#সাবিলে–রব# 🌼 পর্ব — ২
ডায়েরি।
২/৮/২০…
আমি ইজমা।
আমাদের একটা ছোট্ট সুখী পরিবার রয়েছে। তবে অবাক করা বিষয় হলো—এই পরিবারের সদস্যরা শুধু সুখী থাকার ভান করে। বাস্তবে, সবাই-ই যেন কোনো না কোনো অদৃশ্য দুঃখের সঙ্গে বসবাস করছে।
বাইরের কেউ কখনো বুঝতেই পারবে না, আসলে এই পরিবারের মূল কাহিনিটা কী! সবার মুখে হাসি থাকলেও, সেই হাসির আড়ালে যে কতশত না বলা কথা লুকিয়ে আছে, তা কেবল এই ঘরের মানুষগুলোই জানে।
তবে এই পরিবেশে থাকতে থাকতে আমিও এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। তবুও মাঝে মাঝে মনে হয়, এই ঘরের দেয়ালগুলো যেন অনেক কথা জানে। এমন কিছু কথা, যা কেউ মুখে বলতে চায় না।
আর তাই আমি নানাভাবে চেষ্টা করি—এই পরিবারের লুকিয়ে থাকা সত্যটা একদিন উদঘাটন করার। জানি না, সত্যটা জানার পর আমার কেমন লাগবে! তবুও অজানার প্রতি এক অদ্ভুত কৌতূহল কাজ করে আমার।
আজকের জন্য এতটুকুই…
ডায়েরিটা বন্ধ করে ইজমা বিছানার ওপর রেখে দিল। জানালার ফাঁক দিয়ে আসা বিকেলের মিষ্টি রোদ তখন ঘরের মেঝেতে ছোট্ট একটা আলোর চাদর বিছিয়ে রেখেছে। বাইরে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। অথচ ঘরের ভেতরটা বরাবরের মতোই নিস্তব্ধ।
ইজমা কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে থেকে মায়ের কাছে গেল।
তার মা ব্যস্ত হাতে রান্নাবান্নার কাজ করছিলেন। সারা শরীর বেয়ে ঘাম ঝরছে, কপালের পাশে কয়েক গোছা চুলও ঘামে ভিজে লেগে আছে। অথচ সেদিকে তাঁর যেন কোনো ভ্রুক্ষেপই নেই। এক হাতে খুন্তি, অন্য হাতে মসলার বাটি নিয়ে একের পর এক কাজ করে যাচ্ছেন।
ইজমা চট করে রান্নাঘরে ঢুকে পড়ল।
— মা।
মা তাঁর মলিন, ফ্যাকাশে মুখটা ঘুরিয়ে তাকালেন।
— কিরে? কিছু বলবি?
ইজমা আমতা-আমতা করে বলল—
— ব… বলছিলাম কী, আজ আমি একটু রান্নাবান্না করি?
মা ভ্রু কুঁচকে তাকালেন।
— আজ হঠাৎ এই ইচ্ছা হলো কেন?
ইজমা তো মাকে বলতেও পারছে না—তাঁর এই কষ্ট আর ভালো লাগছে না। প্রতিদিন একইভাবে মাকে পরিশ্রম করতে দেখলে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে।
মায়ের হাতটা ধরে অনুরোধের সুরে বলল—
— দাও না, আমিও একটু চেষ্টা করি। প্লিজ…
মা বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, কেন আজ মেয়ের এই নতুন বায়না। মৃদু হেসে বললেন—
— না না। তুই রাঁধলে তো আজকের খাবার আর খাওয়াই যাবে না!
ইজমা বেশ বুঝতে পারল, মা রসিকতা করছেন। সেও কম যায় নাকি!
গাল ফুলিয়ে বায়না ধরল—
— না! আজ আমি রান্না করবই।
মেয়ের সঙ্গে আর পেরে উঠলেন না তিনি। শেষমেশ অনুমতি দিলেন। তবে সাবধান করে দিলেন, যেন কোনো উল্টোপাল্টা কাজ না করে।
— আচ্ছা। তুই কী রান্না করবি, বল তো?
ইজমা একটু দ্বিধা নিয়ে বলল—
— উম… মাছ ভাজা।
মা খানিকটা চমকে উঠলেন।
— জীবনে কোনোদিন মাছ ভেজেছিস?
ইজমার সোজাসাপটা জবাব—
— না, করিনি। তবে তোমাকে অনেকবার করতে দেখেছি। তাই আজ নিজে চেষ্টা করে দেখতে চাই।
মা মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন—
— আমি আছি। না পারলে বলে দেব।
— এমা! তুমি থাকবে কেন? তোমাকে বের করার জন্যই তো এসেছি। যাও, পাখার নিচে বসো।
মা ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লেন—
— আমাকে বের করার জন্য মানে?
ইজমা জিহ্বায় কামড় দিয়ে বলল—
— এইরে!
— কিছু বললি?
— না না মা। কিছুই বলিনি। তুমি যাও তো। আমি সব সামলে নেব।
মা আর কিছু বলতে যাচ্ছিলেন। তার আগেই ইজমা তাঁকে টেনে ড্রয়িংরুমে নিয়ে গিয়ে পাখার নিচে বসিয়ে দিল।
তারপর রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বলল—
— আমি ঠিক সব সামলে নেব। তুমি অযথা টেনশন নিয়ো না।
ইজমা কড়াইয়ে তেল বসাল। মাছের টুকরোগুলো মসলা মাখিয়ে নিল যত্ন করে। উত্তপ্ত চুলার সামনে দাঁড়িয়ে হঠাৎ তার মনে হলো—তার মাকে প্রতিদিন কতটা পরিশ্রম করতে হয়! শুধু তাদের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়ার জন্য।
ভাবনাটা মনটাকে কেমন ভারী করে দিল।
একটু পর ভাবনা থেকে বেরিয়ে এসে একটুকরো মাছ কড়াইয়ে ছাড়ল সে। তেলের হালকা ছ্যাঁৎছ্যাঁৎ শব্দে রান্নাঘরটা মুখর হয়ে উঠল।
পাশের ঘর থেকে তার মা ছুটে এলেন।
— ঠিক আছিস তুই?
ইজমা হাত নেড়ে বলল—
— আমি একদম ঠিক আছি। তুমি অযথা চিন্তা করছ।
তবুও মায়ের মন মানল না। তিনি কিছুক্ষণ রান্নাঘরের দিকে উঁকি দিতে লাগলেন।
ইজমা হেসে বলল—
— মা, তুমিও না! বড্ড বেশি চিন্তা কর। তোমার মেয়ে এখন পাক্কা রাঁধুনি, বুঝলে? পারলে বিয়ে দিয়ে দাও!
মেয়ের কথা শুনে মা মৃদু হেসে ফেললেন। তবে সেই হাসির আড়ালেও যেন কোথাও একটুখানি বিষণ্নতা লুকিয়ে ছিল। ইজমা অবশ্য সেদিকে আর নজর দিল না।
মা আবার ঘরে ফিরে গেলেন।
ইজমা ধীরে ধীরে রান্নাটা শেষ করল। মাছগুলো বেশ সুন্দরই হয়েছিল। নিজের কাজ দেখে মনে মনে একটু গর্বও হলো তার।
কিন্তু ভাগ্যের লিখন কে-ই বা বদলাতে পারে?
কড়াইটা নামাতে গিয়ে অসাবধানতাবশত সেটি হাত ফসকে গেল। পরমুহূর্তেই গরম তেল ছিটকে পড়ল তার পায়ে।
ইজমা তীব্র ব্যথায় কুঁকড়ে উঠল। মুহূর্তের মধ্যেই চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে এলো। শরীরটা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই।
অন্যদিকে, ড্রয়িংরুমে বসে থাকা মায়ের বুকের ভেতরটা হঠাৎ কেমন আনচান করে উঠল। কেন যেন মনে হলো—কিছু একটা অঘটন ঘটেছে।
তিনি দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেলেন।
আর তারপর—
সবকিছু অন্ধকার হয়ে গেল ইজমার চোখের সামনে।
মা রান্নাঘরে ঢুকেই মেয়ের নাম ধরে ডাকলেন।
কিন্তু কোনো উত্তর পেলেন না। চারদিকে ছড়িয়ে থাকা তেল আর মেঝেতে পড়ে থাকা কড়াই দেখে তাঁর বুকটা ধক করে উঠল।
কাঁপা হাতে মেয়ের কাছে এগিয়ে গিয়ে বারবার ডাকতে লাগলেন, ইজমা! মা ডাকছি, চোখ খোল মা!
চলবে… 🌼
( বানন ভুল হলে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)