#অনুতাপ
#পর্ব : ২
#সানজিদা_আক্তার_মুন্নী
ডাইনিং টেবিলে বসে আছে সবাই। সকালের নরম আলো জানালার ভারী পর্দা ভেদ করে ভেতরে ঢুকছে।বাতাসে ভাসছে সদ্য তৈরি ব্ল্যাক কফির কড়া গন্ধ, তার সঙ্গে মিশে আছে ওটস পায়েসের মৃদু দুধ-চিনির সুবাস। বাড়িটা একেবারেই চুপচাপ, শুধু চামচ আর প্লেটের টুংটাং শব্দ এই নিস্তব্ধতা ভাঙছে।
ইরার দুই পাশে নিশাত আর ইফাজ বসে আছে। তাদের ছোট্ট দুটো শরীর টেবিল-মাউন্ট করা বেবি সিটে শক্ত করে আটকানো। নিশাতের গালে এক ফোঁটা খিচুড়ি লেপ্টে আছে, ইফাজ তার ছোট্ট মুঠোয় চামচটা ধরে রাখার এক ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওদের নিষ্পাপ, ডাগর চোখ দুটো মায়ের মুখের দিকে স্থির, ওদের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় এই মুখটাই।
নওশাদ চুপচাপ খাচ্ছে। তার সামনে রাখা ওটস পায়েস, পরোটা আর ব্ল্যাক কফি। চামচটা সে একেবারে যান্ত্রিকভাবে নাড়ছে, খাবারটা কোনোমতে ওর গলা দিয়ে নামাতে চাইছে কিন্তু জিভে কোনো স্বাদ পাচ্ছে না। অথচ নওশাদের মনে পড়ে, আগে অফ ডে-তে ইরা সবসময় স্পেশাল কিছু বানাত। ওর হাতের স্মোকড চিকেন স্যান্ডউইচ, প্যানকেকের ওপর মধু আর স্ট্রবেরি, চিকেন বা বিফের চাপাটি রোল, চিজি ওমলেট, নয়তো ভুনা খিচুড়ির সাথে সেদ্ধ ডিম।
আর এখন ইরা এসব কিছুই বানায় না। গত চার সপ্তাহের অফ ডে-গুলোতে সে বাড়িতেই থাকে না, অফিসে কাজের খুব চাপ বলে তাকে সেখানেই থাকতে হয়। নওশাদের এসব সাধারণ খাবার একেবারেই ভালো লাগছে না। পরোটার এক টুকরো মুখে দিয়ে সে চিবুতে চিবুতে থেমে যায়, স্বাদটা ঠিকঠাক ধরা পড়ছে না জিভে। সে ইরাকে কিছু একটা বলতে যায়, ঠিক তখনই লক্ষ্য করে ইরা কিছুই খাচ্ছে না। সে শুধু বসে বসে নিশাত আর ইফাজকে খাওয়াচ্ছে। ইরার নিজের সামনে কোনো খাবার নেই, শুধু একটা খালি প্লেট আর এক গ্লাস পানি রাখা।
নওশাদের তো মনেই পড়ছে না, শেষ কবে তারা একসাথে এক টেবিলে বসে খেয়েছিল। মাথার ভেতর স্মৃতিগুলো কেমন ঘোলাটে হয়ে আসে, কোনো নির্দিষ্ট দিন সে মনে করতে পারে না। বুকের ভেতর কিছু একটা ভারী হয়ে চাপতে থাকে, কিন্তু সেই অপরাধবোধ সে কিছুতেই স্বীকার করতে চায় না। বরং রাগটাকে সামনে এনে সে বেশ কঠিন গলায় বলে, "আজ আমার অফ ডে, তারপরও তুমি নাস্তায় এগুলো দিলে? ভালো কিছু কি দিতে পারতে না?"
কথাগুলো শুনে ইরা একটা তপ্ত শ্বাস ছেড়ে নওশাদের দিকে তাকায়। তার চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু এক অদ্ভুত, শূন্য শান্তি। তারপর একেবারে শান্ত গলায় সে বলে, "তুমি তো ইদানীং অফ ডে-তেও অফিসে যাও। তাই ভেবেছিলাম তুমি আজও যাবে, তাই আর স্পেশাল কিছু করিনি।"
এ কথা শুনে নওশাদের মুখে কথা আটকে যায়। উত্তর দেওয়ার মতো কোনো যুতসই কথা সে খুঁজে পায় না। সে চুপচাপ খাবারগুলো গিলতে থাকে, কিন্তু প্রতিটা গ্রাস তার গলায় কাঁটার মতো আটকে যায়। খেতে খেতে হঠাৎ মাথা তুলে নওশাদ ঘোষণা করে, "অনেক দিন হলো বাচ্চাদের নিয়ে বের হই না। আজ বের হবো, রেডি হও।"
ইরা কোনো রকম উত্তেজনা ছাড়াই শান্ত গলায় উত্তর দেয়, "আমি ওদের নিয়ে সবসময়ই বের হই। তোমার ইচ্ছে হয়েছে, তুমি যাও। ওদের নিয়ে একটু ঘুরেফিরে আসো। আমার আজ ভালো লাগছে না, আমি যাব না।"
ইরার কথায় কোনো ঝাঁঝ নেই, কোনো অভিমান নেই। আছে শুধু একটা ক্লান্ত, ফাঁকা স্বর। আর ঠিক সেই স্বরটাই নওশাদের কানে সবচেয়ে বেশি বিঁধে যায়। রাগে নওশাদ হাতের খাবার প্লেটে ছুড়ে ফেলে দেয়। চামচ আর প্লেটের ঘর্ষণে তীক্ষ্ণ টুংটাং শব্দ হয়। নিশাত চমকে মায়ের দিকে তাকায়, ইফাজের ছোট্ট ঠোঁটটা ভয়ে কাঁপতে থাকে। নওশাদ ইরার দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে হিসহিস করে বলে, "কেন তুমি যাবে না? কেন? আমি যাব বলে তোমার ভালো লাগছে না?"
তিক্ত গলায় ইরা জবাব দেয়, "নওশাদ, প্লিজ, বাচ্চাদের সামনে চিল্লিয়ো না। আমি কে? আমার যাওয়া আসায় তোমার কী যায় আসে? তুমি যাও না, তোমার মতো। আমি তো তোমায় না করছি না যে যেও না। তুমি যাও, কিন্তু আমি যাব না।"
নওশাদ উল্টো জেদ ধরে বলে, "কিন্তু আমি তো বললাম, তোমার যেতে হবে। আমি তোমার হাসবেন্ড, তোমার আমার কথা শোনা উচিত।"
কথাটা শোনার পর ইরার ঠোঁটের কোণে একটা ক্ষীণ, তিক্ত হাসি ফুটে ওঠে। সে সরাসরি নওশাদের চোখে চোখ রেখে বলে, "আমার আর তোমার মধ্যে এখন আর ওমন কোনো সম্পর্ক বোধহয় বেঁচে নেই। তাই নিজেকে হাসবেন্ড দাবি করো না।"
কথাটা কিছুক্ষণ বাতাসের বুকে ভাসতে থাকে। রাগে নওশাদ খাবার ছেড়ে টাশ করে উঠে দাঁড়ায়। চেয়ারটা পেছনে ছিটকে গিয়ে মেঝেতে কর্কশ শব্দ তোলে। বাচ্চা দুটো ভয়ার্ত চোখে বাবার দিকে তাকিয়ে থাকে।
"তুমি কী বলতে চাচ্ছো ইরা? আমি তোমার হাসবেন্ড না মানে?" নওশাদের গলায় আগুন।
ইরা শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বুকের ভেতরটা পুরোনো ক্ষতের মতো টনটন করে ওঠে। সে নওশাদের দিকে তাকিয়ে বলে, "আমাদের মধ্যে হাসবেন্ড ওয়াইফের মতো কোনো সম্পর্ক আছে নওশাদ? না, নেই। তুমি বলো, আছে? আমাদের মধ্যে এখন একটাই সম্পর্ক, তা হলো তুমি আমার বাচ্চার বাবা, আর আমি তোমার বাচ্চার মা। ব্যাস, এতটুকুই।"
নওশাদ রাগে অন্ধ হয়ে এগিয়ে আসে ইরার দিকে। তার পায়ের চাপে মেঝেটাও কেঁপে ওঠে। সে শক্ত করে ইরার হাত চেপে ধরে, একটানে তাকে দাঁড় করিয়ে ডাইনিং স্পেসের এক সাইডে সরিয়ে আনে, একেবারে বাচ্চাদের চোখের আড়ালে। ইরার হাতের চুড়ির মৃদু ঝনঝন শব্দ বাজে। হঠাৎ এই আক্রমণে ইরা শান্ত চোখেই নওশাদের দিকে তাকায়।
"কী হয়েছে নওশাদ, তুমি এমন কেন করছো? আমাকে এভাবে টেনে তুলে আনলে কেন?"
নওশাদ ইরার হাত আরও শক্ত করে চেপে ধরে, দাঁত কটমট করে বলে, "তুমি কী শুরু করেছো ইরা? গতকাল রাতে বললাম আমার সাথে কথা বলতে, আমাকে বড় বড় কথা শুনিয়ে চলে গেলে। আর এখন বলছো আমি তোমার হাসবেন্ড না? গত কয়দিন ধরে তো তুমি আমার ছায়াও মাড়াও না। কী হয়েছে তোমার? কেন করছো এমন? এত বদলে যাচ্ছো কেন তুমি?"
তার কণ্ঠে রাগ ঠিকই আছে, কিন্তু সেই রাগের তলায় কোথাও একটা ভয় আর অচেনা অসহায়ত্ব কাঁপছে। ইরা সজোরে হাত ঝটকা মেরে নওশাদের মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ওর হাতের ফর্সা চামড়ায় নওশাদের আঙুলের লাল ছাপ বসে যায়। ইরা তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, "হ্যাঁ, আমি বদলে যাচ্ছি, যাব বদলে। তাতে আপনার কী, মিস্টার নওশাদ? আপনি কে আমার, যে আমার বদলে যাওয়ায় আপনার যায় আসবে? আপনার কি নারীর অভাব আছে, যে এই আমার বদলে যাওয়ায় আপনার কিছু হবে?"
'তুমি' থেকে 'আপনি'র এই হঠাৎ দূরত্বটা তো এক বিশাল সমুদ্র তৈরি করে দেয়। নওশাদ পুরো থতমত খেয়ে যায়। তার মুখের পেশীগুলো শক্ত হয়ে যায়, চোখের তারা এক মুহূর্তের জন্য স্থির হয়ে আসে। সে অস্থির হয়ে পড়ে। পুনরায় ইরার বাহু চেপে ধরে, উতলা হয়ে বলে, "কী বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? আপনি কেন বলছো? নারীর অভাব পড়বে মানে? তুমি আমার ওয়াইফ, তোমার বদলে যাওয়ায় আমার যায় আসবে না মানে?"
ইরা এক তাচ্ছিল্যের হাসি দেয়। যেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু বহু রাতের নির্ঘুম কান্নার জমানো অবশিষ্টাংশ।
"আমি আপনার ওয়াইফ, এটা এখন মনে পড়ল? তা ওয়াইফ যে বলছেন, সেটা কোন দিক দিয়ে? কখন এই এতদিনে আমাকে একান্ত সময় দিয়েছেন? কখন আগের মতো ভালোবেসেছিলেন? কখন আমি কেমন আছি সেটা একবার জানতে চেয়েছেন? নারীর অভাব পড়বে কেন আপনার? আপনার সেক্রেটারি তাহলে কে? কোন বস কাজের জন্য সেক্রেটারিকে বেডরুমে নিয়ে যায়? সেক্রেটারির সাথে সারারাত প্রেম করার জন্যই তো আমাকে রুম থেকে সরিয়েছিলেন, তাই না মিস্টার নওশাদ? ভালো করেছেন, খুব ভালো করেছেন। এখন আপনার বাড়ি, গাড়ি, সব হয়েছে। এখন এই আগলি, কোনো ফ্যাশন না করা মেয়েটার কী প্রয়োজন আপনার? হবে না, আপনার আমার প্রয়োজন। আমি বুঝি, সব বুঝি। আপনার এখন আমাকে ভালো লাগে না। সফল চোখের পাত্তা ফোটা অবধিই আমি আপনার ওয়াইফ ছিলাম, এখন আর না।"
কথাগুলো শেষ করতে গিয়ে ইরার গলা একটুও কাঁপে না।
ইরার বুকের ভেতরটা ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে কথাগুলো বলতে বলতে। প্রতিটা শব্দ গলার কাছে এসে আটকে যাচ্ছে, কলিজা চিরে বেরিয়ে আসতে চাইছে না, তবুও সে বলছে। বলতেই হবে তাকে। বুকের ভেতর জমে থাকা পাহাড়সম অভিমান, যন্ত্রণা, আর অপমানের গরল আজ না উগরে দিলে সে নিজেই শেষ হয়ে যাবে। ঠোঁট কাঁপছে তার, চোখের কোণে চিকচিক করছে নোনা জল, গাল বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা যন্ত্রণা। কণ্ঠস্বরটা ভেঙে আসছে, তাও সে থামছে না।
নওশাদ ইরার মুখ থেকে এসব শুনে প্রায় পাগল হয়ে যায়। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে ওঠে, নাকের পাটা ফুলে ফুলে উঠছে, কপালের রগগুলো দপদপ করছে। সে এক হ্যাঁচকা টানে ইরাকে সোফার দিকে ছুড়ে ফেলে, ইরার শরীরটা ধপ করে গিয়ে পড়ে নরম গদির ওপর। নওশাদ মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তার ওপর, দুই হাত দিয়ে ইরার কাঁধ চেপে ধরে সোফার সাথে গেঁথে দেয়। তার মুখ থেকে গরম নিঃশ্বাস ছিটকে এসে পড়ছে ইরার মুখে। নওশাদ চিৎকার করে ওঠে,
"তুমি জানো? তুমি জানো এসব? আরে তোমায় যেমন লাইফ দিয়েছি তা মানুষের স্বপ্ন! তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি ব্র্যান্ডের জিনিস দিয়ে ভরিয়ে রেখেছি আর তুমি এটা বলছো? আরে ঐ সেক্রেটারির সাথে আমার কিছু নেই, আর যদি থাকেও তাতে কি হবে? আমি এখন রিচ! আমার এমন একশো একটা মিস্ট্রেস থাকতেই পারে! তোমার তো যোগ্যতা নেই আমার সাথে থাকার, কিন্তু তুমি আমার সাফল্যের পিছনের সবচেয়ে বড় অবদানকারী, তাই তোমায় রাণীর মতো রাখতে চাই। মাসে মাসে শপিং করে দেওয়া, গাড়ি গিফট করা, সপ্তাহে সপ্তাহে গিফট দেওয়া, এসব কে দেয় কাকে? সুখের কপাল সহ্য হচ্ছে না, তাই না?"
নওশাদের বলা প্রতিটা শব্দ তীক্ষ্ণ ছুরির মতো ইরার বুকে এসে বিঁধছে। তার শরীরটা কেঁপে কেঁপে উঠছে, নওশাদের ভারী হাতের নিচে সে দম নিতে পারছে না। ইরার চোখ থেকে এবার বাঁধভাঙা জল নামতে শুরু করে। রাগে, অভিমানে, ঘৃণায় তার সারা শরীর জ্বলে যাচ্ছে। সে চিৎকার করে কেঁদে ওঠে,
"না হচ্ছে না! তোমার এই শপিং, এই গিফট, আমি ছুঁয়েও দেখি না! তুমি দাও এগুলো? তুমি তো শুধু কার্ড দাও আর তোমার লোক এসব দিয়ে যায়! চাই না এত বড়লোকের ঘর আমার! তুমি তো বলেই দিলে আমি তোমার যোগ্য এখন নই, তাহলে চলো আমরা ডিভোর্স নিয়ে নেই! আমি তোমার অযোগ্য, নিজের যোগ্য কেউ খুঁজে নিও! যাও, ছাড়ো আমায়! তোমার সাথে কথা বলার যোগ্যতা আমার নেই, আমি গরিবের মেয়ে, আমার আর কি যোগ্যতা?"
এই কথা বলে ইরা কাঁপা কাঁপা হাতে নিজের গালে গড়িয়ে পড়া পানি মুছে নেয়।ইরা কোনোমতে সোফা থেকে উঠতে চায়, পা দুটো কাঁপছে, কিন্তু নওশাদ তাকে উঠতে দেয় না। নওশাদের চোয়াল শক্ত হয়ে আসে, দাঁত কিড়মিড় করে ওঠে। সে নিজের পুরো শরীরের জোর খাটিয়ে ইরাকে আবারো সোফার ওপর শুইয়ে দেয়, নিজের শরীরটা চাপিয়ে দেয় ইরার ওপর। ইরার দুটো নরম হাত মুঠোয় চেপে ধরে সোফার গদির সাথে আটকে দেয়। ইরার দম বন্ধ হয়ে আসছে নওশাদের ভারী শরীরের নিচে,ওর বুকের পাঁজরগুলো মনে হচ্ছে গুঁড়িয়ে যাচ্ছে।
নওশাদ ইরার চোখের ঠিক ওপর ঝুঁকে আসে, তার নিঃশ্বাস ইরার মুখের ওপর ভারীভাবে পড়ছে। দুজনের চোখে চোখ পড়ে। নওশাদের চোখে আগুন জ্বলছে, সাথে একটা পাগলামি, একটা অস্থিরতা বিরাজ করছে। সে চিল্লিয়ে ওঠে,
"এই বান্ধির বাচ্চা, তুই কই যাবি আমার থেকে? হ্যাঁ, তোর কেউ আছে? আমি ছাড়া কেউ আছে তোর? তুই যাবি? পা ভেঙে রেখে দেব তোর! তেজ বেশি হয়ে গেছে! গরম পানি পড়ছে না বলে!"
নওশাদ ইরাকে আগে থেকেই তুই করে বলত, কারণ ওরা সম্পর্কে কাজিন ছিল। তবে বাচ্চা হওয়ার পর থেকে নওশাদ তাকে তুমি করে বলা শুরু করেছিল, একটা শ্রদ্ধা, একটা আদরের ছোঁয়া ছিল সেই সম্বোধনে। কিন্তু আজ আবার সে ফিরে গেছে তার সেই পুরনো রূপে।
নওশাদের চোখে এখন কোনো ভালোবাসা নেই, আছে শুধু একটা পাগলাটে দখলদারিত্ব। সে এক টানে ইরার গায়ের সুতির টপসটা ছিঁড়ে ফেলে। ইরার সারা শরীর কেঁপে ওঠে অপমানে, লজ্জায়, ভয়ে। সে চিৎকার করে ওঠে,
"নওশাদ, ছাড়ো! প্লিজ পাগলামি করো না! নওশাদ ছাড়ো! বাচ্চারা কাঁদছে, ছাড়ো!"
নওশাদ তো এসব শুনবে না সে আরো ইরার হাত আরো জোরে চেপে ধরে। ইরার সরু কব্জিতে নওশাদের আঙুলের দাগ বসে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে চামড়া। নওশাদ নিজের মুখটা নামিয়ে এনে ডুবিয়ে দেয় ইরার গলায়, আর উন্মাদের মতো চিৎকার করে ওঠে,
"তুই ডিভোর্সের কথা কেন বললি? আমাদের না কথা ছিল এই কথা কখনো আমরা উচ্চারণ করব না? তাহলে তুই এই কথা কেন বললি? এই বান্ধীর বাচ্চা, তুই কেন যাবি আমার কাছ থেকে?"
ইরার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তবু সে নিজেকে শক্ত করে। আজ যদি সে দুর্বল হয়, তাহলে সারাজীবন এই অপমানের বোঝা বইতে হবে তাকে। সে নিজের সমস্ত শক্তি একত্র করে নওশাদের কাঁধে দু'হাতে ধাক্কা মারে। চিৎকার করে ওঠে,
"নওশাদ, কথা ঘোরানোর জন্য নাটক করো না! তুমি ক্লিয়ার বলে দিয়েছো আমি তোমার অযোগ্য, তুমি একশজন মিস্ট্রেস রাখতে পারবে, তাহলে আমি থেকে কি করব? আমার কি প্রয়োজন? আমায় ছেড়ে দাও, আমি চলে যাই! তোমার আর আমার প্রতি টান, ভালোবাসা কিছু নেই! আমি তোমার দুর্দিনের সঙ্গী, সুদিনের নয়।"
ইরার কথাগুলো শুনে নওশাদের ভেতরে মনে হয় কেউ আগুন ধরিয়ে দেয়। সে আরো পাগল হয়ে ওঠে, কিন্তু এবার সেই পাগলামিতে মিশে যায় একটা আকুতি। সে ইরার গলায়, বুকে পাগলের মতো ঠোঁট ছোঁয়াতে শুরু করে, সে ইরাকে নিজের মধ্যে গেঁথে নিতে চাইছে। একই সাথে তার একটা হাত উঠে আসে ইরার এলোমেলো চুলে। সে আঙুল চালিয়ে দেয় ইরার চুলে, বুলিয়ে দিতে থাকে আদর করে। কণ্ঠস্বরটা এবার অনেক নিচু করে বলে,
"ইরা, দুনিয়া এত সহজ নয়। আমাকে ছেড়ে যাওয়া মানে তোর নিজের পায়ে কোড়াল মারা!"
ইরা সহ্য করতে পারে না এই দ্বৈত আচরণ। এক মুহূর্ত আগে যে মানুষটা তাকে অপমান করে মাটিতে মিশিয়ে দিল, পরমুহূর্তে সেই মানুষটাই আদর করছে? এই দ্বিচারিতা তার সহ্যের বাঁধ ভেঙে দেয়। সে এক ঝটকায় নওশাদের হাত নিজের চুল থেকে ছাড়িয়ে নেয়। সে স্পষ্ট কণ্ঠে বলে,
"আমি চাই না তোমার সাথে থাকতে! রাস্তায় থাকব, তাও আর তোমার সাথে না! তুমি আমার থেকে সরো!"
ইরার এই কথাটা নওশাদের ইগোতে ছুরির আঘাত করে। তার মুখটা মুহূর্তে কঠিন হয়ে যায়। চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখের পাতা কেঁপে ওঠে এক ঝলক। রাগে আর ইগোয় সে ধীরে ধীরে ইরার ওপর থেকে সরে যায়, সোফা থেকে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে,
"যা! কোথায় যাবি যা! মনে রাখিস, একবার বেরিয়ে গেলে আর আসতে পারবি না! কিন্তু মনে রাখিস, আমার বাচ্চাদের রেখে যাবি।"
কথাটা শুনে ইরার বুকটা আরেকবার ভেঙে যায়। কিন্তু সে নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে উঠে বসে সোফার ওপর। ছেঁড়া টপসটা একহাতে চেপে ধরে। পাশে পড়ে থাকা সাদা ওড়নাটা টেনে নিয়ে নিজেকে ভালো করে ঢেকে নেয়। তারপর সে মুখ তুলে তাকায় নওশাদের দিকে। ওর ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা মৃদু হাসি। সেই হাসিতে নেই কোনো সুখ, নেই কোনো অভিমান। আছে শুধু একটা অসীম শূন্যতা, একটা ক্লান্তি। ইরা ধীর কণ্ঠে বলে,
"আমি চলে যাব। আমাদের আর কখনো দেখা হবে না হয়তো। আমি যদি কখনো মারা যাই, আমার জানাজায় গিয়ে আপনি সামিল হবেন না, এটা আমার নিষেধ।"
কথাটা শুনে নওশাদের বুকের ভেতরটা খচ করে ওঠে।ওট মনে হচ্ছে কেউ ভেতর থেকে একটা সূঁচ ফুটিয়ে দিল ওর বুকে। তার নিঃশ্বাসটা এক মুহূর্তের জন্য আটকে আসে কিন্তু সেই ইগো, সেই অহংকার তাকে নরম হতে দেয় না। সে কাঠ কাঠ গলায় বলে, "যা, হবো না।"
ইরা আর একটাও কথা বলে না। সে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ায়। পা দুটো এখনো কাঁপছে তার, কিন্তু সে সেই কাঁপুনি লুকিয়ে রাখে। বাচ্চাদের এক এক করে কোলে তুলে নেয়। ওদের ছোট্ট দুটো কোমল শরীর তার বুকের সাথে মিশে যায়, তাদের কান্না থেমে যায় মায়ের গায়ের গন্ধে। ইরা তাদের নিয়ে নিজের রুমের দিকে চলে যায়।
রুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দেয় সে। বিছানার ওপর সাবধানে শুইয়ে দেয় বাচ্চা দুটোকে। তারপর নিজের আলমারি খুলে একটা নতুন কাপড় বের করে আনে। ছেঁড়া টপসটা ছাড়িয়ে ফেলে দেয় এক কোণায়।
তারপর বাচ্চাদের পরিষ্কার করে। তোয়ালে দিয়ে তাদের ছোট্ট মুখগুলো মুছিয়ে দেয়। বাচ্চারা দিনের বেলায় টুকটাক বুকের দুধ খায় এখনো। ইরা বিছানার ওপর বসে, পিঠের নিচে একটা বালিশ গুঁজে নেয়। ধীরে ধীরে ছেলেকে কোলে তুলে নেয়, বুকের সাথে চেপে ধরে। ছেলেটা ছোট্ট ছোট্ট হাতে মাকে আঁকড়ে ধরে দুধ খেতে শুরু করে। মেয়েটাকে পাশে বসিয়ে দেয়, হাতে তুলে দেয় একটা রঙিন ঝুমঝুমি। মেয়েটা সেই খেলনাটা নিয়ে নিজের ছোট্ট জগতে ব্যস্ত হয়ে পড়ে, তবে মাঝে মাঝে মায়ের দিকে তাকিয়ে দাঁত করে হাসছে।
কিন্তু ইরার চোখের কোণ বেয়ে সমানতালে গড়িয়ে পড়ছে নোনা পানি। ফোঁটা ফোঁটা পানি গাল বেয়ে নামছে, থুতনি বেয়ে পড়ছে ছেলের কপালে। সে কাঁদছে, নিঃশব্দে কাঁদছে। আজ সে এক ব্যর্থ নারী। যার জন্য সে দুনিয়ার সবাইকে পর করেছিল, নিজের বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, সবাইকে। সেই মানুষটাই আজ তাকে ছুঁড়ে ফেলে দিল, পায়ের নিচে দলে দিল, যোগ্যতা নেই বলে গাল দিল। ইরার নাক লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে, চোখ দুটো ফুলে উঠেছে, ঠোঁট কাঁপছে। মাথার ভেতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এখান থেকে যেতে হবে, এই বিষাক্ত সংসার থেকে বের হতে হবে। সে চলে যাবে চট্টগ্রাম। তার বাবা তার নামে চট্টগ্রামে একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন বিয়ের আগে, মেয়ের ভবিষ্যৎ সুরক্ষার কথা ভেবে। সেই ফ্ল্যাটটা এখনো তার নামেই আছে, সমস্ত কাগজপত্র তার কাছে যত্ন করে রাখা আছে। সেখানেই চলে যাবে সে। নওশাদ বাড়ি থেকে বের হলেই সে বেরিয়ে পড়বে, একটা মুহূর্ত আর এই বাড়িতে কাটাবে না।
সে আর থাকবে না এই সংসারে। আজ নওশাদ যা করেছে, যা বলেছে, তারপর আর থাকার প্রশ্নই আসে না। যে মানুষ নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, কাপড় ছিঁড়তে পারে, "একশো একটা মিস্ট্রেস রাখার" কথা মুখে আনতে পারে, সেই মানুষের সাথে আর এক ছাদের নিচে নিঃশ্বাস নেওয়াও পাপ।
ইরা ডান হাতের পিঠ দিয়ে নিজের চোখের পানি মুছতে থাকে বারবার। নিজেকে সামলাতে চায় সে, কিন্তু পরক্ষণেই আবার চোখ ভরে যায় পানিতে। ইরার ভেতরের চাপা কষ্টটা মুচড়ে মুচড়ে বেরিয়ে আসছে বুকের পাঁজর ভেদ করে। গলার কাছে একটা দলা পাকিয়ে আছে, সেটা গিলে ফেলতে পারছে না সে। বুকটা ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে, কিন্তু সে চেপে রাখছে কান্নার শব্দ।
ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে যায়। নওশাদ ঢোকে রুমে। ইরা একবার ফিরেও তাকায় না তার দিকে। সে ছেলেকে বুকে চেপে রেখেই বসে থাকে। নওশাদের চোখ পড়ে ইরার ফোলা মুখের ওপর, লাল হয়ে যাওয়া নাকের ওপর, কাঁপতে থাকা ঠোঁটের ওপর। তার বুকের ভেতরটা আবার সেই খচ খচ করে ওঠে। কিন্তু সে কিছু বলে না। ইরাকে কিছু না বলে, একটাও শব্দ উচ্চারণ না করে, সে এগিয়ে যায় বিছানার দিকে। বিছানায় বসে থাকা ছোট্ট মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েটা বাবাকে দেখে দশটা দাঁতওয়ালা মাড়ি বের করে হাসে, ছোট্ট হাত দুটো তুলে দেয় বাবার দিকে। নওশাদ মেয়েকে দু'হাতে তুলে নেয় কোলে। বুকের সাথে চেপে ধরে। তারপর নরম কণ্ঠে বলে,"আসো মা, আব্বুর সাথে আসো।"
মেয়েটা বাবার কাঁধে মাথা রাখে, ছোট্ট আঙুল দিয়ে বাবার শার্টের বোতাম ধরে টানতে থাকে। নওশাদ ইরার দিকে একবার তাকায়, কিন্তু ইরা তখনো মুখ ফিরিয়ে বসে আছে। তার চোখের পানি এখনো গড়িয়ে পড়ছে ছেলের কপালে। ঘরের ভেতর নেমে আসে একটা ভারী, দমবন্ধ করা নীরবতা। শুধু শোনা যাচ্ছে ছেলেটার দুধ খাওয়ার ছোট্ট চুকচুক শব্দ৷ নওশাদ নিশাত কে চলে যেতে চায় তখনি ইরা ক্ষীণ, প্রায় শোনা যায় না এমন গলায় বলে ওঠে, "ও দুধ খাবে।"
কথাটা ঘরের নিস্তব্ধতা ভেদ করে একটা কাঁপা কাঁপা ঢেউ তুলে দেয়। ইফাজ এখনও মায়ের বুকের ওমে গুটিসুটি মেরে আছে, ছোট্ট আঙুলগুলো ইরার ওড়নার কোণা মুঠো করে ধরে রেখেছে। ইরা ধীরে ধীরে ছেলেকে বুকের ভেতর থেকে আলগা করে, ইফাজকে বিছানায় বসিয়ে দিয়ে সে মেয়ের দিকে দু'হাত বাড়িয়ে দেয়, কোলে নেওয়ার জন্য।
কিন্তু নিশাত আসতে চায় না। বাবা-পাগল মেয়েটা একবার বাবার কোলে গেলে আর নামতে চায় না কিছুতেই, মনে হয় নওশাদের বুকটাই ওর সবচেয়ে নিরাপদ জায়গা। ইরার বাড়ানো হাতের দিকে তাকিয়ে নিশাত মুখটা উল্টো ঘুরিয়ে নেয়, ছোট্ট হাতদুটো নওশাদের কলারের ভেতর গুঁজে দেয় আরও শক্ত করে। নিশাত আসতে চায় না, কিছুতেই আসতে চায় না।
দৃশ্যটা নওশাদের চোখে পড়ে আর সঙ্গে সঙ্গে ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে ইরার দিকে তাকিয়ে গলায় ব্যঙ্গের ছোঁয়া এনে বলে, "দেখলি তো? আমার মেয়েও বুঝে কোন ছায়া তার জন্য ঠিক। তুই বুঝিস না।"
কথাগুলো ছুরির মতো বুকে গেঁথে যায় ইরার। কিন্তু সে কিছু বলে না। মুখ তুলে তাকায়ও না নওশাদের দিকে। কথা বাড়াতে চায় না সে আর এই মানুষটার সাথে কথা বাড়ানোর মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই আর অবশিষ্ট নেই তার ভেতরে। চোখের কোণে পানি চিকচিক করে ওঠে, সে দ্রুত পলক ফেলে সামলে নেয়। নওশাদ মেয়েকে নিয়ে এগিয়ে এসে ইরার ঠিক সামনে বসে। নিশাত এখনও বাবার গলা জড়িয়ে আছে। নওশাদ গলায় একটা নির্দেশের সুর এনে বলে, "ড্রেসের চেন খোল, আমি দিচ্ছি ওকে।"
ইরা এসব না শুনে চুপচাপ নওশাদের কোল থেকে নিশাতকে টেনে নেয়। মেয়েটা একটু কুঁকড়ে ওঠে, ঠোঁট ফুলিয়ে বাবার দিকে তাকায়, কিন্তু ইরা ওড়নাটা সামনে টেনে এনে বুক ঢেকে নেয় যত্ন করে। তারপর নিশাতের ছোট্ট মুখটা বুকের কাছে এনে দুধ দেয়। নিশাত প্রথমে একটু গাঁইগুঁই করে, তারপর ক্ষিদের তাড়নায় চুকচুক করে দুধ খেতে শুরু করে। ইরা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, ওর নরম চুলে আঙুল চালায়, আর মনে মনে কিছু একটা বলে যেটা ঠোঁটে আসে না।
নওশাদ ইফাজকে কোলে তুলে নেয়। ছেলেটা একটু হাত-পা ছোঁড়ে মায়ের দিকে যাওয়ার জন্য, কিন্তু নওশাদ ওকে শক্ত করে ধরে বলে, "চলো, তুমি আসো আব্বুর সাথে।"
নওশাদ উঠে দাঁড়ায়। দরজার দিকে পা বাড়ায়। আর ঠিক তখনই যেই বাবা চোখের আড়াল হয়, নিশাত দুধ ছেড়ে দিয়ে গলা ছেড়ে কেঁদে ওঠে। বাবার জন্য একদম দেওয়ানা মেয়েটা, বাবা সামনে না থাকলে দুনিয়াটাই অন্ধকার। ইরার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। সে আর জোর করে না, আর চেষ্টাও করে না। ক্লান্ত শরীরে, ক্লান্ত মনে সে ওড়নাটা ঠিক করে নিশাতকে নওশাদের দিকে এগিয়ে দিয়ে বলে, "নাও।"
গলার স্বরে কোনো অভিমান নেই, কোনো অনুযোগ নেই। শুধু একটা শীতল, পাথরের মতো নিরাসক্তি আছে তাতে।নওশাদ মেয়েকে আবার কোলে তুলে নেয়। দুই বাচ্চাকে নিয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। ইরা কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে থাকে বিছানার উপর। তারপর হঠাৎই যেন একটা ঝাঁকুনি দিয়ে নিজেকে নাড়ায়। চোখটা মুছে নেয় ওড়নার কোণায়। এই তো সুযোগ। এই সুযোগটারই অপেক্ষায় ছিল সে।
ইরা উঠে দাঁড়ায়। আলমারির পাল্লা টানে। ভেতর থেকে বের করে আনে বাচ্চাদের কাপড় ছোট ছোট জামা, ফ্রক, রোম্পার, মোজা। ডায়াপারের প্যাকেট, ফিডারের বোতল, নিশাতের প্রিয় পুতুলটা, ইফাজের প্রিয় খেলনা গাড়িটা সব এক এক করে গুছিয়ে নিতে থাকে একটা বড় ব্যাগে। হাত কাঁপে ওর, কিন্তু থামে না। বুকের ভেতর হাপরের মতো শ্বাস ওঠানামা করছে, কিন্তু থামার উপায় নেই। বিকেলের দিকে বের হবে সে, যখন নওশাদ ফ্রেন্ডদের সাথে বাইরে থাকবে। এটাই একমাত্র সময়, এটাই একমাত্র সুযোগ। নিজের কয়েকটা শাড়ি, কিছু সালোয়ার-কামিজ, প্রয়োজনীয় কাগজপত্র, একটা ছোট গহনার বাক্স — যেটা ওর মায়ের শেষ স্মৃতি যিনি আর পৃথিবীতে নেই সব গুছিয়ে নেয় আলাদা একটা ব্যাগে। লাক্সারির কিছুই ছোঁয় না সে। নওশাদের দেওয়া দামি শাড়িগুলো, হীরের সেটগুলো, ব্র্যান্ডেড ব্যাগগুলো সব পড়ে থাকে আলমারিতে, যেমন ছিল তেমন। এসব ওর কোনোদিনই চাওয়া ছিল না।
রাত সাড়ে দশটা।
নওশাদের গাড়ি বাড়ির গেটে এসে থামে। ড্রাইভার গেট খুলে দেয়, নওশাদ ভেতরে ঢুকে আসে। সদর দরজার লক খুলে ভেতরে পা রাখে। বিকেলে সাড়ে চারটার দিকে বেরিয়েছিল ফ্রেন্ডদের সাথে দেখা করতে। তবে আড্ডা দিতে নয় একটা মোটা অঙ্কের বিজনেস ডিলের জন্য। নওশাদ আবার ফ্রেন্ড-ট্রেন্ড স্বার্থ ছাড়া বানায় না, কারণ ওর সবচেয়ে দুর্দিনে কেউ ওর পাশে ছিল না ইরা ছাড়া। সেই দিনগুলোতে যখন পকেটে দশটা টাকাও থাকত না, যখন রাতের পর রাত না খেয়ে কাটাতে হয়েছে, যখন চারপাশের সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তখন একটাই মুখ ছিল যে হাসিমুখে পাশে দাঁড়িয়েছিল, ইরা। কিন্তু আজ আর সেই কথা ওর মনে পড়ে না। আজ ও বড় মানুষ নাম আছে, টাকা আছে, প্রতিপত্তি আছে। আজ ইরা ওর কাছে একটা সেকেলে অলংকার, যেটা ওর সাথে আর মানায় না।নওশাদ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে।ওর কাছে বাড়িটা কেমন অস্বাভাবিক চুপচাপ আজ। স্বাভাবিকভাবে এই সময়ে নিশাতের কান্নার আওয়াজ ভেসে আসে, ইফাজের ছোট্ট পায়ের দৌড়ানোর শব্দ ভেসে আসে, ইরার নরম গলার ধমকের সুর ভেসে আসে। কিন্তু আজ কিছুই নেই। শুধু নিজের পায়ের শব্দটাই কানে বাজছে। নওশাদের কেন জানি মনে হতে থাকে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। ভীষণ ফাঁকা। সন্দেহটা কাটাতে সে ইরার রুমের দিকে এগিয়ে যায়। দরজার সামনে এসে দাঁড়ায় এক মুহূর্ত, তারপর হাত দিয়ে দরজাটা ঠেলে দেয়। দরজাটা ক্যাঁচ করে শব্দ তুলে খুলে যায় আর ভেতরের দৃশ্যটা চোখে পড়তেই ওর কলিজা ছ্যাঁত করে ওঠে। রুমখানা পুরো ফাঁকা। বিছানার চাদরটা টানটান করে পাতা। বাচ্চাদের দোলনাটা খালি। আলমারির পাল্লা একটু খোলা। নিশাতের পুতুলটা নেই, ইফাজের খেলনাগুলো নেই। বিছানার পাশের টেবিলে যে ফিডারটা সবসময় থাকত, সেটাও নেই। ঘরের ভেতরে ইরার গায়ের সেই চেনা গন্ধটা পর্যন্ত মিলিয়ে গেছে। ইরা নেই। বাচ্চারা নেই। নওশাদের বুকের ভেতরটা ধপ করে একটা পাথর পড়ার শব্দ হয়। অশান্তিটা শিরা বেয়ে উঠে আসে মাথা পর্যন্ত। সে পাগলের মতো ঘুরে দাঁড়ায়, দৌড়ে নিচে নামে সিঁড়ি বেয়ে, পা পিছলে যায় একবার, কোনোরকমে সামলে নেয়। নওশাদ অস্থির হয়ে গলা চড়িয়ে ডাকতে থাকে, "ইরা! ইরা, কই তুই? ইরা! ইরা!"
ওর গলার আওয়াজে গোটা বাড়ি কেঁপে ওঠে। কিন্তু পুরো বাড়ি ফাঁকা। কোনো সাড়া নেই। কোনো জবাব নেই। দুজন মেইড আছেন যারা ইরার সাহায্য করেন বাড়ির কাজে তারা কিচেন থেকে বেরিয়ে আসেন তাড়াতাড়ি। নওশাদ ওদের দেখে অবাক হয়ে যায়। কারণ রাতে আর সকাল দশটার আগে এই মেইডরা বাড়িতে থাকেন না কোনোদিন, ইরা নিজেই ওদের ছুটি দিয়ে রাখে। তাহলে আজ এই রাত সাড়ে দশটায় ওরা কী করে এখানে নওশাদের গলা শুকিয়ে আসে। সে কোনোমতে জিজ্ঞেস করে, "আপনারা এখানে? ইরা কোথায়?"
বয়স্ক মেইডটা ধীর পায়ে এগিয়ে আসেন। একটা বাদামি খাম নওশাদের দিকে এগিয়ে দিয়ে নিচু গলায় বলেন, "ইরা ম্যাডাম চলে গেছেন বাচ্চাদের নিয়ে। আর তিনি বলেছেন থাকতে আপনি আসলে এই খামটা আপনাকে দিতে।"
ইরা চলে গেছে। কথাটা কানে যেতেই নওশাদের শরীরটা স্থির হয়ে যায় এক মুহূর্তের জন্য। তারপর হাতটা কাঁপতে শুরু করে। ভীষণ কাঁপতে শুরু করে। ও জীবনে অনেক ভয়ংকর পরিস্থিতি সামলেছে, ব্যবসায় কোটি টাকার লোকসান সামলেছে কিন্তু এই মুহূর্তে ওর হাত যেভাবে কাঁপছে, সেভাবে আগে কখনও কাঁপেনি। কাঁপা হাতে খামটা নেয় সে। খামটা ভারী লাগে। খুব ভারী। খামটা খুলতেই দুটো জিনিস বেরিয়ে আসে। একটা ভাঁজ করা চিঠি, আর তার নিচে কয়েক পাতার একটা কাগজ। নওশাদের চোখ পড়ে কাগজগুলোর উপরের লেখায়। ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার দেখে ওর গলা শুকিয়ে আসে কাঠের মতো। জিভটা ওর তালুর সাথে আটকে যায়। মেইডদের দিকে তাকিয়ে কোনোরকমে গলা দিয়ে বের করে, "আপনারা বাড়ি চলে যান। আজ আর কাজ নেই।"
মেইড দুজন একে অপরের মুখের দিকে তাকান, তারপর চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে যান। নওশাদ ধপ করে সোফায় বসে পড়ে। ওর পায়ের নিচে মাটি নেই আর। হাতের চিঠিটা সে কাঁপা কাঁপা হাতে খোলে। ইরার সেই চেনা গোটানো হাতের লেখা ফুটে ওঠে কাগজের গায়ে।
"মিস্টার নওশাদ,
"আপনি" করেই আপনাকে বলছি কারণ আপনি তো এখন অনেক বড় মানুষ। এত বড় যে, একসময়ের "তুমি" ডাকটা আপনার নতুন উচ্চতায় পৌঁছাতেই হাঁপিয়ে যায়। যে ঠোঁটে একদিন আপনার নাম মধুর মতো লেগে থাকত, সেই ঠোঁটেই আজ "আপনি" শব্দটা কাঁটার মতো বিঁধছে। তা বলছি কারণ দূরত্ব এখন শুধু ঘরের না, শব্দেরও। জানেন, আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম। আপনার চোখের সেই ঠাণ্ডা দৃষ্টি, কথার ফাঁকে লুকানো বিরক্তি, ঘরে ফেরার অনিচ্ছা, আমার দিকে তাকিয়েও না দেখার অভ্যাস সব দেখেই বুঝে গিয়েছিলাম, ডিভোর্সের কাগজটা একদিন তৈরি করতেই হবে। যে রাতগুলোয় আপনার পাশে শুয়ে ছাদের দিকে তাকিয়ে চোখের পানি ফেলেছি, সেই রাতগুলোই আমাকে এই কাগজের জন্য প্রস্তুত করেছে। দেখুন, আমার চোখ ভুল করেনি। যা একদিন শুধু আশঙ্কা ছিল, আজ সেটাই বাস্তব হয়ে আমার কাঁপা হাতে কালো অক্ষরে, ঠিক যতটা ঠাণ্ডা আপনি আমার প্রতি ছিলেন। কী আর বলব বলুন তো? আমি অযোগ্য। হ্যাঁ, আপনার ভাষাতেই বলছি আমি অযোগ্য একটা মেয়ে। আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আমি আপনাকে ভালোবেসে সব ছেড়েছিলাম। সবটুকু দিয়ে, কিছু না রেখে, নিঃশেষ হয়ে আমি আপনায় ভালোবেসেছিলাম। আমি আপনার টাকার অঙ্ক গুনতে শিখিনি, আপনার স্ট্যাটাসের হিসাব রাখতে জানিনি, আপনার বন্ধুদের সামনে "পারফেক্ট ওয়াইফ" হয়ে দাঁড়াতে পারিনি। আমি শুধু জানতাম ভালোবাসতে। সেটাই আমার অযোগ্যতা। ভেবেছিলাম, আপনার সাথে একটা ছোট্ট সংসার গড়ব। সেই সংসারে লাক্সারির লোভ ছিল না, গাড়ির চাকচিক্য ছিল না, বাড়ির আভিজাত্য ছিল না, আলমারি ভর্তি দামি কাপড়ের মোহ ছিল না। আমি চেয়েছিলাম মাত্র তিনটে জিনিস একটু ভালোবাসা, একটু সময়, একটু সম্মান ব্যস, এটুকুই। কিন্তু আপনি? এই তিনটের একটিও আমাকে দেননি। একটিও না।
উল্টে যা দিয়েছেন তা হলো এমন এক নীরবতা, যা চিৎকারের চেয়েও জোরে কানে বাজে। এমন এক একাকীত্ব, যা ভরা ঘরের মাঝেও আমাকে নিঃসঙ্গ করে রাখত। এমন এক অবহেলা, যা প্রতিদিন একটু একটু করে আমাকে নিজের কাছেই ছোট করে দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকেই চিনতে পারতাম না কে এই মেয়েটা, চোখের নিচে কালি, ঠোঁটে শুকিয়ে যাওয়া হাসি, বুকের ভেতর জমে যাওয়া পাথর? এই মেয়েটাকে তো আমি চিনতাম না। আপনি জানেন, সবচেয়ে বেশি কী যন্ত্রণা দিয়েছে? আপনার অবহেলা না। আপনার দূরত্ব না। সবচেয়ে যন্ত্রণা দিয়েছে আমার নিজের বোকামি। প্রতিদিন নিজেকে বুঝিয়েছি, "আজ হয়তো ব্যস্ত, কাল ঠিক হবে।" প্রতি রাতে নিজেকে সান্ত্বনা দিয়েছি, "এই তো, একটু সময় দিলেই সব আগের মতো হয়ে যাবে।" সেই "কাল"টা কোনোদিন আসেনি, মিস্টার নওশাদ। আমি অপেক্ষা করেছি, আর আপনি অপেক্ষাটাকেই আমার নিয়তি বানিয়ে দিয়েছেন।
তাই মেনে নিলাম আমি আপনার যোগ্য নই। আপনি বরং এমন কাউকে খুঁজে নেবেন, যে আপনার অহংকারের ওজন হাসিমুখে বইতে পারবে, আপনার অবহেলাকে "ব্যস্ততা" বলে মেনে নেবে, আপনার শূন্যতাকে "ভালোবাসা" নাম দিয়ে গিলে ফেলবে। আমি পারিনি। কারণ আমি ভালোবাসতে এসেছিলাম, অভিনয় করতে নয়। এটুকু অযোগ্যতা না হয় আমার থাকুক গর্বের সাথেই বহন করব।
বাচ্চাদের নিয়ে যাচ্ছি। জানি, এটা পড়ে আপনি হয়তো নিঃশ্বাসও ফেলবেন স্বস্তির। কারণ যে মানুষটা নিজের স্ত্রীর জন্য পাঁচ মিনিট বের করতে পারেনি, সে দুটো বাচ্চাকে কী দেবে? টাকা? দামি খেলনা? ব্র্যান্ডেড জামা? মিস্টার নওশাদ, এগুলো কোনোদিন বাবার বিকল্প হয় না। ওরা একদিন বড় হবে, একদিন প্রশ্ন করবে "মা, বাবা কোথায়?" সেদিন আমি কী উত্তর দেব জানি না। হয়তো বলব, "তোমাদের বাবা অনেক বড় মানুষ ছিলেন, এত বড় যে আমাদের আর দেখতে পেতেন না।" ওরা আমার কাছেই থাকবে অভাব থাকবে হয়তো, কিন্তু আদর থাকবে। আর আদরের কোনো বিকল্প পৃথিবীতে নেই।
আমি সাইন করে দিয়েছি। কাঁপা হাতে, ঝাপসা চোখে, বুকের ভেতর হাজারটা ভাঙা টুকরো নিয়ে তাও সাইনটা করেছি। কারণ যে সম্পর্কে শুধু একজন ভালোবাসে, সেটা সম্পর্ক নয় সেটা আত্মহত্যা। আর আমি বাঁচতে চাই। নিজের জন্য, বাচ্চাদের জন্য, একদিন আবার আয়নায় নিজেকে চিনতে পারার জন্য। আপনিও সাইনটা করে দিন। দ্বিধা করবেন না, দেরিও করবেন না। কলমটা তুলুন, একটা আঁচড় কাটুন এবং মুক্তির নিঃশ্বাস ফেলুন। জানি, এই কাগজটাই আপনার এতদিনের সবচেয়ে কাঙ্ক্ষিত উপহার। উপহারটা গ্রহণ করুন, খুশি হোন। আপনার খুশিতেই না হয় আমার শেষ অবদান থাকুক। ভালো থাকবেন, মিস্টার নওশাদ। সত্যিই ভালো থাকবেন। বিদায়।
ইতি,
আপনার "অযোগ্য" প্রাক্তন স্ত্রী"
চিঠিটা পড়া শেষ হয়। কিন্তু নওশাদের চোখ আটকে থাকে শেষ লাইনটায়। "আপনার অযোগ্য প্রাক্তন স্ত্রী।" প্রাক্তন। শব্দটা একটা হাতুড়ির ঘায়ের মতো নওশাদের বুকের উপর এসে পড়ে। নওশাদ চিঠিটা ধরে রাখা হাতটা কোলের উপর নামিয়ে দেয়। মাথাটা সোফার পেছনে হেলিয়ে দেয়। চোখ বন্ধ করে নেয়। আর তখনই অনেক দিন পর, অনেক বছর পর ওর চোখের কোণ বেয়ে একটা ফোঁটা গরম পানি গাল গড়িয়ে নামতে শুরু করে। নিঃশব্দে, নিঃশব্দে।
(চলবে...)