ফন্ট সাইজ:
থিম:
অনুতাপ

পর্ব 1

লেখক: সানজিদা আক্তার মুন্নী

#অণুগল্প
#অনুতাপ ~ ১
#সানজিদা_আক্তার_মুন্নী

যে স্বামীর শূন্য পকেটে ইরা তার পাশে ছিল ঢাল হয়ে। সেই স্বামী আজ সাফল্যের দেখা পেয়ে ইরাকে অবহেলায় দূরে ঠেলে দিয়েছে। ইরা কে? তা হয়তো সে ভুলতে বসেছে। যার ব্যবসার মূলধন জোগাতে ইরা নিজের বাবার বাড়ি থেকে নিজের অংশের সম্পত্তিটুকু পর্যন্ত এনে বিক্রি করে দিয়েছে, যার কারণে ভাই ও বাবার সাথে তার রক্তের পবিত্র সম্পর্কটুকু আজীবনের জন্য ছিন্ন হয়ে গেছে, সেই স্বামী আজ তার দিকে একবার ফিরে তাকানোর ন্যূনতম প্রয়োজনটুকুও বোধ করে না।

নওশাদ আর ইরার বিয়ের আজ চার বছর হলো একসময়ে নওশাদ ছিল একটা নামগোত্রহীন কোম্পানির সামান্য একজন গ্রাফিক ডিজাইনার। মাসের শেষে যার পকেটে দুটো টাকাও অবশিষ্ট থাকত না। আর আজকের নওশাদ? দেশের অন্যতম প্রভাবশালী এক ক্রিয়েটিভ এজেন্সির সহপ্রতিষ্ঠাতা ও চিফ ক্রিয়েটিভ ডিরেক্টর। ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজমেন্ট, সিনেমাটিক ক্যাম্পেইন, লাক্সারি মার্কেটিং থেকে শুরু করে সেলিব্রিটি ইমেজ ম্যানেজমেন্ট, সবকিছুতেই আজ তার এজেন্সির একচ্ছত্র আধিপত্য। দেশের বড় বড় ফ্যাশন ব্র্যান্ড, কর্পোরেট কোম্পানি, রেস্টুরেন্ট চেইন, এমনকি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি পর্যন্ত তাদের ছোঁয়া ছাড়া একটা বড় ক্যাম্পেইন লঞ্চ করার সাহস পায় না।
আর এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে আল্লাহর অশেষ রহমত, আর শুধু ইরা।

হ্যাঁ, শুধুই ইরা। এজেন্সিটা যখন কাগজে কলমে শুধু একটা কাঁচা স্বপ্ন ছিল, যখন নওশাদের চোখে দাউদাউ করে আগুন জ্বলছিল কিন্তু পকেটে এক পয়সাও ছিল না, তখন ইরা নিজের গায়ের সোনা একটা একটা করে খুলে দিয়েছে। শখের কানের দুল, গলার চেইন, হাতের চুড়ি, এমনকি বিয়ের পবিত্র আংটিটা পর্যন্ত। নিজের নামে থাকা শেষ সম্বল জায়গাটুকু বিক্রি করে দিয়েছে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই।
কারণ ইরা প্রতিনিয়ত চেয়েছে, তার ভালোবাসার মানুষটা সফল হোক, তার স্বামী সফল হোক। সে সবসময় তার স্বামীর ঠোঁটে সাফল্যের হাসি দেখতে চেয়েছিলো। প্রতিটা মেয়েই তো এটাই চায়, তাই না? তার ব্যক্তিগত পুরুষটা যেনো একদিন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যেনো চারপাশের লোকে ঈর্ষা নিয়ে বলে, "ওই দেখো, ওর বউয়ের ভাগ্যটা কত ভালো!"
কত তীব্র অভাব, কত মানুষের অপমান, কত রাত আধপেটা না খেয়ে কাটানো, সবকিছু হাসিমুখে মানিয়ে নিয়েছে ইরা নওশাদের সংসারে। নওশাদের ক্লান্ত কাঁধে তার ভরসার হাতটা সবসময় রাখা ছিল। যখন নওশাদের চাকরিটা চলে গেল, তখন নওশাদের বড় ভাই, ভাবি আর বাবা মা তাদের দুজনকে অপমানে ঘর থেকে বের করে দিলেন, তখনও ইরা নওশাদের হাত ছাড়েনি। পৃথিবীর সবাই যখন তার শূন্য পকেটের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে মুখ ঘুরিয়ে নিয়েছিল, তখন ইরা ছিল। নওশাদের অন্ধকার পথগুলোতে শুধু ইরা ছিল তার পাশে।
অথচ আজ? আজ ইরা কেমন আছে, নওশাদ সেটা জানতেও চায় না। বড় বাড়ি আছে, দামি গাড়ি আছে, ব্যাংকে অঢেল টাকা আছে, শুধু বুকের ভেতর জমিয়ে রাখা সুখটুকু নেই। তাদের দুটো দেড় বছর বয়সী জমজ সন্তান আছে। এক মেয়ে, এক ছেলে। নিশাত আর ইফাজ। ইরার পৃথিবীটা আজ গুটিয়ে এসে শুধু এই দুটো ছোট্ট নিষ্পাপ মুখের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। সে আর কোথায় যাবে এদের নিয়ে?
নওশাদের জন্যই তো বাবা আর ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক শেষ। সেই চেনা বাড়ির দরজা আজ তার জন্য চিরতরে বন্ধ। দুটো বুকের ধনকে নিয়ে এই একলা মেয়েটা এখন যাবেই বা কোথায়? তাই সন্তানদের ফুটফুটে মুখের দিকে তাকিয়ে এই নিদারুণ অবহেলার সংসারটাকেই সে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছে।
প্রথম প্রথম ইরা খুব রাগ করত। অভিমানে বালিশে মুখ গুঁজে ডুকরে কাঁদত। নওশাদের জন্য রাত একটা দুটো পর্যন্ত সদর দরজার সামনে ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করত, হয়তো একটা স্নেহের কথা জুটবে, হয়তো একটু সময় পাওয়া যাবে সে আশায়। তবে এখন আর এসব করে না।
এখন সে নিজেই নিজেকে অনেক দূরে সরিয়ে এনেছে।
গত কয়েক দিন ধরে তারা সম্পূর্ণ আলাদা ঘরে থাকছে। ইরা যে রাগ করে থাকছে, তা কিন্তু নয়। নওশাদ নিজেই বিরক্তি নিয়ে বলেছে, "তোমার এখানে থাকলে আমার কাজে ভীষণ অসুবিধা হয়। লাইট জ্বললে বাচ্চারা অকারণে জাগে, লাইট নেভালে আমি কাজ করতে পারি না। তুমি বরং বাচ্চাদের সাথেই থাকো।"
ইরা কোনো প্রতিবাদ না করে চুপচাপ মেনে নিয়েছে। ইরা তো বোঝে। ইরা এখন পৃথিবীর সব স্বার্থপরতা বোঝে।
এখন নওশাদের অনেক টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। তার মতো একটা সাধারণ, জৌলুসহীন মেয়েকে কি আর তার প্রয়োজন আছে? অবশ্যই না। যার বাড়ি গাড়ি হয়, তার নতুন নারীরও টান পড়ে। হয়তো নতুন কোনো সুন্দরী রমণীর মোহময় মায়ায় সে আজ আষ্টেপৃষ্ঠে আবদ্ধ। তাই ইরাকে আর তার চোখে ভালো লাগে না। পরকীয়া তো এই কর্পোরেট যুগের সবচেয়ে কমন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
বিছানায় নিশাত আর ইফাজের ঠিক মাঝখানে শুয়ে আছে ইরা। ছোট্ট দুটো নিষ্পাপ মুখ গভীর ঘুমে তলিয়ে আছে। একজন তার ডান বাহুতে নিশ্চিন্তে মাথা রেখেছে, আরেকজন বাম বাহুতে। দুজনের শান্ত নিঃশ্বাসের শব্দটা একটু পরপর তার অবশ বুকে এসে লাগছে।
ইরা চুপচাপ শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো ভিজে আছে, কিন্তু কোনো কান্না নেই। কান্নাও তো এক ধরনের বিলাসিতা, যা সে এই যান্ত্রিক সংসারে অনেক আগেই হারিয়ে ফেলেছে। নওশাদের পাশে অন্য কোনো নারীকে কল্পনা করতে গেলেই তার বুকের ভেতরটা টুকরো টুকরো হয়ে ফেটে যায়। ভীষণ কষ্ট হয়। দম বন্ধ হয়ে আসে। কিন্তু কী করার আছে তার?
এটাই তো বাস্তবতা।
স্বপ্নগুলোও কখনো কখনো বড্ড বেশি নিষ্ঠুর হয়। যখন তা পুরোপুরি পূরণ হয়, তখন স্বপ্নদ্রষ্টা মানুষটাকেই সবার আগে পেছনে ফেলে অনেক দূরে চলে যায়।
হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ে।
ইরা ভীষণ চমকে ওঠে।
"ইরা... ইরা, দরজা খোলো।"
নওশাদের গলা!
রাত প্রায় একটা ছুঁই ছুঁই। এত গভীর রাতে নওশাদ এখানে কেন? তাদের মধ্যে তো গত তিন সপ্তাহ ধরে একটা কথাও হয়নি ভালো করে। চার মাস ধরে দুজন একই ছাদের নিচে থেকেও দুই যোজন দূরের মেরুতে বাস করছে। সেই মানুষটা এত রাতে নিজের গরজে এই ঘরের দরজায় আসবে, এ তো তার কল্পনারও অতীত।
ইরা গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে। বিছানা থেকে নেমে ওড়নাটা টেনে নিজেকে সম্পূর্ণ ঢেকে নেয়। নিজেকে অনেক কষ্টে শান্ত করে দরজার দিকে এগিয়ে গিয়ে কাঁপা হাতে দরজার ছিটকিনিটা খুলে দেয়। দরজার ওপাশে নওশাদ দাঁড়িয়ে আছে। দীর্ঘ চার মাস পর প্রথমবার নওশাদকে এত কাছ থেকে দেখছে ইরা। নওশাদ স্থির দৃষ্টিতে ইরার দিকে তাকায়। কিছু একটা বলতে গিয়ে ঠোঁট নাড়ায়।কিন্তু তার আগেই ইরা তাকে থামিয়ে একদম শান্ত, বরফের মতো নিষ্প্রাণ গলায় বলে ওঠে, "জি বলো, কিছু প্রয়োজন?"
নওশাদ হাড়মোড়া ভেঙে দীর্ঘ এক আড়মোড়া ভাঙে। তারপর ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, "এক কাপ কফি যদি দিতে!"
এ শুনে ইরা চুপচাপ মাথা নাড়ায়। মুখে কোনো উত্তর নেই, কোনো অভিযোগ নেই। শুধু এক নিঃশব্দ সম্মতি প্রকাশ পায় তার আচরণে, যা সম্মতির চেয়েও অনেক বেশি কিছু। নওশাদের পাশ কাটিয়ে যেতে যেতে শান্ত গলায় সে বলে যায়,"আচ্ছা, আমি আনছি। দরজাটা ভিড়িয়ে দিও, আলো ভেতরে যাবে।"

ইরার কণ্ঠস্বরে হিমেল নির্লিপ্ততা। ঠিক বহুদিনের জমে থাকা পুরু তুষারের নিচে চাপা পড়ে থাকা কোনো এক সময়ের কলকল করা ঝরনার মতো। সেই নির্লিপ্ততা নওশাদের বুকের ভেতর কোথাও এক সূক্ষ্ম কাঁটার মতো নিঃশব্দে বিঁধে যায়। রক্ত ঝরে না, অথচ যন্ত্রণাটা হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে অবশ করে দেয়। সে যন্ত্রের মতো দরজাটা ভেজিয়ে দিয়ে ইরার পিছু পিছু হাঁটতে থাকে।
কিচেনে এসে ইরা গ্যাসে পানি বসায়। নওশাদ দরজার চৌকাঠে এসে দাঁড়িয়ে একদৃষ্টে তাকে দেখতে থাকে। প্রায় বহু বছর পর কোনো অচেনা পথিককে নতুন করে চিনে নেওয়ার প্রবল চেষ্টার মতো দেখতে থাকে ইরা কে সে। তারপর কী মনে করে নওশাদ মৃদু স্বরে ডাক দেয়,
"ইরা।"

ইরা ঘাড় ঘুরিয়ে তাকায় নওশাদের দিকে। কপালে সামান্য ভাঁজ ফেলে ছোট্ট একটি প্রশ্ন ছুড়ে দেয়,
"কী?"

মাত্র একটা শব্দ। "কী?" অথচ এই একটা শব্দে নওশাদের বুকের ভেতরটা হুড়মুড় করে ধসে পড়ে, ইটের পর ইট খসে পড়া জীর্ণ জমিদারবাড়ির মতো। আগে, যখনই সে "ইরা" বলে ডাক দিত, ইরা সাথে সাথে কোমল কণ্ঠে বলে উঠত, "জি?" তারপর বিভ্রান্তি নিয়ে জিজ্ঞেস করত, "কী?" সবসময় আগে জি টা থাকতো। একটা ছোট্ট "জি" শব্দ। কিন্তু সেই শব্দটার মধ্যে কত অগাধ মমতা ঘুমিয়ে থাকত, কত আপন করে নেওয়ার আকুতি জড়িয়ে থাকত, তা নওশাদ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই "জি" শব্দটা আজ আর নেই। মনে হয় ইরা সেই শব্দটাকে কোনো এক নির্জন দুপুরে বুকের গভীরে চিরতরে পুঁতে রেখে এসেছে, যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসবে না
নওশাদ আজ স্পষ্ট দেখতে পাচ্ছে, ইরা বদলে গেছে। অত্যন্ত হৃদয়বিদারক ভাবে বদলে গেছে। আগের সেই ইরা, যে প্রতিটা ছোটখাটো বিষয় নিয়ে তুমুল ঝগড়া বাঁধাত, স্ত্রীর অধিকার ফলাত, অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকত। সে বুঝি কোন এক বৃষ্টিভেজা রাতে নিঃশব্দে চিরকালের জন্য হারিয়ে গেছে। এখনকার ইরা আর জিজ্ঞেস করে না, "এত দেরি হলো কেন বাড়ি ফিরতে?" দিনের মাঝখানে আর ফোন করে খোঁজ নেয় না, "খেয়েছ কিছু? শরীর ঠিক আছে তো?"
রাগ বা অভিমান তো এখন বহু দূরের কথা। আগে অফিসে লাঞ্চ নিয়ে যেতে ভুলে গেলে মেইডকে দিয়ে ঠিক পাঠিয়ে দিত। সাথে থাকত এক চিরকুটে লেখা দুটো লাইন, "ঠিকমতো খেও।" আর এখন? এখন যদি সে খাবার না নিয়ে যায়, ইরা আর পাঠানোর কথা ভাবেও না। সে খেল কী না খেল, পেটে দানাপানি পড়ল কী পড়ল না, তাতে ইরার জগতের কিছুই আর এসে যায় না। গত তিন সপ্তাহে, হ্যাঁ, পুরো তিনটে দীর্ঘ সপ্তাহ, ইরার ফোন থেকে একটাও কল আসেনি তার ফোনে। একটাও না। এসব ভেবে নওশাদ একটা দীর্ঘ ও ভারী নিঃশ্বাস ছাড়ে। গলার কাছে আটকে থাকা সমস্ত কথা একসাথে গিলে নিয়ে শুধু বলে,
"কিছু না।"

ইরা চুপচাপ কফি বানিয়ে মগটা নওশাদের দিকে এগিয়ে দিয়ে ছোট্ট করে শুধু বলে, "নাও।"

নওশাদ কফির মগটা হাতে নেয়। ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে গরম কফি থেকে। কিন্তু তার হাতটা একদম পৌষের শেষ রাতের বরফের মতো নিস্পন্দ ও ঠান্ডা হয়ে গেছে। মগের উষ্ণতাও সেই হিম দূর করতে পারে না, পারে না সেই কাঁপুনি থামাতে যা আঙুলের ডগায় নিঃশব্দে কাঁপছে। ইরা পেছন ঘুরে কিচেন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনি নওশাদ প্রায় আর্তনাদ করে ওঠে,
"কোথায় যাচ্ছো?"

ইরা না ঘুরেই, পিঠ ফিরিয়ে রেখেই স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, "ঘরে।"

দু'অক্ষরের একটা ছোট্ট শব্দ। অথচ গোটা একটা প্রশান্ত মহাসাগর বুঝি সেই শব্দের ভেতর আছড়ে পড়ছে, নিঃশব্দে এবং নিরবধি। নওশাদ আর থাকতে পারে না দ্রুত পায়ে ইরার পেছনে গিয়ে দাঁড়ায়। গলায় করুণ কাঁপুনি নিয়ে ও বলে,
"আমার জন্য কি একটু সময় দেওয়া যায় না? দু'একটা কথা বলা যায় না?"

ইরা একটা দীর্ঘ ও ক্লান্ত নিঃশ্বাস ছাড়ে। সেই নিঃশ্বাসে এই দু বছরের অবহেলার ধুলো জমে আছে। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সে। তার ঠোঁটের কোণে এক ম্লান ও তিক্ত হাসি ফুটে ওঠে, যে হাসিতে বিন্দুমাত্র আনন্দ নেই। শুধু আছে এক গভীর ও নিঃসঙ্গ পরাজয়ের কালো ছায়া। চোখে চোখ রেখে ইরা বলে,
"আমি তো সাধারণ একটা মেয়ে। তোমার মতো হাই ক্লাস মানুষকে সময় দিয়ে অযথা তোমার সময় নষ্ট করে কী করব? আমি যাই, আমার বাচ্চারা একা আছে।"

এই তীক্ষ্ণ কথাগুলো শূন্যে ছুঁড়ে দিয়েই ইরা ধীর পায়ে উল্টো দিকে হাঁটতে শুরু করে। পেছনে নওশাদ ঠিক একটি প্রাণহীন পাথরের মূর্তির মতো নিস্পলক দাঁড়িয়ে থাকে। তার দিশেহারা দৃষ্টি আটকে থাকে ইরার ক্রমশ অস্পষ্ট হতে থাকা অবয়বের দিকে।

নওশাদের শুধুই মনে পড়তে থাকে, এই তো সেই ইরা, যে তার কর্মক্লান্ত নির্ঘুম রাতগুলোতে নিঃশব্দ প্রহরীর মতো জেগে থাকত। সংসারের হাজারো খুঁটিনাটি আর সন্তানদের সামলে নিয়ে, সীমাহীন ক্লান্তিতেও মধ্যরাতে ধোঁয়া ওঠা কফির মগ হাতে ঠিকই তার পাশে এসে দাঁড়াত। ইরা নিজের আঙুলের জাদুকরী স্পর্শ নওশাদের ঘাড় আর কাঁধের পুঞ্জীভূত ক্লান্তি মুছে দিত। কানের কাছে মুখ এনে সে ফিসফিস করে বলত, চিন্তা কীসের, বলো তো? আমি তো আছি তোমার পাশে সাফল্য একদিন তোমার হবে। অথচ আজ সেই ইরা তার এত কাছে দাঁড়িয়ে থেকেও যোজন যোজন দূরের কোনো অচেনা পথচারী হয়ে গেছে। তাদের দুজনের মাঝখানে গড়ে উঠেছে এক দুর্ভেদ্য দেয়াল। নওশাদের বুকের খুব গভীরে এক হাহাকারময় শূন্যতা ডুকরে কেঁদে ওঠে। তার মনে হয়, কোনো এক অস্তিত্বহীণ হাত তার সমস্ত অস্তিত্ব মুঠোয় চেপে ধরে নিংড়ে নিচ্ছে। তাও এত তীব্র যন্ত্রণার মাঝে দাঁড়িয়েও নওশাদ নিজের অপরাধগুলোর কোনো কূলকিনারা খুঁজে পায় না। তার ঝাপসা দৃষ্টিতে শুধু ধরা পড়ে ইরার বদলে যাওয়া রূপ, তার নিরুত্তাপ চাহনি আর দূরত্বের ভাষাহীন ভাষা। কিন্তু যে বিষাক্ত অবহেলা আর তাচ্ছিল্যের কাঁটা সে দিনের পর দিন নিঃশব্দে ইরার হৃদয়ে বিঁধিয়ে দিয়েছে সেই মর্মান্তিক সত্য আজও তার চেতনার নাগাল সযত্নে এড়িয়ে যাচ্ছে। সে নিজের ভুল দেখতে পেয়েও পাচ্ছে না।

মূলত সাফল্যের সুউচ্চ চূড়া নওশাদকে ধীরে ধীরে রূপান্তরিত করেছে এক দাম্ভিক এবং আত্মমগ্ন মানুষে। অর্থের ঝলমলে অন্ধ মোহ তার দুচোখে এমন এক ধূসর পর্দা নেমে এসেছে, যার আড়ালে চিরতরে চাপা পড়ে গেছে তার বিবেক, অনুভূতির সূক্ষ্ম তন্ত্রী আর নিজের ভুল উপলব্ধি করার সেই সহজাত ক্ষমতাটুকু। সে আজ শুধু এক নিঃস্ব সম্রাট, যার রাজকোষ মণিমুক্তোয় উপচে পড়ে ঠিকই, কিন্তু বুকের ভেতরটা পড়ে থাকে খা খা শূন্যতায়।

চলবে?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন