই চূড়ান্ত সিদ্ধান্ত, কেবল তখনই ডিভোর্স বা বিচ্ছেদ সম্ভব হবে। তো, খুব শীঘ্রই হয়তো নীরভান তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে বা এই বিষয়ে কথা বলবে। এমন পরিস্থিতিতে পড়লে তুমি ঠিক কী করবে ভেবেছ?”

বাবার এই দীর্ঘ ব্যাখ্যা শোনার পর রুপস্মিতার ভেতরকার রাগটা আর বাঁধ মানে না। তার ফর্সা মুখটা রাগে থমথমে হয়ে উঠল, কপালের ভাঁজগুলো আরও গভীর হলো। সে দাঁতে দাঁত চেপে একপ্রকার ক্ষোভের সাথেই বলে উঠল,

“অসম্ভব! কক্ষনো না! আমি ওই অহংকারী, বাজে লোকটাকে দুই চোখে দেখতে পারি না, আর তার সাথে এক ছাদের নিচে সময় কাটানো তো দূরের কথা! আমার এসব কিচ্ছু ভালো লাগছে না আব্বু। আমি যেকোনো মূল্যে ওই লোকটার থেকে ডিভোর্স নেবই নেব। অনেক সহ্য করেছি, আর এক মুহূর্তও না!”

মেয়ের এই জেদ ও উত্তপ্ত প্রতিক্রিয়া শোনার পরেও নিহাদ খানের গলার স্বরে বিন্দুমাত্র কম্পন হলো না। তিনি আগের মতোই অত্যন্ত শান্ত, গম্ভীর ও ঠান্ডা গলায় বুঝিয়ে বললেন,

“রাগারাগি করে তো আর আইন বদলানো যাবে না মা, আইন নিজের নিয়মে চলবে। আইন তো আর তোমার এই অভিমান বা রাগ বুঝবে না। তবে হ্যাঁ... এই জট থেকে বের হয়ে আসার জন্য আমার কাছে একটা বিকল্প উপায় আছে। তুমি যদি চাও,তাহলে আমি সেটা খুলি বলছি।”

বাবার মুখে এমন কোনো আশার আলোর কথা শুনে রুপস্মিতার গলার ভেতরের রাগটা নিমেষেই কৌতূহল আর উৎকণ্ঠায় বদলে গেল। সে একটু ঝুঁকে, ব্যাকুল গলায় তড়িঘড়ি করে বলে উঠল,

“হ্যাঁ আব্বু, বলো না! কী সেই উপায়?”

ফোনের ওপাশ থেকে নিহাদ খানের শান্ত এবং অত্যন্ত ঠান্ডা গলার স্বরটা ভেসে এল,

"তুমি তোমার একটা সেমিস্টার শেষ করে দ্রুত দেশে ফিরে এসো। সিয়ামকে তো তুমি চেনোই, সে তো তোমাদের ভার্সিটিরই প্রফেসর। সিয়ামের সাথে এবং ওর বাবার সাথে আমার বিস্তারিত কথা হয়েছে। আমার দীর্ঘদিনের বন্ধু খুব করে চাচ্ছে তোমাকে তার পুত্রবধূ করে নিতে। এই প্রস্তাব নিয়ে আমারও কোনো দ্বিমত নেই, মা। আমি চাচ্ছি তুমি দেশে ফেরা মাত্রই যেকোনো উপায়ে ওই নীরভানের সাথে তোমার তালাকটা করিয়ে দেবো। এই বিষয়ে তোমার মতামত কী, বলো?”

বাবার মুখ থেকে এই কথাটা শোনার পর রুপস্মিতার পায়ের তলার মাটি যেন এক পলক সরে গেল। সে একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আবার বিয়ে?

সিয়াম ছেলে হিসেবে খুব একটা খারাপ নয়, ক্যাম্পাসে তাকে সবাই ভদ্র বলেই জানে। কিন্তু সিয়ামের প্রতি তার মনের কোণে কি বিন্দুমাত্র কোনো অনুরাগ বা ভালোবাসার অনুভূতি আছে? কখনো না!

অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর সে একটা দীর্ঘশ্বাস ফেলল। গলাটা কেমন যেন কাপছে, সে অত্যন্ত মলিন ও ধীর কণ্ঠে জবাব দিল,

“আব্বু... তোমরা যেটাই ভালো বুঝবে, সেটাই হবে। এ নিয়ে আমার আলাদা করে কোনো মতামত নেই। তবে একটা শর্ত... আমি আমার পড়াশোনাটা কোনোভাবেই বন্ধ করব না, চালিয়ে যাবো।”

মেয়ের এই সম্মতির সুর শুনে ফোনের ওপাশ থেকে নিহাদ খান যেন হাফ ছেড়ে বাঁচলেন। তার ঠোঁটের কোণে এক প্রশস্ত ও তৃপ্তির হাসি ফুটে উঠল। মেয়ের বুদ্ধিমত্তা এবং মার্জিত আচরণের ওপর তার আজন্মকাল ধরেই অগাধ আস্থা রয়েছে।

আর ঠিক এই বিশ্বাসের জুগিয়েই তো তিনি সিয়ামের বাবাকে অনেক আগেই পাকা কথা দিয়ে রেখেছেন! যদিও সেই পাকাপাকি কথা দেওয়ার বিষয়টি তিনি এখনই রুপস্মিতাকে খুলে বললেন না, খামোখা মেয়েকে আর চাপে ফেলতে চাইলেন না।

তিনি বরং অত্যন্ত স্নেহের সুরে আশ্বস্ত করে বললেন,

“আলহামদুলিল্লাহ, আমার মা হয়েছে একদম লক্ষ্মী! আচ্ছা আম্মা, একটা কথা শোনো—দেশে ফিরতে আর বেশি দেরি করো না কেমন? ইদানীং আমার শরীরটা আর আগের মতো ভালো যাচ্ছে না। হায়াত-মওতের কথা তো বলা যায় না, কখন কী হয় কে জানে... তাই তোমাকে একটু তাড়াতাড়ি চোখের সামনে দেখতে ইচ্ছে করছে।”

বাবার মুখে হঠাৎ করে নিজের অসুস্থতার এমন একটা আবেগঘন কথা শুনে রুপস্মিতার বুকটা হুড়মুড় করে কেঁপে উঠল। বাবা মানেই তো তার মাথার ওপর সবচেয়ে বড় ছাদ। নিহাদ খান যখন লাইনটা কেটে দেওয়ার উপক্রম করলেন, ঠিক তখনই এক অজানা ব্যাকুলতায় বেরিয়ে এল একটা ছোট্ট ডাক,

“আব্বু!”

ওপাশ থেকে নিহাদ খান তৎক্ষণাৎ ফোনটা কানে চেপে ধরে নরম গলায় সাড়া দিলেন,

“হ্যাঁ আম্মাজান? বলো, কিছু বলবে?”

রুপস্মিতা চোখ দুটো শক্ত করে বন্ধ করে গলার ভেতর জমে থাকা ঢোকটা কষ্টে গিলল। তার হৃদস্পন্দন তখন ড্রামের তালের চেয়েও দ্রুত গতিতে দুমদাম বাজছে। মাথার ভেতর কেমন একটা অদ্ভুত গরম ধোঁয়া উঠছে।

অথচ কিসের এত উত্তেজনা, কেন তার বুকটা বারবার কেঁপে উঠছে, তার নিজের কাছেই তার কোনো উত্তর নেই। সে শুধু একটা নাম জানতে চায়।

খুব সাবধানে, কাঁপাকাপা গলায় সে প্রশ্নটা করেই বসল,

“উনার... মানে আমার যার সাথে আকদ হয়েছিল, উনার পুরো নামটা কী? শুধু কি ‘নীরভান রেজা’?”

ফোনের ওপাশ থেকে নিহাদ খান একটু সময় নিলেন। তিনি কয়েক সেকেন্ড মনে করার চেষ্টা করে গম্ভীর গলায় বললেন,

“না না, আম্মাজান! শুধু ‘নীরভান রেজা’ নয় তো। এর সাথে আরও একটা পদবি বা নাম যেন আছে... ঠিক এই মুহূর্তে নামটা পুরোটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, খেয়াল আসছে না। একটু দাঁড়াও তো মা... তোমাদের সেই আকদের কাগজপত্রের একটা কপি আমার ফাইলেই আছে। ওই কাগজটা একটু দেখতে হবে। সেখান থেকে নামটা দেখে আমি তোমাকে কনফার্ম করছি। তোমার কি এখনই ওই নামটা খুব জরুরি দরকার, মা?”

রুপস্মিতা এক মুহূর্তও দেরি না করে তড়িঘড়ি করে বলে উঠল,

“হ্যাঁ আব্বু, এখনই লাগবে।”

নিহাদ খান ওপাশ থেকে মৃদু হেসে বললেন,

“আচ্ছা, ঠিক আছে। এক মিনিট অপেক্ষা করো আম্মাজান, আমি ফাইলের ভেতর থেকে নামটা দেখে এখনই তোমাকে জানাচ্ছি।”

লাইনটা হোল্ডে রেখে রুপস্মিতা করিডোরের এককোণে একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। ফোনের এইপাশে দাঁড়িয়ে তার নিজের নিঃশ্বাসের শব্দও যেন তার নিজের কানে স্পষ্ট শোনা যাচ্ছে। বুকটা হু হু করে কেঁপে উঠছে, মাথার ভেতরটা কেমন যেন শূন্য হয়ে আসছে।

একটা সাধারণ মানুষের নাম মাত্র তো! এতে বুক কাটার বা এত উতলা হওয়ার তো কোনো কারণ নেই। তবুও কেন যেন তার সমস্ত স্নায়ু জুড়ে একটা অদ্ভুত অজানা আশঙ্কা আর ঝড়ের পূর্বাভাস নাচানাচি করছে।

ঠিক ওই এক মিনিট পর, ওপাশ থেকে নিহাদ খানের গলাটা আবার ভেসে এল,

“রুপ? আছো লাইনে?”

“হ্যাঁ আব্বু, বলুন। আছি লাইনেই।”
কয়েক সেকেন্ডের ভেতরই জবাব দিল রুপস্মিতা।

ওপাশ থেকে নিহাদ খানের গলা ভেসে এল,

“পেয়েছি। ছেলের পুরো নাম হচ্ছে নীরভান রেজা ভিয়ান।”

নামটা কানে যাওয়ার সাথে সাথেই রুপস্মিতার বুকের ভেতরটা এক লাফে যেন গলার কাছে উঠে এল। তার হাত দুটো এমনভাবে থরথর করে কাঁপতে শুরু করল যে ফোনটা সে ঠিকমতো ধরে রাখাই কঠিন হয়ে পড়ল।

তার মনের কোণে উঁকি দেওয়া সেই ছোট্ট ধারণাটা যেটা সে এতদিন অসম্ভব বলে ভেবেছিল—সেটাই আজ ধ্রুব সত্য হয়ে তার চোখের সামনে এসে দাঁড়িয়েছে! সে মনে মনে বারবার রুদ্ধশ্বাসে প্রার্থনা করতে লাগল, হে আল্লাহ, আমার এই ভাবনা যেন ভুল প্রমাণিত হয়!

কিন্তু কপালের লিখন তো খণ্ডানোর নয়। মাথার ভেতরটা কেমন যেন শূন্য হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আর একটুও সহ্য করতে না পেরে সে কোনো বিদায় না জানিয়েই খট করে ফোনটা কেটে দিল।

ফোনের স্ক্রিনটা নিভে যাওয়ার পরও সে বেশ কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। এরপর কোনোমতে নিজের পা দুটো টেনে সে সিঁড়ির রেলিংয়ের কাছে এসে নিচে তাকাল।

নিচে ডাইনিং ও ড্রয়িংরুমের সেই চত্বরে চোখ পড়তেই সে দেখল,নীচের ফ্লোরে নীরভান দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর মুখে কার সাথে যেন ফোনে কথা বলছে। আর একটু দূরে কাইলর আর রিনা মুখ ফিরিয়ে দুজনে দুই দিকে বসে আছে। এই মুহূর্তে ওপরে আসার মতো কেউ নেই। বরং নীরভানের ফোনালাপ শেষ হওয়া মাত্রই কাইলরকে নিয়ে সে হয়তো বাড়ির বাইরে বেরিয়ে যাবে।

রুপস্মিতা বুকভরা আতঙ্ক আর ঘনঘন দীর্ঘশ্বাসে কোনোমতে নিজের পোশাক খামচে ধরল। তার বুকের ভেতরের হৃদস্পন্দন তখন বিকট শব্দে বাজছে। কাঁপতে কাঁপতে ধীর পায়ে সে হেঁটে গিয়ে সোজা এসে দাঁড়াল সেই দরজার সামনে যেটা প্রফেসর নীরভানের ব্যক্তিগত রুম।

ভয়ে তার সমস্ত শরীর হিম হয়ে আসছে, তারপরও মনের ভেতর জমে থাকা এক ঝড়ের তাড়নায় সে আর নিজেকে আটকে রাখতে পারছে না। বুকফাটা এক অজানা সাহস নিয়ে সে আস্তে করে ঠেলে নীরভানের রুমের ভেতরে পা রাখল।
.
~~~~~~~~~~~~~~~~
.
রুপস্মিতা পাগলের মতো পুরো রুমটা তন্নতন্ন করে খুঁজতে শুরু করল। ড্রয়ার, টেবিলের ফোল্ডার, ফাইল সব জায়গায় সে হন্যে হয়ে প্রমাণ খুঁজছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই বিশাল ঘরের কোথাও কোথাও তার পুরো নাম বা বিস্তারিত পরিচয় লেখা নেই।

সব অফিশিয়াল পেপার্স, নোটবুক আর ফাইলের চারপাশে শুধু একটা হরফ বড় বড় করে খোদাই করা “V”! এই একটাই সংক্ষিপ্ত নাম যেন পুরো ঘরটাকে শাসন করছে।

তার চোখ এগোতে এগোতে হঠাৎ আটকে গেল বেডরুমের একদম কোণায় থাকা ভারী একটা দরজায়। রুমের ভেতর আরও একটা আলাদা গোপনীয় কক্ষ!

এই বিশেষ ঘরটাতে যে সবসময় সর্বোচ্চ লেভেলের হাই সিকিউরিটি মেইনটেইন করা হয়, তা দেখলেই বোঝা যায়। দরজার মেকানিজম বা পাসওয়ার্ড লক করা। রুপস্মিতা বুঝতে পারল, ওই ঘরের ভেতরে ঢুকতে পারলেই হয়তো তার সমস্ত প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। কিন্তু দরজার ঠিক মাঝবরাবর সোনালী ধাতব অক্ষরে খোদাই করা একটা মাত্র শব্দ,

“Obsession”

শব্দটার আক্ষরিক অর্থ সে বুঝতে পারল, কিন্তু এই ভয়ংকর লোকটার ব্যক্তিগত গোপন প্রকোষ্ঠের দরজায় কেন এই শব্দটা লেখা তার গভীরতা বা মানে উপলব্ধি করতে গিয়ে তার মাথাটা যেন জট পাকিয়ে গেল।

হাজারটা হিসেব নিকেশ আর ছক কষতে কষতে তার মাথায় হঠাৎ করে চমকে উঠল একটা স্মৃতি। ভার্সিটির সেই প্রথম দিন... ক্লাসের শুরুতে প্রফেসর ভি হোয়াইটবোর্ডে তার যে অফিশিয়াল জিমেইল আইডিটা লিখে দিয়েছিলেন! আইডিটা ছিল,
nrv32@gmail.com।

মাথার ভেতরে ঝড়ের বেগে ঘুরপাক খেতে লাগল জিমেইলের সেই সংক্ষিপ্ত অংশটা “nrv”। এটার আসল ফুল মিনিং বা অর্থ কী হতে পারে?

রুপস্মিতা এবার উল্টো দিক থেকে হিসাব কষতে শুরু করল। ‘v’ মানে কি তবে শেষ নাম ভিয়ান? তাহলে ‘r’ মানে রেজা? আর ‘n’ মানে নীরভান?!

উফফ না, না! এ কি কখনো সম্ভব? এটা হতেই পারে না!’

ভয়ে নিজের মাথায় হাত দিয়ে সে শিউরে উঠল। তার ভেতরের অবচেতন মন বারবার এই সত্যটাকে অস্বীকার করতে চাইল।

ঠিক সেই মুহূর্তেই সেটাকে সৌভাগ্য বলা উচিত নাকি দুর্ভাগ্য নাকি এক নিয়তির পরিহাস, তা সে জানে না। তার হাত গিয়ে পড়ল বেডসাইড ড্রয়ারের একেবারে নিচের খাঁজে। সেখানে হাতড়াতেই তার আঙুলের ডগায় ছোঁয়া লাগল চামড়ায় বাঁধানো একটা গাঢ় নীল রঙের পুরোনো পাসপোর্টের।

এতক্ষণ সে শুধু ফাইলপত্র আর অফিশিয়াল কাগজ খুঁজছিল বলেই ড্রয়ারের নিচে পড়ে থাকা এই পাসপোর্টের দিকে তার চোখ যায়নি।

রুপস্মিতা কাঁপতে কাঁপতে, সপোর্টের শক্ত বাইন্ডিংটা নিজের মুঠোয় তুলে নিল। তার আঙুলগুলো তখনো বরফের মতো ঠান্ডা। কম্পিত হাতে সে পাসপোর্টের পাতাটা উল্টে ভেতরের প্রথম পেজটা খুলল।

আর ঠিক তখনই ল্যামিনেটেড কাগজের ওপর প্রিন্ট হওয়া সেই অক্ষরগুলো তার চোখের সামনে ভেসে উঠল। ঝাপসা আলোয় স্পষ্ট দেখা গেল পাসপোর্টের মূল পরিচয়,

Name: NIRVAN REZA VIYAN
Date of Birth: 3rd September, 1993
Father’s Name: VICTOR MORETTI
Mother's Name: NIRMITA REZA
Nationality: MEXICANA

পাসপোর্টের পাতায় চোখ আটকে যাওয়ার সাথে সাথে রুপস্মিতার মাথার চারপাশের পৃথিবীটা যেন এক পলক ঘুরে গেল। ফুসফুসের সমস্ত অক্সিজেন যেন এক নিমেষে ফুরিয়ে গেছে।

পাসপোর্টের পাতায় চোখ বুলিয়ে রুপস্মিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পাসপোর্টে কি তবে কোনো ভুল তথ্য দেওয়া আছে? কিন্তু তা কি করে সম্ভব, অফিশিয়াল পাসপোর্টে তো ভুল থাকার কথা নয়!

তড়িঘড়ি করে সে নিজের মনে মনে হিসাব মেলাতে শুরু করল। তার নিজের জন্মসাল হলো ২০০৮, আর পাসপোর্টে নীরভানের জন্মসাল দেওয়া রয়েছে ১৯৯৩। অর্থাৎ, নীরভান ঠিক গুণে গুণে তার চেয়ে বয়সে পনেরো বছরের বড়!

আব্বুর মুখে এর আগে সে যতদূর শুনেছিল, তার সেই অদেখা স্বামীও নাকি বয়সে তার চেয়ে বেশ অনেকটাই বড় ছিল। সব হিসাব যেন নিখুঁতভাবে মিলে যাচ্ছে। এই নির্মম সত্যটা উপলব্ধি করতেই তার বুকের ভেতরটা এক অদ্ভুত অস্বস্তি ও হাড়হিম করা ভয়ে কুঁকড়ে গেল।

তবে কি প্রফেসর ভি প্রথম দিন থেকেই তাকে চিনত? ক্লাসের সেই প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তার ওপর যে একচ্ছত্র অধিকার ফলানোর চেষ্টা সে করে গেছে, তার পেছনের কারণ কি তবে এটাই?

কিন্তু আরেকটি বড় প্রশ্ন তার মাথায় তীব্রভাবে ঘুরপাক খেতে লাগল,
সে তো এতদিন জানত নীরভান একজন পুরোদস্তুর বাংলাদেশি! অথচ পাসপোর্টের পাতায় স্পষ্টভাবে লেখা তার বাবা খ্রিস্টান আর মা মুসলিম আর তার নিজের জাতীয়তা হলো মেক্সিকান!

এতসব জটিল তথ্যের জট পাকানো সমীকরণ মেলাতে মেলাতে রুপস্মিতার মাথাটা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। সে আর এক মুহূর্তও এ নিয়ে ভাবতে পারল না।

হাঁপাতে হাঁপাতে সে তড়িঘড়ি করে পাসপোর্টটা আগের মতো ড্রয়ারের নির্দিষ্ট জায়গায় রেখে পেছন দিকে ফিরল। আর তখনই তার রক্ত পানি হয়ে যাওয়ার উপক্রম হলো।

একদম তার গা ঘেঁষে ঘাড় বাঁকিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে স্বয়ং নীরভান!

ঠান্ডা ও ভারী গলায় সে প্রশ্নটা ছুঁড়ে দিল,
“হোয়াট আর ইউ ডুয়িং হিয়ার?”

হঠাৎ করে চোখের সামনে এত কাছে নীরভানকে দাঁড়িয়ে থাকতে দেখে রুপস্মিতা এতটাই চমকে গেল যে তার গলা দিয়ে শব্দ বের হলো না। মুহূর্তের জন্য তার সমস্ত শরীর বরফ হয়ে গেল।

পরমুহূর্তেই তার ভেতরকার জমে থাকা ভয়টা নিমেষে এক তীব্র ক্ষোভে রূপ নিল। তার দুই গাল যেন উত্তেজনায় জ্বলছে, চোয়াল শক্ত হয়ে আসছে। সে নিজের রাগটাকে কোনোমতে মুঠো পাকিয়ে সংবরণ করল। ধীর গলায় বলল,

“কিছু না।”

কথাটি শেষ করে সে নীরভানের পাশ কাটিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যাওয়ার উপক্রম করল। ঠিক তখনই নীরভানের ভারী ও তীক্ষ্ণ কণ্ঠস্বরটা তার পিছু ছাড়ল না,

“আমার ড্রয়ারে চোরের মত করে ঠিক কী খুঁজছিলে তুমি?”

রুপস্মিতা আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সে এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে ফুঁসে উঠে জবাব দিল,

“বললাম তো,চ্ছুই খুঁজছিলাম না!”

রুপস্মিতা পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিমেষের মধ্যে বজ্রগতির এক টানে তার নরম হাতটা শক্ত মুঠোয় খামচে ধরল নীরভান। হুট করে এমন আকস্মিক টানে রুপস্মিতা সোজা গিয়ে ধাক্কা খেল নীরভানের চওড়া বুকের সাথে। সে আর এক মুহূর্তও নিজেকে ধরে রাখতে পারল না, রাগে ফেটে পড়ে তীব্র ক্ষোভে ফুঁসে উঠল,

“মিস্টার নীরভান রেজা! আর কত মিথ্যে পরিচয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখবেন আপনি? আমি আর এক মুহূর্তও এই বাড়িতে থাকব না! আপনি আমাকে কী ডিভোর্স দেবেন, তার আগেই আমি নিজে আপনাকে ডিভোর্স দেবো!”

রুপস্মিতার মুখ থেকে কথাটা শোনার পরও নীরভানের মুখাবয়বে বিন্দুমাত্র ভীতি বা উত্তেজনার লেশমাত্র দেখা গেল না। তার ফর্সা মুখটা আগের মতোই ভীষণ শান্ত, থমথমে। সে সামান্য ঠোঁট বাঁকিয়ে এক অদ্ভুত, ঠান্ডা হাসি হাসল। তারপর রুপস্মিতার হাতের কবজিতে আরেকটু চাপ দিয়ে তাকে নিজের শরীরের আরও কাছাকাছি টেনে এনে কানের কাছে ফিসফিস করে বলল,

“তাই নাকি? তো ‘মিসেস নীরভান রেজা’, আগে এই বাড়ি থেকে এক পা বাইরে বের করে তো দেখান..."

নীরভানের এই ব্যঙ্গাত্মক ও ছড়ি ঘোরানো মনোভাব রুপস্মিতার রাগটাকে একেবারে সাতসপ্তকে চড়িয়ে দিল। তার মাথাটা রাগে তিরতির করে কাঁপছে। সে প্রাণপণে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে চেঁচিয়ে উঠল,

“আমার হাত ছাড়ুন বলছি! এক্ষুনি হাত ছাড়ুন! আমি আমার আব্বুকে কল করব, এক সেকেন্ডও আমি এই নরকে থাকব না! আমি তো আগে জানতাম না যে আপনিই সেই কাপুরুষ। আগে জানলে আমি ভুলেও আপনার বাড়িতে পা রাখতাম না!”

কাপুরুষ শব্দটা কানে যাওয়া মাত্রই নীরভানের সেই ধারালো চোয়াল আরও তীক্ষ্ণ হলো। তার ভুরু দুটো গভীর ঘুর্ণিপাকে কুঁকড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে উঠল,

“ইউ ননসেন্স! খুব বেশি কথা বলা শুরু করেছ তুমি আজকাল। চড়িয়ে একদম গাল লাল করে দেবো!”

তাদের চিৎকার আর উত্তপ্ত বাকবিতণ্ডার আওয়াজ নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই চেঁচামেচির শব্দ শুনে হুড়মুড় করে দোতলার রুমের দরজায় এসে হাজির হলো কাইলর আর রিনা!......

[বেশি বেশি রেস্পন্স করবেন। আর নেক্সট পর্ব আসবে পরশুদিন অর্থাৎ নভেম্বর ৩ তারিখ বিকেল ৪ টায়।⚠️⚠️⚠️⚠️]

চলমান..........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 20 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন