ফন্ট সাইজ:
থিম:
এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত

পর্ব 1

লেখক: সানজিদা খানম স্বর্ণা

“মা মরে গেলে কি হয়, ফুপু?”

পাঁচ বছরের একটা ছোট্ট বালকের মুখে এমন প্রশ্ন অপ্রত্যাশিত বৈকি। এই বয়সী শিশুদের মনে এমন ভয়ংকর চিন্তা আসবে কেন? কেন সে এখনই মায়ের মৃত্যুচিন্তা করে কাতর হবে? প্রশ্নটি শুনে তবুও অবাক হতে দেখা যায় না নাজমাকে। বিছানায় পা ঝুলিয়ে বসে আছে বাচ্চা একটা ছেলে। চোখে-মুখে পৃথিবীর সবটুকু সারল্য নিয়ে সে উত্তর পাওয়ার অপেক্ষা করছে।

নাজমা বেগম কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে রাখতে জবাব দিলেন,
“কেন, এমন প্রশ্ন করছিস কেন?”
“বলো না ফুপু। মা মরে গেলে কী হয়?”

বড় আবদারের স্বর বাচ্চাটার কণ্ঠে। কণ্ঠের আকুলতা দেখে বড় মায়া লাগে নাজমার। একমাত্র ভাইয়ের ছেলে। মা অসুস্থ বলে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। নাজমা বেগমের নিজেরও সমবয়সী একটা মেয়ে আছে। মেয়েটার নাম আয়াত। মামাতো ভাইয়ের সাথে গলায় গলায় ভাব। মেয়েটা আজ তার দাদার সাথে ঘুরতে বের হয়েছে। এজন্যই বাক্যবাগীশ ছেলের ফুপুর সাথে এত কথোপকথন। অন্য সময় তো মুখে কুলুপ এঁটে বসে থাকে। আজ ছেলেটা কথা বলছে, তবে যেনতেন কথা নয়। বড় ভয়ংকর কথা। ছেলেটার মাথায় হাত রেখে প্রশ্রয়ের হাসি হাসলেন নাজমা বেগম। একটু কৌতুকের স্বরে বললেন,
“শোন, মা মারা গেলে বাবা আরেকটা বিয়ে করে।”

“আমার মা মরে গেলে বাবাও আবার বিয়ে করবে?”

প্রশ্নটি শুনে প্রায় আঁতকে ওঠেন নাজমা বেগম। মা অসুস্থ এই খবরটুকুই জানানো হয়েছে ছেলেকে। কিন্তু মরে যাওয়ার মতো অসুস্থ এই তথ্য কে দিল? এতটুকু ছেলের মনের ওপর পাথরভার চাপিয়ে দেওয়ার দায় কার? ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে কোমল গলায় নাজমা বলেন,

“দূর পাগল! তোর মা মরবে কেন? তোর মা অসুস্থ। কয়েকদিন পরে ঠিক আগের মতো সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে।”

“তবে যে আয়াত বলল…”

এতটুকু বলেই জিভে কামড় দেয় ছেলেটার। দুচোখ ভরে ওঠে জলে। নাজমা বেগম সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভ্রাতুষ্পুত্রের দিকে। বড় বড় চোখ দুটোতে বেদনার জল চিকচিক করছে। বিছানায় বসে ছেলেটার মাথা বুকে চেপে ধরেন নাজমা। জড়িয়ে ধরে আদর করে চুমু খান কপালে। মাথার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলেন,

“আয়াত কী বলেছে, বাবা? আর আয়াতের কথা এত ধরতে আছে? ও তো বাচ্চা মানুষ। ওর কথায় তুই শুধু-শুধু মন খারাপ করছিস কেন? ও মিথ্যে বলেছে তোমায়।”

থমথমে মুখে অস্ফুটে শব্দ বের হয় বাচ্চাটার গলা থেকে,
“মিথ্যে বলেছে? তবে যে বলল, দাদু নিজের মুখে তাকে এই কথা বলেছে।”

“কী বলেছে?”

—ভ্রু কুঁচকে প্রশ্ন করেন নাজমা।
প্রায় ফুঁপিয়ে উঠল বালকটি। হেঁচকি তুলে কেঁদে ফেলল অচানক। নাক টানতে টানতে জবাব দিল,
“দাদু বলেছে, আমার মা নাকি মারা যাবে। আমার মায়ের নাকি অনেক বড় অসুখ হয়েছে। এত বড় অসুখ হলে কেউ নাকি বাঁচে না।”

উত্তর শুনে মাথায় রক্ত টগবগিয়ে ওঠে নাজমার। শ্বশুরমশাই বাচ্চাটাকে পছন্দ করেন না, এটা জানতেন। কিন্তু তা সময়ে-অসময়ে ছেলেটার সাথে দুর্ব্যবহার, দূর দূর করে তাড়িয়ে দেওয়া অবধিই সীমাবদ্ধ ছিল। মায়ের মৃত্যুর কথা বাচ্চা একটা ছেলের মনকে শঙ্কায় দ্রবীভূত করে দেওয়ার মতো ঘৃণ্য পর্যায়ে পৌঁছাতে পারে, সেটা নাজমার ভাবনার অতীত। একটা বাচ্চার দিকে কেউ কীভাবে এতটা রোষানলের দৃষ্টিতে তাকাতে পারে? উত্তপ্ত মেজাজ লুকিয়ে রেখে ভাইপোকে কোমল গলায় সান্ত্বনা দেন নাজমা—
“আরে, কেউ কিছু বললেই বোকার মতো বিশ্বাস করে নিবি তুই? নিজের কোনো বিচারবিবেচনা নেই? আমি তোকে বলছি, তোর মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে।”
কান্নার দরুণ ছেলেটার চোখমুখ লাল হয়ে উঠেছে।

নাকের পাটা ফুলিয়ে, ফুঁপিয়ে ফুঁপিয়ে প্রশ্ন করে,
“সত্যি বলছো?”
“আমি কখনো মিথ্যে কথা বলি?”

মাথা নাড়িয়ে অস্বীকার করে ছেলেটা। ফুপু কখনোই মিথ্যে কথা বলে না। বলবে কেন? ফুপু যে খুব ভালোবাসে তাকে। আদর করে ভীষণ রকম। সুতরাং ফুপুর কথা বিশ্বাস না করে উপায় আছে? গাল ফুলিয়ে অভিমানী চোখে তাকিয়ে থাকে বালকটি। নাজমা বেগম ভ্রু নাচিয়ে বলেন,
“তবে এত কান্নাকাটি করছিস কেন, গাধা? এত বড় ছেলে এভাবে কাঁদে? শোন, এভাবে কাঁদলে তোর জীবনেও বিয়ে হবে না।”

বিয়ের কথায় হঠাৎই যেন একরাশ লজ্জা ঘিরে ধরে বাচ্চাটাকে। লাজুক হেসে মাথা নামিয়ে নেয় সে। ফিচেল হেসে কাঁচুমাচু ভঙ্গিতে বিড়বিড় করে আওড়ায়,

“এহ, আমি কোনোদিনও বিয়ে করব না।”

°

মুহিতের সাথে রূপার বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবেই। তখন সে সদ্য যৌবনে পা দেওয়া এক চঞ্চল যুবতী। দুচোখ যার আকাশছোঁয়া স্বপ্ন। কোনো এক বিচিত্র কারণে ছোটবেলা থেকেই পুরুষদ্বেষী ছিল মেয়েটা। ছেলেমানুষ তার চোখের বিষ। ক্লাস নাইনে থাকতে একবার এক ছেলে রূপাকে চিঠি লিখে প্রেমের প্রস্তাব দিয়েছিল। রূপা সেই চিঠি স্কুলের মাঠে দাঁড়িয়ে উচ্চস্বরে পাঠ করেছে। এবং চিঠি শেষ করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়ে বলেছে,
“যে ছেলে সামান্য একটা চিঠি লিখতে এতোগুলো বানান ভুল করে, সেই ছেলের সাথে প্রেম তো দূরে থাক, কথা বলাটাও পাপ। ভেড়া কোথাকার!”

