ফন্ট সাইজ:
থিম:
ইশক এ আতিশ

পর্ব 16

লেখক: সাদিয়া রাজপুত

#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত

পর্ব-১৬

সামিরার আচরণে এক অদ্ভুত উদাসীনতা ছড়িয়ে ছিল। সে নজর ঘুরিয়ে তার আশপাশ দেখল।

লনে অতিথিদের জন্য সুন্দরভাবে সাজানো চেয়ার-টেবিল রাখা ছিল, কিন্তু অতিথিরা ইতিমধ্যেই চলে গিয়েছেন। সবাই বুঝে গিয়েছিল যে বিয়েটি নীরবে ক্যান্সেল হয়ে গেছে।

তাহলে আর থেকে কী করবে? সামনে তাজা ফুল দিয়ে সাজানো সুন্দর স্টেজটি একেবারে ফাঁকা পড়ে ছিল।

পুরো লনে উজ্জ্বল আলো জ্বলছিল, যেন রাতকে দিনে পরিণত করেছে।

কাসর-ই-ফারুকির বাইরের দেয়ালজুড়ে ছাদ থেকে ঝুলে থাকা রঙিন বৈদ্যুতিক বাতিগুলো ঝিকমিক করছিল।
সেই ঝলমলে আলো লনের গাছপালা ও বৃক্ষের কাণ্ডেও ছড়িয়ে ছিল।

এতক্ষণেও কারও মাথায় আলো নিভিয়ে দেওয়ার কথা আসেনি। আসবেই বা কীভাবে?
সবাই তো শোকে স্তব্ধ। শুধু বাইরে নয়, ভেতর থেকেও

পুরো কাসর-ই-ফারুকি যেন কনের মতো সাজানো ছিল।
গোলাপ আর মোতির ফুলের মালা চারদিকে সৌন্দর্য ছড়িয়ে দাঁড়িয়ে ছিল।

তবু এত সাজসজ্জার মাঝেও হঠাৎ সবকিছু ভীষণ নির্জন লাগছিল।

“সাজানো-গোছানো, কিন্তু বিষন্ন —একদম মালিহার মতো,” সামিরা ভাবলো আর হাঁটুর ভেতর মুখ লুকিয়ে নিল।

শীতের মধ্যে অনেকক্ষণ বসে থাকতে থাকতে তার শরীর শক্ত হয়ে আসছিল যখন দূর থেকে গাড়ির হর্নের শব্দ শোনা গেল।

মাথা তুলে সে দেখল, আফাকের গাড়িটি এসে পোর্চের সামনে এসে থেমেছে।

যে কজন অতিথি তখনও ছিলেন, তারা গাড়িটিকে ঘিরে ধরলেন। কিন্তু সেখান থেকে শুধু আফাক আর সামাদই নেমে এলেন।

তারা কারও দিকে না তাকিয়ে ভিড় এড়িয়ে চলে গেলো।

সামিরা লক্ষ্য করল, আফাকের হাতে লাল রঙের একটি পুঁটলি, আর সে সেটি নিয়ে তার দিকেই এগিয়ে আসছে।

কাছে এসে দাঁড়াতেই সামিরা তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
— “মালিহা কোথায়?”

প্রশ্নটি শুনে সামীরার মনে হলো, আফাকের চোখে যেন পানি চিকচিক করছে।

কোনো উত্তর না দিয়ে সে লাল পুঁটলিটি সামিরার হাতে তুলে দিল।

দেখামাত্রই সামিরা চিনে ফেলল—এটি সেই লাল সেল্ফ-অর্গানজার কাজ করা ওড়না, যা মালিহা সন্ধ্যা থেকেই গায়ে জড়িয়ে ছিল।

কাঁপা হাতে ওড়নার ভাঁজ খুলতেই ভেতরে গয়নার স্তূপ দেখে তার বুক কেঁপে উঠল।

কিছু ছুঁয়ে দেখারও প্রয়োজন ছিল না। সে জানত, এগুলো মালিহারই গয়না।

— “কী...?”

সাইমা আতঙ্কিত হয়ে ওড়নাটি সামিরার হাত থেকে নিয়ে গয়নাগুলো উল্টেপাল্টে দেখে কাঁপা গলায় বলল,
— “এগুলো তো মালিহার গয়না! আমি নিজে সামিরার সঙ্গে মিলে নিজের হাতে ওকে এগুলো পরিয়ে দিয়েছিলাম।”

আফাক কিছুই বলতে পারল না।
অবশেষে দৃষ্টি নিচু রেখেই সে বলল,
— “তোমরা যে গয়নাগুলো মালিহাকে পরিয়ে দিয়েছিলে, আমি সেগুলো লাশের গা থেকে খুলে এনেছি।”

আগের মতোই নজর লুকানো অবস্থায় সে সামাদের দিকে তাকিয়ে মাথা নেড়ে ইশারায় কিছু বললো।

সামাদও মাথা নেড়ে তার পেছনে লনে চলে এল। দু’জনে মিলে টেবিল-চেয়ার সরিয়ে এক পাশে জড়ো করতে লাগল এবং ধীরে ধীরে লন খালি করতে শুরু করল।
বাড়ির চাকররা তাঁদের এভাবে কাজ করতে দেখে একে একে এগিয়ে এসে সাহায্য করতে লাগল।

জুনাইদের গাড়ি মালিহার খালা আর মামীদের নিয়ে পৌঁছালো।

তারা কান্না ও বিলাপরত অবস্থায় এমন ছিলেন যে নিজেরা গাড়ি থেকে নামতেও পারছিলেন না।

মেয়েরা তাঁদের নামিয়ে ধরে ধরে চেয়ারে বসিয়ে দিল।

সামিরা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করতে লাগল,
— “কী হয়েছে? আপনারা কাঁদছেন কেন? মালিহার কী হয়েছে? সে কেমন আছে? তাকে সঙ্গে আনেননি কেন?”

সে সবাইকে প্রশ্ন করছিলো আর প্রতিটি প্রশ্নের সঙ্গে তাঁদের কান্না আরও তীব্র হয়ে উঠছিল।

ঠিক তখনই নূরুল হুদার গাড়ি এসে পৌঁছাল, আর তার পেছনেই একটি অ্যাম্বুলেন্স এসে থামল।

অ্যাম্বুলেন্সটি দেখে সবার বুক ধক করে উঠল।

নূরুল হুদা নেমে গিয়ে পিছনে আসলো আর বাবা জানকে সাহারা দিয়ে গাড়ি থেকে নামালো যে নিজের পায়ে দাঁড়াতেও পারছিলেন না।

মালিক নাসির ও মুনীর হুসাইন গাড়ি থেকে নেমে তাঁর দুই বাহু ধরে ফেললেন। তখন নূরুল হুদা নীরবে সরে দাঁড়ালেন।
দু’জনে বাবা জানকে নিয়ে লনে এনে চেয়ারে বসিয়ে দিলো।

নূরুল হুদা বাবা জানকে রেখে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলো।

তারপর পর নূরুল হুদা ও আফাক মিলে অ্যাম্বুলেন্স থেকে একটি স্ট্রেচার নামিয়ে আনলো।
স্ট্রেচারের ওপর একটি সাদা চাদরে ঢাকা নিথর দেহ পড়ে ছিল।

যে-ই এই দৃশ্য দেখেছিল, তার মুখ থেকে আতঙ্কের চিৎকার বেরিয়ে এসেছিল। সম্পূর্ণ ভেঙে পড়া বাবা জান সেই স্ট্রেচারের দিকে তাকিয়ে দেখলো, যা নূরুল হুদা মালিহার কাজিনদের সাথে লনের দিকে নিয়ে যাচ্ছিল।

তার মুখ থেকে আর্তনাদ আর বিলাপ বেরিয়ে আসছিল।

সামিরার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মন চাইছিল, কিয়ামত পর্যন্ত যেন সে জানতে না পারে যে সাদা চাদরে ঢাকা সেই দেহটি কার।

তবু সেই ইচ্ছাকে দমন করে সে উঠে ধীরে ধীরে স্ট্রেচারের কাছে এগিয়ে গেল।

কয়েক মুহূর্ত চাদরের কোণ শক্ত করে মুঠোয় ধরে দাঁড়িয়ে ছিলো হঠাৎ এক ঝটকায় সে চাদর সরিয়ে দিল আর মৃত্যুর কোলে নিদ্রিত মালিহার মুখ উন্মোচিত হয়ে গেল।

সামিরা স্ট্রেচারের পাশে লুটিয়ে পড়ল। বিস্ফোরিত চোখে অবিশ্বাস নিয়ে সে মালিহার দিকে তাকিয়ে রইল।

যার গোলাপি মুখ মৃত্যুর ছোঁয়ায় ফ্যাকাশে সাদা হয়ে গেছে।

তার চোখে একসময় তারার মতো ঝিলিক খেলত, কিন্তু মৃত্যুর ভারে নত হয়ে থাকা পাপড়ির নিচে সেই আলো চিরতরে নিভে গেছে।

সবসময় হাসিতে ভরা ঠোঁট দুটি এখন চিরনীরব হয়ে গেছে।
প্রাণ দেহ ছেড়ে চলে গেছে।
তবু তার হাতের মেহেদির সুবাস এখনো মুছে যায়নি।

সামিরা আলতো করে মালিহার হাতের পিঠে স্পর্শ করতেই তার কবজির চুড়িগুলো টুংটাং শব্দ করে উঠল।

এই ক্ষীণ শব্দটুকুই সামিরার ধৈর্যের বাঁধ ভেঙে দিল।

আর নিজেকে সামলাতে না পেরে সে মালিহাকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কাঁদতে লাগল।

নূরুল হুদা ঈর্ষামিশ্রিত বেদনার চোখে তার দিকে তাকিয়ে ছিলেন।
তার নিজেরও মন চাইছিল উচ্চস্বরে কেঁদে উঠতে—এত জোরে যে তার বুকফাটা আর্তনাদ আকাশ ভেদ করে মালিহার কান পর্যন্ত পৌঁছে যায়।

কিন্তু তার চোখ যেন শুকিয়ে গিয়েছিল। ঠোঁট কামড়ে তিনি বাবা জানের দিকে তাকালেন।

তার ব্যক্তিত্বের দৃঢ়তার প্রভাব যেন কোথায় হারিয়ে গেছে। এই মুহূর্তে তিনি কেবল এক অসহায়, শোকে বিধ্বস্ত পিতা—যাকে একমাত্র কন্যার মৃত্যু সম্পূর্ণ ভেঙে দিয়েছে।

নূরুল হুদার তার প্রতি গভীর মায়া হলো। তিনি এগিয়ে গিয়ে তাকে সমর্থন দিলেন।

নূরুল হুদার কাঁধের ভর পেতেই বাবা জানের অবশিষ্ট সংযমও ভেঙে পড়ল। তার বুকে মুখ লুকিয়ে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন।

“আমার মালিহা মারা গেছে। আমার সারা জীবনের সঞ্চয় লুট হয়ে গেল। যার মুখ দেখার জন্য সাত বছর ধরে অপেক্ষা করেছি, সে এক মুহূর্তেই আমাকে ছেড়ে চলে গেল।

যাকে আমি হাত ধরে হাঁটতে শিখিয়েছি, সেই আমার হাতেই প্রাণ ত্যাগ করল, আর আমি নিজের মেয়েকে বাঁচাতেও পারলাম না।

যদি মৃত্যু এত সহজলভ্য হয়ে থাকে, তবে কোথাও থেকে আমার জন্যও নিয়ে এসো।”

নূরুল হুদা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন, কিন্তু তবুও তার ধৈর্য ভাঙেনি।

সামিরা অশ্রুভরা ঝাপসা চোখে তার দিকে তাকাল, যিনি সহ্যের শেষ সীমা পর্যন্ত নিজেকে ধরে রেখেছেন।

তারপর সে বাবা জানের দিকে তাকাল, যার সহ্যের শেষ সীমাটুকুও শেষ হয়ে গেছে।

সামীরার বুক ভার হয়ে গেলো, কে বলবে কিয়ামত আসার বাকী আছে?”

হঠাৎ ওয়াজদানের কথা মনে পড়তেই সে কেঁপে উঠল।

“হ্যাঁ, কিন্তু আরেকটি প্রলয় এখনো বাকি। তারপর কিয়ামত থেকে কিয়ামত অনন্তকাল স্থায়ী হয়ে থাকবে।”

___________________________________________

কাঁধের ওপর আঁচল ঠিক করতে করতে মালিহার চোখের পাতা নত হয়ে ছিল।

ওয়াজদানের চোখে কাটার মতো বিধে গেলো । সেই কোমল দৃষ্টিই তো তাকে অদৃশ্য শিকলে বন্দি করে ফেলেছিল।

অসহায় অনুভূতির ঘোরে তার হাত থেকে মালিহার ছবিগুলো একে একে কার্পেটের ওপর ছড়িয়ে পড়ল।

খালি হাতের তালুর দিকে তাকিয়ে সে গভীরভাবে সেই রক্তমাখা রেখাগুলোর দিকে চেয়ে রইল, যেগুলো তার ভাগ্য বদলে দিয়েছে।

“যদি শুধু হাত ধরার শাস্তি এত কঠিন হয়, তবে আপনাকে পাওয়া সত্যিই মুশকিল হতো।”

হাত গুটিয়ে সে সামনে দেয়ালের পাশে রাখা ছবিটির দিকে তাকাল।

“প্রেমের শুরু থেকে শেষ—ব্যথা শুধু ব্যথা।”

'ইশক আতিশ' সেই ছবিটির দিকে তাকিয়ে দেখতে দেখতে মালিহার কথাগুলো তার মনে পড়ল তো বুকের ভেতর ছড়িয়ে থাকা যন্ত্রণা সে আবার অনুভব করল।

আকাঙ্ক্ষা এখন গভীর হাহাকারে পরিণত হয়েছে। মালিহাকে পাওয়ার বাসনা তাকে হারিয়ে ফেলার পর শেষ হয়ে যায়নি; বরং আরও প্রবল হয়ে উঠেছে।
“এটাই কি তবে প্রেমের শুরু?”

সে বিস্ময়ে ভাবলো “কিন্তু আমি তো তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি।”

“তাহলে এই সওদাগর কেনো আমার হৃদয়ে এখনো বাসা বেঁধে আছে?”

“প্রেম প্রাপ্তির নয়, অপ্রাপ্তির উন্মাদনা।” — তা তাকে প্রেমের এই নিদর্শনই বলে যাচ্ছিলো।

ওয়াজদানের ভেতর সেই অপ্রাপ্তির উন্মাদনাই তীব্র ঢেউ তুলছিল।

“প্রেমের জন্ম হয় বিচ্ছেদের গর্ভে, আর বিচ্ছেদ মানুষকে কেবলই কষ্ট দেয়।”

এখন ওয়াজদানের হৃদয়ে সেই কষ্ট ছাড়া আর কিইই বা ছিলো।

“যখন এই ব্যথা রক্ত হয়ে শরীরের শিরায় শিরায় প্রবাহিত হতে শুরু করে, তখন আর কোনো আশাই অবশিষ্ট থাকে না।”

আজ ওয়াজদানের জন্য সব আশা শেষ হয়ে গিয়েছিল।

“প্রেম এমন এক আগুন, যা শুধু পুড়িয়ে ছাই করে না—বরং সম্পূর্ণ বিলীন করে দেয়।”

কিন্তু খোঁজ বাকি ছিল, আর সেই অপ্রাপ্তির খোঁজ ওয়াজদানের অন্তরে আলো দেখিয়েছিলো। যার শিখায় ঘিরে সে ধীরে ধীরে নিজের সব অনুভূতি হারিয়ে ফেলছিল।

“হ্যাঁ, আমি প্রেমে পড়েছি।”

এই স্বীকারোক্তি করতেই মালিহার স্বীকারোক্তি মনে পড়ে গেলো—

“আমি ওয়াজদানকে ভালোবাসি।”

“প্রেমের আগুনে পুড়ে যাওয়া সহজ নয়।”

মালিহার স্বীকারোক্তি তার কষ্ট আরও বাড়িয়ে দিল। নিজের যন্ত্রণা ভুলে গিয়ে সে মালিহার কষ্ট নিয়েই অভিযোগ জানাতে লাগল।

“হে আল্লাহ! প্রেমের এই অগ্নিকুণ্ডে দগ্ধ হওয়ার জন্য কি শুধু আমার অস্তিত্বই যথেষ্ট ছিল না, যে তুমি তাকেও এই আগুনে নিক্ষেপ করলে?”

মানুষ যখন সত্যিকারের প্রেমে পড়ে, আঘাত লাগে অন্যের গায়ে, কিন্তু ব্যথায় কেঁপে ওঠে নিজের হৃদয়। অন্যের ক্ষতের যন্ত্রণা সহ্য করা সহজ নয়। এই কারনে এর খোঁজ সবাই পায়না।

এই আগুনও তাই সব চুল্লিতে জ্বলে না; যার বুক একদিন প্রেমের জ্বলন্ত ভাটিতে পরিণত হয়, সে-ই এর প্রকৃত তাপ অনুভব করে।

নিজের জ্বালা ভুলে অন্যের দহন অনুভব করা খুব কঠিন। আর যে তা একবার অনুভব করে, সে সারা জীবন জ্বলতে থাকে—কিন্তু সেই আগুন আর নিভে না।

___________________________________________

আফাক যখন ওয়াজদানের বাড়িতে পৌঁছাল, তখন সকালের নাশতা পরিবেশন করা হচ্ছিল।

মুজাম্মিল তাকে ড্রয়িংরুমে না বসিয়ে সরাসরি ডাইনিং রুমে নিয়ে এল।

—“বসো আফাক, নাশতা করে নাও।”

আয়েশা মুস্তাফা তাকে দেখে খালি চেয়ারের দিকে ইশারা করে বললেন।

কিন্তু আফাক তখনও ঠিক খেয়াল করেনি তিনি কী বললেন।

—“আন্টি, ওয়াজদান কোথায়?”

“ওপরে, নিজের ঘরে। আমি তো ওকেও নাশতার জন্য ডাকতে যাচ্ছিলাম।”

তারপর ভালোভাবে আফাকের বিমর্ষ মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,

“তোমাকে খুব চিন্তিত লাগছে। সব ঠিক আছে তো?”

আফাক লুকিয়ে রাখতে না পেরে মাথা নেড়ে ধীরে ধীরে বলল,
“গত রাতে আমার এক কাজিন মারা গেছে। আজ জোহরের সময় তার জানাজা হবে।”

—“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তিনি দুঃখভরা কণ্ঠে আস্তে করে পড়লেন।

“জানাজায় অংশ নেওয়ার জন্য আমি ওয়াজদানকে সঙ্গে নিতে এসেছি। আপনি নাশতা প্রস্তুত রাখুন, আমি ওকে নিয়ে আসছি।”

ওয়াজদানের ঘরের দরজা পুরোপুরি বন্ধ ছিল না; সামান্য ফাঁক দিয়ে ভেতরের আলো বাইরে এসে পড়ছিল। আফাক হাত দিয়ে দরজাটা আস্তে করে পুরো খুলে দিল।

ওয়াজদান বিছানার পায়ের দিকের সঙ্গে মাথা ঠেকিয়ে কার্পেটের ওপর বসে ছাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিল।

তার চারপাশে মালিহার অসংখ্য ছবি ছড়িয়ে-ছিটিয়ে ছিল। আফাক জানত, মালিহার মৃত্যুর খবর ওয়াজদানকে জানানো সবচেয়ে কঠিন কাজ। অনেক সাহস সঞ্চয় করে সে এখান পর্যন্ত চলে এসেছে, কিন্তু ওয়াজদানের এই অবস্থা দেখে তার সেই সাহসও ভেঙে পড়ল।

“ওয়াজদান...”
অনেক কষ্টে সে তার নাম ধরে ডাকল। এতক্ষণ ওয়াজদান যেন তার উপস্থিতিই টের পায়নি।

ওয়াজদান চোখ ফিরিয়ে আফাকের দিকে তাকাল, তারপর সোজা হয়ে বসে অজান্তেই জিজ্ঞেস করল,

“মালিহা কেমন আছে?”

আফাকের ঠোঁট শক্ত হয়ে গেল। সে বুঝতে পারল না কী উত্তর দেবে। শেষে ভাবল, প্রশ্নটা এড়িয়ে যাওয়াই ভালো।

“উঠে তৈরি হয়ে নাও, ওয়াজদান। তোমাকে আমার সঙ্গে যেতে হবে।”

“কোথায়?”

হয়তো সে বুঝেছিল যে তার প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে, কিন্তু সে তা প্রকাশ করল না।

“তুমি চলো, গেলে নিজেই জানতে পারবে।”

“আমাকে সঙ্গে নেওয়া কি খুব জরুরি?”

আফাক বুঝতে পারছিল, সে ঘর থেকে বের হতে চাইছে না বলেই সময় নষ্ট করছে। কিন্তু নিজের মানসিক অবস্থাও তখন এমন ছিল যে বিরক্ত হয়ে বলেই ফেলল,

“জরুরি না হলে তোমাকে নিতে আসতাম না। আর প্লিজ, আর কোনো প্রশ্ন কোরো না। আমি ভীষণ পেরেশানিতে আছি।”

এরপর ওয়াজদান আর কোনো প্রশ্ন করল না আর নীরবে তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল।
____________________________________________________________

গাড়ি চালাতে চালাতে আফাক বারবার নিজের মনে সাহস সঞ্চয় করার চেষ্টা করছিল, যেন কোনোভাবে ওয়াজদানকে মালিহার মৃত্যুর সংবাদ জানাতে পারে।

ওয়াজদানও কোনো প্রশ্ন করল না। সে শুধু মাথা নিচু করে নিজের হাতের দিকে তাকিয়ে নিশ্চুপ বসে রইল।

গাড়ি থেমে গিয়েছিল। গাড়ি থামার অনুভূতি পেয়ে ওয়াজদান বাইরে তাকাতেই চমকে উঠল।

নিজের ধারণা নিশ্চিত করতে সে বড় লোহার কালো গেটের বাম পাশে লতাপাতায় ঢাকা রূপালি ঝলমলে ফলকটির দিকে তাকাল, যেখানে কালো অক্ষরে লেখা ছিল— “কাসর-এ-ফারুকি”।

“তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ?”

সে বিস্মিত চোখে আফাকের দিকে তাকাল। কিন্তু আফাক কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে নেমে গেল।

ওয়াজদানের বুঝতে অসুবিধা হলো না যে, কিছু বলার এড়াতেই আফাক এমন আচরণ করছে।

চোখে অস্থিরতা নিয়ে সে গাড়ি থেকে নামল তো আফাক দরজা বন্ধ করে দিলো, তাকে সঙ্গে আসতে ইশারা করে পাথরে বাঁধানো পথ ধরে ভেতরের দিকে হাঁটতে শুরু করল।

ওয়াজদানও তার অনুসরণ করে কাসর-এ-ফারুকির ভেতরে পা রাখতেই আরেকটি প্রবল ধাক্কা খেল।

এক রাতের মধ্যেই যেন পুরো প্রাসাদের চেহারা বদলে গেছে। গত রাতে যার দেয়ালজুড়ে ছিল আলোর ঝলকানি আর রঙের উৎসব, দিনের আলোয় সেখানে নেমে এসেছে গভীর শূন্যতা।

যেখানে রাতভর হাসি-আনন্দ আর কথাবার্তার কোলাহলে কান পাতা যেত না, সেখানে এখন মানুষগুলো নিঃশব্দ ছায়ার মতো চলাফেরা করছে—এতটাই সতর্ক যে তাদের পদধ্বনিও শোনা যায় না। একসময়ের উজ্জ্বল মুখগুলো আজ বিষণ্ন, আর হাসির শব্দ পরিণত হয়েছে ফিসফিসানিতে।

মাঝে মাঝেই প্রাসাদের ভেতর থেকে কান্নার চাপা সিসকানি ভেসে আসছিল, আর লনে বসে থাকা অনেক পুরুষ মুখ ঢেকে চোখের কোণের জল মুছে নিচ্ছিলেন।

আরও একটু এগিয়ে ওয়াজদানের চোখ পড়ল সেই জায়গাটিতে, যেখানে টেবিলগুলো স্তূপ করে তার ওপর উল্টে রাখা হয়েছে চেয়ার। সামনে ঘাসের ওপর দরি ও কার্পেট বিছিয়ে কয়েকজন হাতে কুরআনের পারা নিয়ে তেলাওয়াত করছেন।
সেই মানুষগুলোর মাঝখানে সে বাবা জানকে বসে থাকতে দেখল।

গত রাতে যখন সে তাকে দেখেছিল, তখন তিনি মাথা উঁচু করে, রাজকীয় ব্যক্তিত্বে নূর-উল-হুদাকে সঙ্গে নিয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

তার পদচারণার দৃঢ়তা যেন দূর থেকেই অনুভব করা যেত। তিনি যখন ঘাড় উঁচু করে নিরাবেগ চোখে কারও দিকে তাকাতেন, তখন অকারণেই মানুষ ভয় পেয়ে যেত।

কিন্তু আজ তার মাথা এতটাই নুয়ে আছে যে থুতনি প্রায় বুক ছুঁয়ে গেছে। কোমর বাঁকা হয়ে এসেছে, দুই কাঁধ ঝুঁকে পড়েছে সামনে।

তিনি কাঁদছিলেন না, তবু ওয়াজদানের মনে হলো—জীবনে জমিয়ে রাখা সব অশ্রু হয়তো গত রাতেই ঝরে গেছে।

“শেষ পর্যন্ত এমন কী ঘটেছে?”

সে বিস্ময়ে ভাবল। আর পরের মুহূর্তেই তার বিস্ময় কয়েক গুণ বেড়ে গেল।

নূর-উল-হুদা বাবা জানের পাশে এসে হাঁটু গেড়ে বসলেন এবং নিচু স্বরে তার কানে কিছু বলতে লাগলেন।

তার গায়ে তখনও আগের রাতের পোশাক, তবে স্যুটটির অবস্থা ছিল এলোমেলো। সেই বিশৃঙ্খল চেহারার মাঝেও মুখে কোনো স্পষ্ট অভিব্যক্তি ছিল না, তবু ওয়াজদান অনুভব করল—তার সমগ্র অস্তিত্ব যেন গভীর শোকে আচ্ছন্ন।

সে মনে মনে ভাবল,
“গতকালই তো হাদি ভাই তার মনের মানুষকে পেয়েছেন। অন্তত আজ তো তার এমন অবস্থায় থাকার কথা নয়।”

ঠিক তখনই হাঁটতে হাঁটতে ওয়াজদানের পা হোঁচট খেল। সে টলতে টলতে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে এক হাত মাটিতে ঠেকিয়ে নিজেকে সামলে উঠে দাঁড়াতে চাইল।
কিন্তু হঠাৎ যেন তার পুরো শরীর পাথরের মতো স্থির হয়ে গেল।

ধীরে ধীরে মাথা তুলে সামনে তাকাতেই তার চোখ পড়ল চারপায়ার ওপর সাদা কাফনে মোড়ানো মালিহার নিথর মুখের দিকে।

সে পাথর হয়ে যাবে না-ই বা কেন?

বুকের মধ্যে আটকে থাকা শ্বাস জোর করে টেনে নিতে গিয়েই তার প্রচণ্ড কাশি শুরু হলো।

কাশতে কাশতে নিজের বাহুতে কারও হাতের স্পর্শ পেয়ে সে ঘাড় ঘুরিয়ে দেখল—আফাক তার পাশে দাঁড়িয়ে আছে।

আফাক ধীরে ধীরে বলল,

“তুমি চলে যাওয়ার পর হঠাৎ মালিহার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে।

আমরা সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।”

এখন ওয়াজদান আর কাশছিল না। সে শুধু আফাকের দিকে এমনভাবে তাকিয়ে ছিল, যেন তার মুখ থেকে বের হওয়া কথাগুলো সম্পূর্ণ অচেনা, অবিশ্বাস্য।

আফাক তার মুখের দিকে তাকিয়ে এক হাত ওয়াজদানের কাঁধে রাখল, অন্য হাত দিয়ে তার হাত চেপে ধরে স্পষ্ট ও ধীর স্বরে বলল—

“মালিহা মারা গেছে, ওয়াজদান…”

আর ঠিক সেই দিন, ঠিক সেই মুহূর্তেই ওয়াজদানও যেন ভেতর থেকে মারা গেল।

“ভাই সাহেব! জানাজার সময় হয়ে যাচ্ছে। এখন দয়া করে মরদেহ তোলার অনুমতি দিন।”

শুধু মুনীর হুসাইনই কোনোভাবে নিজেকে সামলে রেখেছিলেন।

বাকিদের মধ্যে বড় মামুর অবস্থাও বাবা জানের থেকে আলাদা ছিল না।

বাবা জানের ধৈর্য ভেঙে চুরমার হয়ে গেল।

“মুনীর হুসাইন! আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা কোরো না!”

“মেয়ে তো অনেক আগেই আলাদা হয়ে গেছে, সাহেব। এখন শুধু মাটির একটি দেহ পড়ে আছে, যাকে আবার মাটিতেই ফিরিয়ে দিতে হবে, —তিনি এক ঠান্ডা নিশ্বাস নিয়ে বললেন।"

মহিলারা লনের কার্পেটের ওপর চাদর বিছিয়ে কোরআনের পারা তিলাওয়াত করছিলেন।

আফাক সোফার পাশে এসে আস্তে করে সামিরাকে ডাকল।
“তোমরা সবাই এসে শেষবারের মতো মালিহার মুখটা দেখে নাও। তারপর কিছুক্ষণের মধ্যেই তাকে মসজিদে নিয়ে যাওয়া হবে।”

সামিরার চোখে পানি টলমল করছিল, কিন্তু সে পলক ফেলে অশ্রু আটকে মাথা নেড়ে চুপচাপ ফিরে গেল।

জানাজা তো উঠবেই, কিন্তু যখন শোনা গেল যে এখনই মরদেহ তোলা হবে, তখন চারদিকে কান্নার রোল পড়ে গেল।

মালিহা জীবিত অবস্থায় হয়তো শান্তি পায়নি, কিন্তু মৃত্যুর পর তার মুখমণ্ডলে ছিল গভীর প্রশান্তির ছাপ।

ওয়াজদান মাথা তুলে নূরুল হুদার দিকে তাকাল তিনি হঠাৎ খুব অস্থির হয়ে পড়ছিলেন।

“যদি তিনি এতটা দুর্ভাগা না হতেন, তবে আজকের দিনটিই তার জীবনের সবচেয়ে সুন্দর দিন হতো…

“আমি আল্লাহর কাছে এই দোয়াও করেছিলাম, যেন আমার সুখের জন্য যে মানুষ নিজের দুঃখ সহ্য করার সাহস রাখে, সে কখনো দুঃখ না পায়। যে মানুষ আমাকে ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিচ্ছে, তাকে ছেড়ে যাওয়ার সাহস আমি কোথায় পাব?”

এই কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হতেই সে অজান্তেই মালিহার কাছে অভিমান করে বলল,

“আপনি তো নিজেরই দোয়ার মর্যাদা রাখতে পারলেন না। হাদি ভাইয়ের সঙ্গই বা কীভাবে রাখতেন?”

এখনও সে নিজের হৃদয়ের ভেতর তাকিয়ে দেখেনি সেখানে কতটা ধ্বংসস্তূপ জমে আছে, আদৌ কিছু অবশিষ্ট আছে কি না।

সে শুধু নূরুল হুদার কথাই ভাবছিল, কারণ মালিহা নূরুল হুদার বাইরে আর কাউকে নিয়ে কখনো ভাবেনি।

“মালিহা, আপনার এই আচরণটা খুবই নিষ্ঠুর —কাফনের কাপড়ের ফাঁক দিয়ে সে মালিহাকে দেখলো।

গতকাল আমাকে বিচ্ছেদের আদেশ শুনিয়েছিলেন, আর আজ নিজেই হাদি ভাইকে ছেড়ে চলে গেলেন।

আপনার না আমার উপর দয়া হলো, না হাদি ভাইয়ের উপর।

ওয়াজদানের চোখ ভিজে উঠল, আর অশ্রুর আড়ালে মালিহার মুখ ঝাপসা হয়ে গেল।

এই ভাবনা তাকে আরও কষ্ট দিল যে, এটাই তার শেষ দেখা। এরপর আর কোনোদিন এই মুখ তার চোখের সামনে আসবে না।

“যদি সে কোথাও থেকে একবার ফিরে আসত। শুধু একবার… শেষবারের মতো প্রাণভরে তাকে দেখে নিতাম। এখন তো সারা জীবন তাকে ছাড়াই কাটাতে হবে। অন্তত স্মৃতি হিসেবে কিছু তো থাকত।”

মালিহাকে শেষবার প্রাণভরে দেখার সেই আকাঙ্ক্ষার সঙ্গে তার মনে পড়ে গেল মালিহার বলা শেষ কথাগুলো।

“আজ আমি যেমন কষ্টে ছটফট করছি, সেদিন কি সেও ঠিক এভাবেই কষ্ট পেয়েছিল?”

“আজ কেউ গিয়ে তাকে জিজ্ঞেস করুক, সে কি তার পুরো জীবন থেকে মাত্র একটি মুহূর্তও আমাকে দেবে না? শুধু এক মুহূর্ত… একবার আমার সঙ্গে দেখা করতে ফিরে আসুক… শুধু একবার…”

“মালিহা, আমি আমার পুরো জীবন আপনাকে দিয়ে দেব। আমার প্রতিটি নিঃশ্বাস আপনার নামে লিখে দেব…
শুধু একবার ফিরে আসুন…
শুধু একবার…”

তার বুকের ভেতর আর্তনাদ আর হাহাকার যেন ঢেউ তুলতে লাগল।

___________________________________________

“ওঠো, আযহার! তুমি কি মেয়েকে কাঁধও দেবে না?”

মালিক নাসিরের এই কথাটি শোনামাত্র বাবা জান উন্মাদের মতো নিজের মাথায় আঘাত করতে লাগলেন।

“বাবা জান! আমি মরে যাব!”

“সে কত মিনতি-অনুনয় করে নিজের বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল।”

“মরে গেলে তোমাকে নিজের কাঁধে তুলে নিজ হাতে দাফন করব।”

আজ নিজের মেয়ের জন্য বলা সেই কথাগুলোই তার কাছে নির্মম নিষ্ঠুর বলে মনে হলো।

ফুফা জানের পক্ষে এটা সম্ভব হবে না, থাক, মালিক আঙ্কেল —আফাক এগিয়ে এসে বলল।

ওয়াজদান উঠে মালিহার মাথার দিকের বাম পাশে গিয়ে দাঁড়াল।

নূরুল হুদার মস্তিষ্ক যেন কাজ করছিল না, নইলে তিনি নিশ্চয়ই ওয়াজদানকে চিনতে পারতেন। তবে তিনি বিস্মিত হয়েছিলেন—জ্বলন্ত চোখ আর দগ্ধ মুখের এই মানুষটি কে, যে সকাল থেকে উন্মাদের মতো মালিহার দিকে তাকিয়ে আছে আর তার মৃত্যুর শোকে এতটাই ভেঙে পড়েছে।

এখন সেই মানুষটিকে দেখে মনে হচ্ছিল, যেন আপনজনের অধিকার নিয়েই সে মালিহার জানাজায় কাঁধ দিতে এগিয়ে এসেছে।

চলবে.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন