#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
|২|
#সানজিদা_খানম_স্বর্ণা
হাসপাতাল জায়গাটা খুব অপছন্দ করে রূপা। ফিনাইলের তীব্র গন্ধে গা গুলিয়ে আসে। সারাদিন মাথাটা ঝিমঝিম করে। মন খারাপ লাগে অকারণেই। সেই মন খারাপ বিলীন হয়ে যায় প্রিয় পুরুষের আগমনে। রোজ সকাল-সন্ধ্যায় মুহিব এসে দেখে যায় রূপাকে। অনেক রাত অবধি সঙ্গ দেয়। তারপর যখন ঘুম জেঁকে বসে চোখের পাতায়, শরীরে নেমে আসে একরাশ ক্লান্তি তখন বুকে নিদারুণ ব্যথার ভার চেপে বেরিয়ে যায় মুহিব। প্রথম প্রথম স্বামীকে ছেড়ে থাকতে বড্ড কষ্ট হতো রূপার। স্বামীর বুকের উষ্ণতা ছাড়া মেয়েটা ঘুমাতে পারে না কিনা। কিন্তু এখন শূন্যতাটা অভ্যস্ততায় পরিণত হয়েছে। প্রকৃতি শূন্যতা ভালোবাসে না। বিশাল শূন্যতাও প্রকৃতি ধীরে ধীরে পুষিয়ে দিতে জানে।
মুহিব একটা বেসরকারি ব্যাংকে মোটামুটি বেতনে চাকরি করে। চাইলেও সবসময় স্ত্রীর পাশে থাকতে পারে না। মধ্যবিত্তের সংসারে রোগ-শোক আগলে বসে থাকার জো নেই। সুতরাং মুহিবও পারে না। তবে সে রোজ আসে। আজও এলো। খোলা জানালার পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীকে কোমল গলায় ডাকল,
“রূপা…”
একাগ্রতায় ছেদ পড়ল রমণীর। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে সরে এলো সেখান থেকে। স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল,
“আজ এতো দেরী হলো যে?”
ঘেমে নেয়ে একাকার প্রিয় পুরুষটি। বেডে বসে পড়ল ধপ করে। তর্জনী আঙুল দিয়ে কপালের ঘামটুকু মুছে নিয়ে ক্লান্ত স্বরে বলল,
“উফফ, এই ঢাকা শহরের রাস্তায় যা জ্যাম!”
দেরী হবার কারণ অবগত হলো রমণী। এগিয়ে এসে পরণের ওড়নার কোণ দিয়ে পরম যত্নে মুছে দিল স্বামীর মুখমণ্ডল। মুহিবের চোখে-মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল মুহূর্তেই। স্ত্রীর ক্যানুলা পরিহিত হাতটা ধরে পাশে বসাল সাবধানে। গভীর গলায় বলল,
“চিন্তা হচ্ছিল?”
“একমাত্র স্বামীর জন্য চিন্তা হবে না।”
কৌতুকের স্বরে জবাব দেয় মেয়ে। বেডের উপর একটা পরিষ্কার গামছা বিছিয়ে সঙ্গে আনা খাবারের বক্সগুলো একে একে খুলে ফেলল মুহিব। বড় এক বাটি ভাতের সাথে ছোট সাইজের পুঁটিমাছ ভাজা, এক বাটিতে গোটা সরিষা দিয়ে রান্না করা লাউ, আরেকটায় আলু পটল দিয়ে রান্না করা রুই মাছের তরকারি। খাবারগুলো দেখেই চোখ চকচক করে উঠল রূপার।
ঝলমলে গলায় প্রশ্ন করল,
“আপার ওখানে গিয়েছিলে? আদিল কেমন আছে? আচ্ছা, ও আমার কথা কিছু বলেছে?”
সন্তানের চিন্তায় ব্যাকুল হলো মাতৃহৃদয়। উত্তরের অপেক্ষায় জ্বলজ্বল করে দু'চোখ। আজ কতগুলো দিন সন্তানের মুখ দেখতে পায় না রূপা। কতদিন ছেলের সোনা মুখটা হাতের আজলায় তুলে নিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে তুলে না! ছেলেটা একদিন আসেও না অসুস্থ মাকে দেখতে।
রূপা বহুদিন মুহিবকে বলেছে,
“একবার আদিলকে নিয়ে এসো না, আমার তাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে।”
মুহিব শত অনুরোধ উপরোধ করেও ছেলেটাকে আনতে পারেনি। মায়ের কথা শুনলেই অভিমানে জমে যায় বাচ্চাটা। সেই যে প্রথম দিন মা তাকে একা রেখে হাসপাতালে এসে ভর্তি হলো সেদিন থেকেই তীব্র অভিমান জন্মেছে বুকের কোণে। কোনোদিন সে আবদার করে না মাকে দেখার। এমন অদ্ভুত বাচ্চাও হয়? হয়। রূপা আর মুহিবের পাঁচ বছর বয়সী বাচ্চাটা এমনই। রূপার মাঝে মাঝে মনে হয় ছেলেটা বড়ো কঠিন হৃদয়ের অধিকারী। একবারও কি মাকে দেখার জন্য তার মন কেমন করে না? একবারও নয়?
প্লেটে ভাত নিয়ে আলতো হাতে মেখে নিল মুহিব। স্ত্রীর মুখের সামনে এক লুকমা তুলে ধরে বলল,
“ছেলের চিন্তায় শুধু শুধু মন খারাপ করছো কেন? আপার ওখানে ও ভালো আছে। আয়াতের সাথে খেলাধুলা করেই দিন কেটে যায়। বাবা-মায়ের কথা এতো মনে পড়ে না।”
ভাতের লুকমা মুখে নিয়ে মলিন হাসে রূপা। ভেজা চোখে তাকায় স্বামীর মুখপানে। বড় মনযোগ দিয়ে মাছের কাটা বাছতে ব্যস্ত মুহিব। এই ছোট্ট ভাজা মাছের কাঁটাও যত্ন করে বেছে দেয় সে। চিরকাল এই লোকটা এমন করেই আগলে রেখেছে রূপাকে। তীব্র ভালোবাসায় মুড়িয়ে রেখেছে। এই ভালোবাসা ডাল-ভাতের মতো সাদা মাটা, ছিমছাম, যত্নের। একবার চোখের পাতা ঝাপটে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল রূপা। বলল,
“এই ছেলেটা এতো কঠিন হৃদয়ের অধিকারী হলো কেন বলো তো? তুমি তো তেমন নও!”
“আমি তেমন নই বলেই যে আমার ছেলেও তেমন হবে না তা কে বলেছে তোমায়? তাছাড়া বাচ্চাদের সাইকোলজি বোঝা দায়।”
স্বামীর কথায় আবার হাসে রূপা। হাসির ব্যামো আছে মেয়েটার। এই হাসিতেই সে কাবু করতে পারে চিরশত্রুকেও। মেয়েটার গড়ন বড়ো সাধারণ। গড়পড়তা বাঙালি মেয়েদের মতো শ্যামলা বরণ গায়ের রঙ। চেহেরাটাও নজরকাড়া নয়। ভিন্ন বলতে এই মেয়েটা হাসলে গালে টোল পড়ে। এই টোল পরা হাসি দেখেই তো বাসর রাতে মুগ্ধ হয়েছিল মুহিব। শুধু কি মুহিব? চঞ্চল মেয়েটাও কি মুগ্ধ হয়নি স্বামীর হাসিতে? খেতে খেতে হঠাৎ আনমনা হয়ে যায় রূপা।
সেদিন রাতে ঘরে প্রবেশ করে মুহিব দেখেছিল, তার একচ্ছত্র অধিকারে আধিপত্য বিস্তার করে গুনগুনিয়ে গান গাইছে নবপরিণীতা। বিয়ের প্রথম রাত নিয়ে সচরাচর বাঙালি পুরুষদের মনে যে চিত্র অঙ্কিত থাকে তেমন প্রতিচ্ছবিই তৈরি ছিল মুহিবের মনে। কাঁচা ফুলের বাসরে রহস্যময়ী এক তরুণী অবগুণ্ঠনের আড়ালে লুকিয়ে রাখবে নিজেকে। গুটিগুটি পায়ে মুহিব এগিয়ে গিয়ে কম্পিত হস্তে ঘুমটা তুলে দেবে। মুগ্ধ হয়ে বলবে—মাশাল্লাহ!
কিন্তু না, বাসর রাতের সেই কল্প চিত্রের সাথে বাস্তবকে কোনো ভাবেই মেলাতে পারল না মুহিব। দরজার কাছে এসে কান খাড়া করে দাঁড়িয়ে রইল মুহিব। এবং শুনতে পেল রিনরিনে নারী কণ্ঠ সুর তুলেছে—
“বঁধু, কোন আলো লাগল চোখে!
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে!
ছিল মন তোমারি প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি,
ছিল মর্মবেদনাঘন অন্ধকারে,
জন্ম-জনম গেল বিরহশোকে।”
মায়াবতী কন্যার গান শেষ হবার আগ পর্যন্ত মুহিব ঠাঁই দাঁড়িয়েছিল সেখানটায়। তারপর কখন যে গান শেষ করে মেয়েটা মুহিবের কাছে এগিয়ে এসেছে সেই খেয়াল করতে পারেনি সে। পুরুষ তখন গানের ঘোরে স্বপ্ন বুনছিল বাসরের। হঠাৎ মনে হলো ঠিক সামনে দাঁড়িয়ে এক নারী কণ্ঠ প্রায় ধমকের সুরে বলছে,
“আরে আপনি এমন খাম্বার মতো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন।”
নববধূর রূঢ় কণ্ঠে ঘোর ভঙ্গ হয়েছিল মুহিবের। মেয়েটার ভাবভঙ্গি এমন—যেন মুহিব এই গৃহের অতিথি। মেয়েটা অতিথিকে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানিয়ে দরজা ছেড়ে দিয়েছে। বাসর রাতে মেয়েদের মাঝে যেই আতঙ্ক, লজ্জা, ভয়, জড়তা-সংকোচ কাজ করে তার ছিঁটেফোঁটাও নেই এই ললনার মাঝে। এমন নির্বিকার, নির্লজ্জতা দেখে মুহিব ঘেঁটে গিয়েছিল ভীষণ রকম। বেশ অনেকটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে প্রশ্ন করেছিল,
“কেমন আছেন?”
চোখদুটো তুলে স্ত্রীকে দেখার মতো সাহস তখনো সঞ্চয় করে ওঠেনি মুহিব। মেঝেতে তাকিয়েই ছুঁড়েছিল কুশল প্রশ্ন। মেয়েটা সেই প্রশ্নের জবাব না দিয়ে বেশ অনেকখানি কাছে সরে এসে বলেছিল,
“আচ্ছা, আমাকে কি পেত্নীর মতো দেখতে?”
“হুঁ?”
অবুঝের ন্যায় এই শব্দটুকুই বের হয়েছিল মুহিবের গলা থেকে। অর্থাৎ প্রশ্নের মানেটা সে বুঝেনি। মেয়েটা সরে গিয়ে পরণের শাড়ি সামলে উঠে বসেছিল বিছানায়। হতাশ গলায় বলেছিল,
“পেত্নী, পেত্নী। শ্যাওলা গাছে থাকে, মাঝরাতে সাদা শাড়ি পরে বের হয়। রাস্তায় কোনো সুদর্শন পুরুষ দেখতে পেলেই তার কাঁধে চেপে বসে।”
অপরিচিতা মেয়েটি কী মুহিবের সাথে রসিকতা করছে? ভাবভঙ্গি, কথাবার্তায় তো তাই মনে হচ্ছে। আচ্ছা, মেয়েটা সুস্থ তো? সুস্থ স্বাভাবিক কোনো মেয়ে বাসর রাতে এমন উদ্ভট কথা বলে স্বামীকে ভড়কে দেবে না নিশ্চয়ই? মুহিব বুঝতে পারে না। আমতা-আমতা করে জোরপূর্বক হেসে শুধাল,
“আমি শ্যাওলা গাছের পেত্নী কখনো দেখিনি।”
নববধূ হতাশ হলো বোধহয়। অন্যমনস্ক ভাবে জবাব দিল,
“দেখেননি? ওহ!”
“কেন কোনো সমস্যা? পেত্নী কি করেছে?”
অবোধ প্রশ্ন করে মুহিব। কপালে তার চিন্তার ভাঁজ। মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করেই শুনে মেয়েটার পরবর্তী উত্তর,
“আমাকে আবার কি করবে? কিছু করেনি। তবে মুখ দেখে মনে হচ্ছে, শ্যাওলা গাছের অত্যন্ত কুৎসিত দেখতে একটা পেত্নী আপনার কাঁধে বোধহয় চেপে বসেছে।”
“মানে?”
মুহিবের মুখের রেখায় রেখায় শিশুর সারল্য। মুহিবের চোখের চাহনিতে পৃথিবীর সবটুকু অবুঝতা। স্বামীর সরল মুখের পানে চেয়ে কপাল চাপড়ায় রমণী,
“মানে আবার কি? আমাকে শ্যাওলা গাছের পেত্নীর মতো দেখতে বলেই তো একবার চোখ তুলেও দেখছেন না আপনি। সত্যি করে বলুন তো, আপনার ভয় করছে?”
প্রশ্নটা যেন পুরুষালি অহংবোধে আক্রমণ করে বসলো। ঝট করে চোখ তুলে তাকাল মুহিব। এমনিতে সে খুব লাজুক পুরুষ নয়। তবুও বিবাহিত জীবনের প্রথম রাত্রি নিয়ে মনে জড়তা-দ্বিধা ছিল বেশ। সংকোচই নতদৃষ্টির প্রধান কারণ। তার সসংকোচ সভ্যতাই স্ত্রীর বিদ্রুপের কারণ হয়েছে ভেবেই চিরবিড় করে উঠল শরীর। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল বুক চিঁড়ে। মৃদু পায়ে এগিয়ে গেল বিছানায় কাছে। বুকের ভেতর বিদ্রোহী বীর চিৎকার করে সাহস যোগাচ্ছে তাকে। তার মতো এমন শক্তিসামর্থ্য ওয়ালা, পৌরুষেপূর্ণ পুরুষকে অপমান করা হয়েছে —সেই অপমানের বদলা নিতেই এগিয়ে গেল মুহিত। আজকে রাতে সে প্রমাণ করবে নিজেকে, পৌরুষের দাপটে ছিন্নভিন্ন করে ফেলবে যুবতীর নিটোর অঙ্গ। কিন্তু রমণীর কাছে অগ্রসর হতেই হতেই যেন সমস্ত উদ্যমে ভাটা পড়ল। বিছানার কাছে গিয়ে এক কোণায় বসল জড়োসড়ো ভঙ্গিতে।
জড়ানো গলায় বলল,
“আসলে আগে কখনো বিয়ে করিনি তো!”
“আর আমি তো প্রতিদিন একটা করে বিবাহ করি। আমার স্বামীর সংখ্যা অসংখ্য।”
ফিচেল হাসির সঙ্গে জবাব দিল রমণী। প্রথমে সত্যিই এই হেঁয়ালিটুকু ধরতে পারল না মুহিব। যখন বুঝতে পারল তখন এই লাজুক স্বভাবের জন্য নিজের উপরেই ভীষণ বিরক্ত হলো সে। হেসে ফেলল অচানক। রূপা মুগ্ধ চোখে দেখল চমৎকার পুরুষের হাসি। বিনা দ্বিধায় বলল,
“আপনাকে হাসলে সুন্দর লাগে। শুনুন, এখন থেকে প্রতিদিন এমন করেই হাসবেন কেমন?”
মুহিব খুব সাহস সঞ্চয় করে বলেছিল,
“আপনি আমার হাসির কারণ হবেন, রূপা?”
“তার আগে বলুন, আপনি আমার প্রেমিক হবেন মুহিব?”
প্রশ্নটি করে এতোক্ষণের বুক ধুকপুকানো অস্থিরতা আর জমে থাকা শ্বাস ফেলে আকুল চোখে চেয়ে থাকে রমণী। স্ত্রীর দিকে সামান্য ঝুঁকে, মৃদু হেসে জবাব দিল পুরুষ,
“হবো। আমি আপনার খুব ভালো প্রেমিক হবো। পৃথিবীতে চিরুনী অভিযান চালিয়েও আমার মতো চমৎকার প্রেমিক কোথাও খুঁজে পাবেন না আপনি।”
কেমন উজ্জ্বল সেই সব আবেগ! ভীষণ সুন্দর সেইসব প্রেম প্রেম কথা। এরপর আরও অনেক প্রেমময় বাক্য বিনিময় হয়েছিল দুজনের মাঝে। কত শত কথা অপ্রয়োজনীয় অর্থহীন কথায় গভীর হয়েছিল সে রাত্রি। তবুও মনে হয়েছিল, অনন্তকাল সময় ধরে চলতে পারে না এই রাত্রি? পারে না বোধহয়। এজন্যই রাত্রির শেষ প্রহরে মুহিব নামের সুন্দর হাসির যুবককে রূপা জড়িয়েছিল নিজের মাঝে, নিজের অনুভবে। এক অবরুদ্ধ ঘরে ঘটেছিল দুজন মানব-মানবীর গোপন অভিসার। কিন্তু হ্যাঁ, সে রাতে মুহিব নিজের ভালোবাসার প্রগাঢ়তায় মেয়েটাকে কাবু করতে পারেনি। জীবনের প্রথম নারী সঙ্গ পাওয়া মুহিব ক্লান্ত হয়েছিল অল্পতেই।
ভাতের শেষ লোকমাটুকু স্ত্রীর মুখে পুরে দিয়ে মুহিব বলল,
“কি ভাবছো?”
স্বামীর সুন্দর চোখদুটোর দিকে তাকিয়ে অধীর কণ্ঠে রূপা প্রতিউত্তর করল,
“তোমাকে। আচ্ছা মুহিব, তুমি এতো ভালো কেন বলো তো?”
—চলমান—