ছোটবেলা থেকে বইপ্রেমী রূপা জীবনসঙ্গী হিসেবে শুভ্রের মতো একজনকে মনে মনে প্রার্থনা করত। হুমায়ুন আহমেদের সেই শুভ্র, যাকে রাজপুত্রের মতো দেখতে। এই পৃথিবীর কোনো সমস্যাই যে ছেলেটিকে বিচলিত করতে পারে না। চশমা চোখের সেই শুভ্র অবশ্য রূপার জীবনে আসেনি। এসেছিল মুহিব নামের এক অতি ছাঁপোষা ধরনের যুবক। হুমায়ূন আহমেদের শুভ্রের সাথে তার কোনো মিল নেই। ছোট্ট একটা মিল অবশ্য আছে, মুহিব নামের এই ভদ্রলোক চশমা পরেন।

ভদ্রলোক পরিবারসহ যেদিন রূপাকে দেখতে এসেছিল, সেদিন ছিল ঘোর বর্ষা। সকাল থেকে বাড়িতে মেহমান আপ্যায়নের আয়োজন করছিল রূপার জননী সুলতানা। এই ঝড়-বৃষ্টি মাথায় করে পাত্রপক্ষ আসবে কি না, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। রূপা মনে মনে মহাখুশি। পাত্রপক্ষ না এলেই তার শান্তি। কিন্তু সন্ধ্যার ঠিক আগে আগে পাত্রপক্ষ এসে উপস্থিত। সুলতানা দ্রুত মেয়ের কক্ষে গিয়ে দোর বন্ধ করে দিলেন। চাপা গলায় বললেন,

“থ্রিপিস পাল্টে দ্রুত শাড়ি পরে নে। উনারা এসে গেছে।”

রূপা মায়ের উচ্ছ্বাস দেখে কঠিন গলায় বলেছে,
“উনারা এসে গেছে—এই কথাটা এমন ফিসফিস করে বলার কী আছে? পাত্র কি বাঘ নাকি ভাল্লুক যে জোরে কথা বললে খেয়ে ফেলবে?”

জননী নিজের মেয়েকে উত্তমরূপে চেনেন। বিছানায় উপুড় হয়ে শুয়ে তখনো বইয়ে মুখ গুঁজে ছিল রূপা। মুখের সামনে থেকে বইটা কেড়ে নিয়ে বন্ধ করে ফেললেন সুলতানা। চাপা স্বরে কড়া ধমক দিলেন,
“ফাইজলামি করবি না রূপা। ভালোই ভালোই বলছি, এই ছেঁড়া জামা পাল্টে নতুন শাড়িটা পরে নে।”

রূপা জেদি মেয়ে। ইচ্ছে করেই আজকে একটা ছেঁড়া জামা পরেছে সে। মায়ের ধমকে সামান্য বিচলিত হলো না সে। বলল,
“আমি কোনো শাড়ি-টারি পরতে পারব না। শাড়ি পরে সার্কাস সেজে লোকের সামনে বসে থাকার ধৈর্য আমার নেই, সরি।”

সুলতানা বহু অনুরোধ-উপরোধ করে শাড়ি পরিয়েছিলেন মেয়েকে। খুব মন খারাপ নিয়ে শাড়ি পরে থমথমে মুখে পাত্রপক্ষের সামনে হাজির হয়েছিল রূপা। নাম, বাবার নাম, পড়াশোনা, আরবি শিক্ষা—এহেন আরও কিছু প্রশ্নের পর সেখান থেকে ছুটি মিলেছিল তার। রূপা প্রশ্নের জবাব দেওয়ার ফাঁকে কোণায় চুপচাপ মাথা নিচু করে বসে থাকা যুবকের দিকে একবার তাকিয়েছিল আড়চোখে। চোখে চশমা পরিহিত ছাগলগোঁছের এক ভদ্রলোক। নাকের নিচে চিকন গোঁফ, গালে খোঁচা খোঁচা দাড়ি। ভদ্রলোককে দেখেই ভয়ংকর মন খারাপ হয়ে গেছিল রূপার। কল্পনার শুভ্রের সাথে এই ভদ্রলোককে রূপা মেলাতে পারল না কোনোভাবেই। অথচ বাড়ির পরিবেশ এবং কথাবার্তায় বোঝা যায়, এই লোককেই তার স্বামী হিসেবে পছন্দ করেছে সকলে। রূপা তাই একা একা বসে দুঃখবিলাস করে, কল্পনার প্রেমিক শুভ্রকে চিঠি লেখে। তার চিঠিগুলোর ভাষা অনেকটা এই রকম—

প্রিয় শুভ্র,
কেমন আছো তুমি? জানো, আজ আমার ভীষণ রকম মন খারাপ। বুকের ভেতর এক পৃথিবী বিষাদ লুকিয়ে জীবনের সর্বশেষ চিঠিটি লিখছি তোমায়। সর্বশেষ কেন বলছি? কারণ এরপর থেকে আমি যতদিন বেঁচে থাকব ততদিন নিজের স্বামীকেই চিঠি লিখে যাব। জীবনে স্বামী নামক এক পুরুষের আগমনে আমি তোমাকে ভুলে যাব নিদারুণ উদাসিন্যে। অথচ তুমি আমার প্রথম প্রেম! জীবনের কোনো এক পর্যায়ে আমি তোমাকে ভুলে যাব, ভুলে যাওয়া আদৌও সম্ভব—কথাটা ভাবলেই ভীষণ রকম কান্না পায় আমার। আচ্ছা শুভ্র, তুমি কি জানো, আমি তোমাকে ভোরের শিউলির মতোই ভালোবাসি? শিশির বিন্দুর মতো অনুভব করি!

তোমাকে চিঠি লিখতে গিয়ে একটা চিন্তা আজগর সাপের মতো ফণা তুলে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরছে আমাকে। আচ্ছা, সেই ছাগল গোঁছের ভদ্রলোক কি কোনোদিন তোমার মতো হতে পারবে? পারবে তোমার প্রতি আমার মনে যেই দুর্নিবার প্রেম লুকিয়ে আছে, তা নিজের করে নিতে?

ইতি
বোকা মেয়ে রূপা

এরপর কোনো এক শুক্রবার বেশ আয়োজন করেই মুহিব নামের সেই ছাগলগোঁছের ভদ্রলোকের সাথেগ রূপার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন বিদায়ের মুহূর্তে রূপা খুব কাঁদল মাকে জড়িয়ে ধরে। আত্মীয়স্বজনের মাঝে যারা যারা প্রিয় ছিল, সকলকেই জড়িয়ে ধরে বিদায়ের কালে বুকভাঙা কান্নায় কাতর হলো মেয়ে। বিয়েবাড়িতে শোকের মুহূর্ত স্থায়ী হয় না বেশিক্ষণ। বয়স্ক এক মহিলা এসে প্রায় ঝাপটে ধরে গাড়িতে তুলে দিল তাকে। শোকের প্রাবল্যে কাতর বধূ গাড়িতে উঠেই হাত-পা ছেড়ে সিটে গা এলিয়ে দিল। আলগোছে শরীরের ভার মুক্ত করে নিষ্পলক চেয়ে রইল গাড়ির কাঁচের দিকে।

তারপর ভাবতে বসল, শোকের সমারোহে এখন ঠিক কোন পরিবেশ বইছে বাড়িতে? না, আর কান্না আসে না রূপার। জলহীন চোখদুটো মেলে, হেলান দিয়ে সে বসে থাকে চুপচাপ। তখনই খেয়াল হয় একটা লোমশ হাত পিঠের পাশ ঘেঁষে চেপে ধরেছে রূপাকে। টেনে নিতে চাইছে নিজের কাছে। অকারণ এক জেদের বশবর্তী হয়ে রূপা আড়ষ্ট হয়ে রইল এককোণে। ভদ্রলোক বারকয়েক চেষ্টা করেও বধূর হেলানো মাথা নিজের কাঁধের ওপর রাখতে পারলেন না। এরপর হতাশ হয়ে নিষ্পলক পাথুরে চোখে বেশ খানিকক্ষণ চেয়ে রইলেন নবপরিণীতার দিকে। রূপার বেশ মায়া লাগল লোকটাকে দেখে। কিছুক্ষণ পর নিজে থেকে আলগোছে মাথাটা হেলিয়ে দিল ভদ্রলোকের কাঁধে।

রূপার আজও স্পষ্ট মনে পড়ে, সেদিন ভদ্রলোকের বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পেটা করেছিল। দ্রিমদ্রিম শব্দ হচ্ছিল থেমে থেমে। রূপা বুঝেছিল, এই লোক পূর্বে কোনো নারীসঙ্গ পায়নি। এজন্যই বোধহয় আনকোরা সব অনুভূতি ঘিরে রেখেছিল লোকটাকে। রূপা জানে না, বিয়ের পর শ্বশুরবাড়ি যাত্রাকালেই হঠাৎ কেন লোকটাকে ভালো লেগে গিয়েছিল তার। এরপর? এরপর তো সেই ছাগলগোঁছের লোকটার সাথে রূপা কাটিয়ে দিল সংসার জীবনের সাতটি বছর। সময় কত দ্রুত যায়, আশ্চর্য!

সাততলা বিল্ডিংয়ের দক্ষিণের খোলা জানালা দিয়ে হু হু করে বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে রূপাকে। বুক টান করে জায়গাটায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে রূপা। অনেকখানি মুক্ত বাতাস ভরে নেয় বুকের খাঁচাটার মধ্যে। সুখের মুহূর্তগুলো কল্পনা করতে বড় ভালো লাগে তার। অতীত, এই ঘটনাগুলো রূপার জীবনের সোনালি অতীত। ভাবতে গেলে ঠোঁটের কোণে চিকন হাসি ফুটে ওঠে। পরিতৃপ্তির হাসি। সাত বছরের সংসার জীবনে মুহিব তাকে অনেক কিছু দিয়েছে। মানুষটা ভালো, বড় বেশি ভালো। এই ভালো মানুষ এবং তার সন্তানের জন্য হলেও মাঝে মাঝে রূপার বেঁচে থাকতে ইচ্ছে হয়। ইস, আরও কয়েকটা বছর জীবন যদি তাকে সুযোগ দিতো! এই জানালা দিয়ে বাইরে তাকালে নিচের মানুষগুলোকে পিঁপড়ার ন্যায় ক্ষুদ্র লাগে। মানুষগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রূপা ভেবে চলে কতশত কথা!

প্রায় একটা মাস ধরে এখানে বন্দি জীবন কাটাচ্ছে রূপা। মাঝে মাঝে বড্ড দমবন্ধ লাগে। মন চায় এই সব কোলাহল ছেড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নেয়। সমস্ত আকাশটাকে দুহাতে আলিঙ্গন করে নিয়ে চিৎকার করে বলে,

“আমি ভালো আছি, ভীষণ ভালো আছি। মুহিব নামের এমন চমৎকার স্বামী আর আদিল নামক সোনার টুকরো বাচ্চা থাকতে রূপা কখনো কি অসুখী হতে পারে? পৃথিবী খুঁজে বলো তো, আমার মতো এমন সুখের ভেলায় ভেসে থাকা মানুষ কি আর দ্বিতীয়টি আছে?”

#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
|সূচনা|
#সানজিদা_খানম_স্বর্ণা

[আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে পরবর্তী পর্ব আসবে। গল্পটা পড়লে অবশ্যই একটা মন্তব্য করার অনুরোধ রইল।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন