ফন্ট সাইজ:
থিম:
ইশক এ আতিশ

পর্ব 17

লেখক: সাদিয়া রাজপুত

#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত

পর্ব-১৭

এটা অবাক হওয়ার সময় ছিল না তাই তিনি তার বিস্ময়কে ঝেড়ে ফেললেন। তারপর চারজন একসঙ্গে ঝুঁকে মালিহার জানাজা কাঁধে তুলে নিলেন।

চারদিকে কালেমার ধ্বনি উচ্চারিত হতে লাগল। আজ সে চিরদিনের জন্য কাসর-ই-ফারুকি থেকে বিদায় নিচ্ছে।

মাত্র বিশ বছরের জীবনের গল্প হঠাৎ করেই এসে এক মোড়ে থেমে গেল।

এটাই জীবন, আর এটাই মৃত্যু—একজন ধোকাবাজ, আরেকজন নির্মম।

কত অসহায়তা যে এতে লুকিয়ে আছে! জীবন যদি নিষ্ঠুর লাগে, তবে মানুষ মৃত্যুর আশ্রয় নিতে চায়। কিন্তু যদি মৃত্যুতেও শান্তি না মেলে, তবে মনে হয়, আহা! যদি আরেকটি দরজা থাকত!

কবর প্রস্তুত হয়ে গিয়েছিল। মালিহার জানাজা কবরের পাশে নামিয়ে রাখা হলো।

আফাক ওয়াজদানকে ইশারা করতেই তার মনে পড়ে গেল মালিহার মুখ দেখার কথা। সে চোয়াল শক্ত করে মাথা নেড়ে না বলল এবং পেছনে সরে গেল।

আফাক একবার তার দিকে তাকিয়ে জানাজার কাছে এলেন। তারপর কোমরে বাঁধা কাপড় ধরে নূরুল হুদা ও সামাদের সঙ্গে অত্যন্ত সতর্কতার সঙ্গে মালিহার দেহ কবরের ভেতরে দাঁড়িয়ে থাকা জুনায়েদ ও মুনীর হাসানের হাতে তুলে দিলেন।

এরপর সে আর নূরুল হুদাও কবরের ভেতরে নেমে গেলো।

“তুমি সাদা রঙের পোশাক পরো না। এই রঙে তোমাকে এত সুন্দর লাগে যে ভয় হয়, যদি কারও নজর লেগে যায়।”

কাফনের সাদা কাপড়টি মুখ থেকে সরাতে গিয়ে নূরুল হুদার হাত কেঁপে উঠল।

তিনি গভীরভাবে তার দিকে তাকিয়ে রইলেন। কিন্তু আজ সাদা পোশাকে মালিহাকে তার ভালো লাগল না।

হঠাৎ তার সেই রাতের কথা মনে পড়ে গেল, যেদিন অপেক্ষা করতে করতে মালিহা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল।

ঘুমন্ত অবস্থায় তার মুখে কী অপার নিষ্পাপতা ছিল!

সেই কোমল অভিব্যক্তি, যা ঘুমে-জাগরণে সবসময় তার মুখে লেগে থাকত।

মৃত্যুর কয়েক ঘণ্টা পরও সেই কোমলতা, সেই মাধুর্য আর সেই নিষ্পাপতা তার মুখে রয়ে গিয়েছিল।

নূরুল হুদার মনে হচ্ছিল, যেন আজও সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। তবে আজকের এই ক্লান্তি জীবনের সমস্ত পথচলার ক্লান্তি।

“আমি তোমার মায়া থেকে মুক্ত হতে চাই না।”

তিনি আলতো করে মালিহার চোখের পাতায় হাত বুলিয়ে দিলেন।

“ আমার জীবন থেকে তো চলে যাচ্ছ, কিন্তু অন্তত আমার হৃদয় থেকে কখনও চলে যেয়ো না।

তোমার স্মৃতির একটি প্রদীপ আমার হৃদয়ের তাকের ওপর জ্বালিয়ে রেখে যেয়ো।

আমি সেই আলোতেই বেঁচে থাকার কারণ খুঁজে নেব।”

তার বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল। সে দ্রুত ঘুরে কবর থেকে বাইরে উঠে এলেন।

এদিকে কবর খননকারীরা বেলচা দিয়ে মাটি ফেলছিল, আর মনে হচ্ছিল ওয়াজদান নিজেও সেই মাটির নিচে ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে।

অল্প কিছুক্ষণের মধ্যেই মালিহা চিরকালের জন্য সূর্যের আলো থেকে আড়াল হয়ে গেল।

তার অপূর্ণ ভালোবাসা, অসমাপ্ত আকাঙ্ক্ষা আর ভেঙে যাওয়া স্বপ্নগুলো যেন তার দেহের সঙ্গেই মাটির নিচে সমাধিস্থ হয়ে গেল।

“নিজের অনুভূতির ক্রুশ আমরা নিজেরাই বহন করি।

হে জীবন, একবার শুনে দেখো কীভাবে আমরা বয়ে চলেছি।

পেছনে যখন ফিরে দেখলাম জীবনের পথচলায় নিজেকে একা পেলাম।

তখন বুঝলাম— আমরা সারা জীবনটাই বৃথা কাটিয়ে দিয়েছি।

নূরুল হুদা কবরস্থান থেকে বেরিয়ে সরাসরি বাড়ি ফিরলেন না। সেখান থেকেই মালিক আঙ্কেলকে বাবা জানের খেয়াল রাখতে বলে তিনি শান্তির খোঁজে অজানা পথে বেরিয়ে পড়লেন।

কিন্তু শান্তি কি কখনও খুঁজে বেড়ালে পাওয়া যায়?

বাড়ি ফেরার চিন্তাই তাকে আতঙ্কিত করছিল। তবু কতক্ষণ আর বাড়ি না ফিরে থাকা যায়?

তার চোখ এমন অভ্যস্ত হয়ে গিয়েছিল যে, বাড়ির প্রবেশদ্বার খুলে ভেতরে পা রাখামাত্রই দৃষ্টি সামনের দিকে চলে যেত। সেখানে লাউঞ্জের সোফায় বসে মালিহা প্রতিদিন তার ফেরার অপেক্ষা করত।
প্রতিদিনের সেই অভ্যর্থনা এমন হতো, যেন সে কয়েক সপ্তাহ পর বাড়ি ফিরেছে।

এক হাত তালার ওপর রেখে দরজায় দাঁড়িয়ে রইলো। যেন অপেক্ষা করছে—মালিহা হঠাৎ কোনো কোণ থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়াবে।

“তুমি কেন মারা গেলে, মালিহা?”
এই প্রশ্নটিই তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল।

কিন্তু কোনো উত্তর ছিল না।
লাউঞ্জের সোফার দিকে তাকানো এড়িয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের সামনে এলে দরজার হাতলে হাত রাখলো, কিন্তু ঘুরিয়ে খুলতে পারলো না।

সে জানতো, দরজা খুললেই ওপরে রাখা ঝুড়ি থেকে মালিহার স্বাগত জানানোর জন্য সাজানো অসংখ্য গোলাপের পাপড়ি তার ওপর ঝরে পড়বে।
মেঝেতে বিছিয়ে রাখা ফুলগুলো, যেগুলো মালিহার পায়ের ছোঁয়ার অপেক্ষায় অপেক্ষায় শুকিয়ে গিয়েছিল, সেগুলো তার ভারী বুটের নিচে পিষে যাবে।

সে শব্দ সে কীভাবে শুনতে পেত ?

আর সেই সন্ধ্যা—যদি সত্যিই এসে পৌঁছাত, তবে কতই না সুন্দর হতো!

মালিহার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলার জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দেওয়া মোমবাতিগুলো—যাদের গলিত মোম গতকাল মালিহার মিলনের রাতের জন্য সাজানো শয্যাকে অলংকৃত করেছিল—আজ সেই শয্যায় তাকে না পেয়ে যেন দুঃখে ফোঁটা ফোঁটা গলে পড়ছিল, ঠিক যেন কারও চোখ থেকে অশ্রু ঝরছে।

যে মোমবাতিগুলো মিলনের রাত আলোকিত করার জন্য জ্বালানো হয়েছিল, সেগুলো আজ বিচ্ছেদের অন্ধকারে নিভে গেছে। এখন আর কে-ই বা তাদের গলে যাওয়া অস্তিত্বের দিকে তাকাবে?

ছাদের সঙ্গে ঝুলে থাকা তাজা গোলাপের কুঁড়িগুলো, যেগুলো শয্যাকে ঘিরে রেখেছিল, তাদের সমস্ত সতেজতা হারিয়ে ফেলেছে। নূরুল হুদা কীভাবে তাদের সেই শুকিয়ে যাওয়া মুখগুলোর দিকে তাকাবে?

এই সমস্ত আয়োজনই ছিল মালিহার জন্য। আর যখন সে-ই সেখানে পা রাখল না, তখন নূরুল হুদা কীভাবে সেই কক্ষে প্রবেশ করতো?

ধীরে ধীরে দরজার হাতল থেকে তাঁর হাত সরে গেল। সে উল্টো পায়ে লাউঞ্জে ফিরে এসে বাবা জানের বন্ধ দরজার সামনে থেমে গেলো।

সে জানতো, দরজার ওপারে কী ভয়াবহ ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু আরেকটি প্রলয় তো তাঁর নিজের বুকের ভেতর দিয়েও বয়ে চলেছে।

গতকাল থেকে সে বাবা জানকে সাহস দিচ্ছিলো, তাঁকে সামলে রাখার চেষ্টা করছিলো। কিন্তু এখন তাঁকেই নিজের মনকে শক্ত করতে হবে, নিজেকে গুছিয়ে নিতে হবে, যাতে বাবা জানের দুঃখের কিছুটা ভাগ সে বহন করতে পারে।

মাথা নিচু করে সে সেই দরজার পাশ দিয়ে ডাইনিং রুম পেরিয়ে হলে এসে পৌঁছালো, যার দেয়ালে মালিহার আঁকা ছবিগুলো ঝুলছিল।

এরপর সে সিঁড়ির দিকে এগোলো। মালিহার ঘরের দরজা আধখোলা ছিল। নূরুল হুদা দুই হাতে দরজার পাল্লা ধরে সেটি পুরোপুরি খুলে দিলো।

ঘরের পরিবেশ ছিল নিস্তব্ধ। নুরুল হুদা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলো, যেন চারদিকে ছড়িয়ে থাকা মালিহার পরিচিত সুবাসটুকু অনুভব করতে পারে।

তারপর চোখ খুলে ঘরের এদিক ওদিক দেখতে লাগলো।

এই তো সেই ছোট্ট জগৎ, যেখানে মালিহা তার সংক্ষিপ্ত জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিল।

কিছু মানুষ শুধু মানুষের মনেই নয়, জড় বস্তুর ওপরও নিজেদের ছাপ রেখে যায়। মালিহা ছিল তেমনই একজন, যার উপস্থিতির ছাপ ছিল গভীর ও স্থায়ী।

সম্ভবত এ কারণেই ঘরে ঢুকতেই নূরুল হুদার মনে হলো, মালিহা যেন এখনও আশপাশেই কোথাও রয়েছে। আর সেই অনুভূতি তাঁর অস্থির হৃদয়ে এমন শান্তি এনে দিল, যেন জ্বলন্ত আগুনের ওপর এক পশলা ঠান্ডা পানির ছিটা পড়েছে।

নুরুল হুদা এগিয়ে গিয়ে বারান্দার দরজা খুলে দিলো।

এক ঝলক শীতল বাতাস এসে নুরুল হুদাকে ছুঁয়ে চলে গেল।

তিনি মাথা তুলে আকাশের দিকে তাকালেন, যেখানে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ আলো ছড়াচ্ছিল।

সে জানতো, মালিহা ছিল জ্যোৎস্না রাতের ভীষণ অনুরাগী। বিশেষ করে পূর্ণিমার চাঁদের প্রতি তার ছিল গভীর ভালোবাসা।

এমন রাতগুলোতে সে ঘরে বন্দি না থেকে বারান্দার দোলনায় শুয়ে চাঁদের দিকে মগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকত, আর কখন যে ঘুমিয়ে পড়ত, তা নিজেও বুঝতে পারত না।

“আজ তাকে না দেখে চাঁদ কী ভাবছে?” দোলনার পাশে দাঁড়িয়ে নূরুল হুদা ভাবতে লাগলো।

“কত দূরে চলে গেছ , মালিহা! চাঁদের থেকেও অনেক দূরে।”

খালি দোলনাটি দেখে সে গভীর বিষণ্নতায় ডুবে গেলো।

“আমি কখন অতিরিক্ত সান্নিধ্যের আকাঙ্ক্ষা করেছি?। কিন্তু কখনো এটা তো চাইনি যে তুমি আমাকে এমন অসহনীয় দূরত্বের যন্ত্রণা দিয়ে যাবে।

এখন এই চোখ তোমাকে কোথায় খুঁজবে?”

সে ফিরে আবার ঘরের ভেতরে চলে এলো।

মন অন্যদিকে সরাতে মালিহার স্টুডিওতে ঢুকলো। দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখা একটি ক্যানভাস তুলে কাছ থেকে দেখতে লাগলো।

বারান্দা দিয়ে আসা প্রবল বাতাসে ইজেলে ঢাকা পাতলা জালের কাপড়টি উড়ে গেল।

নূরুল হুদা বিস্ময়ে এগিয়ে গিয়ে কাপড়টি সরিয়ে ক্যানভাসের দিকে তাকালো। সেখানে একটি অসমাপ্ত প্রতিকৃতি ছিল, যা প্রাথমিক পর্যায়েই অসম্পূর্ণ থেকে গিয়েছিল।

আঙুলের ডগা দিয়ে ছবিটি স্পর্শ করতে করতে সে এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়লো।

“এটাই মালিহার শেষ সৃষ্টি… অথচ অসম্পূর্ণ।”

“হয়তো জীবন তাকে এই ছবিটা শেষ করার সময়ই দেয়নি। শুধু এই ছবিই বা কেন?

সে তো সবকিছুই অসম্পূর্ণ রেখে চলে গেল। এত হঠাৎ যাত্রা শুরু করল যে এখনও বিশ্বাসই হয় না।”

সে ছবিটির দিকে তাকিয়ে এসব ভাবছিলো, এমন সময় হঠাৎ কিছু একটা তাঁর দৃষ্টি আকর্ষণ করল।

সে আরও মনোযোগ দিয়ে প্রতিকৃতির মুখটির দিকে তাকালো।

মনে হলো, এটি কল্পনার কোনো মুখ নয়; বরং এর অবয়ব যেন কোথাও আগে দেখেছে। চেনা চেনা লাগছে, কিন্তু পুরোপুরি মনে পড়ছে না।

তাঁর দৃঢ় বিশ্বাস ছিল, সে এই মুখ আগে দেখেছে। কিন্তু কোথায়?

অনেক চেষ্টা করেও মনে করতে না পেরে সে সেই ভাবনাকে ঝেড়ে ফেললো। সেখান থেকে সরে এসে বিছানার পাশে বসে পড়লো।

তারপর পা ঝুলিয়ে ধীরে ধীরে পেছনের দিকে শুয়ে গেলো।

হিসাব করে দেখলো, এই অবিশ্বাস আর মানসিক যন্ত্রণার মধ্যে চব্বিশ ঘণ্টা কেটে গেছে। অথচ তাঁর মনে হচ্ছে, যেন পরের মুহূর্তেই প্রাণ শরীর ছেড়ে বেরিয়ে যাবে।

“তোমার ভালোবাসা দেখে নিয়েছি, নূরুল হুদা!”

নিজের ওপরই তীব্র ব্যঙ্গ করলো।

“বলতাম, মালিহাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারব না। অথচ দেখো, চব্বিশ ঘণ্টা কেটে গেছে, তবু এখনো শ্বাস চলছে।”

“কিন্তু বেঁচে আছে শুধু শ্বাসটাই,”

তার ভাঙাচোরা হৃদয় যেন নিঃশব্দে উত্তর দিল। তিনি তা শুনে চোখের পাতা বন্ধ করে নিলেন।

আগেই তাঁর স্নায়ু ভেঙে পড়েছিল। চোখ বন্ধ করতেই জ্বলতে থাকা চোখ দুটো কিছুটা আরাম পেল।

তিনি হাত বাড়িয়ে বালিশটি তুললেন। বালিশের নিচে একটি ডায়েরি রাখা ছিল।

নূরুল হুদা বিস্ময়ে উঠে বসলেন এবং ডায়েরিটি হাতে তুলে নিলেন।

এটি ছিল ছোট্ট একটি লাল মলাটের ডায়েরি, প্রায় একটি ছোট বইয়ের আকারের। মসৃণ পাতার ভেতরে সোনালি রঙের একটি কলম এমনভাবে গোঁজা ছিল, যেন কেউ লিখতে লিখতে হঠাৎ কোনো কাজে উঠে গেছে।

তিনি ডায়েরিটি খুলে প্রথম পাতার দিকে তাকালেন।

সেখানে মালিহার নাম লেখা ছিল।

তাঁর বিস্ময় আরও বেড়ে গেল। মালিহা যে ডায়েরি লিখত, এ কথা তাঁর জানা ছিল না। তার কখনোই জানা ছিলোনা মালিহার এই অভ্যাস সম্পর্কে।

কিন্তু বিষয়টি কারওই জানা ছিল না—সম্ভবত বাবা জানেরও নয়।

মনের মধ্যে কৌতূহল জাগল, “দেখি তো, সে এখানে কী লিখত?”
___________________________________________

চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